১৩ বছরের অপেক্ষার অবসান: রেকর্ড গড়া ‘জিটিএ ৬’ নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়
দীর্ঘ ১৩ বছরের প্রতীক্ষা, রেকর্ড গড়া ট্রেলার এবং দফায় দফায় মুক্তি পেছানোর পর অবশেষে প্রকাশ্যে এসেছে ভিডিও গেম ইতিহাসের অন্যতম প্রতীক্ষিত গেম ‘গ্র্যান্ড থেফট অটো ৬’ (জিটিএ ৬)। গেমটি ঘিরে বিশ্বজুড়ে যে আকাশচুম্বী প্রত্যাশা তৈরি হয়েছিল, তা কতটুকু পূরণ করতে পেরেছে—সে প্রশ্নের জবাব দিয়েছেন গেম সমালোচকরা। আর প্রাথমিক পর্যালোচনা বলছে, রকস্টার গেমসের এই সৃষ্টি প্রত্যাশার পারদকে ছাড়িয়ে গেছে।
জনপ্রিয় রিভিউ সংকলক ওয়েবসাইট মেটাক্রিটিকে ১০০-এর মধ্যে গড়ে ৯৯ স্কোর অর্জন করেছে জিটিএ ৬। এর মধ্য দিয়ে গেমটি ১৯৯৮ সালে মুক্তি পাওয়া নিনটেনডোর কালজয়ী গেম ‘দ্য লিজেন্ড অব জেল্ডা: ওকারিনা অব টাইম’-এর দীর্ঘদিনের রেকর্ডে ভাগ বসিয়েছে।
যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম দ্য নিউ ইয়র্ক টাইমসের সমালোচক ইউসুফ কোল মনে করেন, আগের সংস্করণগুলোর মতো কেবল গাড়ি দুর্ঘটনা বা ছিনতাইয়ের উন্মাদনায় সীমাবদ্ধ না থেকে জিটিএ ৬ আরও পরিণত হয়েছে। এখানে প্রতিটি কাজেরই বাস্তবসম্মত ফলাফল রয়েছে। তবে বাস্তবতার এই বাড়াবাড়ি আগের পর্বগুলোর মজার বিশৃঙ্খলাকে কিছুটা ম্লান করে কি না, সে প্রশ্নও তুলেছেন তিনি। যদিও পুলিশের গাড়ি তাড়া করার মুহূর্তগুলো তার কাছে দারুণ উপভোগ্য লেগেছে।
গেমটির গ্রাফিক্স নিয়ে সবার সবচেয়ে বেশি আগ্রহ ছিল, যা সমালোচকদের মোটেও হতাশ করেনি। মায়ামি শহরের আদলে তৈরি কাল্পনিক শহর ‘লিওনিডা’-কে দ্য গার্ডিয়ান এতটাই জীবন্ত বলে বর্ণনা করেছে যে তা কখনো কখনো অবিশ্বাস্য মনে হয়। পাশাপাশি গেমের প্রধান দুই চরিত্র জেসন ও লুসিয়ার মধ্যকার রসায়নও সমালোচকদের মুগ্ধ করেছে। দ্য গার্ডিয়ানের কেজা ম্যাকডোনাল্ড লিখেছেন, চরিত্রগুলোকে পুতুলের বদলে রক্তমাংসের মানুষের মতোই মনে হয়, যাদের প্রতি মায়া জন্মানো অবধারিত। ফোর্বসের পল টাসির মতে, ভিডিও গেমের ইতিহাসে এর চেয়ে সেরা জুটি তিনি আগে দেখেননি।
ওয়াশিংটন পোস্ট জানিয়েছে, জিটিএ ৬ প্রতিটি স্তরে মানদণ্ডকে আরও উঁচুতে তুলেছে। অন্যদিকে ব্লুমবার্গের জেসন শ্রেয়ার একে সরাসরি ‘মাস্টারপিস’ আখ্যা দিয়ে লিখেছেন, রকস্টার যা তৈরি করেছে তা বিস্ময়কর এবং এর তুলনা কেবল এটি নিজেই। গেমটি খেলার সময় অনেকবারই তার মনে হয়েছে, এমন কিছু তৈরি করা আদৌ কীভাবে সম্ভব!
রকস্টার গেমস আনুষ্ঠানিকভাবে গেমটি নির্মাণের ব্যয় প্রকাশ না করলেও ধারণা করা হচ্ছে, এতে ১০০ কোটি ডলারের (৭৬ কোটি পাউন্ড) বেশি খরচ হয়েছে।
মঙ্গলবার ঘোষিত গেম দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘দ্য গেম অ্যাওয়ার্ডস ২০২৬’-এর মনোনয়নেও জিটিএ ৬-এর দাপট দেখা গেছে। গেম অব দ্য ইয়ার এবং সেরা সংগীতসহ মোট আটটি বিভাগে মনোনয়ন পেয়েছে গেমটি। সেরা পারফরম্যান্স বিভাগে অভিনেত্রী মান্নি এল পেরেজের মনোনয়ন পাওয়ার মধ্য দিয়ে নিশ্চিত হয়েছে যে, তিনিই মূল চরিত্র লুসিয়ার কণ্ঠ ও অভিনয়ে ছিলেন—যা রকস্টার আগে প্রকাশ করেনি।
তবে তুমুল এই প্রশংসার বিপরীতে অনলাইন ফোরামগুলোতে ভিন্নমতও দেখা গেছে। কেউ কেউ একে ‘অতিরিক্ত ভক্তসুলভ মাতামাতি’ বলে সমালোচনা করেছেন। মুক্তি পাওয়ার পরপরই কীভাবে একটি গেম এত ইতিবাচক রিভিউ ও পুরস্কারের মনোনয়ন পেল, তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। এক ব্যবহারকারী বিরক্তি প্রকাশ করে লিখেছেন, গেমটি নিয়ে অতিরিক্ত আলোচনা শুনতে শুনতে তিনি ক্লান্ত এবং এটি খেলার আগ্রহই হারিয়ে ফেলেছেন। যদিও সমালোচক ও গেমারদের বিশাল উন্মাদনার বিপরীতে এই সংখ্যাটি অত্যন্ত নগণ্য বলেই মনে করা হচ্ছে।
সূত্র: বিবিসি নিউজ
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
তথ্যপ্রযুক্তি
View moreদৈনন্দিন কেনাকাটা ও টিকিট বুকিংয়ের মতো কাজ করে দেওয়ার সেবা তৈরি করে যুক্তরাষ্ট্রের প্রযুক্তি স্টার্টআপ ইনস্টিংক্টের মূল্যায়ন দাঁড়িয়েছে ১ হাজার কোটি ডলার। গত ২৮ সেপ্টেম্বর প্রতিষ্ঠানটি নতুন দফায় ১০০ কোটি ডলার বিনিয়োগ পাওয়ার কথা জানায়। এতে এক মাসের ব্যবধানে এর মূল্যায়ন চার গুণ হয়। বিনিয়োগ ঘোষণার সময় প্রতিষ্ঠানটিতে কর্মী ছিলেন ১৪ জন বলে জানিয়েছে মার্কেটওয়াচ। প্রতিষ্ঠাতা নোয়া শিন ২০২৩ সালে যুক্তরাষ্ট্রের নর্থইস্টার্ন ইউনিভার্সিটির পড়াশোনা ছেড়ে দেন। পরে গ্রাহকসেবার প্রযুক্তি নিয়ে কাজ করা প্রতিষ্ঠান সিয়েরায় গবেষক হিসেবে কাজ করেন। ২০২৫ সালে তিনি ইনস্টিংক্ট প্রতিষ্ঠা করেন। সেপ্টেম্বরে বিনিয়োগ ঘোষণার সময় তাঁর বয়স ছিল ২৩ বছর। ইনস্টিংক্ট ব্যবহার করতে আলাদা অ্যাপ ডাউনলোডের প্রয়োজন হয় না। টেক্সট মেসেজ পাঠিয়ে বা ফোন করে ব্যবহারকারীরা ভ্রমণের বুকিং, মুদি পণ্য কেনা, টিকিট কাটা কিংবা সাবস্ক্রিপশন বাতিলের অনুরোধ করতে পারেন। প্রয়োজনে ব্যবহারকারীর হয়ে কোনো ব্যবসাপ্রতিষ্ঠানে ফোন করেও বুকিং দিতে পারে সেবাটি। পরীক্ষামূলক পর্যায়ে সেবাটি ব্যবহারের জন্য আমন্ত্রণ বা অপেক্ষমাণ তালিকা থেকে অনুমোদন প্রয়োজন। এর আগে আগস্টে ২৫ কোটি ডলার বিনিয়োগ পেয়ে ইনস্টিংক্টের মূল্যায়ন দাঁড়িয়েছিল ২৫০ কোটি ডলারে। রয়টার্স জানিয়েছে, সেপ্টেম্বরের বিনিয়োগে অংশ নেয় সিকোয়া ক্যাপিটাল, বেঞ্চমার্ক ও কোয়াটু। সেপ্টেম্বরের শেষ দিকে ‘ইনভেস্ট লাইক দ্য বেস্ট’ পডকাস্টে শিন বলেন, ইনস্টিংক্টের মাধ্যমে হওয়া লেনদেনের বার্ষিক হার ১০০ কোটি ডলারের কাছাকাছি পৌঁছেছে। এই হিসাবে সেবাটির মাধ্যমে ব্যবহারকারীদের করা লেনদেনের মোট অঙ্ক ধরা হয়েছে। ওই সাক্ষাৎকারে শিন আরও বলেন, তখন পর্যন্ত বিপণনে কোনো অর্থ ব্যয় করেনি প্রতিষ্ঠানটি। সংবাদসূত্র: Reuters
মহাকাশে এই প্রথম নভোচারীর সাহায্য ছাড়াই নিজের অংশ নিজেই তৈরি করল রোবট
১.৫ ট্রিলিয়ন ডলারের বাজারমূল্য, এআই দুনিয়ায় নতুন ইতিহাস গড়লো অ্যানথ্রপিক
১৩ বছরের অপেক্ষার অবসান: রেকর্ড গড়া ‘জিটিএ ৬’ নিয়ে বিশ্বজুড়ে তোলপাড়
চুল পড়া ও টাকের চিকিৎসায় নতুন সম্ভাবনার কথা সামনে এনেছেন চীনের একদল বিজ্ঞানী। তাঁরা তৈরি করেছেন বিশেষ ধরনের বৈদ্যুতিক চিরুনি, যার নাম ‘ডিট্যাঙ্গল’। পরীক্ষাগারে ইঁদুরের ওপর এটি ব্যবহার করে প্রায় ১০০ শতাংশ পর্যন্ত চুল ফিরে পাওয়ার ফল পেয়েছেন গবেষকেরা। প্রচলিত চুল গজানোর ওষুধ মিনোক্সিডিলের তুলনায়ও ভালো ফল দেখিয়েছে নতুন এই প্রযুক্তি। তবে এখনো মানুষের ওপর এর কার্যকারিতা পরীক্ষা করা হয়নি। বেইজিংয়ের বেইহাং বিশ্ববিদ্যালয়ের গবেষকদের নেতৃত্বে তৈরি এই প্রযুক্তি নিয়ে গবেষণাপত্র প্রকাশিত হয়েছে বিজ্ঞান সাময়িকী ‘নেচার কমিউনিকেশনস’-এ। গত ৩ নভেম্বর প্রকাশিত গবেষণাটিতে বলা হয়েছে, চিরুনিটির দাঁতের মধ্যে বিশেষ ইলেকট্রোড ও ওষুধ বহনের ব্যবস্থা রয়েছে। মাথার ত্বকে চিরুনিটি চালালে অল্পমাত্রার বৈদ্যুতিক উদ্দীপনা তৈরি হয়। একই সঙ্গে এর বিশেষ দাঁত ত্বককে সামান্য উত্তোলন করে, ফলে বিদ্যুৎক্ষেত্র চুলের গোড়ার গভীর পর্যন্ত পৌঁছাতে পারে। গবেষকদের দাবি, প্রচলিত বাহ্যিক প্রয়োগের তুলনায় এই পদ্ধতিতে চুলের ফলিকলে প্রায় নয় গুণ গভীর পর্যন্ত প্রভাব পৌঁছানো সম্ভব। ডিট্যাঙ্গল প্রযুক্তিতে দুটি বিশেষ জৈব উপাদান ব্যবহার করা হয়েছে। এর একটি চুলের গোড়ার আশপাশে নতুন রক্তনালি তৈরিতে সহায়তা করে, যাতে ফলিকলে রক্ত ও পুষ্টি সরবরাহ বাড়ে। অন্য উপাদানটি চুলের গোড়া সংকুচিত করে এমন একটি হরমোনের উৎপাদন কমাতে কাজ করে। পুরুষদের বংশগত টাক পড়ার ক্ষেত্রে ডাইহাইড্রোটেস্টোস্টেরন নামের এই হরমোন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বৈদ্যুতিক উদ্দীপনা ও এই দুই উপাদানের সম্মিলিত প্রয়োগের মাধ্যমে চুলের বৃদ্ধিকে ত্বরান্বিত করার লক্ষ্য নিয়েছেন গবেষকেরা। পরীক্ষার জন্য ইঁদুরের শরীরে কৃত্রিমভাবে বংশগত টাক পড়ার মতো অবস্থা তৈরি করা হয়েছিল। এরপর তাদের শরীরের কামানো অংশে প্রতি তিন দিন পরপর ডিট্যাঙ্গল ব্যবহার করা হয়। এভাবে টানা ২৮ দিন পরীক্ষা চালানো হয়। ফলাফলে দেখা যায়, নতুন প্রযুক্তি ব্যবহার করা ইঁদুরের কামানো ত্বকের প্রায় ১০০ শতাংশ এলাকায় চুল ফিরে এসেছে। অন্যদিকে, প্রচলিত মিনোক্সিডিল ব্যবহার করা ইঁদুরের ক্ষেত্রে চুল ফিরে আসার হার ছিল প্রায় ৭০ শতাংশ। ফিনাস্টেরাইডের তুলনায়ও ভালো ফল পাওয়া গেছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। বর্তমানে চুল পড়া ও বংশগত টাকের চিকিৎসায় মিনোক্সিডিল, ফিনাস্টেরাইড এবং চুল প্রতিস্থাপনের মতো পদ্ধতি ব্যবহার করা হয়। তবে এসব চিকিৎসার কার্যকারিতা ব্যক্তিভেদে ভিন্ন হতে পারে। কোনো কোনো ক্ষেত্রে পার্শ্বপ্রতিক্রিয়া, দীর্ঘদিন ওষুধ ব্যবহারের প্রয়োজন কিংবা চিকিৎসার উচ্চ ব্যয়ও বিবেচনায় নিতে হয়। এ অবস্থায় নতুন প্রযুক্তিটি গবেষকদের সামনে বিকল্প চিকিৎসাপদ্ধতি তৈরির সম্ভাবনা তৈরি করেছে। তবে গবেষণার ফলাফলকে এখনই মানুষের টাক দূর করার নিশ্চিত সমাধান হিসেবে দেখার সুযোগ নেই। ডিট্যাঙ্গল এখন পর্যন্ত শুধু ইঁদুরের ওপর পরীক্ষা করা হয়েছে। মানুষের ক্ষেত্রে এটি কতটা কার্যকর ও নিরাপদ হবে, তা জানতে আরও গবেষণা এবং পরবর্তী সময়ে নিয়ন্ত্রিত চিকিৎসা পরীক্ষা প্রয়োজন। ফলে বাজারে ব্যবহারের উপযোগী চিকিৎসা হিসেবে প্রযুক্তিটি আসতে আরও সময় লাগতে পারে। সূত্র: নেচার কমিউনিকেশনস, মেডিকেল এক্সপ্রেস, দ্য ইন্ডিপেনডেন্ট।
ডেলিভারিম্যান নয়, আকাশপথে খাবার নিয়ে আসবে ড্রোন, উবার ইটসের নতুন চমক
বৃহস্পতিবার মুক্তি পাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘জিটিএ-৬’, মুক্তির আগেই প্রি-অর্ডার থেকে আয় ১.১৮ বিলিয়ন ডলার
২২ ঘণ্টা মহাকাশে ঘুরে পৃথিবীতে ফিরল স্টারশিপ, যান্ত্রিক বাহুতে ধরল রকেটকে; জড়িয়ে ধরলেন ইলন মাস্ক!
যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা ও বাণিজ্যিক স্যাটেলাইট উৎক্ষেপণ কর্মসূচিতে বড় ধরনের বিপর্যয় ঘটেছে। অ্যামাজনের ৪০টি ইন্টারনেট স্যাটেলাইট নিয়ে মহাকাশে যাত্রা করা ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের ভলকান রকেট উৎক্ষেপণের প্রায় ১০ মিনিটের মাথায় যান্ত্রিক সমস্যার মুখে পড়ে। ফলে নির্ধারিত কক্ষপথে স্যাটেলাইটগুলো পৌঁছাতে পারেনি। ১৫ নভেম্বর যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার কেপ ক্যানাভেরাল মহাকাশঘাঁটি থেকে রকেটটি উৎক্ষেপণ করা হয়। স্থানীয় সময় দুপুর ১২টা ৪০ মিনিটে মহাকাশের উদ্দেশে যাত্রা শুরু করে প্রায় ২১৪ ফুট উচ্চতার রকেটটি। কিন্তু উড্ডয়নের কিছুক্ষণ পরই এতে অস্বাভাবিক পরিস্থিতি তৈরি হয়। উৎক্ষেপণের প্রায় ৫০ মিনিট পর পাওয়া উড্ডয়নসংক্রান্ত তথ্য বিশ্লেষণ করে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স জানায়, রকেটটি নির্ধারিত কক্ষপথে অ্যামাজনের স্যাটেলাইট পৌঁছে দিতে ব্যর্থ হয়েছে। রকেটটির প্রথম পর্যায়ে ছয়টি শক্তিশালী কঠিন জ্বালানিচালিত সহায়ক ইঞ্জিন ব্যবহার করা হয়েছিল। উৎক্ষেপণের প্রায় এক মিনিট ৪০ সেকেন্ড পর এগুলো মূল রকেট থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এরপর মূল ইঞ্জিনের মাধ্যমে উড্ডয়ন অব্যাহত থাকে। পরবর্তী সময়ে রকেটের প্রথম ধাপ থেকে সেন্টর-৫ নামের ওপরের ধাপটি আলাদা হওয়ার পর সেখানে সমস্যা দেখা দিয়েছে বলে প্রাথমিক পর্যবেক্ষণে ধারণা করা হচ্ছে। তবে ঠিক কোন যন্ত্রাংশের ত্রুটিতে অভিযান ব্যর্থ হয়েছে, তা এখনো নিশ্চিত করা হয়নি। ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স জানিয়েছে, তারা অ্যামাজন এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সঙ্গে যৌথভাবে ঘটনার কারণ অনুসন্ধান করবে। তদন্তের ফলাফলের ভিত্তিতে প্রয়োজনীয় সংশোধন করে ভবিষ্যৎ উৎক্ষেপণের প্রস্তুতি নেওয়া হবে। হারিয়ে যাওয়া ৪০টি স্যাটেলাইট ছিল অ্যামাজনের লিও নামের মহাকাশভিত্তিক ইন্টারনেট প্রকল্পের অংশ। প্রকল্পটির আগের নাম ছিল প্রজেক্ট কুইপার। পৃথিবীর নিম্ন কক্ষপথে তিন হাজার ২০০টির বেশি স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনা রয়েছে প্রতিষ্ঠানটির। এই নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের বিভিন্ন অঞ্চলে উচ্চগতির ইন্টারনেট সেবা দেওয়ার লক্ষ্য নির্ধারণ করেছে অ্যামাজন। বিশেষ করে প্রত্যন্ত অঞ্চল, দুর্গম এলাকা এবং প্রচলিত ব্রডব্যান্ড সংযোগের বাইরে থাকা মানুষের কাছে ইন্টারনেট পৌঁছে দিতে চায় প্রতিষ্ঠানটি। এই প্রকল্পের মাধ্যমে ইলন মাস্কের পরিচালিত স্টারলিংক ইন্টারনেট সেবার সঙ্গে প্রতিযোগিতায় নামতে চায় অ্যামাজন। ইতোমধ্যে বিভিন্ন রকেটের মাধ্যমে কয়েক শ স্যাটেলাইট মহাকাশে পাঠিয়েছে প্রতিষ্ঠানটি। নতুন ৪০টি স্যাটেলাইট যুক্ত হলে প্রকল্পটির অগ্রগতি আরও বাড়ত। কিন্তু এই ব্যর্থতার কারণে স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনায় নতুন করে সময় ও অর্থ ব্যয়ের আশঙ্কা তৈরি হয়েছে। ২০০৬ সালে বোয়িং ও লকহিড মার্টিনের যৌথ উদ্যোগে প্রতিষ্ঠিত হয় ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্স। প্রতিষ্ঠানটির ভলকান রকেট এর আগে চারটি অভিযান সম্পন্ন করেছিল। আগের কয়েকটি অভিযানে রকেটের সহায়ক ইঞ্জিনের অগ্রভাগে সমস্যার বিষয় সামনে এসেছিল। এসব ত্রুটি সমাধানে দীর্ঘ সময় কাজ করার পর প্রায় নয় মাস বিরতি দিয়ে ১৫ নভেম্বর আবারও রকেটটি উৎক্ষেপণ করা হয়। কিন্তু প্রত্যাবর্তনের এই অভিযানেই নতুন বিপর্যয়ের মুখে পড়ল রকেটটি। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থার প্রশাসক জ্যারেড আইজ্যাকম্যান তদন্ত ও প্রয়োজনীয় সংশোধনমূলক কার্যক্রমে সহযোগিতার প্রস্তাব দিয়েছেন।এই ব্যর্থতার কারণে ইউনাইটেড লঞ্চ অ্যালায়েন্সের পরবর্তী রকেট উৎক্ষেপণ এবং অ্যামাজনের স্যাটেলাইট স্থাপনের পরিকল্পনায় বিলম্ব হতে পারে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পরবর্তী উৎক্ষেপণের সময়সূচি নিয়েও অনিশ্চয়তা থাকবে। সূত্র: রয়টার্স, সিবিএস নিউজ, স্পেসফ্লাইট নাউ, ইউপিআই ও স্পেস ডটকম।
পদত্যাগের কয়েক দিন পরই এনভিডিয়ায় ফেরার পরিকল্পনা জেনসেন হুয়াংয়ের, সমর্থনে ইলন মাস্ক
মহাকাশে পৌঁছাল স্পেসএক্সের স্টারশিপ, ফেরার পথে বিস্ফোরিত সুপার হেভি রকেট

