প্রবাস জীবন

ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে জীবনযাত্রায় প্রতিনিয়ত বাড়ছে নানা ঝুঁকি, নিরাপদ থাকতে চাইলে এই অভ্যাসগুলো গড়ে তুলুন

যুক্তরাষ্ট্রে প্রবাস জীবন অনেকের জন্য নতুন সম্ভাবনার দুয়ার খুলে দেয়। উন্নত জীবনযাত্রা, কর্মসংস্থান ও শিক্ষার সুযোগ মানুষকে সেখানে আকৃষ্ট করে। তবে এই সুযোগের পাশাপাশি প্রতিদিনের জীবনে নানা ধরনের ঝুঁকিও বিদ্যমান, যা মোকাবিলায় সচেতনতা ও প্রস্তুতি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে।   সড়ক দুর্ঘটনা, ছিনতাই, অনলাইন প্রতারণা, গাড়ি চুরি, গভীর রাতে নিরাপত্তাহীনতা কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর জিজ্ঞাসাবাদ- এসব পরিস্থিতি প্রবাস জীবনে বাস্তব চ্যালেঞ্জ হিসেবে দেখা দেয়। সংশ্লিষ্টদের মতে, নিরাপদ থাকার জন্য তাৎক্ষণিক প্রতিক্রিয়ার চেয়ে দৈনন্দিন জীবনে কিছু অভ্যাস গড়ে তোলাই বেশি কার্যকর।   ঘর থেকে বের হওয়ার আগে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার ওপর জোর দেওয়া হচ্ছে। মোবাইল ফোনে পর্যাপ্ত চার্জ রাখা এবং পরিবারের কাউকে নিজের অবস্থান ও পরিকল্পনা জানানো নিরাপত্তার জন্য সহায়ক। জরুরি প্রয়োজনে যোগাযোগের সুবিধা নিশ্চিত করতে অতিরিক্ত চার্জিং ডিভাইস রাখাও উপকারী হতে পারে।   গুরুত্বপূর্ণ কাগজপত্র বহনের ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। প্রয়োজন ছাড়া অতিরিক্ত নথি সঙ্গে রাখা ঝুঁকিপূর্ণ হতে পারে। বরং গুরুত্বপূর্ণ নথির অনুলিপি নিরাপদ স্থানে সংরক্ষণ করাই নিরাপদ পন্থা হিসেবে বিবেচিত হচ্ছে।   সড়কে চলাচলের সময় চারপাশ সম্পর্কে সচেতন থাকা জরুরি। হাঁটার সময় মোবাইল ফোনে অতিরিক্ত মনোযোগ দেওয়া বা কানে উচ্চ শব্দে গান শোনা ঝুঁকি বাড়াতে পারে। নির্জন ও অন্ধকার এলাকায় একা চলাচল এড়িয়ে চলার পরামর্শ দেওয়া হয়েছে।   আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে যোগাযোগের ক্ষেত্রেও শান্ত আচরণ গুরুত্বপূর্ণ। গাড়ি থামানোর নির্দেশ পেলে নিরাপদ স্থানে গাড়ি থামানো এবং অপ্রয়োজনীয় নড়াচড়া এড়িয়ে চলা উচিত। উত্তেজিত প্রতিক্রিয়া পরিস্থিতি জটিল করে তুলতে পারে বলে সতর্ক করা হয়েছে।   অভিবাসন সংক্রান্ত জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে মানসিক স্থিরতা বজায় রাখা প্রয়োজন। আইনজীবীদের মতে, নিজের অধিকার সম্পর্কে সচেতন থাকা জরুরি এবং না বুঝে কোনো নথিতে স্বাক্ষর করা থেকে বিরত থাকা উচিত। প্রয়োজন হলে আইনি সহায়তা নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।   অনলাইন প্রতারণার ঝুঁকিও বাড়ছে। সরকারি প্রতিষ্ঠানের নাম ব্যবহার করে ভুয়া কল বা বার্তার মাধ্যমে ব্যক্তিগত তথ্য বা অর্থ আদায়ের চেষ্টা করা হয়। এ ধরনের পরিস্থিতিতে সতর্ক থাকা এবং অজানা উৎসে তথ্য প্রদান না করার পরামর্শ দেওয়া হয়েছে।   গাড়ির নিরাপত্তার ক্ষেত্রেও সচেতনতা প্রয়োজন। গাড়ির ভেতরে মূল্যবান সামগ্রী দৃশ্যমান স্থানে রেখে গেলে চুরির ঝুঁকি বাড়ে। গাড়ি তালাবদ্ধ রাখা এবং আলোযুক্ত স্থানে পার্ক করা নিরাপদ অভ্যাস হিসেবে বিবেচিত হচ্ছে।   সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে ব্যক্তিগত তথ্য সীমিত রাখার পরামর্শ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকেরা। বাসা ফাঁকা থাকা বা চলাচলের তথ্য প্রকাশ করলে অপরাধীরা সুযোগ নিতে পারে।   পরিবারের জন্য জরুরি পরিকল্পনা রাখা গুরুত্বপূর্ণ। জরুরি পরিস্থিতিতে কার সঙ্গে যোগাযোগ করতে হবে, কোথায় আশ্রয় নেওয়া যাবে- এসব বিষয়ে পরিবারের সবাইকে অবগত রাখা প্রয়োজন। শিশুদের জরুরি নম্বর ও ঠিকানা শেখানোও নিরাপত্তার অংশ।   বাসায় ফেরার সময়ও সতর্কতা বজায় রাখা জরুরি। আশপাশের পরিবেশ পর্যবেক্ষণ এবং দরজা-জানালা সঠিকভাবে বন্ধ আছে কি না তা নিশ্চিত করা নিরাপদ অভ্যাসের অংশ। সংশ্লিষ্টদের মতে, নিরাপত্তা নিশ্চিত করা একটি ধারাবাহিক প্রক্রিয়া। প্রতিদিনের ছোট ছোট সচেতনতা ও প্রস্তুতিই বড় ধরনের ঝুঁকি এড়াতে সহায়তা করতে পারে।

নুরুল্লাহ সাইদ মে ২০, ২০২৬ ১৪:০ 0
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে শেষকৃত্যের আকাশছোঁয়া ব্যয়: “মরার সামর্থ্যও নেই আমাদের” অনুভূতি প্রবাসী মুসলিমদের

যুক্তরাষ্ট্রে মৃত্যু পরবর্তী সৎকার বা ফিউনারেলের ব্যয় ক্রমেই বেড়ে চলায় তা অনেক পরিবারের জন্য বড় আর্থিক সংকটে পরিণত হয়েছে। সাধারণ দাফন থেকে শুরু করে কফিন, কবরস্থান, ফিউনারেল হোমের ফি, পরিবহনসহ সব মিলিয়ে ব্যয় এমন পর্যায়ে পৌঁছেছে যে অনেক পরিবারের সঞ্চয় শেষ হয়ে যাচ্ছে। বিশেষ করে নিউইয়র্ক ও আশপাশের অঞ্চলে বসবাসকারী মুসলিম সম্প্রদায়ের মধ্যে এই চাপ আরও বেশি অনুভূত হচ্ছে।   ন্যাশনাল ফিউনারেল ডিরেক্টরস অ্যাসোসিয়েশন (এনএফডিএ) অনুযায়ী, কফিনসহ পূর্ণ দাফন ও সৎকারের জাতীয় গড় খরচ প্রায় ৮ হাজার ৩০০ ডলার। ভল্টসহ এই ব্যয় প্রায় ৯ হাজার ৯৯৫ ডলারে পৌঁছে যায়। দাহ করার ক্ষেত্রেও গড় ব্যয় ৬ হাজার ২৮০ ডলার। সংস্থাটির হিসাব অনুযায়ী, প্রতি বছর এই খরচ গড়ে প্রায় ৬ শতাংশ হারে বৃদ্ধি পাচ্ছে, যা ২০২৬ সালে একটি সাধারণ সৎকারের ব্যয় প্রায় ১০ হাজার ৫৯৫ ডলারে নিতে পারে।   আঞ্চলিকভাবে এই ব্যয়ের তারতম্য আরও স্পষ্ট। নর্থইস্ট অঞ্চল, বিশেষ করে নিউইয়র্ক ও পার্শ্ববর্তী এলাকায় ফিউনারেল ব্যয় জাতীয় গড়ের চেয়ে প্রায় ৮ শতাংশ বেশি। দক্ষিণাঞ্চলে যেখানে ব্যয় শুরু হয় প্রায় ৬ হাজার ৭০০ ডলার থেকে, সেখানে নর্থইস্টে তা ৮ হাজার ৯৮৫ ডলার পর্যন্ত পৌঁছায়।   একটি পূর্ণ ফিউনারেল প্যাকেজে সাধারণত অনুষ্ঠানের কক্ষ ভাড়া, কফিন, কবরস্থান, ভল্ট, সমাধিফলক ও গাড়ি ভাড়া অন্তর্ভুক্ত থাকে। কফিনই এর মধ্যে সবচেয়ে ব্যয়বহুল অংশ, যার দাম ৯০০ থেকে ১০ হাজার ডলার পর্যন্ত হতে পারে।   দাহ করার খরচ তুলনামূলকভাবে কম হলেও সেটিও উল্লেখযোগ্য। যুক্তরাষ্ট্রে সরাসরি দাহ করার গড় ব্যয় প্রায় ২ হাজার ২০২ ডলার। কিছু এলাকায় তা ৯৯৫ ডলার পর্যন্ত পাওয়া গেলেও কয়েকটি রাজ্যে এটি ৩ হাজার ডলার ছাড়িয়ে যায়।   সরকারি সহায়তা সীমিত হওয়ায় পরিস্থিতি আরও জটিল। সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন মৃত্যুর পর মাত্র ২৫৫ ডলার সহায়তা দেয়, যা শেষকৃত্যের মোট ব্যয়ের তুলনায় নগণ্য।   নিউইয়র্কে মুসলিম সম্প্রদায়ের জন্য বিষয়টি আরও সংবেদনশীল। শহরে কয়েক লাখ মুসলিম বসবাস করলেও পৃথক মুসলিম কবরস্থান না থাকায় বিভিন্ন বেসরকারি কবরস্থানের ওপর নির্ভর করতে হয়, যা ব্যয় আরও বাড়িয়ে দেয়। সব মিলিয়ে কিছু ক্ষেত্রে একটি শেষকৃত্যের খরচ ৫ হাজার থেকে ৫০ হাজার ডলার পর্যন্ত পৌঁছায়।   ইসলামি নিয়ম অনুযায়ী মৃত্যুর পর দ্রুত দাফন, গুসল, কাফন ও জানাজা সম্পন্ন করতে হয়। ফলে পরিবারগুলো সময় নিয়ে বিকল্প খোঁজার সুযোগ পায় না। এতে আর্থিক চাপ আরও বেড়ে যায়।   নিউইয়র্ক ও নিউজার্সি এলাকায় বেশ কয়েকটি মুসলিম ফিউনারেল সার্ভিস রয়েছে, যেখানে তুলনামূলকভাবে কম খরচে সেবা দেওয়া হয়। নিউজার্সির কিছু ইসলামিক সেন্টারের মাধ্যমে প্রায় ২ হাজার ৫০০ ডলারে মৌলিক সেবা পাওয়া যায়। তবে এতে কবরের খরচ অন্তর্ভুক্ত থাকে না।   মুসলিম ফ্রি ব্যুরিয়াল অ্যাসোসিয়েশনসহ কিছু স্বেচ্ছাসেবী সংস্থা বিনামূল্যে দাফনের ব্যবস্থা করে থাকে, তবে তা নির্ভর করে দাতব্য সহায়তার ওপর।

নুরুল্লাহ সাইদ মে ২০, ২০২৬ ১৪:০ 0
ছবি: সংগৃহীত
নিউইয়র্কে মিরসরাই অ্যাসোসিয়েশনের বর্ষবরণ ও ঈদ পুনর্মিলনী, নতুন কমিটির অভিষেক

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বাংলা নববর্ষ উদযাপন, ঈদ পুনর্মিলনী এবং নতুন কমিটির অভিষেক অনুষ্ঠান আয়োজন করেছে মিরসরাই অ্যাসোসিয়েশন ইউএসএ এনএ ইনক।   গত ১৮ এপ্রিল জ্যামাইকার ইকরা পার্টি হলে অনুষ্ঠিত এ আয়োজনে প্রবাসী মিরসরাইবাসীদের স্বতঃস্ফূর্ত ও ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়। কমিউনিটি নেতৃবৃন্দ, বুদ্ধিজীবী, নারী-পুরুষ, শিশু থেকে বয়স্ক- সব বয়সী মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত মিলনমেলায় পরিণত হয়।   অনুষ্ঠানে নতুন কমিটির অভিষেকের মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করা হয়। একই সঙ্গে প্রবাসে বসবাসরত মিরসরাইবাসীদের মধ্যে ঐক্য ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।   বর্ণিল এই আয়োজনে দেশীয় ও আঞ্চলিক গানের পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা প্রবাসী দর্শকদের মাঝে দেশীয় সংস্কৃতির আবহ তৈরি করে। শিশুদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠানকে আরও প্রাণবন্ত করে তোলে।   এ ছাড়া দেশীয় স্বাদের নানা ঐতিহ্যবাহী খাবারের আয়োজন ছিল অনুষ্ঠানে। মাছ-মাংসসহ বিভিন্ন পদ প্রবাসীদের কাছে দেশের স্বাদ ফিরিয়ে আনে।   সাংস্কৃতিক পরিবেশনা ও বৈশাখী আড্ডার মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপনের পাশাপাশি ঈদ পুনর্মিলনীর মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ভ্রাতৃত্ববোধ ও সম্প্রীতির বন্ধন আরও দৃঢ় হয়। অনুষ্ঠানে সংগঠনের সভাপতি আবু তাহের মিয়া ও সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন সেলিম উপস্থিত থেকে নববর্ষ ও ঈদের শুভেচ্ছা জানান এবং নতুন কমিটির সদস্যদের অভিনন্দন জানান। এছাড়া আয়োজক কমিটির আহ্বায়ক নজরুল ইসলাম চৌধুরী, সদস্য সচিব জিএম মোর্শেদ, যুগ্ম সদস্য সচিব শাওন ও হায়দার টিপু, যুগ্ম আহ্বায়ক মঈনউদ্দিন খোন্দকার ও সাজেদা বেগম সাজুসহ বিভিন্ন সংগঠন ও কমিউনিটি নেতারা উপস্থিত ছিলেন।   আয়োজকরা জানান, প্রবাসে মিরসরাইবাসীদের ঐক্য, সংস্কৃতি ও সামাজিক বন্ধন আরও সুদৃঢ় করতে এ ধরনের আয়োজন ভবিষ্যতেও নিয়মিতভাবে চালিয়ে যাওয়া হবে।

তাবাস্সুম মোহাম্মদ এপ্রিল ২০, ২০২৬ ১৪:০ 0
ছবি: সংগৃহীত
নিউইয়র্কে ‘লিটল বাংলাদেশ’: পার্কচেস্টারে গড়ে উঠছে প্রবাসী বাঙালির কমিউনিটি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রঙ্কসের পার্কচেস্টার এলাকায় ধীরে ধীরে গড়ে উঠেছে একটি শক্তিশালী বাংলাদেশি কমিউনিটি, যা স্থানীয়দের কাছে এখন ‘লিটল বাংলাদেশ’ নামে পরিচিত।   ইউনিয়নপোর্ট রোড ও স্টারলিং অ্যাভিনিউকে কেন্দ্র করে গড়ে ওঠা এই এলাকায় বাংলাদেশি সংস্কৃতি, খাবার, ধর্মীয় কার্যক্রম ও ছোট-বড় ব্যবসার এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়েছে। প্রতিদিনই এখানে দেখা যায় বাংলা ভাষাভাষী মানুষের ভিড়।   স্থানীয় ব্যবসায়ী মোস্তাক রফিক আহমেদ জানান, তাঁর পরিচালিত একটি রেস্টুরেন্টে প্রতিদিন বিপুলসংখ্যক বাঙালি গ্রাহক আসেন। তাঁর ভাষায়, এখানে এলে মনে হয় যেন ছোট্ট একটি বাংলাদেশে আছি।   একই অভিজ্ঞতার কথা জানিয়েছেন কমিউনিটির সদস্য সুমাইয়া মীম। তিনি বলেন, এখানে নিজের মানুষ, সংস্কৃতি ও পরিবেশ সবকিছুই পাওয়া যায়, যা প্রবাস জীবনে এক ধরনের স্বস্তি দেয়।   পরিসংখ্যান অনুযায়ী, ব্রঙ্কসের কমিউনিটি ডিস্ট্রিক্ট ৯ এলাকায় ১২ হাজারের বেশি পরিবারে বাংলা ভাষা ব্যবহৃত হয়, যা মোট জনসংখ্যার প্রায় ৭ দশমিক ৭ শতাংশ। সাউন্ডভিউ এলাকাও এর অন্তর্ভুক্ত।   বাংলাদেশি অভিবাসীদের এই এলাকায় বসতি গড়ার শুরু ১৯৯০-এর দশকে। মূলত বৈচিত্র্যভিত্তিক ভিসা কর্মসূচির মাধ্যমে তারা যুক্তরাষ্ট্রে এসে এখানে বসবাস শুরু করেন। পরবর্তীতে আত্মীয়স্বজন ও পরিচিতদের আগমনে এই কমিউনিটি আরও বিস্তৃত হয়।   কমিউনিটির দীর্ঘদিনের সদস্য মোহাম্মদ মুজুমদার বলেন, শুরুতে অল্প কয়েকজন থাকলেও সময়ের সঙ্গে সঙ্গে পরিবার ও পরিচিতদের আগমনে এই কমিউনিটি বড় হয়ে উঠেছে।   সম্প্রতি নিউইয়র্ক পুলিশ বিভাগের এক বাংলাদেশি কর্মকর্তার মৃত্যুর ঘটনায় পুরো কমিউনিটি শোকাহত হয় এবং স্থানীয় মসজিদে বিপুল মানুষের উপস্থিতি কমিউনিটির ঐক্যকে আরও দৃশ্যমান করে তোলে।   স্থানীয়দের মতে, একই ভাষা, সংস্কৃতি ও ধর্মীয় মূল্যবোধের কারণে পার্কচেস্টার এখন প্রবাসী বাংলাদেশিদের জন্য একটি নিরাপদ ও সহায়ক আবাসস্থলে পরিণত হয়েছে। অনেক পরিবারই তাদের সন্তানদের বাংলা সংস্কৃতির সঙ্গে যুক্ত রাখতে এখানে বসবাসকে গুরুত্ব দিচ্ছেন।

শাহারিয়া নয়ন এপ্রিল ৮, ২০২৬ ১৪:০ 0
জনপ্রিয় সংবাদ
যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

দেশের প্রথম ৪০ তলা ভবন ‘শান্তা পিনাকল’ হস্তান্তর সম্পন্ন

বাংলাদেশের আবাসন শিল্পে এক নতুন ইতিহাস রচিত হলো। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নির্মিত দেশের প্রথম ৪০ তলা বিশিষ্ট আকাশচুম্বী বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকল’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে শান্তা হোল্ডিংস। ৫০০ ফুট উচ্চতার এই আইকনিক ভবনটি এখন দেশের সর্বোচ্চ সম্পন্ন হওয়া ইমারত। গত শনিবার (১৮ এপ্রিল) ভবনের ৪০তম তলায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, স্থপতি এহসান খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি মালিক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। স্থাপত্যশৈলী ও আধুনিক প্রযুক্তি:‘শান্তা পিনাকল’ শুধুমাত্র উচ্চতার কারণেই অনন্য নয়, বরং এটি আধুনিক নির্মাণশৈলী ও প্রযুক্তির এক অনন্য সমন্বয়। এটি বাংলাদেশের প্রথম ভবন যা পরিবেশবান্ধব স্থাপত্যের জন্য আন্তর্জাতিক ‘লিড প্ল্যাটিনাম’ (LEED Platinum) স্বীকৃতি পেয়েছে। সিঙ্গাপুরভিত্তিক বিখ্যাত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘মেইনহার্ট’ (Meinhardt) এর সহায়তায় ভবনটির স্ট্রাকচারাল ডিজাইন এবং ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষ বৈশিষ্ট্যসমূহ: উন্নত লিফট ব্যবস্থা: ভবনটিতে রয়েছে ৮টি দ্রুতগামী লিফট, যা প্রতি সেকেন্ডে ৪ মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এটি দেশের দ্রুততম ভার্টিক্যাল ট্রান্সপোর্ট ব্যবস্থা। পরিবেশ ও সুরক্ষা: ভবনে ব্যবহৃত হয়েছে ৩৬ মিমি পুরুত্বের ডাবল গ্লেজড গ্লাস, যা তাপ ও শব্দ নিরোধক। এছাড়া এটি দেশের প্রথম ‘উইন্ড টানেল টেস্ট’ করা ভবন, যা প্রতিকূল আবহাওয়ায় এর স্থায়িত্ব নিশ্চিত করে। আইবিএমএস প্রযুক্তি: পুরো ভবনটি একটি ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (iBMS) দ্বারা পরিচালিত, যা সার্বক্ষণিক নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করবে। অগ্নি নিরাপত্তা: আন্তর্জাতিক এনএফপিএ (NFPA) স্ট্যান্ডার্ড অনুসরণ করে এখানে অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে জানানো হয়, ‘শান্তা পিনাকল’ হস্তান্তর দেশের রিয়েল এস্টেট খাতের সক্ষমতার এক বড় প্রমাণ। এটি শুধুমাত্র তেজগাঁও নয়, বরং পুরো ঢাকার বাণিজ্যিক পরিবেশকে বিশ্বমানের স্তরে নিয়ে যাবে। দেশের ইতিহাসে প্রথমবার অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক ব্যবহারের মাধ্যমে মাত্র সাত দিনে এক একটি তলার ছাদ ঢালাইয়ের রেকর্ড গড়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। ঢাকার আকাশসীমায় নতুন এই ল্যান্ডমার্ক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আধুনিক নগরায়নের এক শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম: যা জানা প্রয়োজন

যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য কঠোর হচ্ছে নিয়মাবলী। আগামী ৩০ মার্চ থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ভিসা রুলস, যেখানে আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বা স্ক্রিনিং করা হবে। মার্কিন প্রশাসনের এই নতুন পদক্ষেপে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ভিসা প্রত্যাশীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। নতুন এই নিয়ম মূলত অ-অভিবাসী (Non-immigrant) এবং অভিবাসী (Immigrant) উভয় ধরণের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। বিশেষ করে যারা ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং কাজের সন্ধানে এইচ-১বি (H-1B) ভিসার জন্য আবেদন করবেন, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য প্রদান বাধ্যতামূলক করা হচ্ছে। আবেদনকারীদের গত পাঁচ বছরের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ইউজার আইডি বা হ্যান্ডেল নাম ফর্মে উল্লেখ করতে হবে। ফেসবুক, টুইটার (বর্তমানে এক্স), ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো এই স্ক্রিনিংয়ের আওতায় থাকবে। তবে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। মূলত আবেদনকারীর নিরাপত্তা ঝুঁকি এবং পূর্ববর্তী কোনো উসকানিমূলক বা সন্দেহজনক কর্মকাণ্ড আছে কি না, তা যাচাই করতেই এই পদক্ষেপ। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং জননিরাপত্তার স্বার্থেই এই স্ক্রিনিং প্রক্রিয়া জোরদার করা হয়েছে। কোনো ব্যক্তি যদি অতীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদ বা আইনবিরোধী কোনো কাজে লিপ্ত থেকে থাকেন, তবে তার ভিসা আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ভিসা বিশেষজ্ঞরা বলছেন, ৩০ মার্চের পর যারা আবেদন করবেন, তাদের অবশ্যই গত ৫ বছরের ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোনো ভুল তথ্য দিলে বা তথ্য গোপন করলে তা স্থায়ীভাবে ভিসা প্রত্যাখ্যাত হওয়ার কারণ হতে পারে। এছাড়া ইমেইল অ্যাড্রেস এবং ফোন নম্বর প্রদানের ক্ষেত্রেও অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এই নতুন নিয়ম চালুর ফলে ভিসা প্রক্রিয়াকরণে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই প্রয়োজনীয় কাগজপত্র এবং অনলাইন প্রোফাইল গুছিয়ে আবেদন করার পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

নাহিদা বৃষ্টির লাশ পাওয়া নিয়ে শঙ্কা কেন? দুই কারণ জানাল পুলিশ

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের (ইউএসএফ) নিখোঁজ দুই বাংলাদেশি শিক্ষার্থীর মর্মান্তিক পরিণতির খবর পাওয়া গেছে। নিখোঁজ জামিল লিমনের (২৭) মরদেহ উদ্ধার করা হলেও, পুলিশ ধারণা করছে নাহিদা বৃষ্টিকেও (২৭) নৃশংসভাবে হত্যা করা হয়েছে। অভিযুক্ত ঘাতক ও লিমনের রুমমেট হিশাম আবুগারবিয়ার ফ্ল্যাটে ‘প্রচুর রক্ত’ পাওয়ার পর পুলিশ জানিয়েছে, বৃষ্টির মরদেহ উদ্ধার করা সম্ভবত আর কখনোই সম্ভব হবে না।   নিহত বৃষ্টির বড় ভাই জাহিদ হাসান প্রান্ত মার্কিন সংবাদমাধ্যম ‘১০ টাম্পা বে নিউজ’-কে জানান, শুক্রবার গভীর রাতে যুক্তরাষ্ট্রের তদন্তকারীরা বাংলাদেশে তাদের পরিবারের সাথে যোগাযোগ করেছেন। পুলিশ জানিয়েছে, লিমন ও হিশামের শেয়ার করা ফ্ল্যাটে যে পরিমাণ রক্ত পাওয়া গেছে, তা থেকে নিশ্চিত হওয়া গেছে যে বৃষ্টি আর বেঁচে নেই। পুলিশের আশঙ্কা, হত্যার পর মরদেহটি সম্ভবত ছিন্নবিচ্ছিন্ন বা টুকরো টুকরো করে ফেলা হয়েছে, যার ফলে এটি খুঁজে পাওয়া অত্যন্ত কঠিন। গত শুক্রবার সকাল সোয়া ৬টার দিকে হাওয়ার্ড ফ্র্যাঙ্কল্যান্ড ব্রিজের পাশ থেকে লিমনের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর কয়েক ঘণ্টা পরেই সকাল ৯টার দিকে ইউএসএফ ক্যাম্পাসের কাছে লেক ফরেস্ট এলাকায় অভিযুক্ত হিশাম আবুগারবিয়ার বাড়িতে অভিযান চালায় হিলসবোরো কাউন্টি শেরিফ কার্যালয়। পুলিশ হিশামের বাড়িতে পৌঁছালে তিনি নিজেকে ঘরের ভেতর তালাবদ্ধ করে রাখেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশের বিশেষায়িত ইউনিট ‘সোয়াট’ (SWAT) তলব করা হয়। প্রায় ২০ মিনিটের রুদ্ধশ্বাস পরিস্থিতির পর হিশাম আত্মসমর্পণ করেন। তার বিরুদ্ধে পারিবারিক সহিংসতা, তথ্যপ্রমাণ নষ্ট করা এবং অবৈধভাবে মরদেহ সরানোর মতো ছয়টি গুরুতর অভিযোগ আনা হয়েছে।   বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, হিশাম ফিলিস্তিনি বংশোদ্ভূত মার্কিন নাগরিক। তিনি লিমনের রুমমেট হিসেবে একই ফ্ল্যাটে থাকতেন। অন্যদিকে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে পিএইচডি গবেষণারত নাহিদা বৃষ্টি গত ১৬ এপ্রিল থেকে নিখোঁজ ছিলেন। লিমনের সাথে তার আগে প্রেমের সম্পর্ক থাকলেও বর্তমানে ছিল না বলে জানিয়েছেন বৃষ্টির পরিবার।   তদন্তকারীরা লিমনের মৃত্যু নিশ্চিত করলেও বৃষ্টির নিখোঁজ রহস্য ও তাকে হত্যার নৃশংসতা এখন পুরো ফ্লোরিডা ও বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া ফেলেছে।

Top week

আমেরিকায় রাতারাতি ধনী হওয়ার নতুন পথ । গ্রাফিক্স আমেরিকা বাংলা
আমেরিকা

যেভাবে রাতারাতি ধনী হচ্ছে আমেরিকায় মানুষ

শাহারিয়া নয়ন মে ২৫, ২০২৬ ১৪:০ 0