সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

রেস্টুরেন্টের কর্মী থেকে সফল নারী উদ্যোক্তা, নিউ ইয়র্কে সাহারা খানের মৃত্যুতে কমিউনিটিতে শোক

নিউ ইয়র্ক প্রতিনিধি প্রকাশ: নভেম্বর ২০, ২০২৬ ১:৩৮
অ্যাস্টোরিয়ার বৈশাখী রেস্টুরেন্টের প্রধান শেফ সাহারা খানের মৃত্যুতে নিউইয়র্কের প্রবাসীদের মধ্যে শোকের ছায়া। ছবি: সংগৃহীত
অ্যাস্টোরিয়ার বৈশাখী রেস্টুরেন্টের প্রধান শেফ সাহারা খানের মৃত্যুতে নিউইয়র্কের প্রবাসীদের মধ্যে শোকের ছায়া। ছবি: সংগৃহীত

নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির পরিচিত রন্ধনশিল্পী ও অ্যাস্টোরিয়ার জনপ্রিয় বৈশাখী রেস্টুরেন্টের প্রধান শেফ সাহারা খানের মৃত্যুতে প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘদিনের পরিশ্রম, অসাধারণ রান্নার দক্ষতা এবং নিজের উদ্যোগে ঘুরে দাঁড়ানোর গল্প দিয়ে তিনি নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটিতে বিশেষ পরিচিতি অর্জন করেছিলেন। কমিউনিটি সূত্রে পাওয়া তথ্য অনুযায়ী, গত ১২ নভেম্বর বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিটে কুইন্সের ফ্লাশিংয়ের একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

সাহারা খানের জন্ম বাংলাদেশের নরসিংদী জেলার বালুশাইর গ্রামে। মাত্র ১৪ বছর বয়সে বিয়ে হওয়ার পর তাঁর সংসারজীবন শুরু হয় ঢাকার শাহজাহানপুরে। যৌথ পরিবারের দায়িত্ব পালনের পাশাপাশি রান্নার প্রতি তাঁর আগ্রহ ও দক্ষতা ধীরে ধীরে পরিচিতি পায় পরিবারের সদস্যদের মধ্যে। তবে তখনো পেশা হিসেবে রান্নাকে বেছে নেওয়ার কথা ভাবেননি তিনি।

 

১৯৮৯ সালে তাঁর স্বামী খোরশেদ মিয়া যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। কয়েক বছর পর ১৯৯৭ সালে স্ত্রী ও তিন সন্তানকে নিউইয়র্কে নিয়ে আসেন। নতুন দেশে এসে সাহারা খান স্বামী, সন্তান ও শ্বশুর-শাশুড়িকে নিয়ে কুইন্সের এলমহার্স্টে একটি এক বেডরুমের অ্যাপার্টমেন্টে বসবাস শুরু করেন। পরিবারের আর্থিক প্রয়োজন মেটাতে একসময় তাঁকেও কাজে নামতে হয়।

 

প্রথম আলোর এক প্রতিবেদনে উঠে এসেছে, নিউইয়র্কে এসে জ্যাকসন হাইটসের একটি রেস্টুরেন্টে রান্নার কাজ শুরু করেন সাহারা খান। পরে আলাউদ্দিন ও হাটবাজারসহ বিভিন্ন রেস্টুরেন্টে শেফ হিসেবে কাজ করেন। প্রতিদিন প্রায় ১২ ঘণ্টা অন্যের প্রতিষ্ঠানে কাজ করার পাশাপাশি বাসায় ফিরে সামলাতে হতো সংসারের দায়িত্ব। কাজ করতে করতেই অভিজ্ঞতা অর্জন করেন কারি, তন্দুরি ও বিভিন্ন ধরনের খাবার তৈরিতে। একসময় তিনি রেস্টুরেন্টের প্রধান শেফ হিসেবে প্রতিষ্ঠা পান।

 

তাঁর জীবনের সবচেয়ে বড় সাফল্যগুলোর একটি ছিল অ্যাস্টোরিয়ার বৈশাখী রেস্টুরেন্ট। ২০১৫ সালে ছেলে তানজিল, মেয়ে রিমি শামসুন ও মেয়ের জামাই আতিফের সঙ্গে মিলে পরিবারের সদস্যরা রেস্টুরেন্টটির মালিকানা নেন। এর আগে প্রতিষ্ঠানটির মালিকানা ১৮ বার পরিবর্তিত হয়েছিল। লোকসানের কারণে আগের মালিকেরা প্রতিষ্ঠানটি ধরে রাখতে পারেননি। কিন্তু সাহারা খানের রান্নার দক্ষতা ও পরিবারের সম্মিলিত প্রচেষ্টায় বৈশাখী ধীরে ধীরে বাংলাদেশি খাবারের পরিচিত ঠিকানায় পরিণত হয়।

 

রেস্টুরেন্টটির জনপ্রিয়তা শুধু বাংলাদেশি কমিউনিটির মধ্যেই সীমাবদ্ধ ছিল না। অ্যাস্টোরিয়ার বিভিন্ন সংস্কৃতির মানুষের কাছেও বৈশাখীর খাবার পরিচিতি পায়। বিশেষ করে দেশীয় ভর্তা, শুঁটকি, শিক কাবাব ও অন্যান্য ঐতিহ্যবাহী খাবারের জন্য প্রতিষ্ঠানটি প্রশংসিত হয়। ২০১৭ সালে নিউইয়র্ক টাইমসেও রেস্টুরেন্টটি নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল।

 

প্রথম আলোর ওই প্রতিবেদনে আরও উঠে এসেছে, বাংলাদেশে কখনো উপার্জন না করা সাহারা খান প্রবাসে নিজের পরিশ্রমে আর্থিকভাবে স্বাবলম্বী হন। নিজের উপার্জনের অর্থ দিয়ে ঢাকার বনানী ও উত্তরায় দুটি ফ্ল্যাটও কিনেছিলেন তিনি।

 

তাঁর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর নিউইয়র্কের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন পর্যায়ের মানুষ শোক প্রকাশ করছেন। প্রবাসে এসে প্রতিকূল পরিস্থিতির মধ্যেও নিজের দক্ষতা, পরিশ্রম ও আত্মবিশ্বাস দিয়ে প্রতিষ্ঠিত হওয়ার যে দৃষ্টান্ত তিনি রেখে গেছেন, তা দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
স্নায়ুবিজ্ঞান সম্মেলনে গবেষণা উপস্থাপনের পর প্রিন্সটনের পিএইচডি শিক্ষার্থী ইভা ই শিয়েকে আটক করেছে আইসিই। ছবি: সংগৃহীত
সম্মেলন শেষে বিমানবন্দরে আইসিইর হাতে আটক প্রিন্সটনের পিএইচডি শিক্ষার্থী

ওয়াশিংটন ডিসিতে স্নায়ুবিজ্ঞানবিষয়ক সম্মেলনে গবেষণা উপস্থাপনের পর প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী ইভা ই শিয়েকে আটক করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভার্জিনিয়ার আর্লিংটনে রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে তাঁকে আটক করা হয়। তাঁর আইনজীবীরা আটকের বৈধতা চ্যালেঞ্জ করে ফেডারেল আদালতে আবেদন করেছেন।    ২৪ বছর বয়সী ইভা প্রিন্সটনে স্নায়ুবিজ্ঞানে পিএইচডির তৃতীয় বর্ষে পড়ছেন। দ্য ডেইলি প্রিন্সটনিয়ান জানিয়েছে, আটকের আগের দিন সোসাইটি ফর নিউরোসায়েন্সের বার্ষিক সম্মেলনে তিনি পোস্টারের মাধ্যমে নিজের গবেষণা উপস্থাপন করেন। পরদিন অভ্যন্তরীণ একটি ফ্লাইট ধরতে বিমানবন্দরে গেলে তাঁকে হেফাজতে নেন অভিবাসন কর্মকর্তারা।    ইভার আইনজীবী কেরি ডয়েল বিশ্ববিদ্যালয়ের সংবাদপত্রটিকে জানান, চীনে জন্ম নেওয়া ইভা অপ্রাপ্তবয়স্ক অবস্থায় যুক্তরাষ্ট্রে আসেন। তাঁর রাজনৈতিক আশ্রয়ের আবেদন বিচারাধীন রয়েছে বলে জানান ডয়েল। অভিবাসন আদালতে তাঁর শুনানি ২০২৮ সালের শুরুর দিকে নির্ধারিত আছে।    যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ পিক্স১১কে জানিয়েছে, ২০১৬ সালের মার্চে ইভা অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেয়েছিলেন। বিভাগের দাবি, সে বছরের সেপ্টেম্বরে অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও তিনি দেশ ছাড়েননি। তাঁকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের প্রক্রিয়া চলাকালে আইসিই হেফাজতে রাখা হবে বলে জানিয়েছে বিভাগটি।    শুক্রবার এক ফেডারেল বিচারক নির্দেশ দেন, আটকের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদন বিবেচনাধীন থাকা অবস্থায় ইভাকে ভার্জিনিয়ার পূর্বাঞ্চলীয় ফেডারেল বিচারিক জেলার বাইরে নেওয়া যাবে না। দ্য ডেইলি প্রিন্সটনিয়ান জানিয়েছে, তাঁকে ভার্জিনিয়ার শ্যান্টিলি থেকে একই অঙ্গরাজ্যের বোলিং গ্রিনে ক্যারোলাইন ডিটেনশন ফ্যাসিলিটিতে স্থানান্তর করা হয়েছে। শনিবার সকালে আইসিইর অনলাইন আটক তালিকায় নতুন অবস্থান দেখা যায়।    প্রিন্সটনের গ্র্যাজুয়েট স্কুলের ডিন রডনি প্রিস্টলি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ইভার জন্য আইনজীবীর ব্যবস্থা করেছে। সহায়তা দিতে বিশ্ববিদ্যালয় তাঁর পরিবার, সহকর্মী ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রাখছে।    সূত্র: দ্য ডেইলি প্রিন্সটনিয়ান

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১০:১৫
ফ্লোরিডায় গাড়িচাপায় বৃদ্ধার মৃ ত্যু, অভিযুক্ত ভেনেজুয়েলান অভিবাসীর বিরুদ্ধে মা মলা হচ্ছে না

ফ্লোরিডায় গাড়িচাপায় বৃদ্ধার মৃ ত্যু, অভিযুক্ত ভেনেজুয়েলান অভিবাসীর বিরুদ্ধে মা মলা হচ্ছে না

ব্রুকলিনের উডহাল হাসপাতালে স্পেশাল অফিসার নিয়োগে ৯ ডিসেম্বর বিশেষ আয়োজন করছে এনওয়াইসি হেলথ প্লাস হসপিটালস। ছবি: সংগৃহীত

ব্রুকলিনের উডহাল হাসপাতালে স্পেশাল অফিসার নিয়োগ, শুরুতেই বেতন ৪০,৪৮০ ডলার

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে উড্ডয়নের আগে খাঁচা থেকে পালাল বিড়াল, ফ্লোরিডাগামী ফ্লাইটে বিলম্ব

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে উড্ডয়নের আগে খাঁচা থেকে পালাল বিড়াল, ফ্লোরিডাগামী ফ্লাইটে বিলম্ব

অপরাহ উইনফ্রে। ছবি: অ্যাফ্রোডাইটি-ইন-এনওয়াইসি / উইকিমিডিয়া কমন্স / সিসি বাই ২.০। ছবিটি ক্রপ করেছে আমেরিকা বাংলা
উপস্থাপনার গণ্ডি পেরিয়ে মানবসেবায় অপরাহ উইনফ্রে, তাঁর বৃত্তিতে স্নাতক প্রায় ৮০০ শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে দীর্ঘদিন ধরেই শিক্ষা ও মানবকল্যাণে অবদান রেখে আসছেন। তাঁর প্রতিষ্ঠিত বৃত্তি কর্মসূচির সহায়তায় আটলান্টার মোরহাউস কলেজ থেকে প্রায় ৮০০ শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করেছেন। আর্থিকভাবে অসচ্ছল অথচ মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দিতে ১৯৮৯ সালে এই উদ্যোগ শুরু করেছিলেন তিনি।   প্রায় চার দশক ধরে চলা এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের টিউশন ফি, কলেজের অন্যান্য খরচ এবং আবাসন ব্যয়ে সহায়তা দেওয়া হয়েছে। শুধু আর্থিক সহায়তাই নয়, শিক্ষার্থীদের নেতৃত্বের দক্ষতা বিকাশ, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগও রয়েছে এই কর্মসূচিতে।   ২০২৬ সালের ২৪ এপ্রিল মোরহাউস কলেজের শিক্ষার্থীদের জন্য আয়োজিত স্নাতক-পূর্ব এক বিশেষ অনুষ্ঠানে আকস্মিক উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন অপরাহ উইনফ্রে। তাঁর বৃত্তির সুবিধাভোগী শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন, তাঁদের অভিজ্ঞতা শোনেন এবং দীর্ঘদিনের এই উদ্যোগ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন।   মোরহাউস কলেজের এই বৃত্তি কর্মসূচিতে অপরাহর মোট আর্থিক অবদান ২ কোটি ৫০ লাখ ডলার। ২০১৯ সালে কর্মসূচির ৩০ বছর পূর্তি উপলক্ষে তিনি নতুন করে ১ কোটি ৩০ লাখ ডলার অনুদানের ঘোষণা দিয়েছিলেন। এর আগে ১৯৮৯ সালে ১ কোটি ২০ লাখ ডলারের প্রাথমিক বিনিয়োগের মাধ্যমে উদ্যোগটির যাত্রা শুরু হয়।   অপরাহর এই উদ্যোগের মূল লক্ষ্য শুধু শিক্ষার্থীদের কলেজের পড়াশোনা শেষ করতে সহায়তা করা নয়, বরং তাঁদের ভবিষ্যৎ নেতৃত্ব ও সামাজিক অবদানের জন্য প্রস্তুত করা। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কমিউনিটি সার্ভিস, নেতৃত্ব বিকাশ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের প্রত্যাশাও রয়েছে।   একজন টেলিভিশন উপস্থাপক হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পেলেও অপরাহ উইনফ্রের দীর্ঘদিনের এই উদ্যোগ দেখিয়েছে, শিক্ষা ও মানবকল্যাণে ব্যক্তিগত বিনিয়োগ কীভাবে প্রজন্মের পর প্রজন্মের শিক্ষার্থীর জীবনে প্রভাব ফেলতে পারে।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ৯:১৩
যুক্তরাষ্ট্রের হিউস্টনে চলন্ত গাড়ি থেকে পড়ে যায় শিশু , চালকের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ

যুক্তরাষ্ট্রের হিউস্টনে চলন্ত গাড়ি থেকে পড়ে যায় শিশু , চালকের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ

‘আল্লাহর নির্দেশে’ ২৮ বছর বয়সী তরুণীকে হ ত্যা, কারাগারে বসে দায় স্বীকার সাবেক এনওয়াইপিডি কর্মকর্তার

‘আল্লাহর নির্দেশে’ ২৮ বছর বয়সী তরুণীকে হ ত্যা, কারাগারে বসে দায় স্বীকার সাবেক এনওয়াইপিডি কর্মকর্তার

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হাম শনাক্ত হওয়ার পর পাঁচ বছরের কম বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত

ভার্জিনিয়ায় হামে আক্রান্ত শিশুর মৃত্যু, অঙ্গরাজ্যে এ বছরের প্রথম মৃত্যুর খবর দিল স্বাস্থ্য বিভাগ

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আইসিইর গুলিতে নিহত অভিবাসীর স্মরণে বিশেষ  দিবস পালনের বিল প্রস্তাব
যুক্তরাষ্ট্রের টেক্সাসে আইসিইর গুলিতে নিহত অভিবাসীর স্মরণে বিশেষ দিবস পালনের বিল প্রস্তাব

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা আইসিইর এক কর্মকর্তার গুলিতে নিহত লরেঞ্জো সালগাদো আরাউহোর স্মরণে বিশেষ দিবস পালনের প্রস্তাব উঠেছে। প্রতিবছর ৭ জুলাই তাঁর নামে দিবসটি পালনের জন্য অঙ্গরাজ্যের আইনসভায় একটি বিল জমা দিয়েছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতা ক্রিস্টিনা মোরালেস। প্রস্তাবটির উদ্দেশ্য অভিবাসীদের প্রতি আচরণ এবং অভিবাসন অভিযানে স্বচ্ছতা ও জবাবদিহির বিষয়ে জনসচেতনতা বাড়ানো।   বৃহস্পতিবার (১৯ নভেম্বর) টেক্সাসের হাউস অব রিপ্রেজেন্টেটিভসে এইচবি ১২৪৮ নম্বর বিলটি জমা দেওয়া হয়। শনিবার (২১ নভেম্বর) ফক্স টুয়েন্টি সিক্স হিউস্টন ও কেপিআরসি টু নিউজ এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করে।   বিলের প্রস্তাব অনুযায়ী, প্রতিবছর ৭ জুলাই ‘লরেঞ্জো সালগাদো আরাউহো দিবস’ হিসেবে স্বীকৃতি দেওয়া হবে। দিনটি উপলক্ষে অভিবাসীদের অধিকার, অভিবাসন আইন প্রয়োগ এবং অভিযানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জবাবদিহি নিয়ে সচেতনতামূলক কর্মসূচি আয়োজন করা যাবে।   তবে প্রস্তাবটি এখনো আইনে পরিণত হয়নি। টেক্সাস আইনসভার উভয় কক্ষে অনুমোদন এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন হলে ২০২৭ সালের ১ সেপ্টেম্বর থেকে এটি কার্যকর হওয়ার কথা রয়েছে।   লরেঞ্জো সালগাদো আরাউহো দীর্ঘ ৩৫ বছরের বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রে বসবাস করছিলেন। চলতি বছরের ৭ জুলাই হিউস্টনের ইস্ট এন্ড এলাকায় আইসিইর একটি অভিযানের সময় গুলিবিদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়।   ফক্স টুয়েন্টি সিক্স হিউস্টনের প্রতিবেদন অনুযায়ী, ঘটনার দিন লরেঞ্জো তাঁর ভাই ভিক্টর এবং আরও দুই ব্যক্তিকে নিয়ে একটি সাদা কাজের ভ্যানে যাচ্ছিলেন।   ওই এলাকায় অভিবাসন আইন প্রয়োগের অভিযান পরিচালনা করছিলেন ফেডারেল কর্মকর্তারা। তদন্তসংক্রান্ত নথির বরাতে সংবাদমাধ্যমটি জানিয়েছে, কর্মকর্তারা অন্য একটি গাড়ি খুঁজছিলেন। লরেঞ্জোর ভ্যানটিকে ভুল করে সেই গাড়ি মনে করে অনুসরণ করা হয়।   অর্থাৎ লরেঞ্জো নিজে ওই অভিযানের মূল লক্ষ্যবস্তু ছিলেন না।   ফেডারেল কর্তৃপক্ষের দাবি, অভিযানের সময় লরেঞ্জোর ভ্যানটি আইসিইর একটি গাড়িকে ধাক্কা দেয়। এরপর একজন কর্মকর্তা গুলি চালান। এতে লরেঞ্জো নিহত হন।   তবে গুলি চালানোর পরিস্থিতি এবং প্রাণঘাতী শক্তি প্রয়োগের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন রয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের ফল এখনো প্রকাশ করা হয়নি।   লরেঞ্জোর মৃত্যুর পর ভ্যানে থাকা অন্য তিন ব্যক্তিকে ফেডারেল অভিবাসন হেফাজতে নেওয়া হয়। তাঁদের মধ্যে লরেঞ্জোর ভাই ভিক্টরও ছিলেন।   ঘটনাটির তদন্তে ওই তিনজন গুরুত্বপূর্ণ প্রত্যক্ষদর্শী হওয়ায় তাঁদের আটক রাখা নিয়ে স্থানীয়ভাবে উদ্বেগ তৈরি হয়।   ফক্স টুয়েন্টি সিক্সের তথ্য অনুযায়ী, তাঁদের একজন ২৯ জুলাই মুক্তি পান। আরেকজন আদালতের নির্দেশে ২৬ আগস্ট মুক্তি পান। লরেঞ্জোর ভাই ভিক্টর ৫০ দিনের বেশি হেফাজতে থাকার পর ৩০ আগস্ট মুক্তি পান।   এদিকে লরেঞ্জোর মৃত্যুর পর তাঁর পরিবার এবং স্থানীয় কমিউনিটির সদস্যরা ঘটনার স্বচ্ছ তদন্ত ও জবাবদিহির দাবি জানিয়ে আসছেন।   টেক্সাসের আইনপ্রণেতা ক্রিস্টিনা মোরালেস জানিয়েছেন, লরেঞ্জোর মৃত্যু অভিবাসন অভিযান পরিচালনার পদ্ধতি এবং কর্মকর্তাদের জবাবদিহি নিয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন তৈরি করেছে।   তাঁর কার্যালয়ের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, লরেঞ্জো দীর্ঘদিন হিউস্টনে বসবাস করছিলেন। তাঁর মৃত্যুর ঘটনাটি অভিবাসন অভিযানের সময় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার প্রয়োজনীয়তা সামনে এনেছে।   প্রস্তাবিত বিলের মাধ্যমে লরেঞ্জোর স্মৃতি সংরক্ষণের পাশাপাশি অভিবাসীদের প্রতি আচরণ এবং গ্রেপ্তার ও আটকের সময় আইন প্রয়োগের স্বচ্ছতা নিয়ে সচেতনতা বাড়াতে চান আইনপ্রণেতা।   লরেঞ্জোর ছেলে রোনালদো আরাউহো পরিবারের পক্ষ থেকে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন।   তবে তিনি জানিয়েছেন, বাবার নামে একটি দিন নির্ধারণ করা গুরুত্বপূর্ণ হলেও এটি তাঁদের পরিবারের জন্য ন্যায়বিচারের বিকল্প নয়। পরিবার এখনো লরেঞ্জোর মৃত্যুর ঘটনায় জবাবদিহি ও ন্যায়বিচার প্রত্যাশা করছে।   টেক্সাস আইনসভার সরকারি নথি অনুযায়ী, এইচবি ১২৪৮ বিলটি অঙ্গরাজ্যের গভর্নমেন্ট কোডের ৬৬২ অধ্যায়ে নতুন একটি ধারা যুক্ত করার প্রস্তাব করেছে।   বিলটি অনুমোদিত হলে ৭ জুলাই লরেঞ্জো সালগাদো আরাউহো দিবস হিসেবে স্বীকৃতি পাবে। তবে দিনটিকে সরকারি ছুটি ঘোষণা কিংবা সরকারি প্রতিষ্ঠান বন্ধ রাখার কোনো বিধান প্রস্তাবে নেই।   এ ছাড়া বিলটিতে আইসিইর ক্ষমতা পরিবর্তন, অভিবাসন অভিযান সীমিত করা অথবা কোনো নির্দিষ্ট মামলার তদন্তপদ্ধতি বদলানোর প্রস্তাবও নেই।   টেক্সাসের ৯০তম আইনসভার নিয়মিত অধিবেশন শুরু হওয়ার কথা ২০২৭ সালের ১২ জানুয়ারি। ওই অধিবেশনে বিলটি নিয়ে আলোচনা ও পরবর্তী সিদ্ধান্ত হতে পারে।   অভিবাসন আইন প্রয়োগের সময় সাধারণ মানুষের নিরাপত্তা ও জবাবদিহি নিয়ে যুক্তরাষ্ট্রে চলমান বিতর্কের মধ্যে এই উদ্যোগ নতুন গুরুত্ব পেয়েছে। তবে বিলটি চূড়ান্তভাবে অনুমোদিত হবে কি না, তা নির্ভর করছে টেক্সাস আইনসভার পরবর্তী সিদ্ধান্তের ওপর।   সংবাদসূত্র টেক্সাস আইনসভা, ফক্স টুয়েন্টি সিক্স হিউস্টন, ক্রিস্টিনা মোরালেসের কার্যালয়

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ৭:৪৬
যুক্তরাষ্ট্রের মিশিগানে রোগীদের তথ্য চুরি করে প্রায় ১৭ লাখ ডলার প্রতারণা, নার্সের ৪ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের মিশিগানে রোগীদের তথ্য চুরি করে প্রায় ১৭ লাখ ডলার প্রতারণা, নার্সের ৪ বছরের কারাদণ্ড

একটি পেপার ক্লিপ দিয়ে বিনিময় শুরু, শেষে বিএমডব্লিউ পেলেন মার্কিন শিক্ষার্থী

একটি পেপার ক্লিপ দিয়ে বিনিময় শুরু, শেষে বিএমডব্লিউ পেলেন মার্কিন শিক্ষার্থী

‘রিপাবলিকানরা জিততে জানে না’, নির্বাচনে হারের পর দলের কৌশল নিয়ে জাকারিয়ার ক্ষোভ

‘রিপাবলিকানরা জিততে জানে না’, নির্বাচনে হারের পর দলের কৌশল নিয়ে জাকারিয়ার ক্ষোভ

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...