গ্রেপ্তার

হোয়াইট হাউসে ইউএফসি ইভেন্টে হামলার ছক ভেস্তে দিল এফবিআই, পাঁচজন গ্রেপ্তার
হোয়াইট হাউসে ইউএফসি ইভেন্টে হামলার ছক ভেস্তে দিল এফবিআই, পাঁচজন গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটনে হোয়াইট হাউসে অনুষ্ঠিত একটি উচ্চপ্রচারিত ইউএফসি (আল্টিমেট ফাইটিং চ্যাম্পিয়নশিপ) ইভেন্টকে ঘিরে পরিকল্পিত বড় ধরনের হামলার ষড়যন্ত্র নস্যাৎ করেছে দেশটির কেন্দ্রীয় তদন্ত সংস্থা এফবিআই। এ ঘটনায় চারটি অঙ্গরাজ্য থেকে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে মঙ্গলবার জানিয়েছে মার্কিন বিচার বিভাগ (ডিওজে)।   প্রসিকিউটরদের অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরা বহুস্তরীয় হামলার পরিকল্পনা করেছিল। প্রথম ধাপে বিস্ফোরক বোঝাই ড্রোন ব্যবহার করে অনুষ্ঠানস্থলের আশপাশের ভবনগুলোতে আঘাত হানার পরিকল্পনা ছিল। এরপর বিশৃঙ্খলার মধ্যে আতঙ্কিত জনতাকে লক্ষ্য করে গুলি চালানো এবং স্নাইপারদের সামনে ঠেলে দেওয়ার কৌশল নির্ধারণ করা হয়। শেষ ধাপে হোয়াইট হাউসের প্রধান ফটকে হামলা চালানোরও পরিকল্পনা ছিল তাদের।   গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—ওহাইওর ১৯ বছর বয়সী টাইসেন সি প্রোপার, ক্যালিফোর্নিয়ার ব্রায়ান ওমর রোয়া (২৪) ও মাইকেল অ্যালান থমাস (৩২), মিসৌরির ড্যানিয়েল কে এস্ক্রিজ (৩২) এবং নেব্রাস্কার আব্রাহাম হারমোসিলো আলভারেজ (৩১)। তাদের প্রত্যেকের বিরুদ্ধে হত্যার ষড়যন্ত্রের অভিযোগ আনা হয়েছে।   আদালতের নথি অনুযায়ী, সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কসহ আরও কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি। যদিও তাদের সবাই ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।   তদন্তকারীরা জানিয়েছেন, এই ষড়যন্ত্রের সূত্রপাত হয় টাইসেন প্রোপারকে কেন্দ্র করে। গত ১০ জুন তার মা স্থানীয় কর্তৃপক্ষকে ফোন করে জানান, ছেলে অস্বাভাবিকভাবে বিপুল পরিমাণ অস্ত্র সংগ্রহ করছে এবং অনলাইনে সাবেক সামরিক সদস্য ও ধর্মভিত্তিক একটি গোষ্ঠীর সঙ্গে যোগাযোগ রাখছে—যা তাকে উদ্বিগ্ন করে তোলে। ওই তথ্যের ভিত্তিতেই তদন্ত শুরু হয়।   এফবিআইয়ের তথ্য অনুযায়ী, অভিযুক্তরা নিজেদের ‘দেশপ্রেমিক’ হিসেবে দেখালেও তারা বিশ্বাস করত যুক্তরাষ্ট্র ভুল পথে পরিচালিত হচ্ছে এবং বর্তমান রাষ্ট্রব্যবস্থা ভেঙে নতুন কাঠামো গড়া প্রয়োজন। সরকারি দুর্নীতি, আলোচিত এপস্টাইন ফাইলস, ডেটা সেন্টারের কারণে জলসংকটসহ বিভিন্ন ইস্যু নিয়ে তারা ক্ষোভ প্রকাশ করেছিল।   তদন্তে আরও জানা গেছে, প্রথমে টিকটকের একটি গ্রুপের মাধ্যমে তাদের যোগাযোগ শুরু হয়। পরে যাচাই-বাছাই শেষে তারা এনক্রিপটেড মেসেজিং অ্যাপ ‘সিগন্যাল’-এ ছোট ছোট দলে ভাগ হয়ে পরিকল্পনা এগিয়ে নেয়। ডিওজের দাবি, আব্রাহাম আলভারেজ হামলার সমন্বয় এবং ড্রোন পরিচালনার দায়িত্বে ছিলেন। তারা ওয়াশিংটনের মানচিত্রে সম্ভাব্য স্নাইপার অবস্থান, ড্রোন উড্ডয়নের স্থান এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থার গুরুত্বপূর্ণ পয়েন্ট চিহ্নিত করে নিজেদের মধ্যে আদান-প্রদানও করেছিল।   এফবিআই পরিচালক কাশ প্যাটেল সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, হামলা কার্যকর হওয়ার আগেই তা প্রতিহত করা সম্ভব হয়েছে। তবে তদন্ত চলমান থাকায় বিস্তারিত মন্তব্য করতে রাজি হননি সিক্রেট সার্ভিসের উপপরিচালক ম্যাট কুইন।   এদিকে জি-৭ সম্মেলনে এ বিষয়ে প্রশ্ন করা হলে প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, তিনি এ বিষয়ে কিছুই শোনেননি।   উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে রোববার হোয়াইট হাউসের সাউথ লনে ‘দ্য ক্ল’ নামে একটি উন্মুক্ত মঞ্চে ইউএফসির বিশেষ আয়োজন অনুষ্ঠিত হয়। সেখানে আমন্ত্রিত প্রায় ৪ হাজার ৩০০ অতিথি উপস্থিত ছিলেন, আর আশপাশে প্রায় ৮৫ হাজার মানুষ অনুষ্ঠানটি উপভোগ করেন।   দোষী সাব্যস্ত হলে অভিযুক্তদের প্রত্যেককে সর্বোচ্চ যাবজ্জীবন কারাদণ্ড এবং ২ লাখ ৫০ হাজার ডলার পর্যন্ত জরিমানার মুখোমুখি হতে হতে পারে। এছাড়া টাইসেন প্রোপারের বিরুদ্ধে হোয়াইট হাউস প্রাঙ্গণে সহিংসতার ষড়যন্ত্রের অতিরিক্ত অভিযোগও আনা হয়েছে। মামলার প্রাথমিক শুনানি অনুষ্ঠিত হবে আগামী ২৯ জুন।

নীলুফা নিশাত জুন ১৬, ২০২৬ ১৪:০
ছবি: কোলাজ আমেরিকা বাংলা
দুবাইয়ের শপিং সেন্টার থেকে আটক বেনজির আহমেদ, দেশে ফেরানোর প্রক্রিয়া শুরু হয়েছে

বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) -কে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে গ্রেপ্তারের দাবি করা হয়েছে। এ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছিল, তিনি দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের ট্রানজিট এলাকায় তৃতীয় কোনো দেশে যাওয়ার সময় আটক হন। তবে সংশ্লিষ্ট নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে ভিন্ন তথ্য পাওয়া গেছে।   প্রাপ্ত তথ্য অনুযায়ী, বেনজির আহমেদকে গত ১২ জুন দুবাইয়ের একটি শপিং সেন্টার থেকে গ্রেপ্তার করা হয়। সংযুক্ত আরব আমিরাতের সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থার সঙ্গে যোগাযোগের ভিত্তিতে এ তথ্য জানা গেছে বলে সূত্রগুলো দাবি করেছে।   জানা গেছে, বাংলাদেশ সরকারের অনুরোধে এবং ইন্টারপোলের রেড নোটিশের ভিত্তিতে গত কয়েক সপ্তাহ ধরে তাকে শনাক্ত ও গ্রেপ্তারের বিষয়ে সহযোগিতা চাওয়া হয়। এর পরিপ্রেক্ষিতে দুবাই পুলিশ ১২ জুন তাকে আটক করে হেফাজতে নেয় বলে সংশ্লিষ্ট সূত্রের ভাষ্য।   নিরাপত্তা সংস্থার তথ্য অনুযায়ী, ২০২৪ সালের ৫ আগস্ট বেনজির আহমেদ সিঙ্গাপুর থেকে সংযুক্ত আরব আমিরাতে প্রবেশ করেন। এরপর তিনি একাধিকবার সংযুক্ত আরব আমিরাত থেকে কাতার ও সৌদি আরবে যাতায়াত করেন।   তথ্য অনুযায়ী, ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি সংযুক্ত আরব আমিরাত থেকে স্পেনে যান এবং একই বছরের ১৩ মার্চ স্পেন থেকে পুনরায় সংযুক্ত আরব আমিরাতে ফিরে আসেন। ওই দিন ভোর ৫টায় দুবাইয়ে পৌঁছানোর পর গ্রেপ্তার হওয়ার আগ পর্যন্ত তিনি সেখানেই অবস্থান করছিলেন বলে জানা গেছে।   এছাড়া তার সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘমেয়াদি আবাসিক ভিসা রয়েছে বলেও সূত্রগুলো জানিয়েছে।   বর্তমানে তাকে দুবাই পুলিশের উচ্চ নিরাপত্তাবিশিষ্ট হেফাজতে রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।   সূত্র আরও জানিয়েছে, সংযুক্ত আরব আমিরাতের কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশের সংশ্লিষ্ট সংস্থাগুলোর যোগাযোগ অব্যাহত রয়েছে। প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর তাকে বাংলাদেশে ফেরত আনার বিষয়ে উদ্যোগ নেওয়া হতে পারে।   তবে এ বিষয়ে দুবাই পুলিশ বা সংযুক্ত আরব আমিরাত সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। একইভাবে বেনজির আহমেদ বা তার আইনজীবীদের পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া জানা যায়নি।

বায়জিদ হাসান জুন ১৩, ২০২৬ ১৪:০
সিনিয়র ইনভেস্টিগেটিভ অ্যানালিস্ট তৌহিদ দেওয়ান
যৌন হেনস্থার অভিযোগ, নিউইয়র্কে গ্রেপ্তার ম্যানহাটন ডিএ অফিসের বাংলাদেশী কর্মকর্তা

খোদ অপরাধ দমন ও প্রসিকিউশন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকা এক বাংলাদেশী বংশোদ্ভূত কর্মকর্তার বিরুদ্ধেই এবার যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। নিউইয়র্ক সিটির ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি (ডিএ) অফিসের সিনিয়র ইনভেস্টিগেটিভ অ্যানালিস্ট তৌহিদ দেওয়ানকে (২৮) সাবওয়ে ট্রেনে এক নারীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকেলে কুইন্সের জংশন বুলেভার্ড স্টেশনে ৭ নম্বর ট্রেন থেকে নামার সময় ৪০ বছর বয়সী এক নারীকে অশালীনভাবে স্পর্শ করার অভিযোগ ওঠে তৌহিদ দেওয়ানের বিরুদ্ধে। ঘটনার পরপরই এনওয়াইপিডি ট্রানজিট ব্যুরো তাকে হেফাজতে নেয়। তৌহিদ দেওয়ানের বিরুদ্ধে জোরপূর্বক স্পর্শ করা, তৃতীয় ডিগ্রির যৌন নির্যাতন এবং দ্বিতীয় ডিগ্রির হয়রানির অভিযোগ আনা হয়েছে। এ ছাড়া তার বিরুদ্ধে অপ্রাপ্তবয়স্ক কোনো শিশুর ক্ষতি করতে পারে এমন আচরণেরও (acting in a manner injurious to a child) অভিযোগ আনা হয়েছে, যা নির্দেশ করে যে ঘটনার সময় আশেপাশে কোনো শিশু উপস্থিত ছিল। ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অ্যালভিন ব্র্যাগের অফিসের একজন মুখপাত্র জানিয়েছেন, গ্রেপ্তারের পর তৌহিদ দেওয়ানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। উল্লেখ্য, তৌহিদ ২০২২ সাল থেকে ডিএ অফিসে কর্মরত ছিলেন এবং অপরাধ দমন কৌশল ইউনিটের অংশ হিসেবে বড় বড় অপরাধীদের বিচারিক কাজে সহায়তা করে আসছিলেন। গত বছর একটি বড় ধরনের অস্ত্র পাচার মামলার তদন্তেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। গত বুধবার কুইন্স ক্রিমিনাল কোর্টে তাকে হাজির করা হয়। ডিএ অফিসের একজন গুরুত্বপূর্ণ কর্মকর্তা হয়ে নিজেই অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ায় নিউইয়র্কের প্রবাসী কমিউনিটি ও প্রশাসনের ভেতরে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ইসমাইল হোসাইন এপ্রিল ২২, ২০২৬ ১৪:০
ফাইল ফটো।
সৌদিতে সাঁড়াশি অভিযান: এক সপ্তাহেই ১৪ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার

অভিবাসীদের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান অব্যাহত রয়েছে। দেশটিতে গত এক সপ্তাহে আবাসন, শ্রম এবং সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে ১৪ হাজার ৪৮৭ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। মন্ত্রণালয় জানায়, গত ৯ এপ্রিল থেকে ১৫ এপ্রিল পর্যন্ত দেশটির বিভিন্ন এলাকায় যৌথ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ৭ হাজার ৯১১ জনের বিরুদ্ধে আবাসন আইন লঙ্ঘন, ৩ হাজার ৫৮৮ জনের বিরুদ্ধে সীমান্ত নিরাপত্তা আইন এবং ২ হাজার ৯৮৮ জনের বিরুদ্ধে শ্রম আইন লঙ্ঘনের অভিযোগ রয়েছে। বিবৃতিতে আরও বলা হয়, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে সৌদি আরবে প্রবেশের চেষ্টার সময় ১ হাজার ৩৮২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এদের মধ্যে ৩৮ শতাংশ ইয়েমেনি, ৬১ শতাংশ ইথিওপিয়ান এবং ১ শতাংশ অন্যান্য দেশের নাগরিক। এছাড়া অবৈধ উপায়ে দেশ ত্যাগের চেষ্টাকালে আটক হয়েছেন আরও ৪৩ জন। সৌদি কর্তৃপক্ষ সতর্ক করে জানিয়েছে, যারা অবৈধ অভিবাসীদের আশ্রয় দেবেন, পরিবহন সুবিধা দেবেন বা কোনোভাবে সহযোগিতা করবেন, তাদের জন্য কঠোর শাস্তির ব্যবস্থা রয়েছে। এই অপরাধে ১৫ বছর পর্যন্ত জেল এবং সর্বোচ্চ ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রাখা হয়েছে। বর্তমানে ৩৯ হাজার ২৫৮ জন প্রবাসীর বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে, যাদের মধ্যে ৩৯ হাজার ৪৬০ জন পুরুষ এবং ৩ হাজার ৭৯৮ জন নারী। ইতিমধ্যে ১২ হাজার ৫৫৪ জন অভিবাসীকে তাদের নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট মন্ত্রণালয়।

ইসমাইল হোসাইন এপ্রিল ১৮, ২০২৬ ১৪:০
ছবি: সংগৃহীত
আটলান্টায় হামলায় হোমল্যান্ড সিকিউরিটি কর্মীসহ ২ জন নিহত, সন্দেহভাজন গ্রেপ্তার

জর্জিয়ার আটলান্টায় পৃথক সহিংস হামলার ঘটনায় ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি (DHS)-এর এক কর্মীসহ দুইজন নিহত হয়েছেন। একই ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় এক সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।   কর্তৃপক্ষ জানায়, নিহতদের একজন লোরেন বুলিস , যিনি ডিপার্টমেন্ট অফ হোমল্যান্ড সিকিউরিটি -এর অফিস অফ ইন্সপেক্টর জেনারেল -এ কর্মরত ছিলেন। তিনি সকালে কুকুর নিয়ে হাঁটতে বের হলে হামলার শিকার হন। আরেক নারী পৃথক স্থানে নিহত হন।   পুলিশ জানিয়েছে, আহত এক পুরুষকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকরা তাকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন। গ্রেপ্তার হওয়া সন্দেহভাজনের নাম ওলাওলুকিতান এডন আবেল। তদন্তকারীরা জানান, হামলাগুলো এলোমেলোভাবে সংঘটিত হয়ে থাকতে পারে, তবে ঘটনার পেছনের প্রকৃত উদ্দেশ্য এখনও নিশ্চিত হওয়া যায়নি।   ঘটনার পর ফেডারেল ও স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী যৌথভাবে তদন্ত শুরু করেছে। নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং আশপাশের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে। একই সঙ্গে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।   তদন্ত শেষে হামলার কারণ ও বিস্তারিত তথ্য প্রকাশ করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

শাহারিয়া নয়ন এপ্রিল ১৬, ২০২৬ ১৪:০
বিক্ষোভ থেকে সাবেক মার্কিন সেনা চেলসি ম্যানিংসহ প্রায় ৯০ জনকে আটক করেছে পুলিশ । ছবি: দ্য নিউইয়র্ক টাইমস
নিউইয়র্কে যুদ্ধ ও অস্ত্র বিক্রির বিরুদ্ধে বিক্ষোভ, গ্রেপ্তার ৯০

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে যুদ্ধ এবং ইসরায়েলের প্রতি মার্কিন অস্ত্র সহায়তার বিরুদ্ধে বড় ধরনের বিক্ষোভ হয়েছে। এ ঘটনায় প্রায় ৯০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।   সোমবার (১৩ এপ্রিল) অনুষ্ঠিত এই বিক্ষোভে শত শত মানুষ অংশ নেন। বিক্ষোভকারীরা মার্কিন সিনেটের ডেমোক্র্যাট নেতা চাক শুমার এবং সিনেটর কিরস্টেন গিলিব্র্যান্ডের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ইসরায়েলের কাছে বোমা বিক্রি বন্ধের দাবি জানান।   একপর্যায়ে আন্দোলনকারীরা ভবনের ভেতরে প্রবেশ করে অবস্থান কর্মসূচি পালনের চেষ্টা করেন। নিরাপত্তা বাহিনী বাধা দিলে তারা বাইরে রাস্তায় নেমে যান চলাচল বন্ধ করে স্লোগান দিতে থাকেন—‘মানুষের জন্য অর্থ, বোমার জন্য নয়’।   পুলিশ জানিয়েছে, বিক্ষোভ থেকে প্রায় ৯০ জনকে আটক করা হয়েছে। আটক ব্যক্তিদের মধ্যে ছিলেন সাবেক তথ্য ফাঁসকারী চেলসি ম্যানিং, অভিনেত্রী হ্যারি নেফ এবং নিউইয়র্ক সিটি কাউন্সিলের সদস্য আলেক্সা আভিলেস।   বিক্ষোভকারীরা সিনেটর বার্নি স্যান্ডার্সের একটি প্রস্তাবের প্রতি সমর্থন জানান, যেখানে ইসরায়েলের কাছে নতুন করে শত শত মিলিয়ন ডলারের বোমা বিক্রি বন্ধের আহ্বান জানানো হয়েছে।   আয়োজক সংগঠন ‘জিউইশ ভয়েস ফর পিস’ জানিয়েছে, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত ও মানবিক সংকটের প্রেক্ষাপটে এই দাবি অত্যন্ত গুরুত্বপূর্ণ।   এ ঘটনায় এখনো পর্যন্ত সিনেটর চাক শুমার ও কিরস্টেন গিলিব্র্যান্ডের পক্ষ থেকে কোনো মন্তব্য পাওয়া যায়নি।

শাহারিয়া নয়ন এপ্রিল ১৪, ২০২৬ ১৪:০
ছবি: সংগৃহীত
মোটরসাইকেল চুরির অভিযোগে ছাত্রদল নেতা গ্রেপ্তার, কারাগারে পাঠানোর নির্দেশ

বরিশালের মেহেন্দীগঞ্জে মোটরসাইকেল চুরির অভিযোগে ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাকে আদালতে হাজির করা হলে বিচারক কারাগারে পাঠানোর নির্দেশ দেন। রোববার (২৯ মার্চ) বিকেলে গ্রেপ্তার হওয়া জিহাদুল ইসলাম খানকে আদালতে তোলা হয়। তিনি বরিশাল জেলা ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।   মেহেন্দীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, টহলরত পুলিশ সদস্যরা জিহাদুল ইসলাম খানকে একটি মোটরসাইকেলসহ সন্দেহজনক অবস্থায় আটক করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে তার বক্তব্যে অসঙ্গতি পাওয়া গেলে বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য মোটরসাইকেলের মালিককে ডাকা হয়। পরে অভিযোগের সত্যতা মিললে তাকে গ্রেপ্তার দেখানো হয়।   পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত প্রায় ৯টার দিকে মেহেন্দীগঞ্জ পৌরসভার বদরপুর এলাকায় একটি ভাড়ায় চালিত মোটরসাইকেল তালাবদ্ধ অবস্থায় রাখা ছিল। গভীর রাতে সেটি নিয়ে পালানোর সময় পুলিশের সন্দেহ হয় এবং অভিযুক্তকে আটক করা হয়। এ ঘটনায় রোববার সকালে একটি মামলা দায়ের করা হয়েছে।   মোটরসাইকেলের মালিক তানভির ইসলাম বলেন, ধারদেনা করে কেনা মোটরসাইকেলটি দিয়ে তার সংসার চলে। এটি হারিয়ে গেলে তিনি বড় ধরনের সমস্যায় পড়তেন। দ্রুত উদ্ধারের জন্য তিনি পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান এবং সুষ্ঠু বিচারের দাবি করেন।   এদিকে মেহেন্দীগঞ্জ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আসাদুজ্জামান মুক্তা বলেন, অভিযুক্ত ব্যক্তি ছাত্রদলের পদে থাকলেও তার বিরুদ্ধে আগেও বিভিন্ন অভিযোগ ছিল। বিষয়টি দলীয়ভাবে খতিয়ে দেখা হবে।

শাহারিয়া নয়ন মার্চ ২৮, ২০২৬ ১৪:০
ছবি: সংগৃহীত।
নেপালের সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি গ্রেপ্তার: দেশজুড়ে ব্যাপক বিক্ষোভ

নেপালের সাবেক প্রধানমন্ত্রী এবং বিরোধী দল সিপিএন-ইউএমএল (CPN-UML) এর প্রভাবশালী নেতা কেপি শর্মা অলিকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার সকালে কাঠমান্ডুতে তার নিজ বাসভবন থেকে নিরাপত্তা বাহিনী তাকে হেফাজতে নেয়। এই গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার পর কাঠমান্ডুসহ নেপালের বিভিন্ন শহরে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছে। সিএনএন-এর প্রতিবেদন অনুযায়ী, দুর্নীতির অভিযোগ এবং রাজনৈতিক অস্থিরতা উসকে দেওয়ার সন্দেহে তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে ইঙ্গিত দেওয়া হয়েছে। তবে অলির সমর্থকরা এই পদক্ষেপকে 'রাজনৈতিক প্রতিহিংসা' এবং বর্তমান সরকারের ক্ষমতা কুক্ষিগত করার অপচেষ্টা হিসেবে অভিহিত করেছেন। কেপি শর্মা অলির গ্রেপ্তারের প্রতিবাদে তার দলের হাজার হাজার সমর্থক রাস্তায় নেমে এসেছেন। কাঠমান্ডুর গুরুত্বপূর্ণ মোড়গুলোতে পুলিশের সাথে বিক্ষোভকারীদের দফায় দফায় সংঘর্ষের খবর পাওয়া গেছে। বিক্ষোভকারীরা টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে এবং সরকারের পদত্যাগের দাবিতে স্লোগান দিতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ার গ্যাস এবং জলকামান ব্যবহার করেছে। নেপালের রাজনীতিতে দীর্ঘদিনের পরিচিত মুখ কেপি শর্মা অলি এর আগেও কয়েক দফায় প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। সাম্প্রতিক মাসগুলোতে বর্তমান জোট সরকারের সাথে তার বিরোধ চরম আকার ধারণ করেছিল। বিশ্লেষকদের মতে, এই গ্রেপ্তার নেপালের ভঙ্গুর গণতন্ত্রকে আরও বড় ধরনের সংকটের মুখে ঠেলে দিতে পারে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের আইন-শৃঙ্খলা রক্ষা এবং নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই এই আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে। কাউকেই আইনের ঊর্ধ্বে স্থান দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। এদিকে, উদ্ভূত পরিস্থিতিতে নেপালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। প্রধান শহরগুলোতে অতিরিক্ত পুলিশ ও আধাসামরিক বাহিনী মোতায়েন করা হয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায় নেপালের এই রাজনৈতিক পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছে এবং সকল পক্ষকে শান্ত থাকার আহ্বান জানিয়েছে।

ইসমাইল হোসাইন মার্চ ২৭, ২০২৬ ১৪:০
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্র-ইসরায়েলের পক্ষে কাজের অভিযোগে ইরানে গ্রেপ্তার ২৫

ইরান-এর গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল-এর হয়ে কাজের অভিযোগে দেশটির বিভিন্ন এলাকা থেকে ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মধ্য-পশ্চিমাঞ্চলের মার্কাজি প্রদেশ থেকে ২৩ জনকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা সামরিক স্থাপনার অবস্থানসংক্রান্ত তথ্য একটি আন্তর্জাতিক গণমাধ্যম প্ল্যাটফর্মে সরবরাহ করেছে, যা ইসরায়েলের সঙ্গে সংশ্লিষ্ট বলে দাবি করছে তেহরান।   পাশাপাশি তারা ‘রাস্তার অস্থিরতা’ সৃষ্টির চেষ্টা করছিল বলেও অভিযোগ রয়েছে। এছাড়া উত্তর-পূর্বাঞ্চলীয় গোলেস্তান প্রদেশ থেকে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে অভিযোগ, তারা পুলিশ স্থাপনায় হামলার পরিকল্পনা করছিল।   দেশটির আধা-সরকারি মেহের নিউজ এজেন্সির বরাতে জানা গেছে, বিদেশে অবস্থানরত ১৫ জন পার্সিভাষী ব্যক্তির ‘অপরাধমূলক কর্মকাণ্ড’ নথিভুক্ত করা হয়েছে। তাদের ইসরায়েলের এজেন্ট হিসেবে অভিযুক্ত করে বিষয়টি বিচার বিভাগের কাছে পাঠানো হয়েছে।   এর আগে ইরানি কর্তৃপক্ষ বিদেশে থাকা নাগরিকদের সতর্ক করে জানিয়েছিল, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল-সংশ্লিষ্ট কোনো প্রতিষ্ঠানের সঙ্গে সহযোগিতা করলে দেশে থাকা তাদের সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে।

শাহারিয়া নয়ন মার্চ ২১, ২০২৬ ১৪:০
ছবি: সংগৃহীত
যুদ্ধের মধ্যে সংবাদমাধ্যমের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল ইরান

ইরান-এ চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে সংবাদমাধ্যম, সাংবাদিক ও জনপরিচিত ব্যক্তিদের বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির বিচার বিভাগ। রোববার রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যমকে দেওয়া এক বিবৃতিতে বিচার বিভাগ জানায়, বিভিন্ন সংবাদমাধ্যম ও সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে মামলা, গ্রেপ্তার, সম্পদ বাজেয়াপ্ত এবং কিছু সংবাদ সংস্থা বন্ধ করার মতো পদক্ষেপ নেওয়া হয়েছে। পাশাপাশি ‘শিক্ষামূলক’ সভার আয়োজনও করা হয়েছে। তবে অনেক ক্ষেত্রে সুনির্দিষ্ট অভিযোগ প্রকাশ করা হয়নি।   এদিকে ইন্টারনেট পর্যবেক্ষণ সংস্থা নেটব্লকস জানিয়েছে, যুদ্ধ শুরুর পর থেকে টানা ২৩ দিন ধরে দেশটিতে ইন্টারনেট সংযোগ ব্যাপকভাবে বিচ্ছিন্ন রয়েছে। সীমিত পরিসরে কিছু মানুষ স্টারলিংক ব্যবহার করে গোপনে ইন্টারনেট সংযোগ চালু রাখার চেষ্টা করছে।   একই সঙ্গে গুপ্তচরবৃত্তির অভিযোগে অভিযানও জোরদার করা হয়েছে। ইরানের গোয়েন্দা মন্ত্রণালয় জানিয়েছে, মারকাজি প্রদেশ থেকে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সামরিক তথ্য বিদেশি ও ইসরায়েল-সংশ্লিষ্ট গণমাধ্যমে সরবরাহের অভিযোগ রয়েছে। এছাড়া গোলেস্তান প্রদেশে পুলিশের স্থাপনায় হামলার পরিকল্পনার অভিযোগে আরও দুজনকে আটক করা হয়েছে।   সরকারি তথ্য অনুযায়ী, যুদ্ধ শুরুর পর থেকে বিভিন্ন অভিযোগে কয়েক শ ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। পাশাপাশি বিদেশে অবস্থানরত ১৫ জন ইরানি নাগরিকের বিরুদ্ধে ‘অপরাধমূলক কর্মকাণ্ডের’ তথ্য সংগ্রহ করে বিচার বিভাগের কাছে পাঠানো হয়েছে।   এর আগে সরকার সতর্ক করে জানিয়েছিল, যুক্তরাষ্ট্র বা ইসরায়েল-এর সঙ্গে সহযোগিতা করলে প্রবাসীদের দেশের ভেতরে থাকা সম্পদ বাজেয়াপ্ত করা হতে পারে।

শাহারিয়া নয়ন মার্চ ২১, ২০২৬ ১৪:০
ইরানে সংবেদনশীল স্থাপনার খবর ও ছবি বিদেশি গণমাধ্যমে পাঠানোর অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার । ফাইল ফটো
ইরানে বিদেশি গণমাধ্যমে তথ্য পাঠানোর অভিযোগে ২৫ জন গ্রেপ্তার

ইরানের পশ্চিম আজারবাইজান প্রদেশ-এ সংবেদনশীল স্থাপনার খবর ও ছবি বিদেশি গণমাধ্যমে পাঠানোর অভিযোগে ২৫ জনকে গ্রেপ্তার করেছে দেশটির আইনশৃঙ্খলা বাহিনী।   ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি প্রদেশটির পুলিশ প্রধানের বরাত দিয়ে এই তথ্য নিশ্চিত করেছে। পুলিশের বরাত অনুযায়ী, গ্রেপ্তারকৃতরা বিভিন্ন সংবেদনশীল স্থাপনার তথ্য ও চিত্র অবৈধভাবে বিদেশি গণমাধ্যমে পাঠিয়েছিল।   স্থানীয় প্রশাসন বলেছে, এই অভিযান দেশটির নিরাপত্তা রক্ষার অংশ হিসেবে সম্পন্ন করা হয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।   এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি যে, এই ঘটনায় কোনো বিদেশি সংস্থার সঙ্গে সরাসরি সম্পর্ক আছে কি না।

শাহারিয়া নয়ন মার্চ ২০, ২০২৬ ১৪:০
জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

দেশের প্রথম ৪০ তলা ভবন ‘শান্তা পিনাকল’ হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশের আবাসন শিল্পে এক নতুন ইতিহাস রচিত হলো। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নির্মিত দেশের প্রথম ৪০ তলা বিশিষ্ট আকাশচুম্বী বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকল’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে শান্তা হোল্ডিংস। ৫০০ ফুট উচ্চতার এই আইকনিক ভবনটি এখন দেশের সর্বোচ্চ সম্পন্ন হওয়া ইমারত। গত শনিবার (১৮ এপ্রিল) ভবনের ৪০তম তলায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, স্থপতি এহসান খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি মালিক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। স্থাপত্যশৈলী ও আধুনিক প্রযুক্তি:‘শান্তা পিনাকল’ শুধুমাত্র উচ্চতার কারণেই অনন্য নয়, বরং এটি আধুনিক নির্মাণশৈলী ও প্রযুক্তির এক অনন্য সমন্বয়। এটি বাংলাদেশের প্রথম ভবন যা পরিবেশবান্ধব স্থাপত্যের জন্য আন্তর্জাতিক ‘লিড প্ল্যাটিনাম’ (LEED Platinum) স্বীকৃতি পেয়েছে। সিঙ্গাপুরভিত্তিক বিখ্যাত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘মেইনহার্ট’ (Meinhardt) এর সহায়তায় ভবনটির স্ট্রাকচারাল ডিজাইন এবং ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষ বৈশিষ্ট্যসমূহ: উন্নত লিফট ব্যবস্থা: ভবনটিতে রয়েছে ৮টি দ্রুতগামী লিফট, যা প্রতি সেকেন্ডে ৪ মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এটি দেশের দ্রুততম ভার্টিক্যাল ট্রান্সপোর্ট ব্যবস্থা। পরিবেশ ও সুরক্ষা: ভবনে ব্যবহৃত হয়েছে ৩৬ মিমি পুরুত্বের ডাবল গ্লেজড গ্লাস, যা তাপ ও শব্দ নিরোধক। এছাড়া এটি দেশের প্রথম ‘উইন্ড টানেল টেস্ট’ করা ভবন, যা প্রতিকূল আবহাওয়ায় এর স্থায়িত্ব নিশ্চিত করে। আইবিএমএস প্রযুক্তি: পুরো ভবনটি একটি ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (iBMS) দ্বারা পরিচালিত, যা সার্বক্ষণিক নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করবে। অগ্নি নিরাপত্তা: আন্তর্জাতিক এনএফপিএ (NFPA) স্ট্যান্ডার্ড অনুসরণ করে এখানে অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে জানানো হয়, ‘শান্তা পিনাকল’ হস্তান্তর দেশের রিয়েল এস্টেট খাতের সক্ষমতার এক বড় প্রমাণ। এটি শুধুমাত্র তেজগাঁও নয়, বরং পুরো ঢাকার বাণিজ্যিক পরিবেশকে বিশ্বমানের স্তরে নিয়ে যাবে। দেশের ইতিহাসে প্রথমবার অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক ব্যবহারের মাধ্যমে মাত্র সাত দিনে এক একটি তলার ছাদ ঢালাইয়ের রেকর্ড গড়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। ঢাকার আকাশসীমায় নতুন এই ল্যান্ডমার্ক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আধুনিক নগরায়নের এক শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।

Top week

বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু
আমেরিকা

বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

নীলুফা নিশাত জুন ২৬, ২০২৬ ১৪:০