টেক্সাসে পাঁচ সন্তানের মাকে হ ত্যার অভিযোগে অভিযুক্ত তরুণী ২০ লাখ ডলারের জামিনে মুক্ত
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের দেল রিও শহরে পাঁচ সন্তানের এক মাকে কুপিয়ে হত্যার দায়ে অভিযুক্ত ১৯ বছর বয়সী তরুণী আমায়া কুকি ডিয়াজ কারাগার থেকে জামিনে মুক্তি পেয়েছেন। গত ২৫ জুন দিনেদুপুরে ক্যারোলিন "কারো" পেনা নামের ওই নারীকে উপর্যুপরি ছুরিকাঘাতে হত্যার অভিযোগে কুকি, তার ২১ বছর বয়সী বোন কিটি মিয়া ডিয়াজ এবং তাদের বন্ধু কিয়ান্দ্রা রেনি ফাজের বিরুদ্ধে ফার্স্ট-ডিগ্রি মার্ডার বা প্রথম মাত্রার খুনের অভিযোগ আনা হয়। এই সপ্তাহেই বিশাল অঙ্কের জামিন মঞ্জুর হওয়ার পর মঙ্গলবার কুকি কারামুক্ত হন।
ভ্যাল ভার্দে কাউন্টি শেরিফ অফিস ও সংশোধনাগারের প্রতিনিধিরা জানিয়েছেন, কুকির ২০ লাখ ডলারের জামিন বন্ডের জন্য ডিয়াজ পরিবার নগদ ২ লাখ ডলার পরিশোধ করেছে। তবে তার বোন কিটি এখনও কারাগারেই বন্দি রয়েছেন। এল অ্যামিগো বন্ডিং নামের যে প্রতিষ্ঠানটি জামিনের ব্যবস্থা করেছে, তাদের একজন প্রতিনিধি জানান, জামিনের শর্ত ও বিস্তারিত তথ্য শুধু ওই পরিবারের মধ্যেই গোপন রাখা হয়েছে।
তবে ওই প্রতিনিধি সতর্ক করে বলেন, "ইতোমধ্যেই নানা সমস্যা শুরু হয়েছে। কেউ খুন হলে ঝামেলা হবেই। তাই ডিয়াজ পরিবারকে এখন অনেকটা আড়ালে থাকতে হচ্ছে।" তিনি আরও যোগ করেন, "আমরা জানি শেষ পর্যন্ত ন্যায়বিচারই জয়লাভ করবে।"
মামলার অভিযোগপত্র থেকে এই হত্যাকাণ্ডের রোমহর্ষক বিবরণ পাওয়া যায়। ফাজ পুলিশকে জানিয়েছিলেন, ক্যারোলিন পেনা গায়ে পড়ে ঝগড়া করতে তাদের বাড়িতে এসেছিলেন। তবে তদন্তকারীদের হাতে আসা সিসিটিভি ফুটেজে দেখা যায়, পেনার কালো রঙের ডজ পিকআপ ট্রাকটি ফাজের বাড়ির সামনে আসার পরপরই কুকি ও কিটি সেখানে উপস্থিত হন।
ভিডিওতে দেখা যায়, একটি কালো ক্রাইসলার গাড়ি থেকে নেমেই কুকি ডান হাতে একটি ছুরিজাতীয় বস্তু নিয়ে পেনার ওপর চড়াও হন এবং তার পিঠে আঘাত করেন। পুলিশের তথ্যমতে, এসময় কিটি এবং ফাজও পেনার ওপর হামলা চালায় এবং তাকে বেধড়ক মারধর করে পালিয়ে যায়। পরে পেনার ভাতিজা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যান। প্রায় সাত ঘণ্টা পর রাত ৯টার দিকে সান আন্তোনিওর একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
হত্যাকাণ্ডের কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেপ্তার হওয়ার সময় ডিয়াজ বোনদের মুখে বিকৃত হাসি দেখা গিয়েছিল, যা জনমনে তীব্র ক্ষোভের সৃষ্টি করে। পুলিশ জানিয়েছে, তারা এই নৃশংস অপরাধ ধামাচাপা দেওয়ারও চেষ্টা করেছিল। তবে এই ভয়াবহ হামলার পেছনে মূল উদ্দেশ্য কী ছিল বা পেনার সঙ্গে তাদের কী ধরনের সম্পর্ক ছিল, তা এখনো পরিষ্কার করেনি পুলিশ।
আগামী ৪ নভেম্বর কুকির আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর আগে এক শুনানিতে কুকি ও কিটি উভয়ের জামিন ৫০ লাখ ডলার থেকে কমিয়ে ২০ লাখ ডলার করা হয়েছিল। অন্যদিকে, এই মামলায় নিজেকে নির্দোষ দাবি করা ফাজ বর্তমানে ৫২ লাখ ডলারের জামিন বন্ডে পুলিশি হেফাজতে রয়েছেন এবং আগামী ১১ ডিসেম্বর তার প্রাক-বিচার শুনানি অনুষ্ঠিত হবে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রে বসবাসরত প্রায় ২০ হাজার পরিবারের সরকারি বাড়িভাড়া সহায়তা বন্ধ হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। পরিবারের একজন সদস্যের নাগরিকত্ব অথবা গ্রহণযোগ্য অভিবাসন মর্যাদা প্রমাণিত না হলে পুরো পরিবারের সরকারি আবাসন সুবিধা বন্ধ হয়ে যেতে পারে—এমন নতুন নিয়ম করেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এই সিদ্ধান্তের বিরুদ্ধে ২৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের ২১টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল এবং পেনসিলভানিয়ার গভর্নর মিলে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে মামলা করেছেন। তাঁদের দাবি, নতুন নিয়ম কার্যকর হলে হাজার হাজার পরিবার বাড়িঘর হারানোর ঝুঁকিতে পড়বে। নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমসের কার্যালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, নতুন নিয়মের কারণে প্রায় ২০ হাজার পরিবার বা ৭৮ হাজার ১০০ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। তাঁদের মধ্যে প্রায় ৫৫ হাজার মানুষ সরকারি আবাসন সহায়তা পাওয়ার যোগ্য। এদের বড় অংশই শিশু। যুক্তরাষ্ট্রের আবাসন ও নগর উন্নয়ন বিভাগ দীর্ঘদিন ধরে বিভিন্ন পরিবারের সদস্যদের নাগরিকত্ব ও অভিবাসনসংক্রান্ত কাগজপত্র যাচাই করে সরকারি আবাসন সহায়তা দিয়ে আসছে। আগের নিয়মে একই পরিবারের কেউ যুক্তরাষ্ট্রের নাগরিক এবং কেউ অননুমোদিত অভিবাসন অবস্থায় থাকলেও যোগ্য সদস্যদের অনুপাতে ভাড়া সহায়তা দেওয়া সম্ভব ছিল। অর্থাৎ পরিবারের প্রত্যেক সদস্য সহায়তার যোগ্য না হলেও যোগ্য সদস্যরা তাঁদের অংশের সুবিধা পেতেন। কিন্তু নতুন নিয়মে পরিবারের প্রত্যেক সদস্যের নাগরিকত্ব অথবা গ্রহণযোগ্য অভিবাসন মর্যাদা যাচাই বাধ্যতামূলক করা হয়েছে। যোগ্যতা যাচাই সম্পন্ন না হলে সহায়তা পাওয়ার ক্ষেত্রে নতুন বিধিনিষেধ কার্যকর হবে। এই নীতির সবচেয়ে বড় উদ্বেগের জায়গা হলো একই পরিবারের নাগরিক শিশুদের ভবিষ্যৎ। ধরা যাক, একটি পরিবারের বাবা অভিবাসনসংক্রান্ত নিয়ম অনুযায়ী সরকারি আবাসন সহায়তার যোগ্য নন। কিন্তু মা ও দুই সন্তান যুক্তরাষ্ট্রের নাগরিক। নতুন নিয়মের কারণে পরিবারের আবাসন সহায়তা বন্ধ হলে নাগরিক হওয়া সত্ত্বেও ওই শিশুদের পরিবার বাড়ি হারানোর ঝুঁকিতে পড়তে পারে। ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা বলেছেন, কোনো শিশুরই তার বাবা-মায়ের অভিবাসন অবস্থার কারণে নিজের বাড়ি হারানো উচিত নয়। তাঁর হিসাব অনুযায়ী, শুধু ক্যালিফোর্নিয়াতেই প্রায় সাত হাজার পরিবারের ওপর নতুন নিয়মের প্রভাব পড়তে পারে। ক্যালিফোর্নিয়া, নিউইয়র্ক, ম্যাসাচুসেটস, নিউ জার্সি, ইলিনয়, ওয়াশিংটন, ভার্জিনিয়াসহ মোট ২১টি অঙ্গরাজ্যের অ্যাটর্নি জেনারেল এই মামলায় যুক্ত হয়েছেন। তাঁদের সঙ্গে রয়েছেন পেনসিলভানিয়ার গভর্নর। মামলাকারীদের অভিযোগ, কংগ্রেসের অনুমোদিত পুরোনো ব্যবস্থার সুরক্ষা বাতিল করে নতুন নিয়ম তৈরি করা হয়েছে। তাঁদের মতে, এই সিদ্ধান্ত আইনগতভাবে প্রশ্নবিদ্ধ এবং পরিবারগুলোকে বাড়ি ও পরিবারের সদস্যদের মধ্যে একটি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য করতে পারে। যুক্তরাষ্ট্রের আবাসন ও নগর উন্নয়ন বিভাগের প্রধান স্কট টার্নার নতুন নিয়মের পক্ষে অবস্থান নিয়েছেন। প্রশাসনের বক্তব্য, সরকারি অর্থের সুবিধা কেবল আইন অনুযায়ী যোগ্য ব্যক্তিদের দেওয়া উচিত। নতুন নিয়মের মাধ্যমে সরকারি আবাসন সহায়তার অর্থ যোগ্য মার্কিন নাগরিক ও অন্যান্য অনুমোদিত ব্যক্তিদের মধ্যে বণ্টন করা সম্ভব হবে। বিভাগটির হিসাব অনুযায়ী, নতুন নিয়মের ফলে বছরে সর্বোচ্চ ২১ কোটি ৮০ লাখ ডলার সাশ্রয় হতে পারে। এই অর্থ সরকারি আবাসনের অপেক্ষমাণ তালিকায় থাকা যোগ্য পরিবারগুলোর জন্য ব্যবহার করা সম্ভব হবে। সরকারি প্রজ্ঞাপন অনুযায়ী, নতুন নিয়ম আগামী ১৪ ডিসেম্বর ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা। তবে এর বিরুদ্ধে আদালতে মামলা হওয়ায় বাস্তবায়ন নিয়ে আইনি লড়াই চলছে। নতুন নিয়মে যাচাইয়ের জন্য প্রয়োজনীয় সময় এবং সাময়িক সহায়তার কিছু সুযোগ রাখা হয়েছে। ফলে প্রত্যেক পরিবারকে ১৪ ডিসেম্বরেই বাড়ি ছাড়তে হবে—এমন নয়। যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি পরিবারগুলোর অনেকেই সরকারি বাড়িভাড়া সহায়তা, সরকারি আবাসন এবং ভাড়ার কুপন সুবিধার ওপর নির্ভরশীল। যেসব পরিবার এসব সুবিধা গ্রহণ করছে, তাদের নাগরিকত্ব ও অভিবাসনসংক্রান্ত কাগজপত্র ঠিক আছে কি না, তা যাচাই করা জরুরি। বিশেষ করে পরিবারের শিশু, বয়স্ক সদস্য এবং বিভিন্ন অভিবাসন মর্যাদার সদস্যদের কাগজপত্র সম্পর্কে সতর্ক থাকা প্রয়োজন। তবে মনে রাখতে হবে, এই নিয়ম যুক্তরাষ্ট্রের সব ভাড়াটিয়া বা সব অভিবাসীর জন্য প্রযোজ্য নয়। এটি নির্দিষ্ট কেন্দ্রীয় সরকারি আবাসন সহায়তা কর্মসূচির আওতাভুক্ত পরিবারগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। আদালত নতুন নিয়ম স্থগিত করবেন, নাকি ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত বহাল থাকবে—এখন সেই সিদ্ধান্তের অপেক্ষায় হাজার হাজার পরিবার। সংবাদসূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস, নিউইয়র্কের অ্যাটর্নি জেনারেলের কার্যালয়, ম্যাসাচুসেটসের অ্যাটর্নি জেনারেলের কার্যালয় এবং যুক্তরাষ্ট্রের সরকারি প্রজ্ঞাপন। 874 এসকিউ
যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব পরীক্ষার প্রস্তুতি: বাংলা অর্থ ও উচ্চারণসহ জেনে নিন অতিরিক্ত ২০টি প্রশ্নোত্তর
ভুল করে স্ত্রীর পাসপোর্ট সঙ্গে নিয়ে যুক্তরাজ্য থেকে স্পেনে গেলেন ব্রিটিশ নাগরিক, পুলিশ কর্মকর্তারও বিস্মিত
মামদানি, ইলহান ওমর ও আবদুল এল-সায়েদসহ মুসলিম নেতাদের হত্যার হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যক্তি বিরুদ্ধে মামলা
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের ব্রুকলিনে একটি আইন প্রতিষ্ঠানে অ্যাকাউন্ট্যান্ট বা বুককিপার পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শিপসহেড বে এলাকায় অবস্থিত প্রতিষ্ঠানটিতে ফুলটাইম কাজের সুযোগ রয়েছে। বিশেষ করে ইংরেজি ভাষায় দক্ষতা না থাকলেও অভিজ্ঞ প্রার্থীরা এই পদে আবেদন করতে পারবেন। নিয়োগ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্বাচিত কর্মীকে প্রতিষ্ঠানের নিজস্ব তহবিল ও ক্লায়েন্টদের অর্থের হিসাব সংরক্ষণ করতে হবে। পাশাপাশি অ্যাকাউন্টিং-সংক্রান্ত ডেটা এন্ট্রি ও আর্থিক হিসাবের নির্ভুলতা নিশ্চিত করার দায়িত্ব পালন করতে হবে। আবেদনের জন্য অ্যাকাউন্টিং অথবা বুককিপিংয়ে পূর্ব অভিজ্ঞতা থাকতে হবে। মাইক্রোসফট এক্সেল ব্যবহারে দক্ষতা বাধ্যতামূলক। এ ছাড়া প্রার্থীকে দায়িত্বশীল, নির্ভরযোগ্য ও হিসাবের খুঁটিনাটি বিষয়ে অত্যন্ত মনোযোগী হতে হবে। পদটি সম্পূর্ণ ফুলটাইম এবং সরাসরি অফিসে উপস্থিত থেকে কাজ করতে হবে। রিমোট কাজের সুযোগ নেই। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। আগ্রহী প্রার্থীদের নিজেদের রেজুমে নিচের ইমেইল ঠিকানায় পাঠাতে বলা হয়েছে। আবেদনের ইমেইল: MDUBIN@LITLAWNY.com বিজ্ঞপ্তিতে আবেদনের শেষ তারিখ ও নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার কথা উল্লেখ করা হয়নি। পদটি এখনো খালি রয়েছে কি না, তা স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি। তাই আবেদন করার আগে প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। 871-এসএ
ইসলামের প্রতি বিশ্বাস অক্ষুন্ন রেখেই হিজাব পরে মার্কিন বিমানবাহিনীতে ইতিহাস গড়েন মাইসা
যুক্তরাষ্ট্রজুড়ে ডিপোর্টেশন অফিসার নিয়োগ দিচ্ছে আইস, বেতন ৯২ হাজার ডলারের বেশি
বন্ধুর বাসা থেকে ৩০ হাজার ডলার নগদ অর্থ ও স্বর্ণালংকার চুরি করলেন নিউইয়র্ক পুলিশ কর্মকর্তা
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বন্ধুদের সঙ্গে ক্যাম্পিংয়ে গিয়ে গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন নবনির্বাচিত এসকাম্বিয়া কাউন্টি কমিশনার জো ভিনসনের ছেলে ক্যারি ওয়াশিংটন ভিনসন (১৯)। এ ঘটনায় তদন্ত শুরু করেছে স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।রোববার (২২ নভেম্বর) রাতে ফ্লোরিডার সান্তা রোসা কাউন্টির ব্ল্যাকওয়াটার নদীর তীরবর্তী এলাকায় এ ঘটনা ঘটে। ক্যারি বন্ধুদের সঙ্গে সেখানে ক্যাম্পিং করছিলেন। সান্তা রোসা কাউন্টি শেরিফের কার্যালয় জানিয়েছে, জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন পেয়ে ঘটনাস্থলে পৌঁছান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। সেখানে ক্যারিকে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় পাওয়া যায়। পরে তাঁকে মৃত ঘোষণা করা হয়।সোমবার (২৩ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের মৃত্যুর খবর নিশ্চিত করেন কমিশনার জো ভিনসন। তিনি জানান, ক্যাম্পিং এলাকার বাইরে থেকে আসা একটি গুলি তাঁবুর ভেতরে থাকা তাঁর ছেলের শরীরে বিদ্ধ হয়। ছেলের মৃত্যুতে পুরো পরিবার শোকাহত বলে জানান তিনি। ক্যারি ফ্লোরিডা স্টেট ইউনিভার্সিটির দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। বিতর্ক প্রতিযোগিতায়ও তাঁর উল্লেখযোগ্য সাফল্য ছিল। ২০২৫ সালে ইনকিউবেট ডিবেট জাতীয় চ্যাম্পিয়নশিপে সপ্তম স্থান অর্জন করেছিলেন তিনি।চলতি মাসের ৩ নভেম্বর অনুষ্ঠিত নির্বাচনে এসকাম্বিয়া কাউন্টির ডিস্ট্রিক্ট-৪-এর কমিশনার নির্বাচিত হন জো ভিনসন। সম্প্রতি তিনি দায়িত্ব গ্রহণ করেন। তাঁর ছেলের মৃত্যুতে শোক প্রকাশ করেছে কাউন্টি প্রশাসন। এদিকে গুলির ঘটনা ইচ্ছাকৃত নাকি দুর্ঘটনাবশত ঘটেছে, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। কোনো সন্দেহভাজনের পরিচয়ও প্রকাশ করা হয়নি। ঘটনার বিষয়ে কারও কাছে তথ্য থাকলে সান্তা রোসা কাউন্টি শেরিফের কার্যালয়ের ৮৫০-৯৮৩-১১৯০ নম্বরে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে। সংবাদসূত্র এবিসি নিউজ,পিপল, ডব্লিউএসবি-টিভি 876TR
২৫ বছর বয়সে ৬০ বার গ্রেফতার! ম্যানহাটনে অ্যাপার্টমেন্টে ঢুকে নারীকে হত্যায় গৃহহীন ব্যক্তি গ্রেপ্তার
যুক্তরাষ্ট্রে বার্ষিক পারিবারিক আয় বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয়ে আর্থিক সংকটে অনেক মার্কিনী

