কারারক্ষীর চোখ হারানোর ঘটনায় আইএস বন্দির সাজা বাড়লো আরও ৫০ বছর
যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় দুই কারারক্ষীর ওপর হামলার ঘটনায় কানাডীয় নাগরিক আবদুলরহমান এল বাহনাসাওয়িকে আরও ৫০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। সোমবার, ১৯ অক্টোবর ঘোষিত এই সাজা তাঁর আগের ৪০ বছরের কারাদণ্ডের পর কার্যকর হবে। ফলে নিউইয়র্কে সন্ত্রাসী হামলার ষড়যন্ত্রে দণ্ডিত ২৮ বছর বয়সী বাহনাসাওয়ির মোট সাজা দাঁড়াল ৯০ বছর।
যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, ২০২০ সালের ৭ ডিসেম্বর অ্যালেনউড ফেডারেল কারাগারে হামলাটি ঘটে। নিজের সেলের স্টিলের ডেস্কের অংশ দিয়ে বানানো অস্ত্র দিয়ে এক কারারক্ষীর মাথা ও মুখে আঘাত করেন বাহনাসাওয়ি। তাঁকে সাহায্য করতে এগিয়ে আসা আরেক নারী কারারক্ষীর হাতেও আঘাত করেন তিনি। প্রথম কারারক্ষী পরে ডান চোখ হারান।
হামলার পর বাহনাসাওয়িকে নিয়ন্ত্রণে নেওয়ার সময় তাঁর মোজা থেকে একটি চিরকুট উদ্ধার করা হয়। সেখানে হামলাটি ইসলামিক স্টেটের পক্ষে চালানোর কথা লেখা ছিল। তাঁর সেলের লকারের দরজার ভেতরেও আইএসের প্রতি আনুগত্যের অঙ্গীকার পাওয়া যায় বলে জানিয়েছে বিচার বিভাগ।
বাহনাসাওয়ি ২০২৫ সালের নভেম্বরে হত্যার উদ্দেশ্যে হামলা, কারাগারে নিষিদ্ধ সামগ্রী রাখা এবং আইএসকে সহায়তা দেওয়াসহ একাধিক অপরাধে দোষ স্বীকার করেন। মামলাটি তদন্ত করেছে এফবিআইয়ের ফিলাডেলফিয়া ফিল্ড অফিস।
এর আগে ২০১৬ সালে নিউইয়র্কে আইএসের নামে বোমা হামলা ও গুলিবর্ষণের ষড়যন্ত্রে জড়িয়েছিলেন তিনি। আইএস সমর্থকের পরিচয়ে এফবিআইয়ের এক ছদ্মবেশী এজেন্ট ওই চক্রে প্রবেশ করেন। হামলার প্রস্তুতি নিতে কানাডা থেকে নিউইয়র্ক এলাকায় আসার পর ওই বছরের মে মাসে বাহনাসাওয়িকে গ্রেপ্তার করা হয়।
তবে তাঁর আইনজীবী অ্যান্ডি ফ্রিশ নিউইয়র্ক পোস্টের কাছে দাবি করেছেন, বাহনাসাওয়ি দীর্ঘদিন ধরে সিজোফ্রেনিয়াসহ মানসিক সমস্যায় ভুগছেন। প্রয়োজনীয় চিকিৎসা ও ওষুধের বিষয়ে পরিবারের বারবার জানানো সত্ত্বেও কারা কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, চিকিৎসার ঘাটতিতে মানসিক অবস্থার অবনতি থেকেই কারাগারে হামলার ঘটনা ঘটে। রায়ের বিরুদ্ধে পরবর্তী আইনি পদক্ষেপ বিবেচনা করছে পরিবার।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে | এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
আন্তর্জাতিক
View moreফেসবুকে ধর্ম অবমাননাকর মন্তব্য করার অভিযোগে মৃত্যুদণ্ড পাওয়া শ্রীলঙ্কার অভিবাসী শ্রমিক আনোজান শিবরাসার সাজা বাতিল করেছে সৌদি আরবের সুপ্রিম কোর্ট। শ্রীলঙ্কার উপপররাষ্ট্রমন্ত্রী অরুণ হেমাচন্দ্র জানিয়েছেন, ১৩ অক্টোবর আদালত এই সিদ্ধান্ত দেয়। পরদিন তিনি বিষয়টি প্রকাশ করেন। শ্রীলঙ্কার সরকারের কূটনৈতিক উদ্যোগ ও আইনজীবীদের আপিলের পর এই রায় এসেছে। হিউম্যান রাইটস ওয়াচের তথ্য অনুযায়ী, ২৪ বছর বয়সী শিবরাসা গত ২৮ জুন ফেসবুকে একটি ভিডিওর নিচে তামিল ভাষায় মন্তব্য করেছিলেন। মন্তব্যটি মহানবী হজরত মুহাম্মদকে অবমাননাকর বলে অভিযোগ ওঠে। পরে তিনি সেটি মুছে দিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ক্ষমা চাওয়ার ভিডিও প্রকাশ করেন। তবে মন্তব্যের স্ক্রিনশট তাঁর নিয়োগকর্তা ও সৌদি কর্তৃপক্ষের কাছে পৌঁছে যায় বলে পরিবারের এক সদস্য সংগঠনটিকে জানিয়েছেন। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের তথ্য অনুযায়ী, ১ জুলাই তাঁকে গ্রেপ্তার করা হয়। ২৭ জুলাই আল আহসার ফৌজদারি আদালত সাইবার অপরাধবিরোধী আইনের আওতায় তাঁকে পাঁচ বছরের কারাদণ্ড ও ৩০ লাখ সৌদি রিয়াল জরিমানা করে। পরে ১৭ সেপ্টেম্বর পূর্বাঞ্চলের আপিল আদালত সাজা বাড়িয়ে মৃত্যুদণ্ড দেয়। সংগঠনটির ভাষ্য, গ্রেপ্তার থেকে প্রথম রায় ঘোষণার আগপর্যন্ত তিনি আইনজীবীর সহায়তা পাননি। মৃত্যুদণ্ডের পর শ্রীলঙ্কা থেকে একটি বিশেষ আইনজীবী দল সৌদি আরবে গিয়ে স্থানীয় আইনজীবীদের সঙ্গে আপিলের প্রস্তুতি নেয়। শ্রীলঙ্কার সানডে টাইমস জানিয়েছে, ১১ অক্টোবর সুপ্রিম কোর্টে আপিল জমা দেওয়া হয়। দুই দিন পর আইনজীবীরা জানতে পারেন, আপিল আদালতের মৃত্যুদণ্ডের রায় বাতিল হয়েছে। এই প্রক্রিয়ায় রিয়াদে শ্রীলঙ্কার দূতাবাসও যুক্ত ছিল। আইনজীবী দলের সদস্য হাফিল ফারিস সানডে টাইমসকে বলেছেন, শিবরাসার নামে নথিভুক্ত স্বীকারোক্তির ভাষায় অস্পষ্টতা ছিল বলে তাঁরা আদালতে যুক্তি তুলে ধরেন। তাঁদের আরও বক্তব্য ছিল, আপিল আদালতে অপরাধের আইনি ধরন বদলে মৃত্যুদণ্ডযোগ্য অভিযোগ হিসেবে বিবেচনার বিষয়টি শিবরাসাকে যথাযথভাবে জানানো হয়নি। তবে মৃত্যুদণ্ড বাতিল হলেও শিবরাসার মুক্তি বা দেশে ফেরার বিষয়টি নিশ্চিত হয়নি। ফারিস জানিয়েছেন, মূল আদালতের রায়সহ মামলার পরবর্তী আইনি অবস্থান তখনো স্পষ্ট হওয়া বাকি ছিল। ফলে সুপ্রিম কোর্টের সিদ্ধান্তকে খালাস বা তাৎক্ষণিক মুক্তির আদেশ হিসেবে দেখছেন না তাঁর আইনজীবীরা।
কারারক্ষীর চোখ হারানোর ঘটনায় আইএস বন্দির সাজা বাড়লো আরও ৫০ বছর
রাতভর বিক্ষোভ ও লুটপাটে ফ্রান্সের ১৯ শতকের টাউন হলে আ গু ন, গ্রে প্তা র এক ব্যক্তি
ফ্রান্সে বিক্ষোভ-সহিংসতার জন্য ট্রাম্প ও ইরান যুদ্ধ দায়ী করলেন প্রেসিডেন্ট মাক্রোঁ
ভারতের আসামের তিন জেলায় দুই দিনের অভিযানে ১ হাজার ১০০টির বেশি পরিবারকে উচ্ছেদ করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম স্ক্রল। ক্ষতিগ্রস্তদের অধিকাংশ বাংলাভাষী মুসলিম। প্রশাসনের দাবি, সংরক্ষিত বনভূমির দখল সরাতে এই অভিযান চালানো হয়েছে। তবে বাসিন্দাদের একাংশ বলছেন, সরকারই তাঁদের পরিবারকে কয়েক দশক আগে সেখানে বসতি গড়তে দিয়েছিল। স্ক্রলের ১৮ অক্টোবরের প্রতিবেদন অনুযায়ী, শনিবার ১৭ অক্টোবর নগাঁও, গোলাঘাট ও হোজাই জেলায় কড়া নিরাপত্তার মধ্যে ৫৪৭টি পরিবারকে উচ্ছেদ করা হয়। পরদিন নগাঁওয়ের লুতুমারি লংজাপ সংরক্ষিত বনাঞ্চলে আরও ছয় শতাধিক পরিবারের ঘরবাড়ি ভাঙার কথা সংবাদমাধ্যমটিকে জানান এক জ্যেষ্ঠ বন কর্মকর্তা। একই এলাকার বাসিন্দা আবদুল নূর স্ক্রলকে বলেছেন, অভিযানে ১০টির বেশি মসজিদও ভাঙা হয়েছে। তাঁর দাবি, এগুলোর কয়েকটি ৫০ বছরের বেশি পুরোনো। মসজিদের সংখ্যা ও বয়সের তথ্যটি তাঁর বক্তব্যের ভিত্তিতে প্রকাশিত হয়েছে। উচ্ছেদ হওয়া পরিবারের সংখ্যা নিয়ে সংবাদমাধ্যমের হিসাবে কিছু পার্থক্য রয়েছে। টাইমস অব ইন্ডিয়ার ১৮ অক্টোবরের প্রতিবেদনে লুতুমারি বনাঞ্চল থেকে ৫৬৩টি পরিবার উচ্ছেদের কথা বলা হয়েছে। অভিযানের সমালোচনা করে ক্ষতিগ্রস্তদের জন্য বিকল্প ব্যবস্থার দাবি জানিয়েছে কংগ্রেস। নিজের বাড়ি হারানো ৪৪ বছর বয়সী আবদুল নূরের দাবি, ভূমিহীন হওয়ায় তাঁদের পূর্বপুরুষদের ১৯৭৪ সালে সরকার সেখানে পুনর্বাসন করেছিল। সে সময় প্রায় ৩০০ পরিবারকে চার বিঘা করে জমি দেওয়া হয়েছিল বলে জানান তিনি। উচ্ছেদ ঠেকাতে গৌহাটি হাইকোর্টের দ্বারস্থ হয়েও প্রতিকার পাননি বলে জানিয়েছেন নূর। গত জুনেও লুতুমারি লংজাপের বাসিন্দাদের উচ্ছেদ বন্ধের আহ্বান জানিয়েছিল অল ইন্ডিয়া ইউনিয়ন অব ফরেস্ট ওয়ার্কিং পিপল। সংগঠনটির বক্তব্য ছিল, বন বিভাগের কাজে যুক্ত এসব পরিবারকে পুরোনো তাউঙ্গিয়া বন ব্যবস্থাপনার আওতায় বসতি গড়তে দেওয়া হয়েছিল। তাই তাঁদের সাধারণ দখলদার হিসেবে বিবেচনা করা উচিত নয়।
দাঙ্গার আগুনের পাশেই পানীয় ও ধূমপানে ফরাসি যুগল, জগিং এ আরেক নারী
১৫ বিশ্ববিদ্যালয় ফিরিয়ে দিয়েছিল জ্যাকেরকে, তারই অ্যাপে বর্তমানে আয় ৩০ মিলিয়ন ডলার
আফগানদের জমিতে পানি পৌঁছে দেওয়া জাপানি চিকিৎসক গুলিবিদ্ধ হন নিজের গাড়িতেই
ইয়েমেনের দক্ষিণাঞ্চলীয় শাবওয়া প্রদেশের আল-আলম সামরিক ঘাঁটিতে ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলায় অন্তত ৫৩ জন সেনা নিহত হয়েছেন। সোমবার (১৯ অক্টোবর) সকালে নতুন রিক্রুট হওয়া তরুণ সেনাদের নিয়মিত প্রশিক্ষণ চলাকালে আকস্মিকভাবে এই ধ্বংসাত্মক হামলা চালানো হয়। হামলার পরপরই পুরো প্রশিক্ষণ মাঠ ধ্বংসস্তূপে পরিণত হয়। স্থানীয় প্রশাসনের বরাতে জানা গেছে, প্রাথমিক তথ্যে হতাহতের সংখ্যা কম মনে হলেও উদ্ধারকাজের পর নিশ্চিত হওয়া গেছে যে নিহতের সংখ্যা অর্ধশত ছাড়িয়েছে এবং এতে আহত হয়েছেন আরও প্রায় দুই শতাধিক সেনাসদস্য। এই বর্বরোচিত হামলার পর তীব্র ক্ষোভ প্রকাশ করেছে ইয়েমেন সরকার। ইয়েমেনের প্রেসিডেন্ট লিডারশিপ কাউন্সিলের প্রধান রাশাদ আল-আলিমী হুথিদের এমন কাপুরুষোচিত কর্মকাণ্ডের কঠোর নিন্দা জানিয়েছেন। তিনি বলেন, সম্মুখসমরে টিকতে না পেরে এখন অবুঝ তরুণ প্রশিক্ষণার্থীদের ওপর নিশানা বানাচ্ছে বিদ্রোহীরা। তিনি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানান, এই ভয়াবহ হামলার দাঁতভাঙা ও কঠোর জবাব দেওয়া হবে। অন্যদিকে, রাখঢাক না রেখেই আনুষ্ঠানিকভাবে এই হামলার সম্পূর্ণ দায় স্বীকার করেছে হুথি বিদ্রোহীরা। রাজধানী সানা থেকে তাদের সামরিক মুখপাত্র ঘোষণা দেন যে, ইয়েমেনের মাটিতে সৌদি-সমর্থিত সব সেনাক্যাম্প গুঁড়িয়ে দেওয়াই এখন তাঁদের মূল লক্ষ্য। এদিকে লোহিত সাগরে সংঘাতের পর ইয়েমেনের গৃহযুদ্ধ নতুন রূপ ধারণ করেছে। সরকারি বাহিনীর হারানো অঞ্চল উদ্ধারে শুরু হওয়া ‘ডন অব ইয়েমেন’ অভিযানের মুখে পাল্টাপাল্টি হামলায় পুরো অঞ্চলজুড়ে চরম উত্তেজনা ও রক্তক্ষয় ছড়িয়ে পড়েছে।
সৌদি আরবে পাঁচ শিয়া তরুণের ফাঁসি, মানবাধিকার সংগঠন বলছে রাজনৈতিক দমন-পীড়ন
অস্ট্রেলিয়ার সিডনিতে একসঙ্গে কোরআনে হাফেজ হলেন বাংলাদেশি বংশোদ্ভূত তিন ভাই