ক্যালিফোর্নিয়ায় ৫৪৮ বন্দির মৃত্যুদণ্ড কমানোর সিদ্ধান্ত, গভর্নর নিউসমের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন সন্তানহারা মা
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৫৪৮ বন্দির সাজা পরিবর্তন করে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন গভর্নর গ্যাভিন নিউসম। এই সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন হত্যাকাণ্ডের শিকার আট বছর বয়সী মাইকেল লায়ন্সের মা স্যান্ডি ফ্রেন্ড। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিতে গভর্নরকে সরাসরি তাঁর মুখোমুখি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
সোমবার (২৩ নভেম্বর) ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক অনুষ্ঠানে বক্তব্য দেন স্যান্ডি। এ সময় তিনি অভিযোগ করেন, ভুক্তভোগী পরিবারগুলোর সঙ্গে আলোচনা না করেই গভর্নর এমন সিদ্ধান্ত নিয়েছেন। এর মাধ্যমে পরিবারগুলোর ন্যায়বিচার পাওয়ার অধিকার ক্ষুণ্ন হয়েছে বলে মনে করেন তিনি।স্যান্ডি বলেন, ‘গভর্নর নিউসম, আমার মুখোমুখি হোন। বলুন, মাইকেলের জীবনের কোনো মূল্য নেই।’ তিনি আরও বলেন, তাঁর সন্তানের জন্য ন্যায়বিচারের দাবিতে তিনি কথা বলা কখনো বন্ধ করবেন না।
১৯৯৬ সালের মে মাসে ক্যালিফোর্নিয়ার ইউবা সিটিতে স্কুল থেকে বাড়ি ফেরার পথে আট বছর বয়সী মাইকেলকে অপহরণ করে হত্যা করা হয়। এ ঘটনায় রবার্ট বয়েড রোডসকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড দেওয়া হয়। ২০২৫ সালের ডিসেম্বরেও তার মৃত্যুদণ্ড বহাল রাখেন একজন বিচারক।গত ৫ নভেম্বর ক্যালিফোর্নিয়ার মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব বন্দির সাজা পরিবর্তন করে প্যারোলের সুযোগ ছাড়া যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করেন গভর্নর নিউসম। তবে অধিকাংশ বন্দির ক্ষেত্রে এই সিদ্ধান্ত কার্যকর করতে অঙ্গরাজ্যের সুপ্রিম কোর্টের অনুমোদন প্রয়োজন হবে।
প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিউসমের সিদ্ধান্তের কঠোর সমালোচনা করে একে ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি চরম অবিচার হিসেবে অভিহিত করেছেন। একই সঙ্গে এই সিদ্ধান্ত বাতিলের আইনি পথ খুঁজে দেখতে তাঁর প্রশাসনের প্রচেষ্টার কথাও জানিয়েছেন তিনি।অন্যদিকে নিউসম জানিয়েছেন, মৃত্যুদণ্ড ক্যালিফোর্নিয়ার মূল্যবোধের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। তিনি ভুক্তভোগী পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে স্পষ্ট করেছেন, সাজা পরিবর্তনের ফলে কোনো বন্দি মুক্তি পাবেন না। তাঁদের বাকি জীবন কারাগারেই কাটাতে হবে।
উল্লেখ্য, ক্যালিফোর্নিয়ায় সর্বশেষ মৃত্যুদণ্ড কার্যকর করা হয় ২০০৬ সালে। ২০১৯ সালে গভর্নরের দায়িত্ব গ্রহণের পর মৃত্যুদণ্ড কার্যকরের ওপর স্থগিতাদেশ জারি করেন নিউসম।
সংবাদসূত্র
সিএনএন, ক্যালম্যাটার্স, ক্যালিফোর্নিয়া গভর্নরের কার্যালয়
876TR
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
আমেরিকা
View moreনিউ ইয়র্কের ম্যানহাটনের চায়নাটাউন এলাকায় নিজ অ্যাপার্টমেন্টে ৬২ বছর বয়সী এক নারীকে শ্বাসরোধে হত্যার অভিযোগে ২৫ বছর বয়সী এক গৃহহীন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্ট (এনওয়াইপিডি)। একই ঘটনায় আহত হয়েছেন ওই নারীর সঙ্গে বসবাসকারী ৬৬ বছর বয়সী এক ব্যক্তি। নিহত নারীর নাম জিন ইউ। অভিযুক্ত ব্যক্তির নাম আলেকজান্ডার ফ্লোরেন্তিনো। রোববার (২২ নভেম্বর) তাকে ম্যানহাটনের আদালতে হাজির করা হয়। পুলিশ জানিয়েছে, শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় বিকেল সাড়ে ৩টার দিকে ৯১১ নম্বরে ফোন পেয়ে চায়নাটাউনের ২৭ ক্যাথরিন স্ট্রিটের একটি অ্যাপার্টমেন্টে পৌঁছান পুলিশ কর্মকর্তারা। সেখানে জিন ইউকে অচেতন অবস্থায় পাওয়া যায়। তার মুখ ও গলায় আঘাতের চিহ্ন ছিল। পরে বেলভিউ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আদালতে দাখিল করা অভিযোগপত্র অনুযায়ী, ওই নারীর গলায় একটি কালো দড়ি পেঁচানো ছিল। একই অ্যাপার্টমেন্টে বসবাসকারী ৬৬ বছর বয়সী ব্যক্তিকেও কাচের বোতল দিয়ে আঘাত এবং শ্বাসরোধের চেষ্টা করা হয় বলে অভিযোগ রয়েছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ওই ব্যক্তির শারীরিক অবস্থা স্থিতিশীল। ঘটনার পর আশপাশের ভবনগুলোতে ব্যাপক তল্লাশি চালায় পুলিশ। পরে হেনরি স্ট্রিটের একটি ভবনের বেসমেন্ট থেকে অভিযুক্তকে আটক করা হয়। তার বিরুদ্ধে হত্যা, হত্যাচেষ্টা, শ্বাসরোধ, অপরাধের উদ্দেশ্যে অবৈধভাবে প্রবেশ ও হামলাসহ একাধিক অভিযোগ আনা হয়েছে। সিবিএস নিউ ইয়র্কের প্রতিবেদনে পুলিশ সূত্রের বরাতে বলা হয়েছে, ২০২৫ সাল থেকে বিভিন্ন ঘটনায় প্রায় ৬০ বার গ্রেপ্তার হয়েছেন ফ্লোরেন্তিনো। তবে এসব ঘটনায় তিনি কতবার দোষী সাব্যস্ত হয়েছেন, তা স্পষ্ট নয়। অভিযুক্তের সঙ্গে নিহত নারীর আগে থেকে কোনো পরিচয় ছিল কি না, তা এখনো নিশ্চিত করতে পারেনি পুলিশ। প্রাথমিকভাবে শ্বাসরোধে ওই নারীর মৃত্যু হয়েছে বলে ধারণা করা হলেও মেডিকেল এক্সামিনারের চূড়ান্ত প্রতিবেদন প্রকাশিত হয়নি। আগামী শুক্রবার (২৭ নভেম্বর) ফ্লোরেন্তিনোকে আবারও আদালতে হাজির করার কথা রয়েছে। তার বিরুদ্ধে আনা অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি। সূত্র: সিবিএস নিউ ইয়র্ক 871/এসএ
যুক্তরাষ্ট্রে বার্ষিক পারিবারিক আয় বৃদ্ধি, জীবনযাত্রার ব্যয়ে আর্থিক সংকটে অনেক মার্কিনী
ক্যালিফোর্নিয়ায় ৫৪৮ বন্দির মৃত্যুদণ্ড কমানোর সিদ্ধান্ত, গভর্নর নিউসমের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছেন সন্তানহারা মা
যুক্তরাষ্ট্রে থ্যাংকসগিভিং যাত্রায় ভোগান্তিতে পড়তে পারেন ৮ কোটি মানুষ
যুক্তরাষ্ট্রে ২০২৭ সাল থেকে সোশ্যাল সিকিউরিটি করের আওতাভুক্ত আয়ের সর্বোচ্চ সীমা বাড়ানো হচ্ছে। এর ফলে উচ্চ আয়ের কর্মীদের বছরে অতিরিক্ত ৪৮৩ ডলার ৬০ সেন্ট পর্যন্ত কর দিতে হবে। তবে করের হার অপরিবর্তিত থাকায় এই পরিবর্তনের প্রভাব সব কর্মীর ওপর পড়বে না। মার্কিন সংবাদমাধ্যম নিউজউইকের প্রতিবেদনে বলা হয়েছে, সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশনের (এসএসএ) সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৬ সালে করযোগ্য আয়ের সর্বোচ্চ সীমা ১ লাখ ৮৪ হাজার ৫০০ ডলার থেকে বাড়িয়ে ২০২৭ সালে ১ লাখ ৯২ হাজার ৩০০ ডলার নির্ধারণ করা হয়েছে।বর্তমানে কর্মীদের করযোগ্য বেতনের ৬ দশমিক ২ শতাংশ সোশ্যাল সিকিউরিটি কর হিসেবে কেটে নেওয়া হয়। নিয়োগকর্তারাও সমপরিমাণ অর্থ প্রদান করেন। আগামী বছর এই হার অপরিবর্তিত থাকলেও করযোগ্য আয়ের সীমা ৭ হাজার ৮০০ ডলার বাড়ছে। কত টাকা কর দিতে হবে? - ২০২৬ সালে সর্বোচ্চ সোশ্যাল সিকিউরিটি কর: ১১ হাজার ৪৩৯ ডলার। - ২০২৭ সালে সর্বোচ্চ সোশ্যাল সিকিউরিটি কর: ১১ হাজার ৯২২ ডলার ৬০ সেন্ট। - অতিরিক্ত কর: ৪৮৩ ডলার ৬০ সেন্ট। কাদের ওপর প্রভাব পড়বে? যেসব কর্মীর বার্ষিক আয় ১ লাখ ৮৪ হাজার ৫০০ ডলার বা তার কম এবং আয় অপরিবর্তিত থাকবে, তাঁদের এই পরিবর্তনের কারণে অতিরিক্ত কর দিতে হবে না। তবে এর বেশি আয় করেন এমন কর্মীদের করের পরিমাণ বাড়বে। উভয় বছরেই অন্তত ১ লাখ ৯২ হাজার ৩০০ ডলার আয় করা কর্মীদের সর্বোচ্চ অতিরিক্ত ৪৮৩ ডলার ৬০ সেন্ট দিতে হবে।উদাহরণ হিসেবে, কোনো কর্মীর বার্ষিক বেতন ৬০ হাজার ডলার হলে ২০২৬ ও ২০২৭ উভয় বছরেই তাঁকে সোশ্যাল সিকিউরিটি কর হিসেবে ৩ হাজার ৭২০ ডলার দিতে হবে, যদি তাঁর বেতন অপরিবর্তিত থাকে।এদিকে স্বনিয়োজিত ব্যক্তিদের জন্য সোশ্যাল সিকিউরিটি করের হার ১২ দশমিক ৪ শতাংশ বহাল থাকছে। নতুন করযোগ্য আয়ের সীমার কারণে উচ্চ আয়ের স্বনিয়োজিত ব্যক্তিদের সর্বোচ্চ করের পরিমাণও বাড়বে। অবসরপ্রাপ্তদের জন্য সুখবর ২০২৭ সালে জীবনযাত্রার ব্যয় সমন্বয়ের (কোলা) আওতায় সোশ্যাল সিকিউরিটি সুবিধা ৩ দশমিক ৬ শতাংশ বাড়ানো হচ্ছে। এর ফলে অবসরপ্রাপ্তদের গড় মাসিক ভাতা ২ হাজার ৯৫ ডলার থেকে বেড়ে ২ হাজার ১৭০ ডলার হবে। অর্থাৎ প্রতি মাসে গড়ে অতিরিক্ত ৭৫ ডলার পাবেন তাঁরা।নতুন করযোগ্য আয়ের সীমা ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে কার্যকর হবে। সংবাদসূত্র নিউজউইক, সোশ্যাল সিকিউরিটি অ্যাডমিনিস্ট্রেশন 876 TR
ইসরায়েলি বসতি স্থাপনকারীদের নিষেধাজ্ঞাই যথেষ্ট নয়, মার্কিন সামরিক সহায়তাও বন্ধ চান মামদানি
যুক্তরাষ্ট্রে অনলাইনে নার্সিং ডিগ্রি অর্জনের সুযোগ, অভিজ্ঞতা ছাড়াও করা যাবে আবেদন
যুক্তরাষ্ট্রে ভয়াবহ রূপ নিচ্ছে হাম, তিন দশকের রেকর্ড ভেঙে আক্রান্ত প্রায় ৬ হাজার
যুক্তরাষ্ট্রে চিকিৎসাশিক্ষায় মর্যাদাপূর্ণ ‘পিসাকানো স্কলার ২০২৬’ সম্মাননা পেয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত আফশা হোসেন। তিনি মেডিকেল কলেজ অব জর্জিয়ার (এমসিজি) চতুর্থ বর্ষের শিক্ষার্থী। এ বছর যুক্তরাষ্ট্রজুড়ে মাত্র ১০ জন মেডিকেল শিক্ষার্থী এই সম্মাননা পেয়েছেন। তাদের মধ্যে জর্জিয়া অঙ্গরাজ্য থেকে নির্বাচিত একমাত্র শিক্ষার্থী আফশা। গত ২০ নভেম্বর অগাস্টা ইউনিভার্সিটির সংবাদমাধ্যম জ্যাগওয়্যারে প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করতে স্বেচ্ছাসেবামূলক কার্যক্রম, গবেষণা ও নেতৃত্বের স্বীকৃতি হিসেবে তিনি এই সম্মাননা পেয়েছেন। মেডিকেল কলেজ অব জর্জিয়ার ইতিহাসে দ্বিতীয় শিক্ষার্থী হিসেবে এ কৃতিত্ব অর্জন করেছেন আফশা। বাংলাদেশি অভিবাসী মা-বাবার সন্তান আফশার জন্ম ও বেড়ে ওঠা জর্জিয়ায়। পরিবারের মধ্যে তিনিই প্রথম যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণ করেন। ২০১৮ সালে জর্জিয়ার বার্কমার হাইস্কুল থেকে নিজ ব্যাচের সেরা শিক্ষার্থী হিসেবে উত্তীর্ণ হন। পরে এমোরি ইউনিভার্সিটিতে মানবস্বাস্থ্য ও পুষ্টিবিজ্ঞান নিয়ে পড়াশোনা করেন। ছোটবেলা থেকেই যুক্তরাষ্ট্রের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় অভিবাসী পরিবারের নানা প্রতিবন্ধকতা দেখেছেন আফশা। তার মা-বাবার নিজেদের হেলথ ইন্স্যুরেন্স না থাকলেও সন্তানদের চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেইডের জন্য আবেদন করেছিলেন। ভাষাগত সমস্যা ও আর্থিক সংকটের কারণে পরিবারের চিকিৎসাসেবা পেতে যে সংগ্রাম করতে হয়েছে, সেই অভিজ্ঞতাই আফশাকে চিকিৎসা পেশায় আসতে অনুপ্রাণিত করেছে। মেডিকেল কলেজে ভর্তির আগেই আটলান্টা ও আশপাশের বিভিন্ন বিনামূল্যের ক্লিনিকে স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করেছেন তিনি। শরণার্থী, হেলথ ইন্স্যুরেন্সবিহীন অভিবাসী ও গৃহহীন মানুষের চিকিৎসাসেবা নিশ্চিত করার কার্যক্রমে যুক্ত ছিলেন। বর্তমানে আথেন্স ফ্রি ক্লিনিকেও সুবিধাবঞ্চিত রোগীদের সেবায় কাজ করছেন। চিকিৎসাসেবার পাশাপাশি রোগ প্রতিরোধমূলক স্বাস্থ্যসেবা পাওয়ার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতা নিয়েও গবেষণা করেছেন আফশা। তার গবেষণা জাতীয় পর্যায়েও উপস্থাপিত হয়েছে। মেডিকেল কলেজ অব জর্জিয়ার ডিন ডেভিড হেস জানিয়েছেন, বাংলাদেশি অভিবাসী পরিবারে বেড়ে ওঠার অভিজ্ঞতা থেকেই সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবার প্রতি আফশার গভীর অঙ্গীকার তৈরি হয়েছে। এর আগেও ২০২৫ সালে আমেরিকান একাডেমি অব ফ্যামিলি ফিজিশিয়ানসের ‘ফ্যামিলি মেডিসিন লিডস স্কলারশিপ’ অর্জন করেন তিনি। পিসাকানো লিডারশিপ ফাউন্ডেশন প্রতিবছর শিক্ষাগত যোগ্যতা, নেতৃত্বের দক্ষতা ও সমাজসেবায় অবদানের ভিত্তিতে ভবিষ্যৎ ফ্যামিলি মেডিসিন চিকিৎসকদের এই সম্মাননা দিয়ে থাকে। নির্বাচিত শিক্ষার্থীরা বিশেষ প্রশিক্ষণ ও অভিজ্ঞ চিকিৎসকদের দিকনির্দেশনা পাওয়ার সুযোগ পান। আফশা বর্তমানে ফ্যামিলি মেডিসিনে রেসিডেন্সি প্রোগ্রামে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। ভবিষ্যতে জর্জিয়ায় চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি সুবিধাবঞ্চিত মানুষের জন্য নিজস্ব একটি বিনামূল্যের ক্লিনিক প্রতিষ্ঠা করতে চান এই বাংলাদেশি বংশোদ্ভূত মেধাবী শিক্ষার্থী। সংবাদসূত্র: অগাস্টা ইউনিভার্সিটি 871-এসএ
যুক্তরাষ্ট্রের প্রথম স্টেট হিসেবে ইউটায় সব সরকারি ভবন ও পাবলিক স্কুলে সমকামীদের পতাকা প্রদর্শন নিষিদ্ধ
যুক্তরাষ্ট্রে মাস্টার্স ও পিএইচডি আবেদনে একাডেমিক সিভি তৈরি করবেন যেভাবে, জেনে নিন বিস্তারিত

