বারাক ওবামার আবেগঘন শুভেচ্ছা, সামাজিক মাধ্যমে ভাইরাল বাবা-মেয়ের ছবিআমেরিকা বাংলা ডেস্ক: বড় মেয়ে মালিয়া ওবামার জন্মদিন উপলক্ষে আবেগঘন শুভেচ্ছাবার্তা দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা। শৈশবের একটি স্মৃতি আর বর্তমান সময়ের একটি আন্তরিক ছবি শেয়ার করে তিনি কন্যার প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছেন। পোস্টটি প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। নিজের ভেরিফায়েড ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ওবামা লেখেন, “শুভ জন্মদিন, মালিয়া! সময় কোথায় চলে যায় বুঝতেই পারি না। কিন্তু তোমাকে মেয়ে হিসেবে পাওয়ার আনন্দ কখনো পুরোনো হয় না।” ওবামার শেয়ার করা প্রথম ছবিতে দেখা যায়, ছোট্ট মালিয়াকে কোলে নিয়ে বই পড়ে শোনাচ্ছেন তিনি। আরেকটি সাম্প্রতিক ছবিতে বাবা-মেয়ের উষ্ণ মুহূর্ত ধরা পড়েছে, যেখানে মালিয়া স্নেহভরে বাবাকে জড়িয়ে ধরেছেন। দুটি ছবি একসঙ্গে প্রকাশ করে ওবামা যেন মেয়ের বেড়ে ওঠার দীর্ঘ পথচলার স্মৃতিই তুলে ধরেছেন। পোস্টটি প্রকাশের পর অল্প সময়ের মধ্যেই লাখো মানুষ এতে প্রতিক্রিয়া জানান। হাজার হাজার ব্যবহারকারী মন্তব্য করে মালিয়াকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং বাবা-মেয়ের আন্তরিক সম্পর্কের প্রশংসা করেন। অনেকেই ছবিগুলোকে পারিবারিক ভালোবাসা ও বন্ধনের অনন্য প্রকাশ হিসেবে উল্লেখ করেন। মালিয়া ওবামা ১৯৯৮ সালের ৪ জুলাই জন্মগ্রহণ করেন। তিনি বারাক ও মিশেল ওবামার বড় মেয়ে। হোয়াইট হাউসে বেড়ে ওঠা মালিয়া পরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করে চলচ্চিত্র ও টেলিভিশন জগতে চিত্রনাট্যকার হিসেবে কাজ শুরু করেন। বিশেষ দিনগুলোতে পরিবারের সদস্যদের উদ্দেশে ব্যক্তিগত বার্তা ও ছবি প্রকাশ করা বারাক ওবামার দীর্ঘদিনের একটি রীতি। এবারও কন্যার জন্মদিনে তার আবেগঘন শুভেচ্ছা ও বাবা-মেয়ের দুটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ভাইরাল হয়েছে।
ফুটবল ইতিহাসে এমন কিছু নাম আছে, যাদের পরিচয় কেবল পরিসংখ্যান, ট্রফি কিংবা রেকর্ডের মধ্যে সীমাবদ্ধ নয়। তারা হয়ে ওঠেন একটি যুগের প্রতীক। আর্জেন্টিনার কিংবদন্তি ফুটবলার লিওনেল মেসি ঠিক তেমনই এক নাম। কোটি কোটি ফুটবলপ্রেমীর হৃদয় জয় করা এই মহাতারকা আজ ৩৯ বছরে পা রেখেছেন। ১৯৮৭ সালের ২৪ জুন আর্জেন্টিনার রোজারিও শহরে জন্ম নেওয়া মেসির জীবনগাথা সংগ্রাম, প্রতিভা এবং সাফল্যের এক অনন্য মিশ্রণ। ছোটবেলায় গ্রোথ হরমোনের ঘাটতিতে ভুগলেও সেই বাধা তাঁর পথ রোধ করতে পারেনি। বরং জীবনের কঠিন বাস্তবতাকে জয় করেই তিনি উঠে এসেছেন বিশ্ব ফুটবলের সর্বোচ্চ আসনে। শৈশবে স্থানীয় ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজে খেলার সময়ই তাঁর অসাধারণ প্রতিভার পরিচয় পাওয়া যায়। কিন্তু চিকিৎসার ব্যয়ভার বহন করা পরিবারের পক্ষে সম্ভব ছিল না। সেই সময়ে স্প্যানিশ ক্লাব বার্সেলোনা এগিয়ে আসে। প্রচলিত সেই বিখ্যাত গল্প অনুযায়ী, একটি ন্যাপকিন কাগজে চুক্তির প্রতিশ্রুতি দিয়েই বার্সেলোনা মেসিকে স্পেনে নিয়ে যায়। পরবর্তীতে সেটিই ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল বিনিয়োগগুলোর একটিতে পরিণত হয়। বার্সেলোনার লা মাসিয়া একাডেমিতে নিজেকে গড়ে তোলার পর ২০০৪ সালে মূল দলে অভিষেক হয় মেসির। এরপর প্রায় দুই দশক ধরে ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে তিনি একের পর এক রেকর্ড গড়েছেন। বার্সেলোনার হয়ে চারটি চ্যাম্পিয়ন্স লিগ, ১০টি লা লিগা শিরোপাসহ অসংখ্য ট্রফি জিতেছেন তিনি। জাভি হার্নান্দেজ ও আন্দ্রেস ইনিয়েস্তার সঙ্গে তাঁর গড়ে তোলা বার্সেলোনা দলকে অনেকেই ফুটবল ইতিহাসের অন্যতম সেরা দল হিসেবে বিবেচনা করেন। ব্যক্তিগত অর্জনের দিক থেকেও মেসি এক অনন্য উচ্চতায় অবস্থান করছেন। ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার ব্যালন ডি'অর তিনি জিতেছেন রেকর্ড আটবার। ইউরোপিয়ান গোল্ডেন শুও জিতেছেন ছয়বার। গোল, অ্যাসিস্ট, ম্যাচসেরা পুরস্কার কিংবা বর্ষসেরা খেলোয়াড়ের স্বীকৃতি, প্রায় প্রতিটি ক্ষেত্রেই তিনি স্থাপন করেছেন নতুন মানদণ্ড। তবে মেসির ক্যারিয়ারের সবচেয়ে আবেগঘন অধ্যায় লেখা হয়েছে আর্জেন্টিনার জার্সিতে। দীর্ঘদিন জাতীয় দলের হয়ে বড় কোনো শিরোপা জিততে না পারায় সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। ২০১৪ বিশ্বকাপ ফাইনালে জার্মানির কাছে হার, এরপর টানা দুটি কোপা আমেরিকার ফাইনালে পরাজয় তাঁকে হতাশ করেছিল। এক পর্যায়ে জাতীয় দল থেকে অবসরের ঘোষণাও দিয়েছিলেন। কিন্তু সেখানেই শেষ হয়নি গল্প। ২০২১ সালে কোপা আমেরিকা জয়ের মাধ্যমে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটে। এরপর ২০২২ সালের কাতার বিশ্বকাপে অধিনায়ক হিসেবে আর্জেন্টিনাকে শিরোপা জেতান মেসি। সেই বিশ্বকাপ জয় শুধু তাঁর ক্যারিয়ারের সবচেয়ে বড় অপূর্ণতাই পূরণ করেনি, বরং সর্বকালের সেরাদের আলোচনায় তাঁর অবস্থানকে আরও দৃঢ় করেছে। ৩৯ বছর বয়সেও মাঠে তাঁর প্রভাব কমেনি। চলমান ২০২৬ বিশ্বকাপেও মেসি আর্জেন্টিনার আক্রমণভাগের অন্যতম প্রধান ভরসা। সাম্প্রতিক ম্যাচগুলোতে গোল করে দলকে জয় এনে দেওয়ার পাশাপাশি নকআউট পর্বে জায়গা নিশ্চিত করতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন তিনি। ফুটবল বিশ্লেষকদের মতে, মেসির সবচেয়ে বড় শক্তি কেবল তাঁর গোল করার ক্ষমতা নয়; বরং খেলার গতি নিয়ন্ত্রণ, সতীর্থদের সুযোগ তৈরি করে দেওয়া এবং গুরুত্বপূর্ণ মুহূর্তে দলকে নেতৃত্ব দেওয়ার অসাধারণ সামর্থ্য। দুই দশকেরও বেশি সময় ধরে ফুটবলপ্রেমীদের মুগ্ধ করে যাওয়া এই তারকা আজও মাঠে নামলে কোটি মানুষের চোখ থাকে তাঁর দিকে। কারণ, প্রতিটি ম্যাচেই তিনি নতুন কিছু উপহার দেওয়ার সামর্থ্য রাখেন। রোজারিওর সেই ছোট্ট ছেলেটি আজ বিশ্ব ফুটবলের সবচেয়ে উজ্জ্বল নক্ষত্রদের একজন। তাই মেসির জন্মদিন শুধু একজন খেলোয়াড়ের জন্মদিন নয়, এটি ফুটবলের এক অনন্য যুগের উদযাপনও। বিশ্বকাপ, কোপা আমেরিকা, চ্যাম্পিয়ন্স লিগ, ব্যালন ডি'অর কিংবা অসংখ্য রেকর্ডের বাইরেও লিওনেল মেসি এমন এক নাম, যা প্রজন্মের পর প্রজন্ম ধরে ফুটবলপ্রেমীদের স্মৃতিতে অমলিন হয়ে থাকবে।
যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথমবারের মতো দেশটির রাষ্ট্রপতির সরকারি বাসভবন হোয়াইট হাউসে ‘ইউনাইটেড ফাইটিং চ্যাম্পিয়নশিপ’ বা ইউএফসি-এর বিশেষ ফাইট বা মারামারি ম্যাচের আয়োজন করা হয়েছে। আমেরিকার ২৫০তম স্বাধীনতা বার্ষিকী উদযাপন এবং একই সাথে দেশটির বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ৮০তম জন্মদিন উপলক্ষে আজ রোববার (১৪ জুন) হোয়াইট হাউসের সাউথ লনে এই নজিরবিহীন ‘ইউএফসি ফ্রিডম ২৫০’ অনুষ্ঠিত হচ্ছে। এই মহাগুরুত্বপূর্ণ আয়োজনের মূল আকর্ষণ হিসেবে আনডিস্পিউটেড ইউএফসি লাইটওয়েট চ্যাম্পিয়নশিপের শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবেন অপরাজিত জর্জিয়ান-স্প্যানিশ ফাইটার ইলিয়া তোপুরিয়া এবং আমেরিকার তারকা জাস্টিন গেইজি। আমেরিকার পূর্বাঞ্চলীয় সময় রাত ৮টায় এই মূল লড়াইটি শুরু হবে, যা প্যারামাউন্ট প্লাস প্ল্যাটর্মে সরাসরি সম্প্রচার করা হবে। এর আগে বিকেল ৫টা থেকেই হোয়াইট হাউসের লনে অন্যান্য প্রাথমিক ফাইটগুলো শুরু হয়ে গেছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মার্কিন প্রশাসনের অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা সরাসরি উপস্থিত থেকে এই বিশেষ ফাইট উপভোগ করবেন। হোয়াইট হাউসের সাউথ লনে সামরিক বাহিনীর সদস্যসহ প্রায় ৫ হাজার আমন্ত্রিত অতিথি এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে সেখানে জড়ো হবেন। অন্যদিকে সাধারণ ভক্তদের জন্য হোয়াইট হাউসের কাছাকাছি ‘ইলিপ্স’ এলাকা থেকে খেলা দেখার বিশেষ ব্যবস্থা করা হয়েছে। ট্রাম্পের দীর্ঘদিনের ঘনিষ্ঠ বন্ধু এবং ইউএফসি-এর নির্বাহী ডানা হোয়াইট এই বিশেষ আয়োজনের মূল তদারকি করছেন। আমেরিকার ঐতিহ্যবাহী হোয়াইট হাউসের সাউথ লনে এই প্রতিযোগিতার জন্য প্রায় ৯২ ফুট উঁচু করে বিশেষভাবে একটি ইউএফসি ‘অক্টাগন’ বা রিং তৈরি করা হয়েছে, যা আশপাশের রাস্তা থেকেই সাধারণ মানুষের চোখে পড়ছে। তবে প্রেসিডেন্ট ট্রাম্প সাংবাদিকদের জানিয়েছেন, খেলা শেষ হওয়ার পরপরই এই অস্থায়ী কাঠামোটি সরিয়ে নেওয়া হবে। এদিকে হোয়াইট হাউসের মতো রাষ্ট্রীয় জায়গায় এমন বাণিজ্যিক ও লাভজনক খেলার আয়োজন করার বিরুদ্ধে আপত্তি তুলে ভার্জিনিয়ার দুই বাসিন্দা আদালতে একটি মামলা দায়ের করেছিলেন। তবে মার্কিন আদালত শুক্রবার এই আয়োজন বন্ধের আবেদনটি সরাসরি খারিজ করে দেয়। আজকের এই মূল লড়াইয়ের দুই প্রতিযোগী ইলিয়া তোপুরিয়া এবং জাস্টিন গেইজির মধ্যকার ম্যাচটি দারুণ উপভোগ্য হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। তোপুরিয়া এখনো পর্যন্ত ১৭-০ ব্যবধানে অপরাজিত রয়েছেন এবং নিজেকে ‘কিং’ বা রাজা বলে দাবি করেন। অন্য দিকে তার প্রতিপক্ষ গেইজি এই ম্যাচের আগে তোপুরিয়ার ব্যক্তিগত জীবন ও তার সাবেক স্ত্রীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে খোঁচা দিয়ে মন্তব্য করায় দুই ফাইটারের মধ্যে মনস্তাত্ত্বিক লড়াই ইতোমধ্যেই তুঙ্গে পৌঁছেছে। আজকের এই ‘ইউএফসি ফ্রিডম ২৫০’ এর মূল ইভেন্টে অন্যান্যদের মধ্যে হেভিওয়েট ইন্টারিম টাইটেল বোটে লড়বেন অ্যালেক্স পেরেইরা ও সিরিল গানে। এছাড়াও ব্যান্টামওয়েট বোটে শন ও'ম্যালি বনাম আইম্যান জহাবি এবং লাইটওয়েট বোটে মরিসিও রুফি মুখোমুখি হবেন মাইকেল চ্যান্ডলারের। আমেরিকার স্বাধীনতার ২৫০ বছর পূর্তি উপলক্ষে ট্রাম্পপন্থী সংস্থা ‘ফ্রিডম ২৫০’ এই গ্রীষ্ম জুড়ে ওয়াশিংটনে আরও বেশ কিছু জমকালো অনুষ্ঠানের পরিকল্পনা হাতে নিয়েছে, যার প্রথম ঝলক হিসেবে আজ হোয়াইট হাউসে এই বিশেষ রিং ফাইট অনুষ্ঠিত হচ্ছে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে | এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
বাংলাদেশের আবাসন শিল্পে এক নতুন ইতিহাস রচিত হলো। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নির্মিত দেশের প্রথম ৪০ তলা বিশিষ্ট আকাশচুম্বী বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকল’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে শান্তা হোল্ডিংস। ৫০০ ফুট উচ্চতার এই আইকনিক ভবনটি এখন দেশের সর্বোচ্চ সম্পন্ন হওয়া ইমারত। গত শনিবার (১৮ এপ্রিল) ভবনের ৪০তম তলায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, স্থপতি এহসান খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি মালিক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। স্থাপত্যশৈলী ও আধুনিক প্রযুক্তি:‘শান্তা পিনাকল’ শুধুমাত্র উচ্চতার কারণেই অনন্য নয়, বরং এটি আধুনিক নির্মাণশৈলী ও প্রযুক্তির এক অনন্য সমন্বয়। এটি বাংলাদেশের প্রথম ভবন যা পরিবেশবান্ধব স্থাপত্যের জন্য আন্তর্জাতিক ‘লিড প্ল্যাটিনাম’ (LEED Platinum) স্বীকৃতি পেয়েছে। সিঙ্গাপুরভিত্তিক বিখ্যাত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘মেইনহার্ট’ (Meinhardt) এর সহায়তায় ভবনটির স্ট্রাকচারাল ডিজাইন এবং ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষ বৈশিষ্ট্যসমূহ: উন্নত লিফট ব্যবস্থা: ভবনটিতে রয়েছে ৮টি দ্রুতগামী লিফট, যা প্রতি সেকেন্ডে ৪ মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এটি দেশের দ্রুততম ভার্টিক্যাল ট্রান্সপোর্ট ব্যবস্থা। পরিবেশ ও সুরক্ষা: ভবনে ব্যবহৃত হয়েছে ৩৬ মিমি পুরুত্বের ডাবল গ্লেজড গ্লাস, যা তাপ ও শব্দ নিরোধক। এছাড়া এটি দেশের প্রথম ‘উইন্ড টানেল টেস্ট’ করা ভবন, যা প্রতিকূল আবহাওয়ায় এর স্থায়িত্ব নিশ্চিত করে। আইবিএমএস প্রযুক্তি: পুরো ভবনটি একটি ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (iBMS) দ্বারা পরিচালিত, যা সার্বক্ষণিক নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করবে। অগ্নি নিরাপত্তা: আন্তর্জাতিক এনএফপিএ (NFPA) স্ট্যান্ডার্ড অনুসরণ করে এখানে অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে জানানো হয়, ‘শান্তা পিনাকল’ হস্তান্তর দেশের রিয়েল এস্টেট খাতের সক্ষমতার এক বড় প্রমাণ। এটি শুধুমাত্র তেজগাঁও নয়, বরং পুরো ঢাকার বাণিজ্যিক পরিবেশকে বিশ্বমানের স্তরে নিয়ে যাবে। দেশের ইতিহাসে প্রথমবার অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক ব্যবহারের মাধ্যমে মাত্র সাত দিনে এক একটি তলার ছাদ ঢালাইয়ের রেকর্ড গড়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। ঢাকার আকাশসীমায় নতুন এই ল্যান্ডমার্ক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আধুনিক নগরায়নের এক শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।