সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আন্তর্জাতিক

ইসরায়েলের ‘ডিপ স্টেট’ নিয়ে বই আনছেন নেতানিয়াহুর ছেলে, বাবাকে ক্ষমতাচ্যুতের ষড়যন্ত্রের দাবি

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ১২, ২০২৬ ১০:৮
ছেলে ইয়ার নেতানিয়াহু ও স্ত্রী সারা নেতানিয়াহুর সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু
ছেলে ইয়ার নেতানিয়াহু ও স্ত্রী সারা নেতানিয়াহুর সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে দেশটির রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ষড়যন্ত্র নিয়ে একটি বই প্রকাশ করতে যাচ্ছেন তার ছেলে ইয়াইর নেতানিয়াহু। ডানপন্থি সক্রিয়তাবাদী ইয়াইরের দাবি, ইসরায়েলের বিভিন্ন রাষ্ট্রীয় প্রতিষ্ঠান তার বাবাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে তৎপর।

 

‘টু-ফ্রন্ট ওয়ার: ইনসাইড ইসরায়েলস ফাইট ফর সারভাইভাল-অ্যাগেইনস্ট ফরেন এনিমিজ অ্যান্ড ডমেস্টিক স্যাবোটার্স’ শিরোনামের বইটি প্রকাশ ও বিতরণ করবে আন্তর্জাতিক প্রকাশনা সংস্থা সাইমন অ্যান্ড শুস্টার। প্রকাশকের ওয়েবসাইটে বলা হয়েছে, বইটিতে পশ্চিমা বিশ্বকে অস্থিতিশীল করা এবং মুক্ত সভ্যতার ভিত্তি দুর্বল করার একটি পরিকল্পনার কথা তুলে ধরা হবে।

 

বইটির প্রচারণামূলক বিবরণে বলা হয়েছে, ইয়াইর নেতানিয়াহু সব সময়ই একজন গর্বিত ইহুদি ও নিবেদিতপ্রাণ জায়নবাদী। কিন্তু ইসরায়েলের রাষ্ট্র পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলো যখন তার বাবাকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে তৎপর হয়, তখন তিনি এমন এক জটিল ব্যবস্থার মুখোমুখি হন, যা খুব কম নাগরিকই দেখতে পান। এসব প্রতিষ্ঠানের মধ্যে রয়েছে দেশটির কৌঁসুলি, বিচারক, গোয়েন্দা আমলাতন্ত্র, সামরিক নেতৃত্ব, গণমাধ্যম নেটওয়ার্ক এবং বিদেশি অর্থায়নে পরিচালিত বেসরকারি সংস্থা।

 

বইটিকে ‘ম্যাট্রিক্সের ভেতর থেকে পাওয়া প্রতিবেদন’ হিসেবে বর্ণনা করা হয়েছে। ‘ম্যাট্রিক্স’ শব্দটি নারীবিদ্বেষী ইনফ্লুয়েন্সার অ্যান্ড্রু টেট জনপ্রিয় করেন। ষড়যন্ত্রতত্ত্বে বিশ্বাসীরা সাধারণত মূলধারার সমাজকে নিয়ন্ত্রণকারী এক ধরনের মায়াময় ব্যবস্থাকে বোঝাতে শব্দটি ব্যবহার করে থাকেন।

 

গত ২৭ অক্টোবরের পার্লামেন্ট নির্বাচনে বেনিয়ামিন নেতানিয়াহুর ডানপন্থি জোট ৫৩টি আসন পেয়েছে। তবে ১২০ আসনের নেসেটে সংখ্যাগরিষ্ঠতা পেতে প্রয়োজনীয় ৬১টি আসন থেকে পিছিয়ে রয়েছে তারা। অবশ্য পার্লামেন্টে এখনো সবচেয়ে বড় জোট হিসেবে রয়েছে এই ব্লকটিই। অন্যদিকে গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন বিরোধী জোট পেয়েছে ৪৮টি আসন। আর আরব নেতৃত্বাধীন দলগুলো পেয়েছে রেকর্ড ১৯টি আসন। ফলে সরকার গঠনের জোট আলোচনায় তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

 

ইয়াইর দীর্ঘদিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ উগ্র ডানপন্থি ষড়যন্ত্রতত্ত্ব প্রচার করে আসছেন। নির্বাচনের পর থেকে তিনি অভিযোগ করছেন, তার বাবার বিরুদ্ধে নির্বাচনে কারচুপি করতে আরব দেশগুলোর অর্থসহ বিভিন্ন শক্তি কাজ করেছে। মঙ্গলবার এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি আবারও দাবি করেন যে, শত্রু রাষ্ট্রগুলো আরব ভোটারদের ঘুস দিয়ে নির্বাচন চুরি করেছে।

 

নেতানিয়াহুর বিরুদ্ধে চলমান দুর্নীতির মামলার পেছনেও একই ধরনের ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেছেন ইয়াইর। ঘুস গ্রহণ, জালিয়াতি ও বিশ্বাসভঙ্গের অভিযোগে ২০২০ সাল থেকে তিনটি দুর্নীতির মামলায় বিচার চলছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর। তবে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কারণ দেখিয়ে তিনি আদালতে অনেক শুনানিতে উপস্থিত হননি।

 

ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজের তথ্য অনুযায়ী, ইয়াইরের নতুন বইটির প্রকাশনা প্রতিষ্ঠান র্যাটপ্যাক প্রেস। প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছেন অস্ট্রেলীয় ব্যবসায়ী জেমস প্যাকার ও মার্কিন চলচ্চিত্র পরিচালক ব্রেট র্যাটনার। প্যাকার নেতানিয়াহু পরিবারের বন্ধু এবং প্রধানমন্ত্রীর দুর্নীতির মামলার একজন সাক্ষী। অন্যদিকে যৌন নিপীড়নের অভিযোগ ওঠার পর র্যাটনার ইসরায়েলে চলে যান।

 

নেতানিয়াহুর বিরুদ্ধে দায়ের করা অভিযোগপত্রে বলা হয়েছে, কয়েক বছর ধরে প্যাকারের কাছ থেকে দামি সিগার ও শ্যাম্পেন উপহার পেয়েছেন প্রধানমন্ত্রী। প্যাকারের মালিকানাধীন তেল আবিবের একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্টও মাঝেমধ্যে ব্যবহার করতেন ইয়াইর নেতানিয়াহু। সূত্র: মিডল ইস্ট আই।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আন্তর্জাতিক

View more
গাজার খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় চিকিৎসক ও শিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। ছবি: সংগৃহীত
গাজার হাসপাতালে সার্জারি বিভাগ লক্ষ্য করে ইসরায়েলি বিমান হামলায় ৫ চিকিৎসক নিহত, বন্ধ চিকিৎসা সেবা

ফিলিস্তিনের গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলে খান ইউনিসের নাসের হাসপাতালে ইসরায়েলি বিমান হামলায় এক চিকিৎসক ও এক শিশুসহ অন্তত ছয়জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ২৮ জন। বৃহস্পতিবার (১২ নভেম্বর) স্থানীয় সময় মধ্যরাতের পর হাসপাতালের সার্জারি বিভাগ লক্ষ্য করে এ হামলা চালানো হয়। এতে হাসপাতালের গুরুত্বপূর্ণ চিকিৎসাসেবা বন্ধ হয়ে গেছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় ও হাসপাতাল কর্তৃপক্ষের বরাতে এ তথ্য জানিয়েছে অ্যাসোসিয়েটেড প্রেস (এপি)।   নিহতদের মধ্যে রয়েছেন জেনারেল সার্জন ডা. রিজক আবু শাইরা এবং হাসপাতালে চিকিৎসাধীন ১৩ বছর বয়সী এক শিশু। হামলার কয়েক ঘণ্টা আগেও আবু শাইরা হাসপাতালে রোগীদের চিকিৎসা দিয়েছেন বলে জানিয়েছেন তাঁর সহকর্মীরা। হাসপাতাল কর্তৃপক্ষের ভাষ্য অনুযায়ী, হামলায় চিকিৎসাধীন রোগীরাও হতাহত হয়েছেন।   প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল কর্মকর্তাদের বরাতে জানা গেছে, বিমান হামলায় হাসপাতালের আল ইয়াসিন ভবনের দ্বিতীয় তলা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। অস্ত্রোপচার কক্ষ, রোগীদের ওয়ার্ড এবং চিকিৎসাসংশ্লিষ্ট বিভিন্ন স্থাপনায় ব্যাপক ধ্বংসযজ্ঞ হয়েছে। ভবনের ভেতরে ছড়িয়ে পড়ে কংক্রিটের ধ্বংসস্তূপ, ভাঙা আসবাবপত্র ও চিকিৎসা সরঞ্জাম। আহত রোগীদের ধ্বংসস্তূপের মধ্য দিয়েই নিরাপদ স্থানে সরিয়ে নিতে হয়েছে।   বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত ভিডিওতে হাসপাতালের ভেতরে ব্যাপক ক্ষয়ক্ষতির চিত্র দেখা গেছে। ধ্বংসস্তূপে ভরা করিডর দিয়ে স্ট্রেচারে করে আহতদের সরিয়ে নেওয়া হচ্ছে। কয়েকজনকে অন্যদের সহায়তায় ক্ষতিগ্রস্ত ভবন থেকে বের হতে দেখা যায়। হাসপাতালের বাইরে উদ্ধারকর্মী ও দমকল বাহিনীর সদস্যরা উদ্ধারকাজ পরিচালনা করেন।   নাসের হাসপাতালের পরিচালক ডা. আহমেদ আল ফারার তথ্য অনুযায়ী, হামলার পর সার্জারি বিভাগের পাশাপাশি রেডিওলজি ও ল্যাবরেটরির কার্যক্রমও বন্ধ রাখতে হয়েছে। অস্ত্রোপচারের অপেক্ষায় থাকা রোগীদের চিকিৎসা নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। হাসপাতালটিতে আগে থেকেই প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট ছিল। নতুন হামলায় সেই সংকট আরও জটিল হয়ে উঠেছে।   ইসরায়েলি সামরিক বাহিনী হামলার বিষয়টি স্বীকার করে দাবি করেছে, হাসপাতাল চত্বরে হামাসের একজন কমান্ডার ও অন্য যোদ্ধাদের লক্ষ্য করে অভিযান চালানো হয়েছে। তাদের অভিযোগ, হামাস হাসপাতাল কমপ্লেক্সকে সামরিক কার্যক্রমের জন্য ব্যবহার করছিল। তবে এই দাবির পক্ষে তাৎক্ষণিকভাবে কোনো প্রমাণ প্রকাশ করেনি ইসরায়েলি বাহিনী। নিহতদের মধ্যে দাবি করা ওই কমান্ডারের নামও পাওয়া যায়নি।   গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষ ও হাসপাতাল কর্মকর্তারা হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। আন্তর্জাতিক মানবিক আইন অনুযায়ী হাসপাতাল, রোগী ও চিকিৎসাকর্মীরা বিশেষ সুরক্ষা পাওয়ার অধিকারী। কোনো চিকিৎসাপ্রতিষ্ঠান সামরিক উদ্দেশ্যে ব্যবহৃত হলেও সেখানে হামলার ক্ষেত্রে কঠোর আইনি শর্ত ও বেসামরিক মানুষের সুরক্ষার বাধ্যবাধকতা রয়েছে।   নাসের হাসপাতাল গাজার অল্প কয়েকটি সচল বড় চিকিৎসাপ্রতিষ্ঠানের একটি। চলমান সংঘাতে হাসপাতালটি আগেও একাধিকবার ইসরায়েলি হামলার শিকার হয়েছে। ২০২৫ সালের আগস্টে এই হাসপাতাল কমপ্লেক্সে ইসরায়েলি হামলায় অ্যাসোসিয়েটেড প্রেসের সহযোগী সাংবাদিক মরিয়ম দাগ্গাসহ পাঁচ সাংবাদিক নিহত হন। ওই ঘটনা আন্তর্জাতিকভাবে ব্যাপক সমালোচনার জন্ম দিয়েছিল।   ২০২৫ সালের অক্টোবরে কার্যকর হওয়া যুদ্ধবিরতির পরও গাজায় ইসরায়েলি হামলা ও গোলাগুলির ঘটনা অব্যাহত রয়েছে। গাজার স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে, যুদ্ধবিরতি শুরুর পর থেকে ইসরায়েলি হামলায় ১ হাজার ৬০০ জনের বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। অন্যদিকে ইসরায়েল হামাসের বিরুদ্ধে যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন এবং সামরিক শক্তি পুনর্গঠনের অভিযোগ করে আসছে। হামাস এসব অভিযোগ অস্বীকার করে বলছে, ইসরায়েলই যুদ্ধবিরতিকে দুর্বল করছে।   ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বাধীন হামলায় ইসরায়েলে প্রায় ১ হাজার ২০০ মানুষ নিহত হন বলে ইসরায়েলি কর্তৃপক্ষ জানিয়েছে। এরপর গাজায় ইসরায়েলের সামরিক অভিযানে ফিলিস্তিনি স্বাস্থ্য কর্তৃপক্ষের হিসাবে ৭৪ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন। দীর্ঘ সংঘাতে গাজার চিকিৎসাব্যবস্থা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। এমন পরিস্থিতিতে নাসের হাসপাতালের ওপর নতুন হামলা আহত ও অসুস্থ মানুষের চিকিৎসা পাওয়ার সুযোগ আরও সীমিত করে দিয়েছে।   সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস

প্রকাশ: নভেম্বর ১২, ২০২৬ ১০:১৩
ছেলে ইয়ার নেতানিয়াহু ও স্ত্রী সারা নেতানিয়াহুর সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু

ইসরায়েলের ‘ডিপ স্টেট’ নিয়ে বই আনছেন নেতানিয়াহুর ছেলে, বাবাকে ক্ষমতাচ্যুতের ষড়যন্ত্রের দাবি

অতীতে প্রশ্ন করার জেরে নরওয়ের প্রখ্যাত সাংবাদিক হেল্লে লিংয়ের ভিসা বাতিল করেছে ভারতীয় কর্তৃপক্ষ। ছবি: সংগৃহীত

মোদিকে প্রশ্ন করার ‘অপরাধে’ নরওয়ের সাংবাদিকের ভিসা বাতিল করল ভারত!

গ্রাফিক্স: আমেরিকা বাংলা

অসুস্থ হলেও পুরুষ চিকিৎসকের কাছে যাওয়ার সুযোগ নেই, তালেবান শাসনে বিপাকে আফগান নারীরা

বিতর্ক ও তদন্তের মুখে পদত্যাগ করলেন এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং
বিতর্ক ও তদন্তের মুখে পদত্যাগ করলেন এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং

বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন কোম্পানিটির সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াং। চীনা গোয়েন্দা তৎপরতার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহ থাকা এক নারীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক এবং কোম্পানির এক নারী নির্বাহীর সঙ্গে সম্পর্কের অভিযোগ ঘিরে বিতর্কের মধ্যে বৃহস্পতিবার (১২ নভেম্বর) পদত্যাগ করেন তিনি। একই সঙ্গে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ থেকেও সরে যাচ্ছেন ৬৩ বছর বয়সী এই প্রযুক্তি উদ্যোক্তা। তাঁর জায়গায় অন্তর্বর্তীকালীন সিইও হিসেবে দায়িত্ব নিচ্ছেন কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তা কোলেট ক্রেস। জেনসেন হুয়াংয়ের পদত্যাগের খবরে এনভিডিয়ার শেয়ারের দাম বাজার খোলার আগের লেনদেনে ১০ শতাংশের বেশি কমে গেছে।    অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, বুধবার এনভিডিয়ার পরিচালনা পর্ষদের বৈঠকে হুয়াংয়ের ভবিষ্যৎ নিয়ে আলোচনা হয়। এর পরদিনই তাঁর পদত্যাগের ঘোষণা আসে। ১৯৯৩ সালে এনভিডিয়া প্রতিষ্ঠার পর থেকে টানা ৩৩ বছর কোম্পানিটির নেতৃত্ব দিয়ে আসছিলেন তিনি। তাঁর নেতৃত্বেই গ্রাফিকস চিপ নির্মাতা প্রতিষ্ঠানটি কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বৈশ্বিক বাজারে অন্যতম প্রভাবশালী কোম্পানিতে পরিণত হয়। বর্তমানে প্রতিষ্ঠানটির বাজারমূল্য প্রায় ৪ ট্রিলিয়ন ডলার। দীর্ঘদিনের প্রধান নির্বাহীর আকস্মিক বিদায় কোম্পানিটির ভবিষ্যৎ নেতৃত্ব এবং কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পের বিনিয়োগকারীদের মধ্যে অনিশ্চয়তা তৈরি করেছে।   বিতর্কের সূত্রপাত চীনা গোয়েন্দা তৎপরতার সঙ্গে সংশ্লিষ্টতার সন্দেহ থাকা অ্যালিস হুয়াং নামের এক নারীর সঙ্গে জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্কের খবর প্রকাশের পর। অ্যালিস সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিড ইন্টারন্যাশনালের সাবেক নির্বাহী কর্মকর্তা। মার্কিন গোয়েন্দা সংস্থাগুলোর সন্দেহ, তিনি চীনের হয়ে তথ্য সংগ্রহের সঙ্গে যুক্ত ছিলেন। তবে চীন সরকার এসব অভিযোগ অস্বীকার করেছে। জেনসেন হুয়াং ওই নারীর সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকার কথা স্বীকার করলেও তিনি চীনা গোয়েন্দা সংস্থার হয়ে কাজ করতেন বলে আগে জানতেন না বলে জানিয়েছেন। দুই ব্যক্তির পদবি একই হলেও তাঁদের মধ্যে কোনো পারিবারিক সম্পর্ক নেই।   এদিকে মেগাস্পিডের বিরুদ্ধেও যুক্তরাষ্ট্রের রপ্তানি নিষেধাজ্ঞা অমান্য করে উন্নত এনভিডিয়া চিপ চীনে সরবরাহের অভিযোগ উঠেছে। প্রতিষ্ঠানটি এসব অভিযোগ অস্বীকার করেছে এবং মার্কিন কর্তৃপক্ষের তদন্তে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছে। গত ৮ নভেম্বর এনভিডিয়ার পরিচালনা পর্ষদ স্বাধীন পরিচালকদের নিয়ে একটি তদন্ত কমিটি গঠনের ঘোষণা দেয়। কোম্পানিটি জানিয়েছিল, জাতীয় নিরাপত্তা কিংবা এনভিডিয়ার গোপন প্রযুক্তিগত তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে তাদের কাছে কোনো প্রমাণ নেই। তবে অভিযোগের সব দিক খতিয়ে দেখা হবে। ফলে গোয়েন্দা তৎপরতার অভিযোগ নিয়ে তদন্ত চললেও জেনসেন হুয়াংয়ের মাধ্যমে কোনো গোপন তথ্য চীনের কাছে পৌঁছেছে, এমন বিষয় এখনো প্রমাণিত হয়নি।    জেনসেন হুয়াং এনভিডিয়ার স্বাস্থ্যসেবাবিষয়ক ভাইস প্রেসিডেন্ট কিম্বারলি পাওয়েলের সঙ্গেও বিবাহবহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন বলে দাবি করা হয়েছে। পাওয়েল সরাসরি তাঁর অধীনে কাজ করতেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। নতুন এই তথ্য প্রকাশের পর কোম্পানির অভ্যন্তরীণ নৈতিকতা, নেতৃত্ব ও জবাবদিহি নিয়ে প্রশ্ন আরও জোরালো হয়। এর আগে হুয়াং নিজের বিবাহবহির্ভূত সম্পর্কের জন্য স্ত্রী, সন্তান ও সহকর্মীদের কাছে প্রকাশ্যে ক্ষমা চেয়েছিলেন। তবে ব্যক্তিগত সম্পর্কের অভিযোগ এবং জাতীয় নিরাপত্তাসংক্রান্ত তদন্তকে পৃথক বিষয় হিসেবে বিবেচনা করার ওপর গুরুত্ব দিয়েছেন সংশ্লিষ্ট পর্যবেক্ষকেরা।   এনভিডিয়া জানিয়েছে, নতুন স্থায়ী প্রধান নির্বাহী নির্বাচন না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন দায়িত্ব পালন করবেন কোলেট ক্রেস। তিনি একই সঙ্গে কোম্পানির প্রধান আর্থিক কর্মকর্তার দায়িত্বেও থাকবেন। অন্যদিকে সিনপসিসের সাবেক প্রধান নির্বাহী ও এনভিডিয়ার পরিচালনা পর্ষদের সদস্য হার্ভে জোন্সকে কোম্পানিটির প্রথম চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে প্রতিষ্ঠানের ভেতর ও বাইরের সম্ভাব্য প্রার্থীদের বিবেচনা করা হবে। তবে স্থায়ী সিইও নিয়োগের নির্দিষ্ট সময়সীমা এখনো জানানো হয়নি।   হুয়াংয়ের বিদায় শুধু এনভিডিয়ার নেতৃত্বেই নয়, বৈশ্বিক কৃত্রিম বুদ্ধিমত্তা শিল্পেও প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বাজার বিশ্লেষকেরা। এনভিডিয়ার উন্নত চিপ বর্তমানে বিশ্বের বড় বড় প্রযুক্তি কোম্পানি, ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠান এবং কৃত্রিম বুদ্ধিমত্তা গবেষণাগারে ব্যবহৃত হচ্ছে। হুয়াং এসব প্রতিষ্ঠানের সঙ্গে ব্যবসায়িক অংশীদারত্ব গড়ে তোলা এবং প্রযুক্তি উন্নয়নের সিদ্ধান্তে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। বিনিয়োগ প্রতিষ্ঠান ক্লিয়ারব্রিজ ইনভেস্টমেন্টসের পোর্টফোলিও ম্যানেজার মাইকেল ফেল্ডম্যানের মতে, এনভিডিয়ার প্রযুক্তিগত পরিকল্পনা এখনো দৃশ্যমান থাকলেও সেই পরিকল্পনা বাস্তবায়নের সমন্বয় ও নেতৃত্বই সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে।   এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক এবং চীনে উন্নত চিপ রপ্তানির বিষয়ে তাঁর অবস্থানও নতুন করে আলোচনায় এসেছে। হুয়াং দীর্ঘদিন ধরে চীনের বাজারে মার্কিন প্রযুক্তি কোম্পানিগুলোর প্রবেশাধিকার বজায় রাখার পক্ষে ছিলেন। তাঁর বিদায়ের পর এনভিডিয়ার ব্যবসায়িক কৌশল এবং যুক্তরাষ্ট্রের চিপ রপ্তানিনীতি নিয়ে কোম্পানিটির অবস্থানে পরিবর্তন আসবে কি না, তা এখনো স্পষ্ট নয়। সব মিলিয়ে ৩৩ বছরের নেতৃত্বের অবসান এনভিডিয়ার জন্য নতুন এক অধ্যায়ের সূচনা করল।   সংবাদসূত্র: রয়টার্স, অ্যাসোসিয়েটেড প্রেস,এনভিডিয়ার পরিচালনা পর্ষদের বিবৃতি, নিউইয়র্ক টাইমস।

প্রকাশ: নভেম্বর ১২, ২০২৬ ৯:৪২
পাকিস্তানের সামরিক মুখপাত্র লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিফ চৌধুরী

সৌদি আরবের নিরাপত্তায় সর্বোচ্চ অগ্রাধিকার, প্রয়োজনে প্রতিরক্ষা চুক্তি কার্যকরের বার্তা পাকিস্তানের

গুপ্তচরবৃত্তির দায়ে দোষী সাব্যস্ত দুই ইরানি নাগরিক। ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ইরানের গোয়েন্দাদের সহায়তার দায়ে ২ নাগরিক মোস্তফা ও ফারহাদ দোষী সাব্যস্ত, বাড়ছে নিরাপত্তা উদ্বেগ

চীনা ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্ক ও চিপ কেলেঙ্কারির অভিযোগে তদন্তের মুখে পড়েছেন এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াং। ছবি: সংগৃহীত

যে চীনা নারীকে ঘিরে তোলপাড়, চাকরি ও ব্যক্তিজীবন নিয়ে সংকটে এনভিডিয়া প্রধান! কে সেই অ্যালিস হুয়াং?

ছবি: বিশ্বের শীর্ষ পাঁচ ধনকুবেরের প্রতিকৃতি (কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নির্মিত)।
টাকার পাহাড়, ক্ষমতা ও খ্যাতি তবু টিকছে না বিশ্বের শীর্ষ ধনকুবেরদের সংসার!

এনভিডিয়ার জেনসেন হুয়াংয়ের স্বীকারোক্তিতে নতুন আলোচনা, বিল গেটস থেকে জেফ বেজোস বিচ্ছেদের অভিজ্ঞতা রয়েছে বিশ্বের প্রভাবশালী ধনকুবেরদেরও বিশ্বের প্রযুক্তি ও ব্যবসায়িক সাম্রাজ্যের শীর্ষে যাঁদের অবস্থান, তাঁদের অনেকের ব্যক্তিজীবনও এখন আলোচনার কেন্দ্রে। শত শত বিলিয়ন ডলারের ব্যবসা, বিশ্বজুড়ে পরিচিতি, বিপুল সম্পদ ও প্রভাব কোনোটিই যে ব্যক্তিগত সম্পর্কের জটিলতা থেকে কাউকে পুরোপুরি রক্ষা করতে পারে না, সাম্প্রতিক কয়েকটি ঘটনা আবারও সেই প্রশ্ন সামনে নিয়ে এসেছে। বিশেষ করে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির বিশ্বে অন্যতম প্রভাবশালী প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের সাম্প্রতিক স্বীকারোক্তি নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। একই সঙ্গে মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস, অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস, গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন এবং টেসলার প্রধান ইলন মাস্কের মতো ধনকুবেরদের দাম্পত্য জীবনের বিচ্ছেদের ঘটনাও সামনে এসেছে।   জেনসেন হুয়াং: ৪০ বছরের দাম্পত্যে সংকট, স্ত্রীর কাছে ক্ষমা চাইলেন এনভিডিয়া প্রধান বিশ্বের অন্যতম মূল্যবান প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত জীবন নিয়ে সম্প্রতি ব্যাপক আলোচনা শুরু হয়েছে। ১৯৯৩ সালে প্রতিষ্ঠিত এনভিডিয়া কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তি ও কম্পিউটার চিপের বাজারে বিশ্বজুড়ে গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছে। কিন্তু প্রতিষ্ঠানের প্রধানের ব্যক্তিজীবন নিয়ে সাম্প্রতিক বিতর্ক এখন আলোচনার নতুন বিষয়।   ১৯৮৫ সালে লরি মিলসকে বিয়ে করেন জেনসেন হুয়াং। প্রায় চার দশকের দাম্পত্য জীবনে তাঁদের দুই সন্তান রয়েছে। ৮ নভেম্বর ২০২৬ এনভিডিয়ার কর্মীদের উদ্দেশে পাঠানো এক বার্তায় হুয়াং নিজেই স্ত্রীর প্রতি অবিশ্বস্ত হওয়ার কথা স্বীকার করেন। তিনি বলেন, তাঁর কর্মকাণ্ডে স্ত্রী ও সন্তানরা কষ্ট পেয়েছেন এবং এ জন্য কোনো অজুহাত নেই। পরিবারের কাছে ক্ষমা চেয়ে তিনি আরও জানান, নিজের কাজের সম্পূর্ণ দায়িত্ব তিনি নিচ্ছেন এবং পরিবারের বিশ্বাস ফিরে পেতে চান।   এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থার সন্দেহের আওতায় থাকা চীনা বংশোদ্ভূত ব্যবসায়িক নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেনের সম্পর্ক নিয়ে সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হয়েছে। অভিযোগ রয়েছে, ওই নারী চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত থাকতে পারেন। এনভিডিয়ার পরিচালনা পর্ষদ বিষয়টি নিয়ে স্বাধীন তদন্ত শুরু করেছে। ১১ নভেম্বর তাঁর নেতৃত্ব নিয়ে পরিচালনা পর্ষদের আলোচনার খবরও প্রকাশিত হয়েছে।   বিল গেটস: ২৭ বছরের দাম্পত্য জীবনের অবসান - বিশ্বের অন্যতম পরিচিত প্রযুক্তি উদ্যোক্তা এবং মাইক্রোসফটের সহপ্রতিষ্ঠাতা বিল গেটস ও মেলিন্ডা ফ্রেঞ্চ গেটসের বিবাহবিচ্ছেদ আন্তর্জাতিক গণমাধ্যমে ব্যাপক আলোচিত হয়। ১৯৯৪ সালে বিয়ে করা এই দম্পতি দীর্ঘ ২৭ বছর একসঙ্গে সংসার করেছেন। তাঁদের তিন সন্তান রয়েছে। ২০২১ সালের মে মাসে তাঁরা যৌথ বিবৃতিতে বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত জানান। একই বছরের আগস্টে তাঁদের বিচ্ছেদ আইনি প্রক্রিয়ায় সম্পন্ন হয়।   বিচ্ছেদের পেছনের কারণ নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা হয়েছে। বিল গেটসের বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টিও প্রকাশ্যে আসে। তিনি স্বীকার করেছিলেন, প্রায় দুই দশক আগে মাইক্রোসফটের এক কর্মীর সঙ্গে তাঁর সম্পর্ক ছিল। মেলিন্ডা পরবর্তী এক সাক্ষাৎকারে জানান, সম্পর্কের মধ্যে বিশ্বাসের সংকট তৈরি হয়েছিল। তবে তাঁদের বিচ্ছেদের একমাত্র কারণ হিসেবে কোনো একটি ঘটনাকে চিহ্নিত করা হয়নি।   জেফ বেজোস: অ্যামাজনের সাম্রাজ্যের মাঝেই ২৫ বছরের সংসার ভাঙন - বিশ্বের অন্যতম বৃহৎ অনলাইন বাণিজ্য প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের বিবাহবিচ্ছেদও ছিল আলোচিত ঘটনা। ১৯৯৩ সালে ম্যাকেঞ্জি স্কটকে বিয়ে করেন তিনি। দীর্ঘ ২৫ বছরের দাম্পত্য জীবনের পর ২০১৯ সালের জানুয়ারিতে তাঁরা বিচ্ছেদের ঘোষণা দেন। তাঁদের চার সন্তান রয়েছে।   এই বিচ্ছেদ শুধু ব্যক্তিগত জীবনের ঘটনা হিসেবেই আলোচনায় আসেনি, বরং বিশ্বের অন্যতম বড় সম্পদ বণ্টনের ঘটনায় পরিণত হয়েছিল। বিচ্ছেদের সমঝোতায় ম্যাকেঞ্জি স্কট অ্যামাজনে তাঁদের যৌথ শেয়ারের ২৫ শতাংশ পান, যার মূল্য তখন প্রায় ৩৬ বিলিয়ন ডলার ছিল। অন্যদিকে জেফ বেজোস অ্যামাজনের অধিকাংশ শেয়ার ও ভোটাধিকার নিজের কাছে রাখেন। পরবর্তী সময়ে ম্যাকেঞ্জি স্কট বিশ্বের অন্যতম ধনী নারী হিসেবে পরিচিতি পান।   সের্গেই ব্রিন: গুগলের সহপ্রতিষ্ঠাতার দুই দাম্পত্য বিচ্ছেদ - গুগলের সহপ্রতিষ্ঠাতা সের্গেই ব্রিনও ব্যক্তিগত জীবনে একাধিক বিবাহবিচ্ছেদের অভিজ্ঞতার মধ্য দিয়ে গেছেন। তাঁর প্রথম স্ত্রী ছিলেন অ্যান ওজচিকি। তাঁদের বিচ্ছেদ চূড়ান্ত হয় ২০১৫ সালে। পরবর্তী সময়ে নিকোল শানাহানকে বিয়ে করেন তিনি। ২০২২ সালে বিচ্ছেদের আবেদন করেন এবং ২০২৩ সালের মে মাসে তাঁদের বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়।   সের্গেই ব্রিন ও নিকোল শানাহানের বিচ্ছেদ ঘিরে প্রযুক্তি দুনিয়ায় নানা আলোচনা তৈরি হয়েছিল। বিশেষ করে ইলন মাস্কের সঙ্গে শানাহানের কথিত সম্পর্ক নিয়ে ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত প্রতিবেদন ব্যাপক আলোচনার জন্ম দেয়। তবে শানাহান ও মাস্ক উভয়েই তাঁদের মধ্যে যৌন সম্পর্কের অভিযোগ অস্বীকার করেছেন। তাই এ ধরনের অভিযোগকে প্রতিষ্ঠিত সত্য হিসেবে উপস্থাপন করা যায় না।   ইলন মাস্ক: একাধিক বিয়ে, বিচ্ছেদ ও আলোচিত ব্যক্তিজীবন - টেসলা ও স্পেসএক্সের প্রধান ইলন মাস্কের ব্যক্তিজীবনও দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক গণমাধ্যমের আলোচনায় রয়েছে। ২০০০ সালে জাস্টিন উইলসনকে বিয়ে করেন তিনি। তাঁদের সংসারে পাঁচ সন্তান রয়েছে। দীর্ঘদিনের সম্পর্কের অবসান ঘটে ২০০৮ সালে বিবাহবিচ্ছেদের মধ্য দিয়ে।   পরবর্তী সময়ে অভিনেত্রী তালুলাহ রাইলিকে বিয়ে করেন মাস্ক। ২০১০ সালে তাঁদের প্রথম বিয়ে হয় এবং ২০১২ সালে বিচ্ছেদ ঘটে। পরে ২০১৩ সালে তাঁরা আবার বিয়ে করেন। দ্বিতীয়বারের মতো তাঁদের সম্পর্কেরও অবসান ঘটে এবং ২০১৬ সালে বিবাহবিচ্ছেদ চূড়ান্ত হয়। অর্থাৎ একই ব্যক্তির সঙ্গে দুবার বিয়ে এবং দুবার বিচ্ছেদের ঘটনা রয়েছে মাস্কের জীবনে। তাঁর ব্যক্তিগত সম্পর্ক ও পারিবারিক জীবন নিয়ে বিভিন্ন সময়ে সংবাদমাধ্যমে ব্যাপক আলোচনা হয়েছে।   সম্পদ কি ব্যক্তিগত সুখের নিশ্চয়তা দিতে পারে? এই ব্যক্তিদের জীবনকাহিনি একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে নিয়ে আসে অর্থ, ক্ষমতা, খ্যাতি ও ব্যবসায়িক সাফল্য কি মানুষের ব্যক্তিগত জীবনের সুখ নিশ্চিত করতে পারে? বাস্তবতা হলো, বিপুল সম্পদের মালিক হলেও মানুষের ব্যক্তিগত সম্পর্কের জটিলতা থেকে মুক্ত থাকার নিশ্চয়তা নেই। দাম্পত্য জীবনে পারস্পরিক বোঝাপড়া, বিশ্বাস, সময় দেওয়া ও মানসিক সংযোগের গুরুত্ব অর্থনৈতিক সাফল্যের চেয়ে আলাদা।   তবে কয়েকজন ধনকুবেরের বিবাহবিচ্ছেদের ঘটনা দিয়ে বিশ্বের সব ধনী ব্যক্তির দাম্পত্য জীবন সম্পর্কে সাধারণ সিদ্ধান্তে পৌঁছানোও এক্ষেত্রে ঠিক হবে না। তাঁদের বিচ্ছেদের পেছনে ব্যক্তিভেদে ভিন্ন পরিস্থিতি ও কারণ রয়েছে। জেনসেন হুয়াংয়ের ঘটনা আবারও দেখিয়েছে, বিবাহবিচ্ছেদ না ঘটলেও দীর্ঘদিনের দাম্পত্য সম্পর্কে সংকট তৈরি হতে পারে।   শেষ পর্যন্ত সম্পদের পরিমাণ দিয়ে মানুষের ব্যক্তিগত সুখের হিসাব করা যায় না। শত শত বিলিয়ন ডলারের সাম্রাজ্য থাকলেও পারিবারিক সম্পর্কের জটিলতা যে মানুষের জীবনেরই অংশ, বিশ্বের পরিচিত ধনকুবেরদের এসব ঘটনায় তা আবারও আলোচনায় এসেছে।

প্রকাশ: নভেম্বর ১২, ২০২৬ ৮:৫৬
দক্ষিণ আফ্রিকায় সন্দেহভাজন চোরদের অস্বাভাবিকভাবে শুইয়ে রাখার ছবি ভাইরাল

দক্ষিণ আফ্রিকায় সন্দেহভাজন চোরদের অস্বাভাবিকভাবে শুইয়ে রাখার ছবি ভাইরাল

ছবিঃ কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে নির্মিত

বিটিএসের জিমিন পরিচয়ে প্রেমের ফাঁদ, ব্রাজিলের নারীর কাছ থেকে ৫২ হাজার ডলার হাতিয়ে নিল প্রতারক

মিশর সংলগ্ন রাফাহ সীমান্ত পরিদর্শনে গিয়ে গাজাকে ‘খোলা আকাশের নিচে কারাগার’ হিসেবে অভিহিত করেছেন এফ-ওয়ান বিশ্বচ্যাম্পিয়ন লুইস হ্যামিল্টন। ছবি: সংগৃহীত

রাফাহ সীমান্ত পরিদর্শন, গাজাকে ‘খোলা কারাগার’ বললেন সাতবারের এফ-ওয়ান চ্যাম্পিয়ন

0 Comments