সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

এক আলোক-দিন দূরে পৌঁছানোর পর বিপাকে নাসার ভয়েজার-১, বন্ধ তথ্য পাঠানো

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ১১:৩৫
এক আলোক-দিবস দূরত্বের মাইলফলক স্পর্শের ঠিক পাঁচ দিন আগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল নাসার ভয়েজার-১। ছবি: সংগৃহীত
এক আলোক-দিবস দূরত্বের মাইলফলক স্পর্শের ঠিক পাঁচ দিন আগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল নাসার ভয়েজার-১। ছবি: সংগৃহীত

পৃথিবী থেকে এক আলোক-দিবস দূরে পৌঁছানোর ঐতিহাসিক মাইলফলক স্পর্শের ঠিক আগমুহূর্তে আবারও যোগাযোগ বিভ্রাটের মুখে পড়েছে মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসার বয়োজ্যেষ্ঠ মহাকাশযান ভয়েজার-১। মানুষের তৈরি প্রথম কোনো বস্তু হিসেবে এই অনন্য উচ্চতায় পৌঁছানোর ঠিক পাঁচ দিন আগেই যানটি থেকে বৈজ্ঞানিক ও প্রকৌশলগত তথ্য আসা বন্ধ হয়ে গেছে।

 

নাসা জানিয়েছে, বর্তমানে গভীর মহাকাশে অবস্থানরত এই যানটি কেবল একটি শূন্য ‘ক্যারিয়ার সিগন্যাল’ বা নিরবচ্ছিন্ন রেডিও সংকেত পাঠাচ্ছে। সাধারণত এই সংকেতের ভেতরেই মহাকাশযানটির বিভিন্ন যন্ত্রের সংগৃহীত তথ্য যুক্ত থাকে। কিন্তু গত ১৪ নভেম্বর থেকে সেই তথ্য প্রবাহ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

 

আলোর গতিতে চলা কোনো রেডিও সংকেত পৃথিবী থেকে কোনো মহাকাশযানে পৌঁছাতে ২৪ ঘণ্টা সময় নিলে সেই দূরত্বকে ‘এক আলোক-দিবস’ বলা হয়, যা প্রায় ২ হাজার ৬০০ কোটি কিলোমিটার (১ হাজার ৬০০ কোটি মাইল) সমান। ভয়েজার প্রকৌশলীরা মহাকাশযানটির গতিপথ ও ক্যারিয়ার সিগন্যাল বিশ্লেষণ করে নিশ্চিত হয়েছেন যে, এটি ইতিমধ্যে সেই ঐতিহাসিক দূরত্ব অতিক্রম করেছে। তবে ১৯৭৭ সালের সেপ্টেম্বরে উৎক্ষেপণ করা ৪৯ বছর বয়সী এই মহাকাশযানটির বর্তমান অবস্থা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়েছে।

 

নাসার তথ্যমতে, ক্যারিয়ার সিগন্যাল সচল থাকার অর্থ হলো ভয়েজার-১-এর নেভিগেশন কম্পিউটার এখনো যানটিকে সঠিকভাবে পৃথিবীর দিকে মুখ করে রেখেছে এবং এর অ্যান্টেনা ও সম্প্রচার যন্ত্রপাতি কাজ করছে। তবে তথ্য না আসার বিষয়টি ইঙ্গিত দিচ্ছে যে, বৈজ্ঞানিক যন্ত্রপাতি থেকে তথ্য সংগ্রহকারী অনবোর্ড কম্পিউটারটিতে কোনো ত্রুটি দেখা দিয়েছে। বিদ্যুৎ সাশ্রয়ের জন্য যানটির ১০টি বৈজ্ঞানিক যন্ত্রের মধ্যে ৮টি আগেই বন্ধ করে দেওয়া হয়েছিল; বর্তমানে কেবল ২টি যন্ত্র সচল রয়েছে।

 

ভয়েজার-১ দলের প্রকৌশলীরা সমস্যাটি সমাধানের চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে বিশাল দূরত্বের কারণে এই কাজ অত্যন্ত ধীরগতিতে এগোচ্ছে। কারণ, পৃথিবী থেকে পাঠানো যেকোনো নির্দেশ যানটিতে পৌঁছাতে ২৪ ঘণ্টা সময় লাগে এবং সেখান থেকে ফিরতি সংকেত আসতে আরও ২৪ ঘণ্টা লেগে যায়। নাসার জেট প্রপালশন ল্যাবরেটরির একজন মুখপাত্র জানিয়েছেন, সমস্যাটি এখনো সমাধান হয়নি এবং এ বিষয়ে বিস্তারিত তথ্য দিতে তিনি অপারগতা প্রকাশ করেছেন।

 

উল্লেখ্য, ঠিক তিন বছর আগে ২০২৩ সালের ১৪ নভেম্বরেও একই ধরনের বিভ্রাটে পড়েছিল ভয়েজার-১। সে সময় যানটির তিনটি অনবোর্ড কম্পিউটারের একটি—‘ফ্লাইট ডেটা সাবসিস্টেম’ বা এফডিএস-এর একটি চিপ নষ্ট হয়ে যাওয়ায় তথ্য পাঠানো বন্ধ হয়ে গিয়েছিল। পরবর্তীতে প্রকৌশলীরা কোড বিভক্ত করে বিকল্প উপায়ে যানটিকে সচল করেছিলেন। এবারও সেই একই কম্পিউটারে সমস্যা হয়েছে কি না, তা এখনো নিশ্চিত করেনি নাসা।

 

এর আগে গত অক্টোবরের শেষ দিকেও ভয়েজার-১ টানা দুই দিন পৃথিবীর সঙ্গে সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন ছিল। যদিও পরে তা নিজে থেকেই ঠিক হয়ে যায়। তবে ঘনঘন এমন যান্ত্রিক ত্রুটি প্রমাণ করছে যে, নির্ধারিত আয়ুষ্কালের চেয়ে ১০ গুণেরও বেশি সময় ধরে মহাকাশে টিকে থাকা এই যানটি এখন বোনাস সময়ে চলছে।

 

মূলত বৃহস্পতি ও শনি গ্রহ পর্যবেক্ষণের জন্য পাঁচ বছর মেয়াদি মিশন নিয়ে ১৯৭৭ সালে যাত্রা শুরু করেছিল ভয়েজার-১ ও এর যমজ যান ভয়েজার-২। বর্তমানে উভয় যানই সৌরজগতের সীমানা পেরিয়ে আন্তঃনাক্ষত্রিক মহাকাশ বা ইন্টারস্টেলার স্পেস নিয়ে গবেষণা করছে।

 

সূত্র: সিএনএন

 

873 ডিএন


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
নভোচারী মুহাম্মদ জিশান আলী I গ্রাফিক্স: আমেরিকা বাংলা
চীনের তিয়ানগং মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী পাকিস্তানের মুহাম্মদ জিশান

দেশের ইতিহাসে প্রথম কোনো নভোচারীকে মহাকাশে পাঠিয়ে নতুন মাইলফলক স্পর্শ করল পাকিস্তান। গতকাল বুধবার (২৫ নভেম্বর) ভোরে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে দুই চীনা নভোচারীর সঙ্গে ‘শেনঝো-২৪’ (Shenzhou-24) মহাকাশযানে চড়ে মহাকাশে পাড়ি জমান ৪০ বছর বয়সী পাকিস্তানি নভোচারী মুহাম্মদ জিশান আলী।   উৎক্ষেপণের প্রায় সাড়ে তিন ঘণ্টা পর মহাকাশযানটি সফলভাবে চীনের ‘তিয়ানগং’ (Tiangong) মহাকাশ স্টেশনের সঙ্গে যুক্ত হয়। এর মধ্য দিয়ে প্রথম পাকিস্তানি নাগরিক হিসেবে মহাকাশে যাওয়ার পাশাপাশি চীনের নিজস্ব মহাকাশ স্টেশনে পদার্পণকারী বিশ্বের প্রথম বিদেশি নভোচারী হিসেবেও ইতিহাস গড়লেন তিনি।   পাকিস্তান বিমানবাহিনীর সাবেক এই পাইলট শেনঝো-২৪ মিশনে ‘পেলোড স্পেশালিস্ট’ হিসেবে দায়িত্ব পালন করছেন, যেখানে তাঁর সহযাত্রী হিসেবে রয়েছেন চীনা মিশন কমান্ডার তাং হংবো এবং ফ্লাইট ইঞ্জিনিয়ার উ ই। মহাকাশ স্টেশনে পৌঁছানোর পর চীনা নভোচারীরা তাঁকে উষ্ণ ‘স্পেস হ্যান্ডশেক’-এর মাধ্যমে স্বাগত জানান। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ইসলামাবাদে চীন ও পাকিস্তানের মধ্যে স্বাক্ষরিত মহাকাশ সহযোগিতা চুক্তির আওতায় এই ঐতিহাসিক যাত্রা সম্ভব হয়েছে।   এই অভিযানের প্রস্তুতির জন্য জিশান আলী বেইজিংয়ে টানা সাত মাস কঠোর প্রশিক্ষণ গ্রহণ করেন এবং নিবিড়ভাবে মান্দারিন (চীনা) ভাষা রপ্ত করেন; এমনকি উৎক্ষেপণের আগের দিন সংবাদ সম্মেলনে তিনি ধ্রুপদী চীনা কবিতার পঙ্‌ক্তিও আবৃত্তি করেন।   তিয়ানগং মহাকাশ স্টেশনের নিয়মিত নভোচারীরা সাধারণত ছয় মাস অবস্থান করলেও মুহাম্মদ জিশান আলী সেখানে প্রায় এক সপ্তাহ (পাঁচ থেকে ১০ দিন) অবস্থান করবেন। এই স্বল্পকালীন অবস্থানে তিনি কোনো মহাকাশ পর্যটক হিসেবে নয়, বরং একজন বিজ্ঞানী হিসেবে খাদ্য ও জলবায়ু পরিবর্তন সংক্রান্ত চারটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা পরিচালনা করবেন। এর মধ্যে রয়েছে বিকল্প খাদ্য উৎস হিসেবে মহাকাশে ক্ষুদ্র শৈবাল বা মাইক্রোঅ্যালগি চাষের পরীক্ষা এবং কিনোয়া (Quinoa) বীজের ওপর মহাকাশ যাত্রার প্রভাব পর্যবেক্ষণ।   পাকিস্তানের প্রথম নভোচারীর এই সফল উৎক্ষেপণ ঘিরে দেশজুড়ে ব্যাপক আনন্দ ও উচ্ছ্বাস দেখা গেছে; বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীরা জিশান আলীর ছবি হাতে সরাসরি সম্প্রচার উপভোগ করেন। অন্যদিকে, চায়না ম্যানড স্পেস এজেন্সি (সিএমএসএ) এই সাফল্যকে আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতার ক্ষেত্রে বেইজিংয়ের একটি বড় অর্জন হিসেবে অভিহিত করে বিশ্বের অন্যান্য দেশের অংশীদারদেরও তিয়ানগং স্টেশনে স্বাগত জানিয়েছে। 875 আইকিউ

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ১৩:৩০
মার্কিন শুল্ক আরোপের আগেই মাষ্টারস্ট্রোক চীনের: বাড়ল দরকষাকষির ক্ষমতা

মার্কিন শুল্ক আরোপের আগেই মাষ্টারস্ট্রোক চীনের: বাড়ল দরকষাকষির ক্ষমতা

মানুষের জীবন্ত মস্তিষ্কের কোষ দিয়ে 'চিন্তা' করছে রোবট

কল্পবিজ্ঞান নাকি বাস্তবতা? মানুষের জীবন্ত মস্তিষ্কের কোষ দিয়ে 'চিন্তা' করছে রোবট

এক আলোক-দিবস দূরত্বের মাইলফলক স্পর্শের ঠিক পাঁচ দিন আগে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ল নাসার ভয়েজার-১। ছবি: সংগৃহীত

এক আলোক-দিন দূরে পৌঁছানোর পর বিপাকে নাসার ভয়েজার-১, বন্ধ তথ্য পাঠানো

যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয়ের ৩৮ শতাংশ মুসলিম শিক্ষার্থী ইসলামবিদ্বেষের শিকার, জরিপে উদ্বেগজনক চিত্র
যুক্তরাজ্যে বিশ্ববিদ্যালয়ের ৩৮ শতাংশ মুসলিম শিক্ষার্থী ইসলামবিদ্বেষের শিকার, জরিপে উদ্বেগজনক চিত্র

যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে মুসলিম শিক্ষার্থীদের প্রতি ইসলামবিদ্বেষ ও বৈষম্যের উদ্বেগজনক চিত্র উঠে এসেছে নতুন এক জরিপে। জরিপে অংশ নেওয়া ৩৮ দশমিক ৩ শতাংশ মুসলিম শিক্ষার্থী জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় তাঁরা ইসলামোফোবিয়ার অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন। শুধু বৈষম্যের শিকার হওয়াই নয়, এ ধরনের ঘটনার অভিযোগ জানাতেও ভয় ও অনাস্থার কথা জানিয়েছেন অনেকে।   বুধবার (২৫ নভেম্বর) প্রকাশিত ‘বিলংগিং ইন কোয়েশ্চন: মুসলিম স্টুডেন্টস এক্সপেরিয়েন্সেস ইন ইউকে হায়ার এডুকেশন’ শীর্ষক প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। যুক্তরাজ্যের মুসলিম শিক্ষার্থীদের সংগঠন ফেডারেশন অব স্টুডেন্ট ইসলামিক সোসাইটিজ (ফসিস) প্রতিবেদনটি প্রকাশ করেছে। এতে দেশটির ৬৩টি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের ৭১৫ জন মুসলিম শিক্ষার্থীর মতামত নেওয়া হয়েছে। পাশাপাশি ২১টি বিশ্ববিদ্যালয়ের ২৬ জন ইসলামিক সোসাইটির প্রতিনিধির অভিজ্ঞতাও অন্তর্ভুক্ত করা হয়েছে।   জরিপে নারী শিক্ষার্থীদের মধ্যে ইসলামোফোবিয়ার অভিজ্ঞতার হার পুরুষদের তুলনায় বেশি পাওয়া গেছে। মুসলিম নারীদের ৪২ দশমিক ১ শতাংশ এ ধরনের অভিজ্ঞতার কথা জানিয়েছেন। পুরুষ শিক্ষার্থীদের ক্ষেত্রে এ হার ৩৪ দশমিক ৪ শতাংশ। জাতিগত গোষ্ঠী বিবেচনায় দক্ষিণ এশীয় নারীদের মধ্যে হার সবচেয়ে বেশি, ৪৫ দশমিক ৬ শতাংশ।   বিশ্ববিদ্যালয়ের ধরন ও অবস্থানভেদেও বৈষম্যের অভিজ্ঞতায় পার্থক্য দেখা গেছে। যুক্তরাজ্যের শীর্ষ গবেষণাভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোর জোট রাসেল গ্রুপের প্রতিষ্ঠানে পড়া মুসলিম শিক্ষার্থীদের ৪৪ দশমিক ৪ শতাংশ ইসলামোফোবিয়ার অভিজ্ঞতার কথা জানিয়েছেন। অন্য বিশ্ববিদ্যালয়গুলোতে এ হার ৩৩ দশমিক ৬ শতাংশ। অঞ্চলভিত্তিক হিসাবে ইংল্যান্ডের ইস্ট অব ইংল্যান্ড এলাকায় এ হার সর্বোচ্চ ৫৪ দশমিক ১ শতাংশ। লন্ডনে তা ৩৫ দশমিক ৯ শতাংশ।   অভিযোগ জানাতেও অনীহা   প্রতিবেদনের সবচেয়ে উদ্বেগজনক দিক হলো, বৈষম্যের শিকার শিক্ষার্থীদের বড় একটি অংশ অভিযোগ জানানোর সাহস পান না। ইসলামোফোবিয়ার অভিজ্ঞতা হয়েছে এমন শিক্ষার্থীদের ৬৮ দশমিক ২ শতাংশ জানিয়েছেন, তাঁরা এ বিষয়ে অভিযোগ জানাতে স্বাচ্ছন্দ্য বোধ করেননি। মাত্র ৩১ দশমিক ৮ শতাংশ অভিযোগ জানাতে পেরেছেন। তাঁদের মধ্যে মাত্র ৫৫ দশমিক ২ শতাংশ মনে করেন, কর্তৃপক্ষ তাঁদের অভিযোগ যথাযথভাবে বিবেচনা করেছে।   প্রতিবেদনে হয়রানির বিভিন্ন অভিজ্ঞতার কথাও তুলে ধরা হয়েছে। কোনো শিক্ষার্থী হিজাব পরার কারণে অপমানজনক মন্তব্যের শিকার হয়েছেন, কেউ পেয়েছেন প্রাণনাশের হুমকি। এক ঘটনায় হিজাব পরা একদল মুসলিম শিক্ষার্থীর ওপর প্রস্রাব ছুড়ে দেওয়ার অভিযোগও উঠে এসেছে। আরেক শিক্ষার্থী শুক্রবারের নামাজ আদায়ের জন্য ল্যাব ক্লাস থেকে বিরতি চাইলে তাঁকে ক্লাসে প্রবেশ করতে দেওয়া হয়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।   মানসিক স্বাস্থ্য ও ধর্মীয় চর্চায় প্রভাব   ইসলামবিদ্বেষের কারণে শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্যের ওপরও প্রভাব পড়ছে। বৈষম্যের অভিজ্ঞতা হয়েছে এমন শিক্ষার্থীদের ৪৫ দশমিক ৩ শতাংশ জানিয়েছেন, তাঁদের মানসিক স্বাস্থ্যে এর মাঝারি থেকে গুরুতর প্রভাব পড়েছে।   এ ছাড়া ৬০ দশমিক ২ শতাংশ শিক্ষার্থী ফিলিস্তিন বিষয়ে নিজেদের মতামত প্রকাশ করতে ভয় বা অস্বস্তি বোধ করেন বলে জানিয়েছেন। দৈনিক নামাজ ও জুমার নামাজের সময়সূচির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের ক্লাসের সময় মেলে না বলে জানিয়েছেন এক-পঞ্চমাংশের বেশি শিক্ষার্থী।   প্রতিবেদনে আরও বলা হয়েছে, মাত্র ১০ দশমিক ৫ শতাংশ মুসলিম শিক্ষার্থী মনে করেন, তাঁদের বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টস ইউনিয়ন মুসলিম হিসেবে তাঁদের যথাযথভাবে প্রতিনিধিত্ব করে। অন্যদিকে ১৫ দশমিক ৪ শতাংশ জানিয়েছেন, তাঁরা একেবারেই প্রতিনিধিত্ব পান না।   বিশ্ববিদ্যালয়গুলোর জন্য সুপারিশ   এ পরিস্থিতি মোকাবিলায় বিশ্ববিদ্যালয় ও শিক্ষার্থী সংগঠনগুলোর জন্য বেশ কিছু সুপারিশ করেছে ফসিস। এর মধ্যে রয়েছে ইসলামোফোবিয়া সম্পর্কে শিক্ষক, কর্মকর্তা ও নিরাপত্তাকর্মীদের প্রশিক্ষণ দেওয়া, অভিযোগ জানানোর সহজ ও কার্যকর ব্যবস্থা তৈরি এবং অভিযোগের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা।   পাশাপাশি শুক্রবারের নামাজের সময় বাধ্যতামূলক ক্লাস ও পরীক্ষার সময়সূচি না রাখা, ঈদের দিনে পরীক্ষা এড়িয়ে চলা এবং মুসলিম শিক্ষার্থীদের জন্য পর্যাপ্ত নামাজের জায়গা নিশ্চিত করার সুপারিশ করা হয়েছে।   ফসিসের মতে, বিশ্ববিদ্যালয়ে মুসলিম শিক্ষার্থীদের নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে শুধু নীতিমালা তৈরি করলেই হবে না, বরং বৈষম্যের অভিযোগের কার্যকর প্রতিকার এবং শিক্ষার্থীদের ধর্মীয় স্বাধীনতা ও মতপ্রকাশের অধিকারও নিশ্চিত করতে হবে।   সংবাদসূত্র ফেডারেশন অব স্টুডেন্ট ইসলামিক সোসাইটিজ (FOSIS), আলজাজিরা, টাইমস হায়ার এডুকেশন। 876TR

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ১১:১২
অস্ট্রেলিয়ার সিনেটে শিশুকন্যাকে কোলে নিয়ে বক্তব্য ও ভোটাভুটিতে অংশ নিলেন সিনেটর ফাতিমা পেম্যান। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিনেটে শিশুকন্যাকে কোলে নিয়ে দায়িত্ব পালন, ভাইরাল সিনেটর ফাতিমা

যুক্তরাজ্যে স্কিলড ওয়ার্কার ভিসায় ৩০৭ পেশার তালিকা, দেখে নিন আপনার সুযোগ রয়েছে যেসব কাজে

যুক্তরাজ্যে স্কিলড ওয়ার্কার ভিসায় ৩০৭ পেশার তালিকা, দেখে নিন আপনার সুযোগ রয়েছে যেসব কাজে

বিশ্বের ১৫ দেশে ভিসা ছাড়াই যেতে পারেন বাংলাদেশিরা, অন-অ্যারাইভাল সুবিধা আরও ২৮ গন্তব্যে

বিশ্বের ১৫ দেশে ভিসা ছাড়াই যেতে পারেন বাংলাদেশিরা, অন-অ্যারাইভাল সুবিধা আরও ২৮ গন্তব্যে

ভোটার তালিকা থেকে বাবার নাম বাদ পড়ায় আড়াই মাসেও মেলেনি নবজাতকের জন্মসনদ। ছবি: সংগৃহীত
ভারতে ভোটার তালিকা থেকে বাংলাদেশি সন্ধেহে বাবার নাম বাদ, জন্মনিবন্ধন আটকে ২ মাসের শিশুর

পশ্চিমবঙ্গের কোচবিহার জেলার খাটামারি গ্রামের বাসিন্দা আবদুল হাবিব ও আমিনা খাতুন দম্পতি। গত ৯ সেপ্টেম্বর দিনহাটা মহকুমা হাসপাতালে তাঁদের একটি কন্যাসন্তানের জন্ম হয়। কিন্তু জন্মের আড়াই মাস পেরিয়ে গেলেও মেয়ের জন্মসনদ হাতে পাননি তাঁরা। পরিবারের অভিযোগ, ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ায় বাবার নাম বাদ পড়ায় আটকে গেছে শিশুটির জন্মনিবন্ধন।   দ্য হিন্দুর প্রতিবেদন অনুযায়ী, মেয়ের জন্মের পর জন্মসনদ সংগ্রহের জন্য হাসপাতাল ও স্থানীয় পঞ্চায়েত কার্যালয়ে যোগাযোগ করেন আবদুল হাবিব। এ সময় তাঁদের পঞ্চায়েত প্রধান অথবা স্থানীয় বিধায়কের কাছ থেকে বসবাসের প্রত্যয়নপত্র সংগ্রহ করতে বলা হয়। সেই নথির জন্য দিনহাটা কেন্দ্রের বিধায়ক অজয় রায়ের কার্যালয়ে গেলে তাঁর আবেদন প্রত্যাখ্যান করা হয় বলে অভিযোগ হাবিবের। তাঁকে জানানো হয়, এসআইআর প্রক্রিয়ায় ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ায় জন্মসনদ দেওয়া সম্ভব হচ্ছে না।   হাবিবের অভিযোগ, বিধায়কের কার্যালয়ের এক কর্মকর্তা তাঁকে বাংলাদেশের নাগরিক বলে উল্লেখ করেন এবং ন্যাশনাল রেজিস্টার অব সিটিজেনসের (এনআরসি) আওতায় নিবন্ধিত হওয়ার পরামর্শ দেন। তবে হাবিবের দাবি, তিনি জন্ম থেকেই ভারতে বসবাস করছেন। তাঁর পরিবারের কাছে প্রয়োজনীয় পরিচয়সংক্রান্ত নথিপত্রও রয়েছে। এমনকি তাঁদের পৈতৃক বাড়ি তাঁর দাদার তৈরি বলেও দাবি করেন তিনি। সব নথি দেখানোর পরও সমস্যার সমাধান হয়নি বলে জানিয়েছেন হাবিব।   শুধু হাবিব নন, এসআইআর প্রক্রিয়ায় তাঁর তিন বোনের নামও ভোটার তালিকা থেকে বাদ পড়েছে। নির্বাচন কমিশন তাঁদের শুনানিতে ডেকে পাঠিয়েছিল। কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছিল, হাবিবের বাবাকে আরও ছয়জন নিজেদের বাবা হিসেবে উল্লেখ করায় ভোটার তালিকায় যৌক্তিক অসংগতি তৈরি হয়েছে। অন্যদিকে, হাবিবের বাবা-মা, স্ত্রী আমিনা খাতুন এবং এক বোনের নাম এখনো ভোটার তালিকায় রয়েছে। নিজের নাম পুনরায় অন্তর্ভুক্ত করার জন্য তিনি ট্রাইব্যুনালে আবেদন করেছেন। তবে সেই আবেদনের বিষয়ে এখনো সিদ্ধান্ত আসেনি।   এ বিষয়ে ইন্ডিয়া টুডেকে দিনহাটা-২ ব্লকের ব্লক উন্নয়ন কর্মকর্তা (বিডিও) লামহু ওয়াংডি জানিয়েছেন, প্রশাসন বিষয়টি খতিয়ে দেখবে। তবে এখন পর্যন্ত শিশুটির জন্মসনদ পাওয়ার বিষয়ে কোনো সমাধানের খবর পাওয়া যায়নি।   ঘটনাটি নিয়ে উদ্বেগ জানিয়েছে অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অব সিভিল রাইটস (এপিসিআর)। সংগঠনটির বক্তব্য, জন্মনিবন্ধন একটি আইনগত বাধ্যবাধকতা এবং জাতিসংঘের শিশু অধিকার সনদের ৭ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী প্রতিটি শিশুর জন্মের পরপরই নিবন্ধন ও আইনগত পরিচয় পাওয়ার অধিকার রয়েছে। বাবা-মায়ের ভোটার তালিকায় অবস্থানসংক্রান্ত বিরোধের কারণে কোনো শিশুর আইনগত পরিচয় পাওয়ার অধিকার বাধাগ্রস্ত হওয়া উচিত নয় বলে জানিয়েছে সংগঠনটি। পাশাপাশি দ্রুত শিশুটির জন্মসনদ দেওয়ার দাবি জানিয়েছে তারা।   সূত্র: দ্য হিন্দু 871-এসএ

প্রকাশ: নভেম্বর ২৫, ২০২৬ ৯:১৮
ইরানে অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানানোর পর মা-বাবার হাতে খুন হলেন তরুণী হেলিয়া ফাতাহি। ছবি: সংগৃহীত

অন্তঃসত্ত্বা হওয়ার খবর জানাতেই নিজের মা-বাবার হাতে নির্মমভাবে খুন হলেন ইরানি তরুণী!

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি দিয়ে প্রতিশোধের কথা বলেছেন পশ্চিমবঙ্গের মন্ত্রী অর্জুন সিং। ছবি: সংগৃহীত

১৬ ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ দখলের হুমকি পশ্চিমবঙ্গের মন্ত্রীর, নিতে চান প্রতিশোধ

হিজাব পরেই টরন্টোর রাজনীতিতে নতুন শক্তিকেন্দ্র হিসেবে আবির্ভূত হলেন আসমা মালিক

হিজাব পরেই টরন্টোর রাজনীতিতে নতুন শক্তিকেন্দ্র হিসেবে আবির্ভূত হলেন আসমা মালিক

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...