‘গাজা সিনড্রোম’: দুঃস্বপ্ন, আতঙ্ক ও মানসিক যন্ত্রণায় ভুগছেন হাজার হাজার ইসরায়েলি সেনা
গাজায় নির্বিচার হামলা ও ধ্বংসযজ্ঞ চালানোর পর ভয়াবহ মানসিক বিপর্যয় বা ‘গাজা সিনড্রোমে’ আক্রান্ত হচ্ছেন হাজার হাজার ইসরায়েলি সেনা। দুঃস্বপ্ন, আতঙ্ক, মাদকাসক্তি এমনকি আত্মহত্যার মতো পথও বেছে নিচ্ছেন অনেকে। তবে অবাক করার মতো বিষয় হলো, এসব সেনার দীর্ঘ জবানবন্দিতে নিজেদের ক্ষয়ক্ষতি ও মানসিক যন্ত্রণার কথা উঠে এলেও প্রায় পুরোপুরি অনুপস্থিত থাকছে গাজায় নিহত ও নিপীড়িত ফিলিস্তিনিদের আর্তনাদ।
‘গাজা সিনড্রোম’ শীর্ষক এক প্রামাণ্যচিত্রে ইসরায়েলি সেনাদের এমনই মানসিক অবস্থা ও দৃষ্টিভঙ্গির চিত্র উঠে এসেছে। সেখানে ইসরায়েলের ম্যাগলান ইউনিটের রিজার্ভ সেনা ইতাই সাগি দাবি করেন, তাঁর চোখে ইসরায়েলি সেনাবাহিনীই ‘বিশ্বের সবচেয়ে নৈতিক বাহিনী’। মানুষ হত্যা করা তাঁর পছন্দ ছিল না উল্লেখ করে তিনি বলেন, কেবল বন্ধু হারানোর শোক থেকেই তিনি আবারও যুদ্ধক্ষেত্রে ফিরতে চান। তাঁর কথায় গাজায় নিহত ফিলিস্তিনিদের প্রসঙ্গ একবারও আসেনি।
২০২৩ সালের নভেম্বরে গাজায় এক বিস্ফোরণে পা হারান বিশেষ বাহিনীর সেনা বরিস শতোন্দা। ওই ঘটনায় তাঁর চার বন্ধু নিহত হন। নিজের ও বন্ধুদের হারানোর বেদনার কথা বললেও গাজায় ইসরায়েলি বাহিনীর হাতে নিহত অন্তত ৭৪ হাজার ৭০০ ফিলিস্তিনির বিষয়ে কোনো অনুশোচনা দেখা যায়নি তাঁর মধ্যে—যাঁদের মধ্যে ২১ হাজারেরও বেশি শিশু রয়েছে। উল্লেখ্য, ২০২৫ সালের সেপ্টেম্বরে জাতিসংঘের একটি স্বাধীন তদন্ত কমিশন গাজায় ইসরায়েলি কর্তৃপক্ষ ও নিরাপত্তা বাহিনীর কর্মকাণ্ডকে ‘গণহত্যা’ হিসেবে অভিহিত করেছে।
ভয়াবহ মানসিক সংকট ও আত্মহত্যার প্রবণতা
ইসরায়েলি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে আহত প্রায় ৩০ হাজার সেনা ও নিরাপত্তা কর্মী পুনর্বাসন ব্যবস্থায় যুক্ত হয়েছেন। তাঁদের প্রায় ৬৩ শতাংশই গুরুতর মানসিক আঘাত বা পিটিএসডিতে (পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার) ভুগছেন।
ইসরায়েলি সেনাবাহিনীর পরিসংখ্যান বলছে, ২০২৩ সালে ১৭ জন এবং ২০২৪ সালে ২১ জন সেনা আত্মহত্যা করেছিলেন, যা ২০২৫ সালে বেড়ে ২২ জনে দাঁড়িয়েছে। এ ছাড়া দেশটির পার্লামেন্টারি গবেষণা কেন্দ্রের প্রতিবেদনে ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত ২৭৯ জন সেনার আত্মহত্যার চেষ্টার তথ্য উঠে এসেছে।
সামরিক বুলডোজার চালক গাই জাকেন ইসরায়েলি পার্লামেন্টারি কমিটিকে জানিয়েছিলেন, গাজায় তাঁদের শত শত জীবিত ও মৃত ‘সন্ত্রাসীর’ ওপর দিয়ে বুলডোজার চালাতে হয়েছে। তাঁর সহ-চালক এলিরান মিজরাহি টানা ১৮৬ দিন গাজায় ঘরবাড়ি গুঁড়িয়ে দেওয়ার কাজে যুক্ত ছিলেন। ফেরার মাত্র দুই দিন আগে তিনি আত্মহত্যা করেন। তাঁর মায়ের ভাষায়, ‘সে গাজা থেকে বেরিয়ে আসতে পারলেও গাজা তার ভেতর থেকে বের হয়নি।’
অনুশোচনাহীনতা ও দায়মুক্তির সংস্কৃতি
ইসরায়েলি সমাজবিষয়ক গবেষক মোহানাদ মুস্তাফার মতে, হাজার হাজার সেনার মধ্যে তীব্র মানসিক সংকট তৈরি হলেও ইসরায়েলি সমাজে কোনো ‘নৈতিক সংকট’ দেখা যাচ্ছে না। আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেও সেনাদের মধ্যে কোনো অনুশোচনা নেই, যা সমাজের চরম নৈতিক অবক্ষয়ের ইঙ্গিত দেয়।
সাংবাদিক ওরেন জিভ জানান, গাজায় সেনাদের মধ্যে প্রতিশোধের এমন এক পরিবেশ তৈরি করা হয়েছিল, যেখানে সবকিছুই বৈধ বলে ধরে নেওয়া হতো। নড়াচড়া দেখলেই বা নিছক একঘেয়েমি কাটাতেও তাঁরা গুলি চালাতেন—কারণ তাঁরা জানতেন, এসবের কোনো তদন্ত হবে না। এর আগে আড়াই হাজারের বেশি ইসরায়েলি সেনার সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাকাউন্ট বিশ্লেষণেও নির্বিচার ধ্বংসযজ্ঞ, বন্দি নির্যাতন এবং ফিলিস্তিনি বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহারের প্রমাণ মিলেছিল।
রাজনৈতিক মনোবিজ্ঞানী ড্যানিয়েল বার-তাল মনে করেন, সেনারা ফিলিস্তিনিদের দুর্দশা অস্বীকার করলেও অবচেতন মনে তা তাঁদের ভেতরে এক গভীর ক্ষত তৈরি করে। যাদের ওপর তাঁরা নির্যাতন চালিয়েছেন, তাদের কষ্ট স্বীকার না করা পর্যন্ত এই মানসিক ভারসাম্যহীনতা কাটিয়ে ওঠা সম্ভব নয়।
সমাজে সহিংসতা বৃদ্ধির আশঙ্কা
ফিলিস্তিনি ট্রমা থেরাপিস্ট আশিরা দারবিশ বলেন, নিজের মানবিকতাকে পুরোপুরি দমন না করলে কোনো মানুষের পক্ষে শিশুদের গুলি করা বা ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া সম্ভব নয়। যুদ্ধক্ষেত্র থেকে মাত্র এক-দুই সপ্তাহের ব্যবধানে এসব সেনা যখন সাধারণ মানুষের মাঝে—হাসপাতাল, অফিস বা স্কুলে ফিরছেন, তখন তাঁদের চাপা ক্ষোভ, মাদকাসক্তি ও আকস্মিক সহিংস আচরণের ঝুঁকি সমাজে ছড়িয়ে পড়ছে।
ইসরায়েলের নারী হত্যা পর্যবেক্ষণ সংস্থার তথ্যমতে, ২০২৪ সালে দেশটিতে ২৩ জন নারী হত্যার শিকার হলেও ২০২৫ সালে তা ৪৮ শতাংশ বেড়ে ৩৪ জনে দাঁড়িয়েছে। প্রথমবারের মতো এসব হত্যাকাণ্ডে আগ্নেয়াস্ত্রই সবচেয়ে বেশি ব্যবহৃত হয়েছে। যুদ্ধ শুরুর পর থেকেই মানবাধিকার সংগঠনগুলো অস্ত্রের সহজলভ্যতা এবং সেনাদের যুদ্ধকালীন মানসিক ট্রমা ঘরোয়া সহিংসতা বাড়িয়ে দিতে পারে বলে সতর্ক করে আসছিল।
দখলদারিত্ব ও বিবেকের দংশন
গাজার পাশাপাশি অধিকৃত পশ্চিম তীরের নাবলুসের দক্ষিণে কুসরা গ্রামেও একই ধরনের দায়মুক্তির চিত্র দেখা গেছে। সেখানকার সাবেক কাউন্সিল প্রধান আব্দুল আজিম আল-ওয়াদি জানান, ইসরায়েলি বসতি স্থাপনকারীরা তাঁর ভাই ও ভাতিজাকে হত্যা করেছে, দুই ছেলেকে গুলি করেছে এবং ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে—আর দখলদার সেনাবাহিনী তাদের সহযোগী হিসেবে কাজ করেছে।
অন্যদিকে, 'নাজা' (NAZA) নামক আরেকটি প্রামাণ্যচিত্রে ইসরায়েলি সেনা ও গোয়েন্দাদের বেনামি জবানবন্দিতে উঠে এসেছে কীভাবে বেসামরিক প্রাণহানির বিষয়টি জেনেশুনেই সামরিক সিদ্ধান্ত নেওয়া হতো। এমনকি স্দে তেইমান আটককেন্দ্রে এক ফিলিস্তিনি বন্দিকে যৌন নির্যাতনের অভিযোগ থাকা সত্ত্বেও গত মার্চে পাঁচ ইসরায়েলি সেনার বিরুদ্ধে আনা অভিযোগ প্রত্যাহার করে নেওয়া হয়।
তবে এই অন্ধকারের মাঝেও ব্যতিক্রম রয়েছেন ইতামার গ্রিনবার্গ বা ইদ্দো এলামের মতো তরুণরা, যাঁরা নিরপরাধ মানুষের ওপর অস্ত্র ধরতে অস্বীকৃতি জানিয়ে সামরিক কারাগার বেছে নিয়েছেন। মনোবিজ্ঞানী ড্যানিয়েল বার-তাল ইসরায়েলের সামনে দুটি পথ খোলা রেখেছেন—‘হয় সহিংসতা বন্ধ করো, নয়তো এই মিথ্যা বয়ান ছাড়ো।’ কিন্তু এখন পর্যন্ত দেশটি এর কোনোটিই বেছে নেয়নি। সূত্র: আল জাজিরা।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য পথ খতিয়ে দেখতে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার শীর্ষ নেতা। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২২ নভেম্বর) বাংলাদেশের বেনাপোল সীমান্তের বিপরীতে পেট্রাপোল ইমিগ্রেশন এলাকায় গিয়ে তাঁরা প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন। তবে শেখ হাসিনার দেশে ফেরার সুনির্দিষ্ট দিনক্ষণ বা পথ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও এই সময় এবং বাংলাদেশের এনপিবি নিউজের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। প্রতিবেদন অনুযায়ী, সীমান্ত পরিদর্শনে যাওয়া চার নেতা হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম। রোববার দুপুর ২টার দিকে তাঁদের বহনকারী দুটি গাড়ি পেট্রাপোল সীমান্তের ইমিগ্রেশন এলাকায় প্রবেশ করে। সেখানে প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তাঁরা কলকাতার উদ্দেশে রওনা হন। তবে বৈঠকে কারা অংশ নিয়েছিলেন এবং কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের জন্য একটি পথের ওপর নির্ভর না করে বিকল্প সীমান্তপথও বিবেচনা করছেন আওয়ামী লীগের নেতারা। এর অংশ হিসেবে পশ্চিমবঙ্গের পেট্রাপোল-বনগাঁ সীমান্তের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকাও পর্যবেক্ষণের পরিকল্পনা রয়েছে তাঁদের। প্রতিবেদন অনুযায়ী, আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) ত্রিপুরায় যাওয়ার কথা রয়েছে নেতাদের। পরদিন মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত সম্ভাব্য যাতায়াতের পথ পর্যবেক্ষণ করতে পারেন তাঁরা। তবে এসব সফর ও পরিকল্পনা সম্পর্কে আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো কর্মসূচি প্রকাশ করা হয়নি। এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এই সময়-এর প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার বা সংশ্লিষ্ট হাইকমিশনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে যোগাযোগের উদ্দেশ্য ও অগ্রগতি স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন। বাংলাদেশ সরকার তাঁর প্রত্যর্পণ চেয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করেছে। তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে দুই দেশের মধ্যে কোনো চূড়ান্ত সমঝোতার ঘোষণা পাওয়া যায়নি। সম্প্রতি শেখ হাসিনার ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই আওয়ামী লীগের চার নেতার সীমান্ত পরিদর্শনের খবর সামনে এলো। সংবাদসূত্র হিন্দুস্তান টাইমস বাংলা
কুয়েতে ড্রোন হামলায় স্ত্রীকে হারিয়ে স্বামীর আক্ষেপ, ‘পরিকল্পনা থাকলে বেঁচে যেতেন’
জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, চুক্তি ছাড়াই শেষ হলো ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন
মজুত স্বর্ণ বিক্রি করে দিচ্ছে রাশিয়া, বিশ্বজুড়ে দাম আরও কমার আভাস
অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজ চলাকালে সন্ত্রাসবাদে উসকানির অভিযোগে ৪৭ বছর বয়সী এক তুর্কি নারীকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইসরায়েল’ ও ‘দ্য জেরুজালেম পোস্ট’-এর প্রতিবেদনে জানানো হয়, গত শুক্রবার (২০ নভেম্বর) জেরুজালেম জেলা পুলিশের সদস্যরা ওই নারীকে আটক করেন। পর্যটক হিসেবে তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আসা ৩৩ সদস্যের একটি ভ্রমণ দলের সঙ্গে তিনি জেরুজালেমে গিয়েছিলেন বলে জানা গেছে। ইসরায়েলি পুলিশের দাবি, গ্রেফতারকৃত ওই নারী আল-আকসা প্রাঙ্গণে নামাজ পড়তে আসা মুসল্লিদের মধ্যে অর্থ বিতরণ করছিলেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইনে সন্ত্রাসবাদে উসকানি ও সমর্থনমূলক পোস্ট দেওয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। পুলিশের বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই নারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রয়াত নেতা শেখ আহমেদ ইয়াসিন ও ইয়াহিয়া সিনওয়ারের প্রশংসা করেছেন এবং তাকে হামাসের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে শনাক্ত করা হয়েছে। তবে গ্রেফতারের সময় আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ওই নারী সরাসরি কোনো উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন কি না কিংবা সেখানে কোনো প্রচারসামগ্রী বিতরণ করেছিলেন কি না, সে বিষয়ে পুলিশের বিবৃতিতে সুনির্দিষ্টভাবে কিছু উল্লেখ করা হয়নি। আটকের পরপরই তল্লাশি চালিয়ে তার ব্যবহৃত মুঠোফোন ও ব্যাকপ্যাক জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্ত্রাসবাদে উসকানি দেওয়া, সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা বা উপকরণ সরবরাহ এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করার সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পুলিশ সূত্র জানিয়েছে, চলমান তদন্তের স্বার্থে আটকাদেশ বা রিমান্ডের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়ে আজ রোববার (২২ নভেম্বর) ওই নারীকে দ্বিতীয়বারের মতো জেরুজালেমের একটি আদালতে হাজির করার কথা রয়েছে। তবে নিজেদের নাগরিক গ্রেফতার হওয়ার এই ঘটনায় তুরস্ক সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
পরীক্ষার আগমুহূর্তে নিয়ম বদলেও নকল ঠেকাতে না পেরে পদত্যাগ দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর
মেক্সিকোতে প্রসবের সময় মারা গেলেন ১৯ বছরের সোফিয়া, শেষকৃত্যের আগে পরিবার জানল, দেহে কয়েকটি অঙ্গ নেই
সিডনিতে বোমা বানানোর অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি নওরোজ আমিন
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত সামরিক হুমকির মুখে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দীর্ঘদিন ধরে চলমান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান ঘটাতে ‘টেকসই প্রতিরোধ ব্যবস্থা’ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। আজ রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা, ইসনা ও মেহের নিউজের প্রতিবেদনে তাঁর এই বক্তব্য তুলে ধরা হয়। গালিবাফ স্পষ্ট জানিয়েছেন, কেবল রাজনৈতিক বক্তব্য বা বিবৃতির মধ্যে সীমাবদ্ধ না থেকে কার্যকর ও সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমেই ইরানের ওপর থেকে যুদ্ধের আশঙ্কা স্থায়ীভাবে দূর করা সম্ভব। সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও সাম্প্রতিক আঞ্চলিক সংঘাতের প্রসঙ্গ টেনে ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, ‘অপারেশন ট্রু প্রমিজ’ থেকে শুরু করে ১২ দিন ও ৪০ দিনের সংঘাতের অভিজ্ঞতায় ইরান ইতোমধ্যে শত্রুপক্ষের বিরুদ্ধে সামরিক প্রতিরোধ সক্ষমতা অর্জন করেছে। তাঁর মতে, প্রতিপক্ষ এখন বুঝতে পেরেছে যে তারা ইরানের বিরুদ্ধে ৪০ দিনের সংঘাতের মতো আরেকটি সরাসরি যুদ্ধ চাপিয়ে দিতে পারবে না। এ কারণেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন কৌশল পরিবর্তন করে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করা, অর্থনৈতিক চাপ সৃষ্টি এবং ভেতর থেকে রাষ্ট্রকাঠামো দুর্বল করার চেষ্টায় মনোযোগ দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। শত্রুপক্ষের এই বহুমুখী চাপ মোকাবিলায় জাতীয় ঐক্য, সামাজিক সংহতি এবং টেকসই প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন গালিবাফ। তিনি জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনিও এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং দেশকে নিরাপদ রাখতে টেকসই প্রতিরোধ অর্জনের সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন। উল্লেখ্য, চলতি বছরের মার্চে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই মোজতবা খামেনি যেকোনো সম্ভাব্য হামলার বিরুদ্ধে তাৎক্ষণিক ও সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তোলার নীতি অনুসরণ করে আসছেন। সাম্প্রতিক সময়ে কাতারের মধ্যস্থতায় পরোক্ষ কূটনৈতিক তৎপরতা চললেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো চূড়ান্ত সমঝোতা না হওয়ায় মধ্যপ্রাচ্যে এক ধরনের ঝুলন্ত অস্থিরতা বিরাজ করছে। ইরানের প্রধান আলোচক হিসেবেও দায়িত্ব পালন করা গালিবাফ বারবার সতর্ক করে আসছেন যে, তেহরান অনির্দিষ্টকালের জন্য এই অনিশ্চয়তার মধ্যে আটকে থাকবে না। দেশের ওপর থেকে যুদ্ধ ও হামলার ছায়া পুরোপুরি সরিয়ে দিতে হলে বাস্তবভিত্তিক ও কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করাই এখন ইরানের প্রধান লক্ষ্য বলে তিনি পুনর্ব্যক্ত করেন।
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হাম লা ঠেকাতে কঠোর পদক্ষেপ চান গাদি আইজেনকোট
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলা ঠেকাতে কঠোর পদক্ষেপ চান গাদি আইজেনকোট

