কুয়েত

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর ভয়াবহ অগ্নিকাণ্ড
কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার পর ভয়াবহ অগ্নিকাণ্ড

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরকে লক্ষ্য করে ড্রোন হামলার অভিযোগ উঠেছে ইরানের বিরুদ্ধে। এতে বিমানবন্দরের জ্বালানি সংরক্ষণ এলাকায় বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। বুধবার (১ এপ্রিল) সকালে কুয়েতি কর্তৃপক্ষ এ তথ্য জানায়।   দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আব্দুল্লাহ আল-রাজি জানান, ইরান এবং তাদের মিত্র সশস্ত্র গোষ্ঠীগুলো এই হামলা চালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তিনি বলেন, হামলায় একটি জ্বালানি ট্যাংকারে আঘাত হানার ফলে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে।   তিনি আরও জানান, জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে কাজ করছেন। কিছু অবকাঠামোগত ক্ষতি হলেও এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।   এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার পর থেকে উত্তেজনা বাড়তে থাকে। ওই ঘটনার জেরে উপসাগরীয় অঞ্চলে অবস্থানরত মার্কিন স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা পদক্ষেপ নেওয়ার কথা জানায় ইরান। এর অংশ হিসেবে বিমানবন্দরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনাও ঝুঁকির মধ্যে রয়েছে বলে ধারণা করা হচ্ছে। ইরানের অভিযোগ, কিছু আরব দেশ তাদের বিমানবন্দর যুক্তরাষ্ট্রের সামরিক কাজে ব্যবহারের সুযোগ দিচ্ছে।   এদিকে, একই দিনে বাহরাইনেও হামলার খবর পাওয়া গেছে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, একটি প্রতিষ্ঠানের অবকাঠামোতে আগুন লেগেছে, যা নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস কাজ করছে। তবে ঠিক কোন প্রতিষ্ঠানকে লক্ষ্য করে হামলা চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।   এর আগে ইরান ঘোষণা দিয়েছিল, মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র-সম্পৃক্ত কোম্পানিগুলোকেও তারা লক্ষ্যবস্তুতে পরিণত করতে পারে।   সূত্র: আলজাজিরা

ডেস্ক রিপোর্ট এপ্রিল ১, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
কুয়েতের বিদ্যুৎ ও পানি সুবিধায় ইরানের হামলায় ভারতীয় শ্রমিক নিহত

ইরানের সামরিক হামলায় কুয়েতের গুরুত্বপূর্ণ বিদ্যুৎ ও পানি শোধনাগার ক্ষতিগ্রস্ত হয়েছে, যেখানে একজন ভারতীয় শ্রমিক নিহত হয়েছেন। সোমবার (৩০ মার্চ) কুয়েত কর্তৃপক্ষ এই ঘটনা নিশ্চিত করেছে।   কুয়েতের বিদ্যুৎ ও পানি মন্ত্রণালয় জানায়, দেশের রাষ্ট্রীয় অবকাঠামোর ওপর ইরানের চলমান আগ্রাসনের অংশ হিসেবে এই শোধনাগারের সার্ভিস ভবনকে লক্ষ্যবস্তু করা হয়েছিল। হামলায় একজন বিদেশি শ্রমিক নিহত হওয়ার পাশাপাশি স্থাপনার অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে। ঘটনার পর বিশেষ কারিগরি ও জরুরি উদ্ধারকারী দলগুলো দ্রুত ঘটনাস্থলে পাঠানো হয় এবং প্ল্যান্টের কার্যক্রম পুনরায় স্বাভাবিক করতে কাজ চালাচ্ছে।   তেহরানের পক্ষ থেকে এখনও এই হামলার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ইরানের কিছু রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কুয়েতি মন্ত্রণালয়ের বরাত দিয়ে হামলার খবর প্রচার করেছে এবং শোধনাগারের ক্ষয়ক্ষতির বিষয়টি স্বীকার করেছে। গত ২৮ ফেব্রুয়ারি মধ্যপ্রাচ্যে ইরান ও মার্কিন-ইসরায়েলি জোটের মধ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কুয়েত বারবার লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে। আল জাজিরার কুয়েত প্রতিনিধি মালিক ট্রাইনা জানিয়েছেন, এই সংঘাতের প্রভাব কুয়েতের ওপর সরাসরি পড়ছে এবং দেশটি প্রায় প্রতিদিনই আকাশপথের হামলার মোকাবিলা করছে।   কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, সংঘাত সম্প্রতি চরম পর্যায়ে পৌঁছেছে। মাত্র গত রোববার (২৯ মার্চ) সন্ধ্যায় কুয়েতের আকাশসীমায় অন্তত ১৪টি ক্ষেপণাস্ত্র এবং ১২টি ড্রোন শনাক্ত হয়েছে। এদের মধ্যে কিছু ড্রোন সামরিক ক্যাম্পের ওপর আঘাত হানে, যেখানে ১০ জন সেনাসদস্য গুরুতর আহত হয়েছেন এবং বর্তমানে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।   কুয়েতি কর্মকর্তারা মনে করছেন, বেসামরিক স্থাপনা ও সামরিক ক্যাম্পে হামলা আঞ্চলিক স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে। বিশেষ করে পানি শোধনাগারের মতো জনগুরুত্বপূর্ণ স্থানে হামলার ফলে সাধারণ মানুষের জীবনযাত্রায় বড় ধরনের সংকট তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে।   মধ্যপ্রাচ্য এই যুদ্ধের প্রভাবে এক চরম অনিশ্চয়তার মধ্যে রয়েছে। ইরান বনাম মার্কিন-ইসরায়েলি জোটের এই সংঘাতে কুয়েতের মতো প্রতিবেশী দেশগুলো সরাসরি জড়িত না হলেও তাদের ভৌগোলিক অবস্থানের কারণে ক্ষতির সম্মুখীন হচ্ছে। কুয়েত সরকার হামলার তীব্র নিন্দা জানিয়ে আন্তর্জাতিক মহলে এই আগ্রাসন বন্ধের আহ্বান জানিয়েছে।   এছাড়া নিহত ভারতীয় শ্রমিকের পরিবারের প্রতি শোক প্রকাশ করে কুয়েত সরকার জানিয়েছে, তারা হতাহতদের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করছে। যুদ্ধের এই পরিস্থিতি দক্ষিণ এশীয় অভিবাসী শ্রমিকদের নিরাপত্তার বিষয়টিকেও এক বড় উদ্বেগের কারণ হয়ে উঠেছে।   তথ্যসূত্র: আল জাজিরা

ডেস্ক রিপোর্ট মার্চ ৩০, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
কুয়েতের দুই বন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা

কুয়েতের শুয়াইখ ও মুবারক আল-কাবির—এই দুই গুরুত্বপূর্ণ বন্দরে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে দেশটির কর্তৃপক্ষ জানিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি তুলে ধরা হয়েছে।   শুক্রবার (২৭ মার্চ) কুয়েতের সরকারি সূত্র জানায়, বুবিয়ান দ্বীপে অবস্থিত মুবারক আল-কাবির বন্দরে ড্রোন ও ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে হামলা চালানো হয়। এতে বন্দরের কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি।   এর আগে একই দিনের সকালে কুয়েত সিটির নিকটবর্তী শুয়াইখ বন্দরে আলাদা আরেকটি হামলার ঘটনা ঘটে। সেখানেও স্থাপনায় ক্ষয়ক্ষতির কথা নিশ্চিত করা হয়েছে।   এদিকে আঞ্চলিক উত্তেজনার প্রেক্ষাপটে ইরান উপসাগরীয় অঞ্চলে বিভিন্ন লক্ষ্যবস্তুতে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। তবে কুয়েতের এই দুই বন্দরে হামলার পেছনে কারা জড়িত, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি দেশটির কর্তৃপক্ষ।

ডেস্ক রিপোর্ট মার্চ ২৭, ২০২৬ 0
ছবি: সংগৃহীত।
সৌদি আরব ও কুয়েতে রাতভর ভয়াবহ ড্রোন ও মিসাইল হামলা ইরানের

মধ্যপ্রাচ্যের আকাশসীমায় আবারও যুদ্ধংদেহী পরিস্থিতির সৃষ্টি হয়েছে। গতরাতে সৌদি আরব এবং কুয়েতের বিভিন্ন কৌশলগত স্থাপনা লক্ষ্য করে বড় ধরনের ড্রোন ও ব্যালেস্টিক মিসাইল হামলা চালানো হয়েছে। সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, দেশটির পূর্বাঞ্চলীয় প্রদেশ লক্ষ্য করে ধেয়ে আসা ২৮টি ড্রোন এবং একটি ব্যালেস্টিক মিসাইল সফলভাবে ভূপাতিত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। ধ্বংসাবশেষের আঘাতে কিছু স্থাপনার সামান্য ক্ষয়ক্ষতি হলেও কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। অন্যদিকে, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরের একটি জ্বালানি ট্যাংকে ড্রোন আঘাত হানলে সেখানে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। কুয়েত সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ জানিয়েছে, ফায়ার সার্ভিস দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছে এবং এতে বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে বিঘ্নিত হলেও কোনো হতাহত নেই।  ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (IRGC) এই হামলার দায় স্বীকার করে জানিয়েছে, তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে এই অভিযান চালিয়েছে। এই হামলার পর পুরো অঞ্চলজুড়ে উচ্চ সতর্কতা জারি করা হয়েছে এবং জ্বালানি তেলের বিশ্ববাজারে নতুন করে অস্থিরতার আশঙ্কা দেখা দিচ্ছে।

ডেস্ক রিপোর্ট মার্চ ২৫, ২০২৬ 0
ক্ষাপণাস্ত্র ছুড়ছে ইরান।
ইসরায়েলসহ মধ্যপ্রাচ্যের ৪ দেশে ইরানের নতুন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি হত্যার প্রতিশোধ হিসেবে ইরান শুক্রবার (২০ মার্চ) থেকে একযোগে ইসরায়েল, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত ও সৌদি আরবে ব্যাপক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। বিবিসি জানিয়েছে, এই হামলার সময় সংশ্লিষ্ট দেশগুলোর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়েছে।   ইসরায়েলি সামরিক বাহিনী জানিয়েছে, গত দুই ঘণ্টার মধ্যে দ্বিতীয় দফায় ক্ষেপণাস্ত্র ধেয়ে এসেছে। এর ফলে দেশে সতর্কতা জারি করা হয়েছে এবং সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।   সংযুক্ত আরব আমিরাতের দুবাই ও কুয়েতেও একাধিক বিস্ফোরণ ও আকাশ প্রতিরক্ষা কার্যক্রম দেখা গেছে। দুবাই কর্তৃপক্ষ জানিয়েছে, প্রচণ্ড শব্দগুলো মূলত আকাশ প্রতিরক্ষা বাহিনীর সফল প্রতিরোধ অভিযান। কুয়েতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ও জানিয়েছেন, তারা শত্রুভাবাপন্ন ড্রোন ও ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে কাজ করছে।   সৌদি আরবও ইরানের হামলার লক্ষ্যবস্তু হয়েছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, পূর্বদিকের আকাশসীমায় অন্তত ছয়টি ইরানি ড্রোন শনাক্ত ও ধ্বংস করা হয়েছে।   এই হামলাগুলো ২৮ ফেব্রুয়ারি থেকে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযান শুরু হওয়ার পর মধ্যপ্রাচ্যের সবচেয়ে বড় পাল্টা আক্রমণ হিসেবে বিবেচিত হচ্ছে। আন্তর্জাতিক সামরিক বিশ্লেষকরা বলছেন, এটি খামেনির মৃত্যুর পর ইরানের কঠোর প্রতিশোধের প্রতিফলন। ইরান দাবি করছে, তারা মার্কিন সম্পদ ও মিত্র দেশগুলোকে লক্ষ্য করেই এই হামলা পরিচালনা করেছে।   বর্তমানে মধ্যপ্রাচ্যজুড়ে যুদ্ধের তীব্রতা বেড়েছে। হরমুজ প্রণালী ও আশপাশের দেশগুলোতে এর প্রভাব বিশ্ব অর্থনীতি ও তেলের বাজারে অস্থিরতা তৈরি করছে। আঞ্চলিক নিরাপত্তার জন্য ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোনের সক্ষমতা নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে।   সূত্র: বিবিসি ও আল জাজিরা

নিজস্ব প্রতিবেদক মার্চ ২১, ২০২৬ 0
কুয়েতে মার্কিন দূতাবাস বন্ধ ঘোষণা
কুয়েতের দ্বিতীয় তেল শোধনাগারে ড্রোন হামলা: দাউদাউ করে জ্বলছে আগুন

কুয়েতের জ্বালানি খাতে বড় ধরনের নাশকতার খবর পাওয়া গেছে। প্রথম হামলার রেশ কাটতে না কাটতেই দেশটির দ্বিতীয় আরেকটি তেল শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে।  কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন (কেপিসি) নিশ্চিত করেছে যে, ড্রোন হামলায় দক্ষিণ কুয়েতের মিনা আবদুল্লাহ শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়েছে। কুয়েত নিউজ এজেন্সির তথ্যমতে, মিনা আবদুল্লাহ শোধনাগারের একটি গুরুত্বপূর্ণ অপারেশনাল ইউনিটে সরাসরি ড্রোনটি আঘাত হানে। হামলার পরপরই কর্তৃপক্ষ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। তবে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে, কর্মীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং স্থাপনাটি সুরক্ষিত রাখতে প্রয়োজনীয় সব ধরনের আগাম সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। উল্লেখ্য যে, এর কিছুক্ষণ আগেই কুয়েতের অন্য একটি বড় শোধনাগার মিনা আল-আহমাদি-তে একই ধরনের ড্রোন হামলা চালানো হয়েছিল। পর পর দুটি গুরুত্বপূর্ণ স্থাপনায় এ ধরনের আক্রমণ কুয়েতের জ্বালানি নিরাপত্তার জন্য বড় হুমকি হিসেবে দেখা দিচ্ছে। তবে স্বস্তির বিষয় এই যে, মিনা আল-আহমাদি শোধনাগারে হওয়া অগ্নিকাণ্ডে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

ডেস্ক রিপোর্ট মার্চ ১৯, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
কুয়েতে আটকে পড়া প্রবাসীরা সৌদি হয়ে বাংলাদেশে ফিরতে পারবেন: কুয়েত দূতাবাসের নির্দেশনা

উপসাগরীয় অঞ্চলে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েত সাময়িকভাবে তাদের আকাশসীমা বন্ধ রাখায় প্রবাসী বাংলাদেশিদের দেশে যাত্রায় জটিলতা তৈরি হয়েছে। তবে কুয়েতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বিশেষ প্রয়োজনে দেশফেরত প্রবাসীরা সৌদি আরব হয়ে বাংলাদেশে আসতে পারবেন।   দূতাবাসের নির্দেশনায় বলা হয়েছে, সৌদি আরব প্রবেশের জন্য প্রবাসীদের কাছে বৈধ ভিজিট বা ট্রানজিট ভিসা থাকা আবশ্যক। ট্রানজিট ভিসায় সৌদি প্রবেশের পর চার দিনের মধ্যে দেশটি ত্যাগ করতে হবে। সুতরাং, প্রবাসীদেরকে আগে বাংলাদেশের ফ্লাইটের টিকেট নিশ্চিত করতে হবে।   সৌদি আরবের ভিসার জন্য অনলাইনে আবেদন করা যাবে। আবেদন করতে হলে ksavisa.sa ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। কুয়েতের বাংলাদেশ দূতাবাস জানিয়েছেন, অত্যন্ত জরুরি প্রয়োজনে যারা বাংলাদেশে যেতে চান, শুধুমাত্র তাদের জন্য ট্রানজিট ভিসার অনুমোদন দেওয়ার বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয়েছে।   প্রবাসীদের আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদনপত্র কুয়েতের বাংলাদেশ দূতাবাসে জমা দিতে হবে। আবেদনপত্র প্রাপ্তির পর দূতাবাস সৌদি আরব প্রবেশের অনুমোদন নিশ্চিত করে প্রার্থীদের অবহিত করবে। এরপর আবেদনকারীরা নিজস্ব ব্যাবস্থাপনায় স্থলপথে কুয়েত–সৌদি সীমান্ত পার হয়ে ইমিগ্রেশন সম্পন্ন করে সৌদি প্রবেশ করবেন এবং চার দিনের মধ্যে দেশ ত্যাগ করবেন।   দূতাবাস জানিয়েছে, জরুরি প্রয়োজনে আবেদনকারীরা আগামী ২১ মার্চ থেকে যে কোনো কর্মদিবসে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং ছুটির দিনে সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত দূতাবাসের ১৩ নম্বর রুমে আবেদনপত্র জমা দিতে পারবেন।

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৯, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
ঈদে কুয়েতে জনসমাগম নিষিদ্ধ, প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান

মধ্যপ্রাচ্যের চলমান নিরাপত্তা পরিস্থিতির কারণে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ধরনের জনসমাগম ও অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করেছে কুয়েত সরকার। এ অবস্থায় সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের সতর্ক থাকার আহ্বান জানিয়েছে দূতাবাস।   মঙ্গলবার (১৭ মার্চ) বাংলাদেশের কুয়েত দূতাবাস এক বিজ্ঞপ্তিতে জানায়, কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তাজনিত কারণে ঈদের ছুটিতে সব ধরনের জনসমাগমমূলক আয়োজন বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।   নিষিদ্ধ কার্যক্রমের মধ্যে রয়েছে নাট্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান বা কনসার্ট, বিয়ের অনুষ্ঠানসহ যেকোনো ধরনের জমায়েত। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে বলেও জানানো হয়।   দূতাবাসের পক্ষ থেকে কুয়েতে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের এসব নির্দেশনা কঠোরভাবে মেনে চলার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি বর্তমান পরিস্থিতিতে কুয়েত সরকারের আইন ও নির্দেশনা অনুসরণ করে সচেতন ও সহযোগিতাপূর্ণ আচরণ করার আহ্বান জানানো হয়েছে।   সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৮, ২০২৬ 0
কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটি।
কুয়েতে ড্রোন হামলায় ইতালীর যুদ্ধবিমান ধ্বংস

কুয়েতের আলি আল সালেম বিমানঘাঁটিতে এক ভয়াবহ ড্রোন হামলায় ইতালীয় বিমান বাহিনীর একটি গুরুত্বপূর্ণ রিমোটলি পাইলটেড এয়ারক্রাফট বা ড্রোন ধ্বংস হয়েছে।  ইতালির চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল লুসিয়ানো পোর্তোলানো সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। আক্রমণের শিকার এই বিমানঘাঁটিটি যুক্তরাষ্ট্র এবং ইতালীয় বাহিনীর যৌথ ব্যবহারের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। জেনারেল পোর্তোলানো জানান, ধ্বংস হওয়া বিমানটি ওই অঞ্চলে সামরিক কার্যক্রম এবং অপারেশনাল ধারাবাহিকতা বজায় রাখার জন্য একটি অপরিহার্য সম্পদ ছিল।  তবে স্বস্তির বিষয় হলো, হামলায় কোনো ইতালীয় সেনার প্রাণহানি ঘটেনি এবং বর্তমানে সেখানে অবস্থানরত সকল কর্মীরা নিরাপদ রয়েছেন। নিরাপত্তা পরিস্থিতির অবনতির আশঙ্কায় গত কয়েকদিন ধরেই ওই ঘাঁটিতে ইতালীয় সেনাদের সংখ্যা কমিয়ে আনা হয়েছিল। বর্তমানে যারা সেখানে অবস্থান করছেন, তারা কেবল অত্যন্ত জরুরি এবং অপরিহার্য দায়িত্বগুলো পালন করছেন।  ইতালির প্রতিরক্ষা দপ্তর এবং জয়েন্ট অপারেশন হেডকোয়ার্টার সার্বক্ষণিক পরিস্থিতির ওপর নজর রাখছে এবং মাঠ পর্যায়ের কন্টিনজেন্টগুলোর সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করছে।

ডেস্ক রিপোর্ট মার্চ ১৫, ২০২৬ 0
ছবি: সংগৃহীত।
কুয়েতে ইতালীর সামরিক ঘাঁটিতে ড্রোন হামলা

কুয়েতে অবস্থিত একটি ইতালীয় সামরিক ঘাঁটিতে রহস্যময় ড্রোন হামলার ঘটনা ঘটেছে।  ইতালীয় সেনাবাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করেছে যে, এই ঘাঁটিটি তারা মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে যৌথভাবে ব্যবহার করে আসছিল। ফরাসি সংবাদ সংস্থা এএফপি-এর তথ্যমতে, হামলার পরপরই সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়লেও কোনো সেনা সদস্যের হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি। কর্মকর্তারা জানিয়েছেন, ড্রোনটি আঘাত হানলেও বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে।  বর্তমানে ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং হামলার উৎস শনাক্ত করতে তদন্ত শুরু করেছে ইতালীয় ও কুয়েতি কর্তৃপক্ষ। মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে এই হামলাটি বিশেষ উদ্বেগের সৃষ্টি করেছে।

ডেস্ক রিপোর্ট মার্চ ১৫, ২০২৬ 0
ছবি: সংগৃহীত।
কুয়েতের আল-জাবের বিমান ঘাঁটিতে মিসাইল হামলা: ৩ সেনাসদস্য আহত

কুয়েতের একটি গুরুত্বপূর্ণ সামরিক বিমান ঘাঁটিতে শক্তিশালী মিসাইল হামলার ঘটনা ঘটেছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দেওয়া তথ্যমতে, আহমেদ আল-জাবের বিমান ঘাঁটির সীমানার ভেতরে দুটি মিসাইল আঘাত হানে। এতে সেখানে কর্মরত অন্তত তিনজন সেনাসদস্য আহত হয়েছেন। কুয়েত প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন মুখপাত্র জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় দেশটির আকাশসীমায় মোট সাতটি মিসাইল শনাক্ত করেছে তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। এর মধ্যে তিনটি মিসাইল মাঝ আকাশেই ধ্বংস করা সম্ভব হলেও, বাকি দুটি মিসাইল লক্ষ্যভ্রষ্ট হয়ে ঘাঁটির আশপাশে আঘাত হানে। আহত তিন সেনাসদস্যের আঘাত গুরুতর নয় বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। বর্তমানে তারা সামরিক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। হামলার পর ওই এলাকা এবং সংলগ্ন সামরিক স্থাপনাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ১৫, ২০২৬ 0
ছবি: সংগৃহীত।
প্রকৃত ক্ষয়ক্ষতির তথ্য আড়াল করছে যুক্তরাষ্ট্র, গোপন তথ্য ফাঁস

যুদ্ধের শুরুতে কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের হামলায় আহতের সংখ্যা নিয়ে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। প্রাথমিকভাবে কেবল সাতজন ন্যাশনাল  গার্ড সদস্যের মৃত্যুর খবর জানানো হলেও, গত ২৪ ঘণ্টায় জানা গেছে যে প্রকৃত আহতের সংখ্যা ১০০ থেকে ১৫০ জনেরও বেশি। আহত এই বিশাল সংখ্যক সেনাকে অত্যন্ত গোপনীয়তার সাথে তিনটি সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয়েছে—যার দুটি যুক্তরাষ্ট্রে এবং একটি জার্মানির ল্যান্ডস্টুলে অবস্থিত। সূত্রমতে, জার্মানিতে চিকিৎসাধীন সেনাসদস্যদের আঘাত অত্যন্ত গুরুতর। এমনকি একজনের অঙ্গহানির আশঙ্কাও দেখা দিয়েছে। সংঘাত শুরু হওয়ার দুই সপ্তাহ পেরিয়ে গেলেও কেন মার্কিন সামরিক বাহিনী এই বিশাল সংখ্যক আহতের তথ্য গোপন রাখল, তা নিয়ে এখন ওয়াশিংটনের প্রতিরক্ষা মহলে নানা প্রশ্ন উঠছে।  এই লুকোচুরির নেপথ্যে কৌশলগত কারণ নাকি অন্য কোনো উদ্দেশ্য ছিল, তা নিয়ে শুরু হয়েছে তীব্র বিতর্ক।

ডেস্ক রিপোর্ট মার্চ ১৩, ২০২৬ 0
কুয়েতে ভূপাতিত ৮ ড্রোন
কুয়েতে ভূপাতিত ৮ ড্রোন

বুধবার (১১ মার্চ) সকালে কুয়েতের সশস্ত্র বাহিনী জানিয়েছে, তাদের নিয়ন্ত্রণাধীন এলাকায় উড়তে থাকা ৮টি ড্রোন ধ্বংস করা হয়েছে। দেশটির সেনাবাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জাদান ফাধেল জাদান এ তথ্য নিশ্চিত করেন।   তিনি বলেন, দেশের নিরাপত্তা নিশ্চিত করা এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোকে সম্ভাব্য বাহ্যিক হুমকি থেকে রক্ষা করতে সেনাবাহিনী সবসময় সতর্ক অবস্থানে রয়েছে।   একই সঙ্গে তিনি নাগরিকদের দেশের স্থিতিশীলতা বজায় রাখতে সেনা ও পুলিশ বাহিনীকে সহযোগিতা করার আহ্বান জানান। পাশাপাশি সবাইকে নিরাপত্তা সংক্রান্ত নির্দেশনা মেনে চলার পরামর্শও দেন।

ডেস্ক রিপোর্ট মার্চ ১১, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্য সংকট: কুয়েত ও ওমানের পাশে থাকার অঙ্গীকার মালয়েশিয়ার

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনা ও ভূ-রাজনৈতিক অস্থিরতা নিরসনে এক উচ্চপর্যায়ের কূটনৈতিক সংলাপে মিলিত হয়েছে মালয়েশিয়া, কুয়েত ও ওমান।  সম্প্রতি কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমদ আব্দুল্লাহ আল-আহমাদ আল-সাবাহ এবং ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়িদ বদর আলবুসাইদির সাথে পৃথক ফোনালাপে এই সংহতি প্রকাশ করেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। আলোচনায় ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাত থেকে উদ্ভূত আঞ্চলিক চ্যালেঞ্জগুলো নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। কুয়েত ও ওমানের সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং অবকাঠামোগত ঝুঁকির বিষয়ে মালয়েশিয়ার পক্ষ থেকে পূর্ণ সমর্থন ও সহানুভূতি ব্যক্ত করা হয়েছে। বিশেষ করে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতা বজায় রাখতে ওমানের নিরলস কূটনৈতিক প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেছে মালয়েশিয়া। উভয় দেশের সরকার সেখানে অবস্থানরত মালয়েশিয়ান নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করায় কৃতজ্ঞতা প্রকাশ করে মালয়েশিয়া। বর্তমান অস্থিতিশীল পরিস্থিতিতে বিদেশি নাগরিকদের সুরক্ষায় কুয়েত ও ওমানের প্রতিশ্রুতিকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে অভিহিত করা হয়েছে।    আলোচনার শেষ পর্যায়ে সকল পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানানো হয় এবং পবিত্র রমজানের বরকতে মুসলিম উম্মাহর ঐক্য ও দীর্ঘস্থায়ী শান্তি কামনার মধ্য দিয়ে সংলাপ শেষ হয়।

নিজস্ব প্রতিবেদক মার্চ ১০, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
হরমুজে ঝুঁকি, কুয়েত কমালো তেল উৎপাদন

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা এবং পারস্য উপসাগরে জাহাজ চলাচলে হুমকির প্রেক্ষিতে কুয়েত তার অপরিশোধিত তেল উৎপাদন ও শোধন কমানোর সিদ্ধান্ত নিয়েছে। দেশটির রাষ্ট্রীয় তেল সংস্থা কুয়েত পেট্রোলিয়াম কর্পোরেশন (কেপিসি) শনিবার এক বিবৃতিতে এই সিদ্ধান্তের তথ্য নিশ্চিত করেছে।   বিবৃতিতে বলা হয়েছে, সাম্প্রতিক হামলা এবং হরমুজ প্রণালীতে ইরানের পক্ষ থেকে আসা সম্ভাব্য হুমকি বিবেচনায় এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে। কেপিসি জানিয়েছে, এই উৎপাদন হ্রাস স্থায়ী নয় এবং পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় সম্পূর্ণ উৎপাদনে ফিরবে।   সংস্থা আরও জানিয়েছে, হ্রাসের ফলে কুয়েতের অভ্যন্তরীণ বাজারে কোনো প্রভাব পড়বে না। পূর্বপরিকল্পিত ব্যবস্থার মাধ্যমে অভ্যন্তরীণ বাজারের চাহিদা পূর্ণ নিরাপত্তার সঙ্গে পূরণ করা হবে এবং সরবরাহ স্বাভাবিক রাখা হবে। হরমুজ প্রণালী বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন পথ হওয়ায় এ ধরনের নিরাপত্তা ঝুঁকি বিশ্ববাজারে তেলের সরবরাহ ও দামকে প্রভাবিত করতে পারে।   সূত্র: আল জাজিরা

ডেস্ক রিপোর্ট মার্চ ৭, ২০২৬ 0
ছবি: সংগৃহীত।
আমিরাত ও কুয়েতে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা: রাডার ও রানওয়ে ধ্বংস

সংযুক্ত আরব আমিরাত ও কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে বড় ধরনের সমন্বিত হামলা চালিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড করপস (আইআরজিসি)।  শনিবার (৭ মার্চ) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনার এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, নতুন প্রজন্মের অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে এই অভিযান পরিচালনা করা হয়। আইআরজিসির দাবি অনুযায়ী, এই সামরিক অভিযানের প্রধান লক্ষ্যবস্তু ছিল আমিরাতের আল-দাফরা বিমান ঘাঁটি। ইরানের নিখুঁত নিশানার ক্ষেপণাস্ত্র ও ড্রোনগুলো সেখানে মার্কিন বাহিনীর গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে। এতে ঘাঁটির একটি অত্যাধুনিক আর্লি-ওয়ার্নিং রাডার সিস্টেম, এমকিউ-৯ ড্রোনের রক্ষণাবেক্ষণ হ্যাঙ্গার এবং ইউ-২ নজরদারি বিমানের বিভিন্ন স্থাপনা সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। একই সময়ে কুয়েতের আলী আল-সালেম বিমান ঘাঁটিতেও ভারী মাত্রার ক্ষেপণাস্ত্র বর্ষণ করা হয়েছে। আইআরজিসি জানিয়েছে, ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের আঘাতে ওই ঘাঁটির রাডার ব্যবস্থা এবং জ্বালানি সংরক্ষাণাগার লণ্ডভণ্ড হয়ে গেছে।  এছাড়া মার্কিন সামরিক বিমানের উড্ডয়ন ও অবতরণে ব্যবহৃত দুটি রানওয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করা হয়। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আলজাজিরা এই সংবাদের সত্যতা নিশ্চিত করেছে।

ডেস্ক রিপোর্ট মার্চ ৭, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
কুয়েতে মার্কিন ঘাঁটিতে ড্রোন হামলার দাবি ইরানের

কুয়েতে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোতে ব্যাপক ড্রোন হামলা চালানোর দাবি করেছে Iran। শুক্রবার (৬ মার্চ) দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, গত কয়েক ঘণ্টায় ইরানি সেনাবাহিনীর ড্রোন ইউনিট কুয়েতের বিভিন্ন এলাকায় থাকা মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করে হামলা চালিয়েছে।   বিবৃতিতে আরও বলা হয়, এই অভিযান কেবল শুরু। পরিস্থিতির ওপর নির্ভর করে আগামী কয়েক ঘণ্টার মধ্যে আরও বড় পরিসরে হামলা চালানো হতে পারে বলেও ইঙ্গিত দেওয়া হয়েছে। ইরানের দাবি, United States ও Israel-এর পক্ষ থেকে ইরানের মূল ভূখণ্ড ও নৌবাহিনীর ওপর চালানো হামলার প্রতিক্রিয়া হিসেবেই এই ড্রোন অভিযান শুরু করা হয়েছে।   গত কয়েকদিন ধরেই Tehran সতর্ক করে আসছিল, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযানে যেসব প্রতিবেশী দেশের ভূখণ্ড ব্যবহার করা হচ্ছে, সেসব দেশও পাল্টা আক্রমণের ঝুঁকিতে পড়তে পারে। বিশ্লেষকদের ধারণা, কুয়েতের ঘাঁটিগুলো লক্ষ্য করে বিপুল সংখ্যক ‘কামিকাজে’ বা আত্মঘাতী ড্রোন ব্যবহার করা হয়ে থাকতে পারে। ঘটনার পর Kuwaitসহ আশপাশের দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।   এর আগে কুয়েতে ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এক শিশুসহ চারজন নিহত হওয়ার ঘটনাও ঘটেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তবে হামলার ফলে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি United States Department of Defense (পেন্টাগন)।

নিজস্ব প্রতিবেদক মার্চ ৬, ২০২৬ 0
কুয়েত উপকূলে একটি ট্যাংকারে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ফাইল ছবি
কুয়েতের কাছে তেলবাহী ট্যাংকারে রহস্যময় বিস্ফোরণ

কুয়েত উপকূলের কাছে একটি নোঙর করা তেলবাহী ট্যাংকারে শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যাওয়ার ঘটনা ঘটেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, কুয়েতের মুবারক আল-কাবীর বন্দর থেকে প্রায় ৩০ নটিক্যাল মাইল (প্রায় ৫৫ কিলোমিটার) দক্ষিণ-পূর্বে এ ঘটনা ঘটে।   জাহাজটির মাস্টার জানান, তিনি জাহাজের বাম পাশে হঠাৎ জোরালো বিস্ফোরণের শব্দ শুনতে পান এবং সঙ্গে সঙ্গে ধোঁয়া উঠতে দেখেন। ঘটনার কিছুক্ষণ পর একটি ছোট নৌকাকে দ্রুত ওই এলাকা ত্যাগ করতে দেখা গেছে।   ইউকেএমটিওর তথ্য অনুযায়ী, বিস্ফোরণের পর জাহাজের একটি কার্গো ট্যাংক থেকে সাগরে তেল ছড়িয়ে পড়তে শুরু করেছে, যা সামুদ্রিক পরিবেশের জন্য ঝুঁকি তৈরি করতে পারে। একই সঙ্গে জাহাজের ভেতরে পানি ঢুকে পড়ার খবরও পাওয়া গেছে। তবে স্বস্তির বিষয় হলো, জাহাজে থাকা সব নাবিক নিরাপদ রয়েছেন।   তথ্যসূত্র: আল জাজিরা

ডেস্ক রিপোর্ট মার্চ ৫, ২০২৬ 0
কুয়েতে ধ্বংস তিনটি এফ-১৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে যুক্তরাষ্ট্রের নৌবহরে থাকা যুদ্ধবিমান। ছবি: সংগৃহীত
ভুলবশত নিজেই নিজের বিমান ভূপাতিত করল মার্কিন বাহিনী

কুয়েতের আকাশসীমায় একাধিক মার্কিন যুদ্ধবিমান ভূপাতিতের ঘটনায় প্রথমে ধারণা করা হয়েছিল, ভূমি থেকে নিক্ষেপ করা আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। তবে পরে জানা যায়, মার্কিন নৌবাহিনীর ব্যবহৃত এবং যুক্তরাষ্ট্রে নির্মিত এফ/এ-১৮ যুদ্ধবিমান ভুলবশত তিনটি এফ-১৫ই স্ট্রাইক ঈগল ভূপাতিত করেছে। মঙ্গলবার (৩ মার্চ) ঘটে যাওয়া এ ঘটনার বিস্তারিত তথ্য ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে উঠে এসেছে।   এফ/এ-১৮ হর্নেট একটি সামুদ্রিক মাল্টিরোল যুদ্ধবিমান, যা প্রধানত মার্কিন নৌবাহিনীর বিমানবাহী রণতরী থেকে পরিচালিত হয়। প্রথম প্রজন্মের এফ-১৮-এর পর এর একাধিক উন্নত সংস্করণ তৈরি হয়েছে, যেগুলোর দায়িত্ব ও সক্ষমতায় ভিন্নতা রয়েছে। ‘এফ/এ’ অর্থ হলো, বিমানটি আকাশে শ্রেষ্ঠত্ব অর্জন ও ভূমিতে আঘাত—উভয় ধরনের মিশনে সক্ষম। কুয়েতের আকাশে কীভাবে এ ভুল হামলা ঘটেছে, তা এখনো তদন্তাধীন।   এফ/এ-১৮ হর্নেটকে মার্কিন নৌবাহিনীর এফ-১৪ টমক্যাটের উত্তরসূরি হিসেবে বিবেচনা করা হয়। ১৯৮৬ সালের ‘টপ গান’ চলচ্চিত্রে ব্যবহৃত এফ-১৪ টমক্যাটের জায়গায় পরবর্তীতে এফ/এ-১৮ দায়িত্ব গ্রহণ করে। একই সঙ্গে এটি এ–৭ করসেয়ার ও এফ–৪ ফ্যান্টমের দায়িত্বও নেয়। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘টপ গান–২’ সিনেমায়ও এফ-১৮ হর্নেটকে দেখানো হয়। বোয়িংয়ের মতে, এফ/এ-১৮ সুপার হর্নেট ক্যারিয়ার এয়ার উইংসের মেরুদণ্ড এবং এটি বহুমুখী স্ট্রাইক ফাইটার।   এফ/এ-১৮-এর আরেক সংস্করণ ইএ–১৮ গ্রোলার, যা ইলেকট্রনিক যুদ্ধবিমান হিসেবে পরিচিত। এটি আকাশ থেকে আকাশে নিক্ষেপযোগ্য ক্ষেপণাস্ত্র বহন করতে পারে এবং রাডার সিগন্যালের উৎস লক্ষ্য করে অ্যান্টি রেডিয়েশন ক্ষেপণাস্ত্র ছুড়তে সক্ষম। বোয়িংয়ের ভাষ্য অনুযায়ী, সুপার হর্নেট ও গ্রোলার একসঙ্গে পরিপূরক ক্যারিয়ার-ভিত্তিক দল গঠন করে, যা বহুমাত্রিক আঘাত ও ইলেক্ট্রোম্যাগনেটিক আধিপত্য নিশ্চিত করে।   কুয়েতের আকাশে সাম্প্রতিক ভুল হামলার ঘটনা আবারও আলোচনায় এনেছে এই যুদ্ধবিমানকে, যা বাস্তব যুদ্ধক্ষেত্রের পাশাপাশি হলিউডের পর্দাতেও পরিচিত।   সূত্র: এনডিটিভি

ডেস্ক রিপোর্ট মার্চ ৪, ২০২৬ 0
ইরানের হামলায় কুয়েতে নিহত ৪ মার্কিন সেনার নাম প্রকাশ!
ইরানের হামলায় কুয়েতে নিহত ৪ মার্কিন সেনার নাম প্রকাশ!

চলমান যুদ্ধের মধ্যে ইরানের হামলায় নিহত চার মার্কিন সেনার নাম প্রকাশ করেছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন।   পেন্টাগনের তথ্য অনুযায়ী, কুয়েতে একটি ট্যাকটিক্যাল অপারেশনস সেন্টারে ইরানি হামলায় মোট ছয়জন মার্কিন সেনা নিহত হন। তাদের মধ্যে চারজনের পরিচয় প্রকাশ করা হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটেছে তা তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।   নিহত সেনারা সবাই যুক্তরাষ্ট্রের আর্মি রিজার্ভের সদস্য ছিলেন এবং আইওয়া অঙ্গরাজ্যের ডেস ময়েনসভিত্তিক ১০৩তম সাসটেইনমেন্ট কমান্ডে দায়িত্ব পালন করতেন।   নিহত সেনারা হলেন— • ক্যাপ্টেন কোডি এ. খর্ক (৩৫), উইন্টার হ্যাভেন, ফ্লোরিডা   • সার্জেন্ট ফার্স্ট ক্লাস নোয়া এল. টিয়েটজেন্স (৪২), বেলভিউ, নেব্রাস্কা   • সার্জেন্ট ফার্স্ট ক্লাস নিকোল এম. আমোর (৩৯), হোয়াইট বেয়ার লেক, মিনেসোটা   • সার্জেন্ট ডিক্লান জে. কোডি (২০), ওয়েস্ট ডেস ময়েনস, আইওয়া   এ বিষয়ে এক বিবৃতিতে ৭৯তম থিয়েটার সাসটেইনমেন্ট কমান্ডের কমান্ডিং জেনারেল টড এরস্কিন বলেন, “এই সাহসী নারী ও পুরুষরা প্রতিদিন নিজেদের জীবন ঝুঁকিতে রেখে আমাদের দেশকে নিরাপদ রাখেন। তারা আমেরিকার হৃদয়ের প্রতিনিধিত্ব করেন। আমরা তাদের নাম, তাদের সেবা এবং তাদের আত্মত্যাগ চিরদিন স্মরণে রাখব।”   পেন্টাগন জানিয়েছে, হামলার ঘটনা নিয়ে পূর্ণাঙ্গ তদন্ত চলছে।   সূত্র: সিবিএস নিউজ

ডেস্ক রিপোর্ট মার্চ ৪, ২০২৬ 0
ছবি: সংগৃহীত
কুয়েতে ইরানের হামলায় ছয় মার্কিন সেনা নিহত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে কুয়েতে ইরানের হামলায় ছয়জন মার্কিন সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে যুক্তরাষ্ট্রের সামরিক সূত্র। মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, কুয়েতের একটি সামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হামলায় প্রথমে তিনজন সেনা নিহত হন।   পরবর্তীতে আরও তিনজনের মৃত্যু নিশ্চিত করা হয়। অতিরিক্ত নিহতদের মধ্যে একজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে মারা যান এবং দু’জনের মরদেহ ধ্বংসস্তূপের ভেতর থেকে উদ্ধার করা হয়। প্রাথমিক তথ্যে বলা হয়েছে, হামলাটি ড্রোন বা ক্ষেপণাস্ত্রের মাধ্যমে চালানো হয়। কুয়েতের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় থাকলেও একটি প্রজেক্টাইল প্রতিরক্ষা ভেদ করে লক্ষ্যবস্তুতে আঘাত হানে।   মার্কিন প্রতিরক্ষা দপ্তর জানিয়েছে, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে এবং আঞ্চলিক নিরাপত্তা জোরদার করা হয়েছে। এ হামলার পর যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে পাল্টা সামরিক পদক্ষেপ নেওয়া হয়েছে কিনা, সে বিষয়ে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হয়নি।   এদিকে কুয়েত সরকার জানিয়েছে, তারা পরিস্থিতি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে এবং দেশটির নিরাপত্তা বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থায় রয়েছে। বিশ্লেষকদের মতে, ইরান–যুক্তরাষ্ট্র উত্তেজনা অব্যাহত থাকলে উপসাগরীয় অঞ্চলে নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠতে পারে।

নিজস্ব প্রতিবেদক মার্চ ৪, ২০২৬ 0
জনপ্রিয় সংবাদ
ইরানের আকাশে ১৬টি চীনা সামরিক বিমানের রহস্য নিয়ে তোলপাড়

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই একটি চাঞ্চল্যকর দাবি ভূ-রাজনৈতিক অঙ্গনে নতুন করে বিতর্কের ঝড় তুলেছে।   গত ৪৮ থেকে ৫৬ ঘণ্টার মধ্যে ১৬টি চীনা 'ওয়াই-২০' (Y-20) সামরিক কার্গো বিমান তাদের ট্রান্সপন্ডার বা সিগন্যাল বন্ধ রেখে ইরানের আকাশে প্রবেশ করেছে বলে খবর ছড়িয়েছে। কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ ছাড়াই এই তথ্যটি প্রতিরক্ষা বিশ্লেষক ও সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীদের মধ্যে তীব্র উদ্বেগ সৃষ্টি করেছে। দাবি করা হচ্ছে, এই বিমানগুলো বেসামরিক রাডার থেকে আড়াল থাকতে বিশেষ কৌশল অবলম্বন করেছিল। নেটিজেন ও সামরিক বিশ্লেষকদের একটি অংশের ধারণা, চীন হয়তো ইরানকে অত্যাধুনিক ইলেকট্রনিক ওয়ারফেয়ার সিস্টেম বা জ্যামিং প্রযুক্তি সরবরাহ করছে। যদি এটি সত্যি হয়, তবে মার্কিন এফ-৩৫ (F-35) যুদ্ধবিমান বা নৌ-অভিযানের জন্য এটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে। অনেকে একে যুক্তরাষ্ট্রের প্রতি বেইজিংয়ের সরাসরি ‘সতর্কবার্তা’ হিসেবেও দেখছেন। তবে এই উত্তেজনার মুদ্রার উল্টো পিঠও রয়েছে। ফ্লাইটরাডার২৪-এর মতো আন্তর্জাতিক ফ্লাইট ট্র্যাকিং প্ল্যাটফর্মে এ ধরনের কোনো অস্বাভাবিক ফ্লাইটের রেকর্ড পাওয়া যায়নি। বিশেষজ্ঞরা বলছেন, ১৬টি ভারী সামরিক কার্গো বিমানের মতো বিশাল বহরকে রাডার বা স্যাটেলাইট নজরদারি থেকে সম্পূর্ণ লুকিয়ে রাখা প্রায় অসম্ভব।  বর্তমান ভূ-রাজনৈতিক প্রেক্ষাপটে চীন-ইরান সম্পর্ক গভীর হলেও, সুনির্দিষ্ট প্রমাণের অভাবে বিশ্লেষকরা একে আপাতত ‘সুপরিকল্পিত গুজব’ বা মিসইনফরমেশন হিসেবেই দেখছেন। তেহরান বা বেইজিং—কোনো পক্ষ থেকেই এখন পর্যন্ত এ নিয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া মেলেনি।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

“এপস্টেইন ফাইলের দাবি: বাইডেনকে হত্যা করে ক্লোন বানানো হয়েছে?”

এপস্টেইন ফাইল: দাবি, বাইডেনকে ২০১৯ সালে হত্যা করে ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে   জেফরি এপস্টেইনের ফাইল ট্রান্সপারেন্সি অ্যাক্টের সাথে যুক্ত সম্প্রতি প্রকাশিত একটি নথি ত্রাঞ্চে অভিযোগ করা হয়েছে যে, প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনকে ২০১৯ সালে হত্যা করা হয়েছে এবং তাকে একটি ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে।   এই নথিগুলি, যা আনক্লাসিফায়েড ডিপার্টমেন্ট অব জাস্টিস (DOJ) রেকর্ডের একটি বিশাল ডেটা রিলিজের অংশ, “চার্লস” নামে একজনের ক্ষুব্ধ ইমেইল অন্তর্ভুক্ত করেছে এবং অন্তর্বর্তী ফাইলিং কোড EFTA00173266 থেকে EFTA00173273 পর্যন্ত চিহ্নিত। এই ইমেইলগুলো তৃতীয় পক্ষের যোগাযোগের মধ্যে পাওয়া গেছে, যা জেফরি এপস্টেইনের নেটওয়ার্ক সংক্রান্ত বিস্তৃত ফেডারেল তদন্তের সময় সংগ্রহ করা হয়েছিল।   এপস্টেইন সম্পর্কিত অন্যান্য প্রকাশনার মতো এখানে রাজনৈতিক ও ব্যবসায়িক ব্যক্তিদের সঙ্গে সম্পর্কের তথ্য নয়, বরং চরম ও ষড়যন্ত্রমূলক দাবিগুলো রয়েছে। ক্লোন তত্ত্বের উল্লেখ “চার্লস” ইমেইলগুলো এপ্রিল ২০২১-এ একজন এফবিআই এজেন্টকে ফরোয়ার্ড করা হয়েছিল, যাকে লাল করা প্রেরক হিসেবে দেখানো হয়েছে। প্রেরক দাবি করেছিলেন যে এটি একটি প্রযুক্তি সংস্থার এক ক্ষুব্ধ প্রাক্তন কর্মচারী বা সহযোগীর মেসেজ। ইমেইলগুলিতে গালাগালি ভাষা ব্যবহৃত হয়েছে এবং এখানে “কোয়ান্টাম” প্রযুক্তি, গোপন সামরিক ট্রাইব্যুনাল, এবং “বাইডেন আপনার বর্তমান প্রেসিডেন্ট নন” এমন দাবির উল্লেখ রয়েছে।   একটি অনুচ্ছেদে বলা হয়েছে যে “বাস্তব” জো বাইডেনকে ২০১৯ সালে নির্বিচারে হত্যা করা হয়েছে এবং তাকে একজন অভিনেতা বা ক্লোন দ্বারা প্রতিস্থাপন করা হয়েছে, যেখানে প্রমাণ হিসেবে “মাস্কের ত্রুটি” দেখানো হয়েছে। তবে এই দাবিগুলোর সঙ্গে কোনো শারীরিক প্রমাণ, চিকিৎসা নথি বা সঙ্গত সাক্ষ্য নেই।   “বাইডেন ক্লোন” দাবি অনলাইনে ষড়যন্ত্র তত্ত্বের একটি পরিচিত অংশ। তত্ত্বটি সাধারণত ধরে যে “বাস্তব” জো বাইডেনকে গোপনে জনমঞ্চ থেকে সরিয়ে দেওয়া হয়েছে, প্রায়শই ২০১৯ বা ২০২০ সালে, এবং তাকে চেহারা মিলানো লোক বা ক্লোন দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।   অনুগামীরা প্রায়শই নিম্নমানের ভিডিও এবং ফটোগ্রাফ বিশ্লেষণ করে, চেহারার পরিবর্তন যেমন আলোর পরিবর্তন, বয়সের প্রভাব বা ক্যামেরার ত্রুটিকে কৃত্রিমভাবে আড়াল করার প্রমাণ হিসেবে দেখান।   এ পর্যন্ত কোনো যাচাইযোগ্য প্রমাণ নেই যে প্রেসিডেন্ট জো বাইডেন কখনো ক্ষতিগ্রস্ত হয়েছেন বা প্রতিস্থাপিত হয়েছেন। এই দাবিগুলি সম্পূর্ণভাবে একটি ষড়যন্ত্র তত্ত্ব হিসেবে রয়ে গেছে।   সূত্র: Royanews  

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম: যা জানা প্রয়োজন

যুক্তরাষ্ট্রের ভিসা প্রত্যাশীদের জন্য কঠোর হচ্ছে নিয়মাবলী। আগামী ৩০ মার্চ থেকে কার্যকর হতে যাচ্ছে নতুন ভিসা রুলস, যেখানে আবেদনকারীদের সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রোফাইল পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বা স্ক্রিনিং করা হবে। মার্কিন প্রশাসনের এই নতুন পদক্ষেপে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের ভিসা প্রত্যাশীদের মধ্যে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়েছে। নতুন এই নিয়ম মূলত অ-অভিবাসী (Non-immigrant) এবং অভিবাসী (Immigrant) উভয় ধরণের ভিসার ক্ষেত্রে প্রযোজ্য হতে পারে। বিশেষ করে যারা ট্যুরিস্ট ভিসা, স্টুডেন্ট ভিসা এবং কাজের সন্ধানে এইচ-১বি (H-1B) ভিসার জন্য আবেদন করবেন, তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের তথ্য প্রদান বাধ্যতামূলক করা হচ্ছে। আবেদনকারীদের গত পাঁচ বছরের ব্যবহৃত সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর ইউজার আইডি বা হ্যান্ডেল নাম ফর্মে উল্লেখ করতে হবে। ফেসবুক, টুইটার (বর্তমানে এক্স), ইনস্টাগ্রাম এবং ইউটিউবের মতো জনপ্রিয় প্ল্যাটফর্মগুলো এই স্ক্রিনিংয়ের আওতায় থাকবে। তবে পাসওয়ার্ড দেওয়ার প্রয়োজন হবে না। মূলত আবেদনকারীর নিরাপত্তা ঝুঁকি এবং পূর্ববর্তী কোনো উসকানিমূলক বা সন্দেহজনক কর্মকাণ্ড আছে কি না, তা যাচাই করতেই এই পদক্ষেপ। মার্কিন পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করা এবং জননিরাপত্তার স্বার্থেই এই স্ক্রিনিং প্রক্রিয়া জোরদার করা হয়েছে। কোনো ব্যক্তি যদি অতীতে সামাজিক যোগাযোগ মাধ্যমে উগ্রবাদ বা আইনবিরোধী কোনো কাজে লিপ্ত থেকে থাকেন, তবে তার ভিসা আবেদন বাতিল হওয়ার সম্ভাবনা তৈরি হবে। ভিসা বিশেষজ্ঞরা বলছেন, ৩০ মার্চের পর যারা আবেদন করবেন, তাদের অবশ্যই গত ৫ বছরের ডিজিটাল ফুটপ্রিন্ট সম্পর্কে সতর্ক থাকতে হবে। কোনো ভুল তথ্য দিলে বা তথ্য গোপন করলে তা স্থায়ীভাবে ভিসা প্রত্যাখ্যাত হওয়ার কারণ হতে পারে। এছাড়া ইমেইল অ্যাড্রেস এবং ফোন নম্বর প্রদানের ক্ষেত্রেও অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। এই নতুন নিয়ম চালুর ফলে ভিসা প্রক্রিয়াকরণে কিছুটা অতিরিক্ত সময় লাগতে পারে বলে ধারণা করা হচ্ছে। তাই প্রয়োজনীয় কাগজপত্র এবং অনলাইন প্রোফাইল গুছিয়ে আবেদন করার পরামর্শ দিচ্ছে সংশ্লিষ্ট দপ্তরগুলো।

১২ ঘণ্টারও কম সময়ে দেশে আবারও স্বর্ণের দামে বড় পতন

দাম বাড়ানোর ১২ ঘণ্টারও কম সময়ের ব্যবধানে দেশের বাজারে আবারও স্বর্ণের দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। ভরিতে এক লাফে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা।   শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে বাজুসের এক বিজ্ঞপ্তিতে দাম কমানোর বিষয়টি জানানো হয়েছে। নতুন দাম রোববার (৮ ফেব্রুয়ারি) থেকেই কার্যকর হবে।   এর আগে একই দিন সকালে দেশের বাজারে স্বর্ণের দাম বাড়ানো হয়। ওই সময় ভরিপ্রতি এক লাফে ৭ হাজার ৬৪০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৬২ হাজার ৯০ টাকা।   নতুন দাম অনুযায়ী, বর্তমানে দেশের বাজারে ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম পড়বে ২ লাখ ৫৮ হাজার ৮২৪ টাকা। পাশাপাশি ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৪৭ হাজার ৪৪ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ১১ হাজার ৭৬০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম পড়বে ১ লাখ ৭৩ হাজার ৩২৭ টাকা।   এ নিয়ে চলতি বছর দেশের বাজারে মোট ২৭ বার স্বর্ণের দাম সমন্বয় করলো বাজুস। এরমধ্যে ১৭ বারই দাম বাড়ানো হয়েছে। আর দাম কমেছে মাত্র ১০ বার। অন্যদিকে গতবছর দেশের বাজারে মোট ৯৩ বার স্বর্ণের দাম সমন্বয় করা হয়েছিল। যেখানে ৬৪ বারই দাম বাড়ানো হয়েছিল। এছাড়া ২০২৫ সালে ২৯ বার কমানো হয়েছিল স্বর্ণের দাম।

Top week

ফাইল ফটো।
আমেরিকা

৩০ মার্চ থেকে কার্যকর হচ্ছে যুক্তরাষ্ট্রের নতুন ভিসা নিয়ম: যা জানা প্রয়োজন

নিজস্ব প্রতিবেদক মার্চ ২৮, ২০২৬ 0