অ্যাসাইলাম শুনানি অপেক্ষায় ১২ বছর, ২০ লাখ ডলার ট্যাক্স দিয়েও অবশেষে যুক্তরাষ্ট্র ছাড়লেন ব্যবসায়ী
যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয়ের আবেদন করে দীর্ঘ ১২ বছর অপেক্ষা করেছেন ভেনেজুয়েলার নাগরিক দিয়েগো ভেটেনকোর্ট। এই সময়ে ফ্লোরিডার মায়ামিতে ব্যবসা গড়ে তুলেছেন, ওয়ার্ক পারমিট নিয়ে কাজ করেছেন এবং নিজের দাবি অনুযায়ী ২০ লাখ ডলারের বেশি ট্যাক্স দিয়েছেন। কিন্তু এক যুগেও তাঁর অ্যাসাইলাম আবেদনের শুনানি হয়নি। শেষ পর্যন্ত ট্রাম্প প্রশাসনের অভিবাসননীতির পরিবর্তন ও ডিপোর্টেশনের আশঙ্কায় অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে যুক্তরাষ্ট্র ছেড়ে নিজ দেশে ফিরে গেছেন তিনি।
মিয়ামি হেরাল্ডের ১৩ নভেম্বর প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৭ অক্টোবর মায়ামি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ভেনেজুয়েলার রাজধানী কারাকাসের উদ্দেশে রওনা দেন ভেটেনকোর্ট। তাঁর স্ত্রী তখন চার মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। পাসপোর্ট না থাকায় ভেনেজুয়েলা সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল ডকুমেন্ট ব্যবহার করে দেশে ফেরেন তিনি।
ভেটেনকোর্ট জানান, ১২ বছর ধরে তাঁর অ্যাসাইলাম আবেদন পেন্ডিং ছিল। অথচ এই দীর্ঘ সময়ে একবারও তাঁকে ইমিগ্রেশন কোর্টে হাজির হওয়ার জন্য ডাকা হয়নি। বৈধ ওয়ার্ক পারমিট ও সোশ্যাল সিকিউরিটি নম্বর নিয়ে তিনি মায়ামিতে বসবাস করছিলেন। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রশিক্ষণ ও ডিজিটাল ক্লোনিং সেবার ব্যবসা গড়ে তোলেন।
তাঁর দাবি, ব্যবসা পরিচালনার মাধ্যমে তিনি যুক্তরাষ্ট্রে ২০ লাখ ডলারের বেশি ট্যাক্স দিয়েছেন। এত বছর কাজ ও ব্যবসা করার পরও অভিবাসনসংক্রান্ত অনিশ্চয়তা থেকে মুক্তি পাননি।
প্রতিবেদন অনুযায়ী, সেপ্টেম্বরে ভেনেজুয়েলার নাগরিকদের অ্যাসাইলাম আবেদন মূল্যায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসে। দেশটির রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনকে বিবেচনায় নিয়ে আশ্রয়প্রার্থীদের নিজ দেশে ফেরার ঝুঁকি নতুনভাবে মূল্যায়নের বিষয়টি সামনে আসে। এতে ভেটেনকোর্টের মতো দীর্ঘদিন ধরে আবেদন পেন্ডিং থাকা ব্যক্তিদের মধ্যে উদ্বেগ তৈরি হয়।
ভেটেনকোর্ট জানান, আদালতে হাজির হলে আটক হওয়ার আশঙ্কা করছিলেন তিনি। বিশেষ করে অন্তঃসত্ত্বা স্ত্রীকে রেখে ডিটেনশন সেন্টারে যেতে হতে পারে, এমন চিন্তা তাঁকে গভীরভাবে প্রভাবিত করে।
তাঁর ভাষায়, স্ত্রীকে ছেড়ে কারাগারে থাকার সম্ভাবনাই ছিল সবচেয়ে কঠিন বিষয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ছাড়ার সিদ্ধান্ত আবেগের বশে নেওয়া হয়নি। অনেক দিক বিবেচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।
ভেটেনকোর্টের ব্যবসা অনলাইনে পরিচালনা করা সম্ভব হওয়ায় বিশ্বের যেকোনো জায়গা থেকে কাজ করার সুযোগ রয়েছে তাঁর। সেই বাস্তবতা বিবেচনা করে তিনি সিদ্ধান্ত নেন, অনিশ্চয়তার মধ্যে যুক্তরাষ্ট্রে থাকার পরিবর্তে নিজ দেশে ফিরে যাওয়াই তাঁর পরিবারের জন্য ভালো হবে।
তবে যুক্তরাষ্ট্র ছাড়ার মুহূর্তেও তাঁকে অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হতে হয়। বিমান ছাড়ার কিছুক্ষণ আগে তিনজন আইসিই এজেন্ট তাঁকে ও তাঁর স্ত্রীকে আলাদাভাবে জিজ্ঞাসাবাদ করেন বলে অভিযোগ করেছেন ভেটেনকোর্ট।
তিনি জানান, তাঁদের কয়েক মিটার দূরত্বে দাঁড় করিয়ে পরিচয়, যুক্তরাষ্ট্রে অবস্থানের কারণ এবং কোথায় যাচ্ছেন, সে বিষয়ে প্রশ্ন করা হয়। পরে এজেন্টরা তাঁদের ছবি তোলেন এবং ট্রাভেল ডকুমেন্টে স্বাক্ষর করেন। এই প্রক্রিয়ায় তাঁদের ডিপোর্টেড হিসেবে গণনা করা হয়েছে কি না, তা তিনি জানেন না।
মায়ামির ইমিগ্রেশন আইনজীবী ব্যারি লাইবারের মতে, ভেনেজুয়েলার অনেক অ্যাসাইলাম আবেদনকারী এখন কঠিন সিদ্ধান্তের মুখোমুখি। তাঁর হিসাবে, আদালতে ভেনেজুয়েলার নাগরিকদের প্রায় ৯৫ শতাংশ অ্যাসাইলাম আবেদন প্রত্যাখ্যাত হচ্ছে। তবে এটি আইনজীবীর নিজস্ব হিসাব, সরকারি পরিসংখ্যান নয়।
লাইবার বলেন, ডিপোর্টেশন অর্ডার কার্যকর হলে অনেক ক্ষেত্রে যুক্তরাষ্ট্রে পুনরায় প্রবেশের ওপর ১০ বছরের নিষেধাজ্ঞা আসতে পারে। তবে স্বেচ্ছায় দেশত্যাগ করলেই এমন নিষেধাজ্ঞা স্বয়ংক্রিয়ভাবে এড়ানো যায় না। বিষয়টি নির্ভর করে ব্যক্তির অভিবাসন ইতিহাস, যুক্তরাষ্ট্রে অবস্থানের মেয়াদ এবং প্রযোজ্য আইনের ওপর।
ভেটেনকোর্ট জানান, ভেনেজুয়েলা থেকে যুক্তরাষ্ট্রের একটি ওয়ার্ক ভিসার জন্য আবেদন করার পরিকল্পনা করেছিলেন তিনি। কিন্তু তাঁর দাবি অনুযায়ী, ভেনেজুয়েলার নাগরিক হওয়ার কারণে সেই প্রক্রিয়াও আটকে গেছে।
যুক্তরাষ্ট্র ছাড়ার দিনই মায়ামির কন্ডোমিনিয়াম ছেড়ে দেন তিনি। পরে তাঁর মা ও খালা সেখানে অবশিষ্ট জিনিসপত্র সংগ্রহ করতে গিয়ে দেখেন, বাসাটি চোরেরা খালি করে ফেলেছে। ঘটনাটিকে অভিবাসী জীবনের আরেকটি তিক্ত অভিজ্ঞতা হিসেবে বর্ণনা করেছেন ভেটেনকোর্ট।
তবে যুক্তরাষ্ট্রের প্রতি কোনো বিদ্বেষ নেই বলে জানিয়েছেন তিনি। দেশটিতে কাটানো সময়, অভিজ্ঞতা ও সুযোগের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে বলেছেন, আবারও একই পরিস্থিতিতে পড়লে তিনি একই সিদ্ধান্ত নিতেন।
ভেটেনকোর্ট স্বীকার করেন, ভেনেজুয়েলায় ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেওয়ার মতো আর্থিক সামর্থ্য অনেক অভিবাসীর নেই। তাঁর নিজের ব্যবসা যুক্তরাষ্ট্রভিত্তিক এবং অনলাইনে পরিচালিত হওয়ায় দেশে ফিরে আর্থিকভাবে টিকে থাকার সুযোগ রয়েছে। সাধারণ ভেনেজুয়েলানদের পরিস্থিতি তাঁর মতো নয়।
এ কারণে অন্য অভিবাসীদের কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের আর্থিক নিরাপত্তা, কাজের সুযোগ এবং ভবিষ্যৎ পরিকল্পনা বিবেচনা করার পরামর্শ দিয়েছেন তিনি।
ভেটেনকোর্টের ভাষায়, যুক্তরাষ্ট্রে বসবাসের অভিজ্ঞতা তাঁর জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়গুলোর একটি। এখন তিনি নতুন করে জীবন শুরু করতে চান। দীর্ঘ ১২ বছরের অপেক্ষা শেষে তাঁর সিদ্ধান্ত, আর কখনো যুক্তরাষ্ট্রে ফিরে যাবেন না।
সূত্র: মিয়ামি হেরাল্ড
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং ছুটির ভ্রমণের ব্যস্ততার মধ্যেই সিয়াটল-টাকোমা আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানে ওঠার সময় যাত্রীদের টেনেহিঁচড়ে গ্রেফতার করেছে মার্কিন অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থা (আইসিই)। গতকাল শনিবার (২১ নভেম্বর) সকাল ৮টা ১০ মিনিটে লস অ্যাঞ্জেলেসের উদ্দেশ্যে যাত্রা করার কথা থাকা ‘আলাস্কা এয়ারলাইন্স ফ্লাইট ১৩০৬’-এর বোর্ডিং চলাকালে জনাকীর্ণ জেট ব্রিজে এই নাটকীয় অভিযান চালানো হয়। আকস্মিক এই অভিযানের জেরে ফ্লাইটটি নির্ধারিত সময়ে ছাড়তে পারেনি এবং বিমানবন্দরে উপস্থিত সাধারণ যাত্রীদের মাঝে চরম আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে ধারণ করা ভিডিও ফুটেজে দেখা যায়, মুখোশ পরা এবং কোনো পরিচয়চিহ্নহীন জ্যাকেট ও খাকি প্যান্ট পরিহিত আইসিই কর্মকর্তারা অন্তত একজন নারীকে জেট ব্রিজের মেঝেতে চেপে ধরে আটক করার চেষ্টা করছেন। মাত্র কয়েক ফুট দূরে স্যুটকেস হাতে দাঁড়িয়ে থাকা হতভম্ব যাত্রীদের সামনে ওই নারী চিৎকার করে বলতে থাকেন যে তার বৈধ ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতিপত্র রয়েছে। তবুও কর্মকর্তারা বলপ্রয়োগ করে তাকে নিয়ন্ত্রণে নেন। অভিযানের বিষয়ে আইসিই কর্তৃপক্ষ জানিয়েছে, ভিসার মেয়াদ শেষ হওয়ার পরও অবৈধভাবে যুক্তরাষ্ট্রে অবস্থান করার অভিযোগে রিকার্ডো ল্যারোন্ডো মেন্ডোজা নামের এক মেক্সিকান নাগরিককে লক্ষ্য করে ওই অভিযান চালানো হয়েছিল। সংস্থাটির দাবি, অভিযানের সময় সোফিয়া হার্নান্দেজ মেজিয়া নামের অপর এক যাত্রী কর্মকর্তাদের লক্ষ্য করে গরম কফি ছুড়ে মারেন। আইসিই আরও জানায়, হার্নান্দেজ মেজিয়াও ভিসার মেয়াদোত্তীর্ণ হয়ে অবৈধভাবে দেশে অবস্থান করছিলেন এবং ফেডারেল কর্মকর্তার ওপর হামলার অভিযোগে তার বিরুদ্ধে মামলা হতে পারে। এদিকে এই ঘটনার পর গভীর উদ্বেগ প্রকাশ করেছে আলাস্কা এয়ারলাইন্স এবং বিমানবন্দর পরিচালনাকারী সংস্থা পোর্ট অব সিয়াটল। মার্কিন বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) দেওয়া এক বিবৃতিতে আলাস্কা এয়ারলাইন্স জানায়, এই অভিযানের বিষয়ে আইসিই তাদের আগে থেকে কোনো তথ্য দেয়নি। ঘটনাটি কর্মী ও যাত্রীদের জন্য অত্যন্ত পীড়াদায়ক ছিল উল্লেখ করে সংস্থাটি জানায়, যথাযথ নিয়ম অনুসরণ করা হয়েছে কি না তা খতিয়ে দেখতে তারা পোর্ট অব সিয়াটলের সঙ্গে কাজ করছে এবং সরাসরি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে উদ্বেগ জানিয়েছে। পোর্ট অব সিয়াটলও আটক পরিবার ও সহযাত্রীদের জন্য ঘটনাটিকে দুঃখজনক বলে অভিহিত করেছে এবং এ বিষয়ে বিস্তারিত জানতে ফেডারেল কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবে বলে জানিয়েছে। বিমানবন্দরের ভেতরে অভিবাসন সংস্থার এমন আগ্রাসী অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন ওয়াশিংটন অঙ্গরাজ্যের গভর্নর বব ফার্গুসন। কোনো কূটনৈতিক রাখঢাক না রেখেই তিনি ফেডারেল সংস্থাটির এই কৌশলকে ‘চরমভাবে আমেরিকান মূল্যবোধবিরোধী’ (ডিপলি আন-আমেরিকান) বলে আখ্যায়িত করেন এবং আইসিই সংস্থাটি বিলুপ্ত করার আহ্বান জানান।
সম্মেলন শেষে বিমানবন্দরে আইসিইর হাতে আটক প্রিন্সটনের পিএইচডি শিক্ষার্থী
ফ্লোরিডায় গাড়িচাপায় বৃদ্ধার মৃ ত্যু, অভিযুক্ত ভেনেজুয়েলান অভিবাসীর বিরুদ্ধে মা মলা হচ্ছে না
ব্রুকলিনের উডহাল হাসপাতালে স্পেশাল অফিসার নিয়োগ, শুরুতেই বেতন ৪০,৪৮০ ডলার
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টন থেকে ফ্লোরিডার টাম্পাগামী একটি যাত্রীবাহী বিমানে উড্ডয়নের আগে অদ্ভুত ঘটনা ঘটেছে। যাত্রীর সঙ্গে থাকা একটি পোষা বিড়াল খাঁচা থেকে বেরিয়ে বিমানের কেবিনে ঘোরাঘুরি শুরু করে। পরিস্থিতি সামাল দিতে রানওয়ের দিকে এগিয়ে যাওয়া বিমানটি থামাতে হয়। এতে প্রায় ১৫ মিনিট বিলম্ব হলেও শেষ পর্যন্ত নির্ধারিত সময়েই গন্তব্যে পৌঁছায় ফ্লাইটটি। শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় সকাল ৭টার দিকে বোস্টনের লোগান আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটনাটি ঘটে। ডেল্টা এয়ারলাইনসের ফ্লাইট ২৭০৬ বোস্টন থেকে টাম্পার উদ্দেশে যাত্রার প্রস্তুতি নিচ্ছিল। বিমানটি ট্যাক্সিওয়ে দিয়ে রানওয়ের দিকে এগিয়ে যাওয়ার সময় একটি পোষা বিড়াল তার বহনযোগ্য খাঁচা থেকে বেরিয়ে পড়ে। বিড়ালটি কেবিনে ঘোরাঘুরি শুরু করলে বিমানের কর্মীরা সেটিকে ধরার চেষ্টা করেন। এ সময় পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করে বিমানটি কিছুক্ষণের জন্য থামানোর অনুমতি চান। পাইলট জানান, বিমানের কেবিনে একটি পরিস্থিতি তৈরি হয়েছে। সেটি সামাল দিতে তাঁদের কিছু সময় প্রয়োজন। এয়ার ট্রাফিক কন্ট্রোল থেকে বিমানটিকে নিরাপদ স্থানে অপেক্ষা করার নির্দেশ দেওয়া হয়। এরপর কর্মীরা বিড়ালটিকে ধরে আবার খাঁচায় ঢোকান। পরিস্থিতি স্বাভাবিক হলে পাইলট এয়ার ট্রাফিক কন্ট্রোলকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানান। তিনি ব্যাখ্যা করেন, একটি বিড়াল খাঁচা থেকে বেরিয়ে কেবিনে ঘোরাঘুরি করছিল। ঘটনার কথা শুনে এয়ার ট্রাফিক কন্ট্রোলের কর্মকর্তা হাসতে হাসতে জানান, এমন পরিস্থিতি তাঁর কাছে নতুন। এরপর পাইলটকে শুভযাত্রা জানিয়ে মজা করে বিড়ালের ডাকের অনুকরণে ‘মিয়াও’ বলেন। পাইলট ও এয়ার ট্রাফিক কন্ট্রোলের এই কথোপকথনের অডিও সামাজিক যোগাযোগমাধ্যমেও ছড়িয়ে পড়ে। ডেল্টা এয়ারলাইনস জানিয়েছে, বিড়ালটিকে নিরাপদে খাঁচায় ফেরানোর পর বিমানটি আবার রানওয়ের দিকে এগিয়ে যায় এবং স্বাভাবিকভাবে উড্ডয়ন করে। ঘটনার কারণে উড্ডয়নে সাময়িক বিলম্ব হলেও ফ্লাইটটি নির্ধারিত সময়েই ফ্লোরিডার টাম্পা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। তবে বিড়ালটি কীভাবে খাঁচা থেকে বেরিয়ে পড়েছিল কিংবা সেটিকে ধরতে ঠিক কী ব্যবস্থা নেওয়া হয়েছিল, সে বিষয়ে বিস্তারিত জানায়নি বিমান সংস্থা। ডেল্টা এয়ারলাইনসের নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট শর্ত পূরণ করে যাত্রীরা ছোট আকারের বিড়াল ও কুকুর বিমানের কেবিনে নিতে পারেন। তবে পুরো যাত্রায় পোষা প্রাণীকে অনুমোদিত খাঁচার ভেতরে রাখতে হয়। বিমানবন্দরে চেকইন, বিমানে ওঠা এবং ফ্লাইট চলাকালেও এই নিয়ম অনুসরণ করতে হয়। পোষা প্রাণীর খাঁচাটি সাধারণত যাত্রীর সামনের আসনের নিচে রাখার উপযোগী হতে হবে। বিমান সংস্থাটি জানিয়েছে, যাত্রী ও পোষা প্রাণীর নিরাপত্তা নিশ্চিত করতেই এসব নিয়ম রয়েছে। বোস্টনের ঘটনাটিতে কোনো যাত্রী বা প্রাণীর আহত হওয়ার খবর পাওয়া যায়নি। সাময়িক এই বিপত্তি কাটিয়ে স্বাভাবিকভাবেই যাত্রা শেষ করেছে বিমানটি। সংবাদসূত্র ডব্লিউসিভিবি, ডেল্টা এয়ারলাইনস
উপস্থাপনার গণ্ডি পেরিয়ে মানবসেবায় অপরাহ উইনফ্রে, তাঁর বৃত্তিতে স্নাতক প্রায় ৮০০ শিক্ষার্থী
যুক্তরাষ্ট্রের হিউস্টনে চলন্ত গাড়ি থেকে পড়ে যায় শিশু , চালকের বিরুদ্ধে নেশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ
‘আল্লাহর নির্দেশে’ ২৮ বছর বয়সী তরুণীকে হ ত্যা, কারাগারে বসে দায় স্বীকার সাবেক এনওয়াইপিডি কর্মকর্তার
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় হাম শনাক্ত হওয়ার পর পাঁচ বছরের কম বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) ভার্জিনিয়ার স্বাস্থ্য বিভাগ জানায়, ২০২৬ সালে অঙ্গরাজ্যটিতে হামের সঙ্গে সংশ্লিষ্ট মৃত্যুর এটিই প্রথম ঘটনা। পরিবারের গোপনীয়তা রক্ষায় শিশুটির বিষয়ে আর কোনো তথ্য প্রকাশ করেনি স্বাস্থ্য বিভাগ। অ্যাসোসিয়েটেড প্রেসের (এপি) প্রতিবেদনে বলা হয়, চলতি বছর ভার্জিনিয়ায় ২২০ জনের হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের বেশির ভাগই অঙ্গরাজ্যের মধ্যাঞ্চলের বাসিন্দা। অধিকাংশ আক্রান্ত ব্যক্তি হামের টিকা নেননি। এপির হিসাবে, চলতি বছর যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্য হামের সঙ্গে সংশ্লিষ্ট অন্তত ১২টি মৃত্যুর কথা জানিয়েছে। যুক্তরাষ্ট্রের রোগনিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের (সিডিসি) হিসাবে, ১৯ নভেম্বর পর্যন্ত দেশজুড়ে ৫ হাজার ৮৩৮ জনের হাম শনাক্ত হয়েছে। এপি জানিয়েছে, ১৯৯১ সালের পর যুক্তরাষ্ট্রে এক বছরে এত বেশি রোগী শনাক্ত হয়নি। এর আগে ১৭ নভেম্বর প্যান আমেরিকান হেলথ অর্গানাইজেশন জানায়, সংক্রমণ আবার ছড়িয়ে পড়ায় যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও বলিভিয়া হাম নির্মূলের স্বীকৃতি হারিয়েছে। ভার্জিনিয়ার স্বাস্থ্য বিভাগ জানিয়েছে, হাম থেকে নিউমোনিয়া ও মস্তিষ্কে প্রদাহের মতো গুরুতর জটিলতা দেখা দিতে পারে। পাঁচ বছরের কম বয়সী শিশু, গর্ভবতী নারী এবং রোগ প্রতিরোধক্ষমতা কম এমন ব্যক্তিদের ঝুঁকি বেশি। হাম, মাম্পস ও রুবেলা প্রতিরোধের এমএমআর টিকার দুই ডোজ হাম ঠেকাতে প্রায় ৯৭ শতাংশ কার্যকর। জ্বরের সঙ্গে শরীরে ফুসকুড়ি দেখা দিলে চিকিৎসকের সঙ্গে যোগাযোগ করতে বলেছে স্বাস্থ্য বিভাগ। বিশেষ করে হামে আক্রান্ত কারও সংস্পর্শে এলে বা টিকা নেওয়া না থাকলে ক্লিনিক কিংবা হাসপাতালে যাওয়ার আগে ফোন করে জানাতে বলা হয়েছে, যাতে অন্যদের মধ্যে সংক্রমণ ঠেকাতে আগেই ব্যবস্থা নেওয়া যায়। সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস
যুক্তরাষ্ট্রের টেক্সাসে আইসিইর গুলিতে নিহত অভিবাসীর স্মরণে বিশেষ দিবস পালনের বিল প্রস্তাব
যুক্তরাষ্ট্রের মিশিগানে রোগীদের তথ্য চুরি করে প্রায় ১৭ লাখ ডলার প্রতারণা, নার্সের ৪ বছরের কারাদণ্ড

