সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

নিউইয়র্কের বাস পরিষেবায় ২০০ মিলিয়ন ডলারের ঘাটতি, দায় ঠেলাঠেলি হোচুল-মামদানির

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ১৬, ২০২৬ ৭:২০
নিউইয়র্কের বাস পরিষেবায় ২০০ মিলিয়ন ডলারের ঘাটতি, দায় ঠেলাঠেলি হোচুল-মামদানির
নিউইয়র্কের বাস পরিষেবায় ২০০ মিলিয়ন ডলারের ঘাটতি, দায় ঠেলাঠেলি হোচুল-মামদানির

গভর্নর ক্যাথি হোচুল এবং মেয়র জোহরান মামদানির রাজনৈতিক বোঝাপড়ার কারণে নিউইয়র্কের মেট্রোপলিটন ট্রান্সপোর্টেশন অথরিটির (এমটিএ) ২০০ মিলিয়ন বা ২০ কোটি ডলারের বিশাল ঘাটতির বোঝা শেষ পর্যন্ত সাধারণ যাত্রীদের কাঁধেই চাপতে যাচ্ছে। 'রিইনভেন্ট আলবানি' নামের একটি পর্যবেক্ষক সংস্থা সম্প্রতি এ তথ্য জানিয়েছে।

 

সংস্থাটির মতে, শহরের বিশাল বাজেট ঘাটতি মেটানোর সুবিধার্থে চলতি বছরের শুরুতে মেয়র মামদানির প্রশাসনকে এমটিএ-র বাস পরিষেবার ওই বিপুল অর্থ পরিশোধ থেকে এককালীন অব্যাহতি দিয়েছিলেন ডেমোক্র্যাট গভর্নর হোচুল। সে সময় কথা ছিল, রাজ্য সরকার পরে এমটিএ-কে এই ঘাটতির সমপরিমাণ অর্থ দিয়ে দেবে। কিন্তু এখন হোচুল সেই প্রতিশ্রুতি রাখছেন না বলে পর্যবেক্ষক দলটির প্রতিবেদনে উঠে এসেছে।

 

প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্য সরকার সন্তর্পণে এমটিএ-কে ক্ষতিপূরণ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। ফলে এই বিশাল লোকসানের ভার শেষ পর্যন্ত এমটিএ এবং বাস যাত্রীদেরই বহন করতে হবে। 'রিইনভেন্ট আলবানি'-এর সিনিয়র পলিসি অ্যাডভাইজার র‍্যাচেল ফাউস রবিবার ক্ষোভ প্রকাশ করে বলেন, রাজ্য ও শহর কর্তৃপক্ষ যখন নিয়ম অনুযায়ী তহবিল জোগাতে ব্যর্থ, তখন যাত্রীদের ওপর এই বাড়তি চাপ চাপিয়ে দেওয়া চরম অবিচার।

 

এমটিএ-র তহবিলে আর কোনো আঘাত কাম্য নয় উল্লেখ করে তিনি বলেন, সমাধান একটাই—গভর্নরকে এমটিএ-র এই ক্ষতি পুষিয়ে দিতে হবে। এই ঘটনাকে এমটিএ-র তহবিলের ওপর এক ধরনের ‘ডাকাতি’ বলেও আখ্যা দিয়েছে সংস্থাটি। অন্যদিকে, এমটিএ তাদের জুলাই মাসের আর্থিক পরিকল্পনায় জানিয়েছিল যে, তারা নিজেদের নিজস্ব সম্পদ দিয়েই এই ঘাটতি মেটাবে এবং যাত্রীদের বাস পরিষেবা আগের মতোই নিরবচ্ছিন্ন থাকবে।

 

 

উল্লেখ্য, মেয়র জোহরান মামদানি দীর্ঘদিন ধরেই শহরের বাস পরিষেবার উন্নয়নের কথা বলে আসছেন। গত বছর তিনি নিউইয়র্ক সিটিতে বিনা ভাড়ায় দ্রুতগতির বাস চালুর একটি পরিকল্পনা প্রস্তাব করেছিলেন, যা নিয়ে দায়িত্ব নেওয়ার আগে হোচুলের সঙ্গে আলোচনাও করেছিলেন তিনি।

 

পরে এই বামপন্থী মেয়র তার নির্বাচনী প্রতিশ্রুতি থেকে কিছুটা সরে এসে ছোট পরিসরে বিনা ভাড়ার বাস পাইলট প্রকল্প চালুর কথা জানান। এদিকে পুরো বিষয়ে এমটিএ কোনো মন্তব্য না করে গভর্নরের কার্যালয়ের সঙ্গে যোগাযোগের পরামর্শ দিয়েছে। হোচুলের প্রতিনিধি শন বাটলার এক ইমেইল বার্তায় দাবি করেন, এমটিএ এবং এর যাত্রীদের পাশে গভর্নর হোচুলের মতো আর কেউ দাঁড়াননি।

 

তিনি বলেন, এমটিএ-কে আর্থিক খাদের কিনারা থেকে হোচুলই রক্ষা করেছেন। তার মতে, শহরের বাজেট ঘাটতি কমানোর বৃহত্তর স্বার্থেই এই ভর্তুকি কমানো হয়েছে এবং এর ফলে সাধারণ যাত্রীদের বাস পরিষেবায় বিন্দুমাত্র প্রভাব পড়বে না।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আমেরিকা

View more
নিউইয়র্কে না গিয়েই পাসপোর্ট-এনআইডি সেবা, বস্টনে প্রবাসী বাংলাদেশিদের উপচেপড়া ভিড়
নিউইয়র্কে না গিয়েই পাসপোর্ট-এনআইডি সেবা, বস্টনে প্রবাসী বাংলাদেশিদের উপচেপড়া ভিড়

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের জন্য আয়োজিত দুই দিনের ভ্রাম্যমাণ কনস্যুলার সেবা কার্যক্রম বিপুল উৎসাহ ও ব্যাপক সাড়ার মধ্য দিয়ে সফলভাবে সম্পন্ন হয়েছে। গত ১৪ ও ১৫ নভেম্বর নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশ কনস্যুলেট জেনারেলের উদ্যোগে এবং বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব নিউ ইংল্যান্ডের (বেইন) সার্বিক সহযোগিতায় বস্টনে এই সেবার আয়োজন করা হয়।   জাতীয় পরিচয়পত্র (এনআইডি), পাসপোর্ট নবায়ন, নো ভিসা রিকোয়ার্ডসহ (এনভিআর) নানা জরুরি সেবা সহজে নিজ শহরে পাওয়ার সুবিধার্থে প্রবাসীদের উপচেপড়া ভিড় লক্ষ্য করা যায়। এই বিপুল উপস্থিতি নিউ ইংল্যান্ড অঞ্চলে বাংলাদেশ সরকারের কনস্যুলার সেবার ব্যাপক চাহিদাকেই নতুন করে সামনে এনেছে।   প্রথম দিনের কনস্যুলার সেবা অনুষ্ঠিত হয় মেডফোর্ডের ইসলামিক কালচারাল সেন্টার অব মেডফোর্ড (ICCM) প্রাঙ্গণে। সকাল থেকেই দূরদূরান্ত থেকে প্রবাসীরা কাঙ্ক্ষিত সেবা পেতে জড়ো হতে থাকেন। পরদিন ১৫ নভেম্বর লিন শহরের ইসলামিক সোসাইটি অব নর্থ শোর (ISNS) প্রাঙ্গণে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত দ্বিতীয় দিনের কার্যক্রম চলে।   উভয় দিনেই সেবাগ্রহীতাদের সামলাতে এবং সুশৃঙ্খল পরিবেশ বজায় রাখতে বেইনের স্বেচ্ছাসেবক ও আয়োজকদের দিনভর নিরলস পরিশ্রম করতে হয়। বেইনের পক্ষ থেকে জানানো হয়েছে, তীব্র ভিড় ও ব্যস্ততার মাঝেও সবার সম্মিলিত প্রচেষ্টায় পুরো কার্যক্রমটি অত্যন্ত সুন্দর ও স্মরণীয়ভাবে সম্পন্ন হয়েছে।   ম্যাসাচুসেটসসহ নিউ ইংল্যান্ড অঞ্চলের প্রবাসীদের যেকোনো কনস্যুলার সেবার জন্য সাধারণত নিউইয়র্কে যাতায়াত করতে হয়, যা চরম সময়সাপেক্ষ ও ব্যয়বহুল। এমন বাস্তবতায় হাতের নাগালে ভ্রাম্যমাণ এই সেবা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রবাসীরা। এই মহতী উদ্যোগের জন্য নিউইয়র্ক বাংলাদেশ কনস্যুলেট জেনারেল, স্থানীয় আয়োজক প্রতিষ্ঠান এবং নিরলসভাবে কাজ করা স্বেচ্ছাসেবকদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানিয়েছে বেইনের বর্তমান নির্বাহী কমিটি।   প্রবাসীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও পারস্পরিক সহযোগিতার প্রশংসা করে বেইন তাদের বার্তায় উল্লেখ করেছে, "একসঙ্গে আমরা সেবা করি, একসঙ্গে আমরা একতাবদ্ধ, একসঙ্গেই আমরা অধিকতর শক্তিশালী।" প্রবাসীদের এই বিপুল উপস্থিতি প্রমাণ করে, নিউ ইংল্যান্ড অঞ্চলে এ ধরনের কনস্যুলার সেবা নিয়মিত আয়োজন করা এখন সময়ের অন্যতম প্রধান দাবি।

প্রকাশ: নভেম্বর ১৬, ২০২৬ ১৩:১০
মাত্র ৪ দিনের নোটিশে ডিপোর্টেশন শুনানি

যুক্তরাষ্ট্রে ৪ দিনের নোটিশে ডিপোর্টেশন শুনানি, ৯৪ শতাংশ আবেদনই বাতিল

যুক্তরাষ্ট্রে মুসলিম-অধ্যুষিত একমাত্র শহর ডিয়ারবর্ন

যুক্তরাষ্ট্রে মুসলিম-অধ্যুষিত একমাত্র শহর ডিয়ারবর্ন এখন ধর্মীয় উত্তেজনার কেন্দ্রবিন্দু

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

পুরোনো যন্ত্রপাতির ‘হার্ট অ্যাটাকে’ যুক্তরাষ্ট্রজুড়ে বিমান চলাচল বন্ধ, ট্রাম্পের ব্যাখ্যা

যুক্তরাষ্ট্রের কিংবদন্তি বিনিয়োগকারী ওয়ারেন বাফেট এবারের থ্যাংকসগিভিং উপলক্ষে প্রায় ৫৫০ কোটি ডলার মূল্যের শেয়ার চারটি দাতব্য ফাউন্ডেশনে দেওয়ার ঘোষণা দিয়েছেন। ছবি: সংগৃহীত
ওয়ারেন বাফেটের ৫৫০ কোটি ডলার দান, থ্যাংকসগিভিংয়ে দিলেন মানবতার বার্তা

যুক্তরাষ্ট্রের কিংবদন্তি বিনিয়োগকারী ও বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ওয়ারেন বাফেট আবারও বিপুল পরিমাণ সম্পদ দান করেছেন। এবারের থ্যাংকসগিভিং উপলক্ষে প্রায় ৫৫০ কোটি ডলার মূল্যের শেয়ার চারটি দাতব্য ফাউন্ডেশনে দেওয়ার ঘোষণা দিয়েছেন তিনি। বাংলাদেশি মুদ্রায় এর পরিমাণ প্রায় ৬৭ হাজার কোটি টাকা, প্রতি ডলার ১২২ টাকা ধরে। সোমবার (১৬ নভেম্বর) তাঁর প্রতিষ্ঠান বার্কশায়ার হ্যাথাওয়ের প্রকাশিত এক বিবৃতিতে এই দানের তথ্য জানানো হয়।   মার্কিন সংবাদমাধ্যম সিএনবিসি, বার্তা সংস্থা রয়টার্স ও অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, ৯৬ বছর বয়সী বাফেট তাঁর মালিকানাধীন বার্কশায়ার হ্যাথাওয়ের ৬ হাজার ১৫০টি ক্লাস এ শেয়ারকে ৯২ লাখ ২৫ হাজার ক্লাস বি শেয়ারে রূপান্তর করেছেন। এরপর এসব শেয়ার তাঁর পরিবারের সঙ্গে সংশ্লিষ্ট চারটি দাতব্য ফাউন্ডেশনে দান করার ঘোষণা দেন। এর মধ্যে সুসান থম্পসন বাফেট ফাউন্ডেশন পাচ্ছে ৩৬ লাখ ৯০ হাজার শেয়ার। অন্য তিনটি প্রতিষ্ঠান শেরউড ফাউন্ডেশন, হাওয়ার্ড জি বাফেট ফাউন্ডেশন এবং নোভো ফাউন্ডেশন পাচ্ছে ১৮ লাখ ৪৫ হাজার করে শেয়ার।   এই চারটি প্রতিষ্ঠানের সঙ্গে বাফেটের তিন সন্তান সুসি, হাওয়ার্ড ও পিটার বাফেট যুক্ত রয়েছেন। দীর্ঘদিন ধরে এসব ফাউন্ডেশন শিক্ষা, স্বাস্থ্যসেবা, সামাজিক উন্নয়ন ও মানবকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রমে অর্থায়ন করে আসছে। বাফেট জানিয়েছেন, তাঁর অবশিষ্ট বার্কশায়ার শেয়ারও পর্যায়ক্রমে এসব প্রতিষ্ঠানে দান করার পরিকল্পনা রয়েছে। লক্ষ্য হলো ২০৩৪ সালের মধ্যে শেয়ারগুলো দাতব্য কাজে ব্যবহারের জন্য হস্তান্তর করা।   এত বিপুল অর্থ দানের পরও বাফেটের হাতে বার্কশায়ার হ্যাথাওয়ের ১ লাখ ৮২ হাজার ১৪০টি ক্লাস এ শেয়ার এবং ১ হাজার ১৬২টি ক্লাস বি শেয়ার থাকবে। সিএনবিসির হিসাবে, তাঁর অবশিষ্ট ক্লাস এ শেয়ারের বাজারমূল্য প্রায় ১৬ হাজার ২০০ কোটি ডলার। রয়টার্স জানিয়েছে, সর্বশেষ অনুদানসহ পরিবারের চারটি ফাউন্ডেশনে বাফেটের মোট দানের পরিমাণ ২ হাজার ৯০০ কোটি ডলার ছাড়িয়েছে। এর বাইরে দীর্ঘ সময় ধরে তিনি বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনেও বিপুল পরিমাণ সম্পদ দান করেছেন।   থ্যাংকসগিভিং উপলক্ষে প্রকাশিত বার্তায় বাফেট অর্থের পাশাপাশি মানুষের প্রতি সদয় আচরণের গুরুত্ব তুলে ধরেছেন। তিনি বলেছেন, দয়ালু হতে কোনো অর্থ খরচ হয় না, অথচ এর মূল্য অপরিসীম। তাঁর ভাষায়, সদয় আচরণের সুফল সময়ের সঙ্গে চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। জীবনে যাঁরা নিঃস্বার্থভাবে সহায়তা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং অন্য মানুষের পাশে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছেন তিনি।   বাফেট তাঁর দীর্ঘদিনের ব্যবসায়িক সহযোগী প্রয়াত চার্লি মাঙ্গার এবং জীবনের গুরুত্বপূর্ণ শিক্ষকদের অবদানের কথাও স্মরণ করেছেন। পাশাপাশি বার্কশায়ার হ্যাথাওয়ের বর্তমান প্রধান নির্বাহী গ্রেগ অ্যাবেলের নেতৃত্বের প্রতি পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। গত বছরের শেষ দিকে বাফেট প্রধান নির্বাহীর দায়িত্ব ছাড়েন। বর্তমানে তিনি প্রতিষ্ঠানটির চেয়ারম্যান এমেরিটাস হিসেবে রয়েছেন।   সূত্র: বার্কশায়ার হ্যাথাওয়ে

প্রকাশ: নভেম্বর ১৬, ২০২৬ ১১:৩৮
মার্কিন প্রতিনিধি পরিষদের (হাউস অব রিপ্রেজেন্টেটিভস) স্পিকার মাইক জনসন

মধ্যবর্তী নির্বাচনে দলের বিপর্যয়ের দায় নিজের কাঁধে নিয়ে সরে দাঁড়ালেন মাইক জনসন

নিউইয়র্ক সিটি সরকারের ডাটা সায়েন্স, প্রশাসনিক ব্যবস্থাপনা ও মানবাধিকারসহ সাতটি পদে ফুলটাইম কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ছবি: সংগৃহীত

নিউইয়র্ক সিটি সরকারের সাত পদে চাকরির সুযোগ, বেতন বছরে সর্বোচ্চ ১ লাখ ৪ হাজার ডলার

যুক্তরাষ্ট্রে তিন সন্তানকে হত্যার অভিযোগে  ফের  মায়ের পুনর্বিচারের দিন ঘোষণা

যুক্তরাষ্ট্রে তিন সন্তানকে হত্যার অভিযোগে ফের মায়ের পুনর্বিচারের দিন ঘোষণা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ দিচ্ছে দেশটির জাতীয় যাত্রীবাহী রেলসেবা প্রতিষ্ঠান আমট্রাক। ছবি: সংগৃহীত
নিউইয়র্কে আমট্রাকের তিন পদে চাকরির সুযোগ, বার্ষিক বেতন সর্বোচ্চ ২ লাখ ১১ হাজার ডলার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে আকর্ষণীয় বেতনে চাকরির সুযোগ দিচ্ছে দেশটির জাতীয় যাত্রীবাহী রেলসেবা প্রতিষ্ঠান আমট্রাক। প্রতিষ্ঠানটি ম্যানেজমেন্ট, কাস্টমার সার্ভিস এবং প্রজেক্ট কন্ট্রোলস বিভাগে তিনটি পদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদভেদে বার্ষিক বেতন ৭৮ হাজার ৬০০ ডলার থেকে সর্বোচ্চ ২ লাখ ১১ হাজার ১৪০ ডলার পর্যন্ত। পাশাপাশি রয়েছে হেলথ ইন্স্যুরেন্স, রিটায়ারমেন্ট, পেইড টাইম অফ এবং রেল ভ্রমণসংক্রান্ত বিশেষ সুবিধা।   আমট্রাকের অফিসিয়াল ক্যারিয়ার পোর্টালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, তিনটি পদই নিউইয়র্ক সিটিতে অবস্থিত। ৩০ অক্টোবর থেকে ১০ নভেম্বরের মধ্যে বিজ্ঞপ্তিগুলো প্রকাশ করা হয়েছে। সোমবার (১৬ নভেম্বর) পর্যন্ত প্রতিষ্ঠানটির ক্যারিয়ার পোর্টালে তিনটি পদের জন্যই আবেদন করার অপশন পাওয়া যাচ্ছে।   প্রথম পদটি হচ্ছে প্রোগ্রাম ম্যানেজার। ৯ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে বার্ষিক বেতন ১ লাখ ১৩ হাজার ২০০ ডলার থেকে ১ লাখ ৪৬ হাজার ৬৬৪ ডলার। নির্বাচিত কর্মীকে আমট্রাকের নতুন আইরো ট্রেনসেট চালুর প্রস্তুতি, রক্ষণাবেক্ষণ অবকাঠামো, বড় প্রকল্পের বাজেট, সময়সূচি এবং বিভিন্ন বিভাগের কার্যক্রম সমন্বয়ের দায়িত্ব পালন করতে হবে।   প্রোগ্রাম ম্যানেজার পদে আবেদনকারীর ব্যাচেলর ডিগ্রি অথবা সমমানের শিক্ষা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতার সমন্বয় থাকতে হবে। পাশাপাশি কমপক্ষে সাত বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা প্রয়োজন। নয় বছরের অভিজ্ঞতা, রেল বা পরিবহন খাতে কাজের অভিজ্ঞতা এবং প্রজেক্ট ম্যানেজমেন্ট সার্টিফিকেশন থাকলে অগ্রাধিকার পাওয়া যেতে পারে। এই পদে সপ্তাহে চার দিন অফিসে উপস্থিত থাকতে হবে এবং কাজের প্রয়োজনে সর্বোচ্চ ২৫ শতাংশ সময় ভ্রমণ করতে হতে পারে। চাকরির রিকুইজিশন নম্বর ৯০৩৪০১২৯।   দ্বিতীয় পদটি সুপারিনটেনডেন্ট কাস্টমার সার্ভিস টু। ৩০ অক্টোবর প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই পদের বার্ষিক বেতন ১ লাখ ৬৩ হাজার ডলার থেকে ২ লাখ ১১ হাজার ১৪০ ডলার নির্ধারণ করা হয়েছে। তিনটি পদের মধ্যে এটিই সর্বোচ্চ বেতনের চাকরি।   এই পদে নির্বাচিত ব্যক্তিকে রেলস্টেশন পরিচালনা, যাত্রীসেবার মান নিয়ন্ত্রণ, কর্মীদের ব্যবস্থাপনা, নিরাপত্তা, বাজেট এবং বিভিন্ন অপারেশনাল কার্যক্রম তদারকি করতে হবে। প্রার্থীর ব্যাচেলর ডিগ্রি অথবা সমমানের যোগ্যতা এবং অন্তত ১১ বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। হসপিটালিটি বা সেবাভিত্তিক প্রতিষ্ঠানে অভিজ্ঞতা প্রয়োজন। কাজের প্রয়োজনে রাত, সপ্তাহান্ত ও জরুরি পরিস্থিতিতেও দায়িত্ব পালন করতে হতে পারে। চাকরির রিকুইজিশন নম্বর ৯০০৭৪৭৭৪।   তৃতীয় পদটি প্রজেক্ট কন্ট্রোলস স্পেশালিস্ট, ডকুমেন্ট। ১০ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, এই পদে বার্ষিক বেতন ৭৮ হাজার ৬০০ ডলার থেকে ১ লাখ ১ হাজার ৮৪৪ ডলার।   এই পদে মূল দায়িত্ব হবে প্রকল্পের গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণ, যাচাই, ডিজিটাল ফাইল ব্যবস্থাপনা, প্রয়োজনীয় তথ্য সংশ্লিষ্ট বিভাগে পৌঁছে দেওয়া এবং ডকুমেন্ট কন্ট্রোল কার্যক্রম পরিচালনা করা। প্রার্থীকে ব্যাচেলর ডিগ্রি অথবা সমমানের যোগ্যতার পাশাপাশি কমপক্ষে তিন বছরের প্রাসঙ্গিক কাজের অভিজ্ঞতা থাকতে হবে। পাঁচ বছরের অভিজ্ঞতা এবং শেয়ারপয়েন্ট, প্রোকোর কিংবা অন্যান্য ডকুমেন্ট ম্যানেজমেন্ট সফটওয়্যারে দক্ষতা থাকলে বাড়তি সুবিধা পাওয়া যেতে পারে। চাকরির রিকুইজিশন নম্বর ৯০৪১৪০৪৫।   আমট্রাক জানিয়েছে, কর্মীদের জন্য মেডিকেল, ডেন্টাল ও ভিশন ইন্স্যুরেন্স, ৪০১কে রিটায়ারমেন্ট সেভিংস সুবিধা, রেলরোড রিটায়ারমেন্ট বেনিফিট, পেইড টাইম অফ, পেইড ফ্যামিলি লিভ এবং রেল পাস সুবিধাসহ বিভিন্ন কর্মী সুবিধা রয়েছে। যোগ্যতা ও চাকরির শর্ত অনুযায়ী এসব সুবিধা প্রযোজ্য হবে।   প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, আমট্রাকে ২০ হাজারের বেশি কর্মী বিভিন্ন বিভাগে কাজ করছেন। নিয়োগের ক্ষেত্রে প্রার্থীদের পূর্ববর্তী চাকরির তথ্য, ব্যাকগ্রাউন্ড চেক এবং ড্রাগ স্ক্রিনিংয়ের প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। চাকরির দায়িত্ব ও প্রযোজ্য বিধি অনুযায়ী অতিরিক্ত যাচাইয়ের প্রয়োজন হতে পারে।   আগ্রহী আবেদনকারীরা আমট্রাকের অফিসিয়াল ক্যারিয়ার পোর্টালে গিয়ে সংশ্লিষ্ট পদের নাম অথবা রিকুইজিশন নম্বর দিয়ে বিজ্ঞপ্তি খুঁজে আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার আগে প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা, অভিজ্ঞতা, কাজের সময়সূচি এবং সর্বশেষ আবেদনের অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে। তিনটি বিজ্ঞপ্তির কোনোটিতেই নির্দিষ্ট আবেদনের শেষ তারিখ উল্লেখ করা হয়নি।   সূত্র: আমট্রাক অফিসিয়াল ক্যারিয়ার পোর্টাল

প্রকাশ: নভেম্বর ১৬, ২০২৬ ১০:২৩
নিউইয়র্ক জেটসের ম্যাচ শেষে, নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামের বাইরে আগুন,  নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

নিউইয়র্ক জেটসের ম্যাচ শেষে, নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামের বাইরে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

হ্যালোইন পার্টিতে 'পার্জ' মুখোশ পরে শিক্ষার্থীকে গুলি করে হ ত্যা

হ্যালোইন পার্টিতে 'পার্জ' মুখোশ পরে শিক্ষার্থীকে গুলি করে হ ত্যা, প্রধান সন্দেহভাজন শনাক্ত

জোহরান মামদানি পুলিশের একটি বিশেষ ও বিতর্কিত ইউনিট স্ট্র্যাটেজিক রেসপন্স গ্রুপ বিলুপ্ত করার ঘোষণা দিয়েছেন। ছবি: সংগৃহীত

নিউ ইয়র্ক সিটির বিতর্কিত বিশেষ পুলিশ বাহিনী বিলুপ্ত, ঐতিহাসিক পদক্ষেপ মামদানির

0 Comments