ফ্লোরিডায় একসঙ্গে কার্যকর ১৩২ নতুন আইন, বদলে যাচ্ছে ট্রাফিক, শিক্ষা, ব্যবসা ও ভোক্তা সুরক্ষার নিয়ম
ফ্লোরিডায় ১ জুলাই থেকে একসঙ্গে ১৩২টি নতুন আইন কার্যকর হয়েছে। গভর্নর Ron DeSantis স্বাক্ষরিত এসব আইনের মাধ্যমে ট্রাফিক, শিক্ষা, ভোক্তা অধিকার, ব্যবসা, জননিরাপত্তা এবং সরকারি প্রশাসনের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। চলতি বছরে গভর্নর ২০০টিরও বেশি বিলে স্বাক্ষর করেছেন, যার মধ্যে সবচেয়ে বড় অংশ আজ থেকে কার্যকর হয়েছে।
নতুন আইনের মধ্যে অন্যতম হলো বারবার গুরুতর ট্রাফিক আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা। বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া গাড়ি চালানোর অপরাধও এখন নির্দিষ্ট পরিস্থিতিতে ‘অভ্যাসগত ট্রাফিক অপরাধী’ হিসেবে গণনার আওতায় আসবে। এ ধরনের চালকদের বিরুদ্ধে ভবিষ্যতে আরও কঠোর ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ তৈরি হয়েছে।
ভোক্তা সুরক্ষার ক্ষেত্রেও বড় পরিবর্তন এসেছে। নতুন নিয়ম অনুযায়ী, রেস্তোরাঁগুলোকে সার্ভিস চার্জ, ডেলিভারি ফি, স্বয়ংক্রিয় গ্র্যাচুইটি বা অন্যান্য অতিরিক্ত ফি আগে থেকেই স্পষ্টভাবে জানাতে হবে। মেনু, বিল এবং রসিদে এসব চার্জ আলাদা করে উল্লেখ করার বাধ্যবাধকতা আরোপ করা হয়েছে, যাতে গ্রাহকরা লুকানো ফি সম্পর্কে বিভ্রান্ত না হন।
এছাড়া শিক্ষা, তথ্যপ্রযুক্তি, সরকারি অবকাঠামো, জননিরাপত্তা, প্রাণী কল্যাণ এবং স্থানীয় প্রশাসন সম্পর্কিত একাধিক নতুন আইনও কার্যকর হয়েছে। কিছু সড়ক ও স্থাপনার নাম পরিবর্তন, তথ্যকেন্দ্র (ডেটা সেন্টার) পরিচালনা সংক্রান্ত বিধান এবং বিভিন্ন প্রশাসনিক সংস্কারও এই আইনের অন্তর্ভুক্ত।
ফ্লোরিডা প্রশাসনের ভাষ্য অনুযায়ী, এসব আইনের লক্ষ্য হলো জননিরাপত্তা জোরদার করা, ভোক্তাদের অধিকার রক্ষা করা এবং রাজ্যের বিভিন্ন খাতে প্রশাসনিক কার্যক্রম আরও স্বচ্ছ ও কার্যকর করা। তবে নতুন কয়েকটি আইন নিয়ে ইতোমধ্যে রাজনৈতিক ও জনপরিসরে বিতর্কও শুরু হয়েছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।
আমেরিকা
View moreশেয়ারবাজারের সূচক ঊর্ধ্বমুখী হওয়া মানেই দেশের অর্থনীতি ভালো চলছে না; বরং সাধারণ মানুষ তাদের নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে এবং দৈনন্দিন খরচ মেটাতে পারছেন কি না, সেটিই অর্থনীতির প্রকৃত মাপকাঠি। যুক্তরাষ্ট্রের বর্তমান অর্থনৈতিক অবস্থা প্রসঙ্গে ঠিক এভাবেই সাধারণ মানুষের দুর্ভোগ ও জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়ের কথা অকপটে স্বীকার করে নিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। তার মতে, অর্থনৈতিক চাপের কারণে সাধারণ মার্কিন নাগরিকরা বর্তমানে একটি অত্যন্ত কঠিন সময় পার করছেন, যা কেবল ওয়ালস্ট্রিটের আর্থিক সাফল্যের দিকে তাকিয়ে উপলব্ধি করা সম্ভব নয়। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) বরাতে মেহের নিউজ এজেন্সির প্রকাশিত একটি প্রতিবেদনে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর এই স্বীকারোক্তির বিষয়টি উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়েছে, বাণিজ্য শুল্ক বৃদ্ধি, দ্রব্যমূল্য কমানোর নির্বাচনী প্রতিশ্রুতি পূরণে ট্রাম্প প্রশাসনের ব্যর্থতা এবং ইরানের সঙ্গে সংঘাতের কারণে সাধারণ ভোটারদের মাঝে চরম অসন্তোষ তৈরি হয়েছে। ভোটারদের এই ক্ষোভের সরাসরি প্রভাব পড়েছে মার্কিন রাজনীতিতেও, যার ফলে কংগ্রেসের নিয়ন্ত্রণ ডেমোক্র্যাটদের হাতে চলে যাওয়ার মতো পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানের পক্ষে জোরালো অবস্থান নিয়ে মার্কো রুবিও দাবি করেন, তেহরানকে পারমাণবিক অস্ত্র অর্জন থেকে বিরত রাখার জন্য এই যুদ্ধের কোনো বিকল্প ছিল না। তবে তিনি এ কথাও নির্দ্বিধায় স্বীকার করেন যে, দেশের ভেতরে এই যুদ্ধটি অত্যন্ত অজনপ্রিয় হয়ে উঠেছে। কারণ, এই সংঘাতের প্রত্যক্ষ প্রভাবে যুক্তরাষ্ট্রে পেট্রলের দামসহ বিভিন্ন খাতে ব্যয় ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মার্কিন নাগরিকদের কাঁধে অর্থনৈতিক চাপকে আরও বহুগুণ বাড়িয়ে দিয়েছে। একদিকে যুদ্ধের পক্ষে সাফাই গাইলেও, অন্যদিকে এর নেতিবাচক অর্থনৈতিক প্রভাব ও মানুষের দৈনন্দিন ব্যয় বৃদ্ধি নিয়ে প্রশাসনের ভেতরের অস্বস্তিই রুবিওর বক্তব্যে প্রকাশ পেয়েছে। অর্থনীতি ও মধ্যপ্রাচ্য নীতির পাশাপাশি ট্রাম্প প্রশাসনের অন্যান্য বিতর্কিত বৈদেশিক ও অভিবাসন নীতির পক্ষেও নিজের অবস্থান স্পষ্ট করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী। লাতিন আমেরিকায় নৌযানে প্রাণঘাতী হামলা, ভেনেজুয়েলার তৎকালীন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার পদক্ষেপ এবং প্রশাসনের কঠোর অভিবাসননীতির পক্ষে যুক্তি তুলে ধরেন তিনি। এসব নীতির সমালোচকদের কড়া জবাব দেওয়ার পাশাপাশি জাতিসংঘ, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) এবং বৈশ্বিক অভিজাতদের বিরুদ্ধে সরাসরি অভিযোগ তুলে রুবিও বলেন, এরা পরিকল্পিতভাবে বিশ্বমঞ্চে যুক্তরাষ্ট্রকে দুর্বল করার চেষ্টা চালাচ্ছে।
তামার তার পরিবর্তন! যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বিপর্যয়ের কারণ জানালেন পরিবহন সচিব
যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের প্রবেশাধিকার বন্ধের আদেশ, ট্রাম্পের ভাগ্য নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট
কক্ষপথে সফলভাবে পৌঁছাল স্পেসএক্সের স্টারশিপ, তবে বুস্টার ধরার চেষ্টা ব্যর্থ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ড্রাইভিং লাইসেন্স নিতে চাইলে প্রথম গুরুত্বপূর্ণ ধাপ হলো লার্নার পারমিটের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। এ পরীক্ষায় ট্রাফিক সিগন্যাল, রাস্তার চিহ্ন, নিরাপদ ড্রাইভিং এবং ট্রাফিক আইন সম্পর্কে প্রশ্ন করা হয়। বিশেষ করে নতুন অভিবাসী ও প্রথমবার ড্রাইভিং শেখার প্রস্তুতি নেওয়া ব্যক্তিদের জন্য এসব নিয়ম ভালোভাবে জানা জরুরি। নিউইয়র্ক ডিপার্টমেন্ট অব মোটর ভেহিক্যালস বা ডিএমভির তথ্য অনুযায়ী, সাধারণ ক্লাস ডি লার্নার পারমিটের লিখিত পরীক্ষায় মোট ২০টি প্রশ্ন থাকে। পাস করতে অন্তত ১৪টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হয়। এর মধ্যে চারটি রোড সাইন সম্পর্কিত প্রশ্ন থাকে, যার অন্তত দুটির উত্তর সঠিক হওয়া বাধ্যতামূলক। পরীক্ষার গুরুত্বপূর্ণ অংশ ট্রাফিক সিগন্যাল। লাল বাতি ঝলকাতে থাকলে স্টপ সাইনের মতো সম্পূর্ণ থামতে হবে। হলুদ বাতি ঝলকালে সতর্কতার সঙ্গে এগোতে হবে। স্থির হলুদ বাতি জ্বললে লাল সিগন্যালের জন্য থামার প্রস্তুতি নিতে হবে। অন্যদিকে, সবুজ বাতি জ্বললেও সামনে রাস্তা নিরাপদ কি না এবং অন্য কাউকে আগে যাওয়ার সুযোগ দিতে হবে কি না, তা নিশ্চিত করতে হবে। জরুরি সেবার গাড়ি চলাচলের নিয়মও পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। অ্যাম্বুলেন্স, ফায়ার ট্রাক বা পুলিশের জরুরি গাড়ি সাইরেন ও ফ্ল্যাশিং লাইট চালিয়ে এলে নিরাপদে রাস্তার ডান পাশে সরে গিয়ে থামতে হবে। তবে ইন্টারসেকশনের মাঝখানে গাড়ি থামানো যাবে না। স্কুল বাসের ক্ষেত্রেও রয়েছে কঠোর নিয়ম। কোনো স্কুল বাস থেমে লাল বাতি জ্বালালে দুই দিকের গাড়িকেই বাস থেকে অন্তত ২০ ফুট দূরে থামতে হবে। এমনকি মাঝখানে ডিভাইডার থাকা রাস্তায় বিপরীত দিক থেকে আসা গাড়ির ক্ষেত্রেও নিউইয়র্কে এই নিয়ম প্রযোজ্য। রাস্তার ওপর আঁকা বিভিন্ন লাইন সম্পর্কে পরিষ্কার ধারণা থাকা প্রয়োজন। নিজের পাশে সলিড হলুদ লাইন থাকলে সাধারণভাবে অন্য গাড়িকে ওভারটেক করা যাবে না। দুটি সলিড হলুদ লাইন থাকলে কোনো দিক থেকেই ওভারটেক করা যাবে না। অন্যদিকে, ভাঙা সাদা লাইন থাকলে নিরাপদ পরিস্থিতিতে লেন পরিবর্তন করা যায়। লেন পরিবর্তনের আগে আয়না দেখা, টার্ন সিগন্যাল দেওয়া এবং ব্লাইন্ড স্পট পরীক্ষা করা জরুরি। নিউইয়র্কে মোড় নেওয়া বা লেন পরিবর্তনের অন্তত ১০০ ফুট আগে সিগন্যাল দিতে হয়। চার দিকের স্টপ সাইনযুক্ত ইন্টারসেকশনে দুটি গাড়ি একই সময়ে পৌঁছালে সাধারণত ডান পাশের গাড়িকে আগে যেতে দিতে হয়। বামে মোড় নেওয়ার সময় বিপরীত দিকের যানবাহন ও পথচারীদের অগ্রাধিকার দিতে হবে। ক্রসওয়াকে পথচারী থাকলে তাঁকে নিরাপদে রাস্তা পার হওয়ার সুযোগ দিতে হবে। গাড়ি চালানোর সময় সামনের গাড়ির সঙ্গে নিরাপদ দূরত্ব বজায় রাখাও গুরুত্বপূর্ণ। নিউইয়র্ক ডিএমভির ড্রাইভার ম্যানুয়ালে স্বাভাবিক পরিস্থিতিতে অন্তত দুই সেকেন্ডের দূরত্ব রাখার নিয়ম শেখানো হয়েছে। খারাপ আবহাওয়া বা বড় ট্রাকের পেছনে চলার সময় তা অন্তত তিন থেকে চার সেকেন্ড করতে বলা হয়েছে। পার্কিংয়ের ক্ষেত্রেও কিছু নিয়ম জানা দরকার। নিউইয়র্কে সাধারণভাবে ফায়ার হাইড্রেন্টের ১৫ ফুটের মধ্যে পার্কিং, স্ট্যান্ডিং বা স্টপিং নিষিদ্ধ। তবে জরুরি প্রয়োজনে গাড়ি সরানোর জন্য লাইসেন্সধারী চালক ভেতরে উপস্থিত থাকলে আইনে নির্দিষ্ট ব্যতিক্রম রয়েছে। রেলক্রসিংয়ে লাল বাতি ঝলকালে ট্রেন চলাচল শেষ হওয়া এবং সিগন্যাল নিরাপদ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। হাইওয়েতে নির্ধারিত এক্সিট মিস করলে গাড়ি পেছনে না চালিয়ে পরবর্তী এক্সিট ব্যবহার করতে হবে। রাতে বিপরীত দিক থেকে গাড়ি এলে হাই বিমের পরিবর্তে লো বিম ব্যবহার করতে হবে। ভারী বৃষ্টির সময় গতি কমানো, সামনের গাড়ির সঙ্গে অতিরিক্ত দূরত্ব রাখা এবং প্রয়োজনীয় হেডলাইট জ্বালানো জরুরি। ডিএমভি জানিয়েছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পাশাপাশি নির্ধারিত দৃষ্টিশক্তি পরীক্ষা ও অন্যান্য শর্ত পূরণ করতে হয়। লার্নার পারমিট পাওয়ার পরও একা গাড়ি চালানো যায় না। সাধারণভাবে অন্তত ২১ বছর বয়সী উপযুক্ত লাইসেন্সধারী ব্যক্তির তত্ত্বাবধানে ড্রাইভিং অনুশীলন করতে হয়। কম বয়সী চালকদের জন্য অতিরিক্ত বিধিনিষেধ রয়েছে। পরীক্ষার্থীরা নিউইয়র্ক ডিএমভির অফিসিয়াল ড্রাইভার ম্যানুয়াল পড়ে এবং প্র্যাকটিস টেস্ট দিয়ে প্রস্তুতি নিতে পারেন। নিয়মগুলো শুধু পরীক্ষায় পাস করার জন্য নয়, প্রতিদিন নিরাপদে গাড়ি চালানোর ক্ষেত্রেও সমান গুরুত্বপূর্ণ। সূত্র: নিউইয়র্ক স্টেট ডিপার্টমেন্ট অব মোটর ভেহিক্যালস
বড়দিনের কেনাকাটায় ঋণের বোঝা বাড়ছে মার্কিনিদের, আটকে আছে বাড়ি ভাড়া, বিপাকে তরুণ প্রজন্ম
নিয়মিত রেন্ট দেওয়া স্বত্তেও বাড়িওয়ালার ১০ লাখ ডলার বকেয়া বিল! উদ্বেগে ভাড়াটিয়ারা
যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীদের বর্ণবাদী বিদ্রূপ, অভিযুক্ত তরুণীর জন্য ১ লাখ ডলার সংগ্রহের উদ্যোগ
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরের স্টেটেন আইল্যান্ডে ডার্ট বাইক আরোহী একদল বেপরোয়া কিশোরের তাণ্ডবে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, 'কিশোর সন্ত্রাসী' হিসেবে আখ্যায়িত এই গ্যাংটি ব্যস্ত রাস্তায় গাড়িচালকদের ওপর হামলা চালাচ্ছে এবং তীব্র যানজটের সৃষ্টি করছে। গত বুধবার বুলস হেড এলাকার রিচমন্ড অ্যাভিনিউতে এই ভয়াবহ ঘটনা ঘটে। হামলাকারীদেরই একজনের ধারণ করা ওই ভিডিওতে দেখা যায়, ডজনখানেক উচ্ছৃঙ্খল কিশোর সিগন্যালে দাঁড়িয়ে থাকা একটি সাদা রঙের হোন্ডা সিআর-ভি গাড়ি ঘিরে ধরে তাণ্ডব চালাচ্ছে। মুখোশধারী এই কিশোররা যখন গাড়িতে এলোপাতাড়ি লাথি ও ঘুষি মারছিল, তখন আশপাশের গাড়িতে থাকা অন্যান্য চালকরা আতঙ্কে সেই দৃশ্য দেখছিলেন। ট্রাফিক সিগন্যালের আলো সবুজ হতেই সিআর-ভি চালক সামনে এগোতে চেষ্টা করেন। এ সময় এক হামলাকারী তার নীল রঙের বাইকটি দিয়ে গাড়ির রাস্তা আটকানোর চেষ্টা করলে গাড়িটি বাইকের ওপর দিয়েই চালিয়ে দেন চালক। তবে ওই আরোহীর গায়ে কোনো আঘাত লাগেনি। এরপরই ক্ষিপ্ত কিশোর গ্যাং গাড়িটির পিছু ধাওয়া করে। এ সময় ভিডিও ধারণকারী একজনকে চিৎকার করে বলতে শোনা যায়, "ইয়ো! হ্যাংকি আঘাত পেয়েছে!" এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। তবে নিউইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের (এনওয়াইপিডি) বরো কমান্ডার এবং অ্যাসিস্ট্যান্ট চিফ জন বুটাকাভোলি হামলাকারীদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন। বৃহস্পতিবার বরো প্রেসিডেন্ট ভিটো ফসলেয়া এবং স্টেটেন আইল্যান্ডের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি মাইকেল ম্যাকমোহনের সাথে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, পুলিশ অপরাধীদের পরিচয় সম্পর্কে অবগত এবং খুব শিগগিরই তাদের আইনের আওতায় আনা হবে। ডিস্ট্রিক্ট অ্যাটর্নি ম্যাকমোহন হামলাকারীদের 'শিয়াল' ও 'কিশোর সন্ত্রাসী' আখ্যা দিয়ে বলেন, সাধারণ চালকরা যখন নিজেদের কাজে যাচ্ছিলেন, ঠিক তখনই এই চক্রটি তাদের ওপর হামলে পড়ে। গত এক বছর ধরে স্টেটেন আইল্যান্ডের বাসিন্দারা এসব কিশোর গ্যাংয়ের বেপরোয়া বাইক চালানো এবং চালকদের হেনস্থা করার ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করে আসছেন। বুটাকাভোলি জানিয়েছেন, চলতি বছর পুলিশ ইতোমধ্যে এ ধরনের অসংখ্য বাইক জব্দ করেছে। তবে অ্যাসেম্বলিম্যান মাইক রেইলি এই পরিস্থিতির জন্য আলবেনি থেকে আসা 'অপরাধীদের প্রতি নমনীয়' আইনগুলোকে দায়ী করেছেন। বিশেষ করে ২০১৭ সালে তৎকালীন গভর্নর অ্যান্ড্রু কুওমো স্বাক্ষরিত 'রেইজ দ্য এজ' আইনের সমালোচনা করেন তিনি, যার মাধ্যমে অপরাধমূলক দায়বদ্ধতার বয়স ১৬ থেকে বাড়িয়ে ১৮ বছর করা হয়েছিল। এছাড়া ২০২০ সালে জনসমক্ষে মুখোশ পরার ওপর থাকা ১৭৫ বছরের পুরোনো নিষেধাজ্ঞা তুলে নেওয়ার কারণেও এই কিশোররা পরিচয় গোপন করে অপরাধ করার সুযোগ পাচ্ছে বলে দাবি করেন রেইলি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আগামী জানুয়ারিতে নতুন একটি আইন প্রস্তাব করার ঘোষণা দিয়েছেন অ্যাসেম্বলিম্যান রেইলি। এই প্রস্তাবিত আইনে অপ্রাপ্তবয়স্কদের বেপরোয়া ও বিপজ্জনকভাবে ই-বাইক, মোপেড বা এটিভি চালানোর দায়ে তাদের অভিভাবকদের আর্থিকভাবে দায়ী করার কথা বলা হয়েছে। আইনটি পাস হলে দোষীদের বাবা-মা বা অভিভাবকদের ২৫০ থেকে দেড় হাজার ডলার পর্যন্ত জরিমানা গুনতে হতে পারে। রেইলি আশা প্রকাশ করে বলেন, এই জরিমানার ফলে অভিভাবকরা আরও সচেতন হবেন এবং তাদের সন্তানদের বোঝাতে সক্ষম হবেন যে এ ধরনের অপরাধমূলক আচরণের পরিণতি কতটা ভয়াবহ হতে পারে।
ন্যাটো সদস্যপদের বিনিময়ে ইউক্রেনকে দনবাস ছাড়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র!
ইরান যুদ্ধ বাদ দিয়ে ডেমোক্র্যাটদের দুর্নীতি খুঁজতে ভ্যান্সকে নির্দেশ ট্রাম্পের