‘সর্বশেষ স্বাধীনতা যোদ্ধা’ নিহত হওয়ার দাবি ভারতের, তবে আসলে কী ঘটছে কাশ্মীরে?
শ্রীনগর ও কুলগাম: ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরে নিরাপত্তা বাহিনীর অভিযানে স্থানীয় এক সশস্ত্র যোদ্ধা নিহত হওয়ার পর উপত্যকায় বিদ্রোহ বা সশস্ত্র তৎপরতার অবসান ঘটছে বলে দাবি করেছে নয়াদিল্লি। তবে নিরাপত্তা বিশ্লেষক ও সাবেক কর্মকর্তাদের মতে, সশস্ত্র গোষ্ঠীগুলো নিশ্চিহ্ন হয়ে যায়নি; বরং তারা নতুন নাম, ছদ্মবেশ ও ভৌগোলিক কৌশল বদলে নিজেদের মানিয়ে নিচ্ছে।
গত ১৮ নভেম্বর ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের কুলগাম জেলার জাংলাপোরা গ্রামে সাত দিনের তল্লাশির পর নিরাপত্তা বাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হন মোহাম্মদ লতিফ ভাট। পাকিস্তানভিত্তিক সশস্ত্র সংগঠন লস্কর-ই-তৈয়বার (এলইটি) কমান্ডার হিসেবে পরিচিত ভাটের বিরুদ্ধে এক সপ্তাহ আগে আরেকজন যোদ্ধাকে সঙ্গে নিয়ে সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্সের (সিআরপিএফ) ওপর গুলিবর্ষণের অভিযোগ ছিল, যাতে তিন জওয়ান আহত হন। ওই ঘটনার কয়েক দিনের মধ্যেই তাঁর সহযোগীও নিহত হন।
ভাটের মৃত্যুর পর ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক জনসভায় দাবি করেন, ভাটই ছিলেন সর্বশেষ স্থানীয় সশস্ত্র যোদ্ধা। তিনি বলেন, এটি কাশ্মীর উপত্যকার নিরাপত্তা পরিস্থিতিতে বড় পরিবর্তনের ইঙ্গিত এবং বর্তমানে উপত্যকায় কোনো কাশ্মীরি যুবক সশস্ত্র কর্মকাণ্ডে জড়িত নেই। জম্মু ও কাশ্মীর পুলিশও দাবি করেছে, ১৯৮৯ সালে ভারতীয় শাসনের বিরুদ্ধে সশস্ত্র বিদ্রোহ শুরুর পর এই প্রথম লস্কর-ই-তৈয়বার কোনো স্থানীয় যোদ্ধা থাকল না।
তবে বিশেষজ্ঞরা এই দাবিকে পুরোপুরি মেনে নিতে নারাজ। তাদের মতে, সশস্ত্র সংঘাত থেমে যায়নি, বরং রূপ বদলেছে। জম্মু ও কাশ্মীর পুলিশের সাবেক উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ইসরার খান ভাটের মৃত্যুকে নিরাপত্তা বাহিনীর বড় সাফল্য ও লস্করের জন্য বড় ধাক্কা হিসেবে দেখলেও জানান, পুলিশের আনুষ্ঠানিক তালিকার বাইরেও সক্রিয় যোদ্ধা থাকতে পারেন। তাঁর ভাষায়, আগামী পাঁচ থেকে ছয় মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তখনই প্রকৃত চিত্র পরিষ্কার হবে।
‘হাইব্রিড যোদ্ধা’ ও নতুন ছদ্মনাম
নিরাপত্তা বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে তথাকথিত ‘হাইব্রিড যোদ্ধা’দের উত্থান নজরদারির কাজকে কঠিন করেছে। ২০২০ সালের দিকে আলোচনায় আসা এই শব্দটি দিয়ে এমন ব্যক্তিদের বোঝানো হয়, যারা স্বাভাবিক বেসামরিক জীবনের আড়ালে থাকেন, ডিজিটাল যোগাযোগের মাধ্যমে সংগঠনের সঙ্গে যুক্ত থাকেন এবং হামলা চালিয়ে আবার স্বাভাবিক জীবনে ফিরে যান। তবে মানবাধিকারকর্মী ও কিছু বিশ্লেষক এই সংজ্ঞার স্পষ্টতা নিয়ে প্রশ্ন তুলেছেন; তাঁদের আশঙ্কা, এর ফলে সাধারণ কাশ্মীরিদেরও সন্দেহের চোখে দেখার প্রবণতা তৈরি হতে পারে।
এ ছাড়া ২০১৯ সালের আগস্টে কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা বাতিলের পর ‘দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট’ (টিআরএফ) ও ‘পিপলস অ্যান্টি-ফ্যাসিস্ট ফ্রন্ট’ (পিএএফএফ)-এর মতো নতুন নামে সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা দেখা গেছে। ২০২৫ সালে পেহেলগামে পর্যটকদের ওপর হামলায় ২৬ জন নিহত হওয়ার ঘটনায় টিআরএফ দায় স্বীকার করেছিল। ওই ঘটনার জেরে ভারত পাকিস্তানকে দায়ী করে এবং সে বছর মে মাসে দুই প্রতিবেশী দেশের মধ্যে চার দিনের সংঘাত ছড়িয়ে পড়ে। বিশ্লেষকদের মতে, মূল সংগঠনগুলোর ওপর আন্তর্জাতিক নজরদারি এড়াতে এবং স্থানীয় রূপ দিতে এসব নতুন নাম ব্যবহার করা হয়।
দক্ষিণে জম্মুর দিকে সরে যাওয়া সংঘাত
কাশ্মীর বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক ও রাষ্ট্রবিজ্ঞানী নূর আহমদ বাবা বলেন, ২০১৯ সালের পরও কাশ্মীরকে সশস্ত্র তৎপরতামুক্ত ঘোষণার দাবি উঠেছিল, কিন্তু বাস্তবে বিক্ষিপ্ত হামলা অব্যাহত ছিল। বিশ্লেষকদের মতে, কাশ্মীর উপত্যকায় কড়া নিরাপত্তা ও নজরদারির পাশাপাশি লাদাখ সীমান্তে চীনসংক্রান্ত নিরাপত্তা উদ্বেগের কারণে জম্মু অঞ্চল থেকে কিছু সেনা সরিয়ে নেওয়ায় দক্ষিণের জম্মুতে সশস্ত্র তৎপরতা নতুন করে মাথাচাড়া দিয়েছে। ২০২১ সাল থেকে জম্মুতে অন্তত ৩৩ জন নিহত হয়েছেন, যার মধ্যে ১০ জন বেসামরিক নাগরিক।
রাজনৈতিক বিশ্লেষক রশিদ রাহি জানান, জম্মুর ঘন জঙ্গল ও দুর্গম পাহাড়ি এলাকায় তল্লাশি চালানো নিরাপত্তা বাহিনীর জন্য বেশ কঠিন এবং অনুপ্রবেশের ক্ষেত্রেও ভৌগোলিক বাস্তবতা ভিন্ন। পাশাপাশি এনক্রিপ্টেড স্যাটেলাইট ফোন ও নিরাপদ যোগাযোগমাধ্যম ব্যবহারের ফলে যোদ্ধাদের শনাক্ত করা আরও জটিল হয়ে উঠেছে বলে মনে করছেন বিশ্লেষকেরা। সূত্র: আল জাজিরা।
873 ডিএন
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreইতালির পার্লামেন্ট অনুমোদিত নতুন শিক্ষাসংস্কার আইনে স্কুল ও সংশ্লিষ্ট কার্যক্রমের সময় বোরকা ও নিকাবসহ মুখ ঢেকে রাখার যেকোনো পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে, যা অমান্য করলে সর্বোচ্চ ১ হাজার ইউরো জরিমানার বিধান রাখা হয়েছে। শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক হলে এই জরিমানার দায়ভার মা-বাবা বা আইনি অভিভাবকের ওপর বর্তাবে এবং রাষ্ট্রের শিক্ষাব্যবস্থায় পোশাক ও পরিচয়সংক্রান্ত নিয়মকানুন আরও কঠোরভাবে প্রয়োগের লক্ষ্য নিয়ে এই ধারা যুক্ত করা হয়েছে। একই আইনে প্রথম বর্ষের শ্রেণিকক্ষে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশে বেঁধে দেওয়া হয়েছে, তবে যেসব শিক্ষার্থীর ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা রয়েছে, তারা এই সীমা থেকে অব্যাহতি পাবে বলে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকারের এই উদ্যোগকে অভিবাসন ও সাংস্কৃতিক সংহতি নীতির অংশ হিসেবে দেখা হলেও বিরোধী দলগুলো এটিকে বৈষম্যমূলক ও ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী বলে তীব্র সমালোচনা করেছে। সমালোচকদের মতে, বোরকা বা নিকাব নিষিদ্ধ করার ফলে নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি ও অংশগ্রহণ কমে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে, আর শ্রেণিকক্ষে ৩০ শতাংশ কোটা আরোপ করলে অভিবাসী ও বিদেশি বংশোদ্ভূত শিশুদের স্থানীয় সমাজ ও শিক্ষাব্যবস্থায় স্বাভাবিক একীভূতকরণ ব্যাহত হতে পারে। সব মিলিয়ে শিক্ষাক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, ভাষাগত দক্ষতা, ধর্মীয় অধিকার এবং সামাজিক অন্তর্ভুক্তির ভারসাম্য নিয়ে ইতালির রাজনীতি ও নাগরিক সমাজে নতুন করে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
মহাকাশে ১০ লাখ এআই স্যাটেলাইট পাঠাতে চায় স্পেসএক্স, ওজোন স্তর ও রাতের আকাশ নিয়ে শঙ্কা
ইরানে বেত্রাঘাতের পাশাপাশি ‘অনার কিলিং’-এর শিকার নারীরা, এক বছরে নিহত ১৫৯ জন
আফগানিস্তানে নারীদের নামের বদলে ‘বিবি’ লেখার নির্দেশ, চিকিৎসাপত্রেও নিষিদ্ধ আসল নাম
পৃথিবীর অন্যতম বিখ্যাত চিকিৎসা-আবিষ্কারগুলোর একটি ঘটেছিল একদম দুর্ঘটনাবশত, ল্যাবের প্লেট পরিষ্কার না করার কারণে। ১৯২৮ সালে লন্ডনের সেন্ট মেরিস হাসপাতালে বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং ব্যাকটেরিয়া নিয়ে কাজ করার সময় একটি প্লেটে স্ট্যাফিলোকক্কাস ব্যাকটেরিয়া চাষ করেছিলেন, যেখানে ভুলবশত ছত্রাক জন্মে যায়। ফ্লেমিং লক্ষ্য করেন যে ওই ছত্রাকের চারপাশের সব ব্যাকটেরিয়া মরে গেছে, অথচ দূরের ব্যাকটেরিয়াগুলো দিব্যি বেঁচে আছে। এই ব্যতিক্রমী পর্যবেক্ষণ থেকেই জন্ম নেয় কোটি প্রাণ বাঁচানো প্রথম অ্যান্টিবায়োটিক, যা আগেকার দিনে সামান্য সংক্রমণেও মানুষের মৃত্যুর ঝুঁকি অনেকখানি কমিয়ে দেয় এবং সংক্রামক রোগের চিকিৎসায় বিপ্লব ঘটায়। ফ্লেমিংয়ের এই গবেষণা ১৯২৯ সালে ব্রিটিশ জার্নাল অব এক্সপেরিমেন্টাল প্যাথলজিতে প্রকাশিত হয়। পরবর্তীতে অক্সফোর্ডের গবেষক ফ্লোরি ও চেইন এই আবিষ্কারকে কার্যকর ও ব্যবহারযোগ্য ওষুধে রূপ দেন, যা কোটি কোটি মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ১৯৪৫ সালে এই তিন বিজ্ঞানী যৌথভাবে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেন। সংশ্লিষ্টদের মতে, শুধু দুর্ঘটনাই যথেষ্ট ছিল না; প্লেটটি ফেলে না দিয়ে ফ্লেমিং সূক্ষ্মভাবে খেয়াল করেছিলেন বলেই মানবজাতি প্রাণঘাতী ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ার পথ খুঁজে পেয়েছিল।
গালিগালাজ থেকে হ ত্যার হু মকি, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ইসলামভীতির শিকার মুসলিম শিক্ষার্থীরা
ব্ল্যাক ফ্রাইডে: আমাজনসহ শীর্ষ রিটেইলারে ১৯৭টির বেশি পণ্যে বড় ছাড়ের হিড়িক
নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার নতুন চাল, আইজেনকোটকে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব
কানাডার জনপ্রিয় খাবার পুতিন এবার যাচ্ছে মহাকাশে। দেশটির নভোচারী জশুয়া কুটরিকের জন্য বিশেষ উপহার হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে এই ঐতিহ্যবাহী খাবার। তবে মহাকাশে খাওয়ার উপযোগী করতে খাবারটির প্রচলিত রেসিপিতে আনা হয়েছে বিশেষ পরিবর্তন। শুক্রবার (২৭ নভেম্বর) কানাডার মহাকাশ সংস্থা (সিএসএ) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, বিশেষ আপ্যায়ন হিসেবে নভোচারী জশুয়া কুটরিকের জন্য মহাকাশে পাঠানো হবে ফ্রিজ-ড্রাইড পুতিন। কানাডার ফরাসিভাষী অঞ্চল কুইবেকের ঐতিহ্যবাহী খাবার পুতিন সাধারণত ফ্রেঞ্চ ফ্রাই, গ্রেভি এবং পনির দিয়ে তৈরি করা হয়। তবে মহাকাশ স্টেশনে পাঠানোর জন্য খাবারটির একটি দুগ্ধজাত উপাদানমুক্ত ও নিরামিষ সংস্করণ তৈরি করা হয়েছে। মহাকাশে খাবার পাঠানোর নির্ধারিত নিয়ম মেনেই এই বিশেষ সংস্করণ তৈরি করা হয়েছে। এ জন্য কানাডার মহাকাশ সংস্থা কুইবেকের শেফ ইভ লোর সঙ্গে কাজ করেছে। তিনি বর্তমানে এনএইচএলের মন্ট্রিয়ল কানাডিয়ান্স দলের প্রধান শেফ হিসেবেও দায়িত্ব পালন করছেন। ইনস্টাগ্রামে শেফ ইভ লো জানিয়েছেন, জশুয়া যেন মহাকাশে বসে নিজের প্রিয় খাবার খেতে গিয়ে বাড়ির পরিবেশ অনুভব করতে পারেন, সেই ভাবনা থেকেই বিশেষ পুতিন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্রিজ-ড্রাইড বা হিমায়িত করে পানিশূন্য করা এই খাবারটি আগামী সপ্তাহান্তে উৎক্ষেপণের কথা থাকা একটি সরবরাহ অভিযানের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হবে। সূত্র: এএফপি
বাংলাদেশিদের জন্য নেদারল্যান্ডসে ৩০ লাখ টাকার বৃত্তিসহ মাস্টার্স করার সুযোগ! জেনে নিন কারা করতে পারবে আবেদন এবং শেষ সময় কবে
ফোনের রেডিয়েশন ঠেকাতে গোবর মাখার পরামর্শ ভারতীয় ধর্মগুরুর, নিজেও রাখেন ফোনে

