রাশিয়ার হুমকির মুখে সম্ভাব্য যু দ্ধের প্রস্তুতি, ১ লাখ সাবেক সেনাকে চিঠি পাঠাল যুক্তরাজ্য
রাশিয়ার সম্ভাব্য সামরিক হুমকি ও ইউরোপজুড়ে ক্রমবর্ধমান নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় প্রায় ১ লাখ সাবেক রিজার্ভ সেনা (স্ট্র্যাটেজিক রিজার্ভিস্ট) এবং সদ্য অবসরপ্রাপ্ত সামরিক সদস্যকে সম্ভাব্য তলবের জন্য প্রস্তুত থাকার নির্দেশনা দিয়ে চিঠি পাঠিয়েছে যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়।
ব্রিটিশ দৈনিক দ্য টাইমস ও দ্য টেলিগ্রাফ-এর প্রতিবেদনে জানা গেছে, ব্রিটিশ সেনাবাহিনী, রয়্যাল নেভি এবং রয়্যাল এয়ার ফোর্সের প্রধানদের স্বাক্ষরিত এই চিঠিগুলো স্নায়ুযুদ্ধের (কোল্ড ওয়ার) পর প্রথমবারের মতো পাঠানো হলো। গতকাল বৃহস্পতিবার (২৬ নভেম্বর) স্কাই নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং এই উদ্যোগের বিষয়টি নিশ্চিত করে একে ক্রমবর্ধমান নিরাপত্তা হুমকির মুখে একটি ‘প্রয়োজনীয় ও যৌক্তিক সতর্কতা’ হিসেবে অভিহিত করেছেন।
প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের প্রতিরোধ সক্ষমতা জোরদার করা এবং সম্ভাব্য সংঘাতের ঝুঁকি কমানোর অংশ হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে এর অর্থ এই নয় যে এখনই ওই সেনাদের জরুরি ভিত্তিতে যুদ্ধে তলব করা হচ্ছে।
চিঠিতে সাবেক সামরিক সদস্যদের বর্তমান যোগাযোগের ঠিকানা, বর্তমান পেশা এবং বেসামরিক কর্মক্ষেত্রের বিশেষ দক্ষতার তথ্য (যেমন—সাইবার নিরাপত্তা, অবকাঠামো, চিকিৎসা, যোগাযোগ ও লজিস্টিকস) হালনাগাদ করতে বলা হয়েছে। পাশাপাশি ২০২৭ সালের বসন্তে অনুষ্ঠিতব্য ন্যাটোর বড় সামরিক মহড়া ‘স্টিডফাস্ট ডিফেন্ডার’ (Steadfast Defender)-সহ বিভিন্ন প্রশিক্ষণে স্বেচ্ছাসেবী হিসেবে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে, যেখানে প্রায় ১ হাজার রিজার্ভ সেনাকে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।
যুক্তরাজ্য সরকারের আশঙ্কা, রাশিয়া আগের তুলনায় অনেক বেশি ঝুঁকি নিতে প্রস্তুত এবং ইউরোপজুড়ে নাশকতা, ড্রোন অনুপ্রবেশ ও সাইবার হামলার মতো ‘হাইব্রিড অভিযান’ জোরদার করছে। গত ৪ নভেম্বর প্রকাশিত হাউস অব কমন্সের লাইব্রেরি ব্রিফিংয়েও সরকারি হুমকি মূল্যায়নের বরাত দিয়ে এ উদ্বেগের কথা তুলে ধরা হয়।
এর আগে গত মাসে দ্য টেলিগ্রাফ-এ প্রকাশিত এক নিবন্ধে প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং সতর্ক করে বলেছিলেন, ২০৩০ সালের মধ্যে যুক্তরাজ্যের প্রতিপক্ষরা বড় হামলার জন্য প্রস্তুত হয়ে যেতে পারে এবং যুক্তরাজ্য ও ন্যাটোর হাতে প্রস্তুতি নেওয়ার জন্য ‘এক হাজার দিনের কিছু বেশি’ সময় রয়েছে। যুদ্ধ করে জয়ী হওয়ার প্রস্তুতিই তাঁর প্রধান অগ্রাধিকার উল্লেখ করে স্ট্রিটিং বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) ব্যবহার সাইবার হামলা চালানো আরও সহজ করে তুলেছে এবং ‘গ্রে জোন হুমকি’র মতো শব্দ ব্যবহার করে প্রকৃত বিপদকে ছোট করে দেখানো উচিত নয়।
সামরিক বাহিনীর প্রস্তুতির পাশাপাশি সাধারণ নাগরিকদেরও জরুরি পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত করতে ‘বি রেডি’ (Be Ready) প্রচারণা শুরু করেছে যুক্তরাজ্য সরকার, যেখানে নাগরিকদের অন্তত তিন দিনের খাবার, পানি ও প্রয়োজনীয় সামগ্রী মজুত রাখার পরামর্শ দেওয়া হয়েছে।
একইসঙ্গে ২০৩৫ সালের মধ্যে প্রতিরক্ষা খাতে জিডিপির ৩ দশমিক ৫ শতাংশ ব্যয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণের পাশাপাশি প্রস্তাবিত নতুন ‘আর্মড ফোর্সেস বিল’-এর মাধ্যমে অবসরপ্রাপ্ত সদস্যদের পুনরায় তলবের বয়সসীমা ৫৫ থেকে বাড়িয়ে ৬৫ বছর করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া ন্যাটোর ‘আর্টিকেল-৩’ অনুযায়ী জোটের সদস্য দেশগুলোকে সশস্ত্র আক্রমণ প্রতিরোধে নিজস্ব সক্ষমতা বজায় রাখার বাধ্যবাধকতা পূরণেও বিশেষ গুরুত্ব দিচ্ছে লন্ডন।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreপপ তারকা কেটি পেরি এবং কানাডার সাবেক প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো ইউরোপে এক বিলাসবহুল রাতের ট্রেন ভ্রমণ উপভোগ করেছেন, যার ব্যয় এক লাখ মার্কিন ডলারেরও বেশি বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে। ফ্রান্সের প্যারিস থেকে ইতালির ভেনিস পর্যন্ত বিশ্বখ্যাত বিলাসবহুল ট্রেন ‘ভেনিস সিম্পলন-ওরিয়েন্ট-এক্সপ্রেস’-এ তারা এই যাত্রা করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টাইমসের তথ্য অনুযায়ী, এই বিশেষ যাত্রায় একমুখী টিকিটের খরচ পড়েছে প্রায় এক লাখ পাঁচ হাজার ডলার বা ৮০ হাজার পাউন্ডের কাছাকাছি। এই ভ্রমণে ৪২ বছর বয়সী কেটি পেরি এবং ৫৪ বছর বয়সী জাস্টিন ট্রুডো ট্রেনটির অন্যতম অভিজাত ব্যক্তিগত কোচ ‘ল’অবজারভেটোয়ার’ বেছে নেন। বিশেষভাবে নকশা করা এই ব্যক্তিগত কামরায় রয়েছে আকাশ দেখার সুবিধাসম্পন্ন শয়নকক্ষ, ভিনাইল রেকর্ডের সংগ্রহসহ লাউঞ্জ ও ডাইনিং স্পেস, মার্বেল পাথরের বাথরুম, একটি গোপন লাইব্রেরি এবং নিরিবিলি টি-রুম। পাশাপাশি ২৪ ঘণ্টার ব্যক্তিগত স্টুয়ার্ড, কক্ষের ভেতরেই বিশেষ খাবার ও শ্যাম্পেইনের ব্যবস্থা এবং স্টেশনে যাতায়াতের জন্য ব্যক্তিগত পরিবহন সুবিধাও অন্তর্ভুক্ত ছিল। ইনস্টাগ্রামে শেয়ার করা ছবিতে পেরিকে ট্রেনের চলমান দৃশ্যের পাশে বাথটাবে সময় কাটাতে এবং ট্রুডোর সঙ্গে তাস ও বোর্ড গেম খেলতে দেখা গেছে। ভ্রমণে দুজনের পোশাকেও ছিল আভিজাত্যের ছাপ; শ্যাম্পেইন রঙের সিল্ক ও লেসের পোশাকে পেরি তার নতুন ‘বব’ হেয়ারস্টাইলের ইউরোপীয় আত্মপ্রকাশের কথা উল্লেখ করেন, আর ট্রুডোকে দেখা যায় সাদা টাক্সিডোতে। এর আগে বার্সেলোনায় এক সম্মেলনে যোগ দেওয়া এবং প্যারিসে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে তোলা সেলফিও তাদের এই ইউরোপ সফরের অংশ হিসেবে আলোচনায় এসেছে। উল্লেখ্য, ২০২৫ সালের জুলাইয়ে মন্ট্রিয়লে পেরির কনসার্টের সময় থেকেই তাদের ঘনিষ্ঠতা নিয়ে গুঞ্জন শুরু হয় এবং পরবর্তীতে ক্যালিফোর্নিয়া উপকূলে ইয়টে ও প্যারিসে জন্মদিন উদযাপনের মাধ্যমে তাদের সম্পর্ক প্রকাশ্যে আসে।
কানাডায় সরকারি চাকরি করতে হলে মুসলিম নারীদের ছাড়তে হবে হিজাব, সুপ্রিম কোর্টে নিষেধাজ্ঞা বহাল
চীনে পরীক্ষার হলে নকল ঠেকাতে কাঁচের ছাদ থেকে পরীক্ষার্থীদের ওপর নজরদারি করছেন পরিদর্শক
মার্কিন প্রযুক্তি জায়ান্টদের বিরুদ্ধে নতুন হুমকি, স্পেসএক্স-অ্যামাজনে হা মলার এআই ভিডিও ইরানের
কানাডার টরন্টোর বাংলাদেশি অধ্যুষিত বাংলা টাউনে দিনের বেলায় একটি বাংলাদেশি মালিকানাধীন ব্যবসাপ্রতিষ্ঠানে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডেনফোর্থ এলাকার মেট্রো প্লাজায় অবস্থিত ‘ডিভাইস স্পট’ নামের দোকানটিতে চার সদস্যের একটি ডাকাত দল হানা দিয়ে মাত্র দেড় মিনিটের মধ্যে মোবাইল ফোনসহ বিভিন্ন মূল্যবান মালামাল লুট করে নিয়ে গেছে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, ব্যস্ত বাণিজ্যিক এলাকায় প্রকাশ্য দিবালোকে এই ডাকাতির ঘটনা ঘটে। অল্প সময়ের মধ্যেই দোকানের মূল্যবান সামগ্রী নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। এতে প্রতিষ্ঠানটির উল্লেখযোগ্য আর্থিক ক্ষতি হয়েছে বলে জানা গেছে।ডাকাতির ঘটনাটি স্থানীয় বাংলাদেশি ব্যবসায়ী ও প্রবাসী কমিউনিটির মধ্যে উদ্বেগ তৈরি করেছে। বিশেষ করে টরন্টোর বাংলা টাউনের মতো পরিচিত ও ব্যস্ত এলাকায় দিনের বেলায় এমন ঘটনা ব্যবসাপ্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। ডেনফোর্থ অ্যাভিনিউয়ের বাংলা টাউন দীর্ঘদিন ধরে টরন্টোর বাংলাদেশি অভিবাসীদের ব্যবসা-বাণিজ্য, কেনাকাটা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের অন্যতম কেন্দ্র। এখানে বাংলাদেশি মালিকানাধীন অসংখ্য ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। ফলে এ ধরনের ঘটনা স্থানীয় ব্যবসায়ী ও ক্রেতাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়াতে পারে।তবে এ ঘটনায় টরন্টো পুলিশের আনুষ্ঠানিক বক্তব্য, সন্দেহভাজনদের পরিচয় কিংবা কাউকে গ্রেপ্তারের বিষয়ে এখনো নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি। ডাকাতির ঘটনায় লুট হওয়া মালামালের মোট মূল্যও জানা যায়নি। সূত্র : টরন্টো.সিটি নিউজ 871-এসএ
ফরাসি পুলিশের টিয়ারগ্যাসে রক্তপাত ও গর্ভপাতের শিকার হাজারো নারী ও কিশোরী
যুদ্ধের আগাম প্রস্তুতিতে বড় ধাক্কা, অর্ধেক রিজার্ভ সেনার খোঁজই পাচ্ছে না যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়!
ভারতের বিহারে বিধায়কের মেয়ের বিয়ে ঘিরে মহা আয়োজন: ১৫০ পদের ভোজ,অতিথি পাঁচ লাখ
জার্মানিতে উচ্চশিক্ষা বা কারিগরি প্রশিক্ষণ শেষ করা বিদেশি শিক্ষার্থীদের জন্য স্থায়ীভাবে বসবাসের সুযোগ রয়েছে। দেশটিতে পড়াশোনা শেষে দক্ষ কর্মী হিসেবে অন্তত দুই বছর কাজ এবং নির্দিষ্ট কিছু শর্ত পূরণ করতে পারলে স্থায়ী বসবাসের অনুমতি বা সেটেলমেন্ট পারমিটের জন্য আবেদন করা যায়। জার্মানির অভিবাসন আইনের ১৮সি ধারায় এ বিশেষ সুবিধার বিধান রয়েছে। জার্মানির সরকারি দক্ষ কর্মী বিষয়ক ওয়েবসাইট ‘মেক ইট ইন জার্মানি’তে প্রকাশিত তথ্য অনুযায়ী, দেশটিতে উচ্চশিক্ষা অথবা স্বীকৃত কারিগরি প্রশিক্ষণ সফলভাবে শেষ করা বিদেশিদের জন্য স্থায়ী বসবাসের ক্ষেত্রে অপেক্ষার সময় তুলনামূলক কম। তবে শুধু পড়াশোনা শেষ করলেই স্থায়ী বসবাসের অনুমতি পাওয়া যাবে না। সংশ্লিষ্ট শর্তগুলো পূরণ করতে হবে। স্থায়ী বসবাসের জন্য পাঁচটি প্রধান শর্ত ১. দুই বছর দক্ষ কর্মী হিসেবে কাজ: আবেদনকারীকে জার্মানির দক্ষ কর্মী হিসেবে কাজের অনুমতিসহ (রেসিডেন্স পারমিট) অন্তত দুই বছর থাকতে হবে। এ ক্ষেত্রে অভিবাসন আইনের ১৮এ, ১৮বি, ১৮ডি অথবা ১৮জি ধারার আওতাভুক্ত অনুমতি থাকতে হবে। ২. অনুমোদিত পেশায় কর্মরত থাকা: আবেদনকারীকে এমন একটি চাকরিতে নিয়োজিত থাকতে হবে, যা তাঁর বর্তমান রেসিডেন্স পারমিটের আওতায় অনুমোদিত। ৩. ২৪ মাস পেনশন অবদান: জার্মানির সরকারি পেনশন বিমা ব্যবস্থায় অন্তত ২৪ মাসের অবদান থাকতে হবে। ৪. জার্মান ভাষায় দক্ষতা: ইউরোপীয় ভাষাগত দক্ষতার মানদণ্ড অনুযায়ী জার্মান ভাষায় অন্তত বি১ পর্যায়ের দক্ষতা থাকতে হবে। পাশাপাশি দেশটির আইন, সামাজিক ব্যবস্থা ও জীবনযাপন সম্পর্কে প্রাথমিক জ্ঞান থাকতে হবে। সাধারণত ‘লিভিং ইন জার্মানি’ পরীক্ষার মাধ্যমে এ জ্ঞান যাচাই করা হয়। ৫. পর্যাপ্ত আবাসন: আবেদনকারীকে নিজের এবং পরিবারের সদস্যদের বসবাসের জন্য পর্যাপ্ত আবাসনের প্রমাণ দিতে হবে। পড়াশোনা শেষে চাকরি খোঁজার সুযোগ জার্মানিতে পড়াশোনা শেষ করার পর বিদেশি শিক্ষার্থীরা যোগ্যতাসম্পন্ন চাকরি খোঁজার জন্য সর্বোচ্চ ১৮ মাসের রেসিডেন্স পারমিট পেতে পারেন। এ সময়ে তাঁরা যেকোনো ধরনের কাজ করার সুযোগ পান। তবে এ সুবিধার জন্য পড়াশোনা শেষ করার প্রমাণ, স্বাস্থ্যবিমা এবং নিজের জীবনযাত্রার ব্যয় বহনের সক্ষমতা দেখাতে হয়।এদিকে, পাঁচটি শর্তের পাশাপাশি আবেদনকারীর আর্থিক সক্ষমতা, স্বাস্থ্যবিমা এবং অপরাধসংক্রান্ত রেকর্ডের মতো সাধারণ আইনি বিষয়ও যাচাই হতে পারে। বার্লিনের সরকারি আবেদন নির্দেশিকায় এসব বিষয় আলাদাভাবে উল্লেখ করা হয়েছে। আবেদন করতে হবে সংশ্লিষ্ট এলাকার বিদেশি নাগরিকবিষয়ক দপ্তরে। উল্লেখ্য, সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টিকে জার্মানির নতুন ঘোষণা হিসেবে উপস্থাপন করা হলেও এটি নতুন কোনো অভিবাসন আইন নয়। জার্মানির বিদ্যমান অভিবাসন আইনে দেশটিতে পড়াশোনা বা কারিগরি প্রশিক্ষণ শেষ করা দক্ষ কর্মীদের জন্য এ বিশেষ সুবিধা আগে থেকেই রয়েছে। সংবাদ সূত্র German Residence Act, Berlin Service Portal ৮৭৬টিআর
তিরুপতি মন্দিরে ১২১ কেজি সোনা দান, ২০৮ কোটি রুপির উপহারে চমকে দিলেন দম্পতি
কুইবেকে হিজাব নিষিদ্ধের আইনে সুপ্রিম কোর্টের রায় আজ, ঝুঁকিতে জাতীয় ঐক্য

