আহত বিক্ষোভকারীদের হাসপাতালে নেওয়ার অপরাধে মৃত্যুদণ্ড! ইরানে নারীদের ওপর ভয়াবহ দমন-পীড়ন
ইরানে সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২১ বছর বয়সী তরুণী তারানেহ রাহিমি কারাগারে চরম শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। পায়ে নির্মমভাবে আঘাত করায় গত কয়েক সপ্তাহ ধরে তিনি ঠিকমতো হাঁটতে পারছেন না। এছাড়া মাথায় আঘাতজনিত কারণে কানে সংক্রমণ হওয়ায় শরীরের ভারসাম্যও হারিয়ে ফেলেছেন তিনি।
যুক্তরাষ্ট্রে বসবাসরত তারানেহের চাচাতো ভাই মাসুদ নুরমোহাম্মদী জানান, কারাগারে তারানেহ ও তার যমজ বোন রোমিনাকে এমনভাবে নির্যাতন করা হয়েছিল যে, তাদের মা প্রথমবার দেখা করতে গিয়ে মুখ ফোলা, কালশিটে দাগ এবং চুল উপড়ে ফেলা অবস্থায় দেখে চিনতেই পারেননি। কেবল কণ্ঠস্বর শুনে তিনি নিজের সন্তানদের শনাক্ত করেন।
নুরমোহাম্মদী আরও জানান, জিজ্ঞাসাবাদের সময় তারানেহের সামনেই তার বোন রোমিনাকে ধর্ষণের হুমকি দেওয়া হলে তিনি বাধ্য হয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে সই করেন।
গত জানুয়ারিতে ইরানে ছড়িয়ে পড়া সরকারবিরোধী বিক্ষোভের জেরে যে ছয়জন নারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে, তারানেহ তাদেরই একজন। জাতিসংঘের ইরান বিষয়ক মানবাধিকার বিশেষজ্ঞ মাই সাতো এই তথ্য নিশ্চিত করেছেন। তবে রোমিনাকে 'মোহারেবেহ' বা রাষ্ট্রদ্রোহিতায় সহায়তার অভিযোগে ২৫ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের গবেষক রাহা বাহরাইনি জানান, পুরুষদের তুলনায় সংখ্যায় কম হলেও গত কয়েক দশকের মধ্যে ইরানে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে নারীদের মৃত্যুদণ্ড দেওয়ার হার আশঙ্কাজনকভাবে বেড়েছে।
ইরানের উত্তর-পূর্বাঞ্চলীয় মাশহাদ শহরের কারাগারে বন্দী ৩৩ বছর বয়সী সিভিল ইঞ্জিনিয়ার মাহবুবেহ শাবানিও মৃত্যুদণ্ডের প্রহর গুনছেন। আহত বিক্ষোভকারীদের হাসপাতালে পৌঁছে দেওয়ার অপরাধে গত সেপ্টেম্বরে গুপ্তচরবৃত্তির আইনে তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। কারাগার থেকে পাঠানো এক অডিও বার্তায় তিনি নিজের ও অন্য বন্দীদের জন্য সাহায্য চেয়ে বলেন, যাদের দণ্ড চূড়ান্ত হয়ে গেছে তারা মানসিকভাবে চরম বিপর্যস্ত অবস্থায় আছেন।
একই কারাগারে বন্দী ২৩ বছর বয়সী নাজমেহ আমিনিকে সামাজিক যোগাযোগমাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। এক অডিও বার্তায় তিনি বলেন, 'যতক্ষণ বেঁচে আছি, আমার একটাই আশা—ফাঁসির দড়িতে জীবন শেষ হওয়ার আগে আমি যেন একটি স্বাধীন ও সমৃদ্ধ ইরান দেখে যেতে পারি।'
এছাড়া গত এপ্রিলে ইরান-ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যুদ্ধের সময় গ্রেপ্তার হওয়া ২৭ বছর বয়সী মোজদেহ হাশেমি বাজারগানিকেও গুপ্তচরবৃত্তির অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। কারাগার থেকে পরিবারের কাছে করা এক ফোনালাপে তিনি জানান, মাথা ও শরীরে প্রচণ্ড মারধর করে তার কাছ থেকে স্বীকারোক্তি নেওয়া হয়েছে। তিনি আক্ষেপ করে বলেন, 'তারা বলছে গুপ্তচরবৃত্তির জন্য আমাকে টাকা দেওয়া হয়েছে। টাকা পেলে তো আমার বাড়ি বা গাড়ি থাকত, আমার তো কিছুই নেই।'
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই সবকটি মামলাকে 'রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত' বলে অভিহিত করেছে। তবে লন্ডনে অবস্থিত ইরানি দূতাবাস নির্যাতন ও জোরপূর্বক স্বীকারোক্তি আদায়ের অভিযোগ সরাসরি নাকচ করে দিয়েছে। দূতাবাসের দাবি, শান্তিপূর্ণ বিক্ষোভের জন্য কাউকে মৃত্যুদণ্ড দেওয়া হয়নি; বরং হত্যা, সন্ত্রাসবাদ, গুপ্তচরবৃত্তি এবং অস্ত্র হাতে জনগণের জানমালের ক্ষতি করার মতো গুরুতর অপরাধে দেশের সংবিধান ও আইন মেনেই এই দণ্ড দেওয়া হয়েছে।
মানবাধিকার সংস্থাগুলোর তথ্যমতে, ২০২৫ সালের আগের এক দশকে ইরানে রাজনৈতিক বা এ ধরনের অভিযোগে যত নারীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল, চলতি বছরেই সেই সংখ্যা ছাড়িয়ে গেছে।
এমন বিভীষিকাময় পরিস্থিতির মধ্যেও দুই বোনকে মানসিকভাবে শক্ত রাখার চেষ্টা করছে তারানেহ ও রোমিনার পরিবার। গান ভালোবাসা রোমিনাকে ফোনে গান শুনিয়ে এবং ঘোড়াপ্রেমী তারানেহকে ভবিষ্যতে একটি ঘোড়ার খামার গড়ে দেওয়ার স্বপ্ন দেখিয়ে বাঁচিয়ে রাখার চেষ্টা করছেন স্বজনরা। সূত্র: বিবিসি নিউজ।
873 ডিএন
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর সতর্কবার্তা এবং মেক্সিকোর ওপর বড় ধরনের অর্থনৈতিক শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার হুমকি সত্ত্বেও মেক্সিকো ভূখণ্ড অতিক্রম করে যুক্তরাষ্ট্রের সীমান্তের দিকে অগ্রসর হচ্ছে প্রায় ১ হাজার অভিবাসীর দুটি পৃথক বহর বা ‘ক্যারাভান’। ফক্স নিউজের এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রায় ২০০ অভিবাসীর একটি দল দক্ষিণ মেক্সিকো থেকে যাত্রা শুরু করেছে এবং প্রায় ৮০০ জনের অপর একটি বড় দল আরও উত্তরের দিকে মার্কিন সীমান্তের কাছাকাছি পৌঁছানোর আশায় এগিয়ে চলেছে। এর আগে গত ২০ নভেম্বর মধ্য আমেরিকার দেশগুলো থেকে আসা প্রায় ২৫০ অভিবাসীর আরেকটি বহর গুয়াতেমালা সীমান্তের সেতু পার হয়ে দক্ষিণ মেক্সিকোর চিয়াপাস অঙ্গরাজ্যের তাপাচুলা শহরে প্রবেশ করে। বার্তা সংস্থা এএফপির তথ্যমতে, তরুণ ও শিশুসহ পরিবার নিয়ে হেঁটে মেক্সিকোতে প্রবেশ করা ওই অভিবাসীদের সে সময় মেক্সিকান কর্তৃপক্ষ কোনো বাধা দেয়নি। সাম্প্রতিক মার্কিন মধ্যবর্তী নির্বাচনে (মিডটার্ম) ডেমোক্র্যাটদের উল্লেখযোগ্য সাফল্য এবং রিপাবলিকানদের নির্বাচনী বিপর্যয়ের পর থেকেই মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টায় অভিবাসী বহরের সংখ্যা বাড়তে দেখা যাচ্ছে। এএফপি জানিয়েছে, নির্বাচনের পর থেকে এ পর্যন্ত প্রায় ছয়টি অভিবাসী বহর মেক্সিকোতে প্রবেশ করেছে। এই বহরে থাকা বেশ কয়েকজন অভিবাসী এএফপিকে জানিয়েছেন যে, তাঁরা আগে যুক্তরাষ্ট্রেই বসবাস করতেন, কিন্তু মার্কিন অভিবাসন ও শুল্ক সংস্থা (আইস)-এর অভিযানে তাঁদের নিজ দেশে বিতাড়িত করা হয়েছিল। তাঁদেরই একজন ৩১ বছর বয়সী হন্ডুরাসের নাগরিক সাবা নাজেরা, যিনি হিউস্টনে থাকা তাঁর নবজাতক কন্যার সঙ্গে পুনর্মিলিত হওয়ার আশায় আবারও যুক্তরাষ্ট্রে ফিরছেন। তিনি জানান, আইসের অভিযানে মেয়ের কাছ থেকে বিচ্ছিন্ন হওয়ার বেদনাই তাঁকে এই দীর্ঘ ও ঝুঁকিপূর্ণ যাত্রায় নামতে বাধ্য করেছে। এদিকে, অভিবাসী বহরগুলোকে মার্কিন সীমান্তের দিকে অগ্রসর হওয়া থেকে রুখতে মেক্সিকো সরকার ব্যর্থ হলে দেশটির পণ্যের ওপর শুল্ক দ্বিগুণ করার হুমকি দিয়ে রেখেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অতীতে মেক্সিকান কর্তৃপক্ষ নিরাপত্তা বাহিনীর ব্যারিকেড দিয়ে কিংবা মেক্সিকোতেই আশ্রয় আবেদনের সুযোগ দিয়ে কিছু বড় বহরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছিল। তবে বর্তমানে প্রায় ১০০ অভিবাসীর আরও একটি দল মেক্সিকোর ওয়াক্সাকা অঙ্গরাজ্যের দিকে অগ্রসর হওয়ায় গুয়াতেমালা সীমান্তে নিয়ন্ত্রণ জোরদার এবং যুক্তরাষ্ট্র-মেক্সিকো অভিবাসন কূটনীতি নিয়ে নতুন করে উত্তেজনা ও আলোচনার সৃষ্টি হয়েছে। 875 আইকিউ
যুক্তরাষ্ট্রে ভিসা নিয়ে বিপাকে হাজারো ভারতীয়, দেশ ছাড়ার বিকল্প দিচ্ছে আইবিএম
ইতালিতে বাংলাদেশসহ ৩৮ দেশের ওয়ার্কিং ভিসার সুযোগ, আগামী দুই বছরে প্রায় ৫ লাখ নিয়োগের সম্ভাবনা
ডেনমার্কে স্থায়ী বসবাস ছাড়াই নাগরিকত্বের সুযোগ, বিশেষ সুবিধা পাবেন ৭ শ্রেণির অভিবাসন প্রত্যাশী
রাশিয়ার সঙ্গে ক্রমবর্ধমান উত্তেজনা এবং ইউরোপের নিরাপত্তা পরিস্থিতির অবনতির মধ্যে প্রায় এক লাখ সাবেক সামরিক সদস্যকে চিঠি পাঠিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়। সম্ভাব্য যুদ্ধ বা জাতীয় সংকটের সময় তাঁদের পুনরায় সামরিক দায়িত্বে নিয়োজিত করার প্রস্তুতির অংশ হিসেবে এই উদ্যোগ নিয়েছে দেশটির লেবার সরকার। স্নায়ুযুদ্ধের পর এই প্রথম এত ব্যাপক পরিসরে এমন উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্কাই নিউজ, দ্য টাইমস ও এলবিসির প্রতিবেদনে বলা হয়েছে, ব্রিটিশ স্থল, নৌ ও বিমানবাহিনীর সাবেক সদস্যদের কাছে এসব চিঠি পাঠানো হয়েছে। সংশ্লিষ্ট তিন বাহিনীর প্রধানদের স্বাক্ষর করা চিঠিতে প্রাপকদের বর্তমান ঠিকানা, যোগাযোগের তথ্য, পেশা ও দক্ষতার বিবরণ হালনাগাদ করতে বলা হয়েছে। পাশাপাশি সাবেক সামরিক সদস্যদের স্বেচ্ছায় প্রশিক্ষণ ও সামরিক মহড়ায় অংশ নেওয়ার সুযোগ দেওয়া হচ্ছে। এর মধ্যে ২০২৭ সালের বসন্তে অনুষ্ঠিতব্য ন্যাটোর স্টেডফাস্ট ডিফেন্ডার সামরিক মহড়াও রয়েছে। ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং স্কাই নিউজকে জানিয়েছেন, বর্তমান আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতি বিবেচনায় এটি একটি যুক্তিসংগত ও প্রয়োজনীয় সতর্কতামূলক পদক্ষেপ। যুক্তরাজ্য ও তার মিত্রদের সামনে নিরাপত্তাঝুঁকি বাড়ছে। তবে এই উদ্যোগের অর্থ এই নয় যে যুক্তরাজ্য অবিলম্বে কোনো যুদ্ধে জড়িয়ে পড়তে যাচ্ছে। এর আগে স্ট্রিটিং সতর্ক করে বলেছিলেন, আগামী এক হাজার দিনের মধ্যে সম্ভাব্য যুদ্ধ মোকাবিলার সক্ষমতা অর্জন করতে হবে যুক্তরাজ্যকে। প্রতিপক্ষের আক্রমণ প্রতিহত করার সক্ষমতা বাড়ানো এবং প্রয়োজনে যুদ্ধে জয়লাভের প্রস্তুতি নেওয়াকে নিজের অন্যতম প্রধান অগ্রাধিকার হিসেবে উল্লেখ করেন তিনি। বর্তমানে ব্রিটিশ স্থলবাহিনীতে প্রায় ৭৩ হাজার সক্রিয় সেনাসদস্য রয়েছেন। সম্ভাব্য বড় ধরনের সংঘাত মোকাবিলায় নিয়মিত সামরিক বাহিনীর পাশাপাশি সাবেক সামরিক সদস্যদের নিয়ে গঠিত স্ট্র্যাটেজিক রিজার্ভকে আরও কার্যকর করতে চাইছে সরকার। তবে সাবেক সামরিক সদস্যদের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ক্যালভিন বেইলি জানিয়েছেন, চিঠি পাওয়া অধিকাংশ সদস্যকেই হয়তো কখনো পুনরায় সামরিক দায়িত্বে ফিরতে হবে না। এই চিঠি কোনো আনুষ্ঠানিক সামরিক মোতায়েনের নির্দেশ নয়। সাধারণ নাগরিকদের বাধ্যতামূলক সামরিক বাহিনীতে যোগদানের ঘোষণাও দেওয়া হয়নি। সূত্র: স্কাই নিউজ 871 এসএ
যুদ্ধবিরোধী মতাদর্শকে চরমপন্থা হিসেবে তুলে ধরছে যুক্তরাষ্ট্র: মার্কিন অধিকারকর্মী ফার্গি চেম্বার্স
হাসিনার দেশে ফেরা নিয়ে তারেক রহমানকে হুঁশিয়ারি পেন্টাগনের সাবেক কর্মকর্তার
মৃত্যুর পর আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন ইসরায়েলি হামলায় নিহত সেই ফিলিস্তিনি সাংবাদিক
ভারতের বিহার রাজ্যের মোকামার বিধায়ক অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গী সিংয়ের বিয়েতে লাখো মানুষের সমাগমে সৃষ্টি হয়েছে তীব্র যানজট। বুধবার (২৫ নভেম্বর) পাটনা জেলার নদওয়ান গ্রামে আয়োজিত এই বিয়েকে কেন্দ্র করে ১০ কিলোমিটারের বেশি সড়কে যানবাহন আটকে পড়ে। অতিরিক্ত ভিড় ও নিরাপত্তাঝুঁকির কারণে বিয়ের অন্যতম আকর্ষণ ঘোড়দৌড় প্রতিযোগিতার ফাইনালও স্থগিত করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, মেয়ের বিয়েতে সর্বসাধারণকে আমন্ত্রণ জানিয়েছিলেন অনন্ত সিং। স্থানীয় হিসাব অনুযায়ী, অনুষ্ঠানে পাঁচ লাখের বেশি মানুষের সমাগম ঘটে। তবে উপস্থিতির সঠিক সংখ্যা আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করা হয়নি। বিয়ের অন্যতম আকর্ষণ ছিল ঘোড়দৌড় প্রতিযোগিতা। এতে ভারতের বিভিন্ন রাজ্য থেকে ঘোড়া ও ঘোড়সওয়াররা অংশ নেন। বিজয়ীর জন্য পুরস্কার হিসেবে রাখা হয় মাহিন্দ্রা থার গাড়ি। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের জন্য ছিল মোটরসাইকেল ও স্কুটার। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, ঘোড়দৌড় দেখতে জীবনের ঝুঁকি নিয়ে উচ্চক্ষমতাসম্পন্ন বিদ্যুতের টাওয়ারে উঠেছেন বহু দর্শক। অনেকে আশপাশের গাছেও উঠে পড়েন। একপর্যায়ে দর্শকদের ভিড় প্রতিযোগিতার মাঠে ঢুকে পড়লে নিরাপত্তার স্বার্থে আয়োজকেরা খেলা বন্ধ করে দেন। ফাইনাল ২৬ নভেম্বর আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়। অন্যদিকে, তীব্র যানজটে আটকা পড়ে বিহার বিধানসভার স্পিকার প্রেম কুমারের গাড়িবহরও। বরযাত্রীদের পাশাপাশি সাধারণ যাত্রীদেরও চরম ভোগান্তিতে পড়তে হয়। অনেকেই গাড়ি ছেড়ে হেঁটে অনুষ্ঠানস্থলের দিকে রওনা হন। ইন্ডিয়ান এক্সপ্রেস ও টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদন অনুযায়ী, বিয়েতে অতিথিদের জন্য দেড় শতাধিক পদের খাবারের ব্যবস্থা করা হয়। গুরুত্বপূর্ণ অতিথিদের যাতায়াতের জন্য তৈরি করা হয় পাঁচটি হেলিপ্যাড। অনুষ্ঠানে রাজনৈতিক ও বিনোদন জগতের বিভিন্ন ব্যক্তিত্বও উপস্থিত ছিলেন। অনন্ত সিংয়ের মেয়ে শিবাঙ্গী সিংয়ের সঙ্গে বিয়ে হয়েছে ঋষিকেশ কুমারের। তিনি ভারতের কেন্দ্রীয় রিজার্ভ পুলিশ বাহিনীর (সিআরপিএফ) কমান্ড্যান্ট রণবিজয় কুমার সিংয়ের ছেলে। জমকালো আয়োজনের পাশাপাশি নজিরবিহীন জনসমাগম ও নিরাপত্তাঝুঁকির কারণে বিয়েটি ভারতজুড়ে আলোচনায় এসেছে। সূত্র: India News 871-এসএ
শ্রীলঙ্কায় গণকবর খনন: ৩৬ বছর পর মুসলিম হত্যাকাণ্ডের সত্য সন্ধানে নতুন আশা
ভারতে বুলডোজার অভিযানে মুসলিমদের হাজারো বাড়িঘর ধ্বংস, বাস্তুচ্যুত বহু পরিবার

