চট্টগ্রাম মেডিকেল থেকে হার্ভার্ড, এখন ব্রাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মালবিকা সরকার
বাংলাদেশের চিকিৎসক ও জনস্বাস্থ্য গবেষক অধ্যাপক মালবিকা সরকার আন্তর্জাতিক জনস্বাস্থ্য গবেষণা ও শিক্ষায় গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছেন। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রের ব্রাউন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথে বৈশ্বিক সম্পৃক্ততা বিভাগের সহযোগী ডিন এবং আচরণগত ও সামাজিক বিজ্ঞানের অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। বাস্তবায়নবিজ্ঞান, মিশ্র পদ্ধতির গবেষণা এবং গবেষণালব্ধ জ্ঞানকে বাস্তব স্বাস্থ্যসেবায় প্রয়োগ তাঁর কাজের প্রধান ক্ষেত্র।
বাংলাদেশে চিকিৎসাশিক্ষা দিয়ে তাঁর পেশাগত পথচলা শুরু। চট্টগ্রাম মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করার পর তিনি জনস্বাস্থ্যের দিকে মনোনিবেশ করেন। পরে যুক্তরাষ্ট্রের হার্ভার্ড স্কুল অব পাবলিক হেলথ থেকে জনস্বাস্থ্যে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং জার্মানির হাইডেলবার্গ বিশ্ববিদ্যালয় থেকে জনস্বাস্থ্যে পিএইচডি সম্পন্ন করেন। এর আগে সুইডেনের কারোলিনস্কা ইনস্টিটিউটে লিঙ্গ ও আন্তর্জাতিক স্বাস্থ্য বিষয়ে উচ্চতর প্রশিক্ষণও নেন তিনি।
পেশাজীবনের শুরুতে বাংলাদেশে গ্রামীণ জনগোষ্ঠীর সঙ্গে সরাসরি কাজ করেছেন মালবিকা সরকার। কমিউনিটি পর্যায়ে চিকিৎসা, প্রজননস্বাস্থ্য এবং নারীর স্বাস্থ্য নিয়ে কাজ করতে গিয়ে তিনি উপলব্ধি করেন, শুধু চিকিৎসা দেওয়া নয়, স্বাস্থ্যব্যবস্থার কাঠামোগত সমস্যা এবং কার্যকর জনস্বাস্থ্য কর্মসূচি বাস্তবায়নও সমান গুরুত্বপূর্ণ। এই অভিজ্ঞতাই পরবর্তী সময়ে তাঁকে বাস্তবায়নবিজ্ঞানের দিকে নিয়ে যায়।
মালবিকা সরকার দীর্ঘ সময় ব্র্যাকের স্বাস্থ্য ও উন্নয়ন কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর তিন দশকের বেশি সময়ের জনস্বাস্থ্য ক্যারিয়ারে প্রায় এক দশক তিনি ব্র্যাকের কমিউনিটিভিত্তিক স্বাস্থ্য ও উন্নয়ন কর্মসূচি বাস্তবায়নের সঙ্গে সরাসরি কাজ করেছেন। বাংলাদেশ ও সাব সাহারান আফ্রিকায় স্বাস্থ্যসেবা, সংক্রামক ও অসংক্রামক রোগ, প্রজননস্বাস্থ্য, পুষ্টি এবং স্বাস্থ্যব্যবস্থার কার্যকারিতা নিয়ে তাঁর গবেষণার বিস্তৃতি রয়েছে।
বাংলাদেশে ব্র্যাক জেমস পি গ্রান্ট স্কুল অব পাবলিক হেলথে তিনি অধ্যাপক ও সহযোগী ডিন হিসেবে দায়িত্ব পালন করেন। ২০১৫ সালে তিনি প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত ডিনের দায়িত্বও পালন করেন। একই সঙ্গে গবেষণার ফল কীভাবে কার্যকরভাবে স্বাস্থ্যনীতি ও মাঠপর্যায়ের সেবায় প্রয়োগ করা যায়, সেই লক্ষ্য নিয়ে তিনি বাস্তবায়নবিজ্ঞান ও সম্প্রসারণ বিষয়ক একটি বিশেষায়িত কেন্দ্র প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন।
২০২৩ সালে ব্রাউন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথে যোগ দেওয়ার পর তাঁর আন্তর্জাতিক গবেষণা ও শিক্ষাদানের পরিধি আরও বিস্তৃত হয়। বিশ্ববিদ্যালয়টির তথ্য অনুযায়ী, বাস্তবায়নবিজ্ঞান, জনস্বাস্থ্য কর্মসূচির মূল্যায়ন এবং প্রমাণভিত্তিক স্বাস্থ্য উদ্যোগ বাস্তবে প্রয়োগের ক্ষেত্রে তিনি শিক্ষা ও গবেষণা চালিয়ে যাচ্ছেন। পাশাপাশি গ্লোবাল সাউথের বিভিন্ন শিক্ষা ও গবেষণা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব তৈরির কাজেও তিনি যুক্ত।
২০২৫ সালের ১ ফেব্রুয়ারি থেকে মালবিকা সরকার ব্রাউন বিশ্ববিদ্যালয়ের স্কুল অব পাবলিক হেলথের সহযোগী ডিন ফর গ্লোবাল এনগেজমেন্ট হিসেবে দায়িত্ব শুরু করেন। এই পদে তাঁর দায়িত্বের মধ্যে রয়েছে বিশ্ববিদ্যালয়ের বৈশ্বিক জনস্বাস্থ্য কৌশল এগিয়ে নেওয়া, আন্তর্জাতিক অংশীদারত্ব বাড়ানো এবং শিক্ষার্থীদের জন্য আন্তর্জাতিক গবেষণা ও ইন্টার্নশিপের সুযোগ সম্প্রসারণ করা।
ব্রাউন বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ প্রকাশিত তথ্য অনুযায়ী, তিন দশকের বেশি সময়ের ক্যারিয়ারে মালবিকা সরকার গবেষণা ও দক্ষতা উন্নয়নমূলক প্রকল্পে এক কোটির বেশি মার্কিন ডলারের অনুদান সংগ্রহের সঙ্গে যুক্ত হয়েছেন। তাঁর ১৫৫টির বেশি পিয়ার রিভিউড গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের ২০২৬ সালের একটি তথ্যে তাঁর ১৫৮টি গবেষণা প্রবন্ধ এবং সাতটি বইয়ের অধ্যায়ের কথাও উল্লেখ করা হয়েছে।
বিশ্বজনস্বাস্থ্য সংশ্লিষ্ট একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠান ও পরামর্শক পর্ষদের সঙ্গেও যুক্ত রয়েছেন তিনি। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, দ্য ল্যানসেট গ্লোবাল হেলথ, গ্যাভি দ্য ভ্যাকসিন অ্যালায়েন্স, ওয়ার্ল্ড ফেডারেশন অব পাবলিক হেলথ অ্যাসোসিয়েশনস এবং যুক্তরাজ্যের বিভিন্ন গবেষণা প্রতিষ্ঠানের পরামর্শক ও নেতৃত্বের ভূমিকায় তিনি কাজ করেছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার এইচআরপি অ্যালায়েন্সের গবেষণা সক্ষমতা উন্নয়নবিষয়ক পরামর্শক বোর্ডের সভাপতির দায়িত্বও পালন করেছেন তিনি।
বিশ্বজনস্বাস্থ্যে অবদানের স্বীকৃতি হিসেবে ২০১৮ সালে উইমেন ইন গ্লোবাল হেলথ তাঁকে ‘হিরোইন অব হেলথ’ সম্মাননায় ভূষিত করে। নারীর স্বাস্থ্য, জনস্বাস্থ্য গবেষণা এবং স্বাস্থ্যব্যবস্থায় প্রমাণভিত্তিক উদ্যোগ বাস্তবায়নে তাঁর দীর্ঘদিনের কাজের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা দেওয়া হয়।
চট্টগ্রাম মেডিকেল কলেজের চিকিৎসাশিক্ষা থেকে শুরু করে হার্ভার্ড ও হাইডেলবার্গে উচ্চশিক্ষা, বাংলাদেশে ব্র্যাকের জনস্বাস্থ্য কার্যক্রম এবং বর্তমানে ব্রাউন বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক গবেষণা ও নেতৃত্ব, মালবিকা সরকারের পেশাগত পথচলা বাংলাদেশের একজন চিকিৎসক ও গবেষকের বিশ্বজনস্বাস্থ্য অঙ্গনে প্রতিষ্ঠিত হওয়ার উল্লেখযোগ্য উদাহরণ।
সূত্র: পাবলিকিয়ান
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
শিক্ষা
View moreযুক্তরাষ্ট্রের নিউইয়র্ক অঙ্গরাজ্যে নার্সিং শিক্ষক ও তরুণ কৃষকদের শিক্ষাঋণ মওকুফের জন্য দুটি বিশেষ কর্মসূচিতে আবেদন নেওয়া শুরু হয়েছে। যোগ্য নার্সিং শিক্ষক সর্বোচ্চ ৪০ হাজার ডলার এবং তরুণ কৃষকেরা সর্বোচ্চ ৫০ হাজার ডলার পর্যন্ত শিক্ষাঋণ মওকুফের সুযোগ পাবেন। দুই কর্মসূচির আওতায় মোট ২১ লাখ ডলার বরাদ্দ করেছে অঙ্গরাজ্য সরকার। আগ্রহীদের আগামী ১৬ ডিসেম্বর ২০২৬-এর মধ্যে আবেদন জমা দিতে হবে। শুক্রবার (২০ নভেম্বর) নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল এ ঘোষণা দেন। কর্মসূচি দুটি পরিচালনা করছে নিউইয়র্ক স্টেট হায়ার এডুকেশন সার্ভিসেস করপোরেশন (এইচইএসসি)। স্বাস্থ্যসেবা ও কৃষি খাতে দক্ষ কর্মী ধরে রাখা এবং এসব পেশায় নতুন কর্মী আকৃষ্ট করাই এর উদ্দেশ্য। কর্তৃপক্ষের মতে, শিক্ষাঋণের আর্থিক চাপ কমাতে পারলে নার্সিং শিক্ষকেরা ভবিষ্যৎ স্বাস্থ্যকর্মীদের প্রশিক্ষণে এবং তরুণেরা কৃষিকাজে দীর্ঘমেয়াদি পেশা গড়তে উৎসাহিত হবেন। প্রথম কর্মসূচির নাম ‘নার্সিং ফ্যাকাল্টি লোন ফরগিভনেস ইনসেনটিভ প্রোগ্রাম’। এর আওতায় যোগ্য নার্সিং শিক্ষক বছরে সর্বোচ্চ ৮ হাজার ডলার করে পাঁচ বছর পর্যন্ত শিক্ষাঋণ মওকুফের সুবিধা পাবেন। সব মিলিয়ে একজনের সর্বোচ্চ সুবিধার পরিমাণ ৪০ হাজার ডলার। নিউইয়র্কের নার্সিং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা করা এবং শ্রেণিকক্ষ বা ক্লিনিক্যাল প্রশিক্ষণে বছরে অন্তত ১২ ক্রেডিট ঘণ্টার সমপরিমাণ দায়িত্ব পালন করতে হবে। এই কর্মসূচিতে আবেদন করতে হলে নিউইয়র্কে নিবন্ধিত ও পেশাগতভাবে লাইসেন্সপ্রাপ্ত নার্স হতে হবে। পাশাপাশি নার্সিংয়ে স্নাতকোত্তর অথবা সংশ্লিষ্ট শিক্ষকতার যোগ্যতা অর্জনের জন্য প্রয়োজনীয় ডক্টরেট ডিগ্রি থাকতে হবে। লাইসেন্সপ্রাপ্ত নার্স হিসেবে আগে ক্লিনিক্যাল অভিজ্ঞতাও থাকতে হবে। নার্সিং বিষয়ে ডিগ্রি অর্জনের সময় নেওয়া যোগ্য শিক্ষাঋণের বকেয়া থাকতে হবে আবেদনকারীর। এ ছাড়া অঙ্গরাজ্যের আবাসিক ও অন্যান্য আর্থিক যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। দ্বিতীয় কর্মসূচিটি তরুণ কৃষকদের জন্য। ‘ইয়ং ফার্মার্স লোন ফরগিভনেস ইনসেনটিভ প্রোগ্রাম’-এর আওতায় যোগ্য কৃষকেরা বছরে সর্বোচ্চ ১০ হাজার ডলার করে পাঁচ বছর পর্যন্ত শিক্ষাঋণ মওকুফ পেতে পারেন। এ ক্ষেত্রে সর্বোচ্চ সুবিধার পরিমাণ ৫০ হাজার ডলার। আবেদনকারীকে নিউইয়র্ক অঙ্গরাজ্যের অনুমোদিত কোনো কলেজ বা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি অর্জন করতে হবে এবং কৃষিকাজে যুক্ত হওয়ার প্রথম ১০ বছরের মধ্যে থাকতে হবে। এ ছাড়া নিউইয়র্কে পূর্ণকালীন কৃষিকাজ পরিচালনা করতে হবে এবং আগামী অন্তত পাঁচ বছর এই কাজ চালিয়ে যাওয়ার অঙ্গীকার করতে হবে। কৃষি উৎপাদনের সঙ্গে যুক্ত খামার হতে হবে এবং স্নাতক ডিগ্রি অর্জনের সময় নেওয়া যোগ্য শিক্ষাঋণের বকেয়া থাকতে হবে। শুধু কৃষিকাজের সঙ্গে যুক্ত থাকলেই এই সুবিধা পাওয়া যাবে না, শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্তও পূরণ করতে হবে। দুটি কর্মসূচির ক্ষেত্রেই সব ধরনের শিক্ষাঋণ মওকুফের আওতায় পড়বে না। ঋণটি সংশ্লিষ্ট ডিগ্রি অর্জনের জন্য নেওয়া হতে হবে এবং নির্ধারিত নিয়ম অনুযায়ী যোগ্য ঋণ হিসেবে বিবেচিত হতে হবে। মওকুফের পরিমাণও নির্ভর করবে আবেদনকারীর প্রকৃত বকেয়া ঋণের ওপর। অর্থাৎ একজন নার্সিং শিক্ষক বা কৃষক সর্বোচ্চ ৪০ হাজার বা ৫০ হাজার ডলারের যোগ্য হলেও তাঁর বকেয়া ঋণ কম হলে সেই পরিমাণের বেশি মওকুফ পাবেন না। আবেদনকারীদের নিউইয়র্কে টানা ১২ মাস বসবাসসহ নাগরিকত্ব ও অভিবাসনসংক্রান্ত যোগ্যতার শর্তও যাচাই করতে হবে। তবে নির্দিষ্ট ক্ষেত্রে নিউইয়র্কের ড্রিম অ্যাক্টের আওতায় বিকল্প যোগ্যতার সুযোগ রয়েছে। আবেদন করার আগে এইচইএসসির ওয়েবসাইটে সংশ্লিষ্ট কর্মসূচির শর্ত, গ্রহণযোগ্য ঋণের ধরন এবং প্রয়োজনীয় কাগজপত্র দেখে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নিউইয়র্কের উচ্চশিক্ষা সেবা করপোরেশনের তথ্য অনুযায়ী, নার্সিং শিক্ষক ও তরুণ কৃষকদের জন্য পৃথক আবেদনপত্র চালু রয়েছে। দুই কর্মসূচির আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ১৬ ডিসেম্বর ২০২৬। যোগ্য ব্যক্তিরা নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করলে পাঁচ বছর পর্যন্ত বার্ষিক কিস্তিতে শিক্ষাঋণ মওকুফের সুযোগ পেতে পারেন। সংবাদসূত্র: নিউইয়র্ক স্টেট হায়ার এডুকেশন সার্ভিসেস করপোরেশন (এইচইএসসি), গভর্নর ক্যাথি হোকুলের কার্যালয়।
ইইউ-যুক্তরাজ্য চুক্তি সম্পন্ন, টিউশন ফি নিয়ে মতবিরোধের জেরে থেকে যাচ্ছে আশঙ্কা
পড়াশোনা শেষ না হওয়া পর্যন্ত থাকার সুযোগ, বিদেশি শিক্ষার্থীদের পক্ষে আদালতের রায়
ভিসা জটিলতা ও ব্যয় বৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় ছাড়ছেন বিদেশি শিক্ষার্থীরা
যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের এক স্কুলশিক্ষার্থী প্রথমবার পরীক্ষা দিয়েই দেশটির কলেজে ভর্তির জন্য গুরুত্বপূর্ণ দুটি মানসম্মত পরীক্ষায় সর্বোচ্চ নম্বর অর্জন করেছেন। কার্কউড হাইস্কুলের একাদশ শ্রেণির শিক্ষার্থী লুকা আর্টোমভ আমেরিকান কলেজ টেস্টিং (এসিটি) পরীক্ষায় ৩৬-এর মধ্যে ৩৬ এবং স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট (স্যাট) পরীক্ষায় ১ হাজার ৬০০-এর মধ্যে ১ হাজার ৬০০ পেয়েছেন। দুই পরীক্ষাতেই প্রথমবার অংশ নিয়ে এমন ফল অর্জন করায় তাঁর সাফল্য নিয়ে স্থানীয় শিক্ষাঙ্গনে আলোচনা তৈরি হয়েছে। লুকা ২০২৫ সালে প্রথমবার এসিটি পরীক্ষায় অংশ নেন। সেখানে সর্বোচ্চ ৩৬ নম্বর পাওয়ার পর ২০২৬ সালে স্যাট পরীক্ষায় বসেন তিনি। সেখানেও প্রথম প্রচেষ্টাতেই পূর্ণ নম্বর অর্জন করেন। নিজের ফলাফল সম্পর্কে লুকা বলেন, এমন সাফল্য পাওয়ার পর তিনি নিজেও বেশ অবাক ও আনন্দিত হয়েছিলেন। কারণ, দুই পরীক্ষায় একইভাবে সর্বোচ্চ নম্বর পাওয়া খুবই বিরল ঘটনা। দুটি পরীক্ষায় অংশ নেওয়ার পেছনে তাঁর একটি বাস্তব উদ্দেশ্যও ছিল। লুকা জানান, বিশ্ববিদ্যালয়ে ভর্তির সময় বৃত্তির সুযোগ বাড়ানোর জন্য তিনি এসিটি ও স্যাট দুটিই দিয়েছেন। পাশাপাশি নিজের সামর্থ্য যাচাই করা এবং নিজেকে নতুন চ্যালেঞ্জের মুখে ফেলাও ছিল তাঁর লক্ষ্য। প্রস্তুতির অংশ হিসেবে তিনি নিয়মিত অনুশীলনী পরীক্ষা দিয়েছেন। শ্রেণিকক্ষে শেখা বিষয়গুলো আরও ভালোভাবে আয়ত্ত করা এবং শিক্ষক ও পরিবারের সহযোগিতাকেও নিজের সাফল্যের গুরুত্বপূর্ণ কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি। পড়াশোনার বাইরেও বিভিন্ন শিক্ষামূলক কার্যক্রমে সক্রিয় লুকা। তিনি স্কুলের গণিত দল এবং অনুশীলনী আদালত প্রতিযোগিতায় অংশ নেন। ইতিহাসের প্রতি তাঁর বিশেষ আগ্রহ রয়েছে। নতুন বিষয় শেখা এবং নিজের জ্ঞান বাড়ানোর প্রতিও আগ্রহী তিনি। স্কুলের প্রধান শিক্ষক শেথ হ্যারেল বলেন, লুকা শুধু পড়াশোনাতেই ভালো নন, তাঁর ব্যক্তিত্বও প্রশংসনীয়। তিনি সব সময় হাসিখুশি থাকেন এবং অন্যদের সঙ্গে ইতিবাচকভাবে যোগাযোগ করেন। এমনকি নিয়মিত অন্যদের খোঁজখবর নেওয়ার অভ্যাসও তাঁর রয়েছে। ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে লুকা জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে গণিত বিষয়ে পড়ার ইচ্ছা রয়েছে তাঁর। পরবর্তী সময়ে আইন বিষয়ে উচ্চশিক্ষা নেওয়ার কথাও বিবেচনা করছেন। একই পরীক্ষার প্রস্তুতি নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশে তাঁর পরামর্শ, পরীক্ষার চাপ কমানোর সবচেয়ে কার্যকর উপায় হলো আগে থেকেই ভালোভাবে প্রস্তুতি নেওয়া। নিয়মিত পড়াশোনা, আগের ভুলগুলো পর্যালোচনা এবং নিজের ওপর আস্থা রাখার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এসিটি ও স্যাট গুরুত্বপূর্ণ দুটি মানসম্মত পরীক্ষা। এসিটির সর্বোচ্চ যৌগিক নম্বর ৩৬ এবং স্যাটের সর্বোচ্চ নম্বর ১ হাজার ৬০০। বিশ্ববিদ্যালয়ভেদে এসব পরীক্ষার ফল ভর্তি ও বৃত্তি বিবেচনায় ভূমিকা রাখতে পারে। লুকা আর্টোমভের মতো একজন একাদশ শ্রেণির শিক্ষার্থীর দুই পরীক্ষাতেই প্রথমবারে সর্বোচ্চ নম্বর অর্জন তাই তাঁর ভবিষ্যৎ উচ্চশিক্ষার পথকে আরও সম্ভাবনাময় করে তুলেছে। সূত্র: কেএমওভি, ফার্স্ট অ্যালার্ট ৪
দিনাজপুর থেকে যুক্তরাষ্ট্রে, পিএইচডি গবেষণার চূড়ান্ত ধাপ সম্পন্ন করলেন আসাদুর রহমান রামিন
এআই দিয়ে অঙ্ক করছে শিক্ষার্থীরা, হোমওয়ার্কের নম্বর দেওয়ার নিয়ম বদলালেন ক্যালটেকের অধ্যাপক
বাংলাদেশিদের জন্য সম্পূর্ণ বিনা খরচে চীনে উচ্চশিক্ষার সুযোগ, দেওয়া হবে বিমানভাড়াও
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের শেরবোর্ন শহরে স্কুলবাস দুর্ঘটনার পর এক শিশুর পাশে দাঁড়িয়ে মানবিকতার দৃষ্টান্ত তৈরি করেছেন অ্যামি নামের এক অচেনা নারী। দুর্ঘটনার পর শিশুটি জরুরি সহায়তার অপেক্ষায় ছিল। এ সময় ওই নারী তার পাশে বসে থাকেন এবং ঠান্ডা থেকে রক্ষা করতে নিজের গায়ের পোশাক খুলে শিশুটিকে দেন। বস্টন ডটকমের ১২ নভেম্বর প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি ঘটে ১০ নভেম্বর মঙ্গলবার সকালে। ওই শিশুর স্কুলবাস দুর্ঘটনায় পড়ার পর অ্যামি নামের এক নারী সেখানে থামেন। তিনি একটি সাদা রঙের জিপ গাড়ি চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর শিশুটি যখন একা জরুরি সহায়তার অপেক্ষা করছিল, তখন অ্যামি তার পাশে বসে থাকেন। শিশুটি যেন ঠান্ডায় কষ্ট না পায়, সে জন্য নিজের গায়ের উষ্ণ পোশাকটি খুলে তাকে দেন। শিশুটির পরিবারের সদস্যরা তখন ঘটনাস্থলে ছিলেন না। পরে শিশুটির মা-বাবা সন্তানের কাছে পৌঁছালে জানতে পারেন, একজন অপরিচিত নারী বিপদের সময় তার পাশে ছিলেন। শুধু পাশে বসে অপেক্ষা করাই নয়, নিজের পোশাক দিয়ে শিশুটিকে উষ্ণ রাখার ব্যবস্থাও করেছিলেন তিনি। এরপর শিশুটির অভিভাবক সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে ওই নারীকে খুঁজে পাওয়ার আশায় একটি আবেদন প্রকাশ করেন। সেখানে তিনি জানান, তাঁদের ছেলের অবস্থা ভালো এবং অ্যামির দেখানো আন্তরিকতায় পরিবারটি গভীরভাবে কৃতজ্ঞ। শিশুটির মা-বাবার কাছে ওই পোশাকটি এখন শুধু একটি সাধারণ পোশাক নয়; বরং সন্তানের বিপদের মুহূর্তে একজন অপরিচিত মানুষের কাছ থেকে পাওয়া ভালোবাসা ও নিরাপত্তার স্মৃতি। পরিবারটি পোশাকটি ফেরত দিতে এবং অ্যামিকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে চায়। তাঁদের আশা, সাদা জিপ গাড়ি চালানো ওই নারী তাঁদের আবেদনটি দেখতে পাবেন। পরিবারের পোস্টে একটি সুন্দর বার্তাও উঠে এসেছে—কখনো আমাদের জীবনে একজন অ্যামির প্রয়োজন হয়, আবার কখনো অন্য কারও জীবনে আমাদেরই অ্যামি হয়ে উঠতে হয়। ঘটনাটি সামাজিক যোগাযোগমাধ্যমে মানুষের মধ্যে মানবিকতা নিয়ে আলোচনা তৈরি করেছে। অনেকেই অপরিচিত মানুষের বিপদে পাশে দাঁড়ানোর গুরুত্ব তুলে ধরেছেন। তবে উল্লেখ্য, ঘটনাটির বিবরণ মূলত শিশুটির অভিভাবকের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত পোস্ট থেকে নেওয়া। সংবাদমাধ্যমটি প্রকাশের সময় পুলিশ ও স্কুল কর্তৃপক্ষের মাধ্যমে ঘটনাটি স্বাধীনভাবে নিশ্চিত করতে পারেনি। তাই পরিবারের বক্তব্যের ভিত্তিতেই ঘটনাটি উপস্থাপন করা হয়েছে। তথ্যসূত্র: বস্টন ডটকম।
বাংলাদেশি বংশোদ্ভূত মাইসারাহ রহমানের বৈজ্ঞানিক গবেষণায় মুগ্ধ যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসের সিনেটর
ওয়াশিংটন ডিসির হাইস্কুল শিক্ষার্থীদের জন্য জর্জ মেসন ইউনিভার্সিটির ১৫ হাজার ডলারের বৃত্তি

