প্রায় ৫ লাখ টাকায় নিলামে বিক্রি হলো যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের এক গোছা চুল
যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্ট জর্জ ওয়াশিংটনের মাথার এক গোছা চুল নিলামে ৪ হাজার ডলারে বিক্রি হয়েছে, বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৫ লাখ টাকা। প্রায় ২২৭ বছর আগের এই স্মৃতিচিহ্নটি একসময় ওয়াশিংটনের ঘনিষ্ঠ পরিচিত জন গ্যাডসবির সংগ্রহে ছিল। পরে কয়েক হাত ঘুরে এটি একজন সংগ্রাহকের কাছে পৌঁছায়। তবে নিলামে কেনা নতুন মালিকের পরিচয় প্রকাশ করা হয়নি।
বিবিসির প্রতিবেদন অনুযায়ী, শনিবার (২১ নভেম্বর) রিচমন্ড অকশনস আয়োজিত নিলামে চুলের গোছাটি বিক্রি হয়। এর দাম উঠেছে ৪ হাজার ডলার, যা ব্রিটিশ মুদ্রায় প্রায় ৩ হাজার ৫৮ পাউন্ড।
নিলাম প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, ১৭৯৯ সালে ওয়াশিংটনের মৃত্যুর কিছুদিন আগে ভার্জিনিয়ার আলেকজান্দ্রিয়ায় তাঁকে নৈশভোজে আপ্যায়ন করেছিলেন জন গ্যাডসবি। সেই সময় তাঁদের বন্ধুত্ব ও ঘনিষ্ঠতার স্মারক হিসেবে গ্যাডসবি ওয়াশিংটনের এক গোছা চুল সংগ্রহ করেন বলে পারিবারিক বিবরণে উল্লেখ রয়েছে।
গ্যাডসবির নাতনি জুলিয়া টেন আইক ম্যাকব্লেয়ার ১৯২৮ সালে দেওয়া এক বিবৃতিতে জানান, তাঁর দাদা ওয়াশিংটনের সঙ্গে বন্ধুত্ব ও জীবনের শেষ সময়ের সম্পর্কের স্মৃতি হিসেবে চুলগুলো সংরক্ষণ করেছিলেন। পরে সেগুলো বাঁধাই করে তাঁদের বাড়িতে ওয়াশিংটনের প্রতিকৃতির নিচে টাঙিয়ে রাখা হয়।
পরবর্তী সময়ে জন কে ল্যাটিমার নামের এক সংগ্রাহক গ্যাডসবির বংশধরের কাছ থেকে চুলের গোছাটি সংগ্রহ করেন। সেখান থেকেই এটি সাম্প্রতিক নিলামে ওঠে।
তবে ওয়াশিংটনের চুল নিলামে বিক্রির ঘটনা এবারই প্রথম নয়। ২০২১ সালে তাঁর মৃত্যুর কাছাকাছি সময়ে সংগ্রহ করা হয়েছিল বলে ধারণা করা তিনটি চুলের গোছা একটি লকেটসহ প্রায় ৪০ হাজার ডলারে বিক্রি হয়েছিল।
১৭৩২ সালে জন্ম নেওয়া জর্জ ওয়াশিংটন যুক্তরাষ্ট্রের স্বাধীনতাযুদ্ধে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে আমেরিকান সেনাদের নেতৃত্ব দেন। পরে মার্কিন সংবিধান প্রণয়নের প্রক্রিয়াতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৭৮৯ সালে তিনি দেশটির প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। ১৭৯৭ সালে দুই মেয়াদ পূর্ণ করে তিনি ক্ষমতা ছাড়েন। ১৭৯৯ সালের ১৪ ডিসেম্বর তাঁর মৃত্যু হয়।
ওয়াশিংটনের ব্যক্তিগত স্মৃতিচিহ্ন সংগ্রহের প্রতি আগ্রহ দীর্ঘদিনের। ভার্জিনিয়ায় তাঁর সাবেক বাসভবন মাউন্ট ভার্নন বর্তমানে জাদুঘর হিসেবে পরিচালিত হচ্ছে। সেখানে সংরক্ষিত সংগ্রহে তাঁর চুলের অন্তত ৫০টি নমুনা রয়েছে বলে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে।
মাউন্ট ভার্ননের এক নিবন্ধে বলা হয়েছে, উনিশ শতকে বন্ধু ও স্বজনদের চুল স্মৃতিচিহ্ন হিসেবে সংরক্ষণের প্রচলন বেশ জনপ্রিয় ছিল। বিশেষ করে বিত্তশালী পরিবারগুলোতে এ ধরনের স্মারক রাখার রীতি দেখা যেত।
এদিকে ওয়াশিংটনের অন্যান্য স্মৃতিচিহ্নও নিলামে উচ্চমূল্যে বিক্রি হয়েছে। চলতি বছরের জুলাইয়ে ১৭৭৬ সালে লেখা তাঁর স্বাক্ষরযুক্ত একটি চিঠি ১ লাখ ৯ হাজার ৮০০ ডলারে বিক্রি হয়। ওই চিঠিতে ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য কন্টিনেন্টাল আর্মিতে আরও সেনা নিয়োগের অনুরোধ জানিয়েছিলেন তিনি।
সূত্র: বিবিসি
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি হাই স্কুলে শিক্ষার্থীদের বর্ণবাদী ‘ব্ল্যাকফেস’ ছবি ঘিরে তীব্র ক্ষোভ ও বিতর্কের পর ৩ লাখ ৭৫ হাজার ডলারের নতুন একটি উদ্যোগ অনুমোদন করেছে সান্তা বারবারা ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্টের শিক্ষা বোর্ড। চলতি সপ্তাহে অনুষ্ঠিত বোর্ড সভায় বার্ষিক এই অর্থ ব্যয়ে ‘ডিরেক্টর অব ইনক্লুসিভ স্কুল কমিউনিটিজ’ (ডিইআই) এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একজন ‘এথনিক স্টাডিজ’ শিক্ষক—এই দুটি নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। অর্থ ব্যয়ের খাত এবং কোন স্তরের শিক্ষার্থীরা বাড়তি সহায়তা পাবে, তা নিয়ে বোর্ড সদস্যদের মধ্যে শুরুতে কিছুটা মতপার্থক্য দেখা দেয়। কয়েকজন সদস্য জুনিয়র হাই স্কুলগুলোর জন্যও একজন আলাদা এথনিক স্টাডিজ শিক্ষক নিয়োগের দাবি তুলেছিলেন। তবে বোর্ড প্রেসিডেন্ট বিল ব্যানিং তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার পক্ষে জোরালো অবস্থান নিয়ে জানান, প্রয়োজনে পরবর্তীতে কর্মসূচিতে পরিবর্তন আনা যাবে এবং স্কুল ডিস্ট্রিক্টের বৃহত্তর উদ্যোগের সুফল জুনিয়র হাই স্কুলের শিক্ষার্থীরাও পাবে। বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এথনিক স্টাডিজ শিক্ষক, স্থানীয় কমিউনিটি সংগঠন এবং ‘এথনিক স্টাডিজ নাউ! এসবি’-র সদস্য বারবারা পারমেটসহ সংশ্লিষ্টরা। মূলত গত সেপ্টেম্বরে সান্তা বারবারা ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্টের অধীনস্থ সান মার্কোস হাই স্কুলের চার ছাত্রীর একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত হয়। ওই চার ছাত্রী আফ্রিকান আমেরিকান স্টাডিজ শ্রেণিকক্ষের ভেতরে কৃত্রিমভাবে মুখমণ্ডল কালো করে বা ‘ব্ল্যাকফেস’ সেজে চারজন কৃষ্ণাঙ্গ কিশোরের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্মিত ছবির অঙ্গভঙ্গি অনুকরণ করে একটি মিম তৈরি করেন এবং তা টিকটকে পোস্ট করেন। পোস্টটির ক্যাপশনে বর্ণবাদী গালির ইঙ্গিতবাহী ‘নিনজা ইমোজি’ ব্যবহার করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। সে সময় সান মার্কোস হাই স্কুলের অধ্যক্ষ ডেয়ার হোল্ড্রেন জানান, ‘সেফ টু স্পিক আপ’ ব্যবস্থার মাধ্যমে অভিযোগ পাওয়ার পরপরই প্রশাসন ব্যবস্থা নিয়েছে, অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে এ ধরনের আচরণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হচ্ছে। স্কুল ডিস্ট্রিক্টের সুপারিনটেনডেন্ট হিলদা মালদোনাদোও ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে অত্যন্ত ক্ষতিকর বলে অভিহিত করেন। উল্লেখ্য, সান্তা বারবারার এই স্কুল ডিস্ট্রিক্টে এর আগেও একাধিক বর্ণবাদী ঘটনার নজির রয়েছে। গত বছর নিষেধাজ্ঞা সত্ত্বেও ‘অব মাইস অ্যান্ড মেন’ পাঠদানকালে শ্রেণিকক্ষে প্রকাশ্যে বর্ণবাদী গালি উচ্চারণ করায় সান মার্কোস হাই স্কুলের একজন বদলি শিক্ষককে ক্যাম্পাস থেকে অপসারণ করা হয়েছিল। এ ছাড়া গত ৯ জুনের এক কমিউনিটি সভায় শিক্ষার্থীরা অভিযোগ করেছিলেন যে, ক্যাম্পাসে বর্ণবাদী পরিবেশের কারণে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীরা অনিরাপদ বোধ করছে এবং অনেকেই বাধ্য হয়ে স্কুল ছেড়ে চলে যাচ্ছে।
প্রায় ৫ লাখ টাকায় নিলামে বিক্রি হলো যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের এক গোছা চুল
যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ভয়াবহ ঝড়-বন্যার শঙ্কা, বিপর্যস্ত হতে পারে থ্যাংকসগিভিংয়ের ভ্রমণ
লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার
ওয়াশিংটন ডিসিতে স্নায়ুবিজ্ঞানবিষয়ক সম্মেলনে গবেষণা উপস্থাপনের পর প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী ইভা ই শিয়েকে আটক করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভার্জিনিয়ার আর্লিংটনে রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে তাঁকে আটক করা হয়। তাঁর আইনজীবীরা আটকের বৈধতা চ্যালেঞ্জ করে ফেডারেল আদালতে আবেদন করেছেন। ২৪ বছর বয়সী ইভা প্রিন্সটনে স্নায়ুবিজ্ঞানে পিএইচডির তৃতীয় বর্ষে পড়ছেন। দ্য ডেইলি প্রিন্সটনিয়ান জানিয়েছে, আটকের আগের দিন সোসাইটি ফর নিউরোসায়েন্সের বার্ষিক সম্মেলনে তিনি পোস্টারের মাধ্যমে নিজের গবেষণা উপস্থাপন করেন। পরদিন অভ্যন্তরীণ একটি ফ্লাইট ধরতে বিমানবন্দরে গেলে তাঁকে হেফাজতে নেন অভিবাসন কর্মকর্তারা। ইভার আইনজীবী কেরি ডয়েল বিশ্ববিদ্যালয়ের সংবাদপত্রটিকে জানান, চীনে জন্ম নেওয়া ইভা অপ্রাপ্তবয়স্ক অবস্থায় যুক্তরাষ্ট্রে আসেন। তাঁর রাজনৈতিক আশ্রয়ের আবেদন বিচারাধীন রয়েছে বলে জানান ডয়েল। অভিবাসন আদালতে তাঁর শুনানি ২০২৮ সালের শুরুর দিকে নির্ধারিত আছে। যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ পিক্স১১কে জানিয়েছে, ২০১৬ সালের মার্চে ইভা অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেয়েছিলেন। বিভাগের দাবি, সে বছরের সেপ্টেম্বরে অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও তিনি দেশ ছাড়েননি। তাঁকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের প্রক্রিয়া চলাকালে আইসিই হেফাজতে রাখা হবে বলে জানিয়েছে বিভাগটি। শুক্রবার এক ফেডারেল বিচারক নির্দেশ দেন, আটকের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদন বিবেচনাধীন থাকা অবস্থায় ইভাকে ভার্জিনিয়ার পূর্বাঞ্চলীয় ফেডারেল বিচারিক জেলার বাইরে নেওয়া যাবে না। দ্য ডেইলি প্রিন্সটনিয়ান জানিয়েছে, তাঁকে ভার্জিনিয়ার শ্যান্টিলি থেকে একই অঙ্গরাজ্যের বোলিং গ্রিনে ক্যারোলাইন ডিটেনশন ফ্যাসিলিটিতে স্থানান্তর করা হয়েছে। শনিবার সকালে আইসিইর অনলাইন আটক তালিকায় নতুন অবস্থান দেখা যায়। প্রিন্সটনের গ্র্যাজুয়েট স্কুলের ডিন রডনি প্রিস্টলি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ইভার জন্য আইনজীবীর ব্যবস্থা করেছে। সহায়তা দিতে বিশ্ববিদ্যালয় তাঁর পরিবার, সহকর্মী ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রাখছে। সূত্র: দ্য ডেইলি প্রিন্সটনিয়ান
ফ্লোরিডায় গাড়িচাপায় বৃদ্ধার মৃ ত্যু, অভিযুক্ত ভেনেজুয়েলান অভিবাসীর বিরুদ্ধে মা মলা হচ্ছে না
ব্রুকলিনের উডহাল হাসপাতালে স্পেশাল অফিসার নিয়োগ, শুরুতেই বেতন ৪০,৪৮০ ডলার
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে উড্ডয়নের আগে খাঁচা থেকে পালাল বিড়াল, ফ্লোরিডাগামী ফ্লাইটে বিলম্ব
যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন উপস্থাপক ও মিডিয়া ব্যক্তিত্ব অপরাহ উইনফ্রে দীর্ঘদিন ধরেই শিক্ষা ও মানবকল্যাণে অবদান রেখে আসছেন। তাঁর প্রতিষ্ঠিত বৃত্তি কর্মসূচির সহায়তায় আটলান্টার মোরহাউস কলেজ থেকে প্রায় ৮০০ শিক্ষার্থী স্নাতক সম্পন্ন করেছেন। আর্থিকভাবে অসচ্ছল অথচ মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার সুযোগ করে দিতে ১৯৮৯ সালে এই উদ্যোগ শুরু করেছিলেন তিনি। প্রায় চার দশক ধরে চলা এই কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের টিউশন ফি, কলেজের অন্যান্য খরচ এবং আবাসন ব্যয়ে সহায়তা দেওয়া হয়েছে। শুধু আর্থিক সহায়তাই নয়, শিক্ষার্থীদের নেতৃত্বের দক্ষতা বিকাশ, সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং আন্তর্জাতিক অভিজ্ঞতা অর্জনের সুযোগও রয়েছে এই কর্মসূচিতে। ২০২৬ সালের ২৪ এপ্রিল মোরহাউস কলেজের শিক্ষার্থীদের জন্য আয়োজিত স্নাতক-পূর্ব এক বিশেষ অনুষ্ঠানে আকস্মিক উপস্থিত হয়ে সবাইকে চমকে দেন অপরাহ উইনফ্রে। তাঁর বৃত্তির সুবিধাভোগী শিক্ষার্থীদের সঙ্গে দেখা করেন, তাঁদের অভিজ্ঞতা শোনেন এবং দীর্ঘদিনের এই উদ্যোগ নিয়ে নিজের অনুভূতি প্রকাশ করেন। মোরহাউস কলেজের এই বৃত্তি কর্মসূচিতে অপরাহর মোট আর্থিক অবদান ২ কোটি ৫০ লাখ ডলার। ২০১৯ সালে কর্মসূচির ৩০ বছর পূর্তি উপলক্ষে তিনি নতুন করে ১ কোটি ৩০ লাখ ডলার অনুদানের ঘোষণা দিয়েছিলেন। এর আগে ১৯৮৯ সালে ১ কোটি ২০ লাখ ডলারের প্রাথমিক বিনিয়োগের মাধ্যমে উদ্যোগটির যাত্রা শুরু হয়। অপরাহর এই উদ্যোগের মূল লক্ষ্য শুধু শিক্ষার্থীদের কলেজের পড়াশোনা শেষ করতে সহায়তা করা নয়, বরং তাঁদের ভবিষ্যৎ নেতৃত্ব ও সামাজিক অবদানের জন্য প্রস্তুত করা। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের কমিউনিটি সার্ভিস, নেতৃত্ব বিকাশ এবং বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণের প্রত্যাশাও রয়েছে। একজন টেলিভিশন উপস্থাপক হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পেলেও অপরাহ উইনফ্রের দীর্ঘদিনের এই উদ্যোগ দেখিয়েছে, শিক্ষা ও মানবকল্যাণে ব্যক্তিগত বিনিয়োগ কীভাবে প্রজন্মের পর প্রজন্মের শিক্ষার্থীর জীবনে প্রভাব ফেলতে পারে।
যুক্তরাষ্ট্রের হিউস্টনে চলন্ত গাড়ি থেকে পড়ে যায় শিশু , চালকের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ
‘আল্লাহর নির্দেশে’ ২৮ বছর বয়সী তরুণীকে হ ত্যা, কারাগারে বসে দায় স্বীকার সাবেক এনওয়াইপিডি কর্মকর্তার

