যুক্তরাষ্ট্রে ঘণ্টায় ৭ ডলার থেকে মজুরি ২৫ ডলারে নেওয়ার প্রস্তাব, টিপসনির্ভর বেতনব্যবস্থাও বদলাবে
যুক্তরাষ্ট্রে কর্মীদের ফেডারেল ন্যূনতম মজুরি ঘণ্টায় ৭ ডলার ২৫ সেন্ট থেকে বাড়িয়ে ২৫ ডলার করার উদ্যোগ নিয়েছেন একদল আইনপ্রণেতা। একই সঙ্গে রেস্টুরেন্ট, বারসহ বিভিন্ন সেবা খাতে টিপসের ওপর নির্ভরশীল কর্মীদের জন্য প্রচলিত কম মজুরির ব্যবস্থা বাতিলের দাবি জানিয়েছেন তাঁরা। জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয় ও কর্মীদের আয় বাড়ানোর প্রয়োজনীয়তা সামনে রেখে নতুন করে এই উদ্যোগ জোরদার করা হয়েছে।
আলজাজিরার বুধবারের (১৮ নভেম্বর) প্রতিবেদন অনুযায়ী, বর্তমান ও নবনির্বাচিত মিলিয়ে প্রতিনিধি পরিষদের ১৭ জন আইনপ্রণেতা ‘লিভিং ওয়েজ ফর অল অ্যাক্ট’ নামে একটি বিল পাসের পক্ষে অবস্থান নিয়েছেন। গত এপ্রিলে বিলটি উত্থাপন করা হলেও এখনো তা আইনে পরিণত হয়নি।
বিলটির মূল উদ্যোক্তাদের মধ্যে রয়েছেন ইলিনয়ের ডেমোক্র্যাট প্রতিনিধি ডেলিয়া রামিরেজ, হেসুস চুই গার্সিয়া এবং নিউ জার্সির প্রতিনিধি আনালিলিয়া মেহিয়া। প্রস্তাব অনুযায়ী, সব প্রতিষ্ঠানে একসঙ্গে মজুরি বাড়ানো হবে না। প্রতিষ্ঠানের আকার ও বার্ষিক আয়ের ভিত্তিতে ধাপে ধাপে নতুন মজুরি কার্যকর করা হবে।
যেসব প্রতিষ্ঠানে দেশজুড়ে ৫০০ জনের বেশি কর্মী রয়েছেন অথবা বার্ষিক আয় অন্তত ১০০ কোটি ডলার, সেসব প্রতিষ্ঠানকে ২০৩১ সালের মধ্যে ঘণ্টায় ২৫ ডলার ন্যূনতম মজুরি নিশ্চিত করতে হবে। অপেক্ষাকৃত ছোট প্রতিষ্ঠানগুলো এই পরিবর্তন বাস্তবায়নের জন্য ২০৩৮ সাল পর্যন্ত সময় পাবে।
প্রস্তাবে আরও বলা হয়েছে, ২৫ ডলারের লক্ষ্য অর্জনের পর ন্যূনতম মজুরি দেশের মধ্যম ঘণ্টাপ্রতি মজুরির দুই-তৃতীয়াংশের সঙ্গে সমন্বয় করা হবে। প্রতিবছর এই হার পর্যালোচনা করা হবে, যাতে মূল্যস্ফীতি ও সামগ্রিক মজুরি বৃদ্ধির সঙ্গে কর্মীদের আয় সামঞ্জস্যপূর্ণ থাকে।
নতুন উদ্যোগের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হলো টিপসনির্ভর কর্মীদের জন্য আলাদা কম মজুরির ব্যবস্থা বাতিল করা। যুক্তরাষ্ট্রে ফেডারেল আইনে টিপস পাওয়া কর্মীদের সরাসরি ঘণ্টায় মাত্র ২ ডলার ১৩ সেন্ট দেওয়ার সুযোগ রয়েছে। তবে টিপসসহ মোট আয় প্রযোজ্য ন্যূনতম মজুরির সমান না হলে নিয়োগকর্তাকে সেই ঘাটতি পূরণ করতে হয়।
প্রস্তাবিত আইন কার্যকর হলে টিপস পাওয়া কর্মীদেরও সাধারণ কর্মীদের মতো পূর্ণ ন্যূনতম মজুরি দিতে হবে। অর্থাৎ রেস্টুরেন্টের সার্ভার, বারটেন্ডারসহ টিপসনির্ভর কর্মীরা শুধু গ্রাহকদের দেওয়া টিপসের ওপর নির্ভর না করে সরাসরি নিয়োগকর্তার কাছ থেকে নির্ধারিত মজুরি পাবেন।
যুক্তরাষ্ট্রে ২০০৯ সাল থেকে ফেডারেল ন্যূনতম মজুরি ঘণ্টায় ৭ ডলার ২৫ সেন্ট অপরিবর্তিত রয়েছে। অন্যদিকে জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়েছে। মূল্যস্ফীতির হিসাবে ২০০৯ সালের ৭ ডলার ২৫ সেন্টের ক্রয়ক্ষমতা বর্তমানে প্রায় ১১ ডলার ৩২ সেন্টের সমান। অর্থাৎ দীর্ঘদিন মজুরি না বাড়ায় কর্মীদের প্রকৃত ক্রয়ক্ষমতা কমেছে।
তবে সব অঙ্গরাজ্যে একই মজুরি কার্যকর নেই। অনেক অঙ্গরাজ্য নিজস্ব আইনে ফেডারেল হারের চেয়ে বেশি ন্যূনতম মজুরি নির্ধারণ করেছে। বর্তমানে ওয়াশিংটন ডিসিতে ঘণ্টায় ন্যূনতম মজুরি ১৮ ডলার ৪০ সেন্ট এবং ওয়াশিংটন অঙ্গরাজ্যে ১৭ ডলার ১৩ সেন্ট।
নিউ ইয়র্ক সিটি এবং আশপাশের এলাকায় সাধারণ কর্মীদের ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৭ ডলার। অঙ্গরাজ্যের অন্যান্য এলাকায় এই হার ১৬ ডলার। তবে রেস্টুরেন্টসহ টিপস পাওয়া কর্মীদের ক্ষেত্রে আলাদা নগদ মজুরির হার রয়েছে।
নিউ ইয়র্ক সিটি ও আশপাশের এলাকায় রেস্টুরেন্টের টিপস পাওয়া কর্মীদের সরাসরি ন্যূনতম নগদ মজুরি ঘণ্টায় ১১ ডলার ৩৫ সেন্ট। অঙ্গরাজ্যের অন্যান্য এলাকায় এই হার ১০ ডলার ৭০ সেন্ট। টিপসসহ মোট আয় নির্ধারিত ন্যূনতম মজুরিতে না পৌঁছালে নিয়োগকর্তাকে বাকি অর্থ দিতে হয়।
নিউ ইয়র্কের ব্রুকলিন থেকে নবনির্বাচিত কংগ্রেস সদস্য ব্র্যাড ল্যান্ডার জানিয়েছেন, আগামী জানুয়ারিতে নতুন কংগ্রেসের অধিবেশন শুরু হলে তিনি বিলটির সহপ্রস্তাবক হিসেবে যুক্ত হবেন। তাঁর মতে, সারা দেশের কর্মীদের জন্য ফেডারেল পর্যায়ে মজুরি বাড়ানো প্রয়োজন।
মজুরি বাড়ানোর দাবির পক্ষে জনসমর্থনও রয়েছে। শ্রমিক অধিকার নিয়ে কাজ করা সংগঠন ওয়ান ফেয়ার ওয়েজের প্রকাশিত এক জরিপে দেখা গেছে, ৭৮ শতাংশ ভোটার সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে ঘণ্টায় ২৫ ডলার ন্যূনতম মজুরির বিষয়টিকে গুরুত্বপূর্ণ বিবেচনা করেছেন।
এর আগে ২০২১ সালে তৎকালীন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের সময় ফেডারেল ন্যূনতম মজুরি ঘণ্টায় ১৫ ডলারে উন্নীত করার চেষ্টা হয়েছিল। তবে সিনেটে প্রয়োজনীয় সমর্থন না পাওয়ায় সেই উদ্যোগ সফল হয়নি। পরে ফেডারেল সরকারের চুক্তিভিত্তিক কর্মীদের জন্য ঘণ্টায় ১৫ ডলার ন্যূনতম মজুরি নির্ধারণ করা হয়। ২০২৫ সালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সেই নির্বাহী আদেশ বাতিল করেন।
নতুন প্রস্তাব নিয়ে আলোচনা এমন সময়ে জোরদার হয়েছে, যখন ডেমোক্র্যাটরা আগামী জানুয়ারিতে কংগ্রেসের উভয় কক্ষের নিয়ন্ত্রণ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তবে বিলটি কার্যকর হতে প্রতিনিধি পরিষদ ও সিনেটে অনুমোদন এবং প্রেসিডেন্টের স্বাক্ষর প্রয়োজন হবে।
প্রস্তাবটি পাস হলে যুক্তরাষ্ট্রের লাখ লাখ স্বল্প আয়ের কর্মীর বেতনে বড় পরিবর্তন আসতে পারে। বিশেষ করে রেস্টুরেন্ট, খুচরা বিক্রয়, হোটেল ও অন্যান্য সেবা খাতে কর্মরত মানুষের জন্য এটি গুরুত্বপূর্ণ হতে পারে। তবে আপাতত এটি একটি আইন প্রণয়নের উদ্যোগ। যুক্তরাষ্ট্রে ফেডারেল ন্যূনতম মজুরি এখনো ঘণ্টায় ৭ ডলার ২৫ সেন্টই রয়েছে।
সংবাদসূত্র
আলজাজিরা
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটির ভ্রমণের ব্যস্ততার মধ্যেই সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে ওঠার সময় যাত্রীদের টেনেহিঁচড়ে গ্রেফতার করেছে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই)। গতকাল শনিবার (২১ নভেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে যাত্রা করার কথা থাকা ‘আলাস্কা এয়ারলাইন্স ফ্লাইট ১৩০৬’-এর বোর্ডিং চলাকালে জনাকীর্ণ জেট ব্রিজে এই নাটকীয় অভিযান চালানো হয়। আকস্মিক এই অভিযানের জেরে ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি এবং বিমানবন্দরে উপস্থিত সাধারণ যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, মুখোশ পরা এবং কোনো পরিচয়চিহ্নহীন জ্যাকেট ও খাকি প্যান্ট পরিহিত আইসিই কর্মকর্তারা অন্তত একজন নারীকে জেট ব্রিজের মেঝেতে চেপে ধরে আটক করার চেষ্টা করছেন। মাত্র কয়েক ফুট দূরে স্যুটকেস হাতে দাঁড়িয়ে থাকা হতভম্ব যাত্রীদের সামনে ওই নারী চিৎকার করে বলতে থাকেন যে তার বৈধ ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতিপত্র রয়েছে। তবুও কর্মকর্তারা বলপ্রয়োগ করে তাকে নিয়ন্ত্রণে নেন। অভিযানের বিষয়ে আইসিই কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করার অভিযোগে রিকার্ডো ল্যারোন্ডো মেন্ডোজা নামের এক মেক্সিকান নাগরিককে লক্ষ্য করে ওই অভিযান চালানো হয়েছিল। সংস্থাটির দাবি, অভিযানের সময় সোফিয়া হার্নান্দেজ মেজিয়া নামের অপর এক যাত্রী কর্মকর্তাদের লক্ষ্য করে গরম কফি ছুড়ে মারেন। আইসিই আরও জানায়, হার্নান্দেজ মেজিয়াও ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে অবৈধভাবে দেশে অবস্থান করছিলেন এবং ফেডারেল কর্মকর্তার ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হতে পারে। এদিকে এই ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে আলাস্কা এয়ারলাইন্স এবং বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা পোর্ট অব সিয়াটল। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক বিবৃতিতে আলাস্কা এয়ারলাইন্স জানায়, এই অভিযানের বিষয়ে আইসিই তাদের আগে থেকে কোনো তথ্য দেয়নি। ঘটনাটি কর্মী ও যাত্রীদের জন্য অত্যন্ত পীড়াদায়ক ছিল উল্লেখ করে সংস্থাটি জানায়, যথাযথ নিয়ম অনুসরণ করা হয়েছে কি না তা খতিয়ে দেখতে তারা পোর্ট অব সিয়াটলের সঙ্গে কাজ করছে এবং সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উদ্বেগ জানিয়েছে। পোর্ট অব সিয়াটলও আটক পরিবার ও সহযাত্রীদের জন্য ঘটনাটিকে দুঃখজনক বলে অভিহিত করেছে এবং এ বিষয়ে বিস্তারিত জানতে ফেডারেল কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছে। বিমানবন্দরের ভেতরে অভিবাসন সংস্থার এমন আগ্রাসী অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন ওয়াশিংটন অঙ্গরাজ্যের গভর্নর বব ফার্গুসন। কোনো কূটনৈতিক রাখঢাক না রেখেই তিনি ফেডারেল সংস্থাটির এই কৌশলকে ‘চরমভাবে আমেরিকান মূল্যবোধবিরোধী’ (ডিপলি আন-আমেরিকান) বলে আখ্যায়িত করেন এবং আইসিই সংস্থাটি বিলুপ্ত করার আহ্বান জানান।
সম্মেলন শেষে বিমানবন্দরে আইসিইর হাতে আটক প্রিন্সটনের পিএইচডি শিক্ষার্থী
ফ্লোরিডায় গাড়িচাপায় বৃদ্ধার মৃ ত্যু, অভিযুক্ত ভেনেজুয়েলান অভিবাসীর বিরুদ্ধে মা মলা হচ্ছে না
ব্রুকলিনের উডহাল হাসপাতালে স্পেশাল অফিসার নিয়োগ, শুরুতেই বেতন ৪০,৪৮০ ডলার
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন থেকে ফ্লোরিডার টাম্পাগামী একটি যাত্রীবাহী বিমানে উড্ডয়নের আগে অদ্ভুত ঘটনা ঘটেছে। যাত্রীর সঙ্গে থাকা একটি পোষা বিড়াল খাঁচা থেকে বেরিয়ে বিমানের কেবিনে ঘোরাঘুরি শুরু করে। পরিস্থিতি সামাল দিতে রানওয়ের দিকে এগিয়ে যাওয়া বিমানটি থামাতে হয়। এতে প্রায় ১৫ মিনিট বিলম্ব হলেও শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই গন্তব্যে পৌঁছায় ফ্লাইটটি। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটে। ডেল্টা এয়ারলাইনসের ফ্লাইট ২৭০৬ বোস্টন থেকে টাম্পার উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। বিমানটি ট্যাক্সিওয়ে দিয়ে রানওয়ের দিকে এগিয়ে যাওয়ার সময় একটি পোষা বিড়াল তার বহনযোগ্য খাঁচা থেকে বেরিয়ে পড়ে। বিড়ালটি কেবিনে ঘোরাঘুরি শুরু করলে বিমানের কর্মীরা সেটিকে ধরার চেষ্টা করেন। এ সময় পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে বিমানটি কিছুক্ষণের জন্য থামানোর অনুমতি চান। পাইলট জানান, বিমানের কেবিনে একটি পরিস্থিতি তৈরি হয়েছে। সেটি সামাল দিতে তাঁদের কিছু সময় প্রয়োজন। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বিমানটিকে নিরাপদ স্থানে অপেক্ষা করার নির্দেশ দেওয়া হয়। এরপর কর্মীরা বিড়ালটিকে ধরে আবার খাঁচায় ঢোকান। পরিস্থিতি স্বাভাবিক হলে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি ব্যাখ্যা করেন, একটি বিড়াল খাঁচা থেকে বেরিয়ে কেবিনে ঘোরাঘুরি করছিল। ঘটনার কথা শুনে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মকর্তা হাসতে হাসতে জানান, এমন পরিস্থিতি তাঁর কাছে নতুন। এরপর পাইলটকে শুভযাত্রা জানিয়ে মজা করে বিড়ালের ডাকের অনুকরণে ‘মিয়াও’ বলেন। পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের এই কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। ডেল্টা এয়ারলাইনস জানিয়েছে, বিড়ালটিকে নিরাপদে খাঁচায় ফেরানোর পর বিমানটি আবার রানওয়ের দিকে এগিয়ে যায় এবং স্বাভাবিকভাবে উড্ডয়ন করে। ঘটনার কারণে উড্ডয়নে সাময়িক বিলম্ব হলেও ফ্লাইটটি নির্ধারিত সময়েই ফ্লোরিডার টাম্পা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। তবে বিড়ালটি কীভাবে খাঁচা থেকে বেরিয়ে পড়েছিল কিংবা সেটিকে ধরতে ঠিক কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি বিমান সংস্থা। ডেল্টা এয়ারলাইনসের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ করে যাত্রীরা ছোট আকারের বিড়াল ও কুকুর বিমানের কেবিনে নিতে পারেন। তবে পুরো যাত্রায় পোষা প্রাণীকে অনুমোদিত খাঁচার ভেতরে রাখতে হয়। বিমানবন্দরে চেকইন, বিমানে ওঠা এবং ফ্লাইট চলাকালেও এই নিয়ম অনুসরণ করতে হয়। পোষা প্রাণীর খাঁচাটি সাধারণত যাত্রীর সামনের আসনের নিচে রাখার উপযোগী হতে হবে। বিমান সংস্থাটি জানিয়েছে, যাত্রী ও পোষা প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতেই এসব নিয়ম রয়েছে। বোস্টনের ঘটনাটিতে কোনো যাত্রী বা প্রাণীর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। সাময়িক এই বিপত্তি কাটিয়ে স্বাভাবিকভাবেই যাত্রা শেষ করেছে বিমানটি। সংবাদসূত্র ডব্লিউসিভিবি, ডেল্টা এয়ারলাইনস
উপস্থাপনার গণ্ডি পেরিয়ে মানবসেবায় অপরাহ উইনফ্রে, তাঁর বৃত্তিতে স্নাতক প্রায় ৮০০ শিক্ষার্থী
যুক্তরাষ্ট্রের হিউস্টনে চলন্ত গাড়ি থেকে পড়ে যায় শিশু , চালকের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ
‘আল্লাহর নির্দেশে’ ২৮ বছর বয়সী তরুণীকে হ ত্যা, কারাগারে বসে দায় স্বীকার সাবেক এনওয়াইপিডি কর্মকর্তার
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হাম শনাক্ত হওয়ার পর পাঁচ বছরের কম বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) ভার্জিনিয়ার স্বাস্থ্য বিভাগ জানায়, ২০২৬ সালে অঙ্গরাজ্যটিতে হামের সঙ্গে সংশ্লিষ্ট মৃত্যুর এটিই প্রথম ঘটনা। পরিবারের গোপনীয়তা রক্ষায় শিশুটির বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করেনি স্বাস্থ্য বিভাগ। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়, চলতি বছর ভার্জিনিয়ায় ২২০ জনের হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের বেশির ভাগই অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলের বাসিন্দা। অধিকাংশ আক্রান্ত ব্যক্তি হামের টিকা নেননি। এপির হিসাবে, চলতি বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য হামের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ১২টি মৃত্যুর কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) হিসাবে, ১৯ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে ৫ হাজার ৮৩৮ জনের হাম শনাক্ত হয়েছে। এপি জানিয়েছে, ১৯৯১ সালের পর যুক্তরাষ্ট্রে এক বছরে এত বেশি রোগী শনাক্ত হয়নি। এর আগে ১৭ নভেম্বর প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন জানায়, সংক্রমণ আবার ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও বলিভিয়া হাম নির্মূলের স্বীকৃতি হারিয়েছে। ভার্জিনিয়ার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম থেকে নিউমোনিয়া ও মস্তিষ্কে প্রদাহের মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে। পাঁচ বছরের কম বয়সী শিশু, গর্ভবতী নারী এবং রোগ প্রতিরোধক্ষমতা কম এমন ব্যক্তিদের ঝুঁকি বেশি। হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধের এমএমআর টিকার দুই ডোজ হাম ঠেকাতে প্রায় ৯৭ শতাংশ কার্যকর। জ্বরের সঙ্গে শরীরে ফুসকুড়ি দেখা দিলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে বলেছে স্বাস্থ্য বিভাগ। বিশেষ করে হামে আক্রান্ত কারও সংস্পর্শে এলে বা টিকা নেওয়া না থাকলে ক্লিনিক কিংবা হাসপাতালে যাওয়ার আগে ফোন করে জানাতে বলা হয়েছে, যাতে অন্যদের মধ্যে সংক্রমণ ঠেকাতে আগেই ব্যবস্থা নেওয়া যায়। সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস
যুক্তরাষ্ট্রের টেক্সাসে আইসিইর গুলিতে নিহত অভিবাসীর স্মরণে বিশেষ দিবস পালনের বিল প্রস্তাব
যুক্তরাষ্ট্রের মিশিগানে রোগীদের তথ্য চুরি করে প্রায় ১৭ লাখ ডলার প্রতারণা, নার্সের ৪ বছরের কারাদণ্ড

