সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

কারাবন্দি নারীর অর্থ দেখভালের দায়িত্ব নিয়ে ৬৫ হাজার ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সরকারি কর্মী

ফ্লোরিডা প্রতিনিধি প্রকাশ: সেপ্টেম্বর ২৯, ২০২৬ ২০:১৬
কারাবন্দি নারীর অর্থ দেখভালের দায়িত্ব নিয়ে ৬৫ হাজার ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সরকারি কর্মী
কারাবন্দি নারীর অর্থ দেখভালের দায়িত্ব নিয়ে ৬৫ হাজার ডলার হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সরকারি কর্মী

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় কারাবন্দি এক নারীর আর্থিক বিষয়াদি দেখভালের দায়িত্ব পেয়ে প্রায় ৬৫ হাজার ডলার আত্মসাতের অভিযোগে জেসিকা এলিজাবেথ ম্যাকভে (৪৮) নামের এক সরকারি কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্ত জেসিকা ফ্লোরিডার ১২তম জুডিশিয়াল সার্কিটের পাবলিক ডিফেন্ডার অফিসে ভেটেরানস অ্যাফেয়ার্স কোঅর্ডিনেটর হিসেবে কর্মরত ছিলেন।

 

সারাসোটা পুলিশের তথ্য অনুযায়ী, মানাটি কাউন্টি জেলে বন্দি থাকা অবস্থায় এক ভুক্তভোগী নারী ভরসা করে জেসিকাকে নিজের আর্থিক বিষয়াদি পরিচালনার দায়িত্ব দিয়েছিলেন। কিন্তু এই বিশ্বাসের চরম অপব্যবহার করে জেসিকা অননুমোদিত ক্রেডিট কার্ড ব্যবহার, ব্যাংক ট্রান্সফার, এটিএম থেকে অর্থ উত্তোলন এবং কেনাকাটার মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেন।

 

পুলিশের তদন্তে জানা যায়, ভুক্তভোগী নারী জেলে থাকাকালীন তার অজান্তেই জেসিকা নিজের নামে খোলা একাধিক ক্রেডিট কার্ডের বিল পরিশোধ করেছেন ওই নারীর ব্যাংক অ্যাকাউন্ট থেকে। আইনি সহায়তা দেওয়ার জন্য ১৫ হাজার ডলারের বিনিময়ে আইনজীবী নিয়োগের কথা বলে জেসিকা একটি 'পাওয়ার অব অ্যাটর্নি' নথিতে ভুক্তভোগীর স্বাক্ষর নেন।

 

কিন্তু পরবর্তীতে কোনো আইনজীবী নিয়োগ না করেই জেসিকা সেই অর্থ নিজের অ্যাকাউন্টে সরিয়ে নেন। গত ১৩ আগস্ট জেল থেকে মুক্তি পাওয়ার পর ভুক্তভোগী নারী যখন জেসিকার সঙ্গে দেখা করেন, তখন জেসিকা দাবি করেন যে, সাক্ষীরা যেন আদালতে হাজির না হন সেজন্য তিনি এক লাখ ডলার ঘুষ দিয়েছেন এবং সে কারণেই ওই নারী মুক্তি পেয়েছেন।

 

পরদিন ১৫ আগস্ট ব্যাংক স্টেটমেন্ট হাতে পাওয়ার পর ভুক্তভোগী নারী তার অ্যাকাউন্টে এসব অস্বাভাবিক লেনদেনের বিষয়টি জানতে পারেন। এরপর ১৮ আগস্ট তিনি সারাসোটা পুলিশের কাছে এ বিষয়ে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করলে তদন্তে নামে কর্তৃপক্ষ।

 

ব্যাংক ও ক্রেডিট কার্ড কোম্পানিগুলোর তথ্য বিশ্লেষণ করে গত ২৩ সেপ্টেম্বর জেসিকার বিরুদ্ধে গ্র্যান্ড থেফট, প্রতারণা ও ব্যক্তিগত তথ্য চুরিসহ মোট পাঁচটি গুরুতর ফৌজদারি অভিযোগ দায়ের করে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে সারাসোটা কাউন্টিতে জেসিকা ম্যাকভের বিচারকাজ চলছে এবং আগামী ৩০ অক্টোবর আদালতে তার পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে। এই প্রতারণার শিকার আরও কেউ আছেন কি না, তা নিয়েও নিবিড় তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আমেরিকা

View more
পরিবহন সচিব শন ডাফি
তামার তার পরিবর্তন! যুক্তরাষ্ট্রে বিমান চলাচল বিপর্যয়ের কারণ জানালেন পরিবহন সচিব

যুক্তরাষ্ট্রে আকস্মিক বিমান চলাচল স্থগিত বা গ্রাউন্ড স্টপ হওয়ার মূল কারণ হিসেবে অত্যন্ত পুরনো কপার ওয়্যার (তামার তার) থেকে ফাইবার অপটিক্সে রূপান্তরের কাজকে দায়ী করেছেন দেশটির পরিবহন সচিব শন ডাফি। ঠিকাদার প্রতিষ্ঠান ‘এলথ্রি হ্যারিস’-এর রক্ষণাবেক্ষণ কাজের ত্রুটির ফলে এই নজিরবিহীন বিপর্যয় ঘটে বলে জানান তিনি।   সম্প্রতি এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন পরিবহন সচিব জানান, আমেরিকার টেলিকমিউনিকেশন ব্যবস্থা অত্যন্ত পুরনো। ঠিকাদার প্রতিষ্ঠান এলথ্রি হ্যারিসের কর্মীরা কপার ওয়্যার বদলে ফাইবার অপটিক নেটওয়ার্ক চালুর জন্য রুটিন রক্ষণাবেক্ষণের কাজ করছিলেন।   এ সময় কাজ চলাকালীন একটি রাউটার অন্যান্য এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমে অতিরিক্ত ডেটা বা সংযোগের অস্বাভাবিক চাপ তৈরি করে, যার ফলে বিমানের সাথে কন্ট্রোল টাওয়ারের যোগাযোগ ব্যবস্থা মারাত্মকভাবে ব্যাহত হয়। যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তার কথা বিবেচনা করেই সরকার তখন আকাশসীমা সাময়িকভাবে বন্ধ রাখার কঠিন সিদ্ধান্ত নেয়।   দিনের বেলায় কেন এই গুরুত্বপূর্ণ আপগ্রেডের কাজ করা হলো—এমন প্রশ্নের জবাবে ডাফি বলেন, একটি নিরাপদ ও আধুনিক ব্যবস্থা গড়ে তুলতে এই আপগ্রেডগুলো করা অপরিহার্য। দূরবর্তী বা রিমোট এলাকায় কাজটি হওয়ায় এর প্রভাব যে এতটা সুদূরপ্রসারী হবে, তা আগে অনুমান করা যায়নি। সাধারণত বড় বিমানবন্দর ও ফ্যাসিলিটিগুলোতে এ ধরনের পরিবর্তন বা কাজ রাতের বেলায় সম্পন্ন করা হয়।   এই গোলযোগের পেছনে ঠিকাদার প্রতিষ্ঠান এলথ্রি হ্যারিসের কোনো ধরনের ‘অদক্ষতা’ বা কোনো ত্রুটিপূর্ণ যন্ত্রাংশ দায়ী কি না, তা গভীরভাবে খতিয়ে দেখছে সরকার। তবে যতদিন পর্যন্ত নতুন অবকাঠামো তৈরি না হচ্ছে, বর্তমান নেটওয়ার্কের সুবাদে সরকারকে এই লেগ্যাসি ঠিকাদার প্রতিষ্ঠানের ওপরই নির্ভর করে থাকতে হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত এলথ্রি হ্যারিসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি। সূত্র: বিবিসি।  

প্রকাশ: নভেম্বর ১৪, ২০২৬ ১৪:১৫
যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের প্রবেশাধিকার বন্ধের আদেশ

যুক্তরাষ্ট্রে আশ্রয়প্রার্থীদের প্রবেশাধিকার বন্ধের আদেশ, ট্রাম্পের ভাগ্য নির্ধারণ করবে সুপ্রিম কোর্ট

বিশ্বের সবচেয়ে শক্তিশালী মহাকাশযান ‘স্টারশিপ’-এর এক নজিরবিহীন পরীক্ষামূলক উৎক্ষেপণ সম্পন্ন করেছে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্স। ছবি: সংগৃহীত

কক্ষপথে সফলভাবে পৌঁছাল স্পেসএক্সের স্টারশিপ, তবে বুস্টার ধরার চেষ্টা ব্যর্থ

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে ড্রাইভিং লাইসেন্স নিতে চাইলে প্রথম গুরুত্বপূর্ণ ধাপ হলো লার্নার পারমিটের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হওয়া। ছবি: সংগৃহীত

নিউইয়র্কে ড্রাইভিং লাইসেন্স পরীক্ষার প্রস্তুতি, জেনে নিন ট্রাফিকের ২০টি গুরুত্বপূর্ণ নিয়ম

যুক্তরাষ্ট্রের বড়দিনের উৎসব ঘিরে কেনাকাটার প্রস্তুতি শুরু হলেও বাড়তি খরচ মেটাতে ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন বহু মার্কিনি। ছবি: সংগৃহীত
বড়দিনের কেনাকাটায় ঋণের বোঝা বাড়ছে মার্কিনিদের, আটকে আছে বাড়ি ভাড়া, বিপাকে তরুণ প্রজন্ম

যুক্তরাষ্ট্রে বড়দিনের উৎসব ঘিরে কেনাকাটার প্রস্তুতি শুরু হলেও বাড়তি খরচ মেটাতে ঋণের ওপর নির্ভরশীল হয়ে পড়ছেন বহু মার্কিনি। নতুন এক জরিপে দেখা গেছে, চলতি বছরের উৎসবের ব্যয় মেটাতে প্রায় ৪৫ শতাংশ আমেরিকান ইতিমধ্যে ঋণ নিয়েছেন অথবা ঋণ নেওয়ার আশঙ্কা করছেন। তরুণ প্রজন্মের মধ্যে এই প্রবণতা আরও বেশি। এমনকি উৎসবের খরচ জোগাতে কেউ কেউ বাড়িভাড়া ও মর্টগেজের পেমেন্ট পর্যন্ত পিছিয়ে দিচ্ছেন।   ১১ নভেম্বর প্রকাশিত নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে, ঋণ নিষ্পত্তি প্রতিষ্ঠান অ্যাক্রেডিটেড ডেট রিলিফের উদ্যোগে গত ১৬ থেকে ২০ অক্টোবর যুক্তরাষ্ট্রের দুই হাজার প্রাপ্তবয়স্ক মানুষের ওপর জরিপ চালানো হয়। এতে দেখা যায়, জেনারেশন জেডের ৬৭ শতাংশ উত্তরদাতা বড়দিনসহ বছরের শেষের উৎসবের ব্যয় মেটাতে ঋণের বোঝা বহন করছেন অথবা ঋণ নেওয়ার আশঙ্কা করছেন।   জরিপের আরও উদ্বেগজনক তথ্য হলো, জেনারেশন জেডের ৪৬ শতাংশ উত্তরদাতা উৎসবের খরচ মেটানোর জন্য কখনো বাড়িভাড়া বা মর্টগেজের পেমেন্ট পিছিয়েছেন কিংবা পরিশোধ করেননি। মিলেনিয়াল প্রজন্মের ক্ষেত্রে এই হার ২৮ শতাংশ এবং জেনারেশন এক্সের মধ্যে ১৪ শতাংশ। বিশেষজ্ঞদের মতে, উৎসবের আনন্দ ধরে রাখতে গিয়ে জরুরি আর্থিক দায়বদ্ধতাকে পিছিয়ে দেওয়া দীর্ঘমেয়াদে পরিবারের আর্থিক নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলতে পারে।   অ্যাক্রেডিটেড ডেট রিলিফের প্রধান আর্থিক শিক্ষা উপদেষ্টা ববি রেবেল নিউজউইককে জানিয়েছেন, অনেক ক্রেতা প্রিয়জনদের জন্য উপহার কেনার ব্যয় কমাতে অস্বস্তি বোধ করেন। আবার কেউ কেউ উৎসবের সব খরচ যোগ করলে মোট কত টাকা লাগবে, তা আগেভাগে বুঝতে পারেন না। ফলে পরিকল্পনার বাইরে অতিরিক্ত খরচ হয়ে যায়।   এদিকে আর্থিক পরামর্শক প্রতিষ্ঠান কেপিএমজির সাম্প্রতিক কনজিউমার পালস জরিপে দেখা গেছে, চলতি উৎসবের মৌসুমে মার্কিন ক্রেতারা গড়ে ৭৮৩ ডলার খরচ করার পরিকল্পনা করছেন। গত বছরের তুলনায় উৎসবের ব্যয় প্রায় ৫ শতাংশ বাড়তে পারে। জরিপে অংশ নেওয়া দুই হাজার পাঁচজনের তথ্য বিশ্লেষণ করে এই পূর্বাভাস দেওয়া হয়েছে।   কেনাকাটার অর্থ পরিশোধের ক্ষেত্রেও পরিবর্তন দেখা যাচ্ছে। কেপিএমজির জরিপ অনুযায়ী, ৭৩ শতাংশ ক্রেতা ডেবিট কার্ড, ৬৯ শতাংশ ক্রেডিট কার্ড এবং ৬৮ শতাংশ নগদ অর্থ ব্যবহারের পরিকল্পনা করছেন। পাশাপাশি বাই নাউ পে লেটার পদ্ধতির জনপ্রিয়তাও বাড়ছে। এই ব্যবস্থায় পণ্য কিনে পরে কিস্তিতে মূল্য পরিশোধ করা যায়।   অন্যদিকে নিউইয়র্ক ফেডারেল রিজার্ভের সর্বশেষ প্রতিবেদনে দেখা গেছে, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে যুক্তরাষ্ট্রে ক্রেডিট কার্ডের মোট বকেয়া ঋণ ২২ বিলিয়ন ডলার বেড়ে রেকর্ড ১ দশমিক ২৯ ট্রিলিয়ন ডলারে পৌঁছেছে। এমন পরিস্থিতিতে উৎসবের কেনাকাটায় নতুন ঋণ নেওয়ার প্রবণতা ভোক্তাদের আর্থিক চাপ আরও বাড়াতে পারে।   তবে ব্যয়ের চাপ সত্ত্বেও এবার বড়দিনের কেনাকাটায় নতুন রেকর্ড হতে পারে। ন্যাশনাল রিটেইল ফেডারেশনের পূর্বাভাস অনুযায়ী, নভেম্বর ও ডিসেম্বরে যুক্তরাষ্ট্রে খুচরা বিক্রি ৪ দশমিক ২ শতাংশ বেড়ে ১ দশমিক ০১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। গত বছর একই সময়ে বিক্রির পরিমাণ ছিল ৯৭২ বিলিয়ন ডলার।   বিশেষজ্ঞরা বলছেন, উৎসবের আনন্দ উদযাপন করতে গিয়ে বাড়িভাড়া, মর্টগেজ কিংবা অন্যান্য জরুরি বিল পরিশোধে বিলম্ব করা বিপজ্জনক সিদ্ধান্ত হতে পারে। বিশেষ করে ক্রেডিট কার্ডের বকেয়া সময়মতো পরিশোধ না করলে সুদের খরচ বাড়ার পাশাপাশি ক্রেডিট স্কোরেও নেতিবাচক প্রভাব পড়ার ঝুঁকি রয়েছে।   সূত্র: নিউজউইক

প্রকাশ: নভেম্বর ১৪, ২০২৬ ১০:৪০
নিয়মিত ভাড়া আদায় করলেও মিনেসোটার মিনিয়াপোলিসে একটি আবাসন প্রতিষ্ঠানের ১০ লাখ ডলারের বেশি ইউটিলিটি বিল বকেয়া পড়েছে। ছবি: সংগৃহীত

নিয়মিত রেন্ট দেওয়া স্বত্তেও বাড়িওয়ালার ১০ লাখ ডলার বকেয়া বিল! উদ্বেগে ভাড়াটিয়ারা

মিসিসিপি বিশ্ববিদ্যালয়ে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীদের উদ্দেশে বর্ণবাদী অঙ্গভঙ্গির অভিযোগে অভিযুক্ত শিক্ষার্থীর সমর্থনে অনলাইনে প্রায় এক লাখ ডলার সংগ্রহ করা হয়েছে। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীদের বর্ণবাদী বিদ্রূপ, অভিযুক্ত তরুণীর জন্য ১ লাখ ডলার সংগ্রহের উদ্যোগ

নিউইয়র্কের রাস্তায় ডার্ট বাইক নিয়ে কিশোর গ্যাংয়ের তাণ্ডব I ছবি: নিউইয়র্ক পোস্ট

নিউইয়র্কের রাস্তায় ডার্ট বাইক নিয়ে কিশোর গ্যাংয়ের তাণ্ডব, গাড়ি ঘিরে ভাঙচুরের ভিডিও ভাইরাল

ন্যাটোর সদস্যপদের শর্তে দনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার প্রস্তাব যুক্তরাষ্ট্র প্রথমবারের মতো তুলেছে বলে জানিয়েছেন ভলোদিমির জেলেনস্কি। ছবি: সংগৃহীত
ন্যাটো সদস্যপদের বিনিময়ে ইউক্রেনকে দনবাস ছাড়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র!

রাশিয়ার কাছে দনবাস ছাড়ার বিনিময়ে ইউক্রেনকে ন্যাটোর সদস্য করার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র: চাঞ্চল্যকর দাবি জেলেনস্কির   সামরিক জোট ন্যাটোর সদস্যপদ লাভের শর্ত হিসেবে ইউক্রেনকে রাশিয়ার নিয়ন্ত্রণে থাকা দনবাস অঞ্চল ছেড়ে দেওয়ার একটি প্রস্তাব দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। সম্প্রতি সাংবাদিকদের সাথে আলাপকালে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।   জেলেনস্কি জানান, ওয়াশিংটনের পক্ষ থেকে এই ধরনের প্রস্তাব এই প্রথম উত্থাপন করা হয়েছে। মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃত করে তিনি বলেন, আমেরিকানরা প্রশ্ন তুলেছে—“যদি ইউক্রেন ন্যাটোতে যোগ দেয়, তবে কি ইউক্রেন দনবাস থেকে সরে দাঁড়াবে?”   ইউক্রেনীয় প্রেসিডেন্ট আরও জানান, তার সরকার বর্তমানে ন্যাটো এবং ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কাছ থেকে সুনির্দিষ্ট নিরাপত্তা নিশ্চয়তা অর্জনের জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে। পশ্চিমা দেশগুলো যদি এই নিরাপত্তা নিশ্চয়তা নিশ্চিত করতে পারে, তবেই বিষয়টি নিয়ে তিনি দেশের সাধারণ মানুষের কাছে যাবেন এবং জনমত যাচাই করবেন। একা এই ধরনের বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার একচ্ছত্র অধিকার তার নেই বলেও স্পষ্ট করেন জেলেনস্কি।

প্রকাশ: নভেম্বর ১৪, ২০২৬ ৮:৫৮
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও  ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স

ইরান যুদ্ধ বাদ দিয়ে ডেমোক্র্যাটদের দুর্নীতি খুঁজতে ভ্যান্সকে নির্দেশ ট্রাম্পের

ছবি: ব্রাউয়ার্ড শেরিফ অফিস

কারাগারে বসেই অভিনব প্রতারণা, ভুয়া কোম্পানি খুলে বিপুল অর্থ আত্মসাৎ

সমুদ্রের ক্ষয়ে ঝুঁকিতে নর্থ ক্যারোলাইনার উপকূলের একাধিক বাড়ি। ছবি: ডেয়ার কাউন্টি

উপকূলের বাড়ি সরালে মেলে না বিমার টাকা, তাই সাগরে ধসের অপেক্ষায় নর্থ ক্যারোলাইনার মালিকেরা

0 Comments