- প্রচ্ছদ
- Topic
জেনসেন হুয়াং
বিশ্বের শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সেমিকন্ডাক্টর প্রস্তুতকারক প্রতিষ্ঠান ‘এনভিডিয়া’ (Nvidia) বর্তমানে এক অভূতপূর্ব কেলেঙ্কারির মুখে পড়েছে। সাড়ে চার ট্রিলিয়ন ডলার মূল্যের এই প্রভাবশালী প্রযুক্তি প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী (সিইও) জেনসেন হুয়াং-এর সঙ্গে পরকীয়ার সম্পর্ক এবং চীনের হয়ে গুপ্তচরবৃত্তির অভিযোগে তোলপাড় শুরু হয়েছে পুরো প্রযুক্তি বিশ্বে। এই পুরো বিতর্কের কেন্দ্রে রয়েছেন অ্যালিস হুয়াং নামে ৪৩ বছর বয়সী এক রহস্যময়ী নারী। অ্যালিস হুয়াং কে? মার্কিন কাস্টমস অ্যান্ড বর্ডার প্রোটেকশন রেকর্ডের তথ্য অনুযায়ী, অ্যালিস হুয়াং-এর আসল নাম হুয়াং লে। তিনি চীনের নাগরিক। কর্মজীবনের শুরুতে তিনি চীনের রাষ্ট্রীয় টেলিভিশনে সাংবাদিক হিসেবে কাজ করতেন। পরবর্তীতে তিনি এশিয়ার বিভিন্ন ব্যাংকিং ও ফাইন্যান্সিয়াল সেক্টরে যুক্ত হন। তথ্য পাওয়া গেছে, এইচএসবিসি (HSBC) এবং সাইটিক সিকিউরিটিজের (Citic Securities) মতো প্রতিষ্ঠানেও তার কাজের অভিজ্ঞতা রয়েছে। ২০২৩ সালে তিনি সিঙ্গাপুরভিত্তিক ক্লাউড কম্পিউটিং প্রতিষ্ঠান ‘মেগাস্পিড ইন্টারন্যাশনাল’-এর পরিচালক হন। তিনি দায়িত্ব নেওয়ার পর কোম্পানিটি মাত্র কয়েক বছরের মধ্যে এনভিডিয়ার অন্যতম প্রধান ক্রেতায় পরিণত হয় এবং প্রায় ৪ বিলিয়ন ডলারের চিপ ক্রয় করে। অভিযোগ রয়েছে, চীনের টেক জায়ান্ট আলিবাবার অর্থায়নে পরিচালিত এই প্রতিষ্ঠানটি বেআইনিভাবে চীনকে মার্কিন চিপ সুবিধা দিয়ে আসছিল। কীভাবে পরিচয় জেনসেন হুয়াং-এর সঙ্গে? সিইও জেনসেন হুয়াং-এর সঙ্গে অ্যালিস হুয়াং-এর পারিবারিক কোনো রক্তের সম্পর্ক নেই। তবে ২০২৪ সালের সেপ্টেম্বর থেকে বিভিন্ন হাই-প্রোফাইল ইভেন্ট, ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল গলফ রিসোর্ট, ভোজসভা এবং তাইপেইয়ের ডিনার পার্টিতে তাদের একসঙ্গে দেখা গেছে। এমনকি বেশ কয়েকটি ইভেন্ট শেষে তাদের একই গাড়িতে বের হতেও দেখা গেছে। সম্প্রতি এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াং নিজে এক অভ্যন্তরীণ বার্তায় বৈবাহিক বহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করেছেন। এর পরপরই এনভিডিয়া বোর্ড একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছে, যাতে খতিয়ে দেখা হচ্ছে সিইও কোনো বিদেশি গোয়েন্দা সংস্থার ফাঁদে পড়েছিলেন কি না। গোপন তথ্য কি চুরি হয়েছে? মার্কিন যুক্তরাষ্ট্রের মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই (FBI) ধারণা করছে, অ্যালিস হুয়াং চীনের হয়ে কাজ করা একজন গোয়েন্দা বা স্পাই। তবে এনভিডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত প্রতিষ্ঠানের কোনো গোপন প্রযুক্তি বা ব্যবসায়িক তথ্য হাতছাড়া হওয়ার প্রমাণ মেলেনি। বর্তমানে অ্যালিস হুয়াং-এর কোনো প্রকাশ্যে উপস্থিতি বা মন্তব্য পাওয়া যাচ্ছে না। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় এই অভিযোগকে "ভিত্তিহীন এবং চীনকে হেয় করার অপচেষ্টা" বলে প্রত্যাখ্যান করেছে। সূত্র: সিএনএন।
বিশ্বের অন্যতম ধনী ব্যক্তি ও মার্কিন প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াং বিবাহবহির্ভূত সম্পর্কের কথা স্বীকার করার পর তাঁর ব্যক্তিগত জীবন ও বিপুল সম্পদ নিয়ে নতুন আলোচনা শুরু হয়েছে। চার দশকের বেশি সময়ের দাম্পত্য জীবনের অবসান ঘটলে সম্পদ ভাগাভাগিতে প্রায় ৮১ বিলিয়ন ডলার দিতে হতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যমে হিসাব তুলে ধরা হয়েছে। তবে এখনো তাঁর বিবাহবিচ্ছেদের কোনো ঘোষণা আসেনি। রোববার (৮ নভেম্বর) এনভিডিয়ার কর্মীদের পাঠানো এক বার্তায় স্ত্রী লরি হুয়াংয়ের প্রতি অবিশ্বস্ত থাকার কথা স্বীকার করেন জেনসেন হুয়াং। নিজের আচরণের জন্য স্ত্রী, সন্তান ও সহকর্মীদের কাছে ক্ষমা চেয়ে তিনি জানান, তাঁর ভুলের কারণে পরিবারের সদস্যরা কষ্ট পেয়েছেন। এর সম্পূর্ণ দায়ও নিজের কাঁধে নেন তিনি। ১৯৮৫ সালে লরি হুয়াংকে বিয়ে করেন জেনসেন হুয়াং। দীর্ঘ ৪১ বছরের দাম্পত্য জীবনে তাঁদের দুই সন্তান রয়েছে। স্বামীর বিবাহবহির্ভূত সম্পর্কের স্বীকারোক্তির পর লরি হুয়াং এখন পর্যন্ত প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি। দক্ষিণ কোরিয়ার সংবাদমাধ্যম চোসুনবিজের প্রতিবেদনে তাইওয়ানের সংবাদমাধ্যম মিরর মিডিয়ার বরাত দিয়ে বলা হয়েছে, হুয়াংয়ের সম্পদের পরিমাণ প্রায় ১৬ হাজার ২২০ কোটি ডলার ধরে হিসাব করলে এর অর্ধেক দাঁড়ায় প্রায় ৮ হাজার ১১০ কোটি ডলার বা ৮১ দশমিক ১ বিলিয়ন ডলার। তবে এই হিসাব সম্পূর্ণ অনুমাননির্ভর। হুয়াংয়ের সম্পদের বড় অংশ এনভিডিয়ার শেয়ারের সঙ্গে যুক্ত। ফলে শেয়ারের দামের ওঠানামার সঙ্গে তাঁর মোট সম্পদের মূল্যও পরিবর্তিত হয়। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের আইন অনুযায়ী, বিবাহিত জীবনে অর্জিত যৌথ সম্পদ সাধারণত স্বামী ও স্ত্রীর মধ্যে সমানভাবে ভাগ করা হয়। তবে বিয়ের আগে অর্জিত ব্যক্তিগত সম্পদ, উত্তরাধিকারসূত্রে পাওয়া সম্পত্তি এবং বৈধ বৈবাহিক চুক্তির আওতাধীন সম্পদের ক্ষেত্রে ভিন্ন নিয়ম প্রযোজ্য হতে পারে। জেনসেন হুয়াং ও তাঁর স্ত্রী বিয়ের আগে কিংবা পরে সম্পদসংক্রান্ত কোনো চুক্তি করেছিলেন কি না, তা প্রকাশ্যে নিশ্চিত হওয়া যায়নি। ফলে সম্ভাব্য বিচ্ছেদে লরি হুয়াং ঠিক কত সম্পদ পেতে পারেন, এখনই তা নির্ধারণ করা সম্ভব নয়। তুলনামূলকভাবে ২০১৯ সালে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোস ও ম্যাকেঞ্জি স্কটের বিবাহবিচ্ছেদে প্রায় ৩৮ দশমিক ৩ বিলিয়ন ডলার মূল্যের অ্যামাজন শেয়ার পেয়েছিলেন ম্যাকেঞ্জি। বহুল আলোচিত ওই বিচ্ছেদের তুলনায় হুয়াংয়ের ক্ষেত্রে আলোচিত ৮১ বিলিয়ন ডলারের অঙ্ক দ্বিগুণেরও বেশি। তবে দুটি ঘটনার মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য হলো, বেজোসের বিবাহবিচ্ছেদ সম্পন্ন হয়েছিল, আর হুয়াংয়ের ক্ষেত্রে এখনো বিচ্ছেদের কোনো আনুষ্ঠানিক প্রক্রিয়ার খবর পাওয়া যায়নি। এদিকে জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক ঘিরে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত অভিযোগ ওঠায় স্বাধীন তদন্ত শুরু করেছে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ। মার্কিন সংবাদমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে, এক চীনা ব্যবসায়ীর সঙ্গে হুয়াংয়ের সম্পর্কের বিষয়টি বিদেশি গোয়েন্দা তৎপরতার সঙ্গে যুক্ত থাকতে পারে। তবে এসব অভিযোগ এখনো তদন্তাধীন। এনভিডিয়া জানিয়েছে, জাতীয় নিরাপত্তা বা কোম্পানির গোপন তথ্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে এখন পর্যন্ত বিশ্বাস করার মতো কোনো কারণ তাদের কাছে নেই। হুয়াংও তদন্তে পূর্ণ সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছেন এবং প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব পালন অব্যাহত রাখবেন। ফলে আপাতত ৮১ বিলিয়ন ডলারের সম্ভাব্য সম্পদ ভাগাভাগির বিষয়টি কেবল একটি তাত্ত্বিক হিসাব। জেনসেন হুয়াং ও লরি হুয়াংয়ের বিবাহবিচ্ছেদ হবে কি না, কিংবা হলে সম্পদের ভাগাভাগি কীভাবে হবে, সে বিষয়ে এখনো কোনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা জেনসেন হুয়াংকে ঘিরে বিদেশি গোয়েন্দা তৎপরতার অভিযোগ খতিয়ে দেখতে স্বাধীন তদন্ত শুরু করেছে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ। গত রোববার (৮ নভেম্বর) প্রকাশিত এক বিবৃতিতে এনভিডিয়া জানায়, সাম্প্রতিক সংবাদ প্রতিবেদনে তাদের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী বিদেশি গোয়েন্দা তৎপরতার লক্ষ্য হয়ে থাকতে পারেন বলে যে তথ্য এসেছে, তার ভিত্তিতেই এই তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাধীন পরিচালকদের একটি কমিটি বাইরের আইনজীবীদের সহায়তায় তদন্ত পরিচালনা করবে। প্রতিষ্ঠানটির দাবি, এখন পর্যন্ত যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কিংবা এনভিডিয়ার গোপন তথ্য ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো কারণ তারা দেখতে পাচ্ছে না। তবে সব ধরনের তথ্য পর্যালোচনা করা হবে। এদিকে নিজের ব্যক্তিগত সম্পর্কের বিষয়ে প্রতিষ্ঠানটির কর্মীদের কাছে পাঠানো এক বার্তায় দুঃখ প্রকাশ করেছেন ৬৩ বছর বয়সী জেনসেন হুয়াং। তিনি স্বীকার করেছেন, স্ত্রীর প্রতি বিশ্বস্ত থাকতে পারেননি। তাঁর এই সিদ্ধান্তে স্ত্রী ও সন্তানরা কষ্ট পেয়েছেন উল্লেখ করে তিনি বলেন, নিজের কাজের পক্ষে কোনো অজুহাত নেই এবং এ জন্য তিনি গভীরভাবে অনুতপ্ত। একই বার্তায় প্রতিষ্ঠানের কর্মী, পরিচালনা পর্ষদ, অংশীদার ও বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনার অঙ্গীকার করেন তিনি। জাতীয় নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগের বিষয়ে পরিচালনা পর্ষদের তদন্তকে সমর্থন এবং পূর্ণ সহযোগিতা করার কথাও জানিয়েছেন হুয়াং। বিতর্কের সূত্রপাত গত অক্টোবরের শেষ দিকে প্রকাশিত নিউইয়র্ক টাইমসের একটি প্রতিবেদনের মাধ্যমে। সেখানে বলা হয়, সিঙ্গাপুরভিত্তিক ডেটা সেন্টার প্রতিষ্ঠান মেগাস্পিডের সাবেক নির্বাহী অ্যালিস হুয়াং, যিনি হুয়াং লে নামেও পরিচিত, তাঁর সঙ্গে জেনসেন হুয়াংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছিল। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহ, অ্যালিস হুয়াং চীনের হয়ে তথ্য সংগ্রহ করে বেইজিংয়ে পাঠাচ্ছিলেন। তিনি চীনা গোয়েন্দা সংস্থার সঙ্গে যুক্ত ছিলেন বলে মার্কিন কর্তৃপক্ষের সন্দেহের কথাও প্রতিবেদনে উঠে আসে। রয়টার্স জানিয়েছে, অ্যালিস হুয়াংয়ের সঙ্গে জেনসেন হুয়াংয়ের কোনো পারিবারিক সম্পর্ক নেই। এই ঘটনায় আলোচনায় এসেছে মেগাস্পিডের ব্যবসায়িক কার্যক্রমও। প্রতিষ্ঠানটি এনভিডিয়ার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির চিপ কিনে থাকে। যুক্তরাষ্ট্রের কর্তৃপক্ষের সন্দেহ, মেগাস্পিডের মাধ্যমে চীনে এমন কিছু উন্নত প্রযুক্তির চিপ পৌঁছানোর চেষ্টা হয়ে থাকতে পারে, যেগুলোর রপ্তানিতে মার্কিন নিষেধাজ্ঞা রয়েছে। ২০২২ সাল থেকে চীনের কাছে উন্নত প্রযুক্তির চিপ বিক্রির ওপর বিভিন্ন নিয়ন্ত্রণ আরোপ করে আসছে যুক্তরাষ্ট্র। ফলে এনভিডিয়ার প্রধান নির্বাহীর সঙ্গে সন্দেহভাজন ওই ব্যবসায়িক নির্বাহীর সম্পর্কের বিষয়টি শুধু ব্যক্তিগত পর্যায়ে সীমাবদ্ধ থাকছে না, বরং যুক্তরাষ্ট্রের প্রযুক্তিগত ও জাতীয় নিরাপত্তার প্রশ্নও সামনে নিয়ে এসেছে। এদিকে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা চলতি মাসেই কংগ্রেসে জেনসেন হুয়াংয়ের বক্তব্য শুনতে চেয়েছেন। তাঁদের মতে, চীনের কাছে সংবেদনশীল মার্কিন প্রযুক্তি ও তথ্য পৌঁছানোর সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত জানা প্রয়োজন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবশ্য হুয়াংকে একজন ভালো ও সম্মানিত ব্যক্তি হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, অভিযোগ নিয়ে হুয়াংয়ের সঙ্গে এখনো তাঁর কথা হয়নি। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এ বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন। এনভিডিয়ার পরিচালনা পর্ষদ জানিয়েছে, হুয়াং তদন্তে সহযোগিতা করছেন এবং তাঁর নেতৃত্বের ওপর বোর্ডের আস্থা রয়েছে। প্রতিষ্ঠানটির পক্ষ থেকেও জানানো হয়েছে, প্রধান নির্বাহী হিসেবে তাঁর দায়িত্ব পালনে আপাতত কোনো বিরতি আসছে না। সংবাদসূত্র: রয়টার্স, এনভিডিয়া নিউজরুম
বিশ্বের শীর্ষ কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার (Nvidia) প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াংয়ের বিরুদ্ধে এক চীনা নারী গুপ্তচরের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ানোর গুরুতর অভিযোগ উঠেছে। মার্কিন প্রশাসনের একাধিক সূত্র ও প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে এই তথ্য প্রকাশ্যে আসার পর যুক্তরাষ্ট্রের রাজনৈতিক ও গোয়েন্দা মহলে রীতিমতো তোলপাড় শুরু হয়েছে। ঘটনাটি মার্কিন জাতীয় নিরাপত্তার জন্য হুমকি হতে পারে—এমন আশঙ্কায় বিষয়টির আনুষ্ঠানিক তদন্তের প্রস্তুতি নিচ্ছে দেশটির কংগ্রেস। মার্কিন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তৈরি একটি উচ্চপর্যায়ের গোপন মেমো অনুযায়ী, সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠান মেগাস্পিডের নির্বাহী অ্যালিস হুয়াংয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন জেনসেন। মেগাস্পিড মূলত এনভিডিয়ার একটি গ্রাহক প্রতিষ্ঠান। গত মে মাসে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে শীর্ষ সম্মেলনে যোগ দিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বেইজিং সফরের ঠিক আগেই যুক্তরাষ্ট্রের শীর্ষ কর্মকর্তাদের হাতে ওই গোপন মেমোটি পৌঁছায়। জেনসেন হুয়াং আধুনিক এআই প্রযুক্তির মূল চালিকাশক্তি হিসেবে বিবেচিত চিপ তৈরির নেতৃত্বে রয়েছেন। ফলে তিনি কোনো চীনা গোয়েন্দা এজেন্টের দ্বারা প্রভাবিত হয়ে মার্কিন স্বার্থ ক্ষুণ্ণ করেছেন কি না, তা নিয়ে গভীর উদ্বেগ দেখা দিয়েছে। গত ২৯ অক্টোবর নিউইয়র্ক টাইমস প্রথম জেনসেন ও অ্যালিসের 'ঘনিষ্ঠ সম্পর্ক' এবং অ্যালিসের চীনের সঙ্গে গোয়েন্দা-যোগাযোগ নিয়ে মার্কিন কর্তৃপক্ষের উদ্বেগের কথা প্রকাশ করে। এরপর ৩১ অক্টোবর ওয়াল স্ট্রিট জার্নাল জানায় যে যুক্তরাষ্ট্র, সিঙ্গাপুর ও তাইওয়ানের গোয়েন্দা সংস্থাগুলো অ্যালিসকে চীনা গুপ্তচর বলে সন্দেহ করছে। সর্বশেষ ৬ নভেম্বর ফাইন্যান্সিয়াল টাইমস ও নিউইয়র্ক টাইমস সরাসরি দাবি করে, অ্যালিস হুয়াং একজন চীনা গুপ্তচর এবং জেনসেনের ওপর নজরদারি করার জন্যই চীনের শীর্ষ গোয়েন্দারা তাকে নিয়োগ দিয়েছিলেন। তার মূল লক্ষ্য ছিল চীনে চিপ রপ্তানির অনুমতি পেতে মার্কিন কর্মকর্তাদের ওপর চাপ প্রয়োগের জন্য জেনসেনকে প্রভাবিত করা। এই ঘটনার জেরে আগামী জানুয়ারি থেকে সিনেটের পররাষ্ট্রবিষয়ক কমিটির চেয়ারম্যানের দায়িত্ব নিতে যাওয়া ডেমোক্র্যাট সিনেটর ক্রিস কুনস পূর্ণাঙ্গ কংগ্রেসীয় তদন্তের ঘোষণা দিয়েছেন। প্রতিনিধি পরিষদের চীন, পররাষ্ট্র ও গোয়েন্দাবিষয়ক কমিটির রিপাবলিকান প্রধানেরা জেনসেন হুয়াংকে আগামী ১১ নভেম্বরের মধ্যে হাজির হয়ে রুদ্ধদ্বার বৈঠকে আনুষ্ঠানিক ব্রিফিং দেওয়ার নির্দেশ দিয়েছেন। তবে এনভিডিয়া ও জেনসেন হুয়াং দৃঢ়ভাবে এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছেন, অ্যালিসের সঙ্গে জেনসেনের যোগাযোগ সম্পূর্ণ পেশাদার ও ব্যবসায়িক ছিল এবং কোনো সংবেদনশীল তথ্য আদান-প্রদান করা হয়নি। চীন সরকারও একে 'বানোয়াট রাজনৈতিক অপপ্রচার' বলে আখ্যা দিয়েছে। তবে রপ্তানি বিধিনিষেধ থাকা সত্ত্বেও এনভিডিয়ার চিপ কীভাবে চীনা প্রতিষ্ঠানগুলোর কাছে পৌঁছাচ্ছে, তা নিয়ে মার্কিন প্রশাসন ও গোয়েন্দাদের উদ্বেগ চরমে পৌঁছেছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই-এর দ্রুত বিকাশ মানবসভ্যতার জন্য হুমকিস্বরূপ হতে পারে—সিলিকন ভ্যালিতে চলমান এমন উদ্বেগ ও জল্পনাকে পুরোপুরি উড়িয়ে দিয়েছেন চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জেনসেন হুয়াং। সম্প্রতি সিবিএস নিউজের সাংবাদিক জো লিং কেন্টের সাথে এক সাক্ষাৎকারে তিনি এআই সংক্রান্ত সব ‘ডুমসডে ন্যারেটিভ’ বা বিশ্ব ধ্বংসের তত্ত্বকে ভিত্তিহীন বলে আখ্যায়িত করেছেন। হুয়াং জোর দিয়ে বলেন, ২০৩০ সালের মধ্যে এআইয়ের কারণে পৃথিবীর ধ্বংস হওয়ার কোনো আশঙ্কাই নেই এবং এর সম্ভাবনা একেবারে শূন্য শতাংশ। তিনি আরও যোগ করেন, বিজ্ঞানভিত্তিক প্রমাণ ছাড়া অকারণে মানুষকে ভয় দেখানো সম্পূর্ণ অপ্রয়োজনীয় ও দায়িত্বজ্ঞানহীন কাজ। সম্প্রতি প্রযুক্তি জগতে এআইয়ের ভবিষ্যৎ নিয়ে নতুন করে বিতর্কের সূত্রপাত হয় অ্যানথ্রপিক-এর সাবেক গবেষক জ্যাকব কক্সনের একটি ভাইরাল এক্স (সাবেক টুইটার) পোস্টের পর। ওই পোস্টে তিনি দাবি করেছিলেন, শীর্ষস্থানীয় এআই ডেভেলপাররা অত্যন্ত দ্রুতগতিতে এবং দায়িত্বহীনভাবে সুপারইন্টেলিজেন্স তৈরির দিকে এগোচ্ছে, যা মানুষের জীবন নিয়ে জুয়া খেলার শামিল। তাঁর এমন আশঙ্কার পর অ্যানথ্রপিক সিইও দারিও আমোদেউ এবং ওপেনএআই সিইও স্যাম অল্টম্যানসহ বেশ কয়েকজন প্রযুক্তি নেতা এআইয়ের উন্নয়ন কিছুটা ধীর করার আহ্বান জানান। তবে জেনসেন হুয়াং এই ধরনের নেতিবাচক ভবিষ্যদ্বাণীকে ‘বিজ্ঞানসম্মত নয়’ বলে প্রত্যাখ্যান করেছেন। উল্লেখ্য, বর্তমান এআই বিপ্লবে এনভিডিয়া অন্যতম প্রধান অংশীদার, যারা ওপেনএআই ও অ্যানথ্রপিকসহ প্রায় সব বড় কোম্পানিকে তাদের মডেল প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় চিপ সরবরাহ করে থাকে। এআই নিয়ন্ত্রণে নতুন কোনো নীতিমালার বা ‘গার্ডরেইল’-এর প্রয়োজন আছে কি না, এমন প্রশ্নের জবাবে হুয়াং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতের সাথে সুর মিলিয়ে জানান যে, বর্তমান মার্কিন আইনই যথেষ্ট। সাইবার নিরাপত্তা, পণ্যের দায়বদ্ধতা এবং অননুমোদিত প্রবেশাধিকার সংক্রান্ত বিদ্যমান আইনগুলো যথাযথভাবে প্রয়োগ করলেই এআই খাতকে সুরক্ষিত রাখা সম্ভব। এনভিডিয়া সিইওর মতে, বিশ্ব ধ্বংসের মতো কাল্পনিক গল্পের দোহাই দিয়ে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর ওপর নতুন করে কড়াকড়ি আরোপ করে তাদের বর্তমান আইনি কাঠামোর দায়বদ্ধতা থেকে মুক্তি দেওয়া উচিত নয়।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।