কুমিল্লা জেলার হোমনা উপজেলার ঘারমোড়া ইউনিয়নের মনিপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রী ও তার দুই শিশুর মরদেহ উদ্ধারকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে প্রতিবেশীরা দীর্ঘ সময় ধরে ঘর থেকে কোনো সাড়া না পেয়ে খোঁজ নিতে যান। পরে জানালা দিয়ে ভেতরে তাকিয়ে তিনজনকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখে তারা পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহগুলো উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোরশেদুল আলম চৌধুরী জানান, প্রাথমিক তদন্ত শেষে মরদেহগুলো ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।
ঘটনার পেছনের কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছে।