সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার

নেসেট

বেনিয়ামিন নেতানিয়াহু। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
নেতানিয়াহু যুগের অবসান, শপথ নিলেন ইসরায়েলের নতুন পার্লামেন্ট সদস্যরা

জেরুজালেমে শপথ নিয়েছেন ইসরায়েলের ২৬তম পার্লামেন্ট নেসেটের ১২০ জন নবনির্বাচিত সদস্য। মঙ্গলবার (১০ নভেম্বর) আনুষ্ঠানিক অধিবেশনের মধ্য দিয়ে নতুন পার্লামেন্টের কার্যক্রম শুরু হয়। তবে এই পরিবর্তনের মধ্য দিয়ে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর শাসনের অবসান ঘটেনি। নির্বাচনে তাঁর নেতৃত্বাধীন জোট সংখ্যাগরিষ্ঠতা হারালেও তিনি আপাতত তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে, সাবেক সেনাপ্রধান ও ইয়াশার দলের নেতা গাদি আইজেনকট নতুন সরকার গঠনের দায়িত্ব পেয়েছেন। ফলে ইসরায়েলের রাজনীতিতে শুরু হয়েছে নতুন এক ক্ষমতার সমীকরণ।   গত ২৭ অক্টোবর অনুষ্ঠিত সাধারণ নির্বাচনের পর দেশটির রাজনৈতিক পরিস্থিতিতে এই পরিবর্তন আসে। নির্বাচনে নেতানিয়াহুর লিকুদ পার্টি ২৭টি আসন পেয়ে একক দল হিসেবে সর্বোচ্চ আসন অর্জন করে। তবে তাঁর মিত্র দলগুলোকে নিয়ে গঠিত জোটের আসনসংখ্যা দাঁড়ায় ৫৩-তে, যা ১২০ সদস্যের পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজনীয় ৬১ আসনের চেয়ে কম। অন্যদিকে, আইজেনকটের ইয়াশার দল ও তাদের সহযোগী দলগুলো পেয়েছে ৪৮টি আসন। আর আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে ১৯টি আসন। এসব দলের অধিকাংশই নেতানিয়াহুর বিরোধী অবস্থানে রয়েছে। ফলে পার্লামেন্টে নেতানিয়াহুবিরোধী আইনপ্রণেতাদের সংখ্যাগত অবস্থান শক্তিশালী হয়েছে।   নতুন পার্লামেন্টের উদ্বোধনী অধিবেশনে উপস্থিত ছিলেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ, প্রধানমন্ত্রী নেতানিয়াহু এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। ১২০ জন আইনপ্রণেতা পর্যায়ক্রমে শপথ নেওয়ার পর নেসেটের সচিব নতুন সংসদের সাফল্য কামনা করেন। অনুষ্ঠানে প্রেসিডেন্ট হারজগ রাজনৈতিক দলগুলোর প্রতি সমঝোতার আহ্বান জানান। তিনি বলেন, নতুন নির্বাচন এড়াতে আইনপ্রণেতাদের সব ধরনের চেষ্টা করতে হবে। দেশটির জনগণ স্বাভাবিক জীবন, নিরাপত্তা ও স্থিতিশীলতা চায় বলেও উল্লেখ করেন তিনি। নতুন পার্লামেন্টে ৪৬ জন প্রথমবারের মতো নির্বাচিত সদস্য এবং রেকর্ডসংখ্যক ৩৩ জন নারী আইনপ্রণেতা রয়েছেন।   শপথ অনুষ্ঠানের শেষ পর্যায়ে চারজন নতুন আইনপ্রণেতাকে ঘিরে বিশেষ আলোচনা তৈরি হয়। তাঁদের মধ্যে ইয়াশার দলের শিরা শাপিরোর ছেলে আনের শাপিরো ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের হামলায় নিহত হয়েছিলেন। হামলার সময় তিনি একটি আশ্রয়কেন্দ্রে অন্যদের রক্ষার চেষ্টা করেছিলেন। ইসরায়েল বেইতেনু দলের শ্যারন শারাবির দুই ভাই এলি ও ইয়োসি শারাবিকে ওই দিন কিবুতজ বেইরি থেকে অপহরণ করে গাজায় নিয়ে যাওয়া হয়েছিল। তাঁদের মধ্যে ইয়োসি বন্দিদশায় মারা যান। স্বজন হারানোর অভিজ্ঞতা নিয়েই নতুন সংসদে দায়িত্ব নিতে যাচ্ছেন তাঁরা।   শেষ পর্যায়ে শপথ নেওয়া আরেক আইনপ্রণেতা নোয়াম তিবনও ইয়াশার দলের সদস্য। তিনি ইসরায়েল প্রতিরক্ষা বাহিনীর সাবেক মেজর জেনারেল। ২০২৩ সালের ৭ অক্টোবর হামলার সময় সামরিক বাহিনীর আনুষ্ঠানিক নির্দেশনার অপেক্ষা না করে তিনি নিজেই নাহাল ওজ এলাকায় ছুটে যান। সেখানে হামলার মধ্যে আটকে পড়া নিজের ছেলে, সাংবাদিক আমির তিবন এবং তাঁর পরিবারকে উদ্ধার করেন। অন্যদিকে, শেষ চারজনের মধ্যে ছিলেন লিকুদ দলের এরেজ তাদমোর। তিনি ইসরায়েলের ডানপন্থি সামাজিক ও রাজনৈতিক আন্দোলন ইম তিরতজুর প্রতিষ্ঠাতা। তাঁদের শপথের মধ্য দিয়ে নতুন পার্লামেন্টে ৭ অক্টোবরের হামলা ও পরবর্তী যুদ্ধের ব্যক্তিগত ও রাজনৈতিক প্রভাবও সামনে এসেছে।   নতুন পার্লামেন্টে নেতানিয়াহুর নীতির পরিবর্তন আনতে ইতিমধ্যে কয়েকটি আইন প্রস্তাব উত্থাপন করেছেন আইজেনকটের সহযোগীরা। এর মধ্যে রয়েছে ২০২৩ সালের ৭ অক্টোবরের হামলা ও নিরাপত্তা ব্যর্থতা তদন্তে রাষ্ট্রীয় কমিশন গঠন, প্রধানমন্ত্রীর দায়িত্ব পালনে মেয়াদসীমা নির্ধারণ এবং নেতানিয়াহু সরকারের সময় বিচার বিভাগের ক্ষমতা সীমিত করতে নেওয়া সংস্কারগুলো বাতিলের উদ্যোগ। এ ছাড়া পার্লামেন্টের বর্তমান স্পিকার আমির ওহানাকে সরিয়ে নতুন স্পিকার নিয়োগের প্রক্রিয়াও শুরু হয়েছে। এসব উদ্যোগ বাস্তবায়িত হলে নেতানিয়াহু সরকারের গত কয়েক বছরের বেশ কিছু গুরুত্বপূর্ণ নীতিতে পরিবর্তন আসতে পারে।   তবে নতুন সরকার গঠন আইজেনকটের জন্য সহজ হবে না। তাঁর জোটের ৪৮টি আসনের সঙ্গে আরব নেতৃত্বাধীন দলগুলোর সমর্থন পাওয়ার সম্ভাবনা থাকলেও তাদের সঙ্গে সরকার গঠনের বিষয়ে এখনো চূড়ান্ত সমঝোতা হয়নি। আবার অতি-ধর্মীয় দলগুলোর সঙ্গে জোট গঠনের পথেও রাজনৈতিক মতবিরোধ রয়েছে। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আইজেনকটের জন্য সরকার গঠনের প্রাথমিক সময়সীমা আগামী ৬ ডিসেম্বর। প্রয়োজনে তিনি আরও দুই সপ্তাহ সময় বাড়ানোর আবেদন করতে পারবেন। তিনি ব্যর্থ হলে প্রেসিডেন্ট হারজগ নেতানিয়াহুকে সরকার গঠনের আরেকটি সুযোগ দিতে পারেন। উভয় পক্ষ ব্যর্থ হলে ইসরায়েলে আবারও নির্বাচন আয়োজনের পরিস্থিতি তৈরি হতে পারে।   এদিকে, নতুন পার্লামেন্টের শপথ অনুষ্ঠানের পর নেতানিয়াহু জাতীয় ঐক্যের সরকার গঠনের আহ্বান জানিয়েছেন। তিনি ইরানের পারমাণবিক কর্মসূচি ও ইসরায়েলের নিরাপত্তা পরিস্থিতিকে সামনে রেখে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের প্রয়োজনীয়তার কথা বলেন। তবে আইজেনকটের পক্ষ থেকে নেতানিয়াহুর সঙ্গে ঐক্য সরকার গঠনের বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি। ফলে ২৬তম নেসেটের যাত্রা শুরু হলেও ইসরায়েলের পরবর্তী সরকার কারা গঠন করবে, তা এখনো অনিশ্চিত। আপাতত নেতানিয়াহু ক্ষমতায় থাকছেন, আর নতুন পার্লামেন্টে তাঁর বিরোধীরা নিজেদের রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছেন।   সংবাদসূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।

মোহাম্মদ ইব্রাহিম নভেম্বর ১০, ২০২৬ ১৩:০ 0
ইসরায়েলের স্পিকার পদে মাতান কাহানাকে মনোনয়ন আইজেনকোট ব্লকের
নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে ইসরায়েলের স্পিকার পদে মাতান কাহানাকে মনোনয়ন আইজেনকোট ব্লকের

  ইসরায়েলের রাজনীতিতে নাটকীয় মোড়, বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক প্রত্যাবর্তন ও ক্ষমতা ধরে রাখার পথ রুদ্ধ করতে মরিয়া বিরোধী দলগুলো। ইসরায়েলের ২৬তম কনেস্টের (সংসদ) শপথগ্রহণ ও নতুন সরকার গঠনের প্রাথমিক প্রক্রিয়ার অংশ হিসেবে বিরোধী দলগুলোর শীর্ষ জোট নেতানিয়াহুর ঘনিষ্ঠ মিত্র আমির ওহানাকে সরিয়ে নেসেটের স্পিকার পদে সাবেক মন্ত্রী মাতান কাহানাকে মনোনয়ন দিয়েছে।   বিরোধী ‘পরিবর্তন ও সংস্কার ব্লকের’ প্রধান গাদি আইজেনকোট মঙ্গলবার (১০ নভেম্বর) এ ঘোষণা দেন। ইসরায়েলি সংবাদমাধ্যম প্যালেস্টাইন ক্রনিকলসহ আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, নেতানিয়াহুর বিরোধীরা কৌশলগতভাবে নেসেটের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নেওয়ার চেষ্টা চালাচ্ছে, যাতে আইনগত এবং সংসদীয় মারপ্যাঁচে নেতানিয়াহুর পুনরায় ক্ষমতায় ফেরা ঠেকানো যায়।   বন্টন হলো নেস্টের গুরুত্বপূর্ণ পদসমূহ: আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী ব্লকের দলগুলোর মধ্যে কয়েকদিনের তীব্র দরকষাকষি ও আলোচনার পর এই সমঝোতা হয়। চুক্তি অনুযায়ী, ইশতার (Yashar) পার্টির নবনির্বাচিত সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মাতান কাহানাকে স্পিকার পদের জন্য মনোনীত করা হয়েছে। এছাড়া অত্যন্ত প্রভাবশালী ‘নেসেটের বৈদেশিক সম্পর্ক ও প্রতিরক্ষা কমিটির’ প্রধান হিসেবে সাবেক প্রতিরক্ষামন্ত্রী আভিগদর লিবারম্যানকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ফিন্যান্স কমিটি ও অ্যারেঞ্জমেন্টস কমিটির শীর্ষ পদেও অন্য বিরোধী নেতাদের নাম চূড়ান্ত করা হয়েছে।   সরকার গঠন ও রাজনৈতিক হিসাব-নিকাশ: এর আগে গত রোববার (৮ নভেম্বর) প্রেসিডেন্ট আইজ্যাক হার্জোগ ৬৭ জন আইনপ্রণেতার সুপারিশের ভিত্তিতে গাদি আইজেনকোটকে নতুন সরকার গঠনের আনুষ্ঠানিক দায়িত্ব দেন। আইজেনকোটের সামনে সরকার গঠনের জন্য ২৮ দিনের সাংবিধানিক সময়সীমা রয়েছে।    বর্তমানে নেতানিয়াহু ও তার দল লিকুদ পার্টির বিরুদ্ধে বিরোধী জোট কনেস্টের অভ্যন্তরীণ আইন প্রণয়ন ও এজেন্ডা নিয়ন্ত্রণ করার মাধ্যমে তীব্র চাপ সৃষ্টি করতে চাইছে। এই কৌশলগত পদক্ষেপ ইসরায়েলের রাজনীতিতে নেতানিয়াহুর দীর্ঘমেয়াদী আধিপত্যের অবসান ঘটাতে বড় ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। সূত্র: আল-জাজিরা। আনাদুলু।

বায়জিদ হাসান নভেম্বর ৯, ২০২৬ ১৩:০ 0
ইসরায়েলের নির্বাচনে আসন কমেছে নেতানিয়াহুর, সরকার গঠনের সুযোগ দেখছেন না লাপিদ
ইসরায়েলের নির্বাচনে আসন কমেছে নেতানিয়াহুর, সরকার গঠনের সুযোগ দেখছেন না লাপিদ

ইসরায়েলের সদ্য সমাপ্ত সাধারণ নির্বাচনে কোনো জোটই একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করতে পারেনি। ১২০ আসনের নেসেটে (ইসরায়েলের পার্লামেন্ট) সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পেতে ব্যর্থ হয়েছে প্রধান দুই রাজনৈতিক শিবির।   সর্বশেষ ভোট গণনা শেষে ইসরায়েলি সরকারি সম্প্রচারমাধ্যম ‘কান’ জানিয়েছে, প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর নেতৃত্বাধীন লিকুদ জোট ৫৩টি, বিরোধী ‘চেঞ্জ’ বা পরিবর্তন জোট ৪৮টি এবং আরব দলগুলো ১৯টি আসন পেয়েছে। আগামী ৪ নভেম্বর চূড়ান্ত ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট আইজ্যাক হেরজগের কাছে হস্তান্তরের কথা রয়েছে।   এই জটিল রাজনৈতিক পরিস্থিতির মাঝেই বিরোধীদলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়াইর লাপিদ মন্তব্য করেছেন যে, নেতানিয়াহুর সামনে নতুন করে সরকার গঠনের আর কোনো সুযোগ অবশিষ্ট নেই।   সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় ইয়াইর লাপিদ নেতানিয়াহুর জোটের পাওয়া ৫৩টি আসনের দিকে ইঙ্গিত করে বলেন, শত চেষ্টা করলেও তার পক্ষে এবার সরকার গঠন করা সম্ভব নয়। বিদায়ী নেসেটে লিকুদ জোটের ৬৮টি আসন থাকার বিষয়টি উল্লেখ করে লাপিদ বর্তমান ফলাফলকে নেতানিয়াহুর জন্য এক বড় বিপর্যয় হিসেবে আখ্যায়িত করেছেন।   ১৯৯৯ সালের পর এবারের নির্বাচনে সর্বোচ্চ ৭৭.৭ শতাংশ ভোটারের উপস্থিতিকে বিরোধী জোটের জন্য ‘পয়েন্টের ভিত্তিতে জয়’ বা সামান্য ব্যবধানের জয় হিসেবে দেখছেন তিনি। তবে সরকার গঠনের পথ যে বেশ কঠিন, তা স্বীকার করে তিনি সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন। লাপিদ জানান, নির্বাচনী প্রচারণার চেয়ে জোট গঠনের আলোচনা সম্পূর্ণ ভিন্ন, যা ক্যামেরার আড়ালে ধীরগতিতে সম্পন্ন হয়।   এদিকে নতুন সরকার গঠন নিয়ে দলগুলোর মধ্যে জোর তৎপরতা শুরু হয়েছে। ডানপন্থী সরকার টিকিয়ে রাখতে এবং আরব দলগুলোর সমর্থনে সম্ভাব্য ‘বামপন্থী সরকার’ ঠেকাতে কট্টর ডানপন্থী জিউইশ পাওয়ার দলের নেতা ইতামার বেন-গভির এরই মধ্যে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন।   অন্যদিকে বিকল্প সরকার গঠনের লক্ষ্যে ডেমোক্র্যাটস দলের নেতা ইয়ার গোলান আরব দলগুলোর সঙ্গে কাজ করার জন্য বিরোধী জোটের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি ইউনাইটেড আরব লিস্টের (রা’আম) শীর্ষ নেতা মানসুর আব্বাসের সঙ্গেও সাক্ষাৎ করেছেন। বিরোধী জোট ও আরব দলগুলোর সম্মিলিত আসন সংখ্যা ৬৭টি, যা সরকার গঠনের জন্য যথেষ্ট। তবে আরব দলগুলোকে জোটে অন্তর্ভুক্ত করার বিষয়ে ইসরায়েল বেইতেইনু দলের নেতা আভিগদোর লিবারম্যানের কড়া বিরোধিতাসহ বিরোধী নেতাদের মধ্যকার অভ্যন্তরীণ মতপার্থক্য নেতানিয়াহু-বিহীন সরকার গঠনের পথে বর্তমানে একটি বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।

ইসতিয়াক আহমেদ অক্টোবর ৩০, ২০২৬ ১৪:০ 0
ছবি: সংগৃহীত
ফিলিস্তিনি বন্দিদের মৃত্যুদণ্ডে অনুমোদন: ইসরায়েলি পার্লামেন্টে বিতর্কিত আইন পাস

ফিলিস্তিনি বন্দিদের জন্য মৃত্যুদণ্ডের বিধান রেখে একটি বিতর্কিত আইন পাস করেছে ইসরায়েলের পার্লামেন্ট নেসেট। সোমবার (৩০ মার্চ) বিলটি দ্বিতীয় ও তৃতীয় দফা পাঠে সংখ্যাগরিষ্ঠ ভোটে অনুমোদন পায়।   ইসরায়েলি দৈনিক ইয়েদিওথ আহরোনোথ–এর প্রতিবেদনে বলা হয়, বিলটির পক্ষে ৬২ জন সংসদ সদস্য ভোট দেন, বিপক্ষে ভোট পড়ে ৪৮টি এবং একজন সদস্য ভোটদানে বিরত থাকেন।   আইনটির পক্ষে ভোট দেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুও। আইনটি পাস হওয়ায় ফিলিস্তিনি বন্দিদের জন্য মৃত্যুদণ্ড কার্যকরের পথ উন্মুক্ত হলো, যা ইতোমধ্যে ব্যাপক বিতর্কের জন্ম দিয়েছে।  

Unknown মার্চ ৩০, ২০২৬ ১৪:০ 0
ছবি: সংগৃহীত
আগাম নির্বাচন এড়াতে মরিয়া নেতানিয়াহু, বাজেট পাসে জোর তৎপরতা

নির্বাচনে সম্ভাব্য পরাজয়ের আশঙ্কায় আগাম ভোট এড়াতে তৎপর হয়ে উঠেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে নির্ধারিত সময়ের মধ্যে রাষ্ট্রীয় বাজেট পাস নিশ্চিত করতেও জোর দিচ্ছেন তিনি। রাজনৈতিক সূত্রগুলোর বরাতে জানা গেছে, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ সত্ত্বেও জনমত জরিপে নেতানিয়াহুর জনপ্রিয়তায় তেমন উন্নতি হয়নি।   বরং সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে, পার্লামেন্ট নেসেট-এ তাঁর দল লিকুদের আসন কমে যাওয়ার আশঙ্কা রয়েছে। ১৯ মার্চ প্রকাশিত এক জরিপ অনুযায়ী, লিকুদ পার্টির আসন ৩৪ থেকে কমে ২৮টিতে নেমে আসতে পারে। যদিও দলটি বৃহত্তম হিসেবে থাকতে পারে, তবে জোটগতভাবে সংখ্যাগরিষ্ঠতা হারানোর ঝুঁকি রয়েছে। ১২০ আসনের পার্লামেন্টে তাঁর জোট পেতে পারে মাত্র ৫১টি আসন।   ইসরায়েলের আইন অনুযায়ী, আগামী ৩১ মার্চের মধ্যে বাজেট পাস না হলে ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন বাধ্যতামূলক। এই প্রেক্ষাপটে আগাম নির্বাচন এড়াতে রাজনৈতিক মিত্রদের সন্তুষ্ট রাখতে বিভিন্ন খাতে তহবিল বরাদ্দ দিচ্ছেন নেতানিয়াহু—এমনটাই জানিয়েছেন তাঁর সরকারের কয়েকজন সদস্য।   এর আগে যুদ্ধের শুরুতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে নেতানিয়াহুর জোট আগাম নির্বাচনের কথা বিবেচনা করেছিল। তবে যুদ্ধ দীর্ঘায়িত হওয়ায় সেই অবস্থান থেকে সরে এসে এখন নির্বাচন পিছিয়ে দিতে চাইছেন তিনি।   নেতানিয়াহু নিজেও সাম্প্রতিক বক্তব্যে বলেছেন, সরকার তার পূর্ণ মেয়াদ শেষ করবে বলেই তিনি আশা করছেন। একই সঙ্গে তিনি রাজনৈতিক মিত্রদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন এবং প্রস্তাবিত বিশাল বাজেট পাসে সহযোগিতা চেয়েছেন।   বিশ্লেষকেরা বলছেন, যুদ্ধ পরিস্থিতি ইসরায়েলের অভ্যন্তরীণ রাজনীতিতে দ্বৈত প্রভাব ফেলছে। একদিকে জাতীয় নিরাপত্তা ইস্যুতে জনসমর্থন থাকলেও, ভোটের রাজনীতিতে এর প্রতিফলন খুব একটা দেখা যাচ্ছে না।   জেরুজালেমের হিব্রু ইউনিভার্সিটি-এর রাষ্ট্রবিজ্ঞানী গিদিয়ন রাহাতের মতে, দেশটির ভোটারদের মধ্যে প্রায় সমান বিভাজন রয়েছে। একাংশ ডানপন্থী জোটকে সমর্থন করলেও আরেক অংশ বিরোধীদের পক্ষে রয়েছে। মাঝামাঝি অবস্থানে থাকা ভোটাররা এখনো নেতানিয়াহুর দিকে ঝুঁকছেন না।   বিশ্লেষকদের মতে, দীর্ঘমেয়াদি সংঘাত এবং অনিশ্চিত ফলাফলের কারণে ইসরায়েলি জনগণের মধ্যে এক ধরনের ক্লান্তি তৈরি হচ্ছে, যা আসন্ন নির্বাচনী রাজনীতিতে বড় প্রভাব ফেলতে পারে।

Unknown মার্চ ২৫, ২০২৬ ১৪:০ 0
জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

Top week

চাকরির প্রস্তাব ছাড়াই বিদেশি দক্ষ কর্মীদের জন্য অস্ট্রিয়ায় গিয়ে কাজ খোঁজার সুযোগ তৈরি হয়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

ইউরোপের দেশ অস্ট্রিয়া দিচ্ছে চাকরি খোঁজার ছয় মাসের ভিসা, আবেদন করতে পারবেন বাংলাদেশিরাও

নভেম্বর ৮, ২০২৬ ১৩:০