সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

এপেক সম্মেলনে পুতিনের সাথে রহস্যময় ‘পারমাণবিক ব্রিফকেস’, কী থাকে এতে?

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ১৯, ২০২৬ ১০:৩৯
চীনের শেনজেনে এপেক সম্মেলনের ফাঁকে ত্রিপক্ষীয় বৈঠকে পুতিনের নিরাপত্তারক্ষীর হাতে রহস্যময় কালো ব্রিফকেস। ছবি: সংগৃহীত
চীনের শেনজেনে এপেক সম্মেলনের ফাঁকে ত্রিপক্ষীয় বৈঠকে পুতিনের নিরাপত্তারক্ষীর হাতে রহস্যময় কালো ব্রিফকেস। ছবি: সংগৃহীত

চীনের দক্ষিণাঞ্চলীয় শহর শেনজেনে অনুষ্ঠিত এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (এপেক) সম্মেলনের ফাঁকে যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার শীর্ষ নেতারা ত্রিপক্ষীয় বৈঠকে বসেছেন। এই বৈঠকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের আগমনের সময় সবার নজর কেড়েছে তার নিরাপত্তারক্ষীদের হাতে থাকা রহস্যময় এক কালো ব্রিফকেস।

 

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সম্মেলনস্থলে পুতিনের সফরসঙ্গী এক রুশ নৌ-কর্মকর্তাকে বিশেষ ওই ব্রিফকেসটি বহন করতে দেখা যায়। রাশিয়ার রাষ্ট্রীয় টেলিভিশনের ক্যামেরা ওই কর্মকর্তার দিকে জুম করলে প্রতিবেদক ইয়েভজেনি পপভ ব্রিফকেসটির দিকে ইঙ্গিত করে দর্শকদের বলেন, ‘এটিই সেই পারমাণবিক ব্রিফকেস’। জবাবে ওই নৌ-কর্মকর্তাও হেসে নিশ্চিত করেন যে, এটিই রাশিয়ার পারমাণবিক অস্ত্রভান্ডারে প্রেসিডেন্টের সরাসরি প্রবেশাধিকারের মাধ্যম, যা ‘চেগেট’ (Cheget) নামে পরিচিত।

 

মার্কিন প্রেসিডেন্টের কাছেও অনুরূপ একটি ব্রিফকেস থাকে, যা ‘নিউক্লিয়ার ফুটবল’ নামে পরিচিত। তবে শেনজেন সফরে মার্কিন প্রেসিডেন্টের সাথে এটি এখনো দেখা যায়নি। অন্যদিকে, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এমন কোনো ব্রিফকেস বহন করেন কি না, তা স্পষ্ট নয়।

 

পারমাণবিক ব্রিফকেস আসলে কী?
পারমাণবিক ব্রিফকেস হলো বিশেষভাবে তৈরি একটি যোগাযোগ যন্ত্র, যা সরাসরি দেশের সামরিক কমান্ড সিস্টেমের সাথে যুক্ত থাকে। এর মাধ্যমে একজন রাষ্ট্রপ্রধান বিশ্বের যেকোনো প্রান্তে বসে পারমাণবিক হামলার নির্দেশ দিতে পারেন। স্নায়ুযুদ্ধের সময় তৎকালীন সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে এই ব্যবস্থার উদ্ভব হয়, যাতে খুব অল্প সময়ের নোটিশে নেতারা পারমাণবিক হামলার সিদ্ধান্ত নিতে পারেন। তবে সিনেমায় দেখানো লাল বোতামে চাপ দিলেই ক্ষেপণাস্ত্র ছোড়া হবে—বিষয়টি মোটেও তেমন নয়। ব্রিফকেস থেকে সংকেত পাঠানোর পর তা কার্যকর করতে সামরিক কর্মকর্তা ও বিশাল যোগাযোগ ব্যবস্থার প্রয়োজন হয়।

 

যুক্তরাষ্ট্রের ‘ফুটবল’ ও রাশিয়ার ‘চেগেট’-এর পার্থক্য
যুক্তরাষ্ট্রের ‘নিউক্লিয়ার ফুটবল’-এর ইতিহাস ১৯৬২ সালের কিউবান ক্ষেপণাস্ত্র সংকটেরও আগের। ১৯৬১ সালে প্রেসিডেন্ট জন এফ কেনেডি দায়িত্ব নেওয়ার আগের দিন বিদায়ী প্রেসিডেন্ট ডোয়াইট আইজেনহাওয়ার তাকে এই যন্ত্র সম্পর্কে অবহিত করেছিলেন। মার্কিন প্রেসিডেন্টের কাছে ‘বিস্কুট’ নামে একটি বিশেষ কার্ডও থাকে, যাতে প্রেসিডেন্টের পরিচয় যাচাইয়ের গোপন কোড লেখা থাকে। প্রেসিডেন্টের অনুপস্থিতিতে দায়িত্ব পালনের জন্য ভাইস প্রেসিডেন্টের কাছেও একটি ‘ব্যাকআপ ফুটবল’ থাকে। মার্কিন আইন অনুযায়ী, কেবল প্রেসিডেন্টই পারমাণবিক অস্ত্র ব্যবহারের চূড়ান্ত অনুমোদন দিতে পারেন।

 

অন্যদিকে, ককেশাস পর্বতমালার একটি শৃঙ্গের নামানুসারে রাশিয়ার ব্রিফকেসটির নাম রাখা হয়েছে ‘চেগেট’। ১৯৮৩ সালে সোভিয়েত আমলে এটি চালু হয়। ঐতিহ্যগতভাবে একজন রুশ নৌ-কর্মকর্তা প্রেসিডেন্টের এই ব্রিফকেসটি বহন করেন। আধুনিক চেগেট সরাসরি রাশিয়ার কেন্দ্রীয় সামরিক কমান্ডের সাথে যুক্ত এবং এটি ‘কাজবেক’ (Kazbek) কমান্ড অ্যান্ড কন্ট্রোল নেটওয়ার্কের মাধ্যমে কাজ করে। রাশিয়ায় এমন তিনটি ব্রিফকেস রয়েছে বলে ধারণা করা হয়—যার একটি প্রেসিডেন্ট, একটি প্রতিরক্ষামন্ত্রী এবং অপরটি চিফ অব দ্য জেনারেল স্টাফের কাছে থাকে। এটি কেবল হামলার নির্দেশ পাঠাতে পারে, সরাসরি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করতে পারে না।

 

নেতারা কেন এটি সাথে নিয়ে ঘোরেন?
তাত্ত্বিকভাবে, যেকোনো সময়—প্রেসিডেন্ট বিমানে থাকা অবস্থায়, কোনো সম্মেলনে কিংবা হোটেলে ঘুমিয়ে থাকা অবস্থায়—প্রতিপক্ষের পারমাণবিক হামলা শুরু হতে পারে। তাই নেতা যেখানেই থাকুন না কেন, তাৎক্ষণিক পাল্টা আঘাত হানার সক্ষমতা ধরে রাখতেই এই ব্রিফকেস সাথে রাখা হয়। আন্তর্জাতিক রাজনীতিতে একে ‘ডিটারেন্স’ বা প্রতিরোধক ক্ষমতা বলা হয়; অর্থাৎ প্রতিপক্ষ যেন জানে যে হামলা চালালে তারাও পাল্টা আঘাতের মুখে পড়বে।

 

তবে সম্মেলনে পুতিনের এই ব্রিফকেস প্রদর্শনকে নিছক রাজনৈতিক নাটক হিসেবে দেখছেন বিশ্লেষকরা। ল্যাঙ্কাস্টার বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক রাজনীতির অধ্যাপক সাইমন ম্যাবনের মতে, ক্রেমলিন-সমর্থিত টেলিভিশন চ্যানেলে এটি ফলাও করে দেখানোর পেছনে বিশেষ বার্তা রয়েছে। তিনি বলেন, যুক্তরাষ্ট্র বা চীনের তুলনায় রাশিয়ার সামরিক ও অর্থনৈতিক সক্ষমতা আগের মতো নেই। তাই বিশ্বমঞ্চে রাশিয়া এখনো একটি পরাশক্তি এবং আলোচনার টেবিলে তাদের গুরুত্ব কমেনি—তা বোঝাতেই পুতিন এটি প্রদর্শন করেছেন।

 

অন্যান্য পারমাণবিক শক্তিধর দেশের ব্যবস্থা
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (সিপ্রি) তথ্যমতে, বিশ্বে বর্তমানে নয়টি পারমাণবিক অস্ত্রধারী দেশ রয়েছে। যুক্তরাষ্ট্র ও রাশিয়ার ব্রিফকেস সম্পর্কে বিস্তারিত তথ্য জানা গেলেও অন্যান্য দেশের ব্যবস্থা অনেকটাই গোপন।

 

যুক্তরাজ্যে কেবল প্রধানমন্ত্রীই পারমাণবিক অস্ত্র ব্যবহারের অনুমতি দিতে পারেন। দায়িত্ব গ্রহণের পর প্রত্যেক ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজ হাতে চারটি ‘লেটারস অব লাস্ট রিসোর্ট’ বা শেষ অবলম্বনের চিঠি লেখেন, যা পারমাণবিক সাবমেরিন কমান্ডারদের কাছে সংরক্ষিত থাকে। সরকার ধ্বংস হয়ে গেলে কী করতে হবে, সেই নির্দেশনা এতে লেখা থাকে। ফ্রান্সে এই একচ্ছত্র ক্ষমতা প্রেসিডেন্টের হাতে ন্যস্ত।

 

চীন ‘প্রথমে ব্যবহার নয়’ (No First Use) নীতি অনুসরণ করে, অর্থাৎ আক্রান্ত না হলে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহার করবে না। ভারত সরকারের তথ্যমতে, প্রধানমন্ত্রীর নেতৃত্বাধীন নিউক্লিয়ার কমান্ড অথরিটির পলিটিক্যাল কাউন্সিল এই অস্ত্র ব্যবহারের অনুমোদন দিতে পারে। এ ছাড়া পাকিস্তান, উত্তর কোরিয়া এবং ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র থাকলেও তাদের নেতারা এমন কোনো ব্রিফকেস বহন করেন কি না, সে বিষয়ে নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

 

সূত্র: আল জাজিরা


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
শেখ হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে ভারতীয় সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা
শেখ হাসিনার দেশে ফেরার পথ খুঁজতে ভারতীয় সীমান্তে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার নেতা

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বাংলাদেশে ফেরার সম্ভাব্য পথ খতিয়ে দেখতে ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল সীমান্ত পরিদর্শন করেছেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চার শীর্ষ নেতা। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, রোববার (২২ নভেম্বর) বাংলাদেশের বেনাপোল সীমান্তের বিপরীতে পেট্রাপোল ইমিগ্রেশন এলাকায় গিয়ে তাঁরা প্রায় দুই ঘণ্টা রুদ্ধদ্বার বৈঠক করেন। তবে শেখ হাসিনার দেশে ফেরার সুনির্দিষ্ট দিনক্ষণ বা পথ সম্পর্কে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেওয়া হয়নি।   ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস ও এই সময় এবং বাংলাদেশের এনপিবি নিউজের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।   প্রতিবেদন অনুযায়ী, সীমান্ত পরিদর্শনে যাওয়া চার নেতা হলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ও মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম এবং শেখ হাসিনার সাবেক একান্ত সচিব আলাউদ্দিন আহমেদ চৌধুরী নাসিম।   রোববার দুপুর ২টার দিকে তাঁদের বহনকারী দুটি গাড়ি পেট্রাপোল সীমান্তের ইমিগ্রেশন এলাকায় প্রবেশ করে। সেখানে প্রায় দুই ঘণ্টা অবস্থানের পর বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে তাঁরা কলকাতার উদ্দেশে রওনা হন।   তবে বৈঠকে কারা অংশ নিয়েছিলেন এবং কী বিষয়ে আলোচনা হয়েছে, সে সম্পর্কে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।   হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তনের জন্য একটি পথের ওপর নির্ভর না করে বিকল্প সীমান্তপথও বিবেচনা করছেন আওয়ামী লীগের নেতারা।   এর অংশ হিসেবে পশ্চিমবঙ্গের পেট্রাপোল-বনগাঁ সীমান্তের পাশাপাশি ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকাও পর্যবেক্ষণের পরিকল্পনা রয়েছে তাঁদের।   প্রতিবেদন অনুযায়ী, আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) ত্রিপুরায় যাওয়ার কথা রয়েছে নেতাদের। পরদিন মহারাজা বীর বিক্রম বিমানবন্দর থেকে আখাউড়া সীমান্ত পর্যন্ত সম্ভাব্য যাতায়াতের পথ পর্যবেক্ষণ করতে পারেন তাঁরা।   তবে এসব সফর ও পরিকল্পনা সম্পর্কে আওয়ামী লীগের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো কর্মসূচি প্রকাশ করা হয়নি।   এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এই সময়-এর প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র পাওয়ার প্রক্রিয়া সম্পর্কে জানতে দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।   তবে এ বিষয়ে বাংলাদেশ সরকার বা সংশ্লিষ্ট হাইকমিশনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। ফলে যোগাযোগের উদ্দেশ্য ও অগ্রগতি স্বাধীনভাবে নিশ্চিত করা সম্ভব হয়নি।   ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে প্রধানমন্ত্রীর পদ ছেড়ে ভারতে চলে যান শেখ হাসিনা। এরপর থেকে তিনি দেশটিতে অবস্থান করছেন।   বাংলাদেশ সরকার তাঁর প্রত্যর্পণ চেয়ে ভারতের সঙ্গে যোগাযোগ করেছে। তবে শেখ হাসিনার দেশে ফেরার বিষয়ে দুই দেশের মধ্যে কোনো চূড়ান্ত সমঝোতার ঘোষণা পাওয়া যায়নি।   সম্প্রতি শেখ হাসিনার ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার সম্ভাবনা নিয়ে বিভিন্ন সংবাদমাধ্যমে আলোচনা শুরু হয়েছে। এর মধ্যেই আওয়ামী লীগের চার নেতার সীমান্ত পরিদর্শনের খবর সামনে এলো।   সংবাদসূত্র হিন্দুস্তান টাইমস বাংলা

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১০:৫
কুয়েতে ড্রোন হামলায় স্ত্রীকে হারিয়ে স্বামীর আক্ষেপ, ‘পরিকল্পনা থাকলে বেঁচে যেতেন’

কুয়েতে ড্রোন হামলায় স্ত্রীকে হারিয়ে স্বামীর আক্ষেপ, ‘পরিকল্পনা থাকলে বেঁচে যেতেন’

জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, চুক্তি ছাড়াই শেষ হলো ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন

জীবাশ্ম জ্বালানি নিয়ে মতবিরোধ, চুক্তি ছাড়াই শেষ হলো ৩১তম বিশ্ব জলবায়ু সম্মেলন

চলতি বছরের প্রথম নয় মাসে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের স্বর্ণের মজুত প্রায় ৬২ টন কমেছে। ছবি: সংগৃহীত

মজুত স্বর্ণ বিক্রি করে দিচ্ছে রাশিয়া, বিশ্বজুড়ে দাম আরও কমার আভাস

পবিত্র আল-আকসা
পবিত্র আল-আকসা মসজিদে জুমার নামাজের সময় গ্রেফতার তুর্কি পর্যটক, বাড়ছে রিমান্ড

অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল-আকসা মসজিদ প্রাঙ্গণে জুমার নামাজ চলাকালে সন্ত্রাসবাদে উসকানির অভিযোগে ৪৭ বছর বয়সী এক তুর্কি নারীকে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ। ইসরায়েলি সংবাদমাধ্যম ‘দ্য টাইমস অব ইসরায়েল’ ও ‘দ্য জেরুজালেম পোস্ট’-এর প্রতিবেদনে জানানো হয়, গত শুক্রবার (২০ নভেম্বর) জেরুজালেম জেলা পুলিশের সদস্যরা ওই নারীকে আটক করেন। পর্যটক হিসেবে তুরস্কের রাজধানী আঙ্কারা থেকে আসা ৩৩ সদস্যের একটি ভ্রমণ দলের সঙ্গে তিনি জেরুজালেমে গিয়েছিলেন বলে জানা গেছে।   ইসরায়েলি পুলিশের দাবি, গ্রেফতারকৃত ওই নারী আল-আকসা প্রাঙ্গণে নামাজ পড়তে আসা মুসল্লিদের মধ্যে অর্থ বিতরণ করছিলেন। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমসহ অনলাইনে সন্ত্রাসবাদে উসকানি ও সমর্থনমূলক পোস্ট দেওয়ার অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে। পুলিশের বিবৃতিতে আরও বলা হয়েছে, ওই নারী ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রয়াত নেতা শেখ আহমেদ ইয়াসিন ও ইয়াহিয়া সিনওয়ারের প্রশংসা করেছেন এবং তাকে হামাসের সঙ্গে সংশ্লিষ্ট হিসেবে শনাক্ত করা হয়েছে।   তবে গ্রেফতারের সময় আল-আকসা মসজিদ প্রাঙ্গণে ওই নারী সরাসরি কোনো উসকানিমূলক বক্তব্য দিয়েছিলেন কি না কিংবা সেখানে কোনো প্রচারসামগ্রী বিতরণ করেছিলেন কি না, সে বিষয়ে পুলিশের বিবৃতিতে সুনির্দিষ্টভাবে কিছু উল্লেখ করা হয়নি।   আটকের পরপরই তল্লাশি চালিয়ে তার ব্যবহৃত মুঠোফোন ও ব্যাকপ্যাক জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সন্ত্রাসবাদে উসকানি দেওয়া, সন্ত্রাসী কর্মকাণ্ডে সহায়তা বা উপকরণ সরবরাহ এবং জনশৃঙ্খলা বিঘ্নিত করার সন্দেহে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।   পুলিশ সূত্র জানিয়েছে, চলমান তদন্তের স্বার্থে আটকাদেশ বা রিমান্ডের মেয়াদ বাড়ানোর আবেদন জানিয়ে আজ রোববার (২২ নভেম্বর) ওই নারীকে দ্বিতীয়বারের মতো জেরুজালেমের একটি আদালতে হাজির করার কথা রয়েছে। তবে নিজেদের নাগরিক গ্রেফতার হওয়ার এই ঘটনায় তুরস্ক সরকারের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ৮:১৪
পরীক্ষার আগমুহূর্তে নিয়ম বদলেও নকল ঠেকাতে না পেরে পদত্যাগ দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর

পরীক্ষার আগমুহূর্তে নিয়ম বদলেও নকল ঠেকাতে না পেরে পদত্যাগ দক্ষিণ কোরিয়ার শিক্ষামন্ত্রীর

মেক্সিকোতে প্রসবের সময় মারা গেলেন ১৯ বছরের সোফিয়া

মেক্সিকোতে প্রসবের সময় মারা গেলেন ১৯ বছরের সোফিয়া, শেষকৃত্যের আগে পরিবার জানল, দেহে কয়েকটি অঙ্গ নেই

সিডনিতে বোমা বানানোর অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি নওরোজ আমিন

সিডনিতে বোমা বানানোর অভিযোগে গ্রেপ্তার বাংলাদেশি নওরোজ আমিন

ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ
যুদ্ধের হুমকি ঠেকাতে সামরিক প্রতিরোধই ভরসা, ইরানের পার্লামেন্ট স্পিকারের বার্তা

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অব্যাহত সামরিক হুমকির মুখে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং দীর্ঘদিন ধরে চলমান ‘যুদ্ধও নয়, শান্তিও নয়’ পরিস্থিতির অবসান ঘটাতে ‘টেকসই প্রতিরোধ ব্যবস্থা’ গড়ে তোলার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ। আজ রোববার ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা, ইসনা ও মেহের নিউজের প্রতিবেদনে তাঁর এই বক্তব্য তুলে ধরা হয়।   গালিবাফ স্পষ্ট জানিয়েছেন, কেবল রাজনৈতিক বক্তব্য বা বিবৃতির মধ্যে সীমাবদ্ধ না থেকে কার্যকর ও সুনির্দিষ্ট সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমেই ইরানের ওপর থেকে যুদ্ধের আশঙ্কা স্থায়ীভাবে দূর করা সম্ভব।   সশস্ত্র বাহিনীর সক্ষমতা ও সাম্প্রতিক আঞ্চলিক সংঘাতের প্রসঙ্গ টেনে ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, ‘অপারেশন ট্রু প্রমিজ’ থেকে শুরু করে ১২ দিন ও ৪০ দিনের সংঘাতের অভিজ্ঞতায় ইরান ইতোমধ্যে শত্রুপক্ষের বিরুদ্ধে সামরিক প্রতিরোধ সক্ষমতা অর্জন করেছে। তাঁর মতে, প্রতিপক্ষ এখন বুঝতে পেরেছে যে তারা ইরানের বিরুদ্ধে ৪০ দিনের সংঘাতের মতো আরেকটি সরাসরি যুদ্ধ চাপিয়ে দিতে পারবে না।   এ কারণেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল এখন কৌশল পরিবর্তন করে ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা বিঘ্নিত করা, অর্থনৈতিক চাপ সৃষ্টি এবং ভেতর থেকে রাষ্ট্রকাঠামো দুর্বল করার চেষ্টায় মনোযোগ দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।   শত্রুপক্ষের এই বহুমুখী চাপ মোকাবিলায় জাতীয় ঐক্য, সামাজিক সংহতি এবং টেকসই প্রতিরোধ গড়ে তোলার কোনো বিকল্প নেই বলে উল্লেখ করেন গালিবাফ। তিনি জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ সাইয়্যেদ মোজতবা খামেনিও এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছেন এবং দেশকে নিরাপদ রাখতে টেকসই প্রতিরোধ অর্জনের সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন।   উল্লেখ্য, চলতি বছরের মার্চে প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির উত্তরসূরি হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকেই মোজতবা খামেনি যেকোনো সম্ভাব্য হামলার বিরুদ্ধে তাৎক্ষণিক ও সর্বোচ্চ প্রতিরোধ গড়ে তোলার নীতি অনুসরণ করে আসছেন।   সাম্প্রতিক সময়ে কাতারের মধ্যস্থতায় পরোক্ষ কূটনৈতিক তৎপরতা চললেও ওয়াশিংটন ও তেহরানের মধ্যে কোনো চূড়ান্ত সমঝোতা না হওয়ায় মধ্যপ্রাচ্যে এক ধরনের ঝুলন্ত অস্থিরতা বিরাজ করছে। ইরানের প্রধান আলোচক হিসেবেও দায়িত্ব পালন করা গালিবাফ বারবার সতর্ক করে আসছেন যে, তেহরান অনির্দিষ্টকালের জন্য এই অনিশ্চয়তার মধ্যে আটকে থাকবে না। দেশের ওপর থেকে যুদ্ধ ও হামলার ছায়া পুরোপুরি সরিয়ে দিতে হলে বাস্তবভিত্তিক ও কঠোর পদক্ষেপ গ্রহণের মাধ্যমে নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করাই এখন ইরানের প্রধান লক্ষ্য বলে তিনি পুনর্ব্যক্ত করেন।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ৭:৪৩
পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হাম লা ঠেকাতে কঠোর পদক্ষেপ চান গাদি আইজেনকোট

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হাম লা ঠেকাতে কঠোর পদক্ষেপ চান গাদি আইজেনকোট

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলা ঠেকাতে কঠোর পদক্ষেপ চান গাদি আইজেনকোট

পশ্চিম তীরে ফিলিস্তিনিদের ওপর বসতি স্থাপনকারীদের হামলা ঠেকাতে কঠোর পদক্ষেপ চান গাদি আইজেনকোট

এইচ-১বি ভিসার জটিলতায় যুক্তরাষ্ট্র ছাড়ছেন ভারতীয়রা, বিকল্প গন্তব্য যুক্তরাজ্য

এইচ-১বি ভিসার জটিলতায় যুক্তরাষ্ট্র ছাড়ছেন ভারতীয়রা, বিকল্প গন্তব্য যুক্তরাজ্য

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...