সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

পানামায় প্রথমে ৭.৭, পরে ৬.৬ মাত্রার ভূমিকম্প, ক্ষতিগ্রস্ত গির্জা ও হোটেল

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: অক্টোবর ৯, ২০২৬ ১৮:১৬
পানামায় প্রথমে ৭.৭, পরে ৬.৬ মাত্রার ভূমিকম্প, ক্ষতিগ্রস্ত গির্জা ও হোটেল
পানামায় প্রথমে ৭.৭, পরে ৬.৬ মাত্রার ভূমিকম্প, ক্ষতিগ্রস্ত গির্জা ও হোটেল

যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, শুক্রবার সকালে পানামার দক্ষিণাঞ্চলে ৭ দশমিক ৭ মাত্রার এক শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। এর রেশ কাটতে না কাটতেই আড়াই ঘণ্টা পর একাধিক আফটারশকের পর ৬ দশমিক ৬ মাত্রার আরও একটি শক্তিশালী ভূকম্পনে কেঁপে ওঠে দেশটি।

 

মূল কেন্দ্র থেকে ১০০ মাইলেরও বেশি দূরে অবস্থিত রাজধানী পানামা সিটিতেও তীব্র কম্পন অনুভূত হয়, যার ফলে আতঙ্কিত লোকজন ভবন ছেড়ে তড়িঘড়ি করে রাস্তায় নেমে আসেন। প্রথমদিকে মার্কিন প্রশান্ত মহাসাগরীয় সুনামি সতর্কীকরণ কেন্দ্র থেকে পানামা উপকূলে সুনামির শঙ্কা প্রকাশ করা হলেও পরে জানানো হয় সেই হুমকি কেটে গেছে।

 

ইউএসজিএস-এর তথ্যমতে, প্রথম ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল প্রত্যন্ত পিটালোজা আরিবা থেকে প্রায় ৭ মাইল দক্ষিণ-পশ্চিমে এবং কেন্দ্র ছিল ভূপৃষ্ঠের ৭ মাইল গভীরে। দ্বিতীয় ভূমিকম্পটি আঘাত হানে প্রশান্ত মহাসাগরীয় উপকূলের রিও গ্রান্ডে থেকে ৮ মাইল পশ্চিমে, যার গভীরতা ছিল ৬ মাইল।

 

ন্যাশনাল সিভিল প্রটেকশন সার্ভিসের কর্মকর্তা ওমর স্মিথ জানান, ভূমিকম্পের ফলে ভেরাগুয়াস, হেরেরা এবং লস সান্তোস প্রদেশে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। স্থানীয় সংবাদমাধ্যমের সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা গেছে, কোক্লে প্রদেশের পেনোনোমে শহরে একটি ক্যাথলিক গির্জা পুরোপুরি ধসে পড়েছে এবং একটি হোটেলের সম্মুখভাগ ভেঙে একটি গাড়ির ওপর পড়েছে।

 

তবে শত শত আকাশচুম্বী ভবনের শহর পানামা সিটিতে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি এবং তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো তথ্যও মেলেনি। হেরেরা প্রদেশের বাসিন্দা ৬০ বছর বয়সী রোসেন্দো দোমিঙ্গুয়েজ জানান, কম্পন এতটাই তীব্র ছিল যে রান্নাঘরের জিনিসপত্র ছিটকে পড়ে; তারা অক্ষত থাকলেও মারাত্মক আতঙ্কের মধ্যে রয়েছেন।

 

পরিস্থিতি নিয়ন্ত্রণে পানামার প্রেসিডেন্ট হোসে রাউল মুলিনো সামাজিক যোগাযোগমাধ্যমে জনগণকে শান্ত থাকার আহ্বান জানিয়ে বলেছেন, এই ঘটনাকে কাজে লাগিয়ে কেউ যেন কোনো বিশৃঙ্খলা বা অহেতুক আতঙ্ক সৃষ্টি না করে। সিভিল প্রটেকশন বিভাগ বর্তমানে উৎপত্তিস্থলের কাছাকাছি অঞ্চলগুলোতে ক্ষয়ক্ষতির সম্ভাব্য পরিমাণ খতিয়ে দেখছে।

 

উল্লেখ্য, প্রশান্ত মহাসাগরীয় অববাহিকার আগ্নেয়গিরি ও চ্যুতিরেখার ২৫ হাজার মাইল বিস্তৃত ‘রিং অব ফায়ার’ বা অগ্নিবলয়ের ওপর অবস্থিত পানামায় প্রায়ই ভূমিকম্প হয়ে থাকে। চলতি বছর লাতিন আমেরিকায় ৭ মাত্রার বেশি আঘাত হানা এটি চতুর্থ ভূমিকম্প; এর আগে গত জুনে ভেনেজুয়েলায় এবং আগস্টে কলম্বিয়ায় এমন ভয়াবহ ভূমিকম্প দেখা গিয়েছিল।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আন্তর্জাতিক

View more
কাবুলের সফটওয়্যার প্রকৌশলী শাহিরা সাদাত
বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েও যুক্তরাজ্যে যেতে পারছেন না আফগান নারীরা, ভেঙে গেল স্বপ্ন

মেধা, যোগ্যতা ও কঠোর পরিশ্রমের মাধ্যমে যুক্তরাজ্যের নামকরা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পেয়েছিলেন আফগানিস্তানের একাধিক নারী। কেউ পেয়েছিলেন স্নাতকোত্তরে ভর্তির প্রস্তাব, কেউ আবার বৃত্তির জন্য সাক্ষাৎকার দেওয়ার সুযোগও পেয়েছিলেন। কিন্তু যুক্তরাজ্যের শিক্ষার্থী ভিসা নিষেধাজ্ঞায় তাঁদের উচ্চশিক্ষার স্বপ্ন এখন অনিশ্চয়তার মুখে।   বিবিসির ২৪ নভেম্বর ২০২৬-এর প্রতিবেদন অনুযায়ী, কাবুলের সফটওয়্যার প্রকৌশলী শাহিরা সাদাত যুক্তরাজ্যের তিনটি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তর পর্যায়ে পড়ার সুযোগ পেয়েছিলেন। বিশ্ববিদ্যালয়গুলো হলো ইউনিভার্সিটি অব সাসেক্স, ইউনিভার্সিটি অব ব্র্যাডফোর্ড এবং নর্থইস্টার্ন ইউনিভার্সিটি লন্ডন। তাঁর পছন্দের বিষয় ছিল কৃত্রিম বুদ্ধিমত্তা ও যন্ত্রশিক্ষা।   এ ছাড়া যুক্তরাজ্য সরকারের মর্যাদাপূর্ণ চেভেনিং বৃত্তির সাক্ষাৎকারের সুযোগও পেয়েছিলেন তিনি। কিন্তু আফগান নাগরিকদের জন্য শিক্ষার্থী ভিসা আবেদন স্থগিতের সিদ্ধান্ত কার্যকর হওয়ার পর তাঁর সেই স্বপ্ন থমকে যায়। সাদাতের মতো আরও আফগান নারী একই পরিস্থিতির মুখোমুখি হয়েছেন। তাঁদের কেউ বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন, কেউ দীর্ঘদিন ধরে বিদেশে পড়াশোনার প্রস্তুতি নিয়েছেন। কিন্তু ভিসা নিষেধাজ্ঞার কারণে সেই সুযোগ কাজে লাগাতে পারছেন না।   আফগানিস্তানের হেরাত শহরের আলিয়া নামের আরেক নারীও যুক্তরাজ্যে ডিজিটাল মিডিয়া বিষয়ে স্নাতকোত্তর পড়ার সুযোগ পেয়েছিলেন। পরিচয় গোপন রাখার শর্তে তিনি জানান, শিক্ষা অর্জনের জন্য তাঁকে অনেক বাধা পেরোতে হয়েছে। তালেবানের বিধিনিষেধের কারণে গোপনে পরিচালিত শিক্ষাপ্রতিষ্ঠানে পড়াশোনা করতে হয়েছে। পরে অনলাইনে পড়াশোনা চালিয়ে যান। কিন্তু যুক্তরাজ্যের ভিসা নিষেধাজ্ঞায় তাঁর পরিকল্পনাও ভেস্তে যায়।   ২০২৬ সালের মার্চে যুক্তরাজ্য সরকার আফগানিস্তান, ক্যামেরুন, মিয়ানমার ও সুদানের নাগরিকদের জন্য দেশের বাইরে থেকে নতুন শিক্ষার্থী ভিসার আবেদন স্থগিতের ঘোষণা দেয়। ২৬ মার্চ থেকে সিদ্ধান্তটি কার্যকর হয়। ব্রিটিশ সরকারের যুক্তি, এসব দেশ থেকে শিক্ষার্থী ভিসায় যুক্তরাজ্যে আসার পর আশ্রয়ের আবেদন বেড়ে যাওয়ায় দেশটির অভিবাসনব্যবস্থার ওপর চাপ তৈরি হয়েছে। এই চাপ কমানো এবং ভিসার অপব্যবহার ঠেকাতেই নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।   তবে এই সিদ্ধান্তের প্রভাব পড়েছে প্রকৃত শিক্ষার্থীদের ওপরও। বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ, বৃত্তি কিংবা শিক্ষাগত যোগ্যতা থাকা সত্ত্বেও নিষেধাজ্ঞার আওতাভুক্ত আফগান নারীরা নতুন শিক্ষার্থী ভিসা নিয়ে যুক্তরাজ্যে যেতে পারছেন না। ২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর আফগানিস্তানে মেয়েদের মাধ্যমিক ও নারীদের বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষা কার্যত বন্ধ করে দেওয়া হয়। ফলে দেশটির অনেক নারী উচ্চশিক্ষার জন্য বিদেশের বিশ্ববিদ্যালয়ের দিকে তাকিয়ে ছিলেন।   জাতিসংঘের শিশু তহবিলের তথ্য অনুযায়ী, আফগানিস্তানে ২৬ লাখের বেশি মেয়ে মাধ্যমিক শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত হয়েছে। অন্যদিকে, যুক্তরাজ্য সরকার শরণার্থী শিক্ষার্থীদের জন্য বিকল্প শিক্ষার সুযোগ তৈরির উদ্যোগ নিয়েছে। তবে এই ব্যবস্থা সাধারণ শিক্ষার্থী ভিসার মতো নয়। এর জন্য নির্দিষ্ট যোগ্যতা ও শর্ত পূরণ করতে হয়।   ভিসা নিষেধাজ্ঞার বিরুদ্ধে সাতজন শিক্ষার্থী যুক্তরাজ্যের আদালতের শরণাপন্ন হলেও ২০২৬ সালের ১২ আগস্ট হাইকোর্ট তাঁদের আবেদন খারিজ করে দেয়। আফগান নারীদের আশঙ্কা, নিজ দেশে শিক্ষার সুযোগ সংকুচিত হওয়ার পর বিদেশে উচ্চশিক্ষার পথও বন্ধ হয়ে গেলে তাঁদের ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়বে। তাঁদের কাছে এই ভিসা নিষেধাজ্ঞা শুধু একটি বিদেশযাত্রার বাধা নয়, বরং শিক্ষা ও স্বনির্ভর জীবনের স্বপ্নে বড় আঘাত। সংবাদসূত্র: বিবিসি নিউজ, যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যুক্তরাজ্যের হাইকোর্ট এবং জাতিসংঘের শিশু তহবিল। 874 এসকিউ

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ১২:৩৮
সৌদি আরবের রিয়াদে ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট ভবনে  হুথিদের হামলা,  ভারতীয় ও নেপালিসহ আহত ১১ জন

সৌদি আরবের রিয়াদে ফিন্যান্সিয়াল ডিস্ট্রিক্ট ভবনে হুথিদের হামলা, ভারতীয় ও নেপালিসহ আহত ১১ জন

প্রিন্স ও প্রিন্সেস অব ওয়েলসের বাসভবন ‘অ্যানমার হলে’ চুরির সন্দেহে দুইজন আটক। ছবি: সংগৃহীত

স্বয়ং হবু রাজার বাড়িতে চুরি! যুক্তরাজ্যে তোলপাড় করা ঘটনায় দুই সন্দেহভাজন আটক

নিউজিল্যান্ডে দুই বছর কাজের বাধ্যবাধকতা ছাড়াই  রেসিডেন্স ভিসা পাবেন চার শ্রেণির যোগ্য শিক্ষক

নিউজিল্যান্ডে দুই বছর কাজের বাধ্যবাধকতা ছাড়াই রেসিডেন্স ভিসা পাবেন চার শ্রেণির যোগ্য শিক্ষক

সিন্ধু প্রদেশ বিভাজনের প্রস্তাব ঘিরে পাকিস্তানে রাজনৈতিক অস্থিরতা, ফিরল ‘সিন্ধুদেশ’ স্লোগান। ছবি: সংগৃহীত
ফের ভাঙন? সিন্ধু প্রদেশ বিভক্তির পরিকল্পনায় উত্তাল পাকিস্তান, আলোচনায় ‘সিন্ধুদেশ’

পাকিস্তানের দক্ষিণাঞ্চলীয় সিন্ধু প্রদেশ ভেঙে নতুন প্রশাসনিক ইউনিট বা প্রদেশ গঠনের প্রস্তাব ঘিরে তীব্র রাজনৈতিক অস্থিরতা ও বিক্ষোভ শুরু হয়েছে। আর এই উত্তাপের মধ্যেই প্রদেশটির রাজপথে ও প্রবাসী সিন্ধিদের কণ্ঠে আবারও ফিরে এসেছে কয়েক দশকের পুরোনো স্বাধীনতাকামী স্লোগান—‘সিন্ধুদেশ’।   করাচিতে বিক্ষোভ ও রাজনৈতিক উত্তাপ গত রোববার (২২ নভেম্বর) ‘জিয়ে সিন্ধু রাহবার কমিটি’র উদ্যোগে করাচিতে এক বিশাল বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। ড্রিগ রোড থেকে শুরু হয়ে মেট্রোপল এলাকায় গিয়ে শেষ হওয়া এই মিছিলে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, আইনজীবী ও সাধারণ মানুষ অংশ নেন। বক্তারা সিন্ধু প্রদেশের সীমানা পরিবর্তনের যেকোনো চেষ্টার বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দেন এবং নতুন প্রদেশ গঠনের বিষয়ে গণভোটের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।   সংকটের সূত্রপাত যেভাবে চলতি বছরের জুলাইয়ের শেষ দিকে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ও সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত মহসিন নাকভি প্রশাসনিক সুবিধার্থে নতুন প্রদেশ গঠনের কথা তোলেন। প্রায় ২৫ কোটি জনসংখ্যার দেশটিতে চারটি প্রদেশ যথেষ্ট নয় বলে যুক্তি দেখানো হচ্ছে। পরবর্তীতে পরিকল্পনামন্ত্রী আহসান ইকবাল ১২ থেকে ১৫টি, এমনকি ১৪টি প্রদেশ গঠনের একটি কাঠামোর কথা উল্লেখ করেন—যেখানে সিন্ধু ও পাঞ্জাবকে চারটি করে এবং খাইবার পাখতুনখোয়া ও বেলুচিস্তানকে তিনটি করে প্রদেশে ভাগ করার আলোচনা রয়েছে।   সিন্ধুবাসীর আপত্তি ও অর্থনৈতিক শঙ্কা সিন্ধুর রাজনীতিতে সবচেয়ে সংবেদনশীল বিষয় হলো বন্দরনগরী করাচির নিয়ন্ত্রণ। প্রদেশটির দ্বিতীয় বৃহত্তম দল এমকিউএম-পি করাচিকে আলাদা প্রদেশ করার দাবি জানিয়ে আসছে। অন্যদিকে, সিন্ধুর মুখ্যমন্ত্রীর তথ্যমতে, পাকিস্তানের জাতীয় অর্থনীতির ২৭ শতাংশের বেশি আসে এই প্রদেশ থেকে। সিন্ধি নেতাদের অভিযোগ, করাচি ও উপকূলীয় অঞ্চলকে প্রদেশ থেকে বিচ্ছিন্ন করার পাশাপাশি সিন্ধু নদের পানি ও জমি কেড়ে নেওয়ার ষড়যন্ত্র চলছে।   সাংবিধানিক জটিলতা ও পিপিপির কঠোর অবস্থান পাকিস্তানের সংবিধানের ২৩৯(৪) অনুচ্ছেদ অনুযায়ী, কোনো প্রদেশের সীমানা পরিবর্তন করতে হলে জাতীয় সংসদের পাশাপাশি সংশ্লিষ্ট প্রাদেশিক পরিষদের দুই-তৃতীয়াংশ সদস্যের (সিন্ধুর ১৬৮ আসনের মধ্যে ১১২টি) সমর্থন প্রয়োজন। গত ৩ সেপ্টেম্বর সিন্ধু প্রাদেশিক পরিষদে প্রদেশ বিভক্তির বিরুদ্ধে সর্বসম্মত প্রস্তাব পাস হয়েছে।   প্রাদেশিক পরিষদের এই বাধা এড়াতে তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার ও স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি গণভোটের কথা তুললে তীব্র প্রতিক্রিয়া দেখায় ক্ষমতাসীন জোটের অন্যতম শরিক পাকিস্তান পিপলস পার্টি (পিপিপি)। দলটির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি হুঁশিয়ারি দিয়ে বলেন, জনগণের ইচ্ছার বিরুদ্ধে সিন্ধু ভাগ করার চেষ্টা হলে করাচি, হায়দরাবাদ ও নবাবশাহসহ পুরো প্রদেশে রক্তপাত শুরু হবে।   পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ ও প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি আলোচনার মাধ্যমে সমাধানের আশ্বাস দিয়েছেন এবং মন্ত্রিসভার সদস্যদের প্রকাশ্যে পাল্টাপাল্টি বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।   ‘সিন্ধুদেশ’ আন্দোলনের প্রেক্ষাপট ‘সিন্ধুদেশ’ মূলত সিন্ধিদের জন্য একটি পৃথক স্বাধীন রাষ্ট্রের ধারণা। সিন্ধি জাতীয়তাবাদী নেতা জি এম সৈয়দ ১৯৭২ সালে ‘জিয়ে সিন্ধু মাহাজ’ গঠন করেন এবং ১৯৭৪ সালে তাঁর বইয়ে আলাদা রাষ্ট্রের রূপরেখা দেন। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা অর্জন এই আন্দোলনকে ব্যাপকভাবে অনুপ্রাণিত করেছিল। বর্তমানে নির্বাসিত নেতা শফি বুরফাতের নেতৃত্বাধীন ‘জিয়ে সিন্ধু মুত্তাহিদা মাহাজ’ (জেএসএমএম) দাবি করছে, পাকিস্তানের অধীনে থাকলে সিন্ধি জাতির অস্তিত্ব বিপন্ন হবে।   সামনে কী ঘটতে যাচ্ছে? আগামী ২০২৭ সালের মার্চের সিনেট নির্বাচনের আগেই নতুন প্রদেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার তাগিদ রয়েছে সরকারের একটি অংশের। তবে আগামী ২৯ নভেম্বর করাচিতে সিন্ধু তারাক্কি পাসন্দ পার্টির বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে শহরটিতে নতুন করে জাতিগত সংঘাতের আশঙ্কা তৈরি হয়েছে।   সূত্র: ফার্স্টপোস্ট   873/ডিএন

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ৯:৪৪
চলতি বছর ইসরায়েলি সামরিক বাহিনীর ২৩ জন সক্রিয় সদস্য আত্মহত্যা করেছেন, যা ১৬ বছরে সর্বোচ্চ। ছবি: সংগৃহীত

ইসরায়েলি সেনাদের মধ্যে বেড়েছে আত্মহত্যার প্রবণতা, ১৬ বছরের সর্বোচ্চ!

যুক্তরাজ্যে কম খরচে কাউন্সিল বাড়ি পাওয়ার সুযোগ, জেনে নিন কারা করতে পারবে আবেদন

যুক্তরাজ্যে কম খরচে কাউন্সিল বাড়ি পাওয়ার সুযোগ, জেনে নিন কারা করতে পারবে আবেদন

হামাস নিয়ে অতীত বক্তব্যের জেরে জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরে আপত্তি, হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

হামাস নিয়ে অতীত বক্তব্যের জেরে জামায়াত আমিরের অস্ট্রেলিয়া সফরে আপত্তি, হিন্দু ও ইহুদি সংগঠনের যৌথ বিবৃতি

ফুচকা বিক্রেতার ব্যাংকে ৬৩ লাখ টাকা, রয়েছে একাধিক সম্পত্তি! হতাশ ২৬ বছর বয়সী যুবক
ফুচকা বিক্রেতার ব্যাংকে ৬৩ লাখ টাকা, রয়েছে একাধিক সম্পত্তি! হতাশ ২৬ বছর বয়সী যুবক

ভারতের এক ফুচকা বিক্রেতার সম্পদের পরিমাণ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। দাবি করা হচ্ছে, ওই বিক্রেতার একটি ব্যাংক অ্যাকাউন্টেই রয়েছে ৪৭ লাখ রুপি। ইতোমধ্যে দুটি সম্পত্তি কিনেছেন তিনি। এবার এক কোটি রুপি মূল্যের আরও একটি সম্পত্তি কেনার পরিকল্পনা করছেন।   মঙ্গলবার (২৪ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি প্রফিটের প্রতিবেদনে বলা হয়েছে, সামাজিক যোগাযোগমাধ্যম রেডিটে ২৬ বছর বয়সী এক যুবকের পোস্ট থেকে এই আলোচনা শুরু হয়।   ওই যুবক জানান, তার বাবার একটি মুদি দোকান রয়েছে। সেখান থেকে নিয়মিত ব্যবসার প্রয়োজনীয় উপকরণ কেনেন ওই ফুচকা বিক্রেতা। সম্প্রতি বাবার কাছ থেকেই ওই বিক্রেতার আর্থিক অবস্থার কথা জানতে পারেন তিনি।   পোস্টে দাবি করা হয়, ২০২৪ সালের দীপাবলির সময় একটি বাড়ি কেনেন ওই ফুচকা বিক্রেতা। ২০২৫ সালে আরও ৬০ লাখ রুপির সম্পত্তি কেনেন। বর্তমানে এক কোটি রুপি মূল্যের আরেকটি সম্পত্তি কেনার কথা ভাবছেন তিনি। এ জন্য প্রায় ৭০ লাখ রুপি নগদ পরিশোধ করতেও প্রস্তুত রয়েছেন।   ওই যুবক জানান, কয়েক বছর ধরে চাকরি, বাড়তি আয়ের উৎস, সঞ্চয় ও বিনিয়োগের মাধ্যমে তিনি প্রায় ৫২ লাখ ৭০ হাজার রুপির নিট সম্পদ গড়ে তুলেছেন। অথচ রাস্তার পাশে ফুচকা বিক্রি করা একজন ব্যবসায়ীর সম্পদের কথা শুনে তিনি বিস্মিত হয়েছেন।   তার দাবি, ওই ফুচকা বিক্রেতা সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ জনপ্রিয়। দোকানের পাশ দিয়ে যাওয়ার সময় প্রায়ই সেখানে ১০ থেকে ১৫ জন ক্রেতার ভিড় দেখতে পান তিনি।   পোস্টটি ছড়িয়ে পড়ার পর অনেকেই ক্ষুদ্র ব্যবসার আয়ের সম্ভাবনা নিয়ে ইতিবাচক মন্তব্য করেছেন। তাদের মতে, স্থায়ী দোকান ভাড়ার খরচ ছাড়াই নিয়মিত বিপুলসংখ্যক ক্রেতার কাছে খাবার বিক্রি করে ভালো মুনাফা অর্জনের সুযোগ রয়েছে।   তবে অনেকে বলছেন, একজন ব্যবসায়ীর সাফল্য দিয়ে পুরো খাতের আর্থিক অবস্থা বিচার করা উচিত নয়। ক্ষুদ্র ব্যবসায় আয়, বিনিয়োগ, পরিচালন ব্যয় ও লোকসানের ঝুঁকিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।   ওই ফুচকা বিক্রেতার পরিচয়, ব্যাংক হিসাব, সম্পত্তির মালিকানা ও আয়ের উৎস সম্পর্কে করা দাবিগুলো স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।    সংবাদসূত্র: এনডিটিভি প্রফিট   871-এসএ 

প্রকাশ: নভেম্বর ২৪, ২০২৬ ৭:২৫
‘কিল ওয়েব’ মার্কিন নৌবহর ধ্বংসে সক্ষম: চীনের অত্যাধুনিক দানবীয় টাইপ ০৫৫ যুদ্ধজাহাজ প্রকাশ্যে

‘কিল ওয়েব’ মার্কিন নৌবহর ধ্বংসে সক্ষম: চীনের অত্যাধুনিক দানবীয় টাইপ ০৫৫ যুদ্ধজাহাজ প্রকাশ্যে

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে হালাল গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে হালাল গরুর মাংস আমদানির প্রস্তাব মার্কিন রাষ্ট্রদূতের

আটলান্টিকে নিখোঁজ অভিবাসীদের পরিচয় উদ্ঘাটনে এক ব্রাজিলীয় কর্মকর্তার হৃদয়স্পর্শী লড়াই

আটলান্টিকে নিখোঁজ অভিবাসীদের পরিচয় উদ্ঘাটনে এক ব্রাজিলীয় কর্মকর্তার হৃদয়স্পর্শী লড়াই

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...