৬ বছরের মধ্যে নিউইয়র্কের রাইকার্স আইল্যান্ড কারাগার বন্ধের পরিকল্পনা ঘোষণা মেয়র মামদানির
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক সিটির আলোচিত রাইকার্স আইল্যান্ড কারাগার কমপ্লেক্স স্থায়ীভাবে বন্ধের নতুন পরিকল্পনা ঘোষণা করেছেন মেয়র জোহরান মামদানি। দীর্ঘদিন ধরে সহিংসতা, বন্দিদের প্রতি দুর্ব্যবহার এবং নিরাপত্তাব্যবস্থার দুর্বলতার অভিযোগে সমালোচিত এই কারাগার ২০৩২ সালের মধ্যে বন্ধ করতে চান তিনি। তবে বিদ্যমান আইন অনুযায়ী ২০২৭ সালের আগস্টের মধ্যে কারাগারটি বন্ধ করার কথা থাকায় নতুন সময়সীমা কার্যকর করতে সিটি কাউন্সিলের অনুমোদন প্রয়োজন হবে।
শুক্রবার (২০ নভেম্বর) নিউ ইয়র্ক সিটি প্রশাসন রাইকার্স আইল্যান্ড বন্ধের বিস্তারিত পরিকল্পনা প্রকাশ করে। এতে কারাগারের বন্দিসংখ্যা কমানো, শহরের চারটি বরোতে আধুনিক কারাগার নির্মাণ এবং বন্দিদের চিকিৎসা ও পুনর্বাসনসেবা বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, মামদানি মতে, রাইকার্স আইল্যান্ড বন্ধ করা নিউ ইয়র্ক সিটির আইনগত ও নৈতিক দায়িত্ব। তাঁর প্রশাসন এমন একটি সংশোধনব্যবস্থা গড়ে তুলতে চায়, যেখানে জননিরাপত্তার পাশাপাশি বন্দি ও কারারক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করা হবে।
রাইকার্স আইল্যান্ড নিউ ইয়র্ক সিটির ইস্ট রিভারে অবস্থিত। লাগার্ডিয়া বিমানবন্দরের কাছে অবস্থিত এই দ্বীপে ১৯৩০-এর দশক থেকে বন্দিদের রাখা হচ্ছে। বর্তমানে সেখানে প্রায় ৬ হাজার ৬০০ বন্দি রয়েছেন।
দীর্ঘদিন ধরে কারাগারটিতে সহিংসতা, অতিরিক্ত বন্দি, চিকিৎসার ঘাটতি এবং কর্মীদের নিরাপত্তা নিয়ে অভিযোগ রয়েছে। এসব সমস্যার কারণে ফেডারেল আদালতের তত্ত্বাবধানেও রয়েছে কারাগারটি।
২০১৯ সালে নিউ ইয়র্ক সিটি কাউন্সিল রাইকার্স আইল্যান্ড বন্ধের আইন অনুমোদন করে। ওই আইনে ২০২৭ সালের ৩১ আগস্টের মধ্যে কারাগার কমপ্লেক্সটি বন্ধ করে বন্দিদের শহরের বিভিন্ন বরোতে নির্মিত ছোট ও আধুনিক কারাগারে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়।
কিন্তু নতুন কারাগার নির্মাণে বিলম্ব এবং বন্দিসংখ্যা প্রত্যাশিত হারে না কমায় নির্ধারিত সময়ের মধ্যে রাইকার্স বন্ধ করা সম্ভব হচ্ছে না। এ কারণে মেয়র মামদানি সময়সীমা আরও পাঁচ বছরের বেশি বাড়িয়ে ২০৩২ সালের শেষ পর্যন্ত নেওয়ার প্রস্তাব দিয়েছেন।
নতুন পরিকল্পনা অনুযায়ী, ব্রুকলিন, ব্রঙ্কস, কুইন্স ও ম্যানহাটনে চারটি কারাগার নির্মাণ করা হবে। ব্রুকলিনের কারাগার ২০২৯ সালে, ব্রঙ্কস ও কুইন্সের কারাগার ২০৩১ সালে এবং ম্যানহাটনের কারাগার ২০৩২ সালে চালু করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
সিটি প্রশাসনের বক্তব্য, নতুন কারাগারগুলো আদালত, গণপরিবহন এবং বন্দিদের পরিবারের কাছাকাছি থাকবে। এতে বন্দিদের আদালতে হাজির করা এবং পরিবারের সদস্য ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগ সহজ হবে।
পরিকল্পনার আরেকটি গুরুত্বপূর্ণ অংশ হলো বন্দিসংখ্যা কমানো। বর্তমানে নিউ ইয়র্ক সিটির হেফাজতে থাকা প্রায় ৬ হাজার ৬০০ মানুষের সংখ্যা ২০৩২ সালের মধ্যে ৪ হাজার ১০০ বা তার নিচে নামিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে।
এ জন্য বিচারাধীন ব্যক্তিদের দীর্ঘদিন কারাগারে আটকে থাকার প্রবণতা কমানো, আদালতে মামলার জট দ্রুত নিষ্পত্তি এবং কারাবাসের বিকল্প ব্যবস্থা সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে।
মামদানি প্রশাসন মানসিক স্বাস্থ্যসেবা, মাদকাসক্তির চিকিৎসা, শিক্ষা, চাকরির প্রশিক্ষণ, পুনর্বাসন এবং কমিউনিটিভিত্তিক সহায়তায় প্রায় ১৪ কোটি ৬০ লাখ ডলার বিনিয়োগের প্রস্তাব দিয়েছে।
এই অর্থের একটি অংশ ব্যবহার করা হবে কারাগার থেকে মুক্তি পাওয়া ব্যক্তিদের পুনর্বাসনে। একই সঙ্গে অপরাধের শিকার ব্যক্তি ও তাঁদের পরিবারের সহায়তামূলক কর্মসূচিতেও অর্থ বরাদ্দের পরিকল্পনা রয়েছে।
গুরুতর মানসিক ও শারীরিক স্বাস্থ্য সমস্যায় আক্রান্ত বন্দিদের জন্য নিউ ইয়র্ক সিটির হাসপাতালগুলোতে বিশেষ চিকিৎসার ব্যবস্থা সম্প্রসারণের কথাও বলা হয়েছে।
এদিকে পরিকল্পনা নিয়ে বিতর্কও রয়েছে। অপরাধবিচার সংস্কারের পক্ষে কাজ করা সংগঠনগুলো রাইকার্স আইল্যান্ড বন্ধের উদ্যোগকে স্বাগত জানালেও নতুন সময়সীমা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের মতে, আরও পাঁচ বছর অপেক্ষার অর্থ বর্তমান কারাগারের সমস্যাগুলো দীর্ঘায়িত হওয়া।
অন্যদিকে কারাগারে থাকা ব্যক্তিদের সংখ্যা কমানোর উদ্যোগ নিয়ে জননিরাপত্তাসংক্রান্ত প্রশ্ন তুলেছেন সমালোচকেরা। বিশেষ করে গুরুতর অপরাধের অভিযোগে বিচারাধীন ব্যক্তিদের মুক্তি দেওয়ার সম্ভাবনা নিয়ে উদ্বেগ রয়েছে।
তবে মামদানি প্রশাসনের বক্তব্য, বন্দিসংখ্যা কমানোর পরিকল্পনা আইনগত প্রক্রিয়া অনুসরণ করেই বাস্তবায়ন করা হবে। এর অর্থ সব বন্দিকে একসঙ্গে মুক্তি দেওয়া নয়।
সিটি কাউন্সিলের স্পিকার জুলি মেনিন জানিয়েছেন, আগের প্রশাসনগুলোর সময় নির্মাণকাজে বিলম্বের কারণে ২০২৭ সালের মধ্যে রাইকার্স বন্ধ করা বাস্তবসম্মত নয়। নতুন সময়সীমা নির্ধারণে সিটি কাউন্সিলকে কাজ করতে হবে।
এর আগে চলতি বছরের জুনে রাইকার্স আইল্যান্ডের নর্থ ইনফার্মারি কমান্ড নামে একটি কারাগার স্থায়ীভাবে বন্ধ করে মামদানি প্রশাসন। পাশাপাশি আরও কয়েকটি অব্যবহৃত কারাগার স্থাপনার দায়িত্ব অন্য সিটি সংস্থার কাছে হস্তান্তর করা হয়।
নতুন পরিকল্পনা বাস্তবায়িত হলে রাইকার্স আইল্যান্ডে বন্দি রাখার কার্যক্রম ২০৩২ সালের শেষ নাগাদ বন্ধ হবে। তবে নির্ধারিত সময়সীমা পরিবর্তন এবং নতুন কারাগার নির্মাণের জন্য সিটি কাউন্সিলের অনুমোদনসহ প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
সংবাদসূত্র
অ্যাসোসিয়েটেড প্রেস, নিউ ইয়র্ক সিটি মেয়রের কার্যালয়
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটির ভ্রমণের ব্যস্ততার মধ্যেই সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে ওঠার সময় যাত্রীদের টেনেহিঁচড়ে গ্রেফতার করেছে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই)। গতকাল শনিবার (২১ নভেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে যাত্রা করার কথা থাকা ‘আলাস্কা এয়ারলাইন্স ফ্লাইট ১৩০৬’-এর বোর্ডিং চলাকালে জনাকীর্ণ জেট ব্রিজে এই নাটকীয় অভিযান চালানো হয়। আকস্মিক এই অভিযানের জেরে ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি এবং বিমানবন্দরে উপস্থিত সাধারণ যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, মুখোশ পরা এবং কোনো পরিচয়চিহ্নহীন জ্যাকেট ও খাকি প্যান্ট পরিহিত আইসিই কর্মকর্তারা অন্তত একজন নারীকে জেট ব্রিজের মেঝেতে চেপে ধরে আটক করার চেষ্টা করছেন। মাত্র কয়েক ফুট দূরে স্যুটকেস হাতে দাঁড়িয়ে থাকা হতভম্ব যাত্রীদের সামনে ওই নারী চিৎকার করে বলতে থাকেন যে তার বৈধ ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতিপত্র রয়েছে। তবুও কর্মকর্তারা বলপ্রয়োগ করে তাকে নিয়ন্ত্রণে নেন। অভিযানের বিষয়ে আইসিই কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করার অভিযোগে রিকার্ডো ল্যারোন্ডো মেন্ডোজা নামের এক মেক্সিকান নাগরিককে লক্ষ্য করে ওই অভিযান চালানো হয়েছিল। সংস্থাটির দাবি, অভিযানের সময় সোফিয়া হার্নান্দেজ মেজিয়া নামের অপর এক যাত্রী কর্মকর্তাদের লক্ষ্য করে গরম কফি ছুড়ে মারেন। আইসিই আরও জানায়, হার্নান্দেজ মেজিয়াও ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে অবৈধভাবে দেশে অবস্থান করছিলেন এবং ফেডারেল কর্মকর্তার ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হতে পারে। এদিকে এই ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে আলাস্কা এয়ারলাইন্স এবং বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা পোর্ট অব সিয়াটল। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক বিবৃতিতে আলাস্কা এয়ারলাইন্স জানায়, এই অভিযানের বিষয়ে আইসিই তাদের আগে থেকে কোনো তথ্য দেয়নি। ঘটনাটি কর্মী ও যাত্রীদের জন্য অত্যন্ত পীড়াদায়ক ছিল উল্লেখ করে সংস্থাটি জানায়, যথাযথ নিয়ম অনুসরণ করা হয়েছে কি না তা খতিয়ে দেখতে তারা পোর্ট অব সিয়াটলের সঙ্গে কাজ করছে এবং সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উদ্বেগ জানিয়েছে। পোর্ট অব সিয়াটলও আটক পরিবার ও সহযাত্রীদের জন্য ঘটনাটিকে দুঃখজনক বলে অভিহিত করেছে এবং এ বিষয়ে বিস্তারিত জানতে ফেডারেল কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছে। বিমানবন্দরের ভেতরে অভিবাসন সংস্থার এমন আগ্রাসী অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন ওয়াশিংটন অঙ্গরাজ্যের গভর্নর বব ফার্গুসন। কোনো কূটনৈতিক রাখঢাক না রেখেই তিনি ফেডারেল সংস্থাটির এই কৌশলকে ‘চরমভাবে আমেরিকান মূল্যবোধবিরোধী’ (ডিপলি আন-আমেরিকান) বলে আখ্যায়িত করেন এবং আইসিই সংস্থাটি বিলুপ্ত করার আহ্বান জানান।
সম্মেলন শেষে বিমানবন্দরে আইসিইর হাতে আটক প্রিন্সটনের পিএইচডি শিক্ষার্থী
ফ্লোরিডায় গাড়িচাপায় বৃদ্ধার মৃ ত্যু, অভিযুক্ত ভেনেজুয়েলান অভিবাসীর বিরুদ্ধে মা মলা হচ্ছে না
ব্রুকলিনের উডহাল হাসপাতালে স্পেশাল অফিসার নিয়োগ, শুরুতেই বেতন ৪০,৪৮০ ডলার
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন থেকে ফ্লোরিডার টাম্পাগামী একটি যাত্রীবাহী বিমানে উড্ডয়নের আগে অদ্ভুত ঘটনা ঘটেছে। যাত্রীর সঙ্গে থাকা একটি পোষা বিড়াল খাঁচা থেকে বেরিয়ে বিমানের কেবিনে ঘোরাঘুরি শুরু করে। পরিস্থিতি সামাল দিতে রানওয়ের দিকে এগিয়ে যাওয়া বিমানটি থামাতে হয়। এতে প্রায় ১৫ মিনিট বিলম্ব হলেও শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই গন্তব্যে পৌঁছায় ফ্লাইটটি। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটে। ডেল্টা এয়ারলাইনসের ফ্লাইট ২৭০৬ বোস্টন থেকে টাম্পার উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। বিমানটি ট্যাক্সিওয়ে দিয়ে রানওয়ের দিকে এগিয়ে যাওয়ার সময় একটি পোষা বিড়াল তার বহনযোগ্য খাঁচা থেকে বেরিয়ে পড়ে। বিড়ালটি কেবিনে ঘোরাঘুরি শুরু করলে বিমানের কর্মীরা সেটিকে ধরার চেষ্টা করেন। এ সময় পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে বিমানটি কিছুক্ষণের জন্য থামানোর অনুমতি চান। পাইলট জানান, বিমানের কেবিনে একটি পরিস্থিতি তৈরি হয়েছে। সেটি সামাল দিতে তাঁদের কিছু সময় প্রয়োজন। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বিমানটিকে নিরাপদ স্থানে অপেক্ষা করার নির্দেশ দেওয়া হয়। এরপর কর্মীরা বিড়ালটিকে ধরে আবার খাঁচায় ঢোকান। পরিস্থিতি স্বাভাবিক হলে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি ব্যাখ্যা করেন, একটি বিড়াল খাঁচা থেকে বেরিয়ে কেবিনে ঘোরাঘুরি করছিল। ঘটনার কথা শুনে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মকর্তা হাসতে হাসতে জানান, এমন পরিস্থিতি তাঁর কাছে নতুন। এরপর পাইলটকে শুভযাত্রা জানিয়ে মজা করে বিড়ালের ডাকের অনুকরণে ‘মিয়াও’ বলেন। পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের এই কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। ডেল্টা এয়ারলাইনস জানিয়েছে, বিড়ালটিকে নিরাপদে খাঁচায় ফেরানোর পর বিমানটি আবার রানওয়ের দিকে এগিয়ে যায় এবং স্বাভাবিকভাবে উড্ডয়ন করে। ঘটনার কারণে উড্ডয়নে সাময়িক বিলম্ব হলেও ফ্লাইটটি নির্ধারিত সময়েই ফ্লোরিডার টাম্পা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। তবে বিড়ালটি কীভাবে খাঁচা থেকে বেরিয়ে পড়েছিল কিংবা সেটিকে ধরতে ঠিক কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি বিমান সংস্থা। ডেল্টা এয়ারলাইনসের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ করে যাত্রীরা ছোট আকারের বিড়াল ও কুকুর বিমানের কেবিনে নিতে পারেন। তবে পুরো যাত্রায় পোষা প্রাণীকে অনুমোদিত খাঁচার ভেতরে রাখতে হয়। বিমানবন্দরে চেকইন, বিমানে ওঠা এবং ফ্লাইট চলাকালেও এই নিয়ম অনুসরণ করতে হয়। পোষা প্রাণীর খাঁচাটি সাধারণত যাত্রীর সামনের আসনের নিচে রাখার উপযোগী হতে হবে। বিমান সংস্থাটি জানিয়েছে, যাত্রী ও পোষা প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতেই এসব নিয়ম রয়েছে। বোস্টনের ঘটনাটিতে কোনো যাত্রী বা প্রাণীর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। সাময়িক এই বিপত্তি কাটিয়ে স্বাভাবিকভাবেই যাত্রা শেষ করেছে বিমানটি। সংবাদসূত্র ডব্লিউসিভিবি, ডেল্টা এয়ারলাইনস
উপস্থাপনার গণ্ডি পেরিয়ে মানবসেবায় অপরাহ উইনফ্রে, তাঁর বৃত্তিতে স্নাতক প্রায় ৮০০ শিক্ষার্থী
যুক্তরাষ্ট্রের হিউস্টনে চলন্ত গাড়ি থেকে পড়ে যায় শিশু , চালকের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ
‘আল্লাহর নির্দেশে’ ২৮ বছর বয়সী তরুণীকে হ ত্যা, কারাগারে বসে দায় স্বীকার সাবেক এনওয়াইপিডি কর্মকর্তার
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হাম শনাক্ত হওয়ার পর পাঁচ বছরের কম বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) ভার্জিনিয়ার স্বাস্থ্য বিভাগ জানায়, ২০২৬ সালে অঙ্গরাজ্যটিতে হামের সঙ্গে সংশ্লিষ্ট মৃত্যুর এটিই প্রথম ঘটনা। পরিবারের গোপনীয়তা রক্ষায় শিশুটির বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করেনি স্বাস্থ্য বিভাগ। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়, চলতি বছর ভার্জিনিয়ায় ২২০ জনের হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের বেশির ভাগই অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলের বাসিন্দা। অধিকাংশ আক্রান্ত ব্যক্তি হামের টিকা নেননি। এপির হিসাবে, চলতি বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য হামের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ১২টি মৃত্যুর কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) হিসাবে, ১৯ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে ৫ হাজার ৮৩৮ জনের হাম শনাক্ত হয়েছে। এপি জানিয়েছে, ১৯৯১ সালের পর যুক্তরাষ্ট্রে এক বছরে এত বেশি রোগী শনাক্ত হয়নি। এর আগে ১৭ নভেম্বর প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন জানায়, সংক্রমণ আবার ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও বলিভিয়া হাম নির্মূলের স্বীকৃতি হারিয়েছে। ভার্জিনিয়ার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম থেকে নিউমোনিয়া ও মস্তিষ্কে প্রদাহের মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে। পাঁচ বছরের কম বয়সী শিশু, গর্ভবতী নারী এবং রোগ প্রতিরোধক্ষমতা কম এমন ব্যক্তিদের ঝুঁকি বেশি। হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধের এমএমআর টিকার দুই ডোজ হাম ঠেকাতে প্রায় ৯৭ শতাংশ কার্যকর। জ্বরের সঙ্গে শরীরে ফুসকুড়ি দেখা দিলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে বলেছে স্বাস্থ্য বিভাগ। বিশেষ করে হামে আক্রান্ত কারও সংস্পর্শে এলে বা টিকা নেওয়া না থাকলে ক্লিনিক কিংবা হাসপাতালে যাওয়ার আগে ফোন করে জানাতে বলা হয়েছে, যাতে অন্যদের মধ্যে সংক্রমণ ঠেকাতে আগেই ব্যবস্থা নেওয়া যায়। সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস
যুক্তরাষ্ট্রের টেক্সাসে আইসিইর গুলিতে নিহত অভিবাসীর স্মরণে বিশেষ দিবস পালনের বিল প্রস্তাব
যুক্তরাষ্ট্রের মিশিগানে রোগীদের তথ্য চুরি করে প্রায় ১৭ লাখ ডলার প্রতারণা, নার্সের ৪ বছরের কারাদণ্ড

