সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
বিজ্ঞান

কক্ষপথে নতুন অতিথি: পৃথিবীর আকাশে এখন একটা নয়, দুটো চাঁদ!

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ৪:২৪
কক্ষপথে নতুন অতিথি: পৃথিবীর আকাশে এখন একটা নয়, দুটো চাঁদ!
কক্ষপথে নতুন অতিথি: পৃথিবীর আকাশে এখন একটা নয়, দুটো চাঁদ!

পৃথিবী বর্তমানে তার নিজস্ব চাঁদের পাশাপাশি দ্বিতীয় আরেকটি অস্থায়ী চাঁদ বা ‘মিনি-মুন’-কে আতিথেয়তা দিচ্ছে। গত এপ্রিল মাসে পৃথিবীর মাধ্যাকর্ষণ শক্তির টানে এই ক্ষুদ্র গ্রহাণুটি আমাদের গ্রহের কক্ষপথে আটকা পড়ে।

 

প্রায় ২ মিটার (৬ ফুট) ব্যাসের এই অস্থায়ী ‘মিনি-মুন’টি আগামী ডিসেম্বরের শুরু পর্যন্ত পৃথিবীর কক্ষপথে অবস্থান করবে। এরপর এটি পৃথিবীর মাধ্যাকর্ষণ বলয় ছেড়ে পুনরায় সূর্যকে কেন্দ্র করে নিজের কক্ষপথে ফিরে যাবে বলে ধারণা করছেন বিজ্ঞানীরা।

 

আকারে অত্যন্ত ছোট এবং অনুজ্জ্বল হওয়ায় মহাকাশবিজ্ঞানীদের এটি পর্যবেক্ষণ করতে বেশ বেগ পেতে হয়েছে। এটি কোনো অকেজো স্যাটেলাইট বা মহাকাশ বর্জ্যের অংশ কি না, তা নিশ্চিত হতে বিজ্ঞানীদের কয়েক সপ্তাহ সময় লেগে যায়। অবশেষে গত অক্টোবরের শেষের দিকে ইন্টারন্যাশনাল অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিয়নের ‘মাইনর প্ল্যানেট সেন্টার’ (এমপিসি) নতুন এই মহাজাগতিক বস্তুটির নামকরণ করে ‘২০২৬ কিউকিউ৮’ (2026 QQ8)।

 

পৃথিবীর কক্ষপথে অস্থায়ী চাঁদ কি নতুন কিছু?

জ্যোতির্বিজ্ঞানের ভাষায় ‘মিনি-মুন’ কোনো আনুষ্ঠানিক নাম না হলেও, পৃথিবীর কক্ষপথে সাময়িকভাবে আটকে পড়া প্রাকৃতিক বস্তুগুলোকে বোঝাতে বিজ্ঞানীরা এই নামটি ব্যবহার করেন। এর আগে ‘২০০৬ আরএইচ১২০’ প্রায় এক বছর এবং ‘২০২০ সিডি৩’ প্রায় তিন বছর পৃথিবীর কক্ষপথে এভাবে অবস্থান করেছিল।

 

মাইনর প্ল্যানেট সেন্টারের পরিচালক ম্যাথিউ পেইন জানান, পৃথিবীর চারপাশে এমন ক্ষণস্থায়ী সঙ্গী থাকা অস্বাভাবিক কিছু নয়। তিনি বলেন, ‘গড়ে যেকোনো সময়ই পৃথিবীর কক্ষপথে এমন অন্তত একটি বস্তু থাকে। এরা কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস পর্যন্ত অবস্থান করে। কখনো একটিও থাকে না, আবার কখনো একাধিকও থাকতে পারে।’

 

আকারে অত্যন্ত ছোট ও দ্রুতগতির হওয়ায় প্রচলিত টেলিস্কোপের নজর এড়িয়ে যায় বলেই এমন মহাজাগতিক অতিথির তালিকা খুব একটা দীর্ঘ নয়।

 

পৃথিবীর জন্য কোনো ঝুঁকি আছে কি?

‘২০২৬ কিউকিউ৮’ পৃথিবীতে আঘাত হানতে পারে—এমন কোনো আশঙ্কা আপাতত নেই। বিজ্ঞানীদের মতে, গ্রহাণুটি আকারে এতটাই ছোট যে এটি পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করলেও কোনো ক্ষতি না করেই পুড়ে ছাই হয়ে যাবে। ম্যাথিউ পেইনের ভাষায়, ‘সর্বোচ্চ যেটা হতে পারে তা হলো, রাতের আকাশে একটি উজ্জ্বল উল্কাপাত এবং মৃদু শব্দ।’

 

শনাক্তকরণের নেপথ্যে

হাঙ্গেরির কনকোলি অবজারভেটরির গবেষণা সমন্বয়ক ও জ্যোতির্বিজ্ঞানী ক্রিশ্চিয়ান সারনেজকি গত আগস্ট মাসে প্রথম এই বস্তুটি শনাক্ত করেন এবং সাময়িকভাবে এর নাম দেন ‘সার২৯০১’ (Sar2901)। শুরুতে এটিকে সাধারণ গ্রহাণু মনে হলেও সূক্ষ্ম কক্ষপথ গণনার পর এর বিশেষত্ব ধরা পড়ে। পরবর্তীতে অ্যারিজোনার লোয়েল ডিসকভারি টেলিস্কোপ এবং হাওয়াই বিশ্ববিদ্যালয়ের ২.২-মিটার টেলিস্কোপের সাহায্যে সূর্যের বিকিরণের প্রভাব বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া যায় যে এটি কোনো কৃত্রিম বস্তু নয়, বরং একটি প্রাকৃতিক গ্রহাণু।

 

বিজ্ঞানীদের ধারণা, মঙ্গল ও বৃহস্পতি গ্রহের মধ্যবর্তী ‘অ্যাস্টেরয়েড বেল্ট’ বা গ্রহাণুপুঞ্জ থেকেই এর উৎপত্তি। ধীরগতিতে পৃথিবীর কাছাকাছি চলে আসায় পৃথিবী ও চাঁদের যৌথ মাধ্যাকর্ষণ শক্তির প্রভাবে এটি সাময়িকভাবে পৃথিবীর চারদিকে ঘুরতে শুরু করেছে।

 

ম্যাথিউ পেইন জানান, জ্যোতির্বিজ্ঞানীরা এখন পর্যন্ত সৌরজগতে প্রায় ১৫ লাখ মহাজাগতিক বস্তু শনাক্ত করেছেন। তবে চিলিতে অবস্থিত বিশ্বের বৃহত্তম ডিজিটাল ক্যামেরাসমৃদ্ধ ‘ভেরা সি. রুবিন অবজারভেটরি’র ১০ বছর মেয়াদি জরিপ (এলএসএসটি) পুরোদমে শুরু হলে এই সংখ্যা বেড়ে ৫০ লাখে পৌঁছাবে বলে আশা করা হচ্ছে। সূত্র: সিএনএন।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

বিজ্ঞান

View more
প্রাগৈতিহাসিক যুগেও শিশুদের দেওয়া হতো কারিগরি শিক্ষা: নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য
প্রাগৈতিহাসিক যুগেও শিশুদের দেওয়া হতো কারিগরি শিক্ষা: নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রাগৈতিহাসিক যুগে কৃষিকাজ শুরু হওয়ার কয়েক হাজার বছর আগেই মানুষ মাটি দিয়ে নিপুণ ভাস্কর্য তৈরি করত এবং পরবর্তী প্রজন্মের কাছে সেই শিল্পচর্চা পৌঁছে দিত—সাম্প্রতিক এক প্রত্নতাত্ত্বিক গবেষণায় এমনই চমকপ্রদ তথ্য উঠে এসেছে। ১৫ হাজার থেকে ১২ হাজার বছর আগের নাট্যুফিয়ান (Natufian) সংস্কৃতির তৈরি ছোট ছোট মাটির মূর্তিতে প্রাপ্তবয়স্ক ও শিশুর আঙুলের ছাপ বিশ্লেষণ করে গবেষকেরা প্রাচীন যুগে হাতে-কলমে শিক্ষা বা 'অ্যাপ্রেন্টিসশিপ'-এর (শিক্ষানবিশি) বিরল প্রমাণ পেয়েছেন।   আন্তর্জাতিক বিজ্ঞান সাময়িকী পিএলওএস ওয়ান (PLOS ONE)-এ প্রকাশিত এই গবেষণাটি পরিচালনা করেছেন হিব্রু ইউনিভার্সিটি অব জেরুজালেমের প্রত্নতাত্ত্বিকেরা। বর্তমান ইসরায়েলের তিনটি প্রত্নতাত্ত্বিক এলাকা—আইনান-মালাহা (Eynan-Mallaha), হায়োনিম টেরেস (Hayonim Terrace) এবং এল-ওয়াদ টেরেস (el-Wad Terrace)—থেকে সংগৃহীত প্রায় ৪০ কিলোগ্রাম মাটি ও ধ্বংসাবশেষের খণ্ড পরীক্ষা করে গবেষকেরা এ তথ্য নিশ্চিত করেছেন। এর অনেকগুলোই কয়েক দশক আগে খননের সময় সংগৃহীত হয়েছিল।   মূর্তিতে ওভারল্যাপিং আঙুলের ছাপ গবেষকেরা ১৫৪টি মাটির মূর্তি ও খণ্ডাংশ পরীক্ষা করেছেন; এর মধ্যে ১৫টি মূর্তিতে পাখি, স্তন্যপায়ী প্রাণী, গজেল হরিণ এবং মানুষের অবয়ব স্পষ্টভাবে শনাক্ত করা গেছে, আর বাকি ১৩৯টি খণ্ডাংশ অন্যান্য ভাস্কর্যের অংশ বলে ধারণা করা হচ্ছে। সবচেয়ে কৌতূহল জাগিয়েছে এসব ভাস্কর্যে লেগে থাকা আঙুলের ছাপ।   আইনান-মালাহা থেকে পাওয়া একটি মানবাকৃতির ক্ষুদ্র মূর্তির পেছনে দুজনের আঙুলের ছাপ পাওয়া গেছে। আণুবীক্ষণিক বিশ্লেষণে দেখা গেছে, প্রথম ছাপটি সম্ভবত একজন তরুণ বা প্রাপ্তবয়স্ক নারীর, আর তার ওপর পড়েছে ১৫ বছরের কম বয়সী একটি শিশুর ছোট আঙুলের ছাপ। কাদা নরম থাকা অবস্থাতেই হাতবদলের এই ক্রম ইঙ্গিত দেয় যে, কোনো বয়োজ্যেষ্ঠ ব্যক্তি মূর্তিটি গড়ার সময় শিশুটিকে হাতে ধরে শেখাচ্ছিলেন বা কাজটি তার হাতে তুলে দিয়েছিলেন।   এ ছাড়া একটি ক্ষুদ্র পাখির মূর্তিতে ১০ বছরের কম বয়সী শিশুর আঙুলের ছাপ পাওয়া গেছে। আরেকটি মাটির সিলিন্ডারে অপেক্ষাকৃত বড় শিশুর দুটি আঙুলের ছাপ রয়েছে—একটি কাদা ভেজা থাকা অবস্থায় গড়ার সময় এবং অন্যটি লালচে মাটির প্রলেপ মসৃণ করার সময় পড়েছিল। গবেষকদের মতে, এটি লাল মাটির প্রলেপ বা 'এনগোব' (engobe) ব্যবহারের প্রাচীনতম প্রমাণগুলোর একটি, যা ১৫ হাজার বছর পুরনো।   পাখির ভঙ্গি ও প্রাকৃতিক জ্ঞান শনাক্ত হওয়া ১৫টি মূর্তির মধ্যে ১১টিই পাখির আদলে গড়া। কোনোটিতে পালকের সূক্ষ্ম কারুকাজ দেখা গেছে, আবার কোনো পাখির মাথা নিচের দিকে ঝুঁকিয়ে একপাশে বাঁকানো অবস্থায় রাখা হয়েছে। গবেষকদের ধারণা, প্রজনন মৌসুমে হাঁস বা জলচর পাখির প্রণয়ঘটিত আচরণ বা ভঙ্গি ফুটিয়ে তোলার জন্যই এমন রূপ দেওয়া হয়েছিল।   গবেষণার প্রধান সমন্বয়ক ড. লরেন্ট ডেভিন এবং তাঁর সহগবেষকেরা মনে করছেন, এসব মূর্তি কেবল নিছক খেলনা বা সাজসজ্জার সামগ্রী ছিল না। দৈনন্দিন ব্যবহারের চেয়ে বিশেষ ঋতু বা আচার-অনুষ্ঠানে এগুলোর ব্যবহার বেশি হয়ে থাকতে পারে। এর মাধ্যমে প্রকৃতির আচরণ, ঋতু পরিবর্তন এবং প্রাণীজগতের জ্ঞান প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দেওয়া এবং গল্প বলার মতো সাংস্কৃতিক চর্চাও যুক্ত ছিল।   প্রচলিত ধারণায় নতুন প্রশ্ন ঐতিহাসিকভাবে ধারণা করা হয়, মানুষ যখন যাযাবর জীবন ছেড়ে স্থায়ী বসতি গড়ে এবং কৃষিকাজ শুরু করে (নব্যপ্রস্তর যুগ বা নিওলিথিক পিরিয়ড), তখনই মাটির ভাস্কর্য ও শিল্পচর্চার বিস্তার ঘটে। কিন্তু নাট্যুফিয়ান জনগোষ্ঠী কৃষির প্রসারের হাজার হাজার বছর আগেই যে উন্নত মানের মাটির ভাস্কর্য তৈরি ও যৌথভাবে চর্চা করত, এই আবিষ্কার সেই ধারণাকে নতুন করে ভাবতে বাধ্য করছে। সূত্র: জেডএমই সায়েন্স।  

প্রকাশ: নভেম্বর ২৩, ২০২৬ ৫:৫৭
৫০০ বছর আগের ইনকা ‘আইস মামি’দের শেষ মুহূর্তের অজানা রহস্য উন্মোচন

৫০০ বছর আগের ইনকা ‘আইস মামি’দের শেষ মুহূর্তের অজানা রহস্য উন্মোচন

কক্ষপথে নতুন অতিথি: পৃথিবীর আকাশে এখন একটা নয়, দুটো চাঁদ!

কক্ষপথে নতুন অতিথি: পৃথিবীর আকাশে এখন একটা নয়, দুটো চাঁদ!

চাঁদের মাটির মতো তৈরি খনিজ মিশ্রণে কেঁচো সার যোগ করে আলু ফলিয়েছেন ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকেরা। ছবি: সংগৃহীত

চাঁদের মাটিতে আলু চাষ, মহাকাশে খাবার উৎপাদনে নাসার নতুন সাফল্য

গণিতের সবচেয়ে বিখ্যাত ও কঠিন সমস্যা! ১৭০ বছরের রহস্য ৬ সপ্তাহে সমাধান করলো এআই!
গণিতের সবচেয়ে বিখ্যাত ও কঠিন সমস্যা! ১৭০ বছরের রহস্য ৬ সপ্তাহে সমাধান করলো এআই!

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই (AI) ব্যবহার করে প্রায় ১৭০ বছরের পুরোনো ও বিশ্বখ্যাত গাণিতিক সমস্যা ‘রিমান হাইপোথিসিস’ সমাধানের দাবি করেছেন মার্কিন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রপিকের এক কর্মী ও গণিতবিদ। প্রমাণটি সঠিক বলে বিবেচিত হলে এটি হবে বিজ্ঞানের ইতিহাসে অন্যতম যুগান্তকারী অর্জন।   অ্যানথ্রপিকের গণিতবিদ লেভেন্ট আলপোগে জানান, প্রতিষ্ঠানের তৈরি ‘ক্লদ’ (Claude) চ্যাটবটের অপ্রকাশিত একটি বিশেষ সংস্করণ ব্যবহার করে তিনি প্রায় ছয় সপ্তাহের চেষ্টায় এই গাণিতিক সমস্যার বিস্তারিত প্রমাণ তৈরি করেছেন। যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে অ্যানথ্রপিকের যাত্রা শুরুর ঠিক পরদিন তিনি এই ঘোষণা দেন। নিজের এই আবিষ্কারকে ‘বিজ্ঞানের জগতে আরও বৃহৎ কিছুর সূচনা’ হিসেবে অভিহিত করেছেন আলপোগে।   ১৮৫৯ সালে জার্মান গণিতবিদ বার্নহার্ড রিমান এই তত্ত্বটি প্রস্তাব করেছিলেন। মৌলিক সংখ্যার (Prime Numbers) বিন্যাস সংক্রান্ত এই সমস্যাটি জটিলতার কারণে বিশ্বজুড়ে গণিতের সবচেয়ে বিখ্যাত ও কঠিন অমীমাংসিত সমস্যা হিসেবে পরিচিত। যেহেতু মৌলিক সংখ্যা উচ্চতর গণিতের মূল ভিত্তি, তাই এর সমাধান গণিত ও বিজ্ঞানের বিভিন্ন শাখায় সুদূরপ্রসারী প্রভাব ফেলবে।   গাণিতিক প্রমাণ যাচাইয়ের কম্পিউটার ভাষা ‘লিন’ (Lean)-এ উপস্থাপিত আলপোগের এই সম্পূর্ণ প্রমাণটির দৈর্ঘ্য আড়াই লাখ পৃষ্ঠারও বেশি। তবে খ্যাতনামা গণিতবিদ টেরেন্স তাও জানিয়েছেন, প্রমাণটি নির্ভুল কি না তা যাচাই করতে এখনো বেশ সময় লাগবে। তিনি বলেন, বিষয়টি বিশ্লেষণ করা সময়সাপেক্ষ হলেও এবার অন্তত দিকনির্দেশনা দেওয়ার জন্য একজন মানব গবেষক সামনে রয়েছেন।   শেয়ারবাজারে অ্যানথ্রপিকের তালিকাভুক্তির ঠিক পরপরই এমন ঘোষণা আসায় ব্যবসায়িক উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে স্বীকার করেছেন আলপোগে। তবে তিনি জানান, গত রোববারই তিনি বিষয়টি প্রকাশের ব্যাপারে প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী দারিও আমোদেইর সঙ্গে যোগাযোগ করেছিলেন। সময়টি কাকতালীয়ভাবে খারাপ হলেও এর পেছনে কোনো ব্যবসায়িক কৌশল নেই বলে দাবি করেন তিনি।   সাম্প্রতিক মাসগুলোতে এআই কোম্পানিগুলোর মধ্যে জটিল গাণিতিক সমস্যা সমাধানের এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়েছে। এর আগে গত সেপ্টেম্বরে প্রতিদ্বন্দ্বী প্রতিষ্ঠান ওপেনএআই ১০ হাজারের বেশি এআই এজেন্ট ব্যবহার করে মাত্র ৮৮ ঘণ্টায় প্রবাহী পদার্থবিজ্ঞানের জটিল ‘নেভিয়ার-স্টোকস’ সমীকরণের একটি অংশ সমাধানের দাবি করেছিল। পরের মাসে তারা আরও ৩৭২টি অমীমাংসিত গাণিতিক সমস্যার সমাধান বা অগ্রগতির কথা জানায়।   এদিকে এআই ব্যবহার করে এভাবে বড় বড় গাণিতিক সমস্যার সমাধান দাবি করার প্রবণতায় উদ্বেগ প্রকাশ করেছেন একদল গণিতবিদ। এক যৌথ বিবৃতিতে তারা বলেন, বাণিজ্যিক পণ্যের উৎকর্ষ দেখাতে এআই কোম্পানিগুলোর এমন প্রচারণা গণিত বিজ্ঞানের জন্য ক্ষতিকর এবং এটি বুদ্ধিবৃত্তিক কাজের জন্য হুমকিস্বরূপ। তাদের মতে, বিশেষজ্ঞদের মাধ্যমে এসব দাবির সত্যতা পুরোপুরি যাচাই করতে কয়েক মাস কিংবা তারও বেশি সময় লেগে যেতে পারে। সূত্র: বিবিসি।

প্রকাশ: নভেম্বর ২১, ২০২৬ ৫:১৬
আট বছরের দীর্ঘ যাত্রার অবসান, রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছাতে যাচ্ছে ‘বেপিকলম্বো’         ছবি: এআই দিয়ে তৈরি

আট বছরের দীর্ঘ যাত্রার অবসান, রহস্যময় বুধ গ্রহের কক্ষপথে পৌঁছাতে যাচ্ছে ‘বেপিকলম্বো’

পৃথিবী থেকে এক আলোক-দিন দূরত্ব অতিক্রম করে ইতিহাস গড়েছে নাসার মহাকাশযান ভয়েজার-১। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

পৃথিবী থেকে এক আলোক-দিন দূরে পৌঁছে ইতিহাস গড়ল নাসার ভয়েজার-১

নিউগ্রেঞ্জের ৫ হাজার বছরের রহস্যময় ‘আলোর খেলা’ যেভাবে পুনরাবিষ্কৃত হলো

নিউগ্রেঞ্জের ৫ হাজার বছরের রহস্যময় ‘আলোর খেলা’ যেভাবে পুনরাবিষ্কৃত হলো

মহাকাশযান ‘ভয়েজার ১’ (Voyager 1)
মহাকাশে মানবপ্রযুক্তির ইতিহাস: পৃথিবী থেকে এক আলোক-দিন দূরে ভয়েজার ১

যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার মহাকাশযান ‘ভয়েজার ১’ (Voyager 1) মানব ইতিহাসে এক নতুন মাইলফলক স্পর্শ করতে চলেছে। পৃথিবী থেকে এটি এখন প্রায় এক আলোক-দিন দূরত্বে অবস্থান করছে। মহাকাশে মহাবিশ্বের দ্রুততম মাধ্যম হিসেবে পরিচিত আলোর পক্ষে এই দূরত্ব অতিক্রম করতে পূর্ণ ২৪ ঘণ্টা বা এক দিন সময় লাগে।   ১৯৭৭ সালে মহাশূন্যে পাড়ি জমানোর পর থেকে প্রায় ৪৯ বছর ধরে সফলভাবে যাত্রা অব্যাহত রাখা এই রোবটিক প্রোবটি এখন আমাদের চেনা সৌরজগতের বাইরে ইন্টারস্টেলার স্পেস বা নক্ষত্রমণ্ডলীয় শূন্যতায় অবস্থান করছে। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই সুদূর দূরত্বে পৌঁছানো কোনো মানবনির্মিত প্রথম বস্তু হলো এই ভয়েজার ১।   মহাকাশের এই অবিশ্বাস্য দূরত্বকে সহজভাবে বোঝাতে গবেষকরা কিছু চমকপ্রদ তুলনা তুলে ধরেছেন। ঘণ্টায় ৫৫৪ কিলোমিটার বেগের কোনো জেট প্লেনে চড়ে এই দূরত্ব পাড়ি দিতে চাইলে প্রায় ৩,৩৪০ বছর সময় লাগবে এবং ফুয়েল ফুরিয়ে যাবে। অর্থাৎ প্রাচীন মিসরের ফারাও তুতেনখামেনের রাজত্বকালের সময় কোনো বিমান যাত্রা শুরু করলে তা আজ গিয়ে পৌঁছাত। এমনকি ঘণ্টায় ৬ মাইল বেগে মহাশূন্যে গাড়ি চালালে এই যাত্রায় প্রায় ২৮,২৫০ বছর লেগে যেত, যা শুরু হয়েছিল বরফ যুগের (Ice Age) সময়ে   হাকাশযানটির বর্তমান দূরত্বের কারণে পৃথিবী থেকে কোনো সিগন্যাল বা বার্তা পাঠালে তা পৌঁছাতে পূর্ণ ২৪ ঘণ্টা সময় নেয় এবং সেখান থেকে জবাব আসতে আরও ২৪ ঘণ্টা, অর্থাৎ মোট ৪৮ ঘণ্টার দীর্ঘ অপেক্ষা করতে হয় বিজ্ঞানীদের। ভয়েজার ১-এর এই ঐতিহাসিক অর্জনকে উদ্‌যাপন করতে নাসা বিশ্বজুড়ে মহাকাশপ্রেমীদের রাতে আকাশে ফ্ল্যাশলাইট বা ফোনের আলো জ্বেলে ‘মর্স কোড’ (Morse Code)-এর মাধ্যমে ‘ভিজিআর’ (VGR) সংকেত পাঠানোর আহ্বান জানিয়েছে। দীর্ঘ প্রায় পাঁচ দশক ধরে মানবজাতির প্রকৌশল বিদ্যার উৎকর্ষের প্রতীক হয়ে মহাশূন্যের অজানা রহস্য ভেদ করে চলেছে এই মহাকাশযান। উৎস: নাসা, ম্যাশেবল।

প্রকাশ: নভেম্বর ১৭, ২০২৬ ১৩:১৪
একই সাথে দ্রুত ও ধীরগতিতে চলতে পারে সময়! কোয়ান্টাম জগতের অদ্ভুত রহস্য উন্মোচন করলেন বিজ্ঞানীরা

একই সাথে দ্রুত ও ধীরগতিতে চলতে পারে সময়! কোয়ান্টাম জগতের অদ্ভুত রহস্য উন্মোচন করলেন বিজ্ঞানীরা

রাতের আকাশে নামছে মহাজাগতিক আলোর মিছিল, দেখা যাবে যেভাবে

রাতের আকাশে নামছে মহাজাগতিক আলোর মিছিল, দেখা যাবে যেভাবে

৩০ লাখ বছরের পুরোনো এক শিশুর খুলি বদলে দিচ্ছে মানব বিবর্তনের ইতিহাস

৩০ লাখ বছরের পুরোনো এক শিশুর খুলি বদলে দিচ্ছে মানব বিবর্তনের ইতিহাস

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...