যুক্তরাষ্ট্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের বড় স্বস্তি, এফ-১ ভিসার চার বছরের সীমাবদ্ধতা বাতিল আদালতে
যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষা নিতে ইচ্ছুক আন্তর্জাতিক শিক্ষার্থী এবং দেশটিতে অধ্যয়নরত বিদেশি শিক্ষার্থীদের জন্য স্বস্তির খবর। এফ-১ শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে অবস্থানের প্রচলিত ডিউরেশন অব স্ট্যাটাস (ডি/এস) ব্যবস্থা বাতিল করে নির্দিষ্ট সময়সীমা চালুর যে নতুন বিধি করেছিল দেশটির হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ (ডিএইচএস), তা সম্পূর্ণভাবে বাতিল করেছেন ফেডারেল আদালত।
গত ১৬ নভেম্বর ম্যাসাচুসেটসের ফেডারেল জেলা আদালত এ রায় দেন। এর ফলে শিক্ষার্থীদের জন্য আগের অবস্থানকালীন নিয়ম বহাল থাকছে। চার বছরের নির্দিষ্ট সময়সীমা, অতিরিক্ত অবস্থানের জন্য ইউএসসিআইএসের কাছে নতুন করে আবেদন এবং বিশ্ববিদ্যালয় পরিবর্তনের ক্ষেত্রে প্রস্তাবিত বিধিনিষেধ আর কার্যকর হচ্ছে না।
চলতি বছরের ১৭ জুলাই ডিএইচএস নতুন একটি চূড়ান্ত বিধি প্রকাশ করে। এতে এফ-১ শিক্ষার্থীদের সাধারণত সর্বোচ্চ চার বছরের জন্য যুক্তরাষ্ট্রে অবস্থানের অনুমতি দেওয়ার পরিকল্পনা ছিল। কোনো শিক্ষার্থীর ব্যাচেলরস, মাস্টার্স কিংবা পিএইচডি প্রোগ্রাম চার বছরের বেশি সময় চললে অতিরিক্ত অবস্থানের জন্য ইউএসসিআইএসের কাছে ফর্ম আই-৫৩৯ জমা দিয়ে এক্সটেনশনের আবেদন করতে হতো।
পাশাপাশি বিশ্ববিদ্যালয় পরিবর্তন, মেজর পরিবর্তন এবং পরবর্তী ডিগ্রি প্রোগ্রামে যাওয়ার ক্ষেত্রেও নতুন বিধিনিষেধ আরোপের পরিকল্পনা ছিল। এমনকি পড়াশোনা শেষ হওয়ার পর প্রচলিত ৬০ দিনের গ্রেস পিরিয়ড কমিয়ে ৩০ দিন করার বিধানও রাখা হয়েছিল।
ডিএইচএসের এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয় ন্যাশনাল অ্যাসোসিয়েশন অব ফরেন স্টুডেন্ট অ্যাডভাইজার্স (এনএএফএসএ), প্রেসিডেন্টস অ্যালায়েন্স অন হায়ার এডুকেশন অ্যান্ড ইমিগ্রেশন এবং কয়েকটি শিক্ষা ও শ্রমিক সংগঠন। বাদীপক্ষের যুক্তি ছিল, নতুন বিধি প্রণয়নের ক্ষেত্রে সরকার যথাযথ আইনি প্রক্রিয়া অনুসরণ করেনি এবং শিক্ষার্থীদের ওপর এর সম্ভাব্য প্রভাব বিবেচনায় নেয়নি। এর আগে ১৪ সেপ্টেম্বর আদালত নতুন বিধিটির কার্যকারিতা দেশব্যাপী সাময়িকভাবে স্থগিত করেছিলেন। পরে ১৬ নভেম্বর বিচারক এফ. ডেনিস সেলর বাদীপক্ষের আবেদন মঞ্জুর এবং সরকারের আবেদন প্রত্যাখ্যান করে পুরো চূড়ান্ত বিধিটি বাতিল করেন।
আদালতের রায়ের ফলে এফ-১ শিক্ষার্থীদের জন্য আগের ডিউরেশন অব স্ট্যাটাস ব্যবস্থা বহাল থাকছে। অর্থাৎ, শিক্ষার্থীরা তাদের অনুমোদিত একাডেমিক প্রোগ্রামের শর্ত পূরণ করে এবং অভিবাসন আইন মেনে যুক্তরাষ্ট্রে বৈধ অবস্থান বজায় রাখতে পারবেন। শুধু চার বছরের সময়সীমা শেষ হওয়ার কারণে অতিরিক্ত অবস্থানের জন্য ইউএসসিআইএসের কাছে নতুন করে আবেদন করতে হবে না।
বিশ্ববিদ্যালয় পরিবর্তন, মেজর পরিবর্তন কিংবা ব্যাচেলরস থেকে মাস্টার্স এবং মাস্টার্স থেকে পিএইচডিতে যাওয়ার ক্ষেত্রেও নতুন বিধির অতিরিক্ত সীমাবদ্ধতা কার্যকর হচ্ছে না। পাশাপাশি যোগ্য শিক্ষার্থীদের জন্য প্রচলিত ৬০ দিনের গ্রেস পিরিয়ড এবং ওপিটি ও স্টেম ওপিটির বিদ্যমান নিয়মও বহাল রয়েছে। তবে গ্রেস পিরিয়ডে কাজ করার অনুমতি থাকে না এবং শিক্ষার্থীদের নিজ নিজ অভিবাসন শর্ত মেনে চলতে হবে।
আদালতের রায়ের পর যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। ব্রাউন বিশ্ববিদ্যালয়, ইয়েল বিশ্ববিদ্যালয় ও স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী বিষয়ক দপ্তরগুলো আগের ডিউরেশন অব স্ট্যাটাস ব্যবস্থা বহাল থাকার বিষয়টি নিশ্চিত করেছে। শিক্ষার্থীদের আপাতত নতুন করে ইউএসসিআইএসের কাছে অবস্থান বাড়ানোর আবেদন করার প্রয়োজন নেই। তবে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক শিক্ষার্থী দপ্তরের নির্দেশনা অনুসরণ করার পরামর্শ দেওয়া হয়েছে।
বাংলাদেশ থেকে যারা যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার পরিকল্পনা করছেন, তাদের জন্যও এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে চার বছরের বেশি সময় লাগতে পারে এমন একাডেমিক প্রোগ্রামে ভর্তি হতে আগ্রহীদের জন্য প্রস্তাবিত সময়সীমা ও অতিরিক্ত আবেদনের বাধ্যবাধকতা নিয়ে তৈরি হওয়া অনিশ্চয়তা আপাতত দূর হয়েছে। তবে এই রায়ের অর্থ ভিসা পাওয়া বা যুক্তরাষ্ট্রে প্রবেশের নিশ্চয়তা নয়। শিক্ষার্থীদের ভিসা, এসইভিআইএস এবং অভিবাসন আইনের প্রচলিত শর্ত পূরণ করতে হবে।
এদিকে সরকারের পক্ষ থেকে চূড়ান্ত রায়ের বিরুদ্ধে উচ্চতর আদালতে আপিল করার সুযোগ রয়েছে। তবে শুধু আপিল করলেই বাতিল হওয়া বিধি স্বয়ংক্রিয়ভাবে আবার কার্যকর হবে না। এর জন্য উচ্চতর আদালতের পৃথক স্থগিতাদেশ বা পরবর্তী আইনি সিদ্ধান্ত প্রয়োজন হবে। ১৮ নভেম্বর পর্যন্ত আদালতের রায় অনুযায়ী আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য আগের ডিউরেশন অব স্ট্যাটাস ব্যবস্থাই বহাল রয়েছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreপ্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অতিসক্রিয় জেট স্ট্রিমের প্রভাবে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে একের পর এক শক্তিশালী ঝড় আঘাত হানতে যাচ্ছে। ফক্স ফোরকাস্ট সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, থ্যাংকসগিভিং ছুটির পুরো সপ্তাহজুড়ে প্যাসিফিক নর্থওয়েস্ট থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত নিচু এলাকাগুলোতে প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়া বয়ে যাবে এবং উঁচু পার্বত্য অঞ্চলগুলো কয়েক ফুট পুরু তুষারে ঢাকা পড়বে। মাত্র কয়েক দিন আগেই শক্তিশালী ‘অ্যাটমোস্ফিয়ারিক রিভার’ বা বায়ুমণ্ডলীয় নদীর প্রভাবে সৃষ্ট বন্যায় সান ফ্রান্সিসকোতে শতাব্দীপ্রাচীন বৃষ্টিপাতের রেকর্ড ভেঙে গেছে এবং লক্ষাধিক মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। সেই ক্ষত শুকানোর আগেই নতুন এই ঝড়ের সারি উপকূলীয় জনপদ ও ছুটিতে ঘরমুখো লাখো মানুষের জন্য চরম বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। আবহাওয়াবিদদের তথ্যমতে, আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রথম ঝড়টি আঘাত হানবে, যার প্রভাবে ওয়াশিংটন অঙ্গরাজ্য থেকে শুরু করে উত্তর ক্যালিফোর্নিয়া পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাত হবে। ইতোমধ্যে পানিতে টইটম্বুর হয়ে থাকা ক্যালিফোর্নিয়ার মাটিতে নতুন এই বর্ষণ আকস্মিক বন্যার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেবে। বৃষ্টির পাশাপাশি প্রবল ঝোড়ো বাতাসের কারণে সিয়াটল-টাকোমা এবং সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ফ্লাইট বিলম্ব ও বাতিলের বড় ধরনের আশঙ্কা দেখা দিয়েছে। সপ্তাহজুড়ে চলমান এই বৈরী আবহাওয়ায় সিয়েরা নেভাদা, ক্যাসকেডস এবং রকি পর্বতমালায় ভারী তুষারপাতের ফলে পার্বত্য মহাসড়কগুলোতে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়তে পারে। স্থলভাগে ঝড়-বৃষ্টির পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে সম্ভাব্য সর্বোচ্চ উচ্চতার জোয়ার বা ‘কিং টাইড’। এল নিনো পরিস্থিতি ও চন্দ্রচক্রের প্রভাবে এই জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়ে উপকূলীয় নিচু এলাকায় জলোচ্ছ্বাস ও তীব্র সৈকত ভাঙন ঘটাতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় উত্তর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো থেকে সান পাবলো বে পর্যন্ত আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পর্যন্ত উপকূলীয় বন্যার সতর্কতা (কোস্টাল ফ্লাড ওয়ার্নিং) জারি করা হয়েছে। এ ছাড়া দক্ষিণে লস অ্যাঞ্জেলেসের উত্তর অংশ থেকে সান দিয়েগো পর্যন্ত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উপকূলীয় বন্যার পরামর্শক বার্তা কার্যকর থাকবে। থ্যাংকসগিভিংয়ের ছুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে লাখ লাখ মানুষ সড়ক ও আকাশপথে ভ্রমণের প্রস্তুতি নেওয়ায় এই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেশটির পরিবহন ব্যবস্থায় বড় ধরনের অচলাবস্থা তৈরি করতে পারে। তুষারপাত ও প্লাবিত সড়কের কারণে মহাসড়কে যানজট ও ধীরগতির পাশাপাশি বিমানবন্দরগুলোতে কম দৃশ্যমানতা এবং ঝোড়ো হাওয়ার প্রভাবে ফ্লাইট বিপর্যয়ের ঢেউ পশ্চিম উপকূল ছাড়িয়ে পুরো দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালে এখন পর্যন্ত আবহাওয়াজনিত কারণে প্রায় ১২ হাজার ৭০০টি ফ্লাইট বিলম্বিত হওয়ার পর নতুন এই ঝড় পরিস্থিতিকে আরও নাজুক করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার
সম্মেলন শেষে বিমানবন্দরে আইসিইর হাতে আটক প্রিন্সটনের পিএইচডি শিক্ষার্থী
ফ্লোরিডায় গাড়িচাপায় বৃদ্ধার মৃ ত্যু, অভিযুক্ত ভেনেজুয়েলান অভিবাসীর বিরুদ্ধে মা মলা হচ্ছে না
নিউ ইয়র্কের ব্রুকলিনে স্পেশাল অফিসার পদে নিয়োগের জন্য ৯ ডিসেম্বর বুধবার একটি আয়োজন করছে এনওয়াইসি হেলথ প্লাস হসপিটালস। উডহাল হাসপাতালে অনুষ্ঠেয় এই আয়োজনে অংশ নিতে আগ্রহীদের আগে নিবন্ধন করতে হবে। পদটিতে শুরুর বার্ষিক বেতন ৪০ হাজার ৪৮০ ডলার। পাঁচ বছর পর তা বেড়ে হবে ৫৮ হাজার ৩৪৫ ডলার। হাসপাতালের ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচি অনুযায়ী, নিয়োগ আয়োজনের দুটি সেশন রয়েছে। প্রথমটি স্থানীয় সময় সকাল ১০টা থেকে ১১টা, দ্বিতীয়টি দুপুর ২টা থেকে ৩টা। আয়োজনের ঠিকানা ব্রুকলিনের ৭৬০ ব্রডওয়ে, নিউ ইয়র্ক ১১২০৬। সংস্থার ক্যারিয়ার পেজে ‘উডহাল স্পেশাল অফিসার রিক্রুটমেন্ট ইভেন্ট’ থেকে নিবন্ধন করা যাবে। আবেদনকারীর বয়স অন্তত ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে হাইস্কুল ডিপ্লোমা বা সমমানের জিইডি গ্রহণ করা হবে। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাধ্যতামূলক। চাকরিতে থাকাকালে নিউ ইয়র্ক সিটির পাঁচটি বরোর যেকোনো একটিতে বসবাস করতে হবে। কিছু দায়িত্বের জন্য নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বৈধ ড্রাইভার লাইসেন্সও লাগতে পারে। অস্ত্র শনাক্তকরণ ব্যবস্থার প্রশিক্ষণ শেষ করলে স্পেশাল অফিসাররা বছরে অতিরিক্ত ৫ হাজার ডলার পাবেন। চাকরির সুবিধার মধ্যে রয়েছে পেনশন ও অবসরকালীন সঞ্চয় পরিকল্পনা। সপ্তাহে অন্তত ২০ ঘণ্টা কাজের জন্য নিয়োগ পাওয়া কর্মীরা স্বাস্থ্যসুবিধা পাবেন। বেতনসহ ছুটি প্রযোজ্য শ্রমচুক্তি অনুযায়ী নির্ধারিত হবে। সূত্র: এনওয়াইসি হেলথ প্লাস হসপিটালস
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে উড্ডয়নের আগে খাঁচা থেকে পালাল বিড়াল, ফ্লোরিডাগামী ফ্লাইটে বিলম্ব
উপস্থাপনার গণ্ডি পেরিয়ে মানবসেবায় অপরাহ উইনফ্রে, তাঁর বৃত্তিতে স্নাতক প্রায় ৮০০ শিক্ষার্থী
যুক্তরাষ্ট্রের হিউস্টনে চলন্ত গাড়ি থেকে পড়ে যায় শিশু , চালকের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে প্রাতর্ভ্রমণ ও দৌড়ানোর সময় ২৮ বছর বয়সী এক তরুণীকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যার দায় স্বীকার করেছেন নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) সাবেক এক কর্মকর্তা। ২৭ বছর বয়সী অভিযুক্ত ওই সাবেক কর্মকর্তার নাম সায়েদ মোহাসিব। বর্তমানে রাইকার্স আইল্যান্ড কারাগারে বন্দী থাকা অবস্থায় মার্কিন সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক পোস্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অকপটে এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন এবং দাবি করেন, ‘আল্লাহর নির্দেশেই’ তিনি ওই তরুণীকে হত্যা করেছেন। পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, নিহত তরুণীর নাম কেটি সুয়ারেজ (২৮), যিনি পেশায় একজন ব্যাংক টেলার ছিলেন। আসন্ন নিউইয়র্ক সিটি ম্যারাথনের প্রস্তুতির অংশ হিসেবে গত ৩০ অক্টোবর ব্রুকলিনের বাথ বিচ এলাকার ওয়াটারফ্রন্ট ধরে দৌড়াচ্ছিলেন তিনি। সে সময় কোনো পূর্বপরিচয় বা উসকানি ছাড়াই তার ওপর অতর্কিত হামলা চালিয়ে ঘাড়ে দুবার ছুরিকাঘাত করা হয়। পরে কেটির বাবা রক্তাক্ত ও অচেতন অবস্থায় মেয়েকে উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে ‘ব্রেইন ডেড’ ঘোষণা করেন এবং তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন কেটি। ‘নিউইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারে সাক্ষাৎকার দেওয়ার সময় সায়েদ মোহাসিবের মুখে এক ধরনের অস্বাভাবিক হাসি ও নির্বিকার অভিব্যক্তি দেখা যায়। তিনি জানান, ঘটনার দুই দিন আগে থেকেই নাকি তিনি এমন নির্দেশ পাচ্ছিলেন এবং ৩০ অক্টোবর বাড়ি থেকে ছুরি নিয়ে বেরিয়ে সামনে থাকা কেটিকে হত্যা করেন। হত্যাকাণ্ডের আট দিন পর অর্থাৎ ৭ নভেম্বর ব্রুকলিনের বেনসনহার্স্ট এলাকার নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। শুরুতে গোয়েন্দাদের কাছে হত্যার বিষয়টি অস্বীকার করলেও পরে তিনি দায় স্বীকার করে নেন। এমনকি নিহতের পরিবারের উদ্দেশে কোনো বার্তা আছে কি না জানতে চাইলে নির্বিকারভাবে ‘না’ বলে জানান, তিনি কেবল আদেশ পালন করেছেন। আদালতের নথিপত্র ও স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউএবিসি-র তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের পর মোহাসিব বাসায় ফিরে রক্তমাখা কাপড় ও ছুরিটি অ্যাপার্টমেন্টের বিপরীতে থাকা ময়লা ফেলার নালায় (গারবেজ শ্যুট) ফেলে দেন এবং রক্তের দাগ পরিষ্কার করেন। এরপর তিনি বাথ বিচের পিএস ২০০ এলিমেন্টারি স্কুলে প্যারাপ্রফেশনাল হিসেবে নিজের কর্মস্থলে যোগ দেন, যেখানে সহকর্মীরা তাকে অসংলগ্ন কথাবার্তা বলতে ও অস্বাভাবিক আচরণ করতে দেখেন। কেটির মরদেহ উদ্ধারের তিন দিন পর তাকে কেবল অন্তর্বাস পরা অবস্থায় বাসা থেকে বের হতেও দেখা গিয়েছিল। উল্লেখ্য, ২০২২ সালে মাত্র ছয় সপ্তাহ এনওয়াইপিডিতে কাজ করার পর তিনি মার্কিন মেরিন কোরে যোগ দেন, তবে মানসিকভাবে অযোগ্য বিবেচিত হওয়ায় সেখান থেকে তাকে বরখাস্ত করা হয়। তিন মাস পর তিনি আবারও এনওয়াইপিডিতে ফেরার চেষ্টা করলে অসংলগ্ন আচরণের কারণে তাকে বেলভিউ হাসপাতালে পাঠানো হয়েছিল। এর আগে ২০২৪ সালেও নিজ মা ও বোনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল মোহাসিবের বিরুদ্ধে। তবে তার মা ফাতমা মোহাসিব ছেলের বিরুদ্ধে পরিবার বা প্রতিবেশীদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করলেও দীর্ঘদিন ধরে ছেলের গুরুতর মানসিক সমস্যার কথা স্বীকার করেছেন। তিনি জানান, সায়েদ একাধিকবার মানসিক হাসপাতালে ভর্তি ছিলেন এবং একটানা সর্বোচ্চ দুই মাস চিকিৎসাধীন ছিলেন। নিহত কেটির মা-বাবার প্রতি গভীর সমবেদনা জানিয়ে ফাতমা বলেন, তারা যেমন তাদের মেয়েকে হারিয়েছেন, তেমনি তিনিও তার ছেলেকে হারিয়েছেন। অন্যদিকে মেয়েকে হারিয়ে শোকে স্তব্ধ কেটির মা ইয়াসিরা সুয়ারেজ বলেন, এই ঘটনায় তাদের পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে। বর্তমানে সেকেন্ড-ডিগ্রি হত্যা মামলায় অভিযুক্ত সায়েদ মোহাসিবকে আগামী ৪ ডিসেম্বর আদালতে হাজির করার কথা রয়েছে।
ভার্জিনিয়ায় হামে আক্রান্ত শিশুর মৃত্যু, অঙ্গরাজ্যে এ বছরের প্রথম মৃত্যুর খবর দিল স্বাস্থ্য বিভাগ
যুক্তরাষ্ট্রের টেক্সাসে আইসিইর গুলিতে নিহত অভিবাসীর স্মরণে বিশেষ দিবস পালনের বিল প্রস্তাব

