সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

ট্রাম্পের দাবি, ‘দেশের জন্য’ শেয়ারবাজারে কামিয়েছেন শত শত বিলিয়ন ডলার

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: সেপ্টেম্বর ৭, ২০২৬ ১৫:১৪
শেয়ারবাজারে বিপুল অর্থ আয়ের দাবি ট্রাম্পের
শেয়ারবাজারে বিপুল অর্থ আয়ের দাবি ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, শেয়ারবাজার ও অন্যান্য বিনিয়োগ থেকে তিনি যুক্তরাষ্ট্রের জন্য ‘শত শত বিলিয়ন ডলার’ আয় করেছেন। নিজের জন্য নয়, দেশের স্বার্থেই এসব করেছেন বলে দাবি তার। তবে এই দাবির পক্ষে কোনো বিস্তারিত হিসাব বা প্রমাণ দেননি তিনি।


রোববার রাতে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে একের পর এক পোস্ট করেন ট্রাম্প। এর মধ্যে একটি পোস্টে তাকে হোয়াইট হাউসের ওভাল অফিসে বসে শেয়ারবাজারের তথ্য বিশ্লেষণ করতে দেখা যায়। সামনে থাকা কয়েকটি মনিটরে বিভিন্ন শেয়ারের তথ্য দেখানো হয়েছে। সেখানে ইন্টেলের শেয়ারের দাম বাড়ার বিষয়টিও তুলে ধরা হয়।


ছবিটির সঙ্গে দেওয়া বার্তায় ট্রাম্প বলেন, তিনি এসব করছেন ‘দেশের জন্য, নিজের জন্য নয়’। একই সঙ্গে তার সমালোচনার জন্য ডেমোক্র্যাটদেরও আক্রমণ করেন তিনি।


তবে ট্রাম্পের এই দাবির সঙ্গে তার প্রকাশ্য আর্থিক তথ্যের পার্থক্য রয়েছে। সর্বশেষ আর্থিক নথি অনুযায়ী, ২০২৫ সালে ট্রাম্প প্রায় ২ দশমিক ২ বিলিয়ন ডলার আয় করেছেন।


এদিকে ২০২৬ সালের প্রথম তিন মাসে তার বিনিয়োগ ব্যবস্থাপনার মাধ্যমে ৩ হাজার ৬০০টিরও বেশি শেয়ার ও অন্যান্য সিকিউরিটিজে লেনদেন হয়েছে। এসব লেনদেনের মোট মূল্য ছিল ১০০ মিলিয়ন ডলারেরও বেশি।


ট্রাম্পের পোস্টে ইন্টেলকে বিশেষভাবে তুলে ধরার বিষয়টিও আলোচনায় এসেছে। সরকারি নথি অনুযায়ী, চলতি বছরের ফেব্রুয়ারিতে তিনি ইন্টেলের ৫০ হাজার থেকে ১ লাখ ডলারের শেয়ার কেনেন। মার্চেও কয়েক দফায় কোম্পানিটির শেয়ারে বিনিয়োগ করেন তিনি।


এর আগে যুক্তরাষ্ট্র সরকারও ইন্টেলে প্রায় ১০ শতাংশ মালিকানা নেয়। তবে ওই বিনিয়োগের মাধ্যমে সরকারের কোম্পানিটির পরিচালনায় সরাসরি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার সুযোগ তৈরি হয়নি।


নিজের বিপুল সম্পদ নিয়ে এর আগেও ব্যাখ্যা দিয়েছেন ট্রাম্প। তার দাবি, বিনিয়োগ ব্যবস্থাপনার দায়িত্বে থাকা প্রতিষ্ঠানগুলোই তার অর্থ বিনিয়োগ করে। তিনি তাদের সঙ্গে সরাসরি যোগাযোগ করেন না এবং বিনিয়োগের সিদ্ধান্তেও হস্তক্ষেপ করেন না।


ট্রাম্পের সম্পদ বৃদ্ধিকে ঘিরে তার রাজনৈতিক বিরোধীরা অবশ্য দীর্ঘদিন ধরেই প্রশ্ন তুলছেন। তাদের অভিযোগ, প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সঙ্গে ব্যক্তিগত আর্থিক স্বার্থের সংঘাত তৈরি হতে পারে। তবে ট্রাম্প এসব অভিযোগ অস্বীকার করে আসছেন।


শেয়ারবাজারের পোস্টের পাশাপাশি সপ্তাহান্তে ট্রাম্প আরও বেশ কিছু মিম ও এআই-তৈরি ছবি প্রকাশ করেন। কয়েকটিতে তাকে ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানে দেখা যায়। আবার কিছু ছবিতে তাকে বিশাল রোবটের পাশে এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের সঙ্গে কল্পিত দৃশ্যে দেখানো হয়।


এ ছাড়া অভিনেতা রবার্ট ডি নিরোকে নিয়ে ট্রাম্পের পুরোনো বিরোধও তার পোস্টে উঠে আসে। কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সঙ্গে হকি খেলছেন—এমন একটি কল্পিত ছবিও শেয়ার করেন তিনি। এমনকি নিউ মেক্সিকোর নাম পরিবর্তন করে ‘নিউ আমেরিকা’ করার কথাও মজার ছলে তুলে ধরেন।


সপ্তাহান্তের পোস্টের শেষদিকে ফক্স নিউজের উপস্থাপক মার্ক লেভিনের কয়েকটি ভিডিও শেয়ার করেন ট্রাম্প। সেখানে লেখক ভিক্টর ডেভিস হ্যানসনের নতুন বই দ্য কাউন্টার রেভল্যুশন নিয়ে আলোচনা করা হয়। বইটির প্রশংসা করে ট্রাম্প বলেন, লেখক তাকে সম্ভবত তার নিজের চেয়েও ভালো বোঝেন।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনার পর তরুণীর মৃত্যু, এক বছরের সাজায় ক্যালিফোর্নিয়ার আইন পরিবর্তনের দাবি

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

পাঁচ সন্তানকে এতিম করে মাকে কুপিয়ে হত্যা, গ্রেপ্তারের সময়ও হাসছিল ঘাতক দুই বোন

যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে।   আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার   পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন।   পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে।   সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন।   ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে |   এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।

আমেরিকা

View more
যুক্তরাষ্ট্রে জোড়া খুনের দুই সন্দেহভাজনকে শনাক্তে সহায়তা করল রোবট কুকুর
যুক্তরাষ্ট্রে জোড়া খুনের দুই সন্দেহভাজনকে শনাক্তে সহায়তা করল রোবট কুকুর

যুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যে দুই ব্যক্তিকে গুলি করে হত্যার ঘটনায় সন্দেহভাজন দুই ব্যক্তিকে শনাক্ত ও গ্রেপ্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে একটি রোবট কুকুর। আটলান্টার কাছে ডিক্যালব কাউন্টিতে ১৩ বছরের এক কিশোর ও ৪৫ বছরের এক ব্যক্তিকে হত্যার তদন্তে রোবটটির ক্যামেরায় ধারণ করা ভিডিও ব্যবহার করেছে পুলিশ। সেই ফুটেজের সহায়তায় একজন সন্দেহভাজনকে শনাক্ত করেন তদন্তকারীরা। পরে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। শুক্রবার (২৩ অক্টোবর) মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের এক বিশেষ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।   ডিক্যালব কাউন্টি পুলিশ জানিয়েছে, গত ২ জুলাই ভোরে আটলান্টার দক্ষিণ-পূর্বাঞ্চলের গ্রেশাম পার্ক এলাকায় একটি বাড়ি লক্ষ্য করে গুলি চালানো হয়। রকলিফ রোডের ২৪০০ ব্লকে অবস্থিত বাড়িটিতে একাধিক ব্যক্তি অবস্থান করছিলেন। স্থানীয় সময় ভোর ৩টা ৫৫ মিনিটের দিকে গুলির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। সেখানে গুলিবিদ্ধ অবস্থায় ১৩ বছর বয়সী ডিমার্কাস শার্লি এবং ৪৫ বছর বয়সী চান্সি নিউম্যানকে পাওয়া যায়। দুজনই নিহত হন। গুলিতে একটি কুকুরও মারা যায়।   পুলিশের তথ্য অনুযায়ী, হামলার সময় বাড়িটির ভেতরে আরও কয়েকজন ছিলেন। তবে তাঁরা শারীরিকভাবে আহত হননি। নিহত কিশোর ডিমার্কাস ওই বাড়ির স্থায়ী বাসিন্দা ছিল না। পরিবারের সদস্যদের বরাতে স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, বন্ধুদের সঙ্গে রাত কাটানোর জন্য সে সেখানে গিয়েছিল। তার আত্মীয় গ্রেগরি কার্থন জানান, কিশোরটি বন্ধুদের সঙ্গে সময় কাটানোর উদ্দেশ্যে বাড়িটিতে অবস্থান করছিল। হঠাৎ গুলিবর্ষণের ঘটনায় তার মৃত্যু হয়।   হত্যাকাণ্ডের তদন্তে পুলিশকে সহায়তা করে বেসরকারি নিরাপত্তা প্রতিষ্ঠান আনডন্টেড রোবোটিক সিকিউরিটির একটি রোবট কুকুর। প্রতিষ্ঠানটি আটলান্টার বিভিন্ন আবাসিক ও বাণিজ্যিক এলাকায় চার পায়ে চলাচলকারী রোবট দিয়ে নিরাপত্তা পর্যবেক্ষণের সেবা দিয়ে থাকে। রোবটগুলোতে ক্যামেরা ও যোগাযোগের ব্যবস্থা রয়েছে। ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একজন সন্দেহভাজনের ভিডিও ধারণ করেছিল প্রতিষ্ঠানটির একটি রোবট। পরে সেই ফুটেজ তদন্তকারীদের কাছে সরবরাহ করা হয়।   ডিক্যালব কাউন্টি পুলিশের মুখপাত্র সার্জেন্ট এলিস ওয়েলস নিউজউইককে জানিয়েছেন, আনডন্টেডের সরবরাহ করা ভিডিও তদন্তে সহায়ক হয়েছিল। তাঁর ভাষ্য অনুযায়ী, একজন সন্দেহভাজনকে শনাক্ত করার ক্ষেত্রে ওই ভিডিও ব্যবহার করা হয়। তবে শুধু রোবটের ফুটেজের ভিত্তিতে গ্রেপ্তার করা হয়নি। তদন্তকারীরা অন্যান্য প্রমাণের পাশাপাশি ভিডিওটি পর্যালোচনা করে সন্দেহভাজনদের শনাক্ত ও গ্রেপ্তার করেন। ফলে রোবট কুকুর নিজে অপরাধীদের ধরে ফেলেছে, এমন দাবি সঠিক নয়।   এই ঘটনায় গ্রেপ্তার দুই সন্দেহভাজনের একজন ২১ বছর বয়সী কিশন ওয়েব। অন্যজন ১৬ বছর বয়সী এক কিশোর। তাঁদের বিরুদ্ধে হত্যাসহ একাধিক ফৌজদারি অভিযোগ আনা হয়েছে। পুলিশের তথ্য অনুযায়ী, ১৬ বছর বয়সী কিশোরের বিরুদ্ধে দুটি হত্যাকাণ্ড, সাতটি গুরুতর হামলা এবং জর্জিয়ার স্ট্রিট গ্যাংসংক্রান্ত আইনের দুটি ধারায় অভিযোগ রয়েছে। অন্যদিকে ওয়েবের বিরুদ্ধে দুটি হত্যাকাণ্ড, অস্ত্র ব্যবহার করে আটটি গুরুতর হামলা, প্রাণীর প্রতি গুরুতর নিষ্ঠুরতা এবং গ্যাংসংক্রান্ত আইনে অভিযোগ আনা হয়েছে। তবে বিচারিক প্রক্রিয়ায় তাঁদের অপরাধ এখনো প্রমাণিত হয়নি।   হত্যাকাণ্ডের তদন্তে রোবট কুকুরের ধারণ করা ভিডিও ব্যবহার করে সন্দেহভাজন গ্রেপ্তারের এটি প্রথম পরিচিত ঘটনাগুলোর একটি হতে পারে। তবে এমন প্রযুক্তি আগে কখনো অন্য কোনো হত্যার তদন্তে ব্যবহার করা হয়নি, তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। এর আগেও যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে পুলিশ ও নিরাপত্তা সংস্থাগুলো ঝুঁকিপূর্ণ পরিস্থিতি পর্যবেক্ষণ, তল্লাশি এবং সন্দেহভাজন ব্যক্তিদের অবস্থান শনাক্ত করতে চার পায়ে চলাচলকারী রোবট ব্যবহার করেছে।   আটলান্টাভিত্তিক আনডন্টেড রোবোটিক সিকিউরিটি ২০২৫ সালের জানুয়ারিতে প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠানটির দাবি, তারা ইতিমধ্যে আটলান্টা মহানগর এলাকায় ১০০টির বেশি নিরাপত্তা রোবট মোতায়েন করেছে। এসব রোবটের নাম দেওয়া হয়েছে ‘অপি’। প্রতিষ্ঠানটি জানিয়েছে, বর্তমানে তাদের প্রায় ৭০ শতাংশ গ্রাহক আবাসিক অ্যাপার্টমেন্ট কমপ্লেক্সের মালিক বা ব্যবস্থাপনা প্রতিষ্ঠান। বাকি গ্রাহকদের মধ্যে রয়েছে বিভিন্ন বাণিজ্যিক স্থাপনা।   রোবটগুলো দেখতে কুকুরের মতো হলেও এগুলো সম্পূর্ণ স্বয়ংক্রিয়ভাবে নিরাপত্তার সিদ্ধান্ত নেয় না। প্রতিষ্ঠানটির কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, দূর থেকে মানুষের নিয়ন্ত্রণে এগুলো পরিচালিত হয়। রোবটের ক্যামেরায় ধারণ করা ভিডিও পর্যবেক্ষণ করেন নিরাপত্তাকর্মীরা। প্রয়োজন হলে রোবটের স্পিকারের মাধ্যমে ঘটনাস্থলে থাকা মানুষের সঙ্গে কথা বলেন তাঁরা। সন্দেহজনক পরিস্থিতি দেখা দিলে পুলিশকে খবর দেওয়া হয়। রোবটগুলোতে কোনো আক্রমণাত্মক অস্ত্র নেই এবং এগুলো কাউকে শারীরিকভাবে আটক করতে পারে না।   প্রতিষ্ঠানটির বেশির ভাগ রোবট পরিচালনাকারী কর্মী কাজ করেন ফিলিপাইন থেকে। সেখানে একটি মিশন কন্ট্রোল সেন্টারের মাধ্যমে যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থাপনার ক্যামেরা ও রোবট পর্যবেক্ষণ করা হয়। আনডন্টেডের জ্যেষ্ঠ টিম লিড ডালিন পাওয়ান নিউজউইককে জানিয়েছেন, ফিলিপাইনের কেন্দ্রে প্রায় ৭৮ জন কর্মী দায়িত্ব পালন করছেন। তাঁরা রোবট পরিচালনা, ভিডিও পর্যবেক্ষণ এবং প্রয়োজন অনুযায়ী জরুরি সেবার সঙ্গে যোগাযোগ করেন। ফলে রোবটের মাধ্যমে কেউ কথা বললে সেটি সব সময় কৃত্রিম বুদ্ধিমত্তার তৈরি কণ্ঠ নয়, দূরে অবস্থান করা একজন মানুষের কণ্ঠও হতে পারে।   আনডন্টেডের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ব্রায়ান ডিনারের দাবি, প্রচলিত নিরাপত্তাকর্মীর তুলনায় তাঁদের রোবটভিত্তিক সেবায় খরচ কম হয়। প্রতিষ্ঠানটির প্রাথমিক প্যাকেজের বার্ষিক মূল্য প্রায় ৪০ হাজার ডলার, যেখানে প্রতিদিন আট ঘণ্টা নিরাপত্তা পর্যবেক্ষণের সুবিধা দেওয়া হয়। তাঁর মতে, ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে সরাসরি একজন নিরাপত্তাকর্মী পাঠানোর পরিবর্তে রোবট ব্যবহার করলে মানুষের জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা কমতে পারে। তবে প্রচলিত নিরাপত্তাব্যবস্থার তুলনায় রোবটের কার্যকারিতা সব পরিস্থিতিতে বেশি, এমন দাবি স্বাধীনভাবে প্রতিষ্ঠিত হয়নি।   প্রতিটি রোবট একবার চার্জে প্রায় দুই ঘণ্টা চলতে পারে। এরপর সেটি নিজস্ব চার্জিং স্টেশনে ফিরে যায় এবং পুনরায় চার্জ হতে প্রায় দুই ঘণ্টা সময় লাগে। প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, প্রতিটি গ্রাহক স্থাপনায় অন্তত দুটি রোবট রাখা হয়। ফলে একটি রোবট চার্জে থাকলে অন্যটি নিরাপত্তা পর্যবেক্ষণের কাজে ব্যবহার করা সম্ভব হয়। জরুরি পরিস্থিতিতে একটি রোবট ঘটনাস্থলের কাছাকাছি অবস্থান করতে পারে, অন্যটি পুলিশকে প্রবেশপথ থেকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে পারে।   নিরাপত্তা রোবট ব্যবহারের পাশাপাশি ব্যক্তিগত গোপনীয়তা নিয়েও প্রশ্ন উঠেছে। আবাসিক এলাকায় ক্যামেরাসংবলিত রোবট নিয়মিত চলাচল করলে বাসিন্দাদের ভিডিও কীভাবে সংগ্রহ, সংরক্ষণ ও ব্যবহার করা হবে, তা গুরুত্বপূর্ণ বিষয়। ডিক্যালব কাউন্টি পুলিশ জানিয়েছে, বেসরকারি প্রতিষ্ঠানের এসব রোবট পুলিশ বিভাগ সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করে না। ভিডিওতে পুলিশের প্রবেশাধিকার নির্দিষ্ট নীতি, নিরীক্ষা ও জবাবদিহির ব্যবস্থার আওতায় পরিচালিত হয়।   এদিকে আনডন্টেড আটলান্টার বাইরে টেক্সাসের হিউস্টন এবং ডালাস-ফোর্ট ওয়ার্থ এলাকায় কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা করছে। প্রতিষ্ঠানটির দাবি, রোবট মোতায়েনের পর কয়েকটি এলাকায় অপরাধ কমেছে। তবে আটলান্টা পুলিশ জানিয়েছে, কোনো এলাকায় অপরাধ কমার কৃতিত্ব শুধু একটি প্রযুক্তি বা নিরাপত্তাব্যবস্থাকে দেওয়া যায় না। নিউজউইকও প্রতিষ্ঠানটির অপরাধ কমানোর দাবির পক্ষে অতিরিক্ত সরকারি তথ্য চেয়েছে।   জর্জিয়ার এই হত্যাকাণ্ডের তদন্তে রোবট কুকুরের ভিডিও ব্যবহারের ঘটনা নিরাপত্তা প্রযুক্তির নতুন সম্ভাবনা তুলে ধরেছে। বিশেষ করে সন্দেহভাজন শনাক্ত, ঘটনার ভিডিও সংগ্রহ এবং ঝুঁকিপূর্ণ পরিস্থিতিতে দূর থেকে পর্যবেক্ষণের কাজে এমন প্রযুক্তি সহায়ক হতে পারে। তবে রোবট কুকুর মানুষের পরিবর্তে নিজে তদন্ত পরিচালনা বা গ্রেপ্তার করেনি। পুলিশের তদন্তে সংগৃহীত একাধিক প্রমাণের মধ্যে রোবটের ধারণ করা ভিডিও ছিল একটি গুরুত্বপূর্ণ উপাদান।

প্রকাশ: অক্টোবর ২৪, ২০২৬ ৬:২৯
সাহী চৌধুরীকে স্বীকৃতি দিয়েছেন কংগ্রেস সদস্য টিমোথি এম. কেনেডি

বাফেলোর বাংলাদেশি সাহী চৌধুরীর জনসেবার অবদান কংগ্রেশনাল রেকর্ডে তুলে ধরলেন কেনেডি

প্রথম দিনেই ডিসপ্লেতে ফাটলের অভিযোগ উঠল অ্যাপলের নতুন ফোনে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

২ হাজার ডলারের আইফোন ডুও বাজারে আসতেই ডিসপ্লে ফেটে যাওয়ার অভিযোগ

২০২৭ সালে কিছু মেডিকেয়ার অ্যাডভান্টেজ পরিকল্পনা বন্ধ করছে যুক্তরাষ্ট্রের দুই বড় বিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথকেয়ার ও হিউমানা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রে ইউনাইটেড হেলথ ও হিউমানার স্বাস্থ্যবিমা পরিকল্পনা বন্ধ, প্রভাব পড়বে প্রায় ১০ লাখ গ্রাহকের ওপর

নিউইয়র্কের ম্যানহাটনে ম্যানহোল দিয়ে ভূগর্ভস্থ নর্দমায় প্রবেশের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
নিউ ইয়র্কে ম্যানহোল দিয়ে নর্দমায় নেমে গয়না খুঁজছিলেন তাঁরা, গ্রেপ্তার ৫

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের ভূগর্ভস্থ নর্দমায় রহস্যজনকভাবে প্রবেশের ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের মধ্যে দুজন নর্দমার ভেতরে গয়না খুঁজতে নেমেছিলেন বলে জানিয়েছেন তদন্তকারীরা। অন্য একজন তাঁদের গাড়িতে করে ঘটনাস্থলে নিয়ে গিয়েছিলেন বলে আদালতের নথিতে উল্লেখ রয়েছে। পৃথক দুটি ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচজনের বিরুদ্ধে অনধিকার প্রবেশের অভিযোগ আনা হয়েছে। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, শহরের বিভিন্ন এলাকায় ম্যানহোল দিয়ে ভূগর্ভস্থ স্থানে প্রবেশের ঘটনা নিয়ে পুলিশের তদন্তের মধ্যেই নতুন গ্রেপ্তারের ঘটনা ঘটল।   প্রথম ঘটনাটি ঘটে গত ২৯ সেপ্টেম্বর রাতে ম্যানহাটনের আপার ম্যানহাটন এলাকায়। পুলিশের তথ্য অনুযায়ী, রাত প্রায় ১১টা ১৫ মিনিটে ন্যাগল অ্যাভিনিউ ও ডাইকমান স্ট্রিটের কাছের একটি ম্যানহোলে দুজনকে প্রবেশ করতে দেখেন এক প্রত্যক্ষদর্শী। খবর পেয়ে সেখানে পৌঁছানো পুলিশ সদস্যরা কাছাকাছি একটি গাড়িতে বসে থাকা এক ব্যক্তিকে আটক করেন। পরে আশপাশের এলাকা তল্লাশি করে ভেজা অবস্থায় আরও দুজনকে দেখতে পান তাঁরা। তাঁদেরও গ্রেপ্তার করা হয়।   এ ঘটনায় গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন ২৩ বছর বয়সী উইলফ্রেডো তেরান ব্রিসেনো, ৩৩ বছর বয়সী গুয়েনিস মার্তিনেস এবং ২৪ বছর বয়সী জাভিয়ের গুয়েভারা লিসকানো। পুলিশের ভাষ্য অনুযায়ী, মার্তিনেস ও ব্রিসেনো জিজ্ঞাসাবাদে নর্দমার ভেতরে ‘গয়না খুঁজতে’ যাওয়ার কথা স্বীকার করেন। আদালতের নথিতে বলা হয়েছে, লিসকানো তাঁদের সেখানে নিয়ে যাওয়ার জন্য ২০০ ডলার পেয়েছিলেন। তবে নর্দমার ভেতরে কী ধরনের গয়না খোঁজা হচ্ছিল বা সেখানে আগে থেকে কোনো মূল্যবান বস্তু থাকার তথ্য ছিল কি না, তা প্রতিবেদনে স্পষ্ট করা হয়নি।   দ্বিতীয় ঘটনাটি ঘটে ৪ অক্টোবর রাত সাড়ে ১২টার দিকে। ম্যানহাটনের ওয়েস্ট ২১৮তম স্ট্রিট ও ইন্ডিয়ান রোডের সংযোগস্থলের কাছে আরও দুজনকে ম্যানহোলে প্রবেশ করতে দেখেন এক প্রত্যক্ষদর্শী। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ৩১ বছর বয়সী জ্যাঁ রোসা ও ২৮ বছর বয়সী লুইস চাপারোকে গ্রেপ্তার করে। তাঁদের বিরুদ্ধেও অনধিকার প্রবেশের অভিযোগ আনা হয়েছে। দুটি ঘটনায় গ্রেপ্তার হওয়া পাঁচজনকেই নিজেদের মুচলেকায় মুক্তি দেওয়া হয়েছে। অভিযোগগুলো জামিনযোগ্য না হওয়ায় তাঁদের মুক্তির জন্য জামিনের অর্থ জমা দিতে হয়নি।   নিউইয়র্কে ভূগর্ভস্থ নর্দমা ও ম্যানহোল ব্যবহার করে লোকজনের প্রবেশের ঘটনা এ বছর একাধিকবার সামনে এসেছে। নিউইয়র্ক পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে, কুইন্সের মিডল ভিলেজ, ব্রুকলিনের উইলিয়ামসবার্গ ও গ্রেভসেন্ড, ম্যানহাটনের আপার ইস্ট সাইড এবং পেন স্টেশন ও ম্যাডিসন স্কয়ার গার্ডেনের কাছেও এমন ব্যক্তিদের দেখা গেছে। কোথাও একাধিক ব্যক্তিকে ম্যানহোল থেকে বেরিয়ে আসতে দেখা গেছে, যা স্থানীয়দের মধ্যে কৌতূহল তৈরি করেছে। এসব ঘটনার সবগুলোর সঙ্গে সাম্প্রতিক গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের যোগসূত্র রয়েছে কি না, তা প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি।   সূত্র: নিউইয়র্ক পোস্ট ও নিউইয়র্ক পুলিশ বিভাগের তথ্য।

প্রকাশ: অক্টোবর ২৩, ২০২৬ ২২:৫৯
ফ্লোরিডার বার্টো শহরের একটি বার্গার কিং রেস্তোরাঁর সামনে গাড়িতে গুলিবিদ্ধ হয়ে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

ফ্লোরিডায় বাবার বন্দুকের গুলিতে প্রাণ গেল ৩ বছরের শিশুর, জন্মদিনের চার দিন আগে মৃত্যু

নাগরিকত্বের আবেদনে মিথ্যা তথ্য দেওয়ার ঘটনায় ফেডারেল আদালতে বাতিল হয়েছে নাইজেরিয়ায় জন্ম নেওয়া এক নারীর মার্কিন নাগরিকত্ব। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

জালিয়াতির আশ্রয়ে নাগরিকত্ব অর্জন, ১৩ বছর পর বাতিল মার্কিন নাগরিকত্ব

নিউইয়র্কের কুইন্সে ভবন থেকে ইট পড়ে আহত হয়েছে ছয় বছরের এক শিশু। চিকিৎসকেরা তার ভাঙা হাড়ে অস্ত্রোপচারের প্রস্তুতি নিচ্ছেন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

নিউ ইয়র্কে মায়ের সঙ্গে হাঁটার সময় ইট খসে পড়ে ৬ বছরের শিশুর পা ভাঙল

শিকাগোর আবাসিক এলাকায় অন্ধ এক হরিণকে ঘাসের কাছে যেতে সাহায্য করত ১০ বছরের এক শিশু। পরে বন্যপ্রাণী উদ্ধারকারী দল প্রাণীটিকে নিরাপদ স্থানে নিয়ে যায়। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
প্রতিদিন অন্ধ হরিণকে খাবার খুঁজতে সাহায্য করত ১০ বছরের শিশু, পাশে দাঁড়ালেন প্রতিবেশীরা

যুক্তরাষ্ট্রের শিকাগোর একটি আবাসিক এলাকায় অন্ধ এক হরিণকে খাবার খুঁজে পেতে প্রতিদিন সাহায্য করত ১০ বছরের এক শিশু। সকালে হরিণটিকে ঘাসে ঢাকা জায়গাগুলোর কাছে নিয়ে যেত সে, যাতে প্রাণীটি সহজে খাবার খুঁজে পায়। কয়েক দিন ধরে শিশুটির এমন মমতাপূর্ণ আচরণ দেখে মুগ্ধ হন এলাকার এক দম্পতি। পরে তাঁদের তোলা একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে প্রকাশিত হলে ঘটনাটি মানুষের নজরে আসে।   রেশেয়ারওয়ার্দি নামের একটি ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, ওই দম্পতি কয়েক দিন ধরে শিশুটিকে হরিণটির পাশে দেখছিলেন। প্রাণীটি চোখে দেখতে না পাওয়ায় জনবসতিপূর্ণ এলাকায় তার নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁরা। বিশেষ করে সড়কে যানবাহনের মধ্যে হরিণটির দুর্ঘটনায় পড়ার আশঙ্কা ছিল। এ কারণে দম্পতির স্ত্রী কাছাকাছি এলাকার একটি বন্যপ্রাণী উদ্ধারকারী দলের সঙ্গে যোগাযোগ করেন।   ছবিটি রেডিটে প্রকাশ করা ব্যক্তি জানান, উদ্ধারকারী দল হরিণটিকে নিরাপদ জায়গায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করে। দলটির সঙ্গে একজন পশুচিকিৎসক রয়েছেন বলেও তিনি উল্লেখ করেন। পরে ইলিনয় অঙ্গরাজ্যের প্রাকৃতিক সম্পদ বিভাগ থেকে অনুমোদিত একটি বন্যপ্রাণী পুনর্বাসন দল হরিণটিকে উদ্ধার করে। তাদের পরিকল্পনা ছিল, হরিণটিকে বনাঞ্চল সংরক্ষিত এলাকায় নিয়ে গিয়ে দেখাশোনা করা, যাতে সেটি সড়কের ঝুঁকি থেকে দূরে থাকতে পারে।   হরিণটিকে উদ্ধার করার সময় আশপাশের অনেক বাসিন্দা সেখানে উপস্থিত হন। শিশুটিও তার মায়ের সঙ্গে ঘটনাস্থলে আসে। ওই ব্যক্তি জানান, হরিণটির সঙ্গে শিশুটির আচরণ ছিল বেশ পরিণত। কয়েক দিন ধরে প্রাণীটিকে সাহায্য করলেও সে হরিণটিকে পোষা প্রাণী হিসেবে নিজের করে নেওয়ার চেষ্টা করেনি। বরং প্রাণীটি যেন নিরাপদে থাকে, সেটিই ছিল তার মূল চিন্তা।   ওই ব্যক্তির ভাষ্য অনুযায়ী, শিশুটি হরিণটিকে ঘরে আশ্রয় দেয়নি বা বাইরে খাবার রেখে তাকে নিজের কাছে রাখার চেষ্টা করেনি। হরিণটির নিরাপত্তা নিশ্চিত করতে উদ্ধারকারী দল এগিয়ে আসায় শিশুটি স্বস্তি পেয়েছিল। প্রতিবেশীদের কাছ থেকেও তাঁরা জানতে পারেন, শিশুটি এগিয়ে আসার আগে থেকেই প্রায় এক সপ্তাহ ধরে এলাকার কয়েকজন বাসিন্দা হরিণটিকে খাবার দিচ্ছিলেন এবং সড়কের কাছ থেকে সরিয়ে রাখতে সাহায্য করছিলেন।   শিশুটির এই উদ্যোগে মুগ্ধ হয়ে ওই দম্পতি তার মায়ের সঙ্গে কথা বলে তাকে পুরস্কৃত করার একটি উপায় খুঁজে বের করার পরিকল্পনা করেন। তাঁরা শিশুটির পরিবারের জন্য ছবিটি বাঁধাই করে উপহার দিতে চান। পাশাপাশি শিশুটি চাইলে তাকে স্থানীয় বন্যপ্রাণী সংরক্ষণ এলাকায় ঘুরতে নিয়ে যাওয়ার প্রস্তাবও দেওয়ার কথা জানান।   ঘটনাটি শুধু একটি শিশুর মমতার উদাহরণ নয়, বিপদে পড়া বন্যপ্রাণীর পাশে দাঁড়াতে একটি এলাকার মানুষের সম্মিলিত উদ্যোগেরও চিত্র তুলে ধরে। তবে হরিণটির পরবর্তী শারীরিক অবস্থা বা পুনর্বাসন শেষে তাকে কোথায় রাখা হয়েছে, সে বিষয়ে মূল প্রতিবেদনে বিস্তারিত তথ্য দেওয়া হয়নি।

প্রকাশ: অক্টোবর ২৩, ২০২৬ ২১:২৬
যুক্তরাষ্ট্রে নাগরিকত্বের আবেদন অনুমোদন কমেছে, বেড়েছে অপেক্ষমাণ আবেদনের সংখ্যা।  গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রে নাগরিকত্ব অনুমোদন কমেছে ব্যাপক হারে, জমে আছে ৭ লাখের বেশি আবেদন

নিউইয়র্কে আদালতের নির্দেশে স্থগিত হয়েছে বাংলাদেশ সোসাইটির নির্বাচন। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ৫ নভেম্বর। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

নিউ ইয়র্কে ভোটের দুই দিন আগে স্থগিত বাংলাদেশ সোসাইটির নির্বাচন

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারীদের নাগরিকত্ব অনুমোদনে বড় ধস

মধ্যবর্তী নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারীদের নাগরিকত্ব অনুমোদনে বড় ধস

0 Comments