- প্রচ্ছদ
- Topic
#বৈজ্ঞানিকগবেষণা
যুক্তরাষ্ট্রের উটাহ অঙ্গরাজ্যে আর্চেস জাতীয় উদ্যানের কাছাকাছি একটি নতুন জীবাশ্মক্ষেত্রে খননকাজ চালিয়ে সম্ভাব্য নতুন প্রজাতির ডাইনোসরের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা। প্রায় ১৩ কোটি ৮০ লাখ থেকে ১৪ কোটি ১০ লাখ বছর আগের এই জীবাশ্মক্ষেত্রে এমন এক ধরনের সাঁজোয়া ডাইনোসরের দেহাবশেষ পাওয়ার ইঙ্গিত মিলেছে, যা আগে বিজ্ঞানীদের কাছে অজানা ছিল। গবেষকদের ধারণা, এই আবিষ্কার পৃথিবীর প্রাচীন প্রাণিজগতের বিবর্তনের একটি গুরুত্বপূর্ণ সময় সম্পর্কে নতুন তথ্য দিতে পারে। উটাহ জিওলজিক্যাল সার্ভে (ইউজিএস) জানিয়েছে, অঙ্গরাজ্যের মোয়াব এলাকার কাছে নতুন এই খননক্ষেত্রটি আনুষ্ঠানিকভাবে অক্টোবরের মাঝামাঝি সময়ে খুলে দেওয়া হয়। গবেষকদের কাছে এটি উত্তর আমেরিকার প্রাচীনতম ক্রিটেশিয়াস যুগের ডাইনোসর জীবাশ্মক্ষেত্রগুলোর একটি হতে পারে। একই সময়ের আরেকটি পরিচিত জীবাশ্মক্ষেত্র ডোয়েলিংস বোলের সঙ্গে এর ভূতাত্ত্বিক বৈশিষ্ট্যেরও মিল রয়েছে। নতুন স্থানটি ডোয়েলিংস বোল থেকে প্রায় ছয় মাইল পূর্বে অবস্থিত। গবেষকদের কাছে এই আবিষ্কারের গুরুত্ব শুধু নতুন ডাইনোসরের সম্ভাব্য সন্ধানের মধ্যেই সীমাবদ্ধ নয়। তাঁদের ধারণা, এই এলাকায় জুরাসিক যুগের শেষভাগে ঘটে যাওয়া ডাইনোসরদের ব্যাপক বিলুপ্তির পরবর্তী পরিস্থিতির প্রমাণও সংরক্ষিত রয়েছে। জুরাসিক যুগের শেষ এবং ক্রিটেশিয়াস যুগের শুরুর মধ্যবর্তী সময়ে পৃথিবীর প্রাণিজগতে বড় ধরনের পরিবর্তন ঘটেছিল। ওই সময় স্টেগোসরাস, অ্যালোসরাস ও অ্যাপাটোসরাসের মতো পরিচিত ডাইনোসরদের অনেক বংশ বিলুপ্ত হয়ে যায়। নতুন জীবাশ্মক্ষেত্রটি সেই পরিবর্তনের পর কীভাবে নতুন প্রাণীগোষ্ঠীর বিকাশ ঘটেছিল, তা বুঝতে সহায়তা করতে পারে। এই খননকাজে সবচেয়ে বেশি আগ্রহ তৈরি করেছে সম্ভাব্য নতুন সাঁজোয়া ডাইনোসরের দেহাবশেষ। এ ধরনের ডাইনোসরের শরীরে হাড়ের তৈরি শক্ত আবরণ, পাত বা কাঁটার মতো প্রতিরক্ষামূলক কাঠামো থাকত। উদ্ভিদভোজী এই প্রাণীরা শিকারি ডাইনোসরের আক্রমণ থেকে নিজেদের রক্ষা করতে শরীরের বিশেষ গঠন ব্যবহার করত। স্টেগোসরাস ও অ্যানকাইলোসরাস এই ধরনের ডাইনোসরের পরিচিত উদাহরণ। নতুন জীবাশ্মক্ষেত্রে পাওয়া দেহাবশেষকে প্রাথমিকভাবে অ্যানকাইলোসরাস গোত্রের কোনো প্রাচীন সদস্যের বলে মনে করছেন গবেষকেরা। তবে এটি সম্পূর্ণ নতুন কোনো প্রজাতি কি না, তা এখনো চূড়ান্তভাবে নিশ্চিত করা হয়নি। উটাহের রাজ্য জীবাশ্মবিদ জিম কার্কল্যান্ড বর্তমানে প্রাণীটির বৈজ্ঞানিক বিবরণ তৈরি এবং নামকরণের কাজ করছেন। তাঁর পরিকল্পনা, দীর্ঘদিনের সহকর্মী ও সহকারী রাজ্য জীবাশ্মবিদ ডন ডেবলিয়ুর সম্মানে নতুন প্রজাতিটির নামকরণ করা। ইতোমধ্যে খননক্ষেত্র থেকে বিভিন্ন ধরনের ডাইনোসরের জীবাশ্ম পাওয়ার তথ্য জানিয়েছেন গবেষকেরা। প্রাথমিক হিসাবে সেখানে অন্তত চার ধরনের ডাইনোসরের অস্তিত্বের প্রমাণ মিলেছে। তবে খননকাজ এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। বিজ্ঞানীদের ধারণা, মাটির নিচে আরও অনেক জীবাশ্ম অক্ষত অবস্থায় থাকতে পারে। পুরো এলাকাটি অনুসন্ধান ও গবেষণা করতে কয়েক দশক পর্যন্ত সময় লাগতে পারে। এই জীবাশ্মক্ষেত্রটি প্রথম খুঁজে পান ডন ডেবলিয়ু। দুর্গম মরুভূমি এলাকায় হাঁটার সময় মাটির ক্ষয়প্রাপ্ত অংশে কয়েকটি হাড় দেখতে পান তিনি। পরে সেগুলো পরীক্ষা করে অ্যানকাইলোসরাসের দেহের অংশ বলে ধারণা করা হয়। এরপর উটাহ জিওলজিক্যাল সার্ভের গবেষকেরা এলাকাটিতে পরিকল্পিতভাবে খনন শুরু করেন। জীবাশ্মগুলো যেন উত্তোলনের সময় ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য সতর্কতার সঙ্গে মাটি ও পাথরের স্তর সরিয়ে নমুনা সংগ্রহ করা হচ্ছে। নতুন আবিষ্কারটির সঙ্গে জড়িয়ে আছে দুই গবেষকের দীর্ঘ কর্মজীবনের গল্পও। জিম কার্কল্যান্ড ও ডন ডেবলিয়ু গত ২৫ বছর ধরে একসঙ্গে জীবাশ্ম অনুসন্ধান, খনন ও গবেষণার কাজ করেছেন। উটাহের বিভিন্ন গুরুত্বপূর্ণ জীবাশ্মক্ষেত্রে তাঁদের যৌথ কাজ রয়েছে। কার্কল্যান্ড ১৯৯৯ সাল থেকে অঙ্গরাজ্যটির রাজ্য জীবাশ্মবিদ হিসেবে দায়িত্ব পালন করছেন। অন্যদিকে ডেবলিয়ু দীর্ঘদিন ধরে মাঠপর্যায়ে জীবাশ্ম অনুসন্ধান ও গবেষণাগারে নমুনা প্রস্তুতের কাজ করেছেন। ২০২৬ সালের শেষ দিকে ডেবলিয়ুর অবসরে যাওয়ার কথা রয়েছে। ফলে চলতি খনন মৌসুমটি তাঁদের একসঙ্গে মাঠপর্যায়ে কাজ করার শেষ মৌসুম হতে পারে। তবে অবসরের পরও গবেষণার সঙ্গে যুক্ত থাকার ইচ্ছা রয়েছে ডেবলিয়ুর। গবেষণাগারে আগে সংগ্রহ করা জীবাশ্ম নিয়ে কাজ করার পাশাপাশি ভবিষ্যতে মাঠপর্যায়েও কাজ করতে চান তিনি। উটাহের পূর্বাঞ্চল জীবাশ্ম অনুসন্ধানের জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় ধরে প্রাকৃতিক ক্ষয়ের ফলে এখানকার প্রাচীন পাথরের স্তর উন্মুক্ত হয়েছে। এসব স্তরে উদ্ভিদ, কীটপতঙ্গ, সামুদ্রিক সরীসৃপ ও ডাইনোসরের জীবাশ্ম সংরক্ষিত রয়েছে। কাছাকাছি ডোয়েলিংস বোল এলাকায় আগের খননকাজে লম্বা গলার একটি তৃণভোজী ডাইনোসরের কঙ্কাল এবং ইগুয়ানোডন্ট গোত্রের একাধিক ডাইনোসরের হাড় পাওয়া গিয়েছিল। সেখানে প্রায় চার ইঞ্চি লম্বা একটি দাঁতও উদ্ধার করা হয়, যা বড় আকারের কোনো মাংসাশী ডাইনোসরের নতুন প্রজাতির হতে পারে বলে গবেষকেরা ধারণা করেছিলেন। নতুন আবিষ্কারের ফলে জুরাসিক যুগের শেষভাগ থেকে ক্রিটেশিয়াস যুগের শুরুর দিকে ডাইনোসরদের বিবর্তন, বিলুপ্তি এবং নতুন প্রজাতির বিকাশ সম্পর্কে গবেষণার সুযোগ তৈরি হয়েছে। তবে সম্ভাব্য নতুন সাঁজোয়া ডাইনোসরটির আনুষ্ঠানিক বৈজ্ঞানিক পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। গবেষণার পর বিস্তারিত বিবরণ প্রকাশিত হলেই এর প্রজাতিগত পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
প্রায় দুই হাজার বছর আগে রোমান সাম্রাজ্যের সীমান্তবর্তী স্কটল্যান্ডে মৃ ত্যু হয়েছিল এক ব্যক্তির। সময়ের ব্যবধানে তাঁর চেহারা হারিয়ে গেলেও কঙ্কাল থেকে পাওয়া বিভিন্ন তথ্য এবং আধুনিক বৈজ্ঞানিক প্রযুক্তির সাহায্যে এবার তাঁর মুখের একটি ডিজিটাল অবয়ব তৈরি করেছেন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের একটি দল। গবেষকদের এই প্রচেষ্টা প্রাচীন স্কটল্যান্ডের মানুষের জীবনযাপন, শারীরিক অবস্থা এবং অতীত সম্পর্কে নতুন ধারণা দিচ্ছে। ব্যক্তিটির মাথার খুলি এবং ডিজিটালভাবে পুনর্গঠিত মুখের অবয়ব স্কটল্যান্ডের এডিনবরায় অবস্থিত ন্যাশনাল মিউজিয়াম অব স্কটল্যান্ডের একটি প্রদর্শনীতে দেখানো হবে। ‘রোমান স্কটল্যান্ড: লাইফ অন দ্য এজ অব এম্পায়ার’ নামের এই প্রদর্শনী আগামী ১৪ নভেম্বর শুরু হবে এবং চলবে ২০২৭ সালের ১৮ এপ্রিল পর্যন্ত। এতে রোমান সাম্রাজ্যের সীমান্তবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষ, সামরিক উপস্থিতি এবং স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রার নানা দিক তুলে ধরা হবে। গবেষকদের ধারণা, ওই ব্যক্তির বয়স ছিল ৫০ বছরের কিছু বেশি। খ্রিষ্টীয় ১৪০ থেকে ১৬৫ সালের মধ্যে স্কটল্যান্ডের এডিনবরার কাছাকাছি ইনভেরেস্ক এলাকায় তাঁর মৃ ত্যু হয়েছিল। তিনি মূলত ব্রিটেনের দক্ষিণাঞ্চলের বাসিন্দা ছিলেন। সেখান থেকে কয়েক শ মাইল পথ পাড়ি দিয়ে ফার্থ অব ফোর্থ উপকূলবর্তী এলাকায় পৌঁছেছিলেন বলে গবেষণায় জানা গেছে। তাঁর চেহারা পুনর্গঠনের জন্য বিশেষজ্ঞরা একাধিক বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করেছেন। এর মধ্যে ছিল কঙ্কালের গঠন বিশ্লেষণ, অতীতে শরীরের বিভিন্ন উপাদান নিয়ে করা গবেষণা এবং প্রাচীন ডিএনএ পরীক্ষা। এসব তথ্য একত্র করে ব্যক্তিটির শারীরিক বৈশিষ্ট্য সম্পর্কে ধারণা নেওয়া হয়। এরপর সেই তথ্যের ভিত্তিতে তৈরি করা হয় তাঁর সম্ভাব্য মুখের অবয়ব। তবে গবেষকেরা সতর্ক করে বলেছেন, ডিজিটাল পুনর্গঠনটি ওই ব্যক্তির প্রকৃত চেহারার শতভাগ নিশ্চিত প্রতিচ্ছবি নয়। বরং প্রাপ্ত বৈজ্ঞানিক তথ্যের ভিত্তিতে তাঁর মুখ কেমন হতে পারে, সেটির একটি সম্ভাব্য রূপ তুলে ধরা হয়েছে। ন্যাশনাল মিউজিয়াম অব স্কটল্যান্ডের প্রাগৈতিহাসিক ও রোমান প্রত্নতত্ত্ব বিভাগের প্রধান কিউরেটর ফ্রেজার হান্টার জানিয়েছেন, ইনভেরেস্কে রোমান আমলের প্রত্নতাত্ত্বিক নিদর্শন নিয়ে তিনি বহু বছর ধরে কাজ করছেন। কিন্তু এই মুখ পুনর্গঠনের মাধ্যমে প্রথমবারের মতো ওই এলাকার একজন বাসিন্দাকে কল্পনায় আরও স্পষ্টভাবে দেখতে পারছেন। তাঁর মতে, প্রত্নতত্ত্ব শুধু পুরোনো বস্তু বা ধ্বংসাবশেষের ইতিহাস জানায় না। এর মাধ্যমে অতীতের মানুষের আশা, ভয়, অভিজ্ঞতা এবং ব্যক্তিগত জীবনের বিষয়গুলোও বোঝার সুযোগ তৈরি হয়। আধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি ব্যবহার করে ইনভেরেস্কের ওই বাসিন্দার সম্ভাব্য চেহারা তুলে ধরতে পারা তাঁর কাছে বিশেষ অভিজ্ঞতা। হান্টার আরও মনে করেন, ব্যক্তিটির পরিবার ও পরিচিতজনেরা তাঁকে দেখলে এই অবয়বের সঙ্গে তাঁর মিল খুঁজে পেতে পারতেন। কঙ্কাল পরীক্ষা করে ওই ব্যক্তির জীবনে একাধিক শারীরিক আঘাতের চিহ্ন পাওয়া গেছে। তাঁর ডান হাতের কনুইয়ের কাছে হাড়ের অস্বাভাবিক বৃদ্ধি ছিল। এর কারণে হাতটির ব্যবহার সীমিত হয়ে পড়েছিল বলে বিশেষজ্ঞরা মনে করছেন। তাঁদের ধারণা, সেপটিক আর্থ্রাইটিস নামের সংক্রমণজনিত প্রদাহ থেকে এই সমস্যা হয়ে থাকতে পারে। রোগটি জয়েন্ট বা অস্থিসন্ধিতে সংক্রমণ সৃষ্টি করতে পারে এবং গুরুতর ক্ষেত্রে হাড়েরও ক্ষতি করতে পারে। এ ছাড়া তাঁর নাক ভাঙার চিহ্নও পাওয়া গেছে। তবে আঘাতটি মৃত্যুর আগেই সেরে গিয়েছিল বলে কঙ্কাল বিশ্লেষণে বোঝা যায়। শারীরিক অবস্থার এসব তথ্যের ভিত্তিতে গবেষকেরা মনে করছেন, মৃ ত্যুর সময় তিনি আর সৈনিক হিসেবে দায়িত্ব পালন করছিলেন না। কারণ, তাঁর ডান হাতের সীমিত ব্যবহার তাঁকে তলোয়ার চালানোর মতো কাজ করতে বাধা দিতে পারত। ইনভেরেস্কের রোমান দুর্গের আশপাশে একাধিক ব্যক্তির সমাধি পাওয়া গেছে। প্রত্নতত্ত্ববিদদের কাছে এসব সমাধি বিশেষ গুরুত্বপূর্ণ, কারণ রোমান আমলের স্কটল্যান্ডে এ ধরনের সমাধি খুব বেশি পাওয়া যায় না। সেখানে সমাহিত ছয়জন প্রাপ্তবয়স্ক পুরুষের মধ্যে চারজনের দেহে মৃত্যুর পর মাথা বিচ্ছিন্ন করার চিহ্ন পাওয়া গেছে। মুখ পুনর্গঠন করা ব্যক্তিও তাঁদের একজন। গবেষকদের মতে, ব্রিটেনে এ ধরনের ঘটনার প্রাচীনতম পরিচিত উদাহরণগুলোর মধ্যে এগুলো অন্যতম। স্কটল্যান্ডে এখন পর্যন্ত পাওয়া এ ধরনের নিদর্শনের মধ্যে এগুলোকে প্রথম উদাহরণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। তবে মৃত্যুর পর কেন ওই ব্যক্তিদের মাথা বিচ্ছিন্ন করা হয়েছিল, তা এখনো নিশ্চিতভাবে জানা যায়নি। এর পেছনে অতিপ্রাকৃত বিষয় নিয়ে তৎকালীন মানুষের বিশ্বাস, মৃত্যুর পরিস্থিতি সম্পর্কে উদ্বেগ কিংবা শাস্তি দেওয়ার কোনো প্রথা কাজ করে থাকতে পারে। কিন্তু এসব সম্ভাবনার কোনটি প্রকৃত কারণ ছিল, তা নির্ধারণ করার মতো যথেষ্ট প্রমাণ এখনো পাওয়া যায়নি। জাদুঘরটির অস্থি-প্রত্নতত্ত্ব বিভাগের কিউরেটর জেস থম্পসন জানিয়েছেন, ইনভেরেস্কের সমাধিগুলো রোমান আমলের স্কটল্যান্ড সম্পর্কে জানার জন্য অত্যন্ত বিরল ও গুরুত্বপূর্ণ নিদর্শন। তাঁর মতে, বিভিন্ন শাস্ত্রের গবেষণা একসঙ্গে কাজে লাগিয়ে মানুষের শারীরিক বৈশিষ্ট্যের পাশাপাশি তাঁদের জীবনের গল্পও পুনর্গঠন করা সম্ভব হচ্ছে। তাঁরা কোথা থেকে এসেছিলেন, কেন সীমান্তবর্তী এলাকায় গিয়েছিলেন এবং শেষ পর্যন্ত তাঁদের জীবনে কী ঘটেছিল—এসব প্রশ্নের উত্তর খুঁজতে গবেষণা সহায়তা করছে। এই মুখ পুনর্গঠনের কাজ করেছেন বিশেষজ্ঞ ক্রিস রিন। অস্থি-প্রত্নতাত্ত্বিক মূল্যায়ন, আগে পরিচালিত আইসোটোপ বিশ্লেষণ এবং প্রাচীন ডিএনএ গবেষণার ফলাফল একত্র করে তিনি ব্যক্তিটির সম্ভাব্য চেহারা তৈরি করেন। আইসোটোপ বিশ্লেষণের মাধ্যমে মানুষের অতীত জীবন ও ভৌগোলিক উৎস সম্পর্কে ধারণা পাওয়া যেতে পারে। অন্যদিকে প্রাচীন ডিএনএ থেকে জিনগত বৈশিষ্ট্য সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য মিলতে পারে। এই গবেষণায় ন্যাশনাল মিউজিয়াম অব স্কটল্যান্ডের পাশাপাশি ডারহাম বিশ্ববিদ্যালয়, ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের প্রত্নতত্ত্ব বিভাগ এবং হার্ভার্ড মেডিকেল স্কুলের গবেষণাসংশ্লিষ্ট কাজের তথ্য ব্যবহার করা হয়েছে। প্রদর্শনীতে শুধু রোমান সৈন্যদের সামরিক অভিযান নয়, বরং তাঁদের ঘাঁটির আশপাশে বসবাসকারী সাধারণ মানুষের জীবনও তুলে ধরা হবে। রোমান সাম্রাজ্য যখন নতুন ভূখণ্ড দখলের চেষ্টা করছিল, তখন স্থানীয় জনগোষ্ঠীর জীবনযাত্রায় কী পরিবর্তন এসেছিল, সেই অভিজ্ঞতাও থাকবে প্রদর্শনীর আলোচনায়। প্রায় দুই হাজার বছর আগের একজন মানুষের মুখের এই পুনর্গঠন তাই শুধু একটি প্রত্নতাত্ত্বিক কৌতূহল নয়। এটি প্রাচীন মানুষের জীবন, শারীরিক সীমাবদ্ধতা, ভৌগোলিক যাত্রা এবং মৃত্যুর পর তাঁদের দেহকে ঘিরে প্রচলিত রীতিনীতি সম্পর্কে জানারও একটি নতুন সুযোগ তৈরি করেছে।
ডায়াবেটিস ও স্থূলতার চিকিৎসায় বহুল ব্যবহৃত জিএলপি-১ শ্রেণির ওষুধ শরীরের বার্ধক্য প্রক্রিয়াও ধীর করতে পারে। সাম্প্রতিক কিছু গবেষণায় এমন ইঙ্গিত পাওয়া গেছে। এতে বিজ্ঞানীদের মধ্যে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে—ওজন কমানো ও রক্তে শর্করা নিয়ন্ত্রণের পাশাপাশি এসব ওষুধ মানুষের সুস্থভাবে বেঁচে থাকার সময়ও বাড়াতে পারবে কি না। জিএলপি-১ ওষুধের পরিচিত উপকারিতা শুধু ওজন কমানোর মধ্যে সীমাবদ্ধ নয়। বিভিন্ন গবেষণায় হৃদ্যন্ত্র, কিডনি ও যকৃতের স্বাস্থ্যের উন্নতি এবং স্লিপ অ্যাপনিয়া ও শরীরের প্রদাহ কমানোর মতো সম্ভাব্য সুবিধাও উঠে এসেছে। এসব সমস্যা বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মানুষের শারীরিক সক্ষমতা ও সামগ্রিক স্বাস্থ্যের অবনতিতে ভূমিকা রাখতে পারে। যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলের অধ্যাপক ডানিকা চেনের মতে, বয়স বাড়া অনেক রোগের অন্যতম প্রধান ঝুঁকির কারণ। তাই শুধু আলাদা আলাদা রোগের চিকিৎসা না করে বার্ধক্যের প্রক্রিয়াকে লক্ষ্য করে কাজ করা গেলে বয়সজনিত নানা রোগের ঝুঁকি কমানোর নতুন পথ তৈরি হতে পারে। তবে গবেষকেরা সতর্ক করে বলছেন, জিএলপি-১ ওষুধকে এখনই বার্ধক্য প্রতিরোধের চিকিৎসা হিসেবে বিবেচনা করার মতো যথেষ্ট প্রমাণ নেই। মানুষের ওপর পরিচালিত গবেষণার ফল এখনো প্রাথমিক পর্যায়ে। এসব ওষুধের সম্ভাব্য সুবিধা শুধু অতিরিক্ত ওজন বা ডায়াবেটিসে আক্রান্ত ব্যক্তিদের মধ্যেই সীমিত কি না, নাকি স্বাভাবিক ওজনের সুস্থ মানুষের ক্ষেত্রেও একই প্রভাব দেখা যাবে, তা এখনো স্পষ্ট নয়। লস এঞ্জেলেসের সিডারস-সিনাই মেডিকেল সেন্টারের সেন্টার ফর অ্যাডভান্সড জেরোথেরাপিউটিকসের পরিচালক জেমস কার্কল্যান্ডও এ বিষয়ে সতর্ক করেছেন। তাঁর আশঙ্কা, প্রাথমিক গবেষণার ফল দেখে কেউ কেউ প্রয়োজনীয় চিকিৎসাগত কারণ ছাড়াই এসব ওষুধ ব্যবহার করতে পারেন। বিশেষ করে কম বয়সী, স্বাভাবিক ওজনের এবং ডায়াবেটিস নেই—এমন মানুষের ক্ষেত্রে দীর্ঘমেয়াদি প্রভাব সম্পর্কে এখনো যথেষ্ট তথ্য নেই। গবেষকেরা আরও বলছেন, বার্ধক্য পরিমাপের জন্য ব্যবহৃত জৈবিক সূচকগুলো এখনো উন্নয়নশীল। ফলে এসব পরীক্ষার ফল দেখে একজন নির্দিষ্ট ব্যক্তির শরীর কতটা বুড়িয়ে যাচ্ছে, সে বিষয়ে নিশ্চিত সিদ্ধান্ত নেওয়া কঠিন। জৈবিক বয়সের ঘড়িতে কী দেখা গেছে বার্ধক্য নিয়ে সাম্প্রতিক গবেষণায় বিশেষভাবে আলোচনায় এসেছে টিরজেপাটাইড নামের ওষুধ। এটি এলি লিলি কোম্পানির তৈরি। ওজন কমানোর জন্য ওষুধটি জেপবাউন্ড এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য মাউনজারো নামে বিক্রি হয়। কোম্পানিটির গবেষকেরা তাদের একটি ক্লিনিক্যাল ট্রায়ালের তথ্য বিশ্লেষণ করে দেখেছেন, ওষুধটি ব্যবহারকারীদের শরীরে বার্ধক্যের কিছু জৈবিক সূচক তুলনামূলক ধীরগতিতে পরিবর্তিত হয়েছে। মূল পরীক্ষায় ৭০০ জনের বেশি অতিরিক্ত ওজনের, তবে ডায়াবেটিস নেই—এমন প্রাপ্তবয়স্ক অংশ নেন। তাঁদের ৭২ সপ্তাহ ধরে টিরজেপাটাইড অথবা সেমাগ্লুটাইড দেওয়া হয়। পরবর্তী বার্ধক্যবিষয়ক বিশ্লেষণে টিরজেপাটাইড গ্রহণকারী ৫০ বছরের বেশি বয়সী ৭১ জনের তথ্য দেখা হয়। রক্তে নির্দিষ্ট জিনের কার্যক্রমের পরিবর্তন বিশ্লেষণ করে গবেষকেরা এপিজেনেটিক ক্লক ব্যবহার করেন। এই পদ্ধতিতে শরীরের কোষ ও টিস্যুর জৈবিক বয়সের আনুমানিক পরিবর্তন বোঝার চেষ্টা করা হয়। ক্যালেন্ডার অনুযায়ী বয়স বাড়লেও শরীরের বিভিন্ন অঙ্গ একই গতিতে বুড়িয়ে যায় না—এই ধারণার ওপর ভিত্তি করেই এ ধরনের পরীক্ষা করা হয়। গবেষকদের হিসাবে, ৭২ সপ্তাহে একজন ব্যক্তির ক্যালেন্ডার অনুযায়ী বয়স প্রায় ১ দশমিক ৩৮ বছর বাড়ার কথা। কিন্তু টিরজেপাটাইড গ্রহণকারী ছোট দলটির বিভিন্ন জৈবিক ঘড়িতে বয়স বৃদ্ধির পরিমাণ ছিল প্রায় ০ দশমিক ৭ থেকে ১ দশমিক ১ বছর। কয়েকটি সূচকে জৈবিক বয়স কমার ইঙ্গিতও দেখা গেছে। তবে এই পরীক্ষায় ওষুধ না নেওয়া কোনো প্লাসিবো দলের সঙ্গে তুলনা করা হয়নি। পাশাপাশি পর্যবেক্ষণের সময়ও ছিল সীমিত। তাই ওষুধটি সত্যিই বার্ধক্য ধীর করেছে কি না, সে বিষয়ে নিশ্চিত হতে আরও দীর্ঘমেয়াদি গবেষণা প্রয়োজন। গবেষকদের মতে, ভবিষ্যতে চার-পাঁচ বছর ধরে পর্যবেক্ষণ করা গেলে এই প্রভাব সম্পর্কে আরও স্পষ্ট ধারণা পাওয়া যেতে পারে। সেমাগ্লুটাইডেও মিলেছে একই ধরনের ইঙ্গিত সেমাগ্লুটাইড নামের আরেকটি ওষুধ নিয়েও আশাব্যঞ্জক ফল পাওয়া গেছে। এটি ওজন কমানোর জন্য ওয়েগোভি এবং ডায়াবেটিসের চিকিৎসায় ওজেম্পিক নামে পরিচিত। ওষুধ প্রস্তুতকারী নোভো নরডিস্কের গবেষকেরা পাঁচটি ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেওয়া ১০ হাজারের বেশি মানুষের তথ্য বিশ্লেষণ করেছেন। রক্তে থাকা বিভিন্ন প্রোটিনের পরিবর্তন ব্যবহার করে তাঁরা হৃদ্যন্ত্রসহ শরীরের বিভিন্ন অঙ্গের জৈবিক বয়স অনুমান করেন। বিশ্লেষণে দেখা গেছে, প্লাসিবো গ্রহণকারীদের তুলনায় সেমাগ্লুটাইড ব্যবহারকারীদের হৃদ্যন্ত্রের জৈবিক বয়সের সূচকে দুই থেকে চার বছরের পার্থক্য ছিল। কিডনি, ফুসফুস, মস্তিষ্ক ও অগ্ন্যাশয়সহ কয়েকটি অঙ্গের ক্ষেত্রেও এক থেকে চার বছরের পরিবর্তনের ইঙ্গিত পাওয়া যায়। গবেষকদের দাবি, এসব পরিবর্তন শুধু ওজন কমা, রক্তে শর্করা নিয়ন্ত্রণ বা প্রদাহ হ্রাস দিয়ে পুরোপুরি ব্যাখ্যা করা যায়নি। তবে গবেষণাটি এখনো পিয়ার রিভিউয়ের মধ্য দিয়ে প্রকাশিত হয়নি। তাই ফলাফলকে প্রাথমিক প্রমাণ হিসেবেই বিবেচনা করতে হবে। ইঁদুরের আয়ু বেড়েছে, মানুষের ক্ষেত্রে কী হবে মানুষের পাশাপাশি ইঁদুরের ওপরও পরীক্ষা চালিয়েছেন বিজ্ঞানীরা। বার্কলের গবেষকেরা ২০ মাস বয়সী ইঁদুরকে সেমাগ্লুটাইড অথবা প্লাসিবো দেন। ইঁদুরের এই বয়সকে মানুষের প্রায় ৬০ বছরের সঙ্গে তুলনা করা হয়। পরীক্ষায় সেমাগ্লুটাইড পাওয়া ইঁদুরগুলো তুলনামূলক কম খাবার খেয়েছে, ওজন হারিয়েছে এবং প্লাসিবো পাওয়া ইঁদুরের চেয়ে বেশি দিন বেঁচেছে। ওষুধ গ্রহণকারী ইঁদুরের গড় আয়ু ছিল ৮৩৪ দিন। অন্যদিকে প্লাসিবো পাওয়া ইঁদুরের মোট আয়ু ছিল ৭৪২ দিন। এরপর ওষুধের প্রভাব ও কম ক্যালরি গ্রহণের প্রভাব আলাদা করে বোঝার জন্য আরেক দল ইঁদুরের খাবারের পরিমাণ ২৫ শতাংশ কমিয়ে দেওয়া হয়। এই দলটির আয়ুও বেড়েছিল। তবে দুই দলের মধ্যে কিছু পার্থক্য দেখা যায়। পেশির কার্যকারিতা ও চলাফেরার মতো বিভিন্ন ক্ষেত্রে দুই দলের ফল কাছাকাছি থাকলেও সেমাগ্লুটাইড পাওয়া ইঁদুর চিন্তাভাবনা এবং গোলকধাঁধা থেকে বের হওয়ার পরীক্ষায় ভালো করেছে। রক্তে শর্করা নিয়ন্ত্রণেও তাদের কিছু সুবিধা দেখা গেছে। গবেষকদের ধারণা, ওষুধটির সম্ভাব্য প্রভাব শুধু কম ক্যালরি গ্রহণের মধ্যে সীমাবদ্ধ নাও থাকতে পারে। তবে ইঁদুরের ওপর পাওয়া ফল সরাসরি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য ধরে নেওয়া যাবে না। সব মিলিয়ে, জিএলপি-১ ওষুধ বার্ধক্য ধীর করা এবং সুস্থ জীবনকাল বাড়ানোর ক্ষেত্রে ভবিষ্যতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে—এমন সম্ভাবনা তৈরি হয়েছে। কিন্তু মানুষের আয়ু সত্যিই বাড়ে কি না, স্বাভাবিক ওজনের সুস্থ ব্যক্তিরা এতে উপকৃত হন কি না এবং দীর্ঘমেয়াদে কী ধরনের ঝুঁকি রয়েছে, তা জানতে আরও গবেষণা প্রয়োজন। তাই শুধু দীর্ঘায়ুর আশায় চিকিৎসকের পরামর্শ ছাড়া এসব ওষুধ ব্যবহার করা এখনই সমর্থন করছেন না বিশেষজ্ঞরা।
নিয়মিত কফি পান করা হঠাৎ বন্ধ রাখলে শরীরে কী ধরনের পরিবর্তন ঘটে? এ প্রশ্নের উত্তর খুঁজতে আয়ারল্যান্ডের ইউনিভার্সিটি কলেজ কর্কের গবেষকেরা ৬২ জন প্রাপ্তবয়স্ককে নিয়ে একটি গবেষণা করেছেন। এতে দেখা গেছে, কফি পানকারীদের অন্ত্রের জীবাণু ও সেগুলোর তৈরি রাসায়নিক উপাদানে উল্লেখযোগ্য পরিবর্তন ঘটে। কফি আবার পান শুরু করার পর মেজাজ, মানসিক চাপ এবং কিছু জ্ঞানীয় কার্যক্রমেও পরিবর্তনের ইঙ্গিত পাওয়া গেছে। বিশেষভাবে লক্ষণীয় বিষয় হলো, কফির সম্ভাব্য প্রভাব শুধু ক্যাফেইনের ওপর নির্ভরশীল নাও হতে পারে। গবেষণাটি ২০২৬ সালের ২১ এপ্রিল নেচার কমিউনিকেশনস সাময়িকীতে প্রকাশিত হয়। গবেষকেরা কফি পান, অন্ত্রের জীবাণু, বিপাকপ্রক্রিয়া এবং মস্তিষ্কের কার্যক্রমের মধ্যকার সম্পর্ক বোঝার চেষ্টা করেছেন। তবে গবেষকেরা সতর্ক করেছেন, ফলাফলগুলোকে চূড়ান্ত প্রমাণ হিসেবে দেখা যাবে না। কফি পান এবং স্বাস্থ্যের বিভিন্ন পরিবর্তনের মধ্যে সম্পর্ক পাওয়া গেলেই একটি অন্যটির সরাসরি কারণ, এমন সিদ্ধান্তে পৌঁছানো যায় না। গবেষণায় অংশ নেওয়া ব্যক্তিদের বয়স ছিল ৩০ থেকে ৫০ বছরের মধ্যে। তাঁদের মধ্যে ৩১ জন নিয়মিত কফি পান করতেন না। অন্য ৩১ জন সাধারণত প্রতিদিন তিন থেকে পাঁচ কাপ কফি পান করতেন। প্রথমে দুই দলের অন্ত্রের জীবাণু, বিপাকজাত রাসায়নিক উপাদান, মেজাজ, মানসিক চাপ, মনোযোগ, শেখার ক্ষমতা ও স্মৃতিশক্তি মূল্যায়ন করা হয়। এরপর নিয়মিত কফি পানকারীদের টানা দুই সপ্তাহ কফি পান থেকে বিরত থাকতে বলা হয়। এ সময় তাঁদের শারীরিক ও আচরণগত পরিবর্তন পর্যবেক্ষণ করেন গবেষকেরা। দুই সপ্তাহ পর অংশগ্রহণকারীদের আবার কফি পান করতে দেওয়া হয়। তাঁদের এক দল ক্যাফেইনযুক্ত এবং অন্য দল ক্যাফেইনমুক্ত কফি পান করেন। এই পর্যায়ে অংশগ্রহণকারীরা জানতেন না, তাঁদের কোন ধরনের কফি দেওয়া হচ্ছে। পুনরায় কফি পান করার এই পর্যায় চলে তিন সপ্তাহ। কফি বন্ধ করায় অন্ত্রে কী পরিবর্তন দেখা গেল গবেষণায় সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তনগুলোর একটি পাওয়া যায় অন্ত্রের বিপাকজাত উপাদানে। এসব উপাদান হলো শরীরের বিপাকপ্রক্রিয়া এবং অন্ত্রের জীবাণুর কার্যক্রমের ফলে তৈরি বা পরিবর্তিত হওয়া ক্ষুদ্র রাসায়নিক পদার্থ। নিয়মিত কফি পানকারীদের ক্ষেত্রে দুই সপ্তাহ কফি বন্ধ রাখার পর এসব উপাদানের কয়েকটির মাত্রা বদলে যায়। গবেষকেরা অন্ত্রের জীবাণুর গঠনেও পার্থক্য শনাক্ত করেন। নিয়মিত কফি পানকারীদের অন্ত্রে ক্রিপটোব্যাকটেরিয়াম কার্টাম এবং এগারথেলা গোত্রের কিছু জীবাণু তুলনামূলক বেশি পাওয়া যায়। দুই সপ্তাহ কফি পান বন্ধ রাখার সময় ক্রিপটোব্যাকটেরিয়াম কার্টাম–এর উপস্থিতি কমে যাওয়ার প্রবণতাও দেখা যায়। কফি পুনরায় পান শুরু করলে অন্ত্রের জীবাণুর গঠনে আবার পরিবর্তন আসে। ক্যাফেইনযুক্ত ও ক্যাফেইনমুক্ত—উভয় ধরনের কফির ক্ষেত্রেই কিছু পরিবর্তন দেখা গেছে। তবে কোনো নির্দিষ্ট জীবাণুর সংখ্যা বেড়ে যাওয়া মানেই তা শরীরের জন্য উপকারী, এমন সিদ্ধান্ত নেওয়া যায় না। জীবাণুর প্রভাব নির্ভর করে তার ধরন, কার্যক্রম এবং অন্ত্রের সামগ্রিক পরিবেশের ওপর। গবেষকেরা জানিয়েছেন, কফির সঙ্গে সম্পর্কিত এসব পরিবর্তন কীভাবে হজম, প্রদাহ এবং মস্তিষ্কের কার্যক্রমকে প্রভাবিত করতে পারে, তা আরও বিশদভাবে বোঝা প্রয়োজন। ক্যাফেইনমুক্ত কফিতেও মিলেছে কিছু পরিবর্তন কফি পুনরায় পান করার পর দুই দলের অংশগ্রহণকারীদের মধ্যেই নিজেদের অনুভূত মানসিক চাপ, বিষণ্নতার উপসর্গ এবং আবেগপ্রবণ আচরণের কিছু সূচকে উন্নতি দেখা যায়। যেহেতু ক্যাফেইনযুক্ত ও ক্যাফেইনমুক্ত—দুই ধরনের কফি পানকারীদের মধ্যেই এ পরিবর্তন পাওয়া গেছে, তাই এর পেছনে ক্যাফেইন ছাড়াও কফির অন্য উপাদান ভূমিকা রাখতে পারে বলে গবেষকেরা মনে করছেন। দুই দলের মধ্যে শেখা ও স্মৃতিশক্তির পরীক্ষায়ও পার্থক্য দেখা যায়। ক্যাফেইনমুক্ত কফি পানকারীদের ক্ষেত্রে শেখা ও স্মৃতির কিছু সূচকে উন্নতি পাওয়া যায়, যা ক্যাফেইনযুক্ত কফি পানকারীদের মধ্যে একইভাবে দেখা যায়নি। অন্যদিকে, ক্যাফেইনযুক্ত কফির সঙ্গে মনোযোগ ও সতর্কতা বাড়া এবং উদ্বেগ কমার সম্পর্ক পাওয়া গেছে। কফিতে ক্যাফেইন ছাড়াও পলিফেনলসহ নানা উদ্ভিজ্জ যৌগ থাকে। এর মধ্যে ক্লোরোজেনিক অ্যাসিড উল্লেখযোগ্য। এসব যৌগের অ্যান্টিঅক্সিডেন্ট ও প্রদাহবিরোধী বৈশিষ্ট্য রয়েছে। অন্ত্রের জীবাণু এগুলোকে ভেঙে আরও কিছু সক্রিয় উপাদানে রূপান্তর করতে পারে। কফির দ্রবণীয় আঁশ ও অন্যান্য উদ্ভিজ্জ উপাদানও অন্ত্রের জীবাণুর সঙ্গে মিথস্ক্রিয়া করতে পারে। ফলে কফির প্রভাব শুধু ক্যাফেইনের মাধ্যমে ব্যাখ্যা করা সম্ভব নয়। গবেষকেরা কেন সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন গবেষণাটির সঙ্গে যুক্ত ইউনিভার্সিটি কলেজ কর্কের অধ্যাপক জন ক্রায়ান বলেছেন, অন্ত্রের স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্যের মধ্যে সম্পর্ক নিয়ে আগ্রহ বাড়ছে। তবে কফি কীভাবে অন্ত্র ও মস্তিষ্কের মধ্যকার যোগাযোগব্যবস্থাকে প্রভাবিত করে, তার সব প্রক্রিয়া এখনো পরিষ্কার নয়। গবেষণাটি এ বিষয়ে নতুন তথ্য দিয়েছে এবং ভবিষ্যতে আরও অনুসন্ধানের সুযোগ তৈরি করেছে। তবে গবেষণায় অংশগ্রহণকারীর সংখ্যা তুলনামূলকভাবে কম ছিল। এতে কেবল সুস্থ প্রাপ্তবয়স্কদের অন্তর্ভুক্ত করা হয়েছিল। তাই ফলাফল সব বয়সী মানুষ কিংবা বিভিন্ন শারীরিক সমস্যায় ভোগা ব্যক্তির ক্ষেত্রে একই রকম হবে, তা বলা যায় না। গবেষকেরা আরও বলেছেন, ব্যক্তিভেদে অন্ত্রের জীবাণুর গঠন এবং ক্যাফেইন প্রক্রিয়াজাত করার ক্ষমতা আলাদা হতে পারে। গবেষণার প্রধান বার্তা হলো, কফি পান ও শরীরের বিভিন্ন প্রক্রিয়ার মধ্যে জটিল সম্পর্ক রয়েছে। কিন্তু কফি অন্ত্রের অসুস্থতা, বিষণ্নতা কিংবা স্মৃতিশক্তি কমে যাওয়ার চিকিৎসা—এমন কোনো সিদ্ধান্ত এই গবেষণা সমর্থন করে না। কফি খাওয়ার অভ্যাসে পরিবর্তন আনার আগে ব্যক্তিগত স্বাস্থ্য, ঘুম ও ক্যাফেইনের প্রতি সংবেদনশীলতার বিষয়গুলোও বিবেচনায় রাখা প্রয়োজন।
এইচআইভি চিকিৎসায় ব্যবহৃত এক ধরনের ওষুধে পরিবর্তন এনে তৈরি করা নতুন একটি ওষুধ মাল্টিপল স্ক্লেরোসিস বা এমএসের কারণে তৈরি হওয়া কিছু গুরুতর সমস্যা কমাতে পারে বলে গবেষণায় উঠে এসেছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউটস অব হেলথ (এনআইএইচ)-এর অর্থায়নে করা গবেষণায় প্রাণীর ক্ষেত্রে আগে থেকেই তৈরি হওয়া দৃষ্টিশক্তি হারানো ও চলাফেরার সমস্যায় উন্নতির দেখা মিলেছে। তবে এখনো মানুষের ওপর এর কার্যকারিতা প্রমাণিত হয়নি। গবেষণায় **কামুভুডিন-৯ বা কে-৯** নামের পরীক্ষামূলক ওষুধ ব্যবহার করা হয়। এটি এইচআইভি ও হেপাটাইটিস বি চিকিৎসায় ব্যবহৃত এনআরটিআই শ্রেণির অ্যান্টিভাইরাল ওষুধ থেকে তৈরি একটি পরিবর্তিত সংস্করণ। গবেষকদের ধারণা, কে-৯ মস্তিষ্ক ও মেরুদণ্ডে থাকা **ইনফ্ল্যামাসোম** নামের একটি প্রক্রিয়া সক্রিয় হতে বাধা দেয়, যা অতিরিক্ত সক্রিয় হলে স্নায়ুকোষের ক্ষতি ও মৃ ত্যু ঘটাতে পারে। গবেষণায় এমএসের মতো উপসর্গ তৈরি করা ইঁদুরকে কয়েক দিন পর কে-৯ দেওয়া হয়। তখন তাদের মধ্যে ইতোমধ্যে স্নায়বিক সমস্যা, চলাফেরার দুর্বলতা ও দৃষ্টিশক্তির ক্ষতি দেখা দিয়েছিল। চিকিৎসার পর গবেষকরা দেখতে পান, কে-৯ দেওয়া প্রাণীগুলো শুধু নতুন স্নায়বিক ক্ষতি থেকে সুরক্ষিতই থাকেনি, বরং আগের কিছু চলাফেরার সমস্যা ও দৃষ্টিশক্তির ক্ষতিও অনেকটা কাটিয়ে উঠেছে। গবেষকদের মতে, কে-৯ স্নায়ুর প্রধান অংশ **অ্যাক্সন** এবং তাকে ঘিরে থাকা সুরক্ষামূলক আবরণ **মাইলিন শিথ**কে ক্ষয় থেকে রক্ষা করতে পারে। এই অংশগুলো মস্তিষ্ক ও শরীরের মধ্যে স্নায়ুর সংকেত পৌঁছে দেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রাণীদের রক্তে স্নায়ুর ক্ষতির একটি জৈবচিহ্নও কম পাওয়া গেছে, যা চিকিৎসাটির সম্ভাব্য স্নায়ু-সুরক্ষাকারী প্রভাবের ইঙ্গিত দেয়। গবেষণার আরেকটি গুরুত্বপূর্ণ দিক ছিল মানুষের স্বাস্থ্য-তথ্য বিশ্লেষণ। যুক্তরাষ্ট্রের ৩০ লাখের বেশি মানুষের তথ্য পর্যালোচনা করে গবেষকরা দেখতে পান, এইচআইভি বা হেপাটাইটিস বি চিকিৎসায় ব্যবহৃত এনআরটিআই ওষুধ গ্রহণকারীদের মধ্যে এমএস শনাক্ত হওয়ার হার কম ছিল। যাদের আগে থেকেই এমএস ছিল, তাদের মধ্যেও পরবর্তী সময়ে রোগের পুনরাবৃত্তির হার তুলনামূলক কম দেখা গেছে। তবে এই তথ্য থেকে সরাসরি বলা যায় না যে ওই ওষুধগুলো এমএস প্রতিরোধ বা চিকিৎসা করে। এমএস হলো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের একটি রোগ, যা মস্তিষ্ক ও শরীরের বিভিন্ন অংশের মধ্যে স্বাভাবিক তথ্য আদান-প্রদানে বাধা সৃষ্টি করতে পারে। দীর্ঘদিন ধরে বিজ্ঞানীরা মনে করতেন, শরীরের রোগপ্রতিরোধ ব্যবস্থা ভুল করে সুস্থ স্নায়ু টিস্যুতে আক্রমণ করাই মূল সমস্যা। প্রচলিত চিকিৎসাগুলো সাধারণত এই রোগপ্রতিরোধী প্রতিক্রিয়া নিয়ন্ত্রণ করে নতুন করে রোগের আক্রমণ বা রিল্যাপ্স কমানোর চেষ্টা করে, কিন্তু আগে থেকে তৈরি হওয়া স্নায়ুর ক্ষতি সাধারণত ঠিক করতে পারে না। নতুন গবেষণায় অবশ্য আরেকটি প্রক্রিয়ার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। গবেষকদের মতে, রোগপ্রতিরোধ ব্যবস্থার আক্রমণ সরাসরি সবসময় স্নায়ুকোষ ধ্বংস করে না; বরং এটি মস্তিষ্ক ও মেরুদণ্ডের ভেতরে থাকা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।