সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

ইরান যুদ্ধ নিয়ে বিভক্ত মার্কিন আইনপ্রণেতারা, শাটডাউন এড়াতে হিমশিম খাচ্ছে কংগ্রেস

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২০, ২০২৬ ১০:১৭
ইরান যুদ্ধ নিয়ে বিভক্ত মার্কিন আইনপ্রণেতারা, শাটডাউন এড়াতে হিমশিম খাচ্ছে কংগ্রেস
ইরান যুদ্ধ নিয়ে বিভক্ত মার্কিন আইনপ্রণেতারা, শাটডাউন এড়াতে হিমশিম খাচ্ছে কংগ্রেস

ইরান যুদ্ধ এবং পেন্টাগনের জন্য প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৩৫০ বিলিয়ন ডলারের নতুন ব্যয় বরাদ্দের দাবিকে কেন্দ্র করে মার্কিন আইনপ্রণেতাদের মধ্যে তীব্র বিভক্তি দেখা দিয়েছে। এর ফলে আগামী মাসে যুক্তরাষ্ট্র সরকার আবারও অচলাবস্থা বা ‘শাটডাউনের’ মুখে পড়তে পারে বলে সতর্ক করেছেন রিপাবলিকান ও ডেমোক্র্যাট—উভয় দলের আইনপ্রণেতারা।

 

আগামী ১১ ডিসেম্বর কেন্দ্রীয় সংস্থাগুলোর বর্তমান তহবিলের মেয়াদ শেষ হতে যাচ্ছে। সরকারি কার্যক্রম সচল রাখতে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য আইনপ্রণেতাদের হাতে সময় আছে মাত্র তিন সপ্তাহ। আগামী সপ্তাহে থ্যাংকসগিভিংয়ের এক সপ্তাহের ছুটিতে যাওয়ার আগে দুই দলের অবস্থান এখনো বিপরীত মেরুতে। বিশেষ করে ১০০ আসনের সিনেটে দ্বিদলীয় কোনো তহবিল বিল পাস করতে হলে অন্তত ৬০টি ভোটের প্রয়োজন, যা এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

 

উভয় দলের অভ্যন্তরীণ সংকট

নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনে বড় জয়ের পর আগামী বছরের শুরুতে সিনেট ও প্রতিনিধি পরিষদে বড় সংখ্যাগরিষ্ঠতা নিয়ে নিয়ন্ত্রণ নিতে যাচ্ছে ডেমোক্র্যাটরা। সে সময় পর্যন্ত সরকারি কার্যক্রম চালাতে একটি অন্তর্বর্তীকালীন তহবিল (স্টপগ্যাপ মেজার) পাসের চেষ্টা চলছে। পাশাপাশি ২০২৭ সালের ৩০ সেপ্টেম্বর শেষ হতে যাওয়া চলতি অর্থবছরের জন্য পূর্ণাঙ্গ কিছু বরাদ্দ বিল পাসের আশাও করছেন তারা।

 

তবে উভয় দলই নিজ নিজ অবস্থান থেকে দ্বিধাদ্বন্দ্বে ভুগছে। প্রেসিডেন্ট ট্রাম্পের দাবি অনুযায়ী দলীয় শক্তিতে প্রতিরক্ষা তহবিল পাস করার পথে হাঁটতে দ্বিধা করছেন রিপাবলিকানরা। অন্যদিকে, ইরান যুদ্ধে প্রেসিডেন্টের তহবিল সীমিত করার দাবিতে অনড় থেকে আরেকটি শাটডাউন ডেকে আনা ঠিক হবে কি না, তা নিয়ে বিভক্ত হয়ে পড়েছেন ডেমোক্র্যাটরা।

 

‘আমরা যুদ্ধের তহবিল দিতে চাই না, শাটডাউনও চাই না’২০২৫ সালের জানুয়ারিতে ট্রাম্পের দ্বিতীয় মেয়াদ শুরুর পর থেকে এটি হতে পারে চতুর্থ আংশিক শাটডাউন। রিপাবলিকানদের অভিযোগ, আগামী ১ ডিসেম্বর সিনেটে ডেমোক্র্যাটিক পার্টির নেতৃত্ব নির্বাচনের আগে দলটি কোনো সমঝোতায় আসতে চাইছে না। বর্তমান নেতা চাক শুমারের বিরুদ্ধে ওই নির্বাচনে লড়ছেন মেরিল্যান্ডের সিনেটর ক্রিস ভ্যান হোলেন।

 

সিনেটের সংখ্যাগরিষ্ঠ নেতা রিপাবলিকান জন থুন বলেন, ‘আমেরিকান জনগণের আরেকটি শাটডাউনের কোনো প্রয়োজন নেই। এটি হবে একটি বিশাল ভুল এবং দেশের মানুষের প্রতি চরম অবিচার।’

 

অন্যদিকে, বড়দিনের ছুটির আগে সরকারি কর্মীদের বেতন ও সংস্থার তহবিল বন্ধ হওয়ার ঝুঁকি সত্ত্বেও ইরানের বিরুদ্ধে ট্রাম্পের সামরিক শক্তি প্রয়োগের ক্ষমতা সীমিত করার শর্ত জুড়ে দেওয়া উচিত কি না—তা নিয়ে নিজেদের মধ্যেই লড়াই করছেন সিনেট ডেমোক্র্যাটরা।

 

ভারমন্টের ডেমোক্র্যাট সিনেটর পিটার ওয়েলচ বলেন, ‘বড় বাধা হলো—আমরা যুদ্ধের তহবিল দিতে চাই না, আবার শাটডাউনও চাই না। এই জটিল সমস্যার সমাধান কীভাবে হবে, সেটিই এখন বড় প্রশ্ন।’

 

উল্লেখ্য, ট্রাম্প ক্ষমতায় ফেরার পর থেকে ডেমোক্র্যাটরা ইতোমধ্যে তিনবার শাটডাউনের পরিস্থিতি তৈরি করেছেন, যার মধ্যে মার্কিন ইতিহাসের দীর্ঘতম শাটডাউনও রয়েছে। চলতি বছরের শুরুতে মিনিয়াপোলিসে কেন্দ্রীয় অভিবাসন এজেন্টদের গুলিতে দুই মার্কিন নাগরিক নিহত হওয়ার জেরে হোমল্যান্ড সিকিউরিটির তহবিল আটকে দিয়েছিলেন তারা।

 

কলোরাডোর ডেমোক্র্যাট সিনেটর জন হিকেনলুপার জানান, ইরান যুদ্ধের কারণে জ্বালানির উচ্চমূল্যে মার্কিন পরিবারগুলো যে ভোগান্তিতে পড়েছে, তা আরেকটি তহবিল বন্ধের সিদ্ধান্তকে যৌক্তিক করে তুলতে পারে। তবে হাউস অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির শীর্ষ ডেমোক্র্যাট রোজা ডিলাউরো শাটডাউনের ঘোর বিরোধী। তিনি বলেন, ‘সরকার বন্ধ করে দিলে যুদ্ধ থামবে না। সবাই যুদ্ধ বন্ধ করতে চায়, কিন্তু সরকার অচল না করে কীভাবে কৌশলগতভাবে তা করা যায়, আমি সেই পক্ষে।’

 

সময় ফুরিয়ে আসছে

ট্রাম্পের চাওয়া ৩৫০ বিলিয়ন ডলারের প্রতিরক্ষা তহবিল ‘বাজেট রিকনসিলিয়েশন’ প্রক্রিয়ায় সাধারণ সংখ্যাগরিষ্ঠতায় পাস করা হবে কি না, তা নিয়ে একমত হতে পারেননি সিনেট রিপাবলিকানরা। এ সপ্তাহে রুদ্ধদ্বার বৈঠকে তারা সিদ্ধান্ত নিয়েছেন যে, তারা রিপাবলিকানদের প্রস্তাবিত ১ দশমিক ১ ট্রিলিয়ন ডলারের প্রতিরক্ষা বিলের বিষয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে দ্বিদলীয় আলোচনা চালাবেন। তবে ওই বিলে ট্রাম্পের চাওয়া তহবিলের মাত্র ৬৯ বিলিয়ন ডলার অন্তর্ভুক্ত রয়েছে।

 

সিনেট অ্যাপ্রোপ্রিয়েশনস কমিটির সদস্য রিপাবলিকান সিনেটর মাইক রাউন্ডস সতর্ক করে বলেন, ‘আমরা যদি উভয় পক্ষের মধ্যে যোগাযোগ না বাড়াই, তবে আমাদের হাতে আর কোনো সময় থাকবে না।’

 

২০২৭ অর্থবছরের বাকি সময়ের জন্য প্রয়োজনীয় ১২টি পূর্ণাঙ্গ বরাদ্দ বিলের সবগুলো পাস করা সম্ভব না হলেও অন্তত কয়েকটি পাস করে বাকি সংস্থাগুলোর জন্য ‘কন্টিনিউয়িং রেজোলিউশন’ (সিআর) বা অস্থায়ী তহবিল পাসের আশা করছেন আইনপ্রণেতারা।

সূত্র: রয়টার্স।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার
লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার

যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটির ভ্রমণের ব্যস্ততার মধ্যেই সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে ওঠার সময় যাত্রীদের টেনেহিঁচড়ে গ্রেফতার করেছে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই)। গতকাল শনিবার (২১ নভেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে যাত্রা করার কথা থাকা ‘আলাস্কা এয়ারলাইন্স ফ্লাইট ১৩০৬’-এর বোর্ডিং চলাকালে জনাকীর্ণ জেট ব্রিজে এই নাটকীয় অভিযান চালানো হয়। আকস্মিক এই অভিযানের জেরে ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি এবং বিমানবন্দরে উপস্থিত সাধারণ যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে।   ঘটনাস্থলে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, মুখোশ পরা এবং কোনো পরিচয়চিহ্নহীন জ্যাকেট ও খাকি প্যান্ট পরিহিত আইসিই কর্মকর্তারা অন্তত একজন নারীকে জেট ব্রিজের মেঝেতে চেপে ধরে আটক করার চেষ্টা করছেন। মাত্র কয়েক ফুট দূরে স্যুটকেস হাতে দাঁড়িয়ে থাকা হতভম্ব যাত্রীদের সামনে ওই নারী চিৎকার করে বলতে থাকেন যে তার বৈধ ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতিপত্র রয়েছে। তবুও কর্মকর্তারা বলপ্রয়োগ করে তাকে নিয়ন্ত্রণে নেন।   অভিযানের বিষয়ে আইসিই কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করার অভিযোগে রিকার্ডো ল্যারোন্ডো মেন্ডোজা নামের এক মেক্সিকান নাগরিককে লক্ষ্য করে ওই অভিযান চালানো হয়েছিল। সংস্থাটির দাবি, অভিযানের সময় সোফিয়া হার্নান্দেজ মেজিয়া নামের অপর এক যাত্রী কর্মকর্তাদের লক্ষ্য করে গরম কফি ছুড়ে মারেন। আইসিই আরও জানায়, হার্নান্দেজ মেজিয়াও ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে অবৈধভাবে দেশে অবস্থান করছিলেন এবং ফেডারেল কর্মকর্তার ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হতে পারে।   এদিকে এই ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে আলাস্কা এয়ারলাইন্স এবং বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা পোর্ট অব সিয়াটল। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক বিবৃতিতে আলাস্কা এয়ারলাইন্স জানায়, এই অভিযানের বিষয়ে আইসিই তাদের আগে থেকে কোনো তথ্য দেয়নি।   ঘটনাটি কর্মী ও যাত্রীদের জন্য অত্যন্ত পীড়াদায়ক ছিল উল্লেখ করে সংস্থাটি জানায়, যথাযথ নিয়ম অনুসরণ করা হয়েছে কি না তা খতিয়ে দেখতে তারা পোর্ট অব সিয়াটলের সঙ্গে কাজ করছে এবং সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উদ্বেগ জানিয়েছে। পোর্ট অব সিয়াটলও আটক পরিবার ও সহযাত্রীদের জন্য ঘটনাটিকে দুঃখজনক বলে অভিহিত করেছে এবং এ বিষয়ে বিস্তারিত জানতে ফেডারেল কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছে।   বিমানবন্দরের ভেতরে অভিবাসন সংস্থার এমন আগ্রাসী অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন ওয়াশিংটন অঙ্গরাজ্যের গভর্নর বব ফার্গুসন। কোনো কূটনৈতিক রাখঢাক না রেখেই তিনি ফেডারেল সংস্থাটির এই কৌশলকে ‘চরমভাবে আমেরিকান মূল্যবোধবিরোধী’ (ডিপলি আন-আমেরিকান) বলে আখ্যায়িত করেন এবং আইসিই সংস্থাটি বিলুপ্ত করার আহ্বান জানান।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১০:২৩
স্নায়ুবিজ্ঞান সম্মেলনে গবেষণা উপস্থাপনের পর প্রিন্সটনের পিএইচডি শিক্ষার্থী ইভা ই শিয়েকে আটক করেছে আইসিই। ছবি: সংগৃহীত

সম্মেলন শেষে বিমানবন্দরে আইসিইর হাতে আটক প্রিন্সটনের পিএইচডি শিক্ষার্থী

ফ্লোরিডায় গাড়িচাপায় বৃদ্ধার মৃ ত্যু, অভিযুক্ত ভেনেজুয়েলান অভিবাসীর বিরুদ্ধে মা মলা হচ্ছে না

ফ্লোরিডায় গাড়িচাপায় বৃদ্ধার মৃ ত্যু, অভিযুক্ত ভেনেজুয়েলান অভিবাসীর বিরুদ্ধে মা মলা হচ্ছে না

ব্রুকলিনের উডহাল হাসপাতালে স্পেশাল অফিসার নিয়োগে ৯ ডিসেম্বর বিশেষ আয়োজন করছে এনওয়াইসি হেলথ প্লাস হসপিটালস। ছবি: সংগৃহীত

ব্রুকলিনের উডহাল হাসপাতালে স্পেশাল অফিসার নিয়োগ, শুরুতেই বেতন ৪০,৪৮০ ডলার

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে উড্ডয়নের আগে খাঁচা থেকে পালাল বিড়াল, ফ্লোরিডাগামী ফ্লাইটে বিলম্ব
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে উড্ডয়নের আগে খাঁচা থেকে পালাল বিড়াল, ফ্লোরিডাগামী ফ্লাইটে বিলম্ব

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন থেকে ফ্লোরিডার টাম্পাগামী একটি যাত্রীবাহী বিমানে উড্ডয়নের আগে অদ্ভুত ঘটনা ঘটেছে। যাত্রীর সঙ্গে থাকা একটি পোষা বিড়াল খাঁচা থেকে বেরিয়ে বিমানের কেবিনে ঘোরাঘুরি শুরু করে। পরিস্থিতি সামাল দিতে রানওয়ের দিকে এগিয়ে যাওয়া বিমানটি থামাতে হয়। এতে প্রায় ১৫ মিনিট বিলম্ব হলেও শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই গন্তব্যে পৌঁছায় ফ্লাইটটি।   শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটে।    ডেল্টা এয়ারলাইনসের ফ্লাইট ২৭০৬ বোস্টন থেকে টাম্পার উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। বিমানটি ট্যাক্সিওয়ে দিয়ে রানওয়ের দিকে এগিয়ে যাওয়ার সময় একটি পোষা বিড়াল তার বহনযোগ্য খাঁচা থেকে বেরিয়ে পড়ে।   বিড়ালটি কেবিনে ঘোরাঘুরি শুরু করলে বিমানের কর্মীরা সেটিকে ধরার চেষ্টা করেন। এ সময় পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে বিমানটি কিছুক্ষণের জন্য থামানোর অনুমতি চান।   পাইলট জানান, বিমানের কেবিনে একটি পরিস্থিতি তৈরি হয়েছে। সেটি সামাল দিতে তাঁদের কিছু সময় প্রয়োজন।   এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বিমানটিকে নিরাপদ স্থানে অপেক্ষা করার নির্দেশ দেওয়া হয়। এরপর কর্মীরা বিড়ালটিকে ধরে আবার খাঁচায় ঢোকান।   পরিস্থিতি স্বাভাবিক হলে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি ব্যাখ্যা করেন, একটি বিড়াল খাঁচা থেকে বেরিয়ে কেবিনে ঘোরাঘুরি করছিল।   ঘটনার কথা শুনে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মকর্তা হাসতে হাসতে জানান, এমন পরিস্থিতি তাঁর কাছে নতুন। এরপর পাইলটকে শুভযাত্রা জানিয়ে মজা করে বিড়ালের ডাকের অনুকরণে ‘মিয়াও’ বলেন।   পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের এই কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে।   ডেল্টা এয়ারলাইনস জানিয়েছে, বিড়ালটিকে নিরাপদে খাঁচায় ফেরানোর পর বিমানটি আবার রানওয়ের দিকে এগিয়ে যায় এবং স্বাভাবিকভাবে উড্ডয়ন করে।   ঘটনার কারণে উড্ডয়নে সাময়িক বিলম্ব হলেও ফ্লাইটটি নির্ধারিত সময়েই ফ্লোরিডার টাম্পা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।   তবে বিড়ালটি কীভাবে খাঁচা থেকে বেরিয়ে পড়েছিল কিংবা সেটিকে ধরতে ঠিক কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি বিমান সংস্থা।   ডেল্টা এয়ারলাইনসের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ করে যাত্রীরা ছোট আকারের বিড়াল ও কুকুর বিমানের কেবিনে নিতে পারেন। তবে পুরো যাত্রায় পোষা প্রাণীকে অনুমোদিত খাঁচার ভেতরে রাখতে হয়।   বিমানবন্দরে চেকইন, বিমানে ওঠা এবং ফ্লাইট চলাকালেও এই নিয়ম অনুসরণ করতে হয়। পোষা প্রাণীর খাঁচাটি সাধারণত যাত্রীর সামনের আসনের নিচে রাখার উপযোগী হতে হবে।   বিমান সংস্থাটি জানিয়েছে, যাত্রী ও পোষা প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতেই এসব নিয়ম রয়েছে।   বোস্টনের ঘটনাটিতে কোনো যাত্রী বা প্রাণীর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। সাময়িক এই বিপত্তি কাটিয়ে স্বাভাবিকভাবেই যাত্রা শেষ করেছে বিমানটি।   সংবাদসূত্র ডব্লিউসিভিবি, ডেল্টা এয়ারলাইনস

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ৯:১৭
অপরাহ উইনফ্রে। ছবি: অ্যাফ্রোডাইটি-ইন-এনওয়াইসি / উইকিমিডিয়া কমন্স / সিসি বাই ২.০। ছবিটি ক্রপ করেছে আমেরিকা বাংলা

উপস্থাপনার গণ্ডি পেরিয়ে মানবসেবায় অপরাহ উইনফ্রে, তাঁর বৃত্তিতে স্নাতক প্রায় ৮০০ শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের হিউস্টনে চলন্ত গাড়ি থেকে পড়ে যায় শিশু , চালকের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ

যুক্তরাষ্ট্রের হিউস্টনে চলন্ত গাড়ি থেকে পড়ে যায় শিশু , চালকের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ

‘আল্লাহর নির্দেশে’ ২৮ বছর বয়সী তরুণীকে হ ত্যা, কারাগারে বসে দায় স্বীকার সাবেক এনওয়াইপিডি কর্মকর্তার

‘আল্লাহর নির্দেশে’ ২৮ বছর বয়সী তরুণীকে হ ত্যা, কারাগারে বসে দায় স্বীকার সাবেক এনওয়াইপিডি কর্মকর্তার

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হাম শনাক্ত হওয়ার পর পাঁচ বছরের কম বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। ছবি: সংগৃহীত
ভার্জিনিয়ায় হামে আক্রান্ত শিশুর মৃত্যু, অঙ্গরাজ্যে এ বছরের প্রথম মৃত্যুর খবর দিল স্বাস্থ্য বিভাগ

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হাম শনাক্ত হওয়ার পর পাঁচ বছরের কম বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) ভার্জিনিয়ার স্বাস্থ্য বিভাগ জানায়, ২০২৬ সালে অঙ্গরাজ্যটিতে হামের সঙ্গে সংশ্লিষ্ট মৃত্যুর এটিই প্রথম ঘটনা। পরিবারের গোপনীয়তা রক্ষায় শিশুটির বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করেনি স্বাস্থ্য বিভাগ।    অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়, চলতি বছর ভার্জিনিয়ায় ২২০ জনের হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের বেশির ভাগই অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলের বাসিন্দা। অধিকাংশ আক্রান্ত ব্যক্তি হামের টিকা নেননি। এপির হিসাবে, চলতি বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য হামের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ১২টি মৃত্যুর কথা জানিয়েছে।    যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) হিসাবে, ১৯ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে ৫ হাজার ৮৩৮ জনের হাম শনাক্ত হয়েছে। এপি জানিয়েছে, ১৯৯১ সালের পর যুক্তরাষ্ট্রে এক বছরে এত বেশি রোগী শনাক্ত হয়নি। এর আগে ১৭ নভেম্বর প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন জানায়, সংক্রমণ আবার ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও বলিভিয়া হাম নির্মূলের স্বীকৃতি হারিয়েছে।    ভার্জিনিয়ার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম থেকে নিউমোনিয়া ও মস্তিষ্কে প্রদাহের মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে। পাঁচ বছরের কম বয়সী শিশু, গর্ভবতী নারী এবং রোগ প্রতিরোধক্ষমতা কম এমন ব্যক্তিদের ঝুঁকি বেশি। হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধের এমএমআর টিকার দুই ডোজ হাম ঠেকাতে প্রায় ৯৭ শতাংশ কার্যকর।    জ্বরের সঙ্গে শরীরে ফুসকুড়ি দেখা দিলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে বলেছে স্বাস্থ্য বিভাগ। বিশেষ করে হামে আক্রান্ত কারও সংস্পর্শে এলে বা টিকা নেওয়া না থাকলে ক্লিনিক কিংবা হাসপাতালে যাওয়ার আগে ফোন করে জানাতে বলা হয়েছে, যাতে অন্যদের মধ্যে সংক্রমণ ঠেকাতে আগেই ব্যবস্থা নেওয়া যায়।    সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ৮:২০
যুক্তরাষ্ট্রের টেক্সাসে আইসিইর গুলিতে নিহত অভিবাসীর স্মরণে বিশেষ  দিবস পালনের বিল প্রস্তাব

যুক্তরাষ্ট্রের টেক্সাসে আইসিইর গুলিতে নিহত অভিবাসীর স্মরণে বিশেষ দিবস পালনের বিল প্রস্তাব

যুক্তরাষ্ট্রের মিশিগানে রোগীদের তথ্য চুরি করে প্রায় ১৭ লাখ ডলার প্রতারণা, নার্সের ৪ বছরের কারাদণ্ড

যুক্তরাষ্ট্রের মিশিগানে রোগীদের তথ্য চুরি করে প্রায় ১৭ লাখ ডলার প্রতারণা, নার্সের ৪ বছরের কারাদণ্ড

একটি পেপার ক্লিপ দিয়ে বিনিময় শুরু, শেষে বিএমডব্লিউ পেলেন মার্কিন শিক্ষার্থী

একটি পেপার ক্লিপ দিয়ে বিনিময় শুরু, শেষে বিএমডব্লিউ পেলেন মার্কিন শিক্ষার্থী

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...