ভারতের উত্থান ঠেকাতে সামরিক-অর্থনৈতিক চাপ, পাকিস্তানকে হাতিয়ার করছে চীন
এশিয়ায় ভারতের ক্রমবর্ধমান অর্থনৈতিক ও সামরিক শক্তিকে সীমিত করতে বহুমুখী চাপ প্রয়োগ করছে চীন। বিতর্কিত সীমান্তে সামরিক উপস্থিতি বাড়ানো, পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা সহযোগিতা জোরদার, ভারত মহাসাগরে নৌ ও নজরদারি কার্যক্রম সম্প্রসারণের পাশাপাশি ভারতের শিল্প ও প্রযুক্তি খাতেও প্রভাব বিস্তারের চেষ্টা করছে বেইজিং। এমনকি দুই দেশের কূটনৈতিক সম্পর্কের বরফ গলতে শুরু করলেও ভারতের উত্থান ঠেকানোর কৌশল থেকে চীন সরে আসেনি বলে মনে করছে যুক্তরাষ্ট্রের একটি কংগ্রেসীয় কমিশন।
১৮ নভেম্বর প্রকাশিত যুক্তরাষ্ট্র-চীন অর্থনৈতিক ও নিরাপত্তা পর্যালোচনা কমিশনের (ইউএসসিসি) ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদনে এসব মূল্যায়ন তুলে ধরা হয়েছে। ‘চায়নাস আদার ফ্রন্ট: ইন্ডিয়া অ্যান্ড দ্য ফিউচার অব ইউএস স্ট্র্যাটেজি ইন দ্য ইন্দো-প্যাসিফিক’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক, অর্থনৈতিক, সামুদ্রিক ও অন্যান্য ক্ষেত্রে চাপ প্রয়োগ করে ভারতের আঞ্চলিক প্রভাব এবং দীর্ঘমেয়াদি অগ্রযাত্রা সীমিত করতে চাইছে বেইজিং।
কমিশনের ভাষ্য, বিশ্বের সর্বাধিক জনবহুল দেশ, বৃহত্তম গণতন্ত্র এবং পারমাণবিক শক্তিধর রাষ্ট্র হিসেবে ভারতের উত্থান চীনের জন্য একটি কৌশলগত চ্যালেঞ্জ। ভারতের সঙ্গে চীনের প্রায় ২ হাজার ১০০ মাইল দীর্ঘ অমীমাংসিত সীমান্ত রয়েছে। একই সঙ্গে ভারত মহাসাগরের গুরুত্বপূর্ণ নৌপথের ওপর ভারতের ভৌগোলিক অবস্থান বেইজিংয়ের জ্বালানি ও বাণিজ্যিক স্বার্থের জন্যও গুরুত্বপূর্ণ।
সীমান্তে সামরিক চাপ, পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা
প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সঙ্গে সীমান্ত বিরোধকে কৌশলগতভাবে ব্যবহার করছে চীন। ২০২০ সালে গালওয়ান উপত্যকায় সংঘর্ষে দুই দেশের সেনা সদস্যদের প্রাণহানির পর সম্পর্কের ব্যাপক অবনতি ঘটে। ২০২৪ সালের শেষ দিক থেকে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করার উদ্যোগ শুরু হলেও পারস্পরিক অবিশ্বাস এখনো কাটেনি।
কমিশনের পর্যবেক্ষণ অনুযায়ী, চীন একদিকে কূটনৈতিক সম্পর্ক উন্নয়নের চেষ্টা করছে, অন্যদিকে সীমান্তে সামরিক অবকাঠামো ও উপস্থিতি বাড়াচ্ছে। অরুণাচল প্রদেশের বিতর্কিত এলাকায় চীনা সেনাদের অবস্থান, নতুন ক্যাম্প, সড়ক ও সেতু নির্মাণের বিষয়টিও প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।
ভারতের নিরাপত্তার জন্য আরেকটি বড় উদ্বেগ হিসেবে পাকিস্তানের সঙ্গে চীনের সামরিক সহযোগিতাকে চিহ্নিত করেছে কমিশন। ২০২৫ সালের মে মাসে ভারত-পাকিস্তান সংঘাতের সময় চীনের ভূমিকার বিষয়টিও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ওই সংঘাতে পাকিস্তান চীনের কাছ থেকে কেনা অত্যাধুনিক অস্ত্র ব্যবহার করেছে বলে অভিযোগ রয়েছে। পাশাপাশি চীনের অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি করপোরেশনের (এভিআইসি) প্রকৌশলী ঝাং হেং ২০২৬ সালের মে মাসে চীনের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির এক সাক্ষাৎকারে জানান, ২০২৫ সালের সংঘাতের সময় তিনি ও তাঁর সহকর্মীরা পাকিস্তানে সরাসরি প্রযুক্তিগত সহায়তা দিয়েছিলেন।
এ ছাড়া সংঘাতের সময় পাকিস্তান চীনের কাছ থেকে স্যাটেলাইট চিত্র বা গোয়েন্দা তথ্য পেয়ে থাকতে পারে বলে ভারতীয় সামরিক কর্মকর্তাদের বক্তব্যও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে এ ধরনের গোয়েন্দা সহায়তার বিষয়টি চীন নিশ্চিত করেনি।
কমিশনের মতে, চীনের সামরিক সহায়তা পাকিস্তানকে শক্তিশালী করার পাশাপাশি ভারতের জন্য দুই সীমান্তে একসঙ্গে নিরাপত্তা সংকট মোকাবিলার ঝুঁকি বাড়াচ্ছে।
ভারতের অর্থনীতি ও প্রযুক্তি খাতেও চাপ
প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক চাপের পাশাপাশি অর্থনৈতিক নির্ভরতাকে ভারতের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ হাতিয়ার হিসেবে ব্যবহার করছে চীন। ভারতের ইলেকট্রনিকস, ব্যাটারি, ওষুধ ও পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদনশিল্পের বড় একটি অংশ চীনা যন্ত্রপাতি, কাঁচামাল, প্রযুক্তি ও দক্ষ জনবলের ওপর নির্ভরশীল। এই নির্ভরশীলতাকে কাজে লাগিয়ে ভারতের নিজস্ব উৎপাদন সক্ষমতা বৃদ্ধির পথে বাধা তৈরি করছে বেইজিং।
এর উদাহরণ হিসেবে ভারতের অ্যাপল সরবরাহকারী প্রতিষ্ঠান ফক্সকনের কারখানায় চীনা প্রকৌশলী ও উৎপাদন সরঞ্জাম সরবরাহে বিধিনিষেধের কথা উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ২০২৫ সালের জানুয়ারি থেকে ভারতীয় কারখানাগুলোতে চীনা প্রকৌশলীদের যাতায়াত ও যন্ত্রপাতি সরবরাহে বাধা তৈরি হয়। একই বছরের জুলাইয়ে ফক্সকন ভারত থেকে কয়েক শ চীনা প্রকৌশলী ফিরিয়ে নেয়। তাঁদের জায়গায় তাইওয়ানের কর্মী আনার উদ্যোগ নেওয়া হয়।
ব্যাটারি শিল্পেও চীনের রপ্তানি নিয়ন্ত্রণ ভারতের পরিকল্পনাকে বাধাগ্রস্ত করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। বিশেষ করে ব্যাটারি উৎপাদনের প্রযুক্তি ও যন্ত্রপাতি সরবরাহে বিধিনিষেধের কারণে ভারতের পরিচ্ছন্ন জ্বালানি খাতের উৎপাদন সক্ষমতা বাড়ানোর উদ্যোগ ব্যাহত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
ওষুধশিল্পেও চীনের প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালে চীনা উৎপাদকরা ৪১ ধরনের ওষুধের সক্রিয় উপাদান ও প্রাথমিক কাঁচামালের দাম ৪০ থেকে ৫০ শতাংশ পর্যন্ত কমিয়ে দেয়। কমিশনের মতে, ভারতের নতুন ওষুধের কাঁচামাল উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতায় পিছিয়ে দেওয়ার ক্ষেত্রে এই মূল্যহ্রাস ভূমিকা রেখেছে।
ভারত যুক্তরাষ্ট্রের বাজারেও গুরুত্বপূর্ণ সরবরাহকারী হয়ে উঠতে চায়। কিন্তু ভারতের শিল্পপ্রতিষ্ঠানগুলো চীনা কাঁচামাল ও প্রযুক্তির ওপর নির্ভরশীল থাকায় যুক্তরাষ্ট্রের জন্য চীনের বাইরে বিকল্প সরবরাহব্যবস্থা গড়ে তোলার পরিকল্পনাও জটিল হয়ে পড়ছে বলে প্রতিবেদনে সতর্ক করা হয়েছে।
ভারত মহাসাগরেও বাড়ছে চীনের উপস্থিতি
ভারত মহাসাগরে চীনের নৌবাহিনী, নজরদারি ও গবেষণামূলক জাহাজের কার্যক্রম সম্প্রসারণ নিয়েও উদ্বেগ জানিয়েছে কমিশন। প্রতিবেদনে বলা হয়েছে, ভারত মহাসাগরে দীর্ঘ সময় ধরে নৌ অভিযান পরিচালনার সক্ষমতা বাড়াতে সামরিক অবকাঠামো ও সরবরাহব্যবস্থা গড়ে তুলছে বেইজিং।
চীনের এই উপস্থিতি ভারতের দীর্ঘদিনের সামুদ্রিক কৌশলগত সুবিধাকে দুর্বল করতে পারে। একই সঙ্গে গুরুত্বপূর্ণ সমুদ্রপথে চীনের নজরদারি ও নৌ-তৎপরতা বাড়লে ভারতীয় নৌবাহিনীর ওপর অতিরিক্ত চাপ তৈরি হবে।
কমিশনের মতে, দক্ষিণ চীন সাগরে নিজেদের আঞ্চলিক দাবি প্রতিষ্ঠার ক্ষেত্রে চীন যেসব কৌশল ব্যবহার করেছে, ভারত মহাসাগরেও সেগুলোর প্রয়োগের লক্ষণ দেখা যাচ্ছে। ঐতিহাসিক অধিকারের দাবি এবং সমুদ্রতলের বিভিন্ন স্থানের নাম পরিবর্তনের মতো কর্মকাণ্ড ভবিষ্যতে আরও বিস্তৃত সামুদ্রিক দাবি প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করতে পারে।
ভারতের সঙ্গে সম্পর্ক জোরদারে যুক্তরাষ্ট্রকে পরামর্শ
প্রতিবেদনে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিক সহযোগিতা আরও গভীর করার সুপারিশ করা হয়েছে। কমিশনের মতে, এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবিলায় ভারত যুক্তরাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ কৌশলগত অংশীদার হতে পারে। বিশেষ করে ওষুধের কাঁচামাল উৎপাদন, সামরিক প্রযুক্তি, সেমিকন্ডাক্টর এবং গুরুত্বপূর্ণ সরবরাহব্যবস্থায় দুই দেশের সহযোগিতার সুযোগ রয়েছে।
এ জন্য যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ওষুধের গুরুত্বপূর্ণ কাঁচামাল উৎপাদনে বিনিয়োগ এবং দীর্ঘমেয়াদি ক্রয়চুক্তির প্রস্তাব দিয়েছে কমিশন। পাশাপাশি ভারত মহাসাগরে চীনা যুদ্ধজাহাজ ও সাবমেরিনের কার্যক্রম পর্যবেক্ষণে দুই দেশের মধ্যে গোয়েন্দা তথ্য বিনিময় এবং সমন্বিত নজরদারি বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
এ ছাড়া তিব্বতের বৌদ্ধ ধর্মগুরু দালাই লামার উত্তরসূরি নির্বাচনকে কেন্দ্র করে চীনের সম্ভাব্য প্রভাব মোকাবিলায় ভারতের সঙ্গে উচ্চপর্যায়ের যোগাযোগব্যবস্থা গড়ে তোলার পরামর্শ দেওয়া হয়েছে।
তবে কমিশন একই সঙ্গে স্বীকার করেছে, ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক ঘনিষ্ঠ হলেও নয়াদিল্লি নিজস্ব কৌশলগত স্বাধীনতা বজায় রাখতে চায়। ফলে ওয়াশিংটনের সঙ্গে সহযোগিতা বাড়লেও ভারত সব ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রনীতির সঙ্গে একমত হবে—এমন নিশ্চয়তা নেই।
প্রতিবেদনটি যুক্তরাষ্ট্রের কংগ্রেসের জন্য তৈরি কমিশনের মূল্যায়ন ও সুপারিশ। চীন ও ভারতের মধ্যে সম্পর্কের সাম্প্রতিক উন্নতির মধ্যেও বেইজিংয়ের দীর্ঘমেয়াদি কৌশলগত অবস্থান নিয়ে ওয়াশিংটনের উদ্বেগ কতটা গভীর, প্রতিবেদনটি তারই ইঙ্গিত দিচ্ছে।
সূত্র: ইউএস-চায়না ইকোনমিক অ্যান্ড সিকিউরিটি রিভিউ কমিশন
870 বিএইচ
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আন্তর্জাতিক
View moreইতালির পার্লামেন্ট অনুমোদিত নতুন শিক্ষাসংস্কার আইনে স্কুল ও সংশ্লিষ্ট কার্যক্রমের সময় বোরকা ও নিকাবসহ মুখ ঢেকে রাখার যেকোনো পোশাক পরা নিষিদ্ধ করা হয়েছে, যা অমান্য করলে সর্বোচ্চ ১ হাজার ইউরো জরিমানার বিধান রাখা হয়েছে। শিক্ষার্থী অপ্রাপ্তবয়স্ক হলে এই জরিমানার দায়ভার মা-বাবা বা আইনি অভিভাবকের ওপর বর্তাবে এবং রাষ্ট্রের শিক্ষাব্যবস্থায় পোশাক ও পরিচয়সংক্রান্ত নিয়মকানুন আরও কঠোরভাবে প্রয়োগের লক্ষ্য নিয়ে এই ধারা যুক্ত করা হয়েছে। একই আইনে প্রথম বর্ষের শ্রেণিকক্ষে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশে বেঁধে দেওয়া হয়েছে, তবে যেসব শিক্ষার্থীর ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা রয়েছে, তারা এই সীমা থেকে অব্যাহতি পাবে বলে উল্লেখ করা হয়েছে। প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির নেতৃত্বাধীন সরকারের এই উদ্যোগকে অভিবাসন ও সাংস্কৃতিক সংহতি নীতির অংশ হিসেবে দেখা হলেও বিরোধী দলগুলো এটিকে বৈষম্যমূলক ও ধর্মীয় স্বাধীনতার পরিপন্থী বলে তীব্র সমালোচনা করেছে। সমালোচকদের মতে, বোরকা বা নিকাব নিষিদ্ধ করার ফলে নির্দিষ্ট ধর্মীয় গোষ্ঠীর শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানে উপস্থিতি ও অংশগ্রহণ কমে যাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে, আর শ্রেণিকক্ষে ৩০ শতাংশ কোটা আরোপ করলে অভিবাসী ও বিদেশি বংশোদ্ভূত শিশুদের স্থানীয় সমাজ ও শিক্ষাব্যবস্থায় স্বাভাবিক একীভূতকরণ ব্যাহত হতে পারে। সব মিলিয়ে শিক্ষাক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ, ভাষাগত দক্ষতা, ধর্মীয় অধিকার এবং সামাজিক অন্তর্ভুক্তির ভারসাম্য নিয়ে ইতালির রাজনীতি ও নাগরিক সমাজে নতুন করে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।
মহাকাশে ১০ লাখ এআই স্যাটেলাইট পাঠাতে চায় স্পেসএক্স, ওজোন স্তর ও রাতের আকাশ নিয়ে শঙ্কা
ইরানে বেত্রাঘাতের পাশাপাশি ‘অনার কিলিং’-এর শিকার নারীরা, এক বছরে নিহত ১৫৯ জন
আফগানিস্তানে নারীদের নামের বদলে ‘বিবি’ লেখার নির্দেশ, চিকিৎসাপত্রেও নিষিদ্ধ আসল নাম
পৃথিবীর অন্যতম বিখ্যাত চিকিৎসা-আবিষ্কারগুলোর একটি ঘটেছিল একদম দুর্ঘটনাবশত, ল্যাবের প্লেট পরিষ্কার না করার কারণে। ১৯২৮ সালে লন্ডনের সেন্ট মেরিস হাসপাতালে বিজ্ঞানী আলেকজান্ডার ফ্লেমিং ব্যাকটেরিয়া নিয়ে কাজ করার সময় একটি প্লেটে স্ট্যাফিলোকক্কাস ব্যাকটেরিয়া চাষ করেছিলেন, যেখানে ভুলবশত ছত্রাক জন্মে যায়। ফ্লেমিং লক্ষ্য করেন যে ওই ছত্রাকের চারপাশের সব ব্যাকটেরিয়া মরে গেছে, অথচ দূরের ব্যাকটেরিয়াগুলো দিব্যি বেঁচে আছে। এই ব্যতিক্রমী পর্যবেক্ষণ থেকেই জন্ম নেয় কোটি প্রাণ বাঁচানো প্রথম অ্যান্টিবায়োটিক, যা আগেকার দিনে সামান্য সংক্রমণেও মানুষের মৃত্যুর ঝুঁকি অনেকখানি কমিয়ে দেয় এবং সংক্রামক রোগের চিকিৎসায় বিপ্লব ঘটায়। ফ্লেমিংয়ের এই গবেষণা ১৯২৯ সালে ব্রিটিশ জার্নাল অব এক্সপেরিমেন্টাল প্যাথলজিতে প্রকাশিত হয়। পরবর্তীতে অক্সফোর্ডের গবেষক ফ্লোরি ও চেইন এই আবিষ্কারকে কার্যকর ও ব্যবহারযোগ্য ওষুধে রূপ দেন, যা কোটি কোটি মানুষের জীবন রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে এবং ১৯৪৫ সালে এই তিন বিজ্ঞানী যৌথভাবে চিকিৎসাশাস্ত্রে নোবেল পুরস্কার লাভ করেন। সংশ্লিষ্টদের মতে, শুধু দুর্ঘটনাই যথেষ্ট ছিল না; প্লেটটি ফেলে না দিয়ে ফ্লেমিং সূক্ষ্মভাবে খেয়াল করেছিলেন বলেই মানবজাতি প্রাণঘাতী ব্যাকটেরিয়াজনিত সংক্রমণের বিরুদ্ধে শক্তিশালী প্রতিরোধ গড়ার পথ খুঁজে পেয়েছিল।
গালিগালাজ থেকে হ ত্যার হু মকি, যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়ে ইসলামভীতির শিকার মুসলিম শিক্ষার্থীরা
ব্ল্যাক ফ্রাইডে: আমাজনসহ শীর্ষ রিটেইলারে ১৯৭টির বেশি পণ্যে বড় ছাড়ের হিড়িক
নেতানিয়াহুর ক্ষমতা ধরে রাখার নতুন চাল, আইজেনকোটকে প্রধানমন্ত্রিত্ব ভাগাভাগির প্রস্তাব
কানাডার জনপ্রিয় খাবার পুতিন এবার যাচ্ছে মহাকাশে। দেশটির নভোচারী জশুয়া কুটরিকের জন্য বিশেষ উপহার হিসেবে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হচ্ছে এই ঐতিহ্যবাহী খাবার। তবে মহাকাশে খাওয়ার উপযোগী করতে খাবারটির প্রচলিত রেসিপিতে আনা হয়েছে বিশেষ পরিবর্তন। শুক্রবার (২৭ নভেম্বর) কানাডার মহাকাশ সংস্থা (সিএসএ) এ তথ্য জানিয়েছে। সংস্থাটি বলেছে, বিশেষ আপ্যায়ন হিসেবে নভোচারী জশুয়া কুটরিকের জন্য মহাকাশে পাঠানো হবে ফ্রিজ-ড্রাইড পুতিন। কানাডার ফরাসিভাষী অঞ্চল কুইবেকের ঐতিহ্যবাহী খাবার পুতিন সাধারণত ফ্রেঞ্চ ফ্রাই, গ্রেভি এবং পনির দিয়ে তৈরি করা হয়। তবে মহাকাশ স্টেশনে পাঠানোর জন্য খাবারটির একটি দুগ্ধজাত উপাদানমুক্ত ও নিরামিষ সংস্করণ তৈরি করা হয়েছে। মহাকাশে খাবার পাঠানোর নির্ধারিত নিয়ম মেনেই এই বিশেষ সংস্করণ তৈরি করা হয়েছে। এ জন্য কানাডার মহাকাশ সংস্থা কুইবেকের শেফ ইভ লোর সঙ্গে কাজ করেছে। তিনি বর্তমানে এনএইচএলের মন্ট্রিয়ল কানাডিয়ান্স দলের প্রধান শেফ হিসেবেও দায়িত্ব পালন করছেন। ইনস্টাগ্রামে শেফ ইভ লো জানিয়েছেন, জশুয়া যেন মহাকাশে বসে নিজের প্রিয় খাবার খেতে গিয়ে বাড়ির পরিবেশ অনুভব করতে পারেন, সেই ভাবনা থেকেই বিশেষ পুতিন তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্রিজ-ড্রাইড বা হিমায়িত করে পানিশূন্য করা এই খাবারটি আগামী সপ্তাহান্তে উৎক্ষেপণের কথা থাকা একটি সরবরাহ অভিযানের মাধ্যমে আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে পাঠানো হবে। সূত্র: এএফপি
বাংলাদেশিদের জন্য নেদারল্যান্ডসে ৩০ লাখ টাকার বৃত্তিসহ মাস্টার্স করার সুযোগ! জেনে নিন কারা করতে পারবে আবেদন এবং শেষ সময় কবে
ফোনের রেডিয়েশন ঠেকাতে গোবর মাখার পরামর্শ ভারতীয় ধর্মগুরুর, নিজেও রাখেন ফোনে

