সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

যুদ্ধ বন্ধের প্রস্তাব নিয়ে মস্কোয় উইটকফ-কুশনার, কিয়েভ সফর ঘিরে বাড়ছে উত্তেজনা

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: সেপ্টেম্বর ৫, ২০২৬ ৯:১৮
মস্কো সফর শেষে উইটকফ ও কুশনার ইউক্রেনের রাজধানী কিয়েভে যাবেন
মস্কো সফর শেষে উইটকফ ও কুশনার ইউক্রেনের রাজধানী কিয়েভে যাবেন

ইউক্রেন যুদ্ধ বন্ধের সম্ভাবনা নিয়ে আলোচনায় রাশিয়ার রাজধানী মস্কোয় পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও তার জামাতা জ্যারেড কুশনার। শনিবার মস্কোতে পৌঁছানোর পর তাদের স্বাগত জানান রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বিশেষ প্রতিনিধি কিরিল দিমিত্রিয়েভ। পরে পুতিনের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের বৈঠক হওয়ার কথা রয়েছে।


মস্কো সফর শেষে উইটকফ ও কুশনার ইউক্রেনের রাজধানী কিয়েভে যাবেন। যুদ্ধ শুরুর পর এই প্রথম তারা কিয়েভ সফর করছেন। ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, মার্কিন প্রতিনিধিদল যুদ্ধ বন্ধের একটি প্রস্তাব নিয়ে রাশিয়া ও ইউক্রেনের সঙ্গে আলোচনা করবে। শুক্রবার হোয়াইট হাউসে ট্রাম্প তাদের ‘দারুণ আলোচক’ হিসেবে উল্লেখ করে বলেন, যুদ্ধ শেষ করার একটি প্রস্তাব তারা সঙ্গে নিয়ে যাচ্ছেন।


এদিকে মার্কিন প্রতিনিধিদলের কিয়েভ সফরকে সামনে রেখে মস্কো থেকে গুরুত্বপূর্ণ ঘোষণা এসেছে। শনিবার মধ্যরাত থেকে পরবর্তী তিন দিন কিয়েভে কোনো হামলা না চালানোর নির্দেশ দিয়েছেন পুতিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, আমেরিকান প্রতিনিধিদের কিয়েভ সফর ও সেখানে তাদের যোগাযোগের প্রস্তুতির সঙ্গে এই সিদ্ধান্তের সম্পর্ক রয়েছে।


তবে এর মধ্যেই কিয়েভের কাছাকাছি দুটি বিমানবন্দরে রুশ ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এর মধ্যে বরিসপিল বিমানবন্দরও রয়েছে, যেটি একসময় আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার জন্য ব্যবহৃত হতো। জেলেনস্কির ধারণা, ইউক্রেনে মার্কিন প্রতিনিধিদের বিমানযোগে পৌঁছানোর সম্ভাবনা নিয়ে আলোচনা ও প্রস্তুতির প্রতিক্রিয়াতেই এসব হামলা চালানো হয়ে থাকতে পারে।


যুদ্ধ শুরুর পর থেকে বিদেশি নেতারা সাধারণত পোল্যান্ড থেকে রেলপথে কিয়েভে যাতায়াত করে আসছেন। বিমানবন্দরে হামলার খবরের কারণে উইটকফ ও কুশনারের কিয়েভ সফরের পরিকল্পনায় কোনো পরিবর্তন আসবে কি না, তা তাৎক্ষণিকভাবে পরিষ্কার হয়নি। এর মধ্যেই শুক্রবার কিয়েভে ইউক্রেনের নিরাপত্তা সংস্থা এসবিইউর সদর দপ্তরেও রুশ হামলার খবর পাওয়া যায়।


ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও উদ্বেগ রয়েছে। জেলেনস্কি জানিয়েছেন, ক্ষেপণাস্ত্র প্রতিরোধে ব্যবহৃত ইন্টারসেপ্টরের তীব্র সংকট তৈরি হওয়ায় রাশিয়ার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলার বিরুদ্ধে কিয়েভ অনেক বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। একই সময়ে পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের গুরুত্বপূর্ণ শিল্পনগরীগুলোর একটি অংশও রুশ বাহিনীর ক্রমবর্ধমান চাপের মুখে রয়েছে।


অন্যদিকে যুদ্ধ বন্ধের আলোচনায় রাশিয়া যে সহজে ছাড় দিতে প্রস্তুত নয়, তার ইঙ্গিতও দিয়েছেন দেশটির কর্মকর্তারা। রুশ উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ বলেছেন, ইউক্রেন পরিস্থিতিতে মাটির বাস্তবতা যুক্তরাষ্ট্রকে বিবেচনায় নিতে হবে। তার দাবি, যুদ্ধক্ষেত্রের পরিস্থিতি কিয়েভের অনুকূলে নেই এবং সাম্প্রতিক মাসগুলোতে রুশ বাহিনী ধীরে ধীরে আরও এগিয়ে যাচ্ছে।


তবে কিয়েভে মার্কিন প্রতিনিধিদের সফরকে স্বাগত জানিয়েছেন জেলেনস্কি। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা যতটা সম্ভব গঠনমূলক ও বাস্তবভিত্তিক হওয়া দরকার। যুদ্ধ কীভাবে বাস্তবসম্মতভাবে শেষ করা যায়, সে বিষয়ে সম্ভাব্য পথ খুঁজে বের করাই তাদের লক্ষ্য। ফলে মস্কো ও কিয়েভে উইটকফ-কুশনারের ধারাবাহিক সফরকে যুদ্ধ অবসানের নতুন কূটনৈতিক প্রচেষ্টা হিসেবে দেখা হচ্ছে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

আমেরিকা

View more
শিক্ষার্থীর দিকে কাঁচি ছোড়ার অভিযোগে গ্রেপ্তার হয়েছেন ফ্লোরিডার রাদারফোর্ড হাইস্কুলের শিক্ষিকা জুয়ানিতা ফোরহ্যান্ড। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
ফ্লোরিডায় শিক্ষার্থীর দিকে কাঁচি ছুড়ে মারার অভিযোগে শিক্ষিকা গ্রেপ্তার

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে এক শিক্ষার্থীর দিকে কাঁচি ছোড়ার অভিযোগে ২২ বছর বয়সী এক স্কুলশিক্ষিকাকে গ্রেপ্তার করেছে পুলিশ। জুয়ানিতা ফোরহ্যান্ড নামের ওই শিক্ষিকা রাদারফোর্ড হাইস্কুলে কর্মরত ছিলেন। বে কাউন্টি শেরিফের কার্যালয়ের বরাতে জানা গেছে, কাঁচিটি শিক্ষার্থীর পিঠে আঘাত করে। ঘটনাটি তদন্তের পর গত ১৬ অক্টোবর তাঁকে গ্রেপ্তার করা হয়। তাঁর বিরুদ্ধে শারীরিক আঘাতের অভিযোগে মামলা করা হয়েছে।   বে কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, গত ১৪ অক্টোবর ঘটনাটি সম্পর্কে তথ্য পাওয়ার পর তদন্ত শুরু হয়। তদন্তের অংশ হিসেবে শিক্ষার্থী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেন কর্মকর্তারা। তাঁদের বক্তব্যের ভিত্তিতে তদন্তকারীরা জানতে পারেন, শিক্ষার্থীর মনোযোগ আকর্ষণ করতে ফোরহ্যান্ড কাঁচিটি ছুড়ে মেরেছিলেন বলে অভিযোগ রয়েছে। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, কাঁচিটি শিক্ষার্থীর পিঠে লাগার পর পেছনে মেঝেতে পড়ে যায়। একজন প্রত্যক্ষদর্শী তদন্তকারীদের জানিয়েছেন, তিনি কাঁচিটি শিক্ষার্থীর পিঠে আঘাত করতে দেখেছেন।   শেরিফের কার্যালয়ের দাবি, তদন্তে আরও জানা গেছে, শিক্ষার্থীদের মনোযোগ আকর্ষণ করতে ফোরহ্যান্ড এর আগেও বিভিন্ন বস্তু ছুড়েছেন অথবা বস্তু দিয়ে শিক্ষার্থীদের আঘাত করেছেন বলে তথ্য পাওয়া গেছে। তবে এসব ঘটনার বিস্তারিত বিবরণ কিংবা আগের কোনো ঘটনায় আনুষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয়েছিল কি না, তা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। গ্রেপ্তারের পর ১৬ অক্টোবর ফোরহ্যান্ডকে বে কাউন্টি কারাগারে নেওয়া হয়।   এদিকে, কাঁচির আঘাতে শিক্ষার্থীটি কতটা আহত হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত তথ্য প্রকাশ করেনি কর্তৃপক্ষ। তার চিকিৎসার প্রয়োজন হয়েছিল কি না, তা-ও স্পষ্ট নয়। একইভাবে, গ্রেপ্তারের পর ফোরহ্যান্ড এখনো রাদারফোর্ড হাইস্কুলে কর্মরত আছেন কি না কিংবা তাঁকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে কি না, সে বিষয়ে স্কুল কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।   সূত্র: বে কাউন্টি শেরিফের কার্যালয়, ফক্স ১৩ নিউজ।

প্রকাশ: অক্টোবর ২০, ২০২৬ ২১:২২
যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট ২০২৮ সালে চালুর পরিকল্পনা রয়েছে, অনলাইনে আবেদনের সুযোগ আসতে পারে আগামী বছর। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

২০২৮ সালে আসছে যুক্তরাষ্ট্রের নতুন পাসপোর্ট, অনলাইনে আবেদনের সুযোগ ২০২৭ সালেই

যুক্তরাষ্ট্রের ৫ অঙ্গরাজ্যে

যুক্তরাষ্ট্রের ৫ অঙ্গরাজ্যে গেলেই মিলতে পারে হাজারো ডলার, এক জায়গায় ২৩ হাজার ডলারের প্যাকেজ

নিউইয়র্কের নিম্ন আয়ের পরিবারগুলোর জন্য আসছে আর্থিক সহায়তার সুযোগ।

নিউইয়র্কে শীতের খরচ কমাতে মিলবে ৯৯০ ডলার পর্যন্ত সহায়তা, আবেদন ২ নভেম্বর

যাত্রীবাহী উড়োজাহাজে মাঝ আকাশে আতঙ্ক
হঠাৎ নিচে নামতে শুরু করল উড়োজাহাজ, খুলে পড়ল অক্সিজেন মাস্ক আতঙ্কে যাত্রীরা

যুক্তরাষ্ট্রের মিসৌরি অঙ্গরাজ্যের সেন্ট লুইস থেকে ফিলাডেলফিয়াগামী আমেরিকান এয়ারলাইন্সের একটি যাত্রীবাহী উড়োজাহাজে মাঝ আকাশে আতঙ্ক ছড়িয়ে পড়ে। উড়োজাহাজে অস্বাভাবিক গন্ধ, যান্ত্রিক সমস্যার আশঙ্কা এবং হঠাৎ উচ্চতা কমে যাওয়ার মতো পরিস্থিতির কথা জানিয়েছেন যাত্রীরা। পরে উড়োজাহাজটি সেন্ট লুইস বিমানবন্দরে জরুরি অবতরণ করে।    ঘটনাটি ঘটে ২০২৬ সালের ১৭ অক্টোবর। ফ্লাইটটি উড্ডয়নের আগেই ইঞ্জিনসংক্রান্ত সমস্যার কারণে প্রায় দুই ঘণ্টা দেরি করেছিল। পরে উড্ডয়নের প্রায় ১৫ মিনিটের মধ্যে যাত্রীরা অস্বাভাবিক ঝাঁকুনি অনুভব করেন। কয়েকজন যাত্রীর বর্ণনা অনুযায়ী, অক্সিজেনের মাস্ক নেমে আসে এবং উড়োজাহাজের ভেতরে ধোঁয়া বা কুয়াশার মতো পরিস্থিতি দেখা যায়।    ঘটনার সবচেয়ে আবেগঘন দিকটি ছিল ইলিনয় অঙ্গরাজ্যের ওয়াটারলু এলাকার বাসিন্দা মার্ক ও টেসা স্প্রিংগার দম্পতির অভিজ্ঞতা। তাঁরা কাজের প্রয়োজনে পেনসিলভানিয়া যাচ্ছিলেন। মার্ক জানান, উড়োজাহাজের পেছনের দিক থেকে জোরে ঘর্ষণ ও গুনগুন শব্দ শোনা যাচ্ছিল। উড্ডয়নের পর হঠাৎ এমন ঝাঁকুনি হয়, যেন চলন্ত গাড়িতে চালক আচমকা ব্রেক কষেছেন। এরপর উড়োজাহাজটি নিচের দিকে নেমে যায় এবং অক্সিজেনের মাস্কগুলো খুলে পড়ে।   পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পেরে টেসা তাঁর সন্তানদের কাছে বার্তা পাঠান, ‘আমাদের উড়োজাহাজে সমস্যা হয়েছে, তোমাদের ভালোবাসি।’ তিনি আশঙ্কা করেছিলেন, হয়তো আর সন্তানদের কাছে ফিরে যেতে পারবেন না। অন্য যাত্রী অলিভিয়া ক্ল্যান্সিও জানান, স্বামী ও দুই সন্তানকে নিয়ে উড়োজাহাজে থাকা অবস্থায় তিনি বুঝতে পারছিলেন কিছু একটা ঠিক নেই।    এদিকে উড়োজাহাজের পাইলট বিমানবন্দরের নিয়ন্ত্রণকক্ষকে ককপিটে ধোঁয়া বা ক্ষতিকর বাষ্পের উপস্থিতির কথা জানান এবং জরুরি অবতরণের ব্যবস্থা নিতে বলেন। নিয়ন্ত্রণকক্ষের সঙ্গে কথোপকথনের রেকর্ডিংয়ে পাইলটকে দ্রুত অবতরণের প্রয়োজনীয়তা জানাতে শোনা যায়। এরপর উড়োজাহাজটি সেন্ট লুইস ল্যামবার্ট আন্তর্জাতিক বিমানবন্দরে ফিরে আসে।   অবতরণের পর যাত্রীদের দ্রুত উড়োজাহাজ থেকে বেরিয়ে যেতে বলা হয়। মার্ক ও টেসা জানান, তাঁরা উড়োজাহাজের ডানা দিয়ে নেমে আসেন এবং অন্য যাত্রীরা একে অপরকে মাটিতে নামতে সাহায্য করেন। অন্য যাত্রীদের বর্ণনা অনুযায়ী, কর্মীরা সবাইকে ব্যক্তিগত জিনিসপত্র ফেলে দ্রুত বেরিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছিলেন। সৌভাগ্যক্রমে, এ ঘটনায় কোনো যাত্রীর আহত হওয়ার খবর জানায়নি বিমান সংস্থাটি।    আমেরিকান এয়ারলাইন্স জানিয়েছে, আমেরিকান ঈগল ফ্লাইট ৫০৮৯ উড্ডয়নের পর উড়োজাহাজে অস্বাভাবিক গন্ধের খবর পাওয়ায় সেন্ট লুইসে ফিরে আসে। উড়োজাহাজটি নিরাপদে অবতরণ করে এবং পরীক্ষার জন্য সেটিকে পরিষেবা থেকে সরিয়ে নেওয়া হয়। যাত্রীদের অভিজ্ঞতার জন্য দুঃখ প্রকাশ করে সংস্থাটি কর্মীদের পেশাদারত্বের প্রশংসাও করেছে। ফ্লাইটটি পরিচালনা করছিল পিএসএ এয়ারলাইন্স, যা আমেরিকান এয়ারলাইন্স গোষ্ঠীর অংশ।    তবে এখন পর্যন্ত অস্বাভাবিক গন্ধের প্রকৃত কারণ নিশ্চিত করা হয়নি। বিমান চলাচল বিশেষজ্ঞ গ্যারি লেফ সম্ভাব্য একটি ব্যাখ্যা হিসেবে ইঞ্জিনের তেল উড়োজাহাজের বায়ু সরবরাহব্যবস্থায় প্রবেশ করার বিষয়টি উল্লেখ করেছেন। এমন ঘটনা ঘটলে দুর্গন্ধ, ধোঁয়া, কম্পন কিংবা যাত্রীদের অসুস্থতার মতো সমস্যা দেখা দিতে পারে। কিন্তু এটি এই নির্দিষ্ট ঘটনার নিশ্চিত কারণ নয়।

প্রকাশ: অক্টোবর ২০, ২০২৬ ১৭:৪৯
বাড়ি কেনার ব্যয় বৃদ্ধি যুক্তরাষ্ট্রের অর্থনীতি ও আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আলোচনাতেও গুরুত্বপূর্ণ বিষয় হয়ে উঠেছে।

যুক্তরাষ্ট্রে বাড়ি কেনা কঠিন হচ্ছে, ঋণের সুদ বেড়ে চাপে সাধারণ মানুষ

নিউ মেক্সিকো অঙ্গরাজ্যের নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ রাখার দাবি তুলেছেন।

যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্যের নাম বদলাতে চান ট্রাম্প, নতুন নাম ‘নিউ আমেরিকা’!

যুক্তরাষ্ট্রের মিশিগানে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ১৫ বছর বয়সী শিক্ষার্থী জর্ডিন বিঘামসহ দুজন। ছবি: সংগৃহীত

মিশিগানে গাছের সঙ্গে গাড়ির ধাক্কায় দুই শিক্ষার্থী নিহত, আশঙ্কাজনক আরও তিনজন

আসন্ন ছুটির মরসুম উপলক্ষে যুক্তরাষ্ট্রজুড়ে তিন লাখ মৌসুমি কর্মী নিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে ই-কমার্স জায়ান্ট আমাজন। ছবি: সংগৃহীত
অ্যামাজনে চাকরির সুযোগ, যুক্তরাষ্ট্রজুড়ে ৩ লাখ কর্মী নিয়োগ; ঘণ্টায় গড় আয় ২০ ডলারের বেশি

যুক্তরাষ্ট্রজুড়ে তিন লাখ মৌসুমি কর্মী নিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে অনলাইন কেনাকাটার প্রতিষ্ঠান অ্যামাজন। আসন্ন ছুটির মৌসুমে পণ্য সংরক্ষণ, অর্ডার প্রস্তুত ও পরিবহন কার্যক্রমে এসব কর্মী নিয়োগ দেওয়া হবে। আগের তিন বছরের তুলনায় এবার ২০ শতাংশ বেশি কর্মী নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি আগামী ১ জানুয়ারি থেকে নির্দিষ্ট শর্ত পূরণকারী কর্মীদের চাকরির প্রথম দিন থেকেই স্বাস্থ্যবিমার সুবিধা দেওয়ার ঘোষণা এসেছে।   মঙ্গলবার (২০ অক্টোবর) প্রকাশিত বিজনেস ইনসাইডারের প্রতিবেদন অনুযায়ী, গত তিন বছর ধরে অ্যামাজন প্রতিবছর আড়াই লাখ মৌসুমি কর্মী নিয়োগের লক্ষ্য নির্ধারণ করেছিল। এবার সেই সংখ্যা বাড়িয়ে তিন লাখ করা হয়েছে। পরিকল্পনা বাস্তবায়িত হলে এটি হবে প্রতিষ্ঠানটির ইতিহাসে সবচেয়ে বড় অস্থায়ী কর্মীবাহিনী।   অ্যামাজন জানিয়েছে, মৌসুমি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশের পর অনেক পদ কয়েক মিনিটের মধ্যেই পূর্ণ হয়ে যায়। প্রতিষ্ঠানটি সারা বছর বিভিন্ন সময়ে মৌসুমি কর্মী নিয়োগ করে থাকে। এসব কর্মীর কেউ কেউ পরবর্তী সময়ে দীর্ঘমেয়াদি চাকরির সুযোগ পান। তবে মৌসুমি পদে নিয়োগ পেলেই স্থায়ী চাকরি নিশ্চিত নয়।   বেতনের বিষয়ে অ্যামাজন জানিয়েছে, মৌসুমি কর্মীদের গড় ঘণ্টাপ্রতি আয় ২০ ডলারের বেশি হতে পারে। অন্যদিকে নিয়মিত পূর্ণকালীন ও খণ্ডকালীন কর্মীদের গড় ঘণ্টাপ্রতি বেতন প্রায় ২৪ ডলার।   গত সেপ্টেম্বরে অ্যামাজন তাদের মূল পরিচালন কার্যক্রমের কর্মীদের ন্যূনতম ঘণ্টাপ্রতি বেতন বাড়িয়ে ২০ ডলার করেছে। পাশাপাশি যুক্তরাষ্ট্রে কর্মরত কর্মীদের জন্য নিত্যপ্রয়োজনীয় পণ্য কেনাকাটায় নতুন ছাড়ের সুবিধাও চালু করেছে।   স্বাস্থ্যবিমার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে প্রতিষ্ঠানটি। আগামী ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে সপ্তাহে অন্তত ৩০ ঘণ্টা কাজের সময় নির্ধারিত রয়েছে, এমন পূর্ণকালীন, খণ্ডকালীন ও মৌসুমি ঘণ্টাভিত্তিক কর্মীরা চাকরির প্রথম দিন থেকেই স্বাস্থ্যবিমার সুবিধা পাবেন।   যাঁরা আগামী ১ জানুয়ারির আগে চাকরিতে যোগ দেবেন এবং নির্ধারিত শর্ত পূরণ করবেন, তাঁদের স্বাস্থ্যবিমার সুবিধা ওই দিন থেকে কার্যকর হবে। অন্যদিকে ১ জানুয়ারি বা তার পরে যোগ দেওয়া যোগ্য কর্মীরা চাকরির প্রথম দিন থেকেই এই সুবিধা পাবেন।   এর আগে খণ্ডকালীন ও মৌসুমি কর্মীদের স্বাস্থ্যবিমার যোগ্যতা অর্জন করতে কাজের সময়ের ভিত্তিতে ৯০ দিন পর্যন্ত অপেক্ষা করতে হতো।   অ্যামাজনের তথ্য অনুযায়ী, প্রতিষ্ঠানটির কিছু স্বাস্থ্যবিমা পরিকল্পনায় সপ্তাহে পাঁচ ডলার থেকে প্রিমিয়াম শুরু হয়। নির্দিষ্ট চিকিৎসাসেবার ক্ষেত্রে পাঁচ ডলার সহপরিশোধের ব্যবস্থাও রয়েছে। তবে সব কর্মী একই খরচে স্বাস্থ্যবিমা পাবেন, এমন নয়।   এদিকে যুক্তরাষ্ট্রে চলতি বছরের ছুটির মৌসুমে কর্মী নিয়োগের ক্ষেত্রে বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে ভিন্ন প্রবণতা দেখা যাচ্ছে। ওয়ালমার্ট ও টার্গেটের মতো কিছু বড় খুচরা বিক্রেতা নতুন মৌসুমি কর্মী নিয়োগের পরিবর্তে বিদ্যমান কর্মীদের ওপর বেশি নির্ভর করছে।   অন্যদিকে স্পিরিট হ্যালোইন, মাইকেলস ও ডিকস স্পোর্টিং গুডস সম্মিলিতভাবে প্রায় ৭৩ হাজার কর্মী নিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে।   চাকরিবিষয়ক প্রতিষ্ঠান ইনডিডের সাম্প্রতিক প্রতিবেদনে বলা হয়েছে, মৌসুমি কর্মী নিয়োগের কার্যক্রম আগের তুলনায় বছরের আরও আগে শুরু হচ্ছে। পাশাপাশি প্রচলিত দোকানভিত্তিক চাকরির পরিবর্তে অনলাইন অর্ডার প্রস্তুত ও পণ্য সরবরাহসংক্রান্ত কাজে নিয়োগের প্রবণতা বাড়ছে।   অ্যামাজনের তিন লাখ কর্মী নিয়োগের পরিকল্পনাও মূলত পণ্য সংরক্ষণ ও পরিবহন কার্যক্রমকে কেন্দ্র করে নেওয়া হয়েছে। তবে কোন অঙ্গরাজ্যে কতজন কর্মী নিয়োগ দেওয়া হবে, সে বিষয়ে প্রকাশিত প্রতিবেদনে বিস্তারিত তথ্য নেই।   সূত্র: বিজনেস ইনসাইডার

প্রকাশ: অক্টোবর ২০, ২০২৬ ১২:১
মেকআপ, চুল সাজানো ও পোশাক বাছাইসহ নিজেকে প্রস্তুত করতে নারীরা প্রতিদিন গড়ে ৫৫ মিনিট ব্যয় করেন। ছবি: সংগৃহীত

নারীর সাজগোজে সময় ব্যয় করে দিনে ৫৫ মিনিট এবং জীবনের ২.৫ বছর

যুক্তরাষ্ট্রে বছরে ১২০ ডলারে ওয়ালমার্ট প্লাস ও স্যামস ক্লাব প্লাসের যৌথ মেম্বারশিপ চালু করেছে ওয়ালমার্ট। ছবি: সংগৃহীত

দাম কমানোর বার্তা দিলেন ওয়ালমার্টের সিইও, আনলেন ১২০ ডলারের মেম্বারশিপ অফার

যুক্তরাষ্ট্রের মিসিসিপিতে পুলিশের গুলিতে নিহত এক বছরের শিশু কোহেন উইলির স্মরণে তৈরি ব্যানার ও স্মারকলিপি। ছবি: সংগৃহীত

মিসিসিপিতে দোকানে চুরির অভিযোগে পুলিশের গুলিতে ১ বছরের শিশুর মৃত্যু

0 Comments