আদালতের নির্দেশ উপেক্ষা: আইওয়াতে বিষাক্ত সীসা বিস্ফোরণের পরিকল্পনা মার্কিন সেনার
মার্কিন যুক্তরাষ্ট্রের আইওয়া অঙ্গরাজ্যে পরিবেশবাদী সংগঠন ও স্থানীয় বাসিন্দাদের তীব্র আপত্তি এবং আদালতের স্থগিতাদেশ সত্ত্বেও জরুরি আইনি ক্ষমতাবলে বিষাক্ত পদার্থ বিস্ফোরণের পরিকল্পনা এগিয়ে নিচ্ছে দেশটির সেনাবাহিনী। আগামী মঙ্গলবারের মধ্যেই আইওয়া আর্মি অ্যামিউনিশন প্ল্যান্টে মজুত থাকা ৬৮ ব্যারেল ক্ষয়িষ্ণু ও বিপজ্জনক ‘লেড অ্যাজাইড’ (Lead Azide) নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে ধ্বংস করার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার রাতে আদালতে দাখিল করা এক নথিতে মার্কিন সরকার জানায়, ফেডারেল পরিবেশ সুরক্ষা আইনের আওতায় জরুরি গোলাবারুদ ও বিস্ফোরক সংক্রান্ত বিশেষ ছাড়ের ক্ষমতা প্রয়োগ করে কোনো পারমিট ছাড়াই এই অভিযান পরিচালনা করবে সেনাবাহিনী। এর আগে পরিবেশবাদীদের আবেদনের পরিপ্রেক্ষিতে একটি ফেডারেল আপিল আদালত এই বিস্ফোরণের অনুমতি সাময়িকভাবে স্থগিত করার আদেশ দিয়েছিল।
সামরিক বাহিনীর দাবি, গত মার্চে ওই কারখানায় ক্ষয়প্রাপ্ত লেড অ্যাজাইড ব্যারেলগুলো শনাক্ত হয় এবং সময়ের সঙ্গে সঙ্গে পদার্থগুলো আরও অস্থিতিশীল হয়ে উঠেছে। বিশেষ করে তাপমাত্রা কমে গেলে অনিয়ন্ত্রিত বিস্ফোরণের ঝুঁকি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা করছে সেনাবাহিনী। ভারপ্রাপ্ত মার্কিন সেনা সচিব অ্যাডাম টেল এর আগে জানিয়েছিলেন, মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থা (ইপিএ)-এর সঙ্গে আলোচনা করে নিয়ন্ত্রিত বিস্ফোরণকেই জননিরাপত্তার দিক থেকে সবচেয়ে কম ঝুঁকিপূর্ণ পথ হিসেবে বেছে নেওয়া হয়েছে। অন্যদিকে ব্যারেলগুলো নাড়াচাড়া করা বা অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টায় দুর্ঘটনার ঝুঁকি আরও বাড়তে পারে বলে যুক্তি দিয়েছে কর্তৃপক্ষ।
তবে এই পদক্ষেপে তীব্র উদ্বেগ প্রকাশ করেছে পরিবেশবাদী গোষ্ঠীগুলো। আইওয়া এনভায়রনমেন্টাল কাউন্সিল এবং সিয়েরা ক্লাবের আইওয়া চ্যাপ্টারের পক্ষে আইনি লড়াই চালানো সংস্থা আর্থজাস্টিস অভিযোগ করেছে, জরুরি ক্ষমতার ব্যবহার কার্যকরভাবে বিচারিক প্রক্রিয়া ও পর্যালোচনাকে পাশ কাটানোর শামিল। তাদের মতে, এই সংকট সেনাবাহিনীর নিজেদের ব্যবস্থাপনার ব্যর্থতায় তৈরি হয়েছে এবং অন্যান্য নিরাপদ বিকল্পগুলো যথাযথভাবে খতিয়ে দেখা হয়নি।
বিস্ফোরণের ফলে বাতাসে সীসার কণিকা ছড়িয়ে পড়ে আবহাওয়াভেদে প্রায় ১০০ মাইল বা ১৬১ কিলোমিটার উত্তর পর্যন্ত বিষাক্ত ধোঁয়ার বলয় তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। সীসার সংস্পর্শে এলে মানুষ ও প্রাণীর মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি হয়, বিশেষ করে শিশুদের মস্তিষ্ক ও স্নায়ুতন্ত্রের ক্ষতি হতে পারে।
পরিস্থিতি বিবেচনায় আইওয়া ডিপার্টমেন্ট অব অ্যাগ্রিকালচার অ্যান্ড ল্যান্ড স্টুয়ার্ডশিপ বিস্ফোরণস্থলের আশপাশের খামারিদের গবাদি পশু, পশুখাদ্য ও সরঞ্জাম নিরাপদ স্থানে বা ঘরের ভেতরে সরিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে। এছাড়া স্থানীয় বাসিন্দাদের ঘরের দরজা-জানালা বন্ধ রাখা, পোষা প্রাণী ভেতরে রাখা এবং পরবর্তী সময়ে বাহিরের খোলা জায়গা ও যানবাহন পরিষ্কার করার মতো সতর্কতামূলক নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র: রয়টার্স।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের ফেডারেল সরকারের অধীনে ঘরে বসে কাজ করার সুযোগ নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ডিপার্টমেন্ট অব ভেটেরান্স অ্যাফেয়ার্স (ভিএ)। মেডিকেল রেকর্ডস টেকনিশিয়ান পদে একজন কর্মী নিয়োগ দেওয়া হবে। চাকরিটি সম্পূর্ণ রিমোট হওয়ায় যুক্তরাষ্ট্রের যেকোনো অঙ্গরাজ্য থেকে কাজ করার সুযোগ রয়েছে। বার্ষিক বেতন ৫৬ হাজার ৪৪৫ ডলার থেকে ৭৩ হাজার ৩৭৬ ডলার। আবেদন করার শেষ সময় আগামী ২৫ নভেম্বর। যুক্তরাষ্ট্রের সরকারি চাকরির ওয়েবসাইট ইউএসএজবসে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, আলাবামা অঙ্গরাজ্যের বার্মিংহাম ভিএ মেডিকেল সেন্টারের অধীনে এই নিয়োগ দেওয়া হচ্ছে। পদটির নাম মেডিকেল রেকর্ডস টেকনিশিয়ান (কোডার ইনপেশেন্ট)। এটি জিএস-৮ গ্রেডের স্থায়ী ও ফুলটাইম ফেডারেল চাকরি। কর্মীকে নিয়মিত অফিসে উপস্থিত থাকতে হবে না। নিয়োগ পাওয়া কর্মীর প্রধান দায়িত্ব হবে রোগীদের মেডিকেল রেকর্ড পর্যালোচনা এবং চিকিৎসাসংক্রান্ত তথ্য সঠিকভাবে কোডিং করা। রোগ নির্ণয়, চিকিৎসাপদ্ধতি, অস্ত্রোপচার ও অন্যান্য স্বাস্থ্যসেবার তথ্য নির্ধারিত কোডিং পদ্ধতিতে সংরক্ষণ করতে হবে। এ জন্য আইসিডি, সিপিটি ও এইচসিপিসিএসের মতো মেডিকেল কোডিং সিস্টেম সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে। এ ছাড়া মেডিকেল রেকর্ডে ভুল বা অসম্পূর্ণ তথ্য শনাক্ত করা, প্রয়োজন অনুযায়ী চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মীদের সঙ্গে যোগাযোগ এবং অডিটে পাওয়া অসংগতি সংশোধনের কাজও করতে হবে। হাসপাতালের বিভিন্ন বিভাগের চিকিৎসাসংক্রান্ত তথ্য যথাযথভাবে নথিভুক্ত করা এই পদের গুরুত্বপূর্ণ দায়িত্ব। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আবেদনকারীদের মেডিকেল কোডিং বা হেলথ ইনফরমেশন ম্যানেজমেন্ট বিষয়ে প্রাসঙ্গিক অভিজ্ঞতা ও শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। প্রাথমিক যোগ্যতা পূরণের জন্য সংশ্লিষ্ট ক্ষেত্রে এক বছরের গ্রহণযোগ্য অভিজ্ঞতা, হেলথ ইনফরমেশন টেকনোলজি বা ম্যানেজমেন্ট বিষয়ে অ্যাসোসিয়েট ডিগ্রি অথবা অনুমোদিত মেডিকেল কোডিং প্রশিক্ষণ বিবেচনা করা হবে। তবে জিএস-৮ গ্রেডে নিয়োগের জন্য অতিরিক্ত যোগ্যতা প্রয়োজন। আবেদনকারীর আগের গ্রেডের সমমানের অন্তত এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে। পাশাপাশি মেডিকেল কোডিং, রেকর্ড যাচাই, অডিট এবং সংশ্লিষ্ট নিয়মকানুন সম্পর্কে দক্ষতা দেখাতে হবে। এএইচআইএমএ, এএপিসি বা নির্ধারিত সংস্থার স্বীকৃত সার্টিফিকেশনও প্রয়োজন। নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, পদটি মূলত মার্কিন নাগরিকদের জন্য উন্মুক্ত। তবে যোগ্য মার্কিন নাগরিক পাওয়া না গেলে নির্দিষ্ট নীতিমালার আওতায় অনাগরিকদের নিয়োগের সুযোগও উল্লেখ রয়েছে। ফলে গ্রিন কার্ড বা ওয়ার্ক পারমিট থাকলেই এই চাকরির জন্য যোগ্য হওয়া নিশ্চিত নয়। কাজের সময়সূচি সোমবার থেকে শুক্রবার। সকাল ৭টা থেকে বিকেল সাড়ে ৩টা, সকাল সাড়ে ৭টা থেকে বিকেল ৪টা অথবা সকাল ৮টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত শিফট থাকতে পারে। প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী সময়সূচি পরিবর্তন হতে পারে। ফেডারেল সরকারের এই চাকরিতে যোগ্যতা অনুযায়ী হেলথ ইন্স্যুরেন্স, অবসরকালীন সুবিধা এবং বেতনসহ ছুটির মতো সুযোগ-সুবিধা পাওয়া যেতে পারে। নিয়োগের আগে ব্যাকগ্রাউন্ড চেক ও প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা সম্পন্ন করতে হবে। নির্বাচিত কর্মীকে এক বা দুই বছরের প্রাথমিক মূল্যায়নকালও অতিক্রম করতে হবে। আগ্রহী প্রার্থীদের ইউএসএজবসে আবেদন করতে হবে। প্রয়োজনীয় রিজিউমি, শিক্ষাগত যোগ্যতার প্রমাণ এবং প্রযোজ্য অন্যান্য কাগজপত্র জমা দিতে হবে। আবেদন প্রক্রিয়ায় নির্ধারিত ক্লিনিক্যাল রিজিউমি ফরম ব্যবহারের বিশেষ নির্দেশনাও রয়েছে। আবেদনের শেষ সময় ২৫ নভেম্বর ২০২৬, বুধবার, যুক্তরাষ্ট্রের ইস্টার্ন সময় রাত ১১টা ৫৯ মিনিট। চাকরিটির কন্ট্রোল নম্বর ৮৯৩৫৩৭৭০০ এবং নিয়োগ বিজ্ঞপ্তির নম্বর CBTB-13108354-27-TC। প্রার্থীরা এই নম্বর ব্যবহার করে ইউএসএজবসে বিস্তারিত তথ্য ও আবেদন প্রক্রিয়া খুঁজে নিতে পারবেন। সংবাদসূত্র: ইউএসএজবস
ট্রাম্পের মিম কয়েনের দাম এক ডলারের নিচে, বিনিয়োগকারীদের নিয়ে নৈশভোজ
আদালতের নির্দেশ উপেক্ষা: আইওয়াতে বিষাক্ত সীসা বিস্ফোরণের পরিকল্পনা মার্কিন সেনার
নিউইয়র্কের লাগার্ডিয়া বিমানবন্দরে টিএসএতে নিয়োগ, বার্ষিক বেতন ৬৭ হাজার ডলার পর্যন্ত
ইউনিভার্সিটি অব নটর ডেমে ২০২৭ সালের ফল সেমিস্টারে সম্পূর্ণ ফান্ডিংসহ পিএইচডি করার সুযোগ তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়টির কিও স্কুল অব গ্লোবাল অ্যাফেয়ার্সে সাসটেইনেবল ডেভেলপমেন্ট বিষয়ে পিএইচডি প্রোগ্রামে আবেদন গ্রহণ চলছে। নির্বাচিত শিক্ষার্থীরা সম্পূর্ণ টিউশন স্কলারশিপ, জীবনযাত্রার খরচের জন্য বার্ষিক স্টাইপেন্ড এবং হেলথ ইন্স্যুরেন্সে আর্থিক সহায়তা পাবেন। আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর ২০২৬। যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে অবস্থিত নটর ডেম বিশ্ববিদ্যালয়ের এই প্রোগ্রাম মূলত বৈশ্বিক উন্নয়ন, জলবায়ু পরিবর্তন এবং পরিবেশসংক্রান্ত সমস্যা নিয়ে গবেষণায় আগ্রহী শিক্ষার্থীদের জন্য। এটি একটি স্টেম স্বীকৃত পিএইচডি প্রোগ্রাম। অর্থাৎ যুক্তরাষ্ট্রের বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতভিত্তিক শিক্ষার নির্ধারিত শ্রেণিবিন্যাসের অন্তর্ভুক্ত। বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল তথ্য অনুযায়ী, এই পিএইচডি প্রোগ্রামে প্রধানত তিনটি ক্ষেত্রে গবেষণার সুযোগ রয়েছে। এগুলো হলো জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও অভিযোজন, পরিবেশগত শাসনব্যবস্থা এবং উন্নয়ন নীতি। এসব গবেষণার মাধ্যমে জলবায়ু সংকট, পরিবেশ সংরক্ষণ, সরকারি নীতি এবং মানুষের জীবনযাত্রার উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কার্যকর সমাধান খোঁজার চেষ্টা করা হবে। প্রোগ্রামটির অন্যতম আকর্ষণ সম্পূর্ণ ফান্ডিং সুবিধা। বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ভর্তি হওয়া পিএইচডি শিক্ষার্থীরা পাঁচ বছরের জন্য বিস্তৃত আর্থিক সহায়তা প্যাকেজ পাবেন। এর মধ্যে রয়েছে সম্পূর্ণ টিউশন স্কলারশিপ, ১২ মাসের জীবনযাত্রার স্টাইপেন্ড, হেলথ ইন্স্যুরেন্সের প্রিমিয়ামে ভর্তুকি এবং গবেষণাসংক্রান্ত বিভিন্ন সুবিধা। নটর ডেম গ্র্যাজুয়েট স্কুলের প্রকাশিত ২০২৬-২৭ শিক্ষাবর্ষের তথ্য অনুযায়ী, কিও স্কুলের পিএইচডি শিক্ষার্থীদের সাধারণ বার্ষিক স্টাইপেন্ড ৩৯ হাজার ডলার। বিশেষ ফেলোশিপ পাওয়া কিছু শিক্ষার্থীর ক্ষেত্রে এই পরিমাণ সর্বোচ্চ ৪৮ হাজার ডলার পর্যন্ত হতে পারে। তবে ২০২৭ সালে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থীদের চূড়ান্ত স্টাইপেন্ডের পরিমাণ ভর্তি ও ফান্ডিং অফারে নির্ধারিত হবে। এর পাশাপাশি কনফারেন্সে গবেষণা উপস্থাপন এবং পেশাগত দক্ষতা উন্নয়নের জন্য সর্বোচ্চ চার হাজার ডলার পর্যন্ত সহায়তার সুযোগ রয়েছে। ফলে শিক্ষার্থীরা ক্লাস ও গবেষণার পাশাপাশি আন্তর্জাতিক একাডেমিক কার্যক্রমেও অংশ নিতে পারবেন। বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, বিভিন্ন শিক্ষাগত, সাংস্কৃতিক ও পেশাগত অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীরা এই প্রোগ্রামে আবেদন করতে পারবেন। তবে সংশ্লিষ্ট বিষয়ে শক্তিশালী একাডেমিক ভিত্তি এবং টেকসই উন্নয়নের বৈশ্বিক সমস্যা নিয়ে গবেষণার আগ্রহ থাকতে হবে। আবেদনের জন্য স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠান থেকে স্নাতক ডিগ্রি অর্জনের প্রমাণ প্রয়োজন। পাশাপাশি আবেদনকারীর পূর্ববর্তী পড়াশোনা, গবেষণার অভিজ্ঞতা এবং ভবিষ্যৎ গবেষণার পরিকল্পনা মূল্যায়ন করা হবে। আবেদনকারীদের স্টেটমেন্ট অব পারপাস, একাডেমিক ট্রান্সক্রিপ্ট, সিভি, জিআরই জেনারেল টেস্টের স্কোর, রাইটিং স্যাম্পল এবং তিনটি রেকমেন্ডেশন লেটার জমা দিতে হবে। যাঁদের প্রথম ভাষা ইংরেজি নয়, তাঁদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত নিয়ম অনুযায়ী টোফেল, আইইএলটিএস অথবা ডুওলিঙ্গো ইংলিশ টেস্টের স্কোর প্রয়োজন হতে পারে। কোনো আবেদনকারী ইংরেজি পরীক্ষার শর্ত থেকে ছাড় পাবেন কি না, তা বিশ্ববিদ্যালয়ের ভর্তি নীতির ওপর নির্ভর করবে। পিএইচডি শিক্ষার্থীদের শুধু গবেষণায় সীমাবদ্ধ থাকতে হবে না। প্রোগ্রাম চলাকালে তাঁদের টিচিং অ্যাসিস্ট্যান্ট অথবা রিসার্চ অ্যাসিস্ট্যান্ট হিসেবে দায়িত্ব পালনের সুযোগ ও বাধ্যবাধকতা রয়েছে। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা এবং গবেষণা পরিচালনার বাস্তব অভিজ্ঞতা অর্জন করা সম্ভব। বিশ্ববিদ্যালয় আরও জানিয়েছে, শিক্ষার্থীদের পিএইচডির চতুর্থ বছরের মধ্যে অন্তত ১০ হাজার ডলার মূল্যমানের একটি বহিরাগত গবেষণা অনুদান বা ফেলোশিপের জন্য আবেদন করতে হবে। তবে এই অর্থ পাওয়া ভর্তি হওয়ার পূর্বশর্ত নয়। এই প্রোগ্রামে আবেদন করতে আগ্রহীদের নটর ডেম গ্র্যাজুয়েট স্কুলের অফিসিয়াল অ্যাপ্লিকেশন পোর্টালের মাধ্যমে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে হবে। আবেদনের শেষ সময় ১ ডিসেম্বর হওয়ায় হাতে সময় রয়েছে আর মাত্র কয়েক দিন। বাংলাদেশসহ আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্যও এই প্রোগ্রাম প্রাসঙ্গিক হতে পারে। বিশেষ করে পরিবেশবিজ্ঞান, অর্থনীতি, উন্নয়ন অধ্যয়ন, পাবলিক পলিসি এবং সংশ্লিষ্ট বিষয়ে গবেষণার অভিজ্ঞতা থাকা প্রার্থীরা নিজেদের যোগ্যতা অনুযায়ী আবেদন বিবেচনা করতে পারেন। তবে সম্পূর্ণ ফান্ডিংয়ের সুযোগ থাকলেও আবেদন করলেই স্কলারশিপ নিশ্চিত নয়। বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রক্রিয়ায় নির্বাচিত হওয়ার পর নির্ধারিত শর্ত অনুযায়ী আর্থিক সহায়তা দেওয়া হবে। যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার ব্যয় অনেক বেশি হওয়ায় পূর্ণ টিউশন স্কলারশিপ ও জীবনযাত্রার খরচের সহায়তাসহ এ ধরনের পিএইচডি প্রোগ্রাম আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ। তবে আবেদন করার আগে প্রয়োজনীয় পরীক্ষার স্কোর, গবেষণার বিষয় এবং রেকমেন্ডেশন লেটারসহ সব শর্ত ভালোভাবে যাচাই করার পরামর্শ দেওয়া হচ্ছে। সংবাদসূত্র ইউনিভার্সিটি অব নটর ডেম
যুক্তরাষ্ট্রে চাকরির ইন্টারভিউতে গুরুত্বপূর্ণ ৫ প্রশ্ন, জেনে নিন উত্তর দেয়ার নিয়ম ও কৌশল
যুক্তরাষ্ট্রে অল্প সময়ের প্রশিক্ষণেই হেলথ কেয়ারে ক্যারিয়ার গড়ার পাঁচটি সুযোগ, জেনে নিন বিস্তারিত
টেক্সাসে নারীর ফোন থেকে অন্তরঙ্গ ছবি নিজের ফোনে পাঠানোর চেষ্টা, ভারতীয় বংশোদ্ভূত যুবককে আটক করল আইস
যুক্তরাষ্ট্রের মিশিগানের বাসিন্দা অ্যাশলি জাম্বেলি ২৩ বছর বয়সে জানতে পারেন, তাঁর শরীরেও রয়েছে ডাউন সিনড্রোমের একটি বিরল ধরন। বর্তমানে ২৭ বছর বয়সী চার সন্তানের এই মা শৈশব থেকেই নানা শারীরিক সমস্যায় ভুগছিলেন। তবে দীর্ঘদিন চিকিৎসা করিয়েও সমস্যাগুলোর সুনির্দিষ্ট কারণ জানতে পারেননি। পরে নিজের সন্তানদের জিনগত পরীক্ষার সূত্র ধরে চিকিৎসকেরা তাঁর শরীরেও বিশেষ পরীক্ষা চালান। সেখান থেকেই ধরা পড়ে মোজাইক ডাউন সিনড্রোম। অ্যাশলির ডায়াগনসিসের পেছনে রয়েছে কয়েকটি গর্ভধারণের অভিজ্ঞতা। ২০১৯ সালে তাঁর গর্ভপাত হয় এবং জরুরি চিকিৎসার অংশ হিসেবে ডি অ্যান্ড সি (D&C) প্রক্রিয়া সম্পন্ন করতে হয়। ওই সময় গর্ভপাত হওয়া শিশুর টিস্যু পরীক্ষা করে ট্রাইসমি ২১ শনাক্ত হয়। পরবর্তী সময়ে তাঁর আরও দুই সন্তানের গর্ভাবস্থার পরীক্ষায় একই জিনগত বৈশিষ্ট্যের ইঙ্গিত পাওয়া যায়। বিষয়টি নজরে আসে তাঁর স্ত্রীরোগ বিশেষজ্ঞের। কারণ, একজন রোগীর একাধিক গর্ভধারণে এ ধরনের পরীক্ষার ফল পাওয়া চিকিৎসকের কাছেও ছিল অস্বাভাবিক অভিজ্ঞতা। এরপর চিকিৎসকের পরামর্শে জিনগত বিশেষজ্ঞের কাছে যান অ্যাশলি। প্রথমে তাঁর রক্তের নমুনা নিয়ে ক্যারিওটাইপ ও ফিশ (FISH) পরীক্ষা করা হয়। কিন্তু এসব পরীক্ষায় অতিরিক্ত ২১ নম্বর ক্রোমোজোমের উপস্থিতি পাওয়া যায়নি। চিকিৎসকেরা তখনও মোজাইক ধরনের ডাউন সিনড্রোমের সম্ভাবনা বিবেচনায় রেখে আরও পরীক্ষা করার সিদ্ধান্ত নেন। শেষ পর্যন্ত গালের ভেতরের কোষ থেকে নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। কয়েক শ কোষ বিশ্লেষণ করে প্রায় ৩ শতাংশ কোষে অতিরিক্ত ২১ নম্বর ক্রোমোজোম পাওয়া যায়। এর মাধ্যমেই নিশ্চিত হয় তাঁর মোজাইক ডাউন সিনড্রোম। সাধারণ ডাউন সিনড্রোমের ক্ষেত্রে শরীরের অধিকাংশ বা সব কোষে ২১ নম্বর ক্রোমোজোমের অতিরিক্ত একটি অনুলিপি থাকে। কিন্তু মোজাইক ধরনের ক্ষেত্রে শরীরের কিছু কোষে অতিরিক্ত ক্রোমোজোমটি উপস্থিত থাকে, অন্য কোষগুলোতে থাকে স্বাভাবিক ক্রোমোজোম সংখ্যা। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ডাউন সিনড্রোম সোসাইটির (এনডিএসএস) তথ্য অনুযায়ী, ডাউন সিনড্রোমের মোট ঘটনার প্রায় ২ শতাংশ মোজাইক ধরনের। এই বৈশিষ্ট্যের কারণে কারও কারও ক্ষেত্রে প্রচলিত শারীরিক লক্ষণ তুলনামূলক কম দেখা যেতে পারে। তবে প্রত্যেকের শারীরিক ও মানসিক সক্ষমতা আলাদা হওয়ায় সবার ক্ষেত্রে একই ধরনের বৈশিষ্ট্য ধরে নেওয়া যায় না। ল্যাডবাইবলের সঙ্গে কথা বলার সময় অ্যাশলি জানান, রোগনির্ণয়ের খবর পাওয়ার পর তিনি খুশি হয়েছিলেন। কারণ, এতদিন ধরে নিজের শরীরে যে সমস্যাগুলো অনুভব করছিলেন, সেগুলোর একটি ব্যাখ্যা অবশেষে পেয়েছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, চিকিৎসকেরা তাঁর শারীরিক অবস্থায় কিছু অস্বাভাবিকতা লক্ষ করলেও এত দিন সুনির্দিষ্ট কারণ খুঁজে পাচ্ছিলেন না। শৈশব থেকেই হৃদস্পন্দন অস্বাভাবিক দ্রুত হওয়া, জোড়ায় জোড়ায় স্থানচ্যুতির সমস্যা এবং পড়াশোনায় অসুবিধাসহ বিভিন্ন অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয়েছে তাঁকে। নিজের ডায়াগনসিস জানার পর সন্তানদের সঙ্গেও সম্পর্কের ক্ষেত্রে নতুন উপলব্ধি হয়েছে বলে জানান অ্যাশলি। তাঁর দুই সন্তানের ডাউন সিনড্রোম থাকায় তাদের চিন্তাভাবনা ও তথ্য বোঝার প্রক্রিয়া সম্পর্কে আরও ভালোভাবে উপলব্ধি করতে পারছেন বলে মনে করেন তিনি। নিজেরও কোনো বিষয় বুঝতে বা প্রক্রিয়াজাত করতে তুলনামূলক বেশি সময় লাগে বলে জানিয়েছেন অ্যাশলি। ফলে সন্তানদের অভিজ্ঞতার সঙ্গে নিজের মিল খুঁজে পান তিনি। তবে নিজের শারীরিক বৈশিষ্ট্যে ডাউন সিনড্রোমের প্রচলিত লক্ষণ স্পষ্ট না থাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে কিছু মানুষের প্রশ্নের মুখেও পড়তে হয়েছে তাঁকে। কেউ কেউ তাঁর ডায়াগনসিসের সত্যতা নিয়েও মন্তব্য করেছেন। অ্যাশলি জানান, তাঁর কানে কিছুটা ছোট আকার ও নিচের দিকে অবস্থানের মতো বৈশিষ্ট্য ছাড়া বাইরে থেকে সাধারণত বিষয়টি বোঝা যায় না। এ বিষয়ে এনডিএসএস জানিয়েছে, ডাউন সিনড্রোম থাকা প্রত্যেক ব্যক্তির শারীরিক বৈশিষ্ট্য ও সক্ষমতা এক রকম নয়। তাই শুধু বাহ্যিক চেহারা দেখে কারও জিনগত অবস্থা সম্পর্কে সিদ্ধান্ত নেওয়া ঠিক নয়। এনডিএসএসের তথ্য অনুযায়ী, মোজাইক ডাউন সিনড্রোম তুলনামূলক বিরল হলেও এটি ডাউন সিনড্রোমের স্বীকৃত একটি ধরন। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) তথ্যেও বলা হয়েছে, এ ধরনের ক্ষেত্রে শরীরের কিছু কোষে অতিরিক্ত ২১ নম্বর ক্রোমোজোম থাকে, অন্য কোষে স্বাভাবিক সংখ্যা বজায় থাকে। কারও ক্ষেত্রে এর বৈশিষ্ট্য কম প্রকাশ পেলেও ব্যক্তিভেদে অভিজ্ঞতা ও সহায়তার প্রয়োজন ভিন্ন হতে পারে। অ্যাশলির অভিজ্ঞতা নিয়ে প্রকাশিত প্রতিবেদনটি আবারও দেখিয়েছে, জিনগত অবস্থার সব ধরন সব সময় শৈশবে শনাক্ত হয় না। বিশেষ করে মোজাইক ধরনের ক্ষেত্রে পরীক্ষার পদ্ধতি ও নমুনার ধরন গুরুত্বপূর্ণ হতে পারে। নিজের সন্তানদের পরীক্ষার সূত্র ধরে বহুদিনের অজানা প্রশ্নের উত্তর পেয়েছেন অ্যাশলি। তাঁর কাছে এই রোগনির্ণয় কেবল একটি চিকিৎসাবিষয়ক তথ্য নয়, বরং নিজের জীবন ও অভিজ্ঞতাকে নতুনভাবে বোঝার সুযোগ। সংবাদসূত্র: ল্যাডবাইবেল, ন্যাশনাল ডাউন সিনড্রোম সোসাইটি, যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্র।
যুক্তরাষ্ট্রে ৬৬ বছর বয়সে ফের পড়াশোনা করে আইনের ডিগ্রি পেলেন বনি, পাশে ছিলেন ৯২ বছরের মা
যুক্তরাষ্ট্রের সেরা হেঁটে ঘোরার শহর নিউnইয়র্ক, বিশ্বের সেরা ১০০ শহরের তালিকায় ২৩তম

