ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ফ্লোরিডা, ২১ কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় টানা ভারী বৃষ্টি ও ভয়াবহ বন্যায় বিপর্যস্ত হয়ে পড়েছে বিভিন্ন এলাকা। পানিতে তলিয়ে গেছে ঘরবাড়ি, রাস্তাঘাট ও আবাসিক এলাকা। পরিস্থিতি সামাল দিতে রাজ্যের ২১টি কাউন্টিতে জরুরি অবস্থা জারি করেছেন গভর্নর রন ডিস্যান্টিস। নতুন করে সাতটি কাউন্টিকে জরুরি অবস্থার আওতায় আনার ফলে আরও প্রায় ৬৫ লাখ মানুষ সম্ভাব্য দুর্যোগের ঝুঁকিতে পড়েছেন। সব মিলিয়ে জরুরি অবস্থার আওতাভুক্ত এলাকাগুলোতে প্রায় ১ কোটি ১২ লাখ ৪০ হাজার মানুষের বসবাস।
ফ্লোরিডার গভর্নরের দপ্তর ও মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের তথ্য অনুযায়ী, গত ২ নভেম্বর প্রথমে সাতটি কাউন্টিতে জরুরি অবস্থা ঘোষণা করা হয়। সেগুলো হলো ব্রেভার্ড, ডেসোটো, হার্ডি, হাইল্যান্ডস, ইন্ডিয়ান রিভার, মার্টিন ও সেন্ট লুসি। পরে ৪ নভেম্বর আরও সাতটি কাউন্টিকে এই তালিকায় যুক্ত করা হয়। সেগুলো হলো গ্লেডস, হেন্ড্রি, লেক, ওকিচোবি, পাম বিচ, সেমিনোল ও ভলুসিয়া। বৃষ্টিপাত অব্যাহত থাকায় ধাপে ধাপে জরুরি অবস্থার পরিধি বাড়ানো হয়।
সর্বশেষ ১৮ নভেম্বর গভর্নরের স্বাক্ষরিত নির্বাহী আদেশে ব্রাওয়ার্ড, ডুভাল, ফ্ল্যাগলার, মায়ামি-ডেড, মনরো, পাটনাম ও সেন্ট জনস কাউন্টিকে অন্তর্ভুক্ত করা হয়েছে। এর ফলে রাজ্যের মোট ২১টি কাউন্টি জরুরি অবস্থার আওতায় এসেছে। মায়ামিসহ দক্ষিণ ফ্লোরিডার বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ শহরও এর অন্তর্ভুক্ত। বন্যার কারণে বিভিন্ন এলাকায় স্কুল, পার্ক, গ্রন্থাগার ও সরকারি ভবন বন্ধ রাখতে হয়েছে। অনেক সড়ক পানিতে ডুবে যাওয়ায় স্বাভাবিক যান চলাচল ব্যাহত হচ্ছে।
পরিস্থিতি বিশেষভাবে উদ্বেগজনক হয়ে উঠেছে দক্ষিণ ও মধ্য ফ্লোরিডায়। গভর্নরের নির্বাহী আদেশ অনুযায়ী, ১৭ নভেম্বর ব্রাওয়ার্ড কাউন্টির ফোর্ট লডারডেল, ডেভি ও হলিউডের বিভিন্ন এলাকায় মাত্র ১২ ঘণ্টায় ১০ ইঞ্চির বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়। পরবর্তী সময়েও ভারী বৃষ্টি অব্যাহত থাকায় বহু আবাসিক এলাকায় পানি জমে যায়। কোথাও গাড়ি পানিতে আটকা পড়ে, কোথাও বাসিন্দাদের বাড়ি ছাড়তে হয়। বৃষ্টিতে প্লাবিত এলাকা থেকে মানুষ ও পোষা প্রাণী উদ্ধারে কাজ করছেন জরুরি সেবাকর্মীরা।
২০ নভেম্বর সিবিএস নিউজের প্রতিবেদনে জানানো হয়েছে, মধ্য ফ্লোরিডার ব্রেভার্ড কাউন্টিতে শতাধিক মানুষকে বন্যার পানি থেকে উদ্ধার করা হয়েছে। শুধু কয়েকটি এলাকায় দুই দিনে দুই ফুটের বেশি বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। ব্রেভার্ড কাউন্টির শেরিফ ওয়েন আইভি জানিয়েছেন, ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও যানবাহনের ব্যাপক ক্ষয়ক্ষতি হলেও বৃহস্পতিবার পর্যন্ত ওই এলাকার বন্যায় প্রাণহানির খবর পাওয়া যায়নি। পাম বে শহরের কিছু এলাকায় বাধ্যতামূলকভাবে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য খোলা হয়েছে অস্থায়ী আশ্রয়কেন্দ্র।
বন্যার সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি তৈরি হয়েছে সেন্ট জনস নদীকে ঘিরে। ফ্লোরিডার দীর্ঘতম এই নদীর পানি কয়েক দশকের পুরোনো রেকর্ড ছাড়িয়ে গেছে। আবহাওয়াবিষয়ক প্রতিষ্ঠান অ্যাকুওয়েদারের তথ্য অনুযায়ী, কোকো শহরের কাছে শুক্রবার সকালে নদীর পানির উচ্চতা ১৮ দশমিক ৬৮ ফুটে পৌঁছায়। এর আগের রেকর্ড ছিল ১৯৫৩ সালের ১৭ দশমিক ৫৫ ফুট। নদীর পানি ধীরে নিষ্কাশিত হওয়ায় বন্যার প্রভাব কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত স্থায়ী হতে পারে। কিছু এলাকায় ২০২৭ সালের শুরুতেও জলাবদ্ধতা থেকে যাওয়ার আশঙ্কা করছেন আবহাওয়াবিদেরা।
যুক্তরাষ্ট্রের জাতীয় আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, ভারী বৃষ্টির প্রভাব ফ্লোরিডার আটলান্টিক উপকূল ধরে উত্তর দিকে ছড়িয়ে পড়ছে। শুক্রবার ও শনিবারের মধ্যে কোনো কোনো এলাকায় আরও ২ থেকে ৬ ইঞ্চি বৃষ্টি হতে পারে। স্থানীয়ভাবে বৃষ্টিপাত ৮ থেকে ১০ ইঞ্চি পর্যন্ত পৌঁছানোর আশঙ্কাও রয়েছে। আগে থেকেই পানিতে ডুবে থাকা এলাকায় নতুন বৃষ্টিপাত পরিস্থিতি আরও জটিল করে তুলতে পারে। বিশেষ করে নদীর তীরবর্তী নিচু এলাকাগুলোতে দীর্ঘস্থায়ী বন্যার ঝুঁকি রয়েছে।
পরিস্থিতি মোকাবিলায় রাজ্য প্রশাসন ব্যাপক উদ্ধার ও ত্রাণ কার্যক্রম শুরু করেছে। গভর্নর রন ডিস্যান্টিস জানিয়েছেন, ন্যাশনাল গার্ড ও স্টেট গার্ডের শত শত সদস্যের পাশাপাশি রাজ্য পুলিশের দুই শতাধিক কর্মকর্তা এবং বন্যপ্রাণী সংরক্ষণ বিভাগের ২৩৫ জন কর্মকর্তাকে কাজে লাগানো হয়েছে। উদ্ধার কার্যক্রমে পানির মধ্যে চলাচল উপযোগী গাড়ি, নৌকা ও বিশেষ সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে। পাশাপাশি ৭৫০টি পরিবহন বিভাগের কর্মীদলও ক্ষতিগ্রস্ত এলাকায় কাজ করছে। বন্যার পানি নিয়ন্ত্রণে প্রস্তুত রাখা হয়েছে ছয় হাজার ফুটের বেশি অস্থায়ী প্রতিরক্ষাব্যবস্থা এবং ৬০টি পাম্প।
গভর্নর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বিবৃতিতে জানিয়েছেন, ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে রাজ্য সরকার প্রয়োজনীয় সহায়তা দিচ্ছে। বন্যার পানি সরাতে দক্ষিণ ফ্লোরিডার পানি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জরুরি ভিত্তিতে পাম্প পরিচালনার অনুমতিও দিয়েছে। প্রয়োজনে অস্থায়ী আশ্রয়কেন্দ্র চালু, জরুরি বিদ্যুৎ সরবরাহ ও পানি নিষ্কাশনের অতিরিক্ত সরঞ্জাম পাঠানোর ব্যবস্থা রাখা হয়েছে। জরুরি অবস্থার আওতায় উদ্ধার ও পুনর্বাসন কার্যক্রম দ্রুত পরিচালনার বিশেষ প্রশাসনিক ক্ষমতাও দেওয়া হয়েছে সংশ্লিষ্ট কর্মকর্তাদের।
জরুরি আদেশের ফলে প্রয়োজন অনুযায়ী সড়ক বন্ধ, টোল মওকুফ এবং ত্রাণসামগ্রী পরিবহনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ শিথিল করার সুযোগ রয়েছে। নিয়মিত প্রয়োজনীয় ওষুধ ব্যবহারকারীদের জন্য জরুরি অবস্থায় ৩০ দিনের অতিরিক্ত ওষুধ সরবরাহের বিশেষ ব্যবস্থাও রাখা হয়েছে। প্রয়োজন হলে সরকারি ভবন ও বিদ্যালয়গুলোকে আশ্রয়কেন্দ্র হিসেবে ব্যবহার করা যাবে। গত ২ নভেম্বর জারি করা মূল আদেশের মেয়াদ ৬০ দিন। নতুন করে সময় বাড়ানো না হলে এটি ২০২৭ সালের ১ জানুয়ারি পর্যন্ত কার্যকর থাকবে।
আবহাওয়াবিদেরা সতর্ক করেছেন, বৃষ্টি কমে গেলেও বন্যার পানি দ্রুত নেমে যাওয়ার নিশ্চয়তা নেই। বিশেষ করে সেন্ট জনস নদীর আশপাশের জনপদগুলোতে দীর্ঘমেয়াদি জলাবদ্ধতা দেখা দিতে পারে। স্থানীয় প্রশাসন বাসিন্দাদের অপ্রয়োজনীয় যাতায়াত এড়িয়ে চলা, পানিতে ডুবে থাকা সড়কে গাড়ি না চালানো এবং সরকারি সতর্কবার্তা অনুসরণ করার আহ্বান জানিয়েছে। উদ্ধার কার্যক্রম চললেও অতিরিক্ত বৃষ্টিপাত ও নদীর পানি বৃদ্ধির কারণে ফ্লোরিডার বিভিন্ন এলাকায় বন্যার আশঙ্কা এখনো কাটেনি।
সংবাদসূত্র: ফ্লোরিডা গভর্নরের দপ্তর, অ্যাসোসিয়েটেড প্রেস।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটির ভ্রমণের ব্যস্ততার মধ্যেই সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে ওঠার সময় যাত্রীদের টেনেহিঁচড়ে গ্রেফতার করেছে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই)। গতকাল শনিবার (২১ নভেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে যাত্রা করার কথা থাকা ‘আলাস্কা এয়ারলাইন্স ফ্লাইট ১৩০৬’-এর বোর্ডিং চলাকালে জনাকীর্ণ জেট ব্রিজে এই নাটকীয় অভিযান চালানো হয়। আকস্মিক এই অভিযানের জেরে ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি এবং বিমানবন্দরে উপস্থিত সাধারণ যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, মুখোশ পরা এবং কোনো পরিচয়চিহ্নহীন জ্যাকেট ও খাকি প্যান্ট পরিহিত আইসিই কর্মকর্তারা অন্তত একজন নারীকে জেট ব্রিজের মেঝেতে চেপে ধরে আটক করার চেষ্টা করছেন। মাত্র কয়েক ফুট দূরে স্যুটকেস হাতে দাঁড়িয়ে থাকা হতভম্ব যাত্রীদের সামনে ওই নারী চিৎকার করে বলতে থাকেন যে তার বৈধ ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতিপত্র রয়েছে। তবুও কর্মকর্তারা বলপ্রয়োগ করে তাকে নিয়ন্ত্রণে নেন। অভিযানের বিষয়ে আইসিই কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করার অভিযোগে রিকার্ডো ল্যারোন্ডো মেন্ডোজা নামের এক মেক্সিকান নাগরিককে লক্ষ্য করে ওই অভিযান চালানো হয়েছিল। সংস্থাটির দাবি, অভিযানের সময় সোফিয়া হার্নান্দেজ মেজিয়া নামের অপর এক যাত্রী কর্মকর্তাদের লক্ষ্য করে গরম কফি ছুড়ে মারেন। আইসিই আরও জানায়, হার্নান্দেজ মেজিয়াও ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে অবৈধভাবে দেশে অবস্থান করছিলেন এবং ফেডারেল কর্মকর্তার ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হতে পারে। এদিকে এই ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে আলাস্কা এয়ারলাইন্স এবং বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা পোর্ট অব সিয়াটল। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক বিবৃতিতে আলাস্কা এয়ারলাইন্স জানায়, এই অভিযানের বিষয়ে আইসিই তাদের আগে থেকে কোনো তথ্য দেয়নি। ঘটনাটি কর্মী ও যাত্রীদের জন্য অত্যন্ত পীড়াদায়ক ছিল উল্লেখ করে সংস্থাটি জানায়, যথাযথ নিয়ম অনুসরণ করা হয়েছে কি না তা খতিয়ে দেখতে তারা পোর্ট অব সিয়াটলের সঙ্গে কাজ করছে এবং সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উদ্বেগ জানিয়েছে। পোর্ট অব সিয়াটলও আটক পরিবার ও সহযাত্রীদের জন্য ঘটনাটিকে দুঃখজনক বলে অভিহিত করেছে এবং এ বিষয়ে বিস্তারিত জানতে ফেডারেল কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছে। বিমানবন্দরের ভেতরে অভিবাসন সংস্থার এমন আগ্রাসী অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন ওয়াশিংটন অঙ্গরাজ্যের গভর্নর বব ফার্গুসন। কোনো কূটনৈতিক রাখঢাক না রেখেই তিনি ফেডারেল সংস্থাটির এই কৌশলকে ‘চরমভাবে আমেরিকান মূল্যবোধবিরোধী’ (ডিপলি আন-আমেরিকান) বলে আখ্যায়িত করেন এবং আইসিই সংস্থাটি বিলুপ্ত করার আহ্বান জানান।
সম্মেলন শেষে বিমানবন্দরে আইসিইর হাতে আটক প্রিন্সটনের পিএইচডি শিক্ষার্থী
ফ্লোরিডায় গাড়িচাপায় বৃদ্ধার মৃ ত্যু, অভিযুক্ত ভেনেজুয়েলান অভিবাসীর বিরুদ্ধে মা মলা হচ্ছে না
ব্রুকলিনের উডহাল হাসপাতালে স্পেশাল অফিসার নিয়োগ, শুরুতেই বেতন ৪০,৪৮০ ডলার
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন থেকে ফ্লোরিডার টাম্পাগামী একটি যাত্রীবাহী বিমানে উড্ডয়নের আগে অদ্ভুত ঘটনা ঘটেছে। যাত্রীর সঙ্গে থাকা একটি পোষা বিড়াল খাঁচা থেকে বেরিয়ে বিমানের কেবিনে ঘোরাঘুরি শুরু করে। পরিস্থিতি সামাল দিতে রানওয়ের দিকে এগিয়ে যাওয়া বিমানটি থামাতে হয়। এতে প্রায় ১৫ মিনিট বিলম্ব হলেও শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই গন্তব্যে পৌঁছায় ফ্লাইটটি। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটে। ডেল্টা এয়ারলাইনসের ফ্লাইট ২৭০৬ বোস্টন থেকে টাম্পার উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। বিমানটি ট্যাক্সিওয়ে দিয়ে রানওয়ের দিকে এগিয়ে যাওয়ার সময় একটি পোষা বিড়াল তার বহনযোগ্য খাঁচা থেকে বেরিয়ে পড়ে। বিড়ালটি কেবিনে ঘোরাঘুরি শুরু করলে বিমানের কর্মীরা সেটিকে ধরার চেষ্টা করেন। এ সময় পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে বিমানটি কিছুক্ষণের জন্য থামানোর অনুমতি চান। পাইলট জানান, বিমানের কেবিনে একটি পরিস্থিতি তৈরি হয়েছে। সেটি সামাল দিতে তাঁদের কিছু সময় প্রয়োজন। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বিমানটিকে নিরাপদ স্থানে অপেক্ষা করার নির্দেশ দেওয়া হয়। এরপর কর্মীরা বিড়ালটিকে ধরে আবার খাঁচায় ঢোকান। পরিস্থিতি স্বাভাবিক হলে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি ব্যাখ্যা করেন, একটি বিড়াল খাঁচা থেকে বেরিয়ে কেবিনে ঘোরাঘুরি করছিল। ঘটনার কথা শুনে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মকর্তা হাসতে হাসতে জানান, এমন পরিস্থিতি তাঁর কাছে নতুন। এরপর পাইলটকে শুভযাত্রা জানিয়ে মজা করে বিড়ালের ডাকের অনুকরণে ‘মিয়াও’ বলেন। পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের এই কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। ডেল্টা এয়ারলাইনস জানিয়েছে, বিড়ালটিকে নিরাপদে খাঁচায় ফেরানোর পর বিমানটি আবার রানওয়ের দিকে এগিয়ে যায় এবং স্বাভাবিকভাবে উড্ডয়ন করে। ঘটনার কারণে উড্ডয়নে সাময়িক বিলম্ব হলেও ফ্লাইটটি নির্ধারিত সময়েই ফ্লোরিডার টাম্পা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। তবে বিড়ালটি কীভাবে খাঁচা থেকে বেরিয়ে পড়েছিল কিংবা সেটিকে ধরতে ঠিক কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি বিমান সংস্থা। ডেল্টা এয়ারলাইনসের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ করে যাত্রীরা ছোট আকারের বিড়াল ও কুকুর বিমানের কেবিনে নিতে পারেন। তবে পুরো যাত্রায় পোষা প্রাণীকে অনুমোদিত খাঁচার ভেতরে রাখতে হয়। বিমানবন্দরে চেকইন, বিমানে ওঠা এবং ফ্লাইট চলাকালেও এই নিয়ম অনুসরণ করতে হয়। পোষা প্রাণীর খাঁচাটি সাধারণত যাত্রীর সামনের আসনের নিচে রাখার উপযোগী হতে হবে। বিমান সংস্থাটি জানিয়েছে, যাত্রী ও পোষা প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতেই এসব নিয়ম রয়েছে। বোস্টনের ঘটনাটিতে কোনো যাত্রী বা প্রাণীর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। সাময়িক এই বিপত্তি কাটিয়ে স্বাভাবিকভাবেই যাত্রা শেষ করেছে বিমানটি। সংবাদসূত্র ডব্লিউসিভিবি, ডেল্টা এয়ারলাইনস
উপস্থাপনার গণ্ডি পেরিয়ে মানবসেবায় অপরাহ উইনফ্রে, তাঁর বৃত্তিতে স্নাতক প্রায় ৮০০ শিক্ষার্থী
যুক্তরাষ্ট্রের হিউস্টনে চলন্ত গাড়ি থেকে পড়ে যায় শিশু , চালকের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ
‘আল্লাহর নির্দেশে’ ২৮ বছর বয়সী তরুণীকে হ ত্যা, কারাগারে বসে দায় স্বীকার সাবেক এনওয়াইপিডি কর্মকর্তার
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হাম শনাক্ত হওয়ার পর পাঁচ বছরের কম বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) ভার্জিনিয়ার স্বাস্থ্য বিভাগ জানায়, ২০২৬ সালে অঙ্গরাজ্যটিতে হামের সঙ্গে সংশ্লিষ্ট মৃত্যুর এটিই প্রথম ঘটনা। পরিবারের গোপনীয়তা রক্ষায় শিশুটির বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করেনি স্বাস্থ্য বিভাগ। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়, চলতি বছর ভার্জিনিয়ায় ২২০ জনের হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের বেশির ভাগই অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলের বাসিন্দা। অধিকাংশ আক্রান্ত ব্যক্তি হামের টিকা নেননি। এপির হিসাবে, চলতি বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য হামের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ১২টি মৃত্যুর কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) হিসাবে, ১৯ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে ৫ হাজার ৮৩৮ জনের হাম শনাক্ত হয়েছে। এপি জানিয়েছে, ১৯৯১ সালের পর যুক্তরাষ্ট্রে এক বছরে এত বেশি রোগী শনাক্ত হয়নি। এর আগে ১৭ নভেম্বর প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন জানায়, সংক্রমণ আবার ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও বলিভিয়া হাম নির্মূলের স্বীকৃতি হারিয়েছে। ভার্জিনিয়ার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম থেকে নিউমোনিয়া ও মস্তিষ্কে প্রদাহের মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে। পাঁচ বছরের কম বয়সী শিশু, গর্ভবতী নারী এবং রোগ প্রতিরোধক্ষমতা কম এমন ব্যক্তিদের ঝুঁকি বেশি। হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধের এমএমআর টিকার দুই ডোজ হাম ঠেকাতে প্রায় ৯৭ শতাংশ কার্যকর। জ্বরের সঙ্গে শরীরে ফুসকুড়ি দেখা দিলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে বলেছে স্বাস্থ্য বিভাগ। বিশেষ করে হামে আক্রান্ত কারও সংস্পর্শে এলে বা টিকা নেওয়া না থাকলে ক্লিনিক কিংবা হাসপাতালে যাওয়ার আগে ফোন করে জানাতে বলা হয়েছে, যাতে অন্যদের মধ্যে সংক্রমণ ঠেকাতে আগেই ব্যবস্থা নেওয়া যায়। সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস
যুক্তরাষ্ট্রের টেক্সাসে আইসিইর গুলিতে নিহত অভিবাসীর স্মরণে বিশেষ দিবস পালনের বিল প্রস্তাব
যুক্তরাষ্ট্রের মিশিগানে রোগীদের তথ্য চুরি করে প্রায় ১৭ লাখ ডলার প্রতারণা, নার্সের ৪ বছরের কারাদণ্ড

