সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
বিশ্ব

নাসার ইন্টার্নশিপের তৃতীয় দিনেই ১৭ বছরের কিশোরের গ্রহ আবিষ্কার

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ২৫, ২০২৬ ৩:২৯
নাসার ইন্টার্নশিপের তৃতীয় দিনেই ১৭ বছরের কিশোরের গ্রহ আবিষ্কার
নাসার ইন্টার্নশিপের তৃতীয় দিনেই ১৭ বছরের কিশোরের গ্রহ আবিষ্কার

নাসায় ইন্টার্নশিপ শুরুর মাত্র তিন দিনের মাথায় নতুন একটি গ্রহ শনাক্ত করে আলোচনায় আসেন ১৭ বছর বয়সী উলফ কুকিয়ার। ২০১৯ সালে নিউইয়র্কের স্কারসডেল হাইস্কুলের শিক্ষার্থী কুকিয়ার গডার্ড স্পেস ফ্লাইট সেন্টারে গ্রীষ্মকালীন ইন্টার্ন হিসেবে কাজ করার সময় নাসার টিইএসএস মহাকাশ টেলিস্কোপের তথ্য বিশ্লেষণ করছিলেন। সেখানেই ধরা পড়ে পৃথিবী থেকে প্রায় ১ হাজার ৩০০ আলোকবর্ষ দূরের এক অদ্ভুত গ্রহের সংকেত। 

 

কুকিয়ারের কাজ ছিল এমন নক্ষত্রের তথ্য খতিয়ে দেখা, যেগুলো পরস্পরকে প্রদক্ষিণ করতে গিয়ে নির্দিষ্ট সময় পর পর একে অপরের আলো আড়াল করে। এমন একটি নক্ষত্রজোড়ার তথ্য বিশ্লেষণের সময় তিনি উজ্জ্বলতায় অস্বাভাবিক হ্রাস দেখতে পান। প্রথমে তার ধারণা হয়েছিল, একটি নক্ষত্র অন্যটির সামনে চলে যাওয়ায় এই পরিবর্তন ঘটেছে। কিন্তু সংকেতটির সময়ের হিসাব সেই ব্যাখ্যার সঙ্গে মিলছিল না।

 

আরও বিশ্লেষণের পর দেখা যায়, সেটি কোনো নক্ষত্রের গ্রহণ নয়। বরং নক্ষত্র দুটির চারপাশে একটি গ্রহ ঘুরছে। গ্রহটির নাম দেওয়া হয় টিওআই ১৩৩৮ বি।

 

এই আবিষ্কারটি বিশেষ গুরুত্বপূর্ণ ছিল, কারণ এটি নাসার টিইএসএস মিশনে শনাক্ত হওয়া প্রথম সার্কামবাইনারি গ্রহ। অর্থাৎ গ্রহটি একটি নয়, দুটি নক্ষত্রকে কেন্দ্র করে ঘুরছে। এমন গ্রহকে অনেক সময় ‘দুই সূর্যের গ্রহ’ হিসেবেও বর্ণনা করা হয়। 

 

টিওআই ১৩৩৮ বি পৃথিবীর তুলনায় প্রায় ৬ দশমিক ৯ গুণ বড়। আকারের দিক থেকে এটি নেপচুন ও শনির মাঝামাঝি। গ্রহটি পিক্টর নক্ষত্রমণ্ডলের একটি নক্ষত্রজোড়া থেকে প্রায় ১ হাজার ৩০০ আলোকবর্ষ দূরে অবস্থিত। ওই দুই নক্ষত্র একে অপরকে প্রায় ১৫ দিনে একবার প্রদক্ষিণ করে, আর গ্রহটি তাদের চারপাশে একবার ঘুরতে প্রায় ৯৫ দিন সময় নেয়। 

 

টিইএসএস গ্রহটির গতিবিধি শনাক্ত করতে পেরেছিল যখন এটি বড় নক্ষত্রটির সামনে দিয়ে অতিক্রম করছিল। এই সময় নক্ষত্রটির আলো সামান্য কমে যায়। এমন আলোর পরিবর্তন বিশ্লেষণ করেই দূরের গ্রহ শনাক্ত করার একটি গুরুত্বপূর্ণ পদ্ধতি ব্যবহার করেন জ্যোতির্বিজ্ঞানীরা। 

 

নাসার তথ্য অনুযায়ী, টিওআই ১৩৩৮ বি সম্ভবত একটি গ্যাসীয় গ্রহ। এটি বসবাসযোগ্য হওয়ার সম্ভাবনাও কম বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। তবে দুটি নক্ষত্রকে প্রদক্ষিণকারী সব গ্রহ যে প্রাণের জন্য অনুপযোগী হবে, এমন নয়। সঠিক দূরত্ব ও পরিবেশ থাকলে এ ধরনের কিছু গ্রহে বাসযোগ্য পরিস্থিতি তৈরি হতে পারে। 

 

কুকিয়ারের আবিষ্কার পরে বৈজ্ঞানিক গবেষণার অংশ হয় এবং তিনি ওই গ্রহ নিয়ে প্রকাশিত গবেষণাপত্রের সহলেখকও হন। নাসার প্রকাশিত তথ্য অনুযায়ী, মাত্র তিন দিনের ইন্টার্নশিপেই পাওয়া ওই সংকেত শেষ পর্যন্ত টিইএসএস মিশনের একটি উল্লেখযোগ্য আবিষ্কারে পরিণত হয়। 

 

সাধারণত ইন্টার্নশিপের প্রথম কয়েক দিন নতুন পরিবেশ ও কাজের সঙ্গে মানিয়ে নিতেই কেটে যায়। আর উলফ কুকিয়ারের ক্ষেত্রে সেই সময়টুকুই যথেষ্ট হয়েছিল মহাকাশের ১ হাজার ৩০০ আলোকবর্ষ দূরের একটি নতুন পৃথিবীর সন্ধান পাওয়ার জন্য।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

বিশ্ব

View more
চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনে প্রথম বিদেশি নভোচারী হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন পাকিস্তানের জিশান আলী। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
মহাকাশে প্রথম নভোচারী পাঠাচ্ছে পাকিস্তান, ইতিহাস গড়তে যাচ্ছেন জিশান আলী

মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন অধ্যায়ের সূচনা করতে যাচ্ছে পাকিস্তান। দেশটির প্রথম নভোচারী হিসেবে আগামীকাল বুধবার, ২৫ নভেম্বর চীনের তিয়াংগং মহাকাশ স্টেশনের উদ্দেশে যাত্রা করছেন পাকিস্তান বিমানবাহিনীর উইং কমান্ডার মুহাম্মদ জিশান আলী। শেনঝৌ-২৪ মহাকাশযানে চীনের দুই নভোচারীর সঙ্গে মহাকাশে পাড়ি দেবেন ৪০ বছর বয়সী এই কর্মকর্তা। মঙ্গলবার চীনের মানববাহী মহাকাশ সংস্থা সিএমএসএ এক সংবাদ সম্মেলনে এই ঐতিহাসিক অভিযানের বিস্তারিত ঘোষণা করেছে বলে জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম জিও নিউজ ও চীনের বার্তা সংস্থা সিনহুয়া। ঘোষিত সূচি অনুযায়ী, বুধবার স্থানীয় সময় সকাল ৮টা ১৮ মিনিটে অর্থাৎ পাকিস্তান সময় ভোর ৫টা ১৮ মিনিটে চীনের উত্তর-পশ্চিমাঞ্চলীয় জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে লং মার্চ-২এফ রকেটের মাধ্যমে মহাকাশযানটি উৎক্ষেপণ করা হবে। এর মধ্য দিয়ে মহাকাশে যাওয়া প্রথম পাকিস্তানি নাগরিক এবং চীনের তিয়াংগং স্টেশনে পা রাখা প্রথম বিদেশি নভোচারী হিসেবে ইতিহাস গড়তে যাচ্ছেন জিশান আলী।   তিন সদস্যের এই মহাকাশ অভিযানের নেতৃত্ব দেবেন অভিজ্ঞ চীনা নভোচারী তাং হংবো, ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে থাকবেন উ ই এবং পে-লোড বিশেষজ্ঞের দায়িত্ব পালন করবেন মুহাম্মদ জিশান আলী। এর আগে শেনঝৌ-১২ এবং শেনঝৌ-১৭ অভিযানে অংশ নেওয়া তাং হংবো এবার তৃতীয়বারের মতো তিয়াংগং মহাকাশ স্টেশনে গিয়ে প্রথম নভোচারী হিসেবে নতুন রেকর্ড গড়তে যাচ্ছেন। অন্যদিকে চীনের তৃতীয় দফার নভোচারী দলের সদস্য উ ই এবং পাকিস্তানের জিশান আলী উভয়েই এবার প্রথমবারের মতো মহাকাশ ভ্রমণ করছেন। পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা স্পেস অ্যান্ড আপার অ্যাটমোস্ফিয়ার রিসার্চ কমিশন বা সুপারকো জানিয়েছে, জিশান আলীর এই অভিযান হবে স্বল্পমেয়াদি এবং তিনি প্রায় এক সপ্তাহ মহাকাশ স্টেশনে অবস্থান করবেন। নির্ধারিত গবেষণা শেষে শেনঝৌ-২৩ মহাকাশযানে করে পৃথিবীতে ফিরে আসবেন তিনি। এদিকে এই অভিযানের মধ্য দিয়ে মহাকাশ স্টেশনে দায়িত্ব পালনের সূচিতেও পরিবর্তন আসছে, যেখানে বিদায়ী শেনঝৌ-২৩ দলের সদস্য ঝু ইয়াংঝু প্রথম চীনা নভোচারী হিসেবে এক বছর মহাকাশে অবস্থানের পরীক্ষায় অংশ নিতে তিয়াংগংয়ে থেকে যাবেন।   মহাকাশ স্টেশনে অবস্থানকালে নিয়মিত ক্রুদের দৈনন্দিন কার্যক্রমে যুক্ত থাকার পাশাপাশি চীন ও পাকিস্তানের যৌথ উদ্যোগে নির্ধারিত কয়েকটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক গবেষণা পরিচালনা করবেন জিশান আলী। সিএমএসএর মুখপাত্র ঝাং জিংবো সংবাদ সম্মেলনে জানান, গবেষণার নমুনা ও প্রয়োজনীয় সরঞ্জাম স্থাপন এবং কক্ষপথে নির্ধারিত পরীক্ষা-নিরীক্ষা সম্পন্ন করাই হবে তার মূল কাজ। এই অভিযানের আওতায় পাকিস্তানের চারটি জীবপ্রযুক্তি ও পদার্থবিষয়ক বৈজ্ঞানিক পরীক্ষা চালানো হবে। এর আগে পাকিস্তানের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে সুপারকোর কাছে জমা পড়া তিন শতাধিক গবেষণা প্রস্তাবের মধ্য থেকে যাচাই-বাছাই করে চীনা প্রতিষ্ঠানগুলো এই চারটি পরীক্ষা চূড়ান্ত করেছে। সুপারকোর কর্মকর্তারা আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছেন, এই গবেষণাগুলোর মূল লক্ষ্য খাদ্যনিরাপত্তা ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় নতুন বৈজ্ঞানিক তথ্য উদ্ঘাটন করা।   যৌথ এই মহাকাশযাত্রাকে শতভাগ নিরাপদ ও সফল করতে গত কয়েক মাস ধরে বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করেছিল চীনা কর্তৃপক্ষ। প্রস্তুতির অংশ হিসেবে জিশান আলীকে মহাকাশযান ও স্টেশন পরিচালনা, বৈজ্ঞানিক পরীক্ষার কৌশল এবং জরুরি পরিস্থিতি মোকাবিলার ওপর নিবিড় প্রশিক্ষণ দেওয়া হয়েছে। পাশাপাশি তিন নভোচারী পারস্পরিক সমন্বয়, দায়িত্ব হস্তান্তর ও যান্ত্রিক ত্রুটি সামাল দেওয়ার বিষয়ে একাধিক যৌথ মহড়া সম্পন্ন করেছেন। অভিযানে নির্বিঘ্ন যোগাযোগ বজায় রাখতে জিশান আলীকে চীনা ভাষার গুরুত্বপূর্ণ নির্দেশনা ও কারিগরি পরিভাষা শেখানো হয়েছে। এ ছাড়া তার ভাষাগত ও ধর্মীয় চাহিদার কথা বিবেচনা করে চীনের নভোচারী প্রশিক্ষণ কেন্দ্র চীনা ও ইংরেজি দুই ভাষায় পরিচালনা নির্দেশিকা তৈরি করেছে এবং মহাকাশে তার জন্য বিশেষ হালাল খাবারের ব্যবস্থাও রাখা হয়েছে।   চীনের মানববাহী মহাকাশ কর্মসূচির ইতিহাসে এই প্রথম কোনো অভিযানে চীনা ও বিদেশি নভোচারীরা একসঙ্গে যাত্রা করছেন, যার মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ সহযোগিতায় তিয়াংগং স্টেশন নতুন মাইলফলক স্পর্শ করতে যাচ্ছে। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে চীনের মহাকাশ স্টেশনের অভিযানে পাকিস্তানি নভোচারী বাছাই ও প্রশিক্ষণের বিষয়ে দুই দেশের মধ্যে আনুষ্ঠানিক চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। তিন দফা কঠোর মূল্যায়ন শেষে জিশান আলী ও খুররম দাউদকে প্রার্থী হিসেবে মনোনীত করে চীনে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়, যেখানে চূড়ান্ত অভিযানে জিশান আলী এবং তার বিকল্প হিসেবে খুররম দাউদকে রাখা হয়েছে। এরই মধ্যে গত ১৭ নভেম্বর শেনঝৌ-২৪ মহাকাশযান ও লং মার্চ-২এফ রকেট উৎক্ষেপণ মঞ্চে স্থাপন করা হয়েছে এবং ২১ নভেম্বর চূড়ান্ত পূর্ণাঙ্গ মহড়া সফলভাবে শেষ হয়েছে। মঙ্গলবারের ব্রিফিংয়ে চীনা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে মহাকাশযান, রকেট ও স্টেশন কমপ্লেক্স পুরোপুরি স্বাভাবিক রয়েছে এবং নভোচারীরা সুস্থ আছেন। সংশ্লিষ্টদের আশা, এই ঐতিহাসিক যাত্রা আগামী দিনে স্যাটেলাইট উন্নয়নসহ মহাকাশপ্রযুক্তিতে চীন ও পাকিস্তানের অংশীদারত্বকে আরও উচ্চতায় নিয়ে যাবে।   সূত্র: জিও নিউজ, সিনহুয়া

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ২৩:১০
পর্তুগালে স্থায়ী বসবাসের অনুমতির অ্যাপয়েন্টমেন্ট নিতে নতুন অনলাইন ফরম চালু করেছে দেশটির অভিবাসন সংস্থা আইমা। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

পর্তুগালে স্থায়ী বসবাসের অ্যাপয়েন্টমেন্ট নিতে নতুন অনলাইন ফরম চালু

ফিলিস্তিনকে স্বাধীন ও সার্বভৌম রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতির ঘোষণা দিয়েছেন অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে আনুষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে অস্ট্রেলিয়া

কয়েক দশকের বৈরী পদক্ষেপের দায়ে যুক্তরাষ্ট্রকে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে ইরানের আদালত। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

যুক্তরাষ্ট্রকে ২৯০ বিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ইরানের আদালতের

ইউটিউবে আলোচিত ভার্চুয়াল কনসার্টে গান পরিবেশনের দৃশ্যে ইরানি কণ্ঠশিল্পী পারাস্তু আহমাদি। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
হিজাব ছাড়া গান গাওয়ার ঘটনায় ইরানি গায়িকা পারাস্তু আহমাদির ৭৪ দোররার সাজা কার্যকর

ইরানে বাধ্যতামূলক হিজাব না পরে গান পরিবেশন করে অনলাইনে ভিডিও প্রকাশের ঘটনায় জনপ্রিয় সংগীতশিল্পী পারাস্তু আহমাদিকে ৭৪ বার দোররা মারা হয়েছে। একই শাস্তি দেওয়া হয়েছে তাঁর দলের আরও চার সদস্যকে। সোমবার (২৩ নভেম্বর) দেশটির কোম শহরের সরকারি কৌঁসুলির কার্যালয়ে এ শাস্তি কার্যকর করা হয়। গায়িকার আইনজীবী মোস্তফা নিলি ইরানের সংবাদমাধ্যম এমতেদাদকে এ তথ্য জানিয়েছেন। এ ছাড়া প্রত্যেককে দুই বছরের জন্য সংগীত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং বিদেশ ভ্রমণ থেকে বিরত থাকার সাজাও দেওয়া হয়েছে।   মামলার সূত্রপাত ২০২৪ সালের ১১ ডিসেম্বর। ওই দিন কোম শহরের ঐতিহাসিক দেইর গাচিন কাফেলা সরাইখানায় কোনো দর্শক ছাড়াই সংগীত পরিবেশন করেন পারাস্তু আহমাদি। খোলা চুল ও কাঁধখোলা পোশাকে তাঁর সঙ্গে ছিলেন কয়েকজন পুরুষ সংগীতশিল্পী। অনুষ্ঠানটি সরাসরি সম্প্রচার করা হয় তাঁর ইউটিউব চ্যানেলে। পরে ভিডিওটি ‘ইমাজিনারি কনসার্ট’ বা ‘কাল্পনিক কনসার্ট’ নামে পরিচিতি পায় এবং ৩২ লাখের বেশি বার দেখা হয়।   ভিডিও প্রকাশের সময় আহমাদি লিখেছিলেন, ‘আমি পারাস্তু, যাদের ভালোবাসি তাদের জন্য গান গাইতে চাই। এটি এমন একটি অধিকার, যা আমি উপেক্ষা করতে পারিনি।’ তাঁর এই পরিবেশনাকে ইরানের সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে সাহসী পদক্ষেপ হিসেবে প্রশংসা করেন। নারী অধিকারকর্মীরাও একে দেশটিতে নারীদের ওপর আরোপিত সাংস্কৃতিক ও সামাজিক বিধিনিষেধের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে দেখেন।   ভিডিও প্রকাশের পরই ইরানের বিচার বিভাগ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করে। পরে উত্তরাঞ্চলীয় সারি শহরে আহমাদিকে আটক করা হয়। মানবাধিকার সংগঠন হেঙ্গাওয়ের তথ্য অনুযায়ী, কয়েক দিন পর তিনি জামিনে মুক্তি পান। মামলায় আদালত তাঁদের বিরুদ্ধে অনলাইনে অশালীন ও অনৈতিক বিষয়বস্তু তৈরি ও প্রকাশের মাধ্যমে জনশালীনতা ক্ষুণ্ন করার অভিযোগ আনে।   বিবিসির প্রতিবেদন অনুযায়ী, ২০২৬ সালের জুনে কোমের একটি ফৌজদারি আদালত আহমাদি ও তাঁর দলের আরও আটজনসহ মোট নয়জনকে দোষী সাব্যস্ত করে। তাঁদের প্রত্যেকের ৭৪ দোররা, দুই বছরের জন্য সংগীত ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে নিষেধাজ্ঞা এবং দুই বছরের ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়া হয়। সেপ্টেম্বরে আপিল আদালতও নিম্ন আদালতের রায় বহাল রাখে। তবে ২৩ নভেম্বর পাঁচজনের শাস্তি কার্যকরের তথ্য পাওয়া গেছে। বাকি চারজনের বিষয়ে তাৎক্ষণিকভাবে স্পষ্ট তথ্য জানা যায়নি।   ইরানে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে নারীদের সংগীত পরিবেশনের ওপর কঠোর বিধিনিষেধ রয়েছে। বিশেষ করে নারী শিল্পীদের এককভাবে নারী-পুরুষের সম্মিলিত দর্শকের সামনে গান গাওয়ার অনুমতি নেই। একই সঙ্গে জনসমক্ষে নারীদের জন্য হিজাব পরা বাধ্যতামূলক। ২০২২ সালে মাহসা আমিনির পুলিশি হেফাজতে মৃত্যুর পর দেশজুড়ে বাধ্যতামূলক হিজাববিধির বিরুদ্ধে ব্যাপক আন্দোলন শুরু হয়। সেই আন্দোলনের পর থেকে অনেক নারী প্রকাশ্যে হিজাব না পরেই চলাফেরা করছেন।   আহমাদির সাজা কার্যকরের ঘটনায় মানবাধিকার সংগঠনগুলো সমালোচনা করেছে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন সংগঠন দোররা মারাকে নিষ্ঠুর, অমানবিক ও অবমাননাকর শাস্তি হিসেবে অভিহিত করেছে। তাদের মতে, এ ধরনের শাস্তি আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডের পরিপন্থী। অন্যদিকে, এ ঘটনায় মন্তব্য জানতে রয়টার্স ইরানি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলেও প্রকাশিত প্রতিবেদন পর্যন্ত তাদের কোনো তাৎক্ষণিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।   সংবাদসূত্র: রয়টার্স, বিবিসি।

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ১৯:৩৬
পিউ রিসার্চ সেন্টারের পূর্বাভাস অনুযায়ী, ২০৭০ সালের মধ্যে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সর্বাধিক মুসলিম জনসংখ্যার দেশে পরিণত হতে পারে পাকিস্তান। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

২০৭০ সালে ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের সর্বাধিক মুসলিমের দেশ হতে পারে পাকিস্তান

ইসরায়েলি বসতি সম্প্রসারণে জড়িত ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞাকে সমর্থন জানিয়েছে সৌদি আরবসহ ১৬ দেশ। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

ইসরায়েলি বসতি নির্মাণে যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞার পক্ষে সৌদি আরবসহ ১৬ দেশ

ইরানের সঙ্গে আগের সমঝোতা আলোচনাকে সময়ের অপচয় বলে মন্তব্য করেছেন ট্রাম্প। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

সুযোগ পেলে আবারও ইরানের বিরুদ্ধে যুদ্ধ করতাম, তেহরানের সঙ্গে আলোচনা ‘সময়ের অপচয়’: ট্রাম্প

আফগানিস্তানে মেয়েদের উচ্চশিক্ষা নিষিদ্ধ হওয়ার পর অনেকেই নিজেদের বাড়িতে গোপনে স্কুল পরিচালনা করছেন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা
তালেবানের নিষেধাজ্ঞার মধ্যেও গোপনে স্কুল ও ব্যবসা চালাচ্ছেন আফগান নারীরা

আফগানিস্তানে তালেবানের কঠোর বিধিনিষেধের মধ্যেও নিজেদের মতো করে জীবন ও জীবিকার পথ খুঁজে নিচ্ছেন নারীরা। কেউ গোপনে বিউটি পারলার চালাচ্ছেন, কেউ বাড়ির আঙিনায় শিশুদের ফুটবল শেখাচ্ছেন, আবার কেউ নিজেদের ঘরেই খুলেছেন মেয়েদের জন্য গোপন স্কুল। গ্রেপ্তার ও শাস্তির ঝুঁকি থাকা সত্ত্বেও এসব উদ্যোগ চালিয়ে যাচ্ছেন তাঁরা। রাজধানী কাবুলের তিন নারীর এমন ব্যতিক্রমী সংগ্রামের চিত্র তুলে ধরেছে আন্তর্জাতিক বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।   ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর থেকে নারীদের শিক্ষা, কর্মসংস্থান, খেলাধুলা ও চলাফেরার ওপর একের পর এক বিধিনিষেধ আরোপ করে তালেবান সরকার। ষষ্ঠ শ্রেণির পর মেয়েদের আনুষ্ঠানিক শিক্ষাগ্রহণ বন্ধ রয়েছে। বিশ্ববিদ্যালয়েও নারীদের পড়াশোনার সুযোগ নেই। পার্ক ও ব্যায়ামাগারে নারীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। বন্ধ করে দেওয়া হয়েছে বিউটি পারলারগুলোও। অধিকাংশ কর্মক্ষেত্রেও নারীদের কাজ করার সুযোগ সীমিত। এসব বিধিনিষেধ বাস্তবায়নে নৈতিকতা পুলিশ দায়িত্ব পালন করছে। নিয়ম ভঙ্গের অভিযোগে নারীদের আটক করার ঘটনাও ঘটেছে।   এপি জানায়, কাবুলের ৪০ বছর বয়সী এক নারী দীর্ঘদিন বিউটি পারলারে কাজ করতেন। তালেবান কর্তৃপক্ষ পারলার বন্ধ করে দেওয়ার পর জীবিকা হারিয়ে সংকটে পড়েন তিনি। পরে গোপনে একটি বাসা ভাড়া নিয়ে নিজেই পারলার চালু করেন। বিয়ের অনুষ্ঠানের সাজসজ্জার জন্য সেখানে নারীদের ব্যাপক চাহিদা তৈরি হয়। একপর্যায়ে প্রায় ৩০ জন গ্রাহকও পান তিনি। কিন্তু কর্তৃপক্ষ বিষয়টি জানতে পেরে অভিযান চালিয়ে তাঁর সরঞ্জাম ও আসবাবপত্র নিয়ে যায়। তবু হাল ছাড়েননি ওই নারী। পরে অন্য একটি বাসায় আবারও পারলার চালু করেন। বর্তমানে সেখানে সাতজন নারী কাজ করছেন, যাঁরা নিজেদের পরিবারের খরচ চালাতে এই আয়ের ওপর নির্ভরশীল।   তাঁর পারলারে এখন বিয়ের সাজসজ্জার জন্য নারীদের যাতায়াত রয়েছে। তবে প্রতিনিয়ত গ্রেপ্তারের ভয় নিয়ে কাজ করতে হয় তাঁদের। দরজায় কেউ কড়া নাড়লেই তালেবান কর্তৃপক্ষের অভিযানের আশঙ্কা তৈরি হয় বলে জানিয়েছেন ওই নারী। তাঁর ভাষায়, কাজটুকু কেড়ে নেওয়া হলে সন্তানদের খরচ ও সংসারের দায়িত্ব সামলানো কঠিন হয়ে পড়বে। তাই ঝুঁকি থাকা সত্ত্বেও পারলারটি চালিয়ে যাচ্ছেন তিনি।   প্রতিবেদনে উঠে এসেছে আফগানিস্তানের জাতীয় নারী ফুটবল দলে সুযোগ পাওয়া এক সাবেক খেলোয়াড়ের কথাও। নারীদের খেলাধুলায় নিষেধাজ্ঞা জারির পর তাঁর ক্রীড়াজীবন থেমে যায়। এতে মানসিকভাবে ভেঙে পড়ে প্রায় ছয় মাস নিজেকে ঘরবন্দি করে রেখেছিলেন তিনি। পরে বাড়িতেই ফুটবল অনুশীলন শুরু করেন এবং পুরোনো গাড়ির টায়ার দিয়ে ঘরে তৈরি করেন বক্সিং অনুশীলনের সরঞ্জাম। এখন নিজের বাড়ির ছোট আঙিনায় একদল ছেলেকে ফুটবল প্রশিক্ষণ দেন তিনি। নিজের স্বপ্ন পূরণ করতে না পারলেও নতুন প্রজন্মের মধ্যে খেলাটির প্রতি আগ্রহ তৈরি করতে চান। তবে ভবিষ্যৎ নিয়ে হতাশ এই সাবেক খেলোয়াড় আফগানিস্তান ছেড়ে অন্য দেশে আশ্রয় নেওয়ার কথাও ভাবছেন।   সবচেয়ে ঝুঁকিপূর্ণ উদ্যোগগুলোর একটি নিয়েছেন ২০ বছর বয়সী এক তরুণী। নিজের কিশোরী বোনকে সঙ্গে নিয়ে বাড়ির একটি কক্ষকে শ্রেণিকক্ষে রূপান্তর করেছেন তিনি। সেখানে প্রায় ৩০ জন শিক্ষার্থীকে পড়ানো হয়। তাদের মধ্যে ছেলে শিক্ষার্থীদের পাশাপাশি ২০ বছর বয়সী তরুণীও রয়েছেন। ইতিহাস, বিজ্ঞান, ভূগোল, গণিত, ভাষা ও কোরআন শিক্ষা দেওয়া হয় সেখানে। শিক্ষার্থীরা যেন সন্দেহের সৃষ্টি না করেন, সে জন্য আলাদা আলাদা সময়ে বাড়িতে প্রবেশ করেন। শিক্ষিকার কোনো প্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ নেই। স্কুল বন্ধ হওয়ার আগে নিজেরা যে শিক্ষা পেয়েছেন, সেটিই অন্যদের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছেন তাঁরা। তবে প্রতিটি ক্লাসের সঙ্গে গ্রেপ্তারের আশঙ্কাও তাঁদের তাড়া করে বেড়ায়।   আফগানিস্তানে নারীদের শিক্ষা বন্ধের প্রভাব নিয়ে আন্তর্জাতিক মহলেও উদ্বেগ রয়েছে। ইউনেসকোর ২০২৬ সালের তথ্য অনুযায়ী, দেশটিতে প্রায় ২৪ লাখ মেয়ে মাধ্যমিক পর্যায়ের শিক্ষা থেকে বঞ্চিত রয়েছে। আফগানিস্তান বর্তমানে বিশ্বের একমাত্র দেশ, যেখানে মেয়েদের জন্য প্রাথমিক স্তরের পর আনুষ্ঠানিক শিক্ষা নিষিদ্ধ রয়েছে। তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ গত আগস্টে শিক্ষা ব্যবস্থার ঘাটতি সমাধানে কাজ করার কথা জানিয়েছিলেন। তবে এখন পর্যন্ত বিধিনিষেধ প্রত্যাহারের দৃশ্যমান অগ্রগতি নেই। অন্যদিকে নারীদের বিষয়ে তালেবান সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মুখপাত্র মোহাম্মদ আসলাম বদরিওয়াল দাবি করেছেন, ইসলামি শরিয়াহ ও প্রচলিত আইন মেনে নারীরা সামাজিক ও বাণিজ্যিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারেন। সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস (এপি), দ্য ইন্ডিপেনডেন্ট।

প্রকাশ: নভেম্বর ১৭, ২০২৬ ২৩:১৭
যান্ত্রিক ত্রুটির কারণে মাঝ আকাশে আগুন ধরে রাশিয়ার এই সামরিক বিমানটি বিধ্বস্ত হয়। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

সাইবেরিয়ায় রাশিয়ার সামরিক বিমান বিধ্বস্ত, ১৯ আরোহীর সবাই নিহত

ইরান ও যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি সামরিক হামলায় পারস্য উপসাগরীয় অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

মার্কিন ঘাঁটিতে হামলার পর ইরানে যুক্তরাষ্ট্রের পালটা হামলা, মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু

কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি; দক্ষ বিদেশি কর্মী আকর্ষণ ও শ্রমবাজারের চাহিদা পূরণে অভিবাসন সুযোগের ওপর গুরুত্ব দিচ্ছে দেশটির সরকার; গ্রাফিক্স: আমেরিকা বাংলা

দক্ষ কর্মী নিতে চায় কানাডা, যেভাবে আবেদন করতে পারবেন বাংলাদেশিরা

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...