গরু জবাইয়ে নিষেধাজ্ঞার রায় চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ থালাপতি সরকার
ভারতের মাদ্রাজ হাইকোর্টের দেওয়া গরু জবাইয়ের সম্পূর্ণ নিষেধাজ্ঞার আদেশকে চ্যালেঞ্জ করে এবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে তামিলনাড়ুর বিজয় থালাপতি সরকার। রাজ্য সরকারের দাবি, হাইকোর্টের এই নির্দেশ বর্তমান আইনি কাঠামোর পরিপন্থী এবং এটি নির্ধারিত আইনের পরিধিকে অতিক্রম করে গেছে।
তামিলনাড়ু পশু সংরক্ষণ আইন, ১৯৫৮-এর ৪ নম্বর ধারা অনুযায়ী নির্দিষ্ট কিছু শর্তসাপেক্ষে রাজ্যে পশু জবাইয়ের আইনি সুযোগ থাকলেও হাইকোর্টের সাম্প্রতিক রায় তা পুরোপুরি উপেক্ষা করে সম্পূর্ণ নিষেধাজ্ঞা আরোপ করেছে বলে শীর্ষ আদালতে দায়ের করা আবেদনে জানানো হয়েছে।
বিদ্যমান আইন অনুযায়ী, কোনো গরুর বয়স ১০ বছরের বেশি হলে এবং সেটি প্রজনন বা কাজের অনুপযোগী বলে উপযুক্ত কর্তৃপক্ষের মাধ্যমে প্রত্যয়িত হলে তা জবাই করার সুযোগ রয়েছে। কিন্তু গত ২৭ মে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি জি আর স্বামীনাথন এবং বিচারপতি ভি লক্ষ্মীনারায়ণের সমন্বয়ে গঠিত একটি ডিভিশন বেঞ্চ তাদের আদেশে জানায়, কেবল নির্ধারিত কসাইখানাতেই পশু জবাই করা যাবে।
একই সাথে বকরি ঈদ বা অন্য যেকোনো দিন গরু বা বাছুর জবাই না করার জন্য রাজ্যের মুখ্য সচিব এবং ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের কঠোর নির্দেশ দেওয়া হয়। আইনি সংবাদমাধ্যম ‘লাইভ ল’-এর প্রতিবেদন অনুসারে, রাজ্য সরকার সুপ্রিম কোর্টে যুক্তি দিয়েছে যে, হাইকোর্টের এই নির্দেশনার ফলে রায়ের ভেতরেই একটি অভ্যন্তরীণ দ্বন্দ্ব তৈরি হয়েছে, যা প্রচলিত আইনের সীমানাকে ছাড়িয়ে গেছে।
মূলত হিন্দু মাক্কাল কাচির রাজ্য সাধারণ সম্পাদক সূর্যের দায়ের করা একটি পিটিশনের প্রেক্ষিতে মাদ্রাজ হাইকোর্ট এই রায় প্রদান করেছিল। পিটিশনে অভিযোগ করা হয় যে, জনসমক্ষে অবৈধভাবে গরু জবাই বন্ধ করতে কর্তৃপক্ষের কাছে বারবার আবেদন জানানো হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। বিষয়টি বিবেচনার সময় হাইকোর্ট ভারতের সংবিধানের ৪৮ অনুচ্ছেদের কথা উল্লেখ করে, যেখানে রাষ্ট্রকে গরু, বাছুর এবং অন্যান্য দুগ্ধজাত ও মালবাহী গবাদি পশু জবাই নিষিদ্ধ করার পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আদালত স্পষ্ট জানিয়েছিল যে, ৪৮ অনুচ্ছেদের আলোকে ১৯৫৮ সালের আইনের ৪ নম্বর ধারাটিকে কঠোরভাবে ব্যাখ্যা করতে হবে এবং নির্ধারিত শংসাপত্র ছাড়া কোনোভাবেই জবাইয়ের অনুমতি দেওয়া যাবে না। গ্রামীণ অর্থনীতি ও দুগ্ধ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকারের পূর্ববর্তী একটি আদেশের ওপর ভিত্তি করেই আদালত এই সিদ্ধান্ত নেয়।
বকরি ঈদে পশু কুরবানির ধর্মীয় বাধ্যবাধকতার বিষয়েও মাদ্রাজ হাইকোর্টের ওই বেঞ্চ সুপ্রিম কোর্টের পুরোনো কিছু পর্যবেক্ষণের উল্লেখ করেছিল। আদালতের মতে, শীর্ষ আদালতের পর্যবেক্ষণ অনুযায়ী বহু মুসলিম বকরি ঈদে গরু কুরবানি করেন না এবং এই দিনে গরু উৎসর্গ করা ইসলাম ধর্মের বিশ্বাসের বহিঃপ্রকাশ ঘটানোর জন্য কোনো অপরিহার্য বা বাধ্যতামূলক বিষয় নয়।
কোরবানি ঈদে মুসলিমদের পশু কুরবানির ধর্মীয় রীতির মধ্যে গরুকে একমাত্র মাধ্যম হিসেবে গণ্য করা হয়নি। ফলে এই উৎসবে গরু জবাই ধর্মীয় আচার-অনুষ্ঠানের কোনো অপরিহার্য অংশ নয় বলেই মাদ্রাজ হাইকোর্ট তার রায়ে উল্লেখ করেছিল, যে ব্যাখ্যার বিরুদ্ধেই এখন সর্বোচ্চ আদালতে চূড়ান্ত আইনি লড়াইয়ে নেমেছে তামিলনাড়ু সরকার।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।
আন্তর্জাতিক
View moreঅনুমতি ছাড়াই অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের ছবি ও ভিডিও অ্যাক্সেস করার অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যম জায়ান্ট মেটাকে ৮০ কোটি ৫০ লাখ ইউরো (প্রায় ১১,০৬৭ কোটি ১৪ লাখ টাকা বা ৮৮ কোটি ৭৩ লাখ মার্কিন ডলার) জরিমানা করেছে ইতালির ডেটা প্রটেকশন অথরিটি। ইতালীয় কোনো কর্তৃপক্ষের ইতিহাসে কোনো প্রযুক্তি প্রতিষ্ঠানের ওপর আরোপিত এটি অন্যতম সর্বোচ্চ জরিমানার ঘটনা। ইতালির গোপনীয়তা ও ডেটা সুরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, ফেসবুক অ্যাপের একটি নির্দিষ্ট ফিচারের মাধ্যমে প্রায় দুই কোটি স্মার্টফোন ব্যবহারকারীর গ্যালারির ছবি ও ভিডিও অ্যাক্সেস করা হলেও মেটা ব্যবহারকারীদের এ বিষয়ে যথাযথভাবে অবহিত করেনি। এই ফিচারের মূল কাজ ছিল ব্যবহারকারীদের ফোনের ফটো গ্যালারি থেকে ছবি ও ভিডিও পোস্টের আইডিয়া হিসেবে সাজেস্ট করা। কিন্তু একক অ্যাপ-ব্যাপী অনুমোদনের আড়ালে ফেসবুক যে গ্যালারির ছবি ব্যবহার করে এই সাজেশন তৈরি করছে, তা পূর্ববর্তী কোনো নোটিশে স্পষ্ট করা হয়নি। নিয়ন্ত্রক সংস্থাটি মেটাকে আগামী ৬০ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে। এই সময়ের মধ্যে ফিচারটিকে ডিফল্টভাবে নিষ্ক্রিয় করতে এবং আলাদাভাবে ব্যবহারকারীদের কাছ থেকে স্পষ্ট সম্মতি নিতে নির্দেশ দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, জরিমানার পরিমাণ নির্ধারণের সময় ক্ষতিগ্রস্ত ব্যবহারকারীর বিপুল সংখ্যা, যেসব ব্যবহারকারী অ্যাপ আপডেট করেননি বা ইতিমধ্যে সিস্টেমে সম্মতি দিয়েছেন তাদের ক্ষেত্রে এই লঙ্ঘন চলমান থাকা এবং মেটার অসহযোগিতাকে বিশেষভাবে বিবেচনায় নেওয়া হয়েছে। উল্লেখ্য, এর আগে গত মাসেই ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মূল প্রতিষ্ঠান মেটা তার ব্যবসায়িক কার্যক্রমের জন্য বড় ধাক্কার মুখে পড়েছিল। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ মেক্সিকোর একটি আদালত ফেসবুক ব্যবহারকারীর ডেটা পরিচালনা সংক্রান্ত বিষয়ে জনসাধারণকে ভুল তথ্য দেওয়ার দায়ে মেটাকে ২৫ বিলিয়ন ডলার জরিমানা করে। সূত্র: বিবিসি নিউজ।
বার্ধক্য জয় করতে চান পুতিন! আয়ু বাড়াতে বাঁদরের রক্তের ওপর গবেষণা রুশ বিজ্ঞানীদের
মোসাদ প্রধানের গোপনে যুক্তরাষ্ট্র সফর! ইরানে নতুন হাম লার প্রস্তুতি নিচ্ছেন নেতানিয়াহু
৫০ ভরি স্বর্ণ চুরি, ৬০০ সিসিটিভি ফুটেজেও মেলেনি পরিচয়, ইনস্টাগ্রাম রিলসেই ধরা পড়লো স্বর্ণচোর!
ভারতে নয়বার বিয়ে করা এক নারীর সপ্তম সাবেক স্বামীর বিরুদ্ধে করা নির্যাতনের মামলা খারিজ করে দিয়েছেন কর্ণাটক হাইকোর্ট। যৌতুকের দাবিতে নির্যাতন, মারধর ও হুমকির অভিযোগে করা মামলাটি বাতিল করে আদালত বলেছেন, অভিযোগের পক্ষে প্রয়োজনীয় সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ পাওয়া যায়নি। গত ৪ নভেম্বর বিচারপতি এম নাগাপ্রসন্ন এ রায় দেন। ভারতীয় সংবাদমাধ্যম দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, ২০২২ সালে রাজা হুসেন নামের এক ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ করেন তাঁর সাবেক স্ত্রী। ভারতীয় দণ্ডবিধির আওতায় বিবাহিত নারীর প্রতি নিষ্ঠুর আচরণ, ইচ্ছাকৃতভাবে আঘাত করা, অপমান এবং অপরাধমূলক হুমকির অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। মামলাটি বাতিলের আবেদন জানিয়ে রাজা হুসেন আদালতে দাবি করেন, তাঁর সাবেক স্ত্রী এর আগেও একাধিক বিয়ে করেছেন। প্রতিবারই দাম্পত্য সম্পর্কে বিরোধ তৈরি করে মামলা দায়ের এবং পরে অর্থের বিনিময়ে সমঝোতার একটি ধারা অনুসরণ করেছেন তিনি। হুসেনের দাবি অনুযায়ী, ৩০ বছর বয়সী ওই নারী মোট নয়বার বিয়ে করেছেন। অন্যদিকে, মামলাটি বাতিলের বিরোধিতা করেন অভিযোগকারী নারী। তাঁর দাবি, যৌতুকের দাবিতে সাবেক স্বামীর নির্যাতনের যথেষ্ট তথ্যপ্রমাণ রয়েছে। আদালতে তিনি অতীতে একাধিকবার বিয়ে করার বিষয়টিও স্বীকার করেন। তবে তাঁর বক্তব্য ছিল, আগের বৈবাহিক সম্পর্কের কারণে বর্তমান মামলার অভিযোগ অগ্রাহ্য করা উচিত নয়। উভয় পক্ষের বক্তব্য পর্যালোচনা করে আদালত পর্যবেক্ষণ দেন, অভিযোগকারী নারীর বৈবাহিক ইতিহাসে বারবার বিয়ে, দাম্পত্য বিরোধ, ফৌজদারি মামলা এবং পরবর্তী সময়ে সমঝোতার ঘটনা দেখা যায়। মামলার পরিস্থিতি বিবেচনায় ভিন্ন কোনো উদ্দেশ্যে ফৌজদারি কার্যক্রম শুরু করা হয়েছে বলে আবেদনকারীর যুক্তি গুরুত্ব পায়। তবে আদালত স্পষ্টভাবে জানিয়েছেন, কোনো নারী কতবার বিয়ে করেছেন, শুধু সেই সংখ্যার ভিত্তিতে তাঁর চরিত্র সম্পর্কে নেতিবাচক সিদ্ধান্ত নেওয়া যায় না। একইভাবে আগের স্বামীদের বিরুদ্ধে মামলা করার ইতিহাস থাকলেই পরবর্তী অভিযোগ মিথ্যা বলে ধরে নেওয়ার সুযোগ নেই। প্রতিটি অভিযোগকে তার নিজস্ব তথ্যপ্রমাণ ও আইনি ভিত্তিতে বিচার করতে হবে। বিচারপতি এম নাগাপ্রসন্ন আরও বলেন, অতীতের ঘটনাগুলো মামলার প্রেক্ষাপট বুঝতে সহায়তা করতে পারে। কিন্তু সেগুলো কখনোই অভিযোগের আইনি উপাদান যাচাইয়ের বিকল্প হতে পারে না। ফৌজদারি অভিযোগ টিকিয়ে রাখতে সংশ্লিষ্ট অপরাধের প্রাথমিক ভিত্তি থাকতে হবে। আদালত অভিযোগপত্র এবং মামলার নথি পর্যালোচনা করে দেখতে পান, অভিযোগগুলো সাধারণ ও অস্পষ্ট প্রকৃতির। অভিযুক্তের বিরুদ্ধে ফৌজদারি বিচার চালিয়ে যাওয়ার জন্য প্রয়োজনীয় সুনির্দিষ্ট ঘটনার বিবরণ ও তথ্যগত ভিত্তির ঘাটতি রয়েছে। এসব বিবেচনায় রাজা হুসেনের আবেদন মঞ্জুর করে তাঁর বিরুদ্ধে চলমান মামলাটি খারিজ করেন কর্ণাটক হাইকোর্ট। আদালতের সিদ্ধান্তে গুরুত্ব পেয়েছে অভিযোগের প্রমাণগত দুর্বলতা। একই সঙ্গে আদালত মনে করিয়ে দিয়েছেন, একাধিক বিয়ের ইতিহাস কোনো ব্যক্তির বিরুদ্ধে আনা অভিযোগ অবিশ্বাস করার স্বতন্ত্র আইনি ভিত্তি হতে পারে না। সূত্র: দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস
অ্যান্টার্কটিকায় পেঙ্গুইন গোনার চাকরি, মাসে আয় সাড়ে তিন লাখ টাকা পর্যন্ত! থাকা-খাওয়াও বিনামূল্যে
কানাডায় হাঁটতে বেরিয়ে আর ফিরলেন না মা-মেয়ে, চার গ্রিজলি ভাল্লুককে মেরে ফেলল কর্তৃপক্ষ
বিমানবন্দরে মোবাইল চালু না হলে ফ্লাইটে নেওয়া যাবে না, যাত্রীদের সতর্কতা
বর্তমান বৈশ্বিক পরিস্থিতিতে যেকোনো সংকট মোকাবিলায় নিজেদের প্রস্তুত রাখতে যুক্তরাজ্যে শুরু হয়েছে বহুল আলোচিত নাগরিক সচেতনতামূলক ক্যাম্পেইন ‘বি রেডি’ (Be Ready)। এই ক্যাম্পেইনের অংশ হিসেবে ইংল্যান্ড ও ওয়েলসের সাধারণ মানুষ সুপারমার্কেটগুলোতে টিনজাত খাবার, হ্যান্ড-ক্র্যাঙ্ক রেডিও, টর্চলাইট এবং পাওয়ার ব্যাংক কেনার জন্য হুমড়ি খেয়ে পড়েছেন। সাধারণ মানুষের মনে এখন একটাই প্রশ্ন—এই প্রস্তুতি কি শুধুই আতঙ্ক, নাকি সময়ের বাস্তব প্রয়োজন? ব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী ও এই ক্যাম্পেইনের অন্যতম প্রধান মুখ ওয়েস স্ট্রিটিং (Wes Streeting) জানিয়েছেন, সরকারের মূল উদ্দেশ্য জনগণকে আতঙ্কিত করা নয়, বরং তাদের সতর্ক ও প্রস্তুত রাখা। ইউরোপীয় কমিশনের ‘প্রিপেয়ার্ডনেস ইউনিয়ন স্ট্র্যাটেজি’-এর আদলে এবং সুইডেন, ফিনল্যান্ড ও পোল্যান্ডের মতো ইউরোপীয় দেশগুলোর সংকটকালীন প্রস্তুতির অনুকরণে যুক্তরাজ্যে নাগরিকদের অন্তত ৭২ ঘণ্টা নিজেদের একক প্রচেষ্টায় চলার সক্ষমতা অর্জনের ওপর জোর দেওয়া হচ্ছে। এই ক্যাম্পেইনের প্রভাবে সাধারণ ক্রেতাদের মধ্যে ব্যাপক সাড়া ও ভিড় লক্ষ্য করা গেছে। বিখ্যাত সুপারমার্কেট চেইন ‘আইসল্যান্ড’ জানিয়েছে, ক্যাম্পেইনের প্রথম সপ্তাহান্তেই তাদের টিনজাত পণ্যের বিক্রি প্রায় ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে টুনা মাছ, টিনজাত মাংস এবং সবজির চাহিদা এক লাফে অনেকখানি বেড়ে গেছে। তবে এই উদ্যোগের সমালোচনাও কম নয়। প্রায় ১৮০ জনেরও বেশি বিশেষজ্ঞ, একাডেমিশিয়ান এবং কমিউনিটি ফুড লিডার একটি খোলা চিঠিতে সতর্ক করে বলেছেন যে, ব্রিটিশ জনগণের প্রায় ২৯ শতাংশের পক্ষেই তিন দিনের খাবার মজুত করার অর্থনৈতিক সামর্থ্য নেই। তারা সাধারণ মানুষের ব্যক্তিগত প্রস্তুতির ওপর সম্পূর্ণ নির্ভর না করে বরং জাতীয়, আঞ্চলিক ও কমিউনিটি পর্যায়ে খাদ্য মজুত করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানিয়েছেন। সূত্র: আল-জাজিরা
বিশ্বের প্রভাবশালী ৫০০ মুসলিমের তালিকায় প্রধানমন্ত্রী তারেক রহমান
ন্যাটোকে দুর্বল করে ইউরোপের সীমানা বদলাতে চান পুতিন, আশঙ্কা জেলেনস্কির