জাতিসংঘের প্রথম নারী মহাসচিব হতে পারেন রেবেকা গ্রিনস্প্যান, বাধা শুধু ট্রাম্প!
জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের লক্ষ্যে নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) একের পর এক অনানুষ্ঠানিক ভোটে (স্ট্র পোল) সবার চেয়ে এগিয়ে রয়েছেন কোস্টারিকার কূটনীতিক রেবেকা গ্রিনস্প্যান। ৭০ বছর বয়সী এই কূটনীতিক যদি অন্য সাত প্রতিদ্বন্দ্বীকে পেছনে ফেলে শেষ পর্যন্ত জয়ী হতে পারেন, তবে তিনিই হবেন জাতিসংঘের ইতিহাসে প্রথম নারী এবং প্রথম ইহুদি মহাসচিব।
বর্তমান মহাসচিব আন্তোনিও গুতেরেসের মেয়াদ শেষ হওয়ার সময়সীমা আগামী ৩১ ডিসেম্বর দ্রুত ঘনিয়ে আসছে। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের অন্তত একটি ভেটোর বাধার কারণে এখন পর্যন্ত নিজের এই অগ্রগামিতাকে চূড়ান্ত বিজয়ে রূপ দিতে হিমশিম খাচ্ছেন গ্রিনস্প্যান।
কূটনৈতিক দক্ষতা ও সংস্কারের অঙ্গীকারগোপন ব্যালট এবং ভূ-রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতার কারণে নিরাপত্তা পরিষদের পাঁচ স্থায়ী সদস্য—যুক্তরাষ্ট্র, রাশিয়া, চীন, ফ্রান্স ও যুক্তরাজ্যের মধ্যে কে তার প্রার্থিতার বিরোধিতা করছে, তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। বর্তমানে জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থার (আঙ্কটাড) প্রধান হিসেবে দায়িত্ব পালন করা গ্রিনস্প্যান মনে করেন, বৈশ্বিক সংকট নিরসনে জাতিসংঘকে আরও ঝুঁকি নেওয়ার সাহস দেখাতে হবে।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, 'জাতিসংঘকে ঝুঁকি এড়িয়ে চলার প্রবণতা কমাতে হবে। বর্তমানে সংস্থাটির সবচেয়ে বড় ঝুঁকি হলো চেষ্টা না করার ঝুঁকি। শান্তির জন্য ঝুঁকি নিতে প্রস্তুত এমন নেতৃত্বই বিশ্ববাসী চায়।'
সংস্থাটির আমূল সংস্কারের ওপর জোর দিয়ে তিনি আরও বলেন, '৮০ বছর পর কোনো সংস্থা বলতে পারে না যে আমাদের কোনো কিছুরই পরিবর্তন করার প্রয়োজন নেই। জাতিসংঘকে সংস্কারের প্রতি রক্ষণশীল না হয়ে তা সাদরে গ্রহণ করতে হবে।'
কৃষ্ণসাগর শস্যচুক্তি ও মস্কোর সমীকরণ
কোস্টারিকার সাবেক এই ভাইস প্রেসিডেন্ট (১৯৯৪-১৯৯৮) এর আগে ২০২১ সালে আঙ্কটাডের প্রথম নারী মহাসচিব হিসেবে দায়িত্ব নেন। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ চলাকালে ২০২২ সালে স্তন ক্যানসারের চিকিৎসাধীন অবস্থাতেই তিনি জাতিসংঘ ও তুরস্কের মধ্যস্থতায় আলোচিত 'কৃষ্ণসাগর শস্যচুক্তি' (ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ) সম্পাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ওই চুক্তির ফলে বিশ্ববাজারে খাদ্যের দাম ২২ শতাংশ কমেছিল।
তবে পরবর্তীতে রাশিয়া ওই চুক্তি থেকে সরে এলে গ্রিনস্প্যান তার কঠোর সমালোচনা করেছিলেন। বিশ্লেষকদের মতে, এই কারণে মস্কো তার প্রার্থিতায় ভেটো দিতে পারে। যদিও সমর্থন আদায়ে গত এপ্রিলে তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে বৈঠক করেছেন।
ইহুদি পরিচয় ও গাজা যুদ্ধ নিয়ে অবস্থান
দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হলোকাস্ট থেকে পালিয়ে মধ্য আমেরিকায় আশ্রয় নেওয়া পোলিশ ইহুদি শরণার্থী দম্পতির সন্তান গ্রিনস্প্যান। ইসরায়েলে তার পারিবারিক সম্পর্ক থাকলেও গাজায় ইসরায়েলি আগ্রাসনের বিষয়ে তার অবস্থান জাতিসংঘের মূলনীতির সঙ্গেই সামঞ্জস্যপূর্ণ। ২০২৩ সালের অক্টোবরে হামাসের হামলার নিন্দা জানানোর পাশাপাশি তিনি গাজায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন।
এছাড়া তার নেতৃত্বাধীন আঙ্কটাডের একাধিক প্রতিবেদনে ইসরায়েলি দখলদারত্বের কারণে ফিলিস্তিনি অর্থনীতির ভয়াবহ ধ্বংসযজ্ঞের চিত্র তুলে ধরা হয়েছে। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ২০০০ থেকে ২০২৪ সাল পর্যন্ত ইসরায়েলি নীতির কারণে ফিলিস্তিনি অর্থনীতির আনুমানিক ২১২ দশমিক ২ বিলিয়ন ডলার ক্ষতি হয়েছে। নিজের পরিচয় প্রসঙ্গে গ্রিনস্প্যান বলেন, 'আমার পরিচয় আমাকে পক্ষপাতিত্ব নয়, বরং সহমর্মিতা শিখিয়েছে। আমি শান্তির সন্তান।'
মূল বাধা ওয়াশিংটন ও ট্রাম্প প্রশাসন
নিরাপত্তা পরিষদের স্থায়ী পাঁচ দেশের যেকোনো একটির ভেটো গ্রিনস্প্যানের স্বপ্ন ভেঙে দিতে পারে। বিশ্লেষকদের মতে, জাতিসংঘের ভেতরকার মানুষ হিসেবে পরিচিত গ্রিনস্প্যানের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থন আদায় করা। ট্রাম্প বরাবরই জাতিসংঘের বর্তমান কাঠামোর কট্টর সমালোচক এবং সংস্থাটিকে সংকুচিত করার পক্ষপাতী।
সম্প্রতি যুক্তরাষ্ট্র ও রাশিয়া সংযুক্ত আরব আমিরাতের প্রার্থী লানা নুসাইবেহকে সমর্থন দিয়েছে বলে কূটনৈতিক সূত্রে জানা গেছে। অন্যদিকে চীন লাতিন আমেরিকার কোনো প্রার্থীর প্রতি আগ্রহ দেখালেও প্রকাশ্যে কাউকে সমর্থন দেয়নি।
কাউন্সিল অন ফরেন রিলেশনসের জ্যেষ্ঠ ফেলো এস্থার ব্রিমারের মতে, ট্রাম্প প্রশাসনের মন জয় করতে হলে গ্রিনস্প্যানকে জাতিসংঘের ব্যাপক সংস্কার, পুনর্গঠন ও ব্যয় সংকোচনের বিষয়ে নিজের অঙ্গীকার স্পষ্টভাবে প্রমাণ করতে হবে। অতীতে অনেক জটিল কূটনৈতিক সমঝোতায় সফল হলেও, জাতিসংঘের শীর্ষ পদটি নিশ্চিত করতে এখন নিজের জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার মুখোমুখি হতে হচ্ছে রেবেকা গ্রিনস্প্যানকে।
সূত্র: আল জাজিরা
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
জাতিসংঘ
View moreযুক্তরাষ্ট্রের জর্জিয়া অঙ্গরাজ্যের আটলান্টা মেট্রো এলাকার ডিকাল্ব কাউন্টিতে তিন দিনব্যাপী বিনামূল্যে তাজা ফলমূল ও শাকসবজি বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী ১৯ থেকে ২১ নভেম্বর পর্যন্ত কাউন্টির বিভিন্ন স্থানে এ কর্মসূচি চলবে। এর আওতায় নির্ধারিত বিতরণকেন্দ্রে গাড়ি নিয়ে উপস্থিত হলে গাড়ি থেকে না নেমেই খাদ্যসামগ্রী সংগ্রহ করতে পারবেন বাসিন্দারা। ডিকাল্ব টুগেদার ড্রাইভ-থ্রু ফুড ডিস্ট্রিবিউশন নামের এ কর্মসূচিতে আপেল, বাঁধাকপি, স্কোয়াশ, জুকিনি, কমলা, ক্র্যানবেরি, পেঁয়াজ, শসা, আলু, কলার্ড শাক ও সেলারিসহ বিভিন্ন ধরনের তাজা ফলমূল ও শাকসবজি বিতরণ করা হবে। ছুটির মৌসুমের আগে স্থানীয় বাসিন্দাদের খাদ্য সহায়তা দেওয়ার অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার ১৯ নভেম্বর সকাল ৬টায় স্টোনক্রেস্টের নিউ বার্থ মিশনারি ব্যাপটিস্ট চার্চে খাদ্য বিতরণ শুরু হবে। কেন্দ্রটির ঠিকানা ৬৪০০ উডরো রোড, স্টোনক্রেস্ট, জর্জিয়া ৩০০৩৮। শুক্রবার ২০ নভেম্বর স্টোন মাউন্টেনের বেরিয়ান ক্রিশ্চিয়ান চার্চে বিতরণ করা হবে। কেন্দ্রটির ঠিকানা ২২০১ ইয়ং রোড, স্টোন মাউন্টেন, জর্জিয়া ৩০০৮৮। শনিবার ২১ নভেম্বর সকাল ৯টা থেকে একযোগে পাঁচটি স্থানে খাদ্য বিতরণ করা হবে। স্থানগুলো হলো ডিকাটুরের নিউ লাইফ চার্চ, ৩৫৯২ ফ্ল্যাট শোলস রোড; আটলান্টার সেন্ট ফিলিপ এএমই, ২৪০ ক্যান্ডলার রোড এসই; আটলান্টার প্লাজা ফিয়েস্তা, ৪১৬৬ বাফোর্ড হাইওয়ে এনই; ডিকাটুরের বিউলা ব্যাপটিস্ট চার্চ, ২৩৪০ ক্লিফটন স্প্রিংস রোড এবং টাকারের রিহোবথ ব্যাপটিস্ট চার্চ, ২৯৯৭ লরেন্সভিল হাইওয়ে। আয়োজকদের নির্দেশনা অনুযায়ী, এ কর্মসূচিতে শুধু ডিকাল্ব কাউন্টির বাসিন্দারাই অংশ নিতে পারবেন। খাদ্যসামগ্রী সংগ্রহের জন্য আগাম নিবন্ধনের প্রয়োজন নেই। তবে প্রতিটি বিতরণকেন্দ্রে সরবরাহ থাকা পর্যন্তই খাদ্য বিতরণ চলবে। তাই আগ্রহীদের নির্ধারিত সময়ে উপস্থিত হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।
জাতিসংঘের প্রথম নারী মহাসচিব হতে পারেন রেবেকা গ্রিনস্প্যান, বাধা শুধু ট্রাম্প!
‘কিলার রোবট’ নিয়ন্ত্রণে জাতিসংঘে বিতর্ক শুরু, বাধা হয়ে দাঁড়িয়েছে পরাশক্তিগুলো
বিশ্বের শীর্ষ দশ শরণার্থী আশ্রয়দাতা দেশের তালিকায় বাংলাদেশ, ইরানের অবস্থান পঞ্চম
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় ভয়াবহ উড়োজাহাজ দুর্ঘটনায় নিহত হয়েছেন ২০ বছর বয়সী সহ-পাইলট নাথালিয়া গাদেলহা। মাত্র ১৭ বছর বয়সে হাইস্কুলে পড়ার সময়ই ব্যক্তিগত উড়োজাহাজ চালানোর লাইসেন্স অর্জন করেছিলেন তিনি। ভবিষ্যতে বাণিজ্যিক এয়ারলাইন পাইলট হওয়ার স্বপ্ন নিয়ে এগিয়ে যাচ্ছিলেন নাথালিয়া। রোববার (১ নভেম্বর) পাম বিচ কাউন্টিতে একটি লিয়ারজেট-৬০ উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে আগুন ধরে গেলে নাথালিয়াসহ উড়োজাহাজে থাকা নয়জন নিহত হন। নিউইয়র্ক পোস্টকে তাঁর পরিবারের সদস্যরা তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নাথালিয়া ২০২০ সালে উড়োজাহাজ চালানোর প্রশিক্ষণ শুরু করেন। পাম বিচ কাউন্টি স্কুল ডিস্ট্রিক্টের এভিয়েশন একাডেমির সহায়তায় ওয়েস্ট বোকা র্যাটন হাইস্কুলে পড়ার সময় ১৭ বছর বয়সেই ব্যক্তিগত পাইলট লাইসেন্স অর্জন করেন। ২০২৩ সালে একটি স্থানীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, তত দিনে তাঁর ৮৮ ঘণ্টা উড়োজাহাজ চালানোর অভিজ্ঞতা হয়েছিল। পরবর্তী সময়ে পেশাদার পাইলট হিসেবে কাজ শুরু করেন। নিউইয়র্ক পোস্টের তথ্য অনুযায়ী, মৃত্যুর আগে প্রায় নয় মাস ধরে বাণিজ্যিক পাইলট হিসেবে কাজ করছিলেন তিনি। দুর্ঘটনাকবলিত উড়োজাহাজটি টেক্সাসের অস্টিন থেকে বাহামাসের নর্থ ইলিউথেরা বিমানবন্দরের উদ্দেশে যাচ্ছিল। রোববার দুপুরে পাম বিচ কাউন্টির গ্রিনএকার্স এলাকায় উড়োজাহাজটি নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হয়। দুর্ঘটনার আগে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে কথোপকথনে বৈমানিকরা উড়োজাহাজের পাখায় বরফ জমা এবং আবহাওয়াজনিত সমস্যার কথা জানিয়েছিলেন। একপর্যায়ে উড়োজাহাজটি দ্রুত নিচে নামতে শুরু করে এবং জরুরি বিপৎসংকেত পাঠানো হয়। শেষ পর্যন্ত সেটি আবাসিক এলাকার কাছে আছড়ে পড়ে। দুর্ঘটনার পর আশপাশের এলাকার প্রায় ৬০০ বাসিন্দাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড (এনটিএসবি) দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে। যান্ত্রিক ত্রুটি, আবহাওয়ার প্রভাব এবং উড়োজাহাজের শেষ মুহূর্তের পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। তবে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুর্ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যায়নি।
নিউইয়র্কে সন্ধ্যার পর বাড়ছে দুর্ঘ টনার ঝুঁকি, চালকদের বিরুদ্ধে কঠোর অভিযানে পুলিশ
ফ্লোরিডায় ১৪ বছরের কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের পক্ষে আদালতের রায়
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় আগ্রহী ইরান তবে চাপের মধ্যে নয়: পেজেশকিয়ান
নারীদের জন্য নিরাপদ গণপরিবহন নিশ্চিত করতে বাংলাদেশে চালু হওয়া ‘পিঙ্ক বাস সার্ভিস’-এর কথা জাতিসংঘের মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে তুলে ধরেছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম। ২৩ সেপ্টেম্বর নিউইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ‘প্রযুক্তি ব্যবহার করে নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা’ বিষয়ক মন্ত্রী পর্যায়ের গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন তিনি। বৈঠকটি আয়োজন করে ক্রোয়েশিয়া ও ইউএন উইমেন। বৈঠকে শামা ওবায়েদ নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে বাংলাদেশের বিভিন্ন আইনি ও প্রাতিষ্ঠানিক উদ্যোগের কথা তুলে ধরেন। দ্রুত তদন্ত ও বিচার, আইনি সহায়তা, সামাজিক সুরক্ষা, নিরাপদ আশ্রয়, পুনর্বাসন এবং মানসিক সহায়তার বিষয়গুলোও তার বক্তব্যে উঠে আসে। নারীদের গণপরিবহনে নিরাপত্তা বাড়ানোর উদ্যোগ হিসেবে তিনি বাংলাদেশের সম্প্রতি চালু হওয়া নারী-নির্দিষ্ট ‘পিঙ্ক বাস সার্ভিস’-এর বিষয়টি আন্তর্জাতিক প্রতিনিধিদের সামনে তুলে ধরেন। পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নারীদের জন্য গণপরিবহনকে আরও নিরাপদ ও স্বস্তিদায়ক করাই এই সেবার অন্যতম উদ্দেশ্য। বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) ১৮ আগস্ট রাজধানীর তেজগাঁও বাস ডিপো থেকে পিঙ্ক বাস সার্ভিসের উদ্বোধন করে। প্রথম পর্যায়ে ১৪টি বাস নিয়ে এই সেবা চালু করা হয়। বিআরটিসির তথ্য অনুযায়ী, বাসগুলো ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, বগুড়া ও চট্টগ্রামের নির্ধারিত রুটে চলাচলের জন্য দেওয়া হয়। এই সেবার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো বাস পরিচালনায় নারী চালক ও নারী কন্ডাক্টরদের অংশগ্রহণ। উদ্যোগটির মাধ্যমে নারীদের নিরাপদ যাতায়াতের পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের সুযোগ বাড়ানোর বিষয়টিও সামনে এসেছে। জাতিসংঘের বৈঠকে শামা ওবায়েদ নারীদের বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর সহিংসতার বিষয়েও আন্তর্জাতিক সহযোগিতা জোরদারের আহ্বান জানান।তিনি বাংলাদেশ নেতৃত্বাধীন ‘ঢাকা ডায়ালগ’ উদ্যোগের কথা তুলে ধরেন। ডিজিটাল হয়রানি প্রতিরোধ, ঘটনার তদন্ত এবং তা মোকাবিলায় স্বেচ্ছামূলক নির্দেশিকা তৈরির লক্ষ্য রয়েছে এই উদ্যোগের। এ উদ্যোগের ‘গ্রুপ অব ফ্রেন্ডস’-এ জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলোকে যুক্ত হওয়ার আহ্বান জানান তিনি। বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে নারীদের বিরুদ্ধে তৈরি হওয়া নতুন ধরনের ডিজিটাল হুমকি নিয়েও আলোচনা হয়। এর মধ্যে অনলাইন হয়রানি, মানহানি, পরিচয় জালিয়াতি এবং এআই-নির্ভর নিপীড়নের মতো বিষয় ছিল। শামা ওবায়েদ সংঘাত ও বাস্তুচ্যুতির শিকার নারীদের সুরক্ষার বিষয়টিও জাতিসংঘের আলোচনায় তুলে ধরেন। তিনি জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের অবদানের কথা উল্লেখ করেন।এ ছাড়া বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা নারী ও শিশুদের সুরক্ষায় নেওয়া বিভিন্ন মানবিক সহায়তা কার্যক্রমের কথাও তুলে ধরেন তিনি। নারী ও শিশুদের বিরুদ্ধে সহিংসতা প্রতিরোধে আইন ও প্রতিষ্ঠানভিত্তিক উদ্যোগের পাশাপাশি নিরাপদ গণপরিবহন এবং প্রযুক্তিনির্ভর সহিংসতা মোকাবিলার বিষয়গুলো একই আলোচনায় তুলে ধরে বাংলাদেশ আন্তর্জাতিক পর্যায়ে তার বিভিন্ন উদ্যোগের চিত্র উপস্থাপন করেছে।
গুতেরেসের সঙ্গে তারেকের বৈঠক, জাতিসংঘে বাংলাদেশের অগ্রাধিকার তুলে ধরলেন প্রধানমন্ত্রী
ঋণ নয়, অনুদান চায় বন্যাবিধ্বস্ত নেপাল; জাতিসংঘের তহবিলে ২ কোটি ডলারের আবেদন

