সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

যুক্তরাষ্ট্রে বিদেশি নাগরিক গ্রেপ্তার হলে পুলিশের করণীয় নির্ধারণ করলো ট্রাম্প প্রশাসন

ইসতিয়াক আহমেদ প্রকাশ: আগস্ট ১৩, ২০২৬ ৭:৫২
ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই (FBI)-এর লোগো সম্বলিত একটি কোলাজ ছবি।
ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই (FBI)-এর লোগো সম্বলিত একটি কোলাজ ছবি।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর দেশটির মাটিতে কোনো বিদেশি নাগরিক গ্রেপ্তার বা আটক হলে আইনশৃঙ্খলা বাহিনীকে কী ধরনের পদক্ষেপ নিতে হবে, সে বিষয়ে আনুষ্ঠানিক নির্দেশনা প্রকাশ করেছে।

 

নির্দেশনায় বলা হয়েছে, এসব নিয়ম সব বিদেশি নাগরিকের ক্ষেত্রেই প্রযোজ্য—তিনি বৈধ ভিসাধারী, স্থায়ী বাসিন্দা কিংবা অনিবন্ধিত অভিবাসী যাই হোন না কেন।

 

প্রথমেই জাতীয়তা যাচাই

 

কোনো বিদেশি নাগরিককে গ্রেপ্তার বা আটক করার পর আইনশৃঙ্খলা কর্মকর্তাদের প্রথমে তার জাতীয়তা নির্ধারণ করতে হবে। এরপর ওই ব্যক্তির দেশের নাম যুক্তরাষ্ট্রের ‘বাধ্যতামূলক কনস্যুলার বিজ্ঞপ্তি’ তালিকায় রয়েছে কি না, তা যাচাই করতে হবে।

 

যদি সংশ্লিষ্ট দেশ ওই তালিকায় না থাকে, তাহলে আটক ব্যক্তিকে জানাতে হবে যে তিনি চাইলে নিজের দেশের দূতাবাস বা কনস্যুলেটকে বিষয়টি জানানোর অনুরোধ করতে পারেন। তবে তিনি অনুরোধ না করলে সাধারণত সংশ্লিষ্ট কনস্যুলার কর্তৃপক্ষকে জানানো বাধ্যতামূলক নয়।

 

অন্যদিকে, কোনো ব্যক্তির দেশ যদি বাধ্যতামূলক বিজ্ঞপ্তির তালিকায় থাকে, তাহলে তার অনুমতি নেওয়ার অপেক্ষা না করেই নিকটস্থ দূতাবাস বা কনস্যুলেটকে দ্রুত অবহিত করতে হবে। একই সঙ্গে ওই বিদেশি নাগরিককেও জানাতে হবে যে তার দেশের কনস্যুলার কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হয়েছে।

 

প্রতিটি পদক্ষেপের রেকর্ড রাখতে হবে

 

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের নির্দেশনায় আইনশৃঙ্খলা কর্মকর্তাদের পুরো প্রক্রিয়ার লিখিত রেকর্ড সংরক্ষণের কথাও বলা হয়েছে।

 

এর মধ্যে আটক ব্যক্তিকে কী তথ্য জানানো হয়েছে, তিনি কনস্যুলেটের সঙ্গে যোগাযোগের অনুরোধ করেছেন কি না, দূতাবাস বা কনস্যুলেটকে কখন এবং কীভাবে জানানো হয়েছে—এসব তথ্য নথিভুক্ত করতে হবে।

 

কনস্যুলার কর্তৃপক্ষকে জানানো হলে তারা আটক ব্যক্তির সঙ্গে যোগাযোগ বা সাক্ষাৎ করতে পারেন এবং প্রয়োজন অনুযায়ী তার কল্যাণ, চিকিৎসা কিংবা পরিবারের সঙ্গে যোগাযোগের বিষয়ে সহায়তা করতে পারেন।

 

তবে কনস্যুলার কর্মকর্তারা আটক ব্যক্তির হয়ে আদালতে আইনজীবী হিসেবে প্রতিনিধিত্ব করেন না।

 

অভিবাসনগত অবস্থায় ছাড় নেই

 

পররাষ্ট্র দপ্তরের নির্দেশনার গুরুত্বপূর্ণ বিষয় হলো এসব নিয়ম প্রয়োগের ক্ষেত্রে ব্যক্তির অভিবাসনগত অবস্থাকে আলাদা কোনো মানদণ্ড হিসেবে ধরা হয় না।

 

অর্থাৎ যুক্তরাষ্ট্রে কোনো বিদেশি নাগরিক বৈধভাবে অবস্থান করছেন নাকি তার অভিবাসন-সংক্রান্ত অবস্থান অনিয়মিত—এটি কনস্যুলার বিজ্ঞপ্তির মৌলিক নিয়ম পরিবর্তন করে না।

 

এই ব্যবস্থার মূল উদ্দেশ্য হলো যুক্তরাষ্ট্রে আটক বিদেশি নাগরিকদের নিজ দেশের কনস্যুলার প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগের সুযোগ নিশ্চিত করা। একই ধরনের কনস্যুলার অধিকার বিদেশে আটক মার্কিন নাগরিকদের ক্ষেত্রেও যুক্তরাষ্ট্র ব্যবহার করে।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আমেরিকা

View more
Group of Professionals Standing Together with Confident Expressions
যুক্তরাষ্ট্রে নতুন বাংলাদেশিদের জন্য চাকরির ১০টি সম্ভাবনাময় খাত, জেনে নিন বেতনসহ বিস্তারিত

যুক্তরাষ্ট্রে নতুন আসা বাংলাদেশিদের অন্যতম বড় চিন্তা চাকরি পাওয়া। কোথায় কাজ পাওয়া যাবে, কত বেতন মিলবে এবং কোন চাকরিতে কী ধরনের যোগ্যতা প্রয়োজন, এসব প্রশ্নের উত্তর খোঁজেন অনেকেই। দেশটির শ্রমবাজারে হেলথ কেয়ার, ওয়্যারহাউস, রেস্টুরেন্ট, কনস্ট্রাকশন ও পরিবহনসহ বিভিন্ন খাতে কাজের সুযোগ রয়েছে। তবে চাকরি পাওয়ার সম্ভাবনা নির্ভর করে বৈধভাবে কাজ করার অনুমতি, ইংরেজি ভাষায় দক্ষতা, অভিজ্ঞতা এবং প্রয়োজনীয় ট্রেনিংয়ের ওপর। যুক্তরাষ্ট্রের ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকসের সর্বশেষ তথ্য অনুযায়ী, কয়েকটি পেশায় আগামী এক দশকে উল্লেখযোগ্য কর্মসংস্থানের সুযোগ তৈরি হতে পারে।   যুক্তরাষ্ট্রে নতুন আসা বাংলাদেশিদের জন্য সম্ভাবনাময় ১০টি চাকরির খাত এবং সেগুলোতে কাজের ধরন ও আয়ের তথ্য তুলে ধরা হলো।   ১. হোম হেলথ এইড ও কেয়ারগিভার   যুক্তরাষ্ট্রে বয়স্ক ও দীর্ঘমেয়াদি অসুস্থ মানুষের সংখ্যা বাড়ায় হোম হেলথ এইড এবং পারসোনাল কেয়ার এইডের চাহিদা বাড়ছে। এই পেশায় বয়স্ক ও অসুস্থ ব্যক্তিদের দৈনন্দিন কাজে সহায়তা, খাবার প্রস্তুত, চলাফেরায় সাহায্য এবং ব্যক্তিগত পরিচর্যার দায়িত্ব পালন করতে হয়। কিছু এজেন্সি নতুন কর্মীদের ট্রেনিংয়ের ব্যবস্থাও করে। তবে কাজের ধরন অনুযায়ী নির্দিষ্ট প্রশিক্ষণ ও সার্টিফিকেট প্রয়োজন হতে পারে।   ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকসের তথ্য অনুযায়ী, ২০২৫ সালে এই পেশায় বার্ষিক মধ্যম বেতন ছিল ৩৫ হাজার ৮০০ ডলার। ২০২৫ থেকে ২০৩৫ সালের মধ্যে কর্মসংস্থান ১৮ শতাংশ বাড়ার পূর্বাভাস রয়েছে। নিউইয়র্ক ও নিউ জার্সিতে বেতন ও প্রশিক্ষণের শর্ত নিয়োগকর্তা এবং কর্মস্থল অনুযায়ী আলাদা হতে পারে।   ২. ওয়্যারহাউস ও প্যাকেজিং   অ্যামাজন, ফেডেক্স, ওয়ালমার্টসহ বিভিন্ন কোম্পানির ওয়্যারহাউসে পণ্য বাছাই, প্যাকিং, স্টক সাজানো এবং লোডিংয়ের কাজ রয়েছে। এসব পদের অনেকগুলোতে উচ্চশিক্ষার প্রয়োজন হয় না। তবে দীর্ঘ সময় দাঁড়িয়ে কাজ করা, ভারী পণ্য ওঠানো এবং নির্দিষ্ট গতিতে কাজ করার সক্ষমতা প্রয়োজন হতে পারে।   সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে মালামাল বহন ও স্থানান্তরসংক্রান্ত শ্রমিকদের বার্ষিক মধ্যম বেতন ছিল প্রায় ৪০ হাজার ২৪০ ডলার। কাজের ধরন, শিফট ও লোকেশন অনুযায়ী প্রকৃত আয় পরিবর্তিত হয়। যাঁরা ইংরেজিতে সীমিত দক্ষতা নিয়ে চাকরি খুঁজছেন, তাঁদের জন্য কিছু ওয়্যারহাউস পদ বিবেচনার সুযোগ থাকতে পারে।   ৩. ট্রাক ড্রাইভার বা সিডিএল   ট্রাক ড্রাইভিং যুক্তরাষ্ট্রের পরিবহন খাতের একটি গুরুত্বপূর্ণ পেশা। বিভিন্ন স্টেটের মধ্যে পণ্য পরিবহনের জন্য প্রশিক্ষিত চালক প্রয়োজন হয়। তবে এই চাকরিতে সাধারণ ড্রাইভার লাইসেন্স যথেষ্ট নয়। ভারী ট্রাক চালানোর জন্য কমার্শিয়াল ড্রাইভার লাইসেন্স বা সিডিএল নিতে হয়।   ২০২৫ সালে ভারী ট্রাক ও ট্রাক্টর ট্রেইলার চালকদের বার্ষিক মধ্যম বেতন ছিল ৫৮ হাজার ৬৪০ ডলার। অভিজ্ঞতা, রুট ও নিয়োগকর্তা অনুযায়ী আয় আরও বেশি হতে পারে। তবে সিডিএল, প্রয়োজনীয় প্রশিক্ষণ, ইংরেজি ভাষায় দক্ষতা এবং প্রযোজ্য ফেডারেল যোগ্যতার শর্ত পূরণ করা বাধ্যতামূলক।   ৪. রেস্টুরেন্ট ও ফুড সার্ভিস   বাংলাদেশি অভিবাসীদের কাছে রেস্টুরেন্ট খাত দীর্ঘদিনের পরিচিত কর্মক্ষেত্র। কুক, কিচেন হেলপার, ডিশওয়াশার, সার্ভার ও ক্যাশিয়ারসহ বিভিন্ন পদে চাকরির সুযোগ রয়েছে। নিউইয়র্ক, নিউ জার্সি, টেক্সাস ও অন্যান্য স্টেটে বাংলাদেশি মালিকানাধীন রেস্টুরেন্টেও এসব ধরনের কাজ পাওয়া যেতে পারে।   সরকারি হিসাবে, ২০২৫ সালে কুকদের ঘণ্টাপ্রতি মধ্যম বেতন ছিল ১৭ ডলার ৬২ সেন্ট। তবে সার্ভার, ডিশওয়াশার ও অন্য পদের বেতন আলাদা। কিছু পদে টিপসের মাধ্যমে অতিরিক্ত আয় হয়। নতুন কর্মীরা অভিজ্ঞতা অর্জনের পর কিচেন সুপারভাইজার বা ম্যানেজমেন্টের দায়িত্বেও যেতে পারেন।   ৫. কনস্ট্রাকশন ও হ্যান্ডিম্যান   বাড়ি নির্মাণ, রেনোভেশন, পেইন্টিং, প্লাম্বিং এবং ইলেকট্রিক্যাল কাজে দক্ষ শ্রমিকের প্রয়োজন রয়েছে। বাংলাদেশে এসব কাজে অভিজ্ঞতা থাকলে যুক্তরাষ্ট্রে সংশ্লিষ্ট পেশায় প্রবেশের সুযোগ তৈরি হতে পারে। তবে বিভিন্ন স্টেটে নির্দিষ্ট কাজের জন্য ট্রেনিং, লাইসেন্স কিংবা অনুমোদিত প্রতিষ্ঠানের অধীনে কাজ করার শর্ত রয়েছে।   বিশেষ করে ইলেকট্রিক্যাল ও প্লাম্বিংয়ের মতো পেশায় দক্ষতা অর্জনের পাশাপাশি নিয়মিত প্রশিক্ষণ প্রয়োজন হতে পারে। নির্মাণস্থলে সেফটি ট্রেনিং অত্যন্ত গুরুত্বপূর্ণ। নিউইয়র্ক সিটিতে নির্দিষ্ট নির্মাণস্থলে কাজের জন্য অতিরিক্ত নিরাপত্তা প্রশিক্ষণের নিয়মও রয়েছে।   ৬. হোটেল ও হাউসকিপিং   হোটেল, মোটেল ও পর্যটন খাতে রুম পরিষ্কার, লন্ড্রি, হাউসকিপিং এবং ফ্রন্ট ডেস্কে কাজের সুযোগ রয়েছে। হাউসকিপিংয়ের কিছু পদে সীমিত ইংরেজি দক্ষতা নিয়ে কাজ শুরু করা সম্ভব হলেও ফ্রন্ট ডেস্কে সাধারণত ভালো যোগাযোগ দক্ষতা প্রয়োজন হয়।   যুক্তরাষ্ট্রের সরকারি হিসাবে, ২০২৫ সালে হোটেল ও অন্যান্য আবাসন প্রতিষ্ঠানের হাউসকিপিং কর্মীদের ঘণ্টাপ্রতি মধ্যম বেতন ছিল প্রায় ১৬ ডলার ৭৮ সেন্ট। বড় শহর ও পর্যটনকেন্দ্রগুলোতে বেতন ও চাকরির সুযোগ ভিন্ন হতে পারে।   ৭. ডেলিভারি ও রাইডশেয়ার   উবার, লিফট, ডোরড্যাশ ও অ্যামাজন ফ্লেক্সের মতো প্ল্যাটফর্মে কাজের সুযোগ রয়েছে। অনেকেই নিজের সুবিধামতো সময় বেছে নিয়ে এই ধরনের কাজ করেন। তবে গাড়ি ও ড্রাইভার লাইসেন্স থাকলেই সব প্ল্যাটফর্মে কাজ শুরু করা যায় না।   প্ল্যাটফর্মভেদে বয়স, ড্রাইভিং রেকর্ড, গাড়ির যোগ্যতা, ব্যাকগ্রাউন্ড চেক, ইন্স্যুরেন্স এবং কাজের অনুমোদনসংক্রান্ত শর্ত পূরণ করতে হয়। এ ধরনের কাজে মোট আয়ের পাশাপাশি গ্যাস, গাড়ির রক্ষণাবেক্ষণ, ইন্স্যুরেন্স ও ট্যাক্স হিসাব করা জরুরি। কারণ মোট আয় এবং প্রকৃত লাভ এক নয়।   ৮. রিটেইল ও স্টোর অ্যাসোসিয়েট   ওয়ালমার্ট, টার্গেট, গ্রোসারি স্টোর এবং অন্যান্য রিটেইল প্রতিষ্ঠানে ক্যাশিয়ার, স্টক অ্যাসোসিয়েট, সেলস অ্যাসোসিয়েট ও কাস্টমার সার্ভিসের পদ রয়েছে। এসব কাজে পণ্য সাজানো, ক্রেতাদের সহায়তা করা, ক্যাশ রেজিস্টার পরিচালনা এবং স্টোরের দৈনন্দিন কার্যক্রমে অংশ নিতে হয়।   ইংরেজিতে ভালো যোগাযোগ দক্ষতা থাকলে কাস্টমার সার্ভিস ও সুপারভাইজারি পদে উন্নতির সুযোগ বাড়তে পারে। ২০২৫ সালে যুক্তরাষ্ট্রে কাস্টমার সার্ভিস রিপ্রেজেন্টেটিভদের ঘণ্টাপ্রতি মধ্যম বেতন ছিল ২১ ডলার ৫৩ সেন্ট। তবে রিটেইল খাতে এই পদের মধ্যম বেতন ছিল ঘণ্টায় প্রায় ১৭ ডলার ৯৬ সেন্ট।   ৯. মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ও নার্সিং   যুক্তরাষ্ট্রের হেলথ কেয়ার খাতে মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, নার্সিং অ্যাসিস্ট্যান্ট, ফার্মেসি টেকনিশিয়ান এবং রেজিস্টার্ড নার্সের মতো বিভিন্ন পেশা রয়েছে। তবে প্রত্যেকটির যোগ্যতা ও লাইসেন্সের নিয়ম আলাদা।   মেডিকেল অ্যাসিস্ট্যান্টরা রোগীর অ্যাপয়েন্টমেন্ট, স্বাস্থ্যসংক্রান্ত প্রাথমিক তথ্য সংগ্রহ এবং চিকিৎসকের অফিসের বিভিন্ন কাজে সহায়তা করেন। ২০২৫ সালে এই পেশায় বার্ষিক মধ্যম বেতন ছিল ৪৫ হাজার ৬৯০ ডলার। আগামী দশ বছরে কর্মসংস্থান ১৩ শতাংশ বাড়তে পারে বলে পূর্বাভাস রয়েছে। বাংলাদেশে নার্সিং বা স্বাস্থ্যসেবায় পড়াশোনা করা ব্যক্তিদের যুক্তরাষ্ট্রে সংশ্লিষ্ট পেশায় কাজ করতে হলে প্রযোজ্য স্টেটের লাইসেন্স ও যোগ্যতার নিয়ম পূরণ করতে হবে।   ১০. আইটি সাপোর্ট ও কম্পিউটারভিত্তিক চাকরি   যাঁদের কম্পিউটার পরিচালনা, সফটওয়্যার ব্যবহার এবং ইংরেজিতে যোগাযোগের দক্ষতা রয়েছে, তাঁরা আইটি সাপোর্ট, হেল্পডেস্ক এবং অন্যান্য প্রযুক্তিসংশ্লিষ্ট পদে চাকরি খুঁজতে পারেন। কিছু প্রতিষ্ঠানে রিমোট কাজের সুযোগও রয়েছে। তবে এসব পদে নির্দিষ্ট প্রযুক্তিগত দক্ষতা এবং কখনো সার্টিফিকেট প্রয়োজন হয়।   সরকারি তথ্য অনুযায়ী, ২০২৫ সালে কম্পিউটার ইউজার সাপোর্ট স্পেশালিস্টদের বার্ষিক মধ্যম বেতন ছিল ৬১ হাজার ৮৬০ ডলার। তবে এই পেশায় আগামী দশ বছরে মোট কর্মসংস্থান কিছুটা কমতে পারে। ফলে চাকরি পাওয়ার ক্ষেত্রে অভিজ্ঞতা, প্রশিক্ষণ এবং প্রযুক্তিগত দক্ষতা গুরুত্বপূর্ণ।   নতুনরা কোন চাকরি দিয়ে শুরু করবেন   যাঁদের ইংরেজি দক্ষতা সীমিত এবং দ্রুত চাকরি প্রয়োজন, তাঁরা ওয়্যারহাউস, হাউসকিপিং, রেস্টুরেন্ট কিংবা নির্দিষ্ট কেয়ারগিভার পদের যোগ্যতা যাচাই করতে পারেন। যাঁদের ইংরেজি ভালো, তাঁরা রিটেইল, কাস্টমার সার্ভিস বা মেডিকেল অফিসের বিভিন্ন পদ বিবেচনা করতে পারেন। অন্যদিকে দীর্ঘমেয়াদি ক্যারিয়ার গড়তে আগ্রহীরা সিডিএল, নার্সিং, দক্ষ নির্মাণকাজ অথবা আইটি সাপোর্টের প্রশিক্ষণ নিতে পারেন।   যুক্তরাষ্ট্রে চাকরি খোঁজার জন্য বিভিন্ন স্টেটের ডিপার্টমেন্ট অব লেবার, আমেরিকান জব সেন্টার এবং সরকারি কর্মসংস্থান সহায়তা কর্মসূচির সাহায্য নেওয়া যায়। অনেক এলাকায় বিনামূল্যে রিজিউমে তৈরির সহায়তা, ইন্টারভিউ প্রস্তুতি এবং যোগ্য ব্যক্তিদের জন্য চাকরির প্রশিক্ষণের সুযোগ রয়েছে।   চাকরির আগে গুরুত্বপূর্ণ সতর্কতা   যুক্তরাষ্ট্রে কাজ করার জন্য আইন অনুযায়ী কর্মসংস্থানের অনুমোদন থাকা প্রয়োজন। তবে সবার আলাদা ওয়ার্ক পারমিট কার্ড লাগে না। মার্কিন নাগরিক ও গ্রিন কার্ডধারীদের মতো কিছু ব্যক্তির কাজ করার অনুমোদন তাঁদের স্ট্যাটাস থেকেই আসে। অন্যদের ক্ষেত্রে বৈধ ওয়ার্ক পারমিট বা অনুমোদিত ইমিগ্রেশন স্ট্যাটাসের শর্ত প্রযোজ্য হতে পারে।   চাকরির অফার গ্রহণের আগে নিয়োগকর্তা সম্পর্কে খোঁজ নেওয়া, বেতন ও কাজের সময় নিশ্চিত করা এবং প্রযোজ্য লাইসেন্সের শর্ত যাচাই করা জরুরি। চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে অগ্রিম অর্থ দাবি করা হলে সতর্ক থাকতে হবে। কোনো পেশায় কাজের অনুমোদন না থাকলে সংশ্লিষ্ট ইমিগ্রেশন বিধি ভঙ্গের ঝুঁকিও তৈরি হতে পারে।   সবশেষে মনে রাখতে হবে, যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ থাকলেও সব চাকরি সবার জন্য উপযুক্ত নয়। বেতন, কাজের পরিবেশ, শারীরিক সক্ষমতা, পরিবারের প্রয়োজন এবং ভবিষ্যৎ ক্যারিয়ারের সম্ভাবনা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়াই গুরুত্বপূর্ণ।   সংবাদসূত্র   ইউএস ব্যুরো অব লেবার স্ট্যাটিস্টিকস

প্রকাশ: নভেম্বর ১২, ২০২৬ ১৫:১
হাসপাতালের বিছানায় আহত অবস্থায় নারী সিলভিয়া ফিগুয়েরোয়া I ছবি: নিউইয়র্ক পোস্ট

যুক্তরাষ্ট্রে মদ্যপ চালকের গাড়ির ধাক্কায় নি হত ৩ নারী, হাসপাতালে মৃ ত্যুর সঙ্গে লড়ছেন আরেকজন

২০২৬ অর্থবছরে রেকর্ড ৪ লাখ ৮৩ হাজার অভিবাসীকে বিতাড়িত করল যুক্তরাষ্ট্র I ছবিঃ কোলাজ আমেরিকা বাংলা

ট্রাম্পের কঠোর নীতি: ২০২৬ অর্থবছরে রেকর্ড ৪ লাখ ৮৩ হাজার অভিবাসীকে বিতাড়িত করল যুক্তরাষ্ট্র

আবদুল এল-সাইয়েদ

ইসলামবিদ্বেষের জবাব, পবিত্র কুরআন ছুঁয়ে শপথ নিতে পারেন যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর

পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেবেন সিনেটর আবদুল আল-সাইয়িদ
যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম: পবিত্র কোরআন ছুঁয়ে শপথ নেবেন সিনেটর আবদুল এল-সাইয়েদ

ডেমোক্র্যাট দলের নবনির্বাচিত মিশিগান সিনেটর আবদুল এল-সাইয়েদ নিশ্চিত করেছেন যে, তিনি পবিত্র কোরআন ছুঁয়ে তার শপথ গ্রহণ করতে যাচ্ছেন। এর মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রের ইতিহাসে ইসলামের পবিত্র ধর্মগ্রন্থ ছুঁয়ে শপথ নেওয়া প্রথম মার্কিন সিনেটর হিসেবে ইতিহাস গড়তে চলেছেন। চলতি মাসের শুরুতে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে হারিয়ে মিশিগানের মার্কিন সিনেট দৌড়ে জয়লাভ করে তিনি যুক্তরাষ্ট্রের উচ্চকক্ষে (সিনেটে) নির্বাচিত প্রথম মুসলিম হওয়ার গৌরব অর্জন করেন।   আগামী জানুয়ারি মাসে অনুষ্ঠিতব্য শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পর্কে কথা বলতে গিয়ে এই ডেমোক্র্যাট নেতা জানান, অনুষ্ঠানের জন্য তিনি কোরআনের কোন ঐতিহাসিক অনুলিপিটি ব্যবহার করবেন, তা নিয়ে এখনও সিদ্ধান্ত নিচ্ছেন। এল-সাইয়েদ বলেন, "আমি সম্ভবত একটি কোরআন ছুঁয়েই শপথ নেব।   তবে সেটি কোন কোরআন হবে, তা আমরা এখনও নিশ্চিত নই।" তিনি আরও বলেন, "টমাস জেফারসনের কাছে কোরআনের একটি অনুলিপি ছিল, তাই কিথ এলিসন যখন কংগ্রেসে শপথ নিয়েছিলেন, তখন তিনি সেই অনুলিপিটি ছুঁয়ে শপথ নেন। এছাড়া মিশিগান বিশ্ববিদ্যালয়ের কাছে মিশিগান রাজ্যের প্রথম কোরআনটি সংরক্ষিত আছে। এটি অনেক অনেক পুরোনো, এবং সেটিও আমার প্রথম পছন্দ হতে পারে।"   প্রসঙ্গক্রমে, ২০০৭ সালে হাউসের (প্রতিনিধি পরিষদ) শপথ গ্রহণে প্রথম কংগ্রেস সদস্য হিসেবে একটি কোরআন ব্যবহার করেছিলেন সাবেক মার্কিন প্রতিনিধি কিথ এলিসন। তিনি লাইব্রেরি অব কংগ্রেস থেকে নেওয়া টমাস জেফারসনের ১৭৬৪ সালের ইংরেজি অনুবাদটি ব্যবহার করেছিলেন। তবে এর আগে কোনো মার্কিন সিনেটর এমনটি করেননি।   মার্কিন সংবিধান অনুযায়ী, শপথ নেওয়ার সময় নির্বাচিত কর্মকর্তাদের কোনো ধর্মীয় গ্রন্থ ব্যবহার করার বাধ্যবাধকতা নেই, যদিও অনেকেই তাদের বিশ্বাসের জন্য তাৎপর্যপূর্ণ কোনো গ্রন্থ বেছে নেন। আগামী জানুয়ারি মাসে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স নবনির্বাচিত সিনেটর আবদুল এল-সাইয়েদকে শপথবাক্য পাঠ করাবেন।

প্রকাশ: নভেম্বর ১২, ২০২৬ ১৩:২৫
বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরিতে ডুবিয়ে দেওয়া হলো ঐতিহাসিক জাহাজ

বিশ্বের বৃহত্তম কৃত্রিম প্রবালপ্রাচীর তৈরিতে ডুবিয়ে দেওয়া হলো ঐতিহাসিক জাহাজ

প্রতিরক্ষামন্ত্রী হেগসেথ, তার স্ত্রী এবং ঊর্ধ্বতন উপদেষ্টারা

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর দলকে ভর্ৎসনা করা সেই প্রহরীকেই সমর্থন পেন্টাগনের!

ওয়াশিংটন ডিসিতে গোলাগুলিতে আ হত অন্তত ৪ I ছবি: সংগৃহীত

ওয়াশিংটন ডিসিতে গোলাগুলিতে আ হত অন্তত ৪, সন্দেহভাজন হামলাকারী নি হত

ইউটিউব দেখতে দেখতে ট্রাক চালানো অবৈধ অভিবাসীর ধাক্কায় নিহত মা ও দুই সন্তান
ইউটিউব দেখতে দেখতে ট্রাক চালানো অবৈধ অভিবাসীর ট্রাকের ধাক্কায় নিহত মা ও দুই সন্তান

যুক্তরাষ্ট্রের রাস্তায় বড় মালবাহী ট্রাক চালানোর সময় ইউটিউব দেখার কারণে তীব্র গতির এক ট্রাকের ধাক্কায় পাঁচ সদস্যের একটি পরিবারের মা ও দুই সন্তান নিহত হয়েছেন। কর্তৃপক্ষ জানিয়েছে, ট্রাকটি চালাচ্ছিল অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করা এক অভিবাসী।   ক্যানসাস সিটি স্টার-এর প্রতিবেদন অনুযায়ী, গত সোমবার ক্যানসাস সিটিতে আত্মীয়ের বাড়িতে বেড়ানো শেষে ওয়াশিংটনের ভ্যাঙ্কুভারে নিজেদের বাড়িতে ফেরার জন্য বিমানবন্দরে যাচ্ছিল পরিবারটি। পথিমধ্যে এই মর্মান্তিক দুর্ঘটনায় ৩৫ বছর বয়সী মা ওলগা সরবালো এবং তার দুই সন্তান আট বছর বয়সী লুইস ও চার বছর বয়সী সামির নিহত হয়। ওলগার স্বামী লিভিউ এবং তাদের সবচেয়ে ছোট সন্তান বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।   আদালতের নথিতে বলা হয়েছে, ৩৯ বছর বয়সী ট্রাকচালক এলদার স্ক্যান্ডার তীব্র গতিতে তাদের 'হোন্ডা ওডিসি' গাড়িতে ধাক্কা দেয়। এর ফলে পর পর আরও তিনটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়। নথিতে আরও উল্লেখ করা হয়েছে যে, দুর্ঘটনা এড়াতে ট্রাকটির জরুরি ব্রেক কষার কোনো লক্ষণই দেখা যায়নি।   দুর্ঘটনাস্থলে যাওয়া তদন্ত কর্মকর্তা ট্রাকের মেঝে থেকে একটি ইলেকট্রনিক ট্যাবলেট উদ্ধার করেন, যেখানে ইউটিউব অ্যাপ চালু করা ছিল। নথিতে বলা হয়, ট্যাবলেটে লাগানো ভেলক্রো (আটকানোর ফিতা) ট্রাকের সামনের অংশের মাঝখানের ভেলক্রোর সঙ্গে পুরোপুরি মিলে যায়, যা চালকের ঠিক চোখের সামনেই ছিল।   ভয়াবহ এই দুর্ঘটনায় শিকাগোর বাসিন্দা স্ক্যান্ডার সামান্য আহত হয়। অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা জানিয়েছে, সে মূলত একজন ইউক্রেনীয় নাগরিক এবং অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল। বর্তমানে তাকে অভিবাসন সংক্রান্ত আটকাদেশে রাখা হয়েছে।   এই ঘটনার পর সংস্থাটি এক বিবৃতিতে তীব্র ক্ষোভ প্রকাশ করে জানায়, বর্তমান প্রশাসনের ছেড়ে দেওয়া আরও এক অবৈধ অভিবাসী তিন মার্কিন নাগরিককে হত্যার ঘটনায় জড়িত। দায়িত্বহীন উন্মুক্ত সীমান্ত নীতির কারণে এমন অসংখ্য মর্মান্তিক ঘটনা ঘটছে যা এড়ানো যেত। সংস্থাটি আরও বলে, "আরও তিনটি নির্দোষ মার্কিন প্রাণ ঝরে গেল। দুই শিশু আর কখনোই বড় হতে পারবে না এবং এক মা তা দেখতে পারবে না। এই মৃত্যু মর্মান্তিক এবং এড়ানো সম্ভব ছিল। অন্য কোনো পরিবারকে যেন এমন ক্ষতি সইতে না হয়। আর এ কারণেই আমরা কাজ করে যাচ্ছি।"   ট্রাকচালক স্ক্যান্ডারের বিরুদ্ধে প্রথম মাত্রার অনিচ্ছাকৃত হত্যার তিনটি অভিযোগ আনা হয়েছে। তবে সে ঠিক কবে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।   এদিকে বেঁচে যাওয়া পরিবারের সদস্যদের সহায়তার জন্য অনলাইনে তহবিল সংগ্রহের একটি উদ্যোগ গত বৃহস্পতিবারের মধ্যে এক লাখ ৬০ হাজার ডলারের বেশি সংগ্রহ করেছে। তহবিলের আবেদনে বলা হয়, লিভিউ সরবালো তার প্রিয় স্ত্রী এবং দুই অমূল্য সন্তানকে হারিয়েছে। এই হৃদয়বিদারক ক্ষতি তাদের পুরো পরিবার, আত্মীয়স্বজন, বন্ধুবান্ধব এবং চার্চের সম্প্রদায়কে গভীর শোকে আচ্ছন্ন করেছে।   ওলগা ছিলেন ভ্যাঙ্কুভারে তাদের নিজস্ব চার্চের একজন যাজকের মেয়ে। তহবিলের ওই আবেদনে আরও বলা হয়, কোনো অর্থই হারানো জীবনের বিকল্প হতে পারে না, তবে সবাই মিলে এই পরিবারের আর্থিক বোঝা কমাতে এবং তাদের ভালোবাসা ও যত্নে ঘিরে রাখতে পারে।

প্রকাশ: নভেম্বর ১২, ২০২৬ ১১:৪৬
মার্কিন নীতিমালায় ‘গ্রেটার ইসরায়েল’ মতবাদের গভীর অনুপ্রবেশ নিয়ে আল-জাজিরার প্রতিবেদনের পর বিশ্বজুড়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। ছবি: সংগৃহীত

‘গ্রেটার ইসরায়েল’ ও মার্কিন নীতি: যুক্তরাষ্ট্রে গোপনে ছড়িয়ে দেয়া হচ্ছে খ্রিস্টান জায়নবাদ

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীদের সাথে বর্ণবাদী আচরণের অভিযোগ,  ক্ষমা চেয়ে বিশ্ববিদ্যালয় ছেড়েছেন  অভিযুক্ত  শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীদের সাথে বর্ণবাদী আচরণের অভিযোগ, ক্ষমা চেয়ে বিশ্ববিদ্যালয় ছেড়েছেন অভিযুক্ত শিক্ষার্থী

মার্কিন যুক্তরাষ্ট্রে মাসে আট হাজার ডলার আয় করেও নানামুখী খরচের কারণে নিজেকে মধ্যবিত্ত মনে করেন ভারতীয় বংশোদ্ভূত মহিমা রাঠি। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে বছরে প্রায় এক কোটি রুপি আয়, তবুও নিজেকে মধ্যবিত্ত বলছেন ভারতীয় নারী

0 Comments