সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

গাজায় শান্তি পরিকল্পনায় ফোর্স গঠনের লক্ষ্যে ২০ কোটি ডলারেরও বেশি অর্থ দিচ্ছে ট্রাম্প প্রশাসন

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ২১, ২০২৬ ১:৪৮
গাজায় আন্তর্জাতিক স্ট্যাবিলাইজেশন ফোর্স গঠনে ২০ কোটি ডলার অর্থায়নের পরিকল্পনা মার্কিন স্টেট ডিপার্টমেন্টের। ছবি: সংগৃহীত
গাজায় আন্তর্জাতিক স্ট্যাবিলাইজেশন ফোর্স গঠনে ২০ কোটি ডলার অর্থায়নের পরিকল্পনা মার্কিন স্টেট ডিপার্টমেন্টের। ছবি: সংগৃহীত

গাজায় প্রস্তাবিত আন্তর্জাতিক স্ট্যাবিলাইজেশন ফোর্স বা আইএসএফ গঠনে ২০ কোটি ডলারের বেশি অর্থ দেওয়ার পরিকল্পনা জানিয়েছে যুক্তরাষ্ট্র। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার অংশ হিসেবে এই অর্থ ব্যবহারের কথা জানিয়েছে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট। তবে ইসরায়েল ও হামাসের মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি বিষয়ে মতবিরোধ থাকায় ফোর্সটি কবে গাজায় মোতায়েন হবে, তা এখনো অনিশ্চিত।

 

স্টেট ডিপার্টমেন্ট ৩০ জুলাই মার্কিন কংগ্রেসকে অর্থায়নের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানিয়েছে। এর মধ্যে আইএসএফের সরঞ্জাম, অবকাঠামো, যানবাহন ও অপারেশনাল খরচের জন্য ২০ কোটি ডলার রাখা হয়েছে। এছাড়া আরও প্রায় ৬৩ লাখ ডলার ব্যয়ে যুক্তরাষ্ট্রের নয়টি আর্মড পার্সোনেল ক্যারিয়ার এই ফোর্সের কাজে ব্যবহারের জন্য পুনর্বিন্যাস করা হবে।

 

রয়টার্সের হাতে আসা কংগ্রেশনাল নোটিফিকেশন অনুযায়ী, গাজায় আইএসএফ নিরাপত্তা কার্যক্রম পরিচালনা, নিরস্ত্রীকরণ প্রক্রিয়ায় সহায়তা এবং মানবিক সহায়তা ও পুনর্গঠন সামগ্রী নিরাপদে পৌঁছাতে ভূমিকা রাখবে। ফোর্সটির চূড়ান্ত কাঠামো ও সদস্যসংখ্যা নিয়ে এখনো আলোচনা চলছে।

 

মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র টমি পিগট বলেছেন, ট্রাম্প প্রশাসন তার ২১ দফা শান্তি পরিকল্পনার পূর্ণ বাস্তবায়নে প্রতিশ্রুতিবদ্ধ এবং আইএসএফ ওই পরিকল্পনার একটি গুরুত্বপূর্ণ অংশ।

 

ট্রাম্পের পরিকল্পনায় ইসরায়েলি বাহিনী গাজা থেকে ধাপে ধাপে সরে যাওয়ার পর আন্তর্জাতিক ফোর্সকে নিরাপত্তার দায়িত্ব নেওয়ার কথা বলা হয়েছে। পাশাপাশি নতুন একটি ফিলিস্তিনি পুলিশ বাহিনীকে প্রশিক্ষণ ও সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।

 

এখন পর্যন্ত ইন্দোনেশিয়া, মরক্কো, কাজাখস্তান, কসোভো ও আলবেনিয়া আইএসএফে সেনা পাঠাতে সম্মতি জানিয়েছে। মিসর ও জর্ডান ফিলিস্তিনি পুলিশকে প্রশিক্ষণ দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে। তবে ফোর্সটি কবে গাজায় প্রবেশ করবে, সে বিষয়ে এখনো নির্দিষ্ট সময়সূচি নেই।

 

এরই মধ্যে পরিকল্পনাটি বড় ধরনের রাজনৈতিক বাধার মুখে পড়েছে। ট্রাম্প প্রশাসন জুলাইয়ের শেষ দিকে হামাসের নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলি বাহিনীর ধাপে ধাপে প্রত্যাহারের একটি রোডম্যাপ সামনে আনলেও ইসরায়েল ও হামাসের মধ্যে এর বাস্তবায়ন নিয়ে মতবিরোধ রয়ে গেছে।

 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জানিয়েছেন, হামাস পুরোপুরি নিরস্ত্র না হওয়া পর্যন্ত গাজা থেকে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে না। অন্যদিকে হামাসও পরিকল্পনাটিতে সম্মতির কথা বললেও ইসরায়েলকে আগে নিজেদের প্রতিশ্রুতি পূরণ করতে হবে বলে জানিয়েছে।

 

এই অচলাবস্থার মধ্যেই ট্রাম্পের বিশেষ দূত ও জামাতা জ্যারেড কুশনার চলতি সপ্তাহে হামাসের কর্মকর্তাদের সঙ্গে মিসরে এবং পরে ইসরায়েলি নেতাদের সঙ্গে জেরুজালেমে বৈঠক করেছেন। তবে এসব বৈঠকে মূল বিরোধগুলোর কোনো চূড়ান্ত সমাধান হয়নি।

 

ইসরায়েলি প্রধানমন্ত্রীর দপ্তরও জানিয়েছে, গাজায় আন্তর্জাতিক স্ট্যাবিলাইজেশন ফোর্স প্রবেশের জন্য এখনো ইসরায়েলের রাজনৈতিক নেতৃত্ব কোনো অনুমোদন দেয়নি। ফলে যুক্তরাষ্ট্র অর্থায়নের মাধ্যমে পরিকল্পনাটি এগিয়ে নিলেও এর বাস্তবায়ন এখনো নির্ভর করছে ইসরায়েল ও হামাসের মধ্যে নিরাপত্তা, নিরস্ত্রীকরণ এবং ইসরায়েলি সেনা প্রত্যাহার নিয়ে সমঝোতার ওপর।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

আমেরিকা

View more
বাংলাদেশে বৃদ্ধাশ্রমে এক লাখ টাকা পাঠালেন প্রবাসী নারীরা
প্রবাসে ঈদমেলা করে বাংলাদেশের বৃদ্ধাশ্রমে এক লাখ টাকা পাঠালেন প্রবাসী নারীরা

যুক্তরাষ্ট্রে বসবাস করলেও দেশের মানুষের প্রতি ভালোবাসা ও দায়িত্ববোধ ভুলে যাননি প্রবাসী বাংলাদেশি নারীরা। নিজেদের আয়োজিত ঈদমেলা থেকে অর্থ সংগ্রহ করে বাংলাদেশের একটি বৃদ্ধাশ্রমের পাশে দাঁড়িয়েছেন তাঁরা। তাঁদের এই উদ্যোগে অসহায় প্রবীণদের জন্য সংগ্রহ হয়েছে এক লাখ টাকা।   সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক আরএফএল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত ঈদমেলার মাধ্যমে এই অর্থ সংগ্রহ করা হয়। পরে সংগৃহীত অর্থ বাংলাদেশের আপন ভুবন বৃদ্ধাশ্রমের জন্য অনুদান হিসেবে হস্তান্তর করা হয়েছে। এই মানবিক উদ্যোগের নেতৃত্বে ছিলেন রেজিয়া খান, ফারজানা ভূঁইয়া ও লিনা কাজল। তাঁদের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাংলাদেশি কমিউনিটির বিভিন্ন সদস্য ও পৃষ্ঠপোষকেরাও সহযোগিতা করেন।   আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ঈদমেলা থেকে পাওয়া অর্থের পুরোটা প্রবীণদের কল্যাণে দেওয়া হয়েছে। অনুদান গ্রহণের সময় বৃদ্ধাশ্রমের প্রবীণদের মুখে হাসি ও কৃতজ্ঞতার প্রকাশ দেখা যায়।প্রবাসে বসবাসকারী অনেক বাংলাদেশি নিজের পরিবার ও কর্মজীবনের ব্যস্ততার মধ্যেও দেশের মানুষের জন্য কাজ করছেন। বিশেষ করে অসহায় প্রবীণদের পাশে দাঁড়ানোর এই উদ্যোগ প্রবাসীদের সঙ্গে দেশের মানুষের সম্পর্ককে আরও দৃঢ় করার একটি উদাহরণ।   প্রবাসীদের পাঠানো অর্থ সাধারণত পরিবারের ভরণপোষণ, শিক্ষা ও চিকিৎসার কাজে ব্যবহৃত হয়। তবে এ ধরনের সামাজিক উদ্যোগ দেখিয়ে দেয়, দেশের মানুষের কল্যাণেও প্রবাসী বাংলাদেশিরা সম্মিলিতভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। আয়োজকরা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রত্যাশা জানিয়েছেন। তথ্যসূত্র: Bangla Bulletin।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১৪:১
বাড়ির মালিকদের পকেট কাটে নানা গোপন খরচ

যুক্তরাষ্ট্রে বন্ধকী ঋণের বাইরেও যেভাবে বাড়ির মালিকদের পকেট কাটে নানা গোপন খরচ

মৃ ত আত্মীয়ের পরিচয় ব্যবহার করে বিমার টাকা আত্মসাৎ, মর্টগেজ জালিয়াতিতে অভিযুক্ত যুবক

মৃ ত আত্মীয়ের পরিচয় ব্যবহার করে বিমার টাকা আত্মসাৎ, মর্টগেজ জালিয়াতিতে অভিযুক্ত যুবক

নিউইয়র্কে ৮০০ পরিবারের পাশে দাঁড়াল স্থানীয় সংগঠন, বিতরণ করল ৫০০ টার্কি

নিউইয়র্কে ৮০০ পরিবারের পাশে দাঁড়াল স্থানীয় সংগঠন, বিতরণ করল ৫০০ টার্কি

ক্যালিফোর্নিয়ায় চার ছাত্রীর ‘ব্ল্যাকফেস’ বিতর্কে ৩ লাখ ৭৫ হাজার ডলারের উদ্যোগ স্কুল ডিস্ট্রিক্টের
ক্যালিফোর্নিয়ায় চার ছাত্রীর ‘ব্ল্যাকফেস’ বিতর্কে ৩ লাখ ৭৫ হাজার ডলারের উদ্যোগ স্কুল ডিস্ট্রিক্টের

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের একটি হাই স্কুলে শিক্ষার্থীদের বর্ণবাদী ‘ব্ল্যাকফেস’ ছবি ঘিরে তীব্র ক্ষোভ ও বিতর্কের পর ৩ লাখ ৭৫ হাজার ডলারের নতুন একটি উদ্যোগ অনুমোদন করেছে সান্তা বারবারা ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্টের শিক্ষা বোর্ড। চলতি সপ্তাহে অনুষ্ঠিত বোর্ড সভায় বার্ষিক এই অর্থ ব্যয়ে ‘ডিরেক্টর অব ইনক্লুসিভ স্কুল কমিউনিটিজ’ (ডিইআই) এবং প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একজন ‘এথনিক স্টাডিজ’ শিক্ষক—এই দুটি নতুন পদ সৃষ্টির সিদ্ধান্ত সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।   অর্থ ব্যয়ের খাত এবং কোন স্তরের শিক্ষার্থীরা বাড়তি সহায়তা পাবে, তা নিয়ে বোর্ড সদস্যদের মধ্যে শুরুতে কিছুটা মতপার্থক্য দেখা দেয়। কয়েকজন সদস্য জুনিয়র হাই স্কুলগুলোর জন্যও একজন আলাদা এথনিক স্টাডিজ শিক্ষক নিয়োগের দাবি তুলেছিলেন।   তবে বোর্ড প্রেসিডেন্ট বিল ব্যানিং তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার পক্ষে জোরালো অবস্থান নিয়ে জানান, প্রয়োজনে পরবর্তীতে কর্মসূচিতে পরিবর্তন আনা যাবে এবং স্কুল ডিস্ট্রিক্টের বৃহত্তর উদ্যোগের সুফল জুনিয়র হাই স্কুলের শিক্ষার্থীরাও পাবে। বোর্ডের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন এথনিক স্টাডিজ শিক্ষক, স্থানীয় কমিউনিটি সংগঠন এবং ‘এথনিক স্টাডিজ নাউ! এসবি’-র সদস্য বারবারা পারমেটসহ সংশ্লিষ্টরা।   মূলত গত সেপ্টেম্বরে সান্তা বারবারা ইউনিফাইড স্কুল ডিস্ট্রিক্টের অধীনস্থ সান মার্কোস হাই স্কুলের চার ছাত্রীর একটি সামাজিক যোগাযোগমাধ্যম পোস্টকে কেন্দ্র করে এই বিতর্কের সূত্রপাত হয়। ওই চার ছাত্রী আফ্রিকান আমেরিকান স্টাডিজ শ্রেণিকক্ষের ভেতরে কৃত্রিমভাবে মুখমণ্ডল কালো করে বা ‘ব্ল্যাকফেস’ সেজে চারজন কৃষ্ণাঙ্গ কিশোরের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) নির্মিত ছবির অঙ্গভঙ্গি অনুকরণ করে একটি মিম তৈরি করেন এবং তা টিকটকে পোস্ট করেন।   পোস্টটির ক্যাপশনে বর্ণবাদী গালির ইঙ্গিতবাহী ‘নিনজা ইমোজি’ ব্যবহার করায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। সে সময় সান মার্কোস হাই স্কুলের অধ্যক্ষ ডেয়ার হোল্ড্রেন জানান, ‘সেফ টু স্পিক আপ’ ব্যবস্থার মাধ্যমে অভিযোগ পাওয়ার পরপরই প্রশাসন ব্যবস্থা নিয়েছে, অভিযুক্ত শিক্ষার্থীদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে এবং তাদের পরিবারের সঙ্গে যোগাযোগ করে এ ধরনের আচরণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হচ্ছে।   স্কুল ডিস্ট্রিক্টের সুপারিনটেনডেন্ট হিলদা মালদোনাদোও ওই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে একে অত্যন্ত ক্ষতিকর বলে অভিহিত করেন। উল্লেখ্য, সান্তা বারবারার এই স্কুল ডিস্ট্রিক্টে এর আগেও একাধিক বর্ণবাদী ঘটনার নজির রয়েছে। গত বছর নিষেধাজ্ঞা সত্ত্বেও ‘অব মাইস অ্যান্ড মেন’ পাঠদানকালে শ্রেণিকক্ষে প্রকাশ্যে বর্ণবাদী গালি উচ্চারণ করায় সান মার্কোস হাই স্কুলের একজন বদলি শিক্ষককে ক্যাম্পাস থেকে অপসারণ করা হয়েছিল।   এ ছাড়া গত ৯ জুনের এক কমিউনিটি সভায় শিক্ষার্থীরা অভিযোগ করেছিলেন যে, ক্যাম্পাসে বর্ণবাদী পরিবেশের কারণে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীরা অনিরাপদ বোধ করছে এবং অনেকেই বাধ্য হয়ে স্কুল ছেড়ে চলে যাচ্ছে।

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১২:১১
জর্জ ওয়াশিংটন, আনুমানিক ১৮০৩, গিলবার্ট স্টুয়ার্ট। সৌজন্যে: ক্লার্ক আর্ট ইনস্টিটিউট

প্রায় ৫ লাখ টাকায় নিলামে বিক্রি হলো যুক্তরাষ্ট্রের প্রথম প্রেসিডেন্টের এক গোছা চুল

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ভয়াবহ ঝড়-বন্যার শঙ্কা, বিপর্যস্ত হতে পারে থ্যাংকসগিভিংয়ের ভ্রমণ

যুক্তরাষ্ট্রের পশ্চিম উপকূলে ভয়াবহ ঝড়-বন্যার শঙ্কা, বিপর্যস্ত হতে পারে থ্যাংকসগিভিংয়ের ভ্রমণ

লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার

লস অ্যাঞ্জেলেসগামী ফ্লাইটে ওঠার সময় আইসিইর অভিযান, নারীকে মাটিতে ফেলে গ্রেফতার

স্নায়ুবিজ্ঞান সম্মেলনে গবেষণা উপস্থাপনের পর প্রিন্সটনের পিএইচডি শিক্ষার্থী ইভা ই শিয়েকে আটক করেছে আইসিই। ছবি: সংগৃহীত
সম্মেলন শেষে বিমানবন্দরে আইসিইর হাতে আটক প্রিন্সটনের পিএইচডি শিক্ষার্থী

ওয়াশিংটন ডিসিতে স্নায়ুবিজ্ঞানবিষয়ক সম্মেলনে গবেষণা উপস্থাপনের পর প্রিন্সটন বিশ্ববিদ্যালয়ের পিএইচডি শিক্ষার্থী ইভা ই শিয়েকে আটক করেছে যুক্তরাষ্ট্রের অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই)। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভার্জিনিয়ার আর্লিংটনে রোনাল্ড রিগ্যান ওয়াশিংটন ন্যাশনাল বিমানবন্দরে তাঁকে আটক করা হয়। তাঁর আইনজীবীরা আটকের বৈধতা চ্যালেঞ্জ করে ফেডারেল আদালতে আবেদন করেছেন।    ২৪ বছর বয়সী ইভা প্রিন্সটনে স্নায়ুবিজ্ঞানে পিএইচডির তৃতীয় বর্ষে পড়ছেন। দ্য ডেইলি প্রিন্সটনিয়ান জানিয়েছে, আটকের আগের দিন সোসাইটি ফর নিউরোসায়েন্সের বার্ষিক সম্মেলনে তিনি পোস্টারের মাধ্যমে নিজের গবেষণা উপস্থাপন করেন। পরদিন অভ্যন্তরীণ একটি ফ্লাইট ধরতে বিমানবন্দরে গেলে তাঁকে হেফাজতে নেন অভিবাসন কর্মকর্তারা।    ইভার আইনজীবী কেরি ডয়েল বিশ্ববিদ্যালয়ের সংবাদপত্রটিকে জানান, চীনে জন্ম নেওয়া ইভা অপ্রাপ্তবয়স্ক অবস্থায় যুক্তরাষ্ট্রে আসেন। তাঁর রাজনৈতিক আশ্রয়ের আবেদন বিচারাধীন রয়েছে বলে জানান ডয়েল। অভিবাসন আদালতে তাঁর শুনানি ২০২৮ সালের শুরুর দিকে নির্ধারিত আছে।    যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ পিক্স১১কে জানিয়েছে, ২০১৬ সালের মার্চে ইভা অস্থায়ীভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পেয়েছিলেন। বিভাগের দাবি, সে বছরের সেপ্টেম্বরে অনুমোদিত মেয়াদ শেষ হওয়ার পরও তিনি দেশ ছাড়েননি। তাঁকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের প্রক্রিয়া চলাকালে আইসিই হেফাজতে রাখা হবে বলে জানিয়েছে বিভাগটি।    শুক্রবার এক ফেডারেল বিচারক নির্দেশ দেন, আটকের বৈধতা চ্যালেঞ্জ করে করা আবেদন বিবেচনাধীন থাকা অবস্থায় ইভাকে ভার্জিনিয়ার পূর্বাঞ্চলীয় ফেডারেল বিচারিক জেলার বাইরে নেওয়া যাবে না। দ্য ডেইলি প্রিন্সটনিয়ান জানিয়েছে, তাঁকে ভার্জিনিয়ার শ্যান্টিলি থেকে একই অঙ্গরাজ্যের বোলিং গ্রিনে ক্যারোলাইন ডিটেনশন ফ্যাসিলিটিতে স্থানান্তর করা হয়েছে। শনিবার সকালে আইসিইর অনলাইন আটক তালিকায় নতুন অবস্থান দেখা যায়।    প্রিন্সটনের গ্র্যাজুয়েট স্কুলের ডিন রডনি প্রিস্টলি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয় ইভার জন্য আইনজীবীর ব্যবস্থা করেছে। সহায়তা দিতে বিশ্ববিদ্যালয় তাঁর পরিবার, সহকর্মী ও আইনজীবীদের সঙ্গে যোগাযোগ রাখছে।    সূত্র: দ্য ডেইলি প্রিন্সটনিয়ান

প্রকাশ: নভেম্বর ২২, ২০২৬ ১০:১৫
ফ্লোরিডায় গাড়িচাপায় বৃদ্ধার মৃ ত্যু, অভিযুক্ত ভেনেজুয়েলান অভিবাসীর বিরুদ্ধে মা মলা হচ্ছে না

ফ্লোরিডায় গাড়িচাপায় বৃদ্ধার মৃ ত্যু, অভিযুক্ত ভেনেজুয়েলান অভিবাসীর বিরুদ্ধে মা মলা হচ্ছে না

ব্রুকলিনের উডহাল হাসপাতালে স্পেশাল অফিসার নিয়োগে ৯ ডিসেম্বর বিশেষ আয়োজন করছে এনওয়াইসি হেলথ প্লাস হসপিটালস। ছবি: সংগৃহীত

ব্রুকলিনের উডহাল হাসপাতালে স্পেশাল অফিসার নিয়োগ, শুরুতেই বেতন ৪০,৪৮০ ডলার

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে উড্ডয়নের আগে খাঁচা থেকে পালাল বিড়াল, ফ্লোরিডাগামী ফ্লাইটে বিলম্ব

যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটসে উড্ডয়নের আগে খাঁচা থেকে পালাল বিড়াল, ফ্লোরিডাগামী ফ্লাইটে বিলম্ব

অন্যান্য বিভাগের আরও সংবাদ

আরও সংবাদ লোড হচ্ছে...