ফ্লোরিডায় শুষ্ক মৌসুমেও ভয়াবহ বন্যা, ঝুঁকিতে ঘরবাড়ি ও সম্পদ
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে সাধারণত শুষ্ক মৌসুম শুরু হয় নভেম্বর মাসে। এ সময় বৃষ্টিপাত কমে আসার কথা থাকলেও এবার উল্টো চিত্র দেখা যাচ্ছে। মৌসুমের শুরুতেই ভারী বৃষ্টিপাত ও আকস্মিক বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে অঙ্গরাজ্যটির বিভিন্ন এলাকা। বিশেষ করে দক্ষিণ ফ্লোরিডার ব্রোওয়ার্ড কাউন্টিতে ভয়াবহ বৃষ্টিতে সড়ক, বাড়িঘর ও বিভিন্ন অবকাঠামো প্লাবিত হয়েছে। এতে নতুন করে সামনে এসেছে যুক্তরাষ্ট্রে বাড়ির মালিকদের বন্যা বীমার ঘাটতি এবং সম্পত্তি সুরক্ষার বিষয়টি।
বুধবার, ১৮ নভেম্বর ব্রোওয়ার্ড কাউন্টির পশ্চিমাঞ্চলে মাত্র ২৪ ঘণ্টায় ১৫ ইঞ্চির বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। ওয়েস্ট হলিউড এলাকায় বৃষ্টির পরিমাণ ছিল সবচেয়ে বেশি। আশপাশের কয়েকটি এলাকায় প্রায় ১০ ইঞ্চি বা তার বেশি বৃষ্টি হয়েছে। যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের রাডারভিত্তিক প্রাথমিক হিসাবেও ওই অঞ্চলে ব্যাপক বৃষ্টিপাতের বিষয়টি উঠে এসেছে। কোথাও কোথাও পানি জমে যানবাহন আটকে যায়, সড়কে চলাচল ব্যাহত হয় এবং ট্রাফিক সংকেতও অকার্যকর হয়ে পড়ে।
পরিস্থিতির অবনতি হওয়ায় ব্রোওয়ার্ড কাউন্টি কর্তৃপক্ষ স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা করে। হলিউড শহর কর্তৃপক্ষও জরুরি অবস্থা জারি করে বাসিন্দাদের ঘরে অবস্থান এবং অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলার পরামর্শ দেয়। বন্যার কারণে বিভিন্ন সড়কে যান চলাচল সীমিত করা হয়। জাতীয় আবহাওয়া দপ্তর দক্ষিণ ফ্লোরিডার বিভিন্ন এলাকায় আকস্মিক বন্যার সতর্কতা জারি করে। কর্তৃপক্ষ বিশেষভাবে সতর্ক করেছে, পানিতে ডুবে থাকা সড়কে গাড়ি নিয়ে প্রবেশ করা বিপজ্জনক।
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর প্রকাশিত জাতীয় আবহাওয়া দপ্তরের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ-পূর্ব ফ্লোরিডায় বন্যার সতর্কতা শুক্রবার সকাল পর্যন্ত বাড়ানো হয়েছিল। উপকূলীয় এলাকায় আরও বৃষ্টির আশঙ্কা থাকলেও শুক্রবার বিকেল থেকে সামগ্রিক বন্যার ঝুঁকি কমতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়। সপ্তাহান্তে আবহাওয়া শুষ্ক হওয়ার সম্ভাবনার কথাও জানায় সংস্থাটি। তবে আগে থেকে জমে থাকা পানি দ্রুত নেমে না যাওয়ায় কিছু এলাকায় পরিস্থিতি স্বাভাবিক হতে সময় লাগতে পারে।
ফ্লোরিডার এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রে বন্যা বীমার ঘাটতি নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। Realtor.com-এর ২০২৬ সালের হাউজিং অ্যান্ড ক্লাইমেট রিস্ক প্রতিবেদন অনুযায়ী, দেশটির ৬ শতাংশের বেশি বাড়ি গুরুতর বন্যার ঝুঁকিতে রয়েছে। এসব বাড়ির মোট সম্পত্তিমূল্য প্রায় ৩ দশমিক ৪ ট্রিলিয়ন ডলার। অথচ ন্যাশনাল ফ্লাড ইন্স্যুরেন্স প্রোগ্রামের (এনএফআইপি) সক্রিয় বীমা পলিসির সংখ্যা ২০২৫ সালের মে থেকে ২০২৬ সালের মে পর্যন্ত ৪ দশমিক ৫ শতাংশ কমেছে। এ সময়ে পলিসির সংখ্যা ৩৬ লাখ ২০ হাজার থেকে কমে ৩৪ লাখ ৫০ হাজারে দাঁড়িয়েছে।
শুধু উপকূলীয় এলাকাই নয়, দেশের অভ্যন্তরীণ অঞ্চলেও বন্যার আর্থিক ঝুঁকি রয়েছে। মুডিসের ২০২৬ সালের এক বিশ্লেষণে বলা হয়েছে, প্রতি ১০০ বছরে একবার ঘটতে পারে এমন মাত্রার বন্যার একটি মডেল পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রে আবাসিক সম্পত্তির সম্ভাব্য বীমাবিহীন ক্ষতির পরিমাণ ৩৭৫ বিলিয়ন ডলার ছাড়াতে পারে। এ ক্ষেত্রে জাতীয় পর্যায়ে বন্যা বীমার ঘাটতি প্রায় ৬৫ শতাংশ। তবে এই অঙ্ক কোনো একক বন্যায় সম্ভাব্য ক্ষতির হিসাব নয়, বরং বিভিন্ন এলাকার সম্মিলিত ঝুঁকির একটি মডেলভিত্তিক মূল্যায়ন।
বীমা বিশেষজ্ঞদের মতে, বাড়ির মালিকদের পর্যাপ্ত বন্যা বীমা না থাকার পেছনে কয়েকটি কারণ রয়েছে। অনেকেই মনে করেন, তাঁদের বাড়ি বন্যাপ্রবণ এলাকায় নয়, তাই আলাদা বীমার প্রয়োজন নেই। আবার বীমার বাড়তি খরচের কারণে অনেকে এই সুরক্ষা নিতে চান না। যেসব বাড়ি সরকারি নির্ধারিত উচ্চ ঝুঁকির বন্যাপ্রবণ এলাকায় নেই, সেগুলোর ক্ষেত্রে সাধারণত ঋণদাতা প্রতিষ্ঠানও বন্যা বীমা বাধ্যতামূলক করে না। ফলে বাড়ির মালিকেরা অতিরিক্ত খরচ বাঁচাতে বন্যা বীমা এড়িয়ে যান।
এ ছাড়া ফেডারেল সরকারের বন্যা বীমা কর্মসূচির আওতায় বাড়ির ভবনের জন্য সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার ডলার এবং বাড়ির আসবাবপত্র ও অন্যান্য ব্যক্তিগত সামগ্রীর জন্য আলাদা সর্বোচ্চ ১ লাখ ডলারের সুরক্ষা পাওয়া যায়। বাড়ি পুনর্নির্মাণে এর চেয়ে বেশি অর্থ প্রয়োজন হলে শুধু সরকারি কর্মসূচির বীমা যথেষ্ট নাও হতে পারে। এ ক্ষেত্রে বেসরকারি বীমা প্রতিষ্ঠানের বিকল্প এবং অতিরিক্ত সুরক্ষার সুযোগ যাচাই করার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।
বাড়ির মালিকদের জন্য আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, সাধারণ বাড়ির বীমা পলিসিতে বন্যার কারণে সৃষ্ট ক্ষতি সাধারণত অন্তর্ভুক্ত থাকে না। তাই সড়ক, উঠান কিংবা আশপাশের এলাকা থেকে পানি বাড়িতে প্রবেশ করলে সেই ক্ষতির জন্য আলাদা বন্যা বীমা প্রয়োজন হতে পারে। ফ্লোরিডার অর্থ বিভাগ জানিয়েছে, নতুন বন্যা বীমা কার্যকর হতে সাধারণত ৩০ দিন সময় লাগে। তবে ঋণসংক্রান্ত কিছু পরিস্থিতিসহ নির্দিষ্ট ক্ষেত্রে এই অপেক্ষার সময় প্রযোজ্য হয় না। ফলে বন্যার আশঙ্কা দেখা দেওয়ার পর নয়, আগেই বীমা নেওয়া ও পলিসির শর্ত যাচাই করা জরুরি।
বন্যার ক্ষতি কমাতে বাড়ির মালিকদের আগাম কিছু প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছেন বীমা বিশেষজ্ঞরা। বাড়ির ছাদের পানি নিষ্কাশনের নালা পরিষ্কার রাখা, কাছাকাছি পানি নিষ্কাশনের পথ থেকে আবর্জনা সরানো এবং নর্দমার পানি উল্টো দিকে বাড়িতে প্রবেশ ঠেকাতে বিশেষ ভালভ স্থাপন করা যেতে পারে। সম্ভব হলে বৈদ্যুতিক প্যানেল, পানির হিটার ও শীতাতপ নিয়ন্ত্রণ ব্যবস্থার যন্ত্রপাতি সম্ভাব্য পানির স্তরের ওপরে রাখতে হবে। বাড়ির চারপাশের মাটি এমনভাবে প্রস্তুত করা প্রয়োজন, যাতে বৃষ্টির পানি ভিত্তির দিকে না গিয়ে বাইরে সরে যায়।
এ ছাড়া গুরুত্বপূর্ণ কাগজপত্র, ইলেকট্রনিক যন্ত্রপাতি, মূল্যবান জিনিসপত্র ও পারিবারিক স্মৃতিচিহ্ন নিচতলা থেকে সরিয়ে উঁচু স্থানে রাখতে হবে। প্রয়োজনীয় নথির ডিজিটাল কপিও সংরক্ষণ করা উচিত। বালুর বস্তা বা অস্থায়ী বন্যা প্রতিরোধক ব্যবস্থা প্রস্তুত রাখার পাশাপাশি জরুরি অবস্থায় কোথায় আশ্রয় নিতে হবে, সে সম্পর্কেও আগে থেকে পরিকল্পনা থাকা প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে, এসব ব্যবস্থা বন্যার ঝুঁকি পুরোপুরি দূর করতে না পারলেও সম্পত্তির ক্ষতি কমাতে এবং পরবর্তী সময়ে দ্রুত ঘুরে দাঁড়াতে সহায়তা করতে পারে।
সূত্র: Realtor.com, যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তর
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreপ্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অতিসক্রিয় জেট স্ট্রিমের প্রভাবে যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে একের পর এক শক্তিশালী ঝড় আঘাত হানতে যাচ্ছে। ফক্স ফোরকাস্ট সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, থ্যাংকসগিভিং ছুটির পুরো সপ্তাহজুড়ে প্যাসিফিক নর্থওয়েস্ট থেকে ক্যালিফোর্নিয়া পর্যন্ত নিচু এলাকাগুলোতে প্রবল বর্ষণ ও ঝোড়ো হাওয়া বয়ে যাবে এবং উঁচু পার্বত্য অঞ্চলগুলো কয়েক ফুট পুরু তুষারে ঢাকা পড়বে। মাত্র কয়েক দিন আগেই শক্তিশালী ‘অ্যাটমোস্ফিয়ারিক রিভার’ বা বায়ুমণ্ডলীয় নদীর প্রভাবে সৃষ্ট বন্যায় সান ফ্রান্সিসকোতে শতাব্দীপ্রাচীন বৃষ্টিপাতের রেকর্ড ভেঙে গেছে এবং লক্ষাধিক মানুষ বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েছিলেন। সেই ক্ষত শুকানোর আগেই নতুন এই ঝড়ের সারি উপকূলীয় জনপদ ও ছুটিতে ঘরমুখো লাখো মানুষের জন্য চরম বিপদের কারণ হয়ে দাঁড়িয়েছে। আবহাওয়াবিদদের তথ্যমতে, আগামী মঙ্গলবার (২৪ নভেম্বর) প্রথম ঝড়টি আঘাত হানবে, যার প্রভাবে ওয়াশিংটন অঙ্গরাজ্য থেকে শুরু করে উত্তর ক্যালিফোর্নিয়া পর্যন্ত বিস্তীর্ণ এলাকায় ভারী বৃষ্টিপাত হবে। ইতোমধ্যে পানিতে টইটম্বুর হয়ে থাকা ক্যালিফোর্নিয়ার মাটিতে নতুন এই বর্ষণ আকস্মিক বন্যার ঝুঁকি বহুগুণ বাড়িয়ে দেবে। বৃষ্টির পাশাপাশি প্রবল ঝোড়ো বাতাসের কারণে সিয়াটল-টাকোমা এবং সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রগুলোতে ফ্লাইট বিলম্ব ও বাতিলের বড় ধরনের আশঙ্কা দেখা দিয়েছে। সপ্তাহজুড়ে চলমান এই বৈরী আবহাওয়ায় সিয়েরা নেভাদা, ক্যাসকেডস এবং রকি পর্বতমালায় ভারী তুষারপাতের ফলে পার্বত্য মহাসড়কগুলোতে যান চলাচল প্রায় স্থবির হয়ে পড়তে পারে। স্থলভাগে ঝড়-বৃষ্টির পাশাপাশি প্রশান্ত মহাসাগরীয় উপকূলজুড়ে বড় ধরনের উদ্বেগ তৈরি করেছে চলতি সপ্তাহের মাঝামাঝি সময়ে সম্ভাব্য সর্বোচ্চ উচ্চতার জোয়ার বা ‘কিং টাইড’। এল নিনো পরিস্থিতি ও চন্দ্রচক্রের প্রভাবে এই জোয়ারের পানির উচ্চতা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি হয়ে উপকূলীয় নিচু এলাকায় জলোচ্ছ্বাস ও তীব্র সৈকত ভাঙন ঘটাতে পারে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ। সম্ভাব্য দুর্যোগ মোকাবিলায় উত্তর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো থেকে সান পাবলো বে পর্যন্ত আগামী বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পর্যন্ত উপকূলীয় বন্যার সতর্কতা (কোস্টাল ফ্লাড ওয়ার্নিং) জারি করা হয়েছে। এ ছাড়া দক্ষিণে লস অ্যাঞ্জেলেসের উত্তর অংশ থেকে সান দিয়েগো পর্যন্ত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত উপকূলীয় বন্যার পরামর্শক বার্তা কার্যকর থাকবে। থ্যাংকসগিভিংয়ের ছুটিতে যুক্তরাষ্ট্রজুড়ে লাখ লাখ মানুষ সড়ক ও আকাশপথে ভ্রমণের প্রস্তুতি নেওয়ায় এই দুর্যোগপূর্ণ আবহাওয়া দেশটির পরিবহন ব্যবস্থায় বড় ধরনের অচলাবস্থা তৈরি করতে পারে। তুষারপাত ও প্লাবিত সড়কের কারণে মহাসড়কে যানজট ও ধীরগতির পাশাপাশি বিমানবন্দরগুলোতে কম দৃশ্যমানতা এবং ঝোড়ো হাওয়ার প্রভাবে ফ্লাইট বিপর্যয়ের ঢেউ পশ্চিম উপকূল ছাড়িয়ে পুরো দেশে ছড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। বিশেষ করে সান ফ্রান্সিসকো আন্তর্জাতিক বিমানবন্দরে ২০২৬ সালে এখন পর্যন্ত আবহাওয়াজনিত কারণে প্রায় ১২ হাজার ৭০০টি ফ্লাইট বিলম্বিত হওয়ার পর নতুন এই ঝড় পরিস্থিতিকে আরও নাজুক করে তুলবে বলে আশঙ্কা করা হচ্ছে।
লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার
সম্মেলন শেষে বিমানবন্দরে আইসিইর হাতে আটক প্রিন্সটনের পিএইচডি শিক্ষার্থী
ফ্লোরিডায় গাড়িচাপায় বৃদ্ধার মৃ ত্যু, অভিযুক্ত ভেনেজুয়েলান অভিবাসীর বিরুদ্ধে মা মলা হচ্ছে না
নিউ ইয়র্কের ব্রুকলিনে স্পেশাল অফিসার পদে নিয়োগের জন্য ৯ ডিসেম্বর বুধবার একটি আয়োজন করছে এনওয়াইসি হেলথ প্লাস হসপিটালস। উডহাল হাসপাতালে অনুষ্ঠেয় এই আয়োজনে অংশ নিতে আগ্রহীদের আগে নিবন্ধন করতে হবে। পদটিতে শুরুর বার্ষিক বেতন ৪০ হাজার ৪৮০ ডলার। পাঁচ বছর পর তা বেড়ে হবে ৫৮ হাজার ৩৪৫ ডলার। হাসপাতালের ওয়েবসাইটে প্রকাশিত সময়সূচি অনুযায়ী, নিয়োগ আয়োজনের দুটি সেশন রয়েছে। প্রথমটি স্থানীয় সময় সকাল ১০টা থেকে ১১টা, দ্বিতীয়টি দুপুর ২টা থেকে ৩টা। আয়োজনের ঠিকানা ব্রুকলিনের ৭৬০ ব্রডওয়ে, নিউ ইয়র্ক ১১২০৬। সংস্থার ক্যারিয়ার পেজে ‘উডহাল স্পেশাল অফিসার রিক্রুটমেন্ট ইভেন্ট’ থেকে নিবন্ধন করা যাবে। আবেদনকারীর বয়স অন্তত ২০ বছর হতে হবে। শিক্ষাগত যোগ্যতা হিসেবে হাইস্কুল ডিপ্লোমা বা সমমানের জিইডি গ্রহণ করা হবে। যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব বাধ্যতামূলক। চাকরিতে থাকাকালে নিউ ইয়র্ক সিটির পাঁচটি বরোর যেকোনো একটিতে বসবাস করতে হবে। কিছু দায়িত্বের জন্য নিউ ইয়র্ক অঙ্গরাজ্যের বৈধ ড্রাইভার লাইসেন্সও লাগতে পারে। অস্ত্র শনাক্তকরণ ব্যবস্থার প্রশিক্ষণ শেষ করলে স্পেশাল অফিসাররা বছরে অতিরিক্ত ৫ হাজার ডলার পাবেন। চাকরির সুবিধার মধ্যে রয়েছে পেনশন ও অবসরকালীন সঞ্চয় পরিকল্পনা। সপ্তাহে অন্তত ২০ ঘণ্টা কাজের জন্য নিয়োগ পাওয়া কর্মীরা স্বাস্থ্যসুবিধা পাবেন। বেতনসহ ছুটি প্রযোজ্য শ্রমচুক্তি অনুযায়ী নির্ধারিত হবে। সূত্র: এনওয়াইসি হেলথ প্লাস হসপিটালস
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে উড্ডয়নের আগে খাঁচা থেকে পালাল বিড়াল, ফ্লোরিডাগামী ফ্লাইটে বিলম্ব
উপস্থাপনার গণ্ডি পেরিয়ে মানবসেবায় অপরাহ উইনফ্রে, তাঁর বৃত্তিতে স্নাতক প্রায় ৮০০ শিক্ষার্থী
যুক্তরাষ্ট্রের হিউস্টনে চলন্ত গাড়ি থেকে পড়ে যায় শিশু , চালকের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে প্রাতর্ভ্রমণ ও দৌড়ানোর সময় ২৮ বছর বয়সী এক তরুণীকে নৃশংসভাবে ছুরিকাঘাতে হত্যার দায় স্বীকার করেছেন নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) সাবেক এক কর্মকর্তা। ২৭ বছর বয়সী অভিযুক্ত ওই সাবেক কর্মকর্তার নাম সায়েদ মোহাসিব। বর্তমানে রাইকার্স আইল্যান্ড কারাগারে বন্দী থাকা অবস্থায় মার্কিন সংবাদমাধ্যম ‘নিউইয়র্ক পোস্ট’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি অকপটে এই হত্যাকাণ্ডের কথা স্বীকার করেন এবং দাবি করেন, ‘আল্লাহর নির্দেশেই’ তিনি ওই তরুণীকে হত্যা করেছেন। পুলিশ ও আদালত সূত্রে জানা গেছে, নিহত তরুণীর নাম কেটি সুয়ারেজ (২৮), যিনি পেশায় একজন ব্যাংক টেলার ছিলেন। আসন্ন নিউইয়র্ক সিটি ম্যারাথনের প্রস্তুতির অংশ হিসেবে গত ৩০ অক্টোবর ব্রুকলিনের বাথ বিচ এলাকার ওয়াটারফ্রন্ট ধরে দৌড়াচ্ছিলেন তিনি। সে সময় কোনো পূর্বপরিচয় বা উসকানি ছাড়াই তার ওপর অতর্কিত হামলা চালিয়ে ঘাড়ে দুবার ছুরিকাঘাত করা হয়। পরে কেটির বাবা রক্তাক্ত ও অচেতন অবস্থায় মেয়েকে উদ্ধার করেন। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা তাকে ‘ব্রেইন ডেড’ ঘোষণা করেন এবং তিন দিন লাইফ সাপোর্টে থাকার পর মৃত্যুর কোলে ঢলে পড়েন কেটি। ‘নিউইয়র্ক পোস্ট’-এর প্রতিবেদনে বলা হয়েছে, কারাগারে সাক্ষাৎকার দেওয়ার সময় সায়েদ মোহাসিবের মুখে এক ধরনের অস্বাভাবিক হাসি ও নির্বিকার অভিব্যক্তি দেখা যায়। তিনি জানান, ঘটনার দুই দিন আগে থেকেই নাকি তিনি এমন নির্দেশ পাচ্ছিলেন এবং ৩০ অক্টোবর বাড়ি থেকে ছুরি নিয়ে বেরিয়ে সামনে থাকা কেটিকে হত্যা করেন। হত্যাকাণ্ডের আট দিন পর অর্থাৎ ৭ নভেম্বর ব্রুকলিনের বেনসনহার্স্ট এলাকার নিজ বাসার সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। শুরুতে গোয়েন্দাদের কাছে হত্যার বিষয়টি অস্বীকার করলেও পরে তিনি দায় স্বীকার করে নেন। এমনকি নিহতের পরিবারের উদ্দেশে কোনো বার্তা আছে কি না জানতে চাইলে নির্বিকারভাবে ‘না’ বলে জানান, তিনি কেবল আদেশ পালন করেছেন। আদালতের নথিপত্র ও স্থানীয় সংবাদমাধ্যম ডব্লিউএবিসি-র তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডের পর মোহাসিব বাসায় ফিরে রক্তমাখা কাপড় ও ছুরিটি অ্যাপার্টমেন্টের বিপরীতে থাকা ময়লা ফেলার নালায় (গারবেজ শ্যুট) ফেলে দেন এবং রক্তের দাগ পরিষ্কার করেন। এরপর তিনি বাথ বিচের পিএস ২০০ এলিমেন্টারি স্কুলে প্যারাপ্রফেশনাল হিসেবে নিজের কর্মস্থলে যোগ দেন, যেখানে সহকর্মীরা তাকে অসংলগ্ন কথাবার্তা বলতে ও অস্বাভাবিক আচরণ করতে দেখেন। কেটির মরদেহ উদ্ধারের তিন দিন পর তাকে কেবল অন্তর্বাস পরা অবস্থায় বাসা থেকে বের হতেও দেখা গিয়েছিল। উল্লেখ্য, ২০২২ সালে মাত্র ছয় সপ্তাহ এনওয়াইপিডিতে কাজ করার পর তিনি মার্কিন মেরিন কোরে যোগ দেন, তবে মানসিকভাবে অযোগ্য বিবেচিত হওয়ায় সেখান থেকে তাকে বরখাস্ত করা হয়। তিন মাস পর তিনি আবারও এনওয়াইপিডিতে ফেরার চেষ্টা করলে অসংলগ্ন আচরণের কারণে তাকে বেলভিউ হাসপাতালে পাঠানো হয়েছিল। এর আগে ২০২৪ সালেও নিজ মা ও বোনকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল মোহাসিবের বিরুদ্ধে। তবে তার মা ফাতমা মোহাসিব ছেলের বিরুদ্ধে পরিবার বা প্রতিবেশীদের ওপর হামলার অভিযোগ অস্বীকার করলেও দীর্ঘদিন ধরে ছেলের গুরুতর মানসিক সমস্যার কথা স্বীকার করেছেন। তিনি জানান, সায়েদ একাধিকবার মানসিক হাসপাতালে ভর্তি ছিলেন এবং একটানা সর্বোচ্চ দুই মাস চিকিৎসাধীন ছিলেন। নিহত কেটির মা-বাবার প্রতি গভীর সমবেদনা জানিয়ে ফাতমা বলেন, তারা যেমন তাদের মেয়েকে হারিয়েছেন, তেমনি তিনিও তার ছেলেকে হারিয়েছেন। অন্যদিকে মেয়েকে হারিয়ে শোকে স্তব্ধ কেটির মা ইয়াসিরা সুয়ারেজ বলেন, এই ঘটনায় তাদের পুরো পরিবার ধ্বংস হয়ে গেছে। বর্তমানে সেকেন্ড-ডিগ্রি হত্যা মামলায় অভিযুক্ত সায়েদ মোহাসিবকে আগামী ৪ ডিসেম্বর আদালতে হাজির করার কথা রয়েছে।
ভার্জিনিয়ায় হামে আক্রান্ত শিশুর মৃত্যু, অঙ্গরাজ্যে এ বছরের প্রথম মৃত্যুর খবর দিল স্বাস্থ্য বিভাগ
যুক্তরাষ্ট্রের টেক্সাসে আইসিইর গুলিতে নিহত অভিবাসীর স্মরণে বিশেষ দিবস পালনের বিল প্রস্তাব

