হেলিকপ্টার নয়, প্রযুক্তিতেই নজরদারি—পরীক্ষাকেন্দ্রে বসবে সিসিটিভি: শিক্ষামন্ত্রী
পরীক্ষাকেন্দ্রে হঠাৎ হেলিকপ্টার নিয়ে উপস্থিত হওয়ার যুগ শেষ হয়েছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি জানিয়েছেন, এখন প্রযুক্তির মাধ্যমে ঘরে বসেই পরীক্ষার পরিবেশ পর্যবেক্ষণ করা সম্ভব। তাই দেশের শ্রেণিকক্ষ ও পরীক্ষাকেন্দ্রে পর্যায়ক্রমে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হবে।
শনিবার (১১ এপ্রিল) রাজশাহীতে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রাজশাহী মেডিকেল কলেজের ডা. কাইছার রহমান চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত এই সভায় রাজশাহী শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড ও কারিগরি শিক্ষা বোর্ডের অধীন কেন্দ্রসচিবরা অংশ নেন।
শিক্ষামন্ত্রী বলেন, প্রযুক্তির উন্নতির ফলে এখন দূর থেকে সবকিছু পর্যবেক্ষণ করা সম্ভব। এ কারণে পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে সিসিটিভি ব্যবস্থার ওপর জোর দেওয়া হচ্ছে। একই সঙ্গে ক্লাসে শিক্ষার্থীদের উপস্থিতি, শিক্ষকদের নিয়মিততা এবং শিক্ষার মানও নজরদারির আওতায় আনা হবে।
নকল প্রতিরোধের প্রসঙ্গ তুলে তিনি বলেন, অতীতেও শিক্ষকদের সহযোগিতায় নকল বন্ধ করা সম্ভব হয়েছে। সরকারের সদিচ্ছা এবং শিক্ষকদের আন্তরিক অংশগ্রহণ থাকলে আবারও শিক্ষার পরিবেশ উন্নত করা যাবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষা খাতে বাজেট বৃদ্ধির বিষয়ে মন্ত্রী জানান, প্রধানমন্ত্রী আগামীতে বাজেটের প্রায় ৫ শতাংশ শিক্ষা খাতে বরাদ্দ দেওয়ার কথা বলেছেন। তবে এই অর্থ সঠিকভাবে ব্যবহারের সক্ষমতা তৈরি করাও একটি বড় চ্যালেঞ্জ। তাই ধাপে ধাপে বাজেট বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য শফিকুল হক মিলন, রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন, বিভাগীয় কমিশনার ড. আ ন ম বজলুর রশীদ এবং জেলা পরিষদের প্রশাসক এরশাদ আলী ঈশা। সভাপতিত্ব করেন রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক আ ন ম মোফাখখারুল ইসলাম।
এর আগে সকালে রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে আয়োজিত একটি সেমিনারেও অংশ নেন শিক্ষামন্ত্রী। সেখানে তিনি শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেন এবং দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।
বাংলাদেশ
View moreন্যূনতম মজুরি নির্ধারণের দাবিতে চলমান শ্রমিক বিক্ষোভ ও অসন্তোষের জেরে দেশের ১৪৭টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য সম্পূর্ণ বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) দুপুরে রাজধানীর বিজিএমইএ প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এক জরুরি বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান। সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি অভিযোগ করেন, দেশের তৈরি পোশাক খাতকে অস্থিতিশীল করতে একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যমূলকভাবে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চালাচ্ছে। এর ফলে কারখানার স্বাভাবিক উৎপাদন কার্যক্রম চরমভাবে ব্যাহত হচ্ছে এবং দেশের প্রধান রপ্তানি খাত মারাত্মক ক্ষতির সম্মুখীন হচ্ছে। উদ্ভূত পরিস্থিতিতে শ্রমিক ও কারখানার নিরাপত্তার স্বার্থেই এই ১৪৭টি কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মজুরি বৃদ্ধির প্রসঙ্গে মালিকপক্ষের অবস্থান পরিষ্কার করে মাহমুদ হাসান খান জানান, আগামী সোমবার নিম্নতম মজুরি বোর্ডের সভায় মালিকপক্ষের পক্ষ থেকে লিখিত প্রস্তাব জমা দেওয়া হবে। তবে তিনি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, শ্রমিকরা যদি চলমান আন্দোলন ও বিক্ষোভ বন্ধ না করেন, তবে মজুরি বোর্ডের সঙ্গে আলোচনায় বসার কোনো যৌক্তিকতা থাকবে না। এর আগে, চলমান শ্রমিক অসন্তোষ নিরসন ও পরবর্তী করণীয় নির্ধারণে বিজিএমইএ’র শীর্ষ নেতারা এক জরুরি রুদ্ধদ্বার বৈঠকে বসেন। বৈঠক শেষে গণমাধ্যমকর্মীদের সামনে সার্বিক পরিস্থিতি তুলে ধরেন সংগঠনের সভাপতি। সূত্র: বিজিএমইএ।
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জে ৩৪ প্লাটুন বিজিবি মোতায়েন
কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছাল ইউরেনিয়ামের আরও একটি চালান, বিদ্যুৎ উৎপাদনের প্রস্তুতি
বাংলাদেশে প্রথম ইসলাম প্রচার হওয়া লালমনিরহাটের ‘হারানো মসজিদ’ ঘিরে রহস্য, ৬৯ হিজরি লেখা ইট ফের আলোচনায়
মাত্র আড়াই বছর বয়সে বাংলাদেশ ছেড়ে পাড়ি জমিয়েছিলেন নেদারল্যান্ডসে। সেখানেই কেটেছে শৈশব, কৈশোর ও জীবনের দীর্ঘ সময়। কিন্তু ৪৬ বছর পরও জন্মদাতা বাবা-মায়ের পরিচয় জানতে পারেননি রাজিব উদ্দিন। ৪৯ বছর বয়সে আবারও বাংলাদেশে ফিরে কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ার বিভিন্ন এলাকায় খুঁজে বেড়াচ্ছেন নিজের শিকড়। তাঁর সঙ্গে একই উদ্দেশ্যে বাংলাদেশে এসেছেন নেদারল্যান্ডসে বেড়ে ওঠা সেলিনা গোমেজ। ১৯৮০ সালে একটি এনজিওর মাধ্যমে দত্তক হিসেবে নেদারল্যান্ডসে পাঠানো হয় রাজিবকে। সেখানে একটি পরিবারে বেড়ে ওঠেন তিনি। বর্তমানে পেশায় সমাজকর্মী রাজিবের নেদারল্যান্ডসে স্বচ্ছল জীবন থাকলেও নিজের জন্মপরিচয় না জানার আক্ষেপ কাটেনি। গত কয়েক বছরে ছয়বার বাংলাদেশে এসে বাবা-মায়ের সন্ধান করেছেন তিনি। কিন্তু এখনো কোনো নিশ্চিত তথ্য পাননি। রাজিব বলেন, নেদারল্যান্ডসে তাঁর সবকিছু রয়েছে। সেখানে ভালো থাকলেও নিজের পরিচয় নিয়ে একধরনের শূন্যতা অনুভব করেন। আয়নার সামনে দাঁড়ালে তাঁর মনে প্রশ্ন জাগে, তিনি দেখতে বাবার মতো হয়েছেন, নাকি মায়ের মতো। এই প্রশ্নের উত্তর খুঁজতেই বারবার বাংলাদেশে ফিরে আসছেন তিনি। রাজিবের পুরোনো পাসপোর্ট অনুযায়ী, তাঁর জন্ম ১৯৭৭ সালে। সেখানে বাবার নাম গিয়াস উদ্দিন, মায়ের নাম মরিয়ম বিবি এবং দাদার নাম রহিম উদ্দিন উল্লেখ রয়েছে। গ্রামের নাম লেখা আছে পেয়ারাকান্দি। অস্থায়ী ঠিকানা হিসেবে রয়েছে ঢাকার বেবি হোমসের নাম। তবে পাসপোর্টে উল্লেখ করা গ্রামের অবস্থান নিয়েই তৈরি হয়েছে জটিলতা। পুরোনো প্রশাসনিক সীমানা পরিবর্তনের কারণে পেয়ারাকান্দি গ্রামের সঠিক অবস্থান শনাক্ত করতে সমস্যায় পড়ছেন রাজিব। কখনো কুমিল্লা, আবার কখনো ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার কোনো এলাকার সঙ্গে ঠিকানাটির মিল পাওয়া যাচ্ছে। সর্বশেষ তিনি কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সহযোগিতা চান। এর আগে একটি গ্রামে খোঁজ করতে গিয়ে এক ব্যক্তির সন্ধান পান রাজিব, যিনি নিজেকে তাঁর বাবা বলে দাবি করেছিলেন। এতে আশার আলো দেখলেও পরে ডিএনএ পরীক্ষায় তাঁদের জৈবিক সম্পর্কের মিল পাওয়া যায়নি। ফলে আবারও নতুন করে অনুসন্ধান শুরু করতে হয় তাঁকে। রাজিবের সঙ্গে বাংলাদেশে এসেছেন তাঁর বন্ধু সেলিনা গোমেজ। পেশায় গায়িকা সেলিনাও ছোটবেলায় দত্তক হিসেবে নেদারল্যান্ডসে যান। জন্মদাতা বাবা-মায়ের সন্ধানে এরই মধ্যে তিনবার বাংলাদেশে এসেছেন তিনি। তাঁর পুরোনো কাগজপত্রে কক্সবাজারের ঠিকানা থাকায় সেখানেও খোঁজ করেছেন। এবার রাজিবের সঙ্গে কুমিল্লায় অবস্থান করছেন। সেলিনা বলেন, নেদারল্যান্ডসে লালন-পালনকারী পরিবার থাকলেও নিজের জন্মদাতা বাবা-মাকে জানার ইচ্ছা তাঁর দীর্ঘদিনের। সেখানে বেড়ে উঠলেও নিজেকে অনেক সময় বিদেশি মনে হয়। তিনি কিংবা রাজিব, যেকোনো একজন নিজের পরিবারকে খুঁজে পেলেও সেটি তাঁদের জন্য বড় প্রাপ্তি হবে। রাজিব ও সেলিনাকে বাংলাদেশে সহযোগিতা করছেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. ওমর। তিনি জানান, পুরোনো পাসপোর্ট ও ঠিকানার তথ্য ধরে বিভিন্ন এলাকায় খোঁজ করা হচ্ছে। পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে, যাতে তাঁদের পরিবারের সন্ধান পাওয়া যায়। কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক আলী রাজিব মাহমুদ মিঠুন জানান, রাজিবের কাগজপত্র পর্যালোচনা করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার একটি গ্রামের সঙ্গে ঠিকানার মিল পাওয়া যাচ্ছে। বিষয়টি নিশ্চিত করতে সেখানকার উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ঠিকানাটি সঠিক হলে রাজিবকে সেখানে অনুসন্ধানে সহযোগিতা করা হবে। প্রয়োজনে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও সহায়তা করবে। জন্মের পরপরই দেশ ছাড়তে হলেও বাংলাদেশের সঙ্গে রাজিব ও সেলিনার সম্পর্ক শেষ হয়ে যায়নি। দীর্ঘদিনের অনুসন্ধানের পরও তাঁরা এখনো নিজেদের পরিবারের পরিচয় নিশ্চিত করতে পারেননি। পুরোনো পাসপোর্টের কয়েকটি নাম ও ঠিকানাই এখন তাঁদের ভরসা। সেই সূত্র ধরেই জন্মদাতা বাবা-মায়ের সন্ধান চালিয়ে যাচ্ছেন দুজন। সংবাদসূত্র: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, এনটিভি।
পোশাকশ্রমিকদের জন্য ৩০ টাকা কেজিতে চাল বিক্রি শুরু, লাগবে পরিচয়পত্র
দুর্ঘটনায় নিহত কর্মীর পরিবারকে ২৯ বছর বেতন দেবে বাংলাদেশি প্রতিষ্ঠান রেনাটা, বাড়বে বোনাসও
কুষ্টিয়ায় বাবার অসুস্থতার খবরে ছেলের মৃত্যু, শোক সইতে না পেরে প্রাণ গেল বাবারও
নেত্রকোণার মদন উপজেলায় ১১ বছর বয়সী এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার মামলায় মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগর হুজুরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই মামলার অপর আসামি তাঁর ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকে খালাস দেওয়া হয়েছে। বুধবার (১১ নভেম্বর) নেত্রকোণা জেলা ও দায়রা জজ আদালতের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুছ সালাম এ রায় ঘোষণা করেন। মামলাটি ঘিরে দেশজুড়ে ব্যাপক আলোচনা তৈরি হয়েছিল। মদন উপজেলার একটি মহিলা কওমি মাদ্রাসায় পড়াশোনা করত শিশুটি। ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ও শিক্ষক ছিলেন আমান উল্লাহ মাহমুদী। মামলার অভিযোগ অনুযায়ী, মাদ্রাসায় পড়াশোনার সময় শিশুটিকে একাধিকবার ধর্ষণ করেন তিনি। একপর্যায়ে শিশুটি অন্তঃসত্ত্বা হয়ে পড়ে। গত ১৮ এপ্রিল চিকিৎসকের পরীক্ষায় বিষয়টি নিশ্চিত হওয়ার পর ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মদন থানায় মামলা করেন। মামলার পর প্রধান আসামি আমান উল্লাহ মাহমুদী আত্মগোপনে চলে যান। পরে ৬ মে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব। পরদিন আদালত তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। রিমান্ড শেষে তাঁকে কারাগারে পাঠানো হয়। তদন্তের অংশ হিসেবে আদালত তাঁর ডিএনএ নমুনা পরীক্ষারও নির্দেশ দেন। শিশুটির নিরাপত্তা ও ভবিষ্যতের কথা বিবেচনা করে ১২ মে আদালতের নির্দেশে তাকে সমাজসেবা অধিদপ্তরের অধীন সিলেটের একটি সেফ হোমে পাঠানো হয়। সেখানে অবস্থানকালে ২ জুলাই শিশুটি একটি কন্যাসন্তানের জন্ম দেয়। পরে নবজাতকের জৈবিক পিতার পরিচয় নিশ্চিত করতে আদালতের নির্দেশে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) ডিএনএ নমুনা সংগ্রহ করে পরীক্ষা চালায়। সিআইডির ডিএনএ পরীক্ষার প্রতিবেদনে নবজাতকের সঙ্গে প্রধান আসামি আমান উল্লাহ মাহমুদীর ডিএনএর ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিল পাওয়া যায়। মামলার তদন্তে এটি গুরুত্বপূর্ণ বৈজ্ঞানিক প্রমাণ হিসেবে উপস্থাপন করা হয়। তদন্ত শেষে আগস্টের শেষ দিকে পুলিশ আদালতে অভিযোগপত্র জমা দেয়। এতে শিক্ষক আমান উল্লাহ মাহমুদীর পাশাপাশি তাঁর ভাই মাইমুন ওরফে মামুন মিয়াকেও আসামি করা হয়েছিল। মামলাটির বিচার দ্রুত সম্পন্ন করতে শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে বিচারিক কার্যক্রম পরিচালনা করা হয়। রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরুল কবীর রুবেলের তথ্য অনুযায়ী, মামলায় ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়। প্রায় ৬০ কার্যদিবসে বিচারিক কার্যক্রম শেষ করে ১১ নভেম্বর রায় ঘোষণার দিন নির্ধারণ করেন আদালত। এর আগে ২৮ অক্টোবর উভয় পক্ষের যুক্তিতর্ক শুনানি শেষ হয়। ওই সময় প্রধান আসামি নিজের সব সম্পত্তি দিয়ে হলেও মামলা থেকে মুক্তি পাওয়ার আকুতি জানিয়েছিলেন। তবে আপসের প্রস্তাব আদালত গ্রহণ করেননি। অবশেষে বুধবার ঘোষিত রায়ে মাদ্রাসাশিক্ষক আমান উল্লাহ মাহমুদীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে এবং তাঁর ভাই মামুন মিয়াকে খালাস দেওয়া হয়েছে। ১১ বছর বয়সী একটি শিশুর ওপর সংঘটিত অপরাধ, পরবর্তী সময়ে তার সন্তান জন্ম দেওয়া এবং ডিএনএ পরীক্ষায় পাওয়া বৈজ্ঞানিক প্রমাণের কারণে মামলাটি দেশজুড়ে বিশেষ আলোচনার জন্ম দিয়েছিল। আদালতের এ রায়ের মধ্য দিয়ে আলোচিত মামলাটির বিচারিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ পরিণতি এসেছে। সংবাদসূত্র বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
কড়াইল বস্তির পোড়া ঘরে ঘুমন্ত পরিবারের ছবি তুলে ২ লাখ ডলার জিতলেন পিনু রহমান
সাড়ে চার বছরের আইনি লড়াই শেষে জ্যেষ্ঠতাসহ দুদকে ফিরলেন শরীফ উদ্দিন