নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে নারী শিল্পীকে পিটিয়ে হ ত্যা, মানসিক ভারসাম্যহীনতার কারণে অভিযুক্তের বিচার স্থগিত
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির সেন্ট্রাল পার্কে এক নারী শিল্পীকে লাঠি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় অভিযুক্ত জোনাথন রোবলসকে (৩৬) বিচার প্রক্রিয়ার জন্য মানসিকভাবে অযোগ্য বলে ঘোষণা করা হয়েছে। গত মঙ্গলবার ম্যানহাটন সুপ্রিম কোর্টের বিচারক আলথিয়া ড্রিসডেল এই তথ্য প্রকাশ করেন।
গত ২৭ সেপ্টেম্বর সেন্ট্রাল পার্কের বোথহাউসের কাছে ৭৪ স্ট্রিট ও ইস্ট ড্রাইভের একটি গাজেবো (আরাম বা বিশ্রামের জায়গা) থেকে লি রজার্স (৬৩) নামের এক গৃহহীন নারী শিল্পীর রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করা হয়। তিনি বন্যপ্রাণী ও পাখির জলরং ছবির জন্য বেশ পরিচিত ছিলেন।
গত অক্টোবরে ম্যানহাটন ক্রিমিনাল কোর্টে প্রাথমিক শুনানির সময় এক বিচারক জোনাথন রোবলসের মানসিক স্বাস্থ্য পরীক্ষার (যা ৭৩০ এক্সাম নামেও পরিচিত) নির্দেশ দিয়েছিলেন। মঙ্গলবার ম্যানহাটন সুপ্রিম কোর্টে রোবলসের বিরুদ্ধে হত্যার অভিযোগ গঠনের দিন নির্ধারিত থাকলেও, তার আইনজীবী মিচেল শুম্যান বিচারককে জানান যে তার মক্কেল মানসিক স্বাস্থ্য পরীক্ষায় উত্তীর্ণ হতে ব্যর্থ হয়েছেন এবং তাই তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা ঠিক হবে না।
সরকারি আইনজীবীরা (প্রসিকিউটর) জানান, রোবলসের পরীক্ষার ফলাফল মাত্র একদিন আগে (সোমবার) তাদের হাতে এসেছে এবং এই ফলাফল পর্যালোচনা করে পরবর্তী আইনি পদক্ষেপ ঠিক করার জন্য তারা বিচারকের কাছে তিন সপ্তাহের সময় চেয়েছেন।
গ্রেপ্তারের পর মঙ্গলবারই প্রথমবারের মতো রোবলসকে সশরীরে আদালতে হাজির করা হয়েছিল এবং হালকা বাদামি রঙের জেলখানায় পরার পোশাক পরিহিত অবস্থায় তাকে পুরোটা সময় চুপচাপ বসে থাকতে দেখা যায়।
পুলিশের দায়ের করা ফৌজদারি অভিযোগ অনুযায়ী, রোবলস নির্লজ্জভাবে এই হত্যার কথা স্বীকার করে নিয়েছিলেন। পুলিশকে তিনি বলেছিলেন, "সে আমাকে প্রথমে লাঠি দিয়ে আঘাত করেছিল, তাই আমি তার কাছ থেকে লাঠি কেড়ে নিই। এরপর আমি তাকে ওই লাঠি দিয়ে ২০ বারেরও বেশি সময় ধরে পেটাতে থাকি; যতক্ষণ না সে আর আমাকে আঘাত করতে পারে।" ঘটনাস্থল থেকে টুকরো টুকরো এবং রক্তমাখা লাঠিটি উদ্ধার করা হয়।
শহরের মেডিকেল এক্সামিনারের মতে, রজার্সের মাথায় ভোঁতা অস্ত্রের মারাত্মক আঘাতেই তার মৃত্যু হয়েছে। ফ্রান্সিস লি রজার্স নামের ওই শিল্পী এলিস বেইনব্রিজ হিল নামেও পরিচিত ছিলেন।
রোবলসের বিরুদ্ধে দ্বিতীয় মাত্রার (Second-degree) হত্যার অভিযোগ আনা হয়েছে, যা প্রমাণিত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। রোবলসের আইনজীবী এর আগে সংবাদমাধ্যম 'নিউইয়র্ক পোস্ট'-কে জানিয়েছিলেন যে তার মক্কেলের "গুরুতর মানসিক সমস্যা" রয়েছে। বিচারক রোবলসকে আপাতত কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন এবং আগামী ২ ডিসেম্বর সংশ্লিষ্ট সকল পক্ষকে পুনরায় আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রে পড়াশোনা করতে আসা বিদেশি শিক্ষার্থীদের জন্য নতুন করে উদ্বেগের কারণ হয়ে উঠেছে চাকরির সুযোগসংক্রান্ত একটি প্রস্তাব। শিক্ষার্থীদের পড়াশোনা শেষে যুক্তরাষ্ট্রে কাজের সুযোগ দেওয়া কর্মসূচি ঐচ্ছিক ব্যবহারিক প্রশিক্ষণ বা ওপিটি নিয়ে নতুন নিয়মের প্রস্তাব করেছে দেশটির সরকার। এই প্রস্তাবে বিশ্ববিদ্যালয়গুলোর ওপর বড় অঙ্কের ফি আরোপের কথা বলা হয়েছে। ১২ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, প্রায় ৬০০টি মার্কিন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের একটি জোট এই প্রস্তাব বাতিলের দাবি জানিয়েছে। তাদের আশঙ্কা, নতুন ফি কার্যকর হলে বিদেশি শিক্ষার্থীদের জন্য যুক্তরাষ্ট্রে পড়াশোনা ও কাজের সুযোগ কমে যেতে পারে। প্রস্তাব অনুযায়ী, কোনো বিদেশি শিক্ষার্থীর জন্য প্রথমবারের মতো ওপিটির সুপারিশ করতে বিশ্ববিদ্যালয়কে ৭০ হাজার ডলার দিতে হতে পারে। পরবর্তী মেয়াদ বাড়ানোর ক্ষেত্রে প্রস্তাবিত ফি ৩০ হাজার ডলার। ওপিটি হলো এমন একটি কর্মসূচি, যার মাধ্যমে নির্দিষ্ট শর্ত পূরণকারী বিদেশি শিক্ষার্থীরা যুক্তরাষ্ট্রে পড়াশোনার সঙ্গে সম্পর্কিত কাজে সাময়িকভাবে কাজ করার অনুমতি পান। বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিত বিষয়ে পড়াশোনা করা যোগ্য শিক্ষার্থীরা অতিরিক্ত সময় কাজের সুযোগও পেতে পারেন। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর দাবি, এত বেশি ফি আরোপ করা হলে বিশ্ববিদ্যালয়গুলো বিদেশি শিক্ষার্থীদের জন্য ওপিটি সুপারিশ করতে নিরুৎসাহিত হতে পারে। এতে বিশেষ করে উচ্চশিক্ষা শেষে যুক্তরাষ্ট্রে কাজ করতে আগ্রহী শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হবেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শিক্ষার্থীদের ওপর পরিচালিত একটি জরিপে প্রস্তাবিত ফি কার্যকর হলে ৬৯ শতাংশ শিক্ষার্থী যুক্তরাষ্ট্রে পড়তে আসার সিদ্ধান্ত পরিবর্তন করতে পারেন বলে জানিয়েছেন। বিজ্ঞান ও প্রযুক্তি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে এই হার আরও বেশি। তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এটি এখনো চূড়ান্তভাবে কার্যকর হওয়া কোনো নিয়ম নয়। যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্র নিরাপত্তা বিভাগ গত ৮ অক্টোবর ২০২৬ তারিখে প্রস্তাবটি প্রকাশ করেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলো এখন সেটি প্রত্যাহারের দাবি জানাচ্ছে। বাংলাদেশসহ বিভিন্ন দেশ থেকে যুক্তরাষ্ট্রে পড়তে আসা শিক্ষার্থীদের জন্য বিষয়টি গুরুত্বপূর্ণ। কারণ পড়াশোনা শেষে চাকরি পাওয়া অনেক শিক্ষার্থীর ভবিষ্যৎ পরিকল্পনার অংশ। তাই নতুন প্রস্তাবের পরবর্তী সিদ্ধান্তের দিকে নজর রাখা প্রয়োজন। সূত্র: জাগরণ জোশ
স্কুলজীবনে রোবোটিকস ও গবেষণায় কৃতিত্ব, এবার প্রেসিডেনশিয়াল স্কলার নির্বাচিত একই স্কুলের দুই শিক্ষার্থী
নিউইয়র্কের ব্রুকলিনের আর্টস কাউন্সিলে বছরে ৭০ হাজার ডলার বেতনে চাকরির সুযোগ
যুক্তরাষ্ট্রে ১১ মাসের শিশুকে কুকুরের খাঁচায় ভরে জ্যান্ত কবর দিল বাবা, ২৪ ঘণ্টা পর কান্নার শব্দে মিলল সন্ধান
২০২৬ সালের মার্কিন মধ্যবর্তী নির্বাচনে বড় ধরনের পরাজয়ের পর নিজেদের ভুলত্রুটি পর্যালোচনায় নেমেছেন রিপাবলিকান দলের নেতারা। তবে এই বিপর্যয়ের পেছনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কোনো ভূমিকা বা নীতির ব্যর্থতা রয়েছে কি না, সে বিষয়ে সরাসরি মুখ খুলতে নারাজ ক্যাপিটল হিলের শীর্ষ রিপাবলিকান আইনপ্রণেতারা। মার্কিন সংবাদমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী, এবারের মধ্যবর্তী নির্বাচনে প্রতিনিধি পরিষদে (হাউস) ৪০টিরও বেশি এবং সিনেটে অন্তত সাতটি আসন হারিয়েছে রিপাবলিকান পার্টি, যার মধ্যে দলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত বেশ কিছু আসনও রয়েছে। নির্বাচনী ফলাফল ও বুথফেরত জরিপ (এক্সিট পোল) বলছে, ২০২৪ সালে জীবনযাত্রার ব্যয় কমানোর প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসা ট্রাম্প প্রশাসনের ওপর সাধারণ ভোটাররা ক্ষুব্ধ। বিশেষ করে ইরান যুদ্ধ এবং আমদানি শুল্ক (ট্যারিফ) বৃদ্ধির ফলে গ্যাস, ডিজেল ও নিত্যপ্রয়োজনীয় খাদ্যের দাম বেড়ে যাওয়ায় ভোটাররা ব্যালটের মাধ্যমে তার জবাব দিয়েছেন। ভরাডুবির কারণ জানতে চাইলে ওয়েস্ট ভার্জিনিয়ার রিপাবলিকান সিনেটর জিম জাস্টিস কোনো রাখঢাক না করেই বলেন, “আমরা ভুলে গিয়েছিলাম যে সাধারণ মানুষ কষ্টে আছে, আর তারাই ভোট দেয়। নির্বাচনে আমাদের শোচনীয় পরাজয় হয়েছে।” তবে ট্রাম্পের ভুল নীতির কারণেই এই পরাজয় কি না—এমন প্রশ্নে ইতস্তত বোধ করেন জাস্টিস। ট্রাম্পকে সরাসরি দায়ী না করে তিনি বলেন, “দেখুন, পুরো বিষয়টিতে সবকিছুরই কমবেশি ভূমিকা থাকে। ইরান ইস্যুতে প্রেসিডেন্টকে যে পরামর্শ দেওয়া হয়েছিল, তিনি তার সাধ্যমতো সেরা উপায়েই পরিস্থিতি সামাল দিয়েছেন।” নির্বাচনে পরাজয়ের পর দলের ভেতরে নীতিগত পরিবর্তনের কথা উঠলেও, বাস্তবে ট্রাম্পের প্রতি আনুগত্যই বজায় রাখছেন টিকে যাওয়া রিপাবলিকান নেতারা। এরই প্রতিফলন দেখা গেছে প্রতিনিধি পরিষদের নতুন সংখ্যালঘু নেতা (মাইনরিটি লিডার) নির্বাচনে। ট্রাম্পের কট্টর মিত্র হিসেবে পরিচিত ওহাইওর রিপাবলিকান প্রতিনিধি জিম জর্ডানকে এই পদে নির্বাচিত করা হয়েছে। লুইজিয়ানার রিপাবলিকান সিনেটর জন কেনেডি ২০২৬ সালের এই প্রচারণাকে একটি ‘অর্থনৈতিক নির্বাচন’ হিসেবে অভিহিত করেছেন। পরাজয়ের পেছনে ইরান যুদ্ধের প্রভাবকে খাটো করে দেখে তিনি বলেন, “আমেরিকার পররাষ্ট্রনীতি বেশি হস্তক্ষেপমূলক—এমন চিন্তা থেকে টেক্সাসের প্রতিটি অঙ্গরাজ্যভিত্তিক নির্বাচনে রিপাবলিকানরা হেরেছে বলে আমি মনে করি না।” দলের ভেতরে দোষারোপের রাজনীতি না করে আত্মসমালোচনার ওপর জোর দিয়ে কেনেডি বলেন, “কোথায় পরিবর্তন আনা দরকার, তা নিয়ে আমাদের নিজেদের মধ্যে কথা বলে ঐকমত্যে পৌঁছাতে হবে।” তবে প্রেসিডেন্ট ট্রাম্পেরও আত্মসমালোচনা প্রয়োজন কি না—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, “প্রেসিডেন্টের জন্য আজ আমার কাছে কোনো পরামর্শ নেই।” অন্যদিকে, দুই বছর আগে সামান্য ব্যবধানে জয়ী হওয়া কলোরাডোর প্রথম মেয়াদের রিপাবলিকান প্রতিনিধি গেব ইভান্স এবার ১৫ শতাংশ ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন। ট্রাম্পের যুদ্ধ ও শুল্ক নীতি তার পরাজয়ের কারণ কি না, সে বিষয়ে মন্তব্য এড়িয়ে গিয়ে তিনি বলেন, “আমরা এখনো সব তথ্য-উপাত্ত বিশ্লেষণ করছি, তাই এ বিষয়ে এখনই কিছু বলতে পারছি না।” সূত্র: এনবিসি নিউজ।
কংগ্রেসের নিয়ন্ত্রণ পেয়ে ট্রাম্পের অভিবাসন নীতিতে বড় চ্যালেঞ্জের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা
ক্যানসারের কথা আগে জানলে দ্বিতীয় মেয়াদে নির্বাচনে দাঁড়াতেন না, জানালেন জো বাইডেন
যুক্তরাষ্ট্রে হাঁটুর অপারেশনে ভুল ইনজেকশন, চিরতরে হাঁটার ক্ষমতা হারিয়ে ১৫০ মিলিয়ন ডলারের মামলা
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের ডেট্রয়েট শহরে যাত্রীবাহী বাসে দুটি ঘোড়া উঠে পড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ঘটনাটি গত ৭ নভেম্বর ঘটলেও ১২ নভেম্বর নিউইয়র্ক পোস্টে প্রকাশিত প্রতিবেদনসহ বিভিন্ন সংবাদমাধ্যমে খবরটি নতুন করে আলোচনায় এসেছে। ভিডিওতে দেখা যায়, দুটি ঘোড়াকে নিয়ে কয়েকজন ব্যক্তি ডেট্রয়েট ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের একটি বাসে ওঠেন। ঘোড়াগুলো বাসের সামনের দরজা দিয়ে প্রবেশ করে ভেতরের পথ ধরে পেছনের দরজা দিয়ে বেরিয়ে যায়। ঘটনাটি ঘটে ৭ মাইল ও স্ট্রাসবার্গ স্ট্রিটের কাছাকাছি এলাকায়। ঘোড়াগুলোর মালিক জর্ডান উইলিয়ামস আরবান সিটি কাউবয়েজ নামের একটি সংগঠনের সহপ্রতিষ্ঠাতা। তাঁর ভাষ্য অনুযায়ী, শিশুদের ঘোড়ায় চড়ার সুযোগ দিয়ে একটি তহবিল সংগ্রহের অনুষ্ঠান শেষ করে ফেরার পথে তাঁরা বাসটি দেখতে পান। এরপর চালকের সঙ্গে কথা বলে ঘোড়া নিয়ে বাসে ওঠার ভিডিও ধারণ করেন। শহরে কৃষ্ণাঙ্গ কাউবয় ও ঘোড়সওয়ারদের কার্যক্রমের প্রতি মানুষের দৃষ্টি আকর্ষণ করাও তাঁর উদ্দেশ্য ছিল। তবে ঘটনাটি নিয়ে আপত্তি জানিয়েছে ডেট্রয়েটের পরিবহন বিভাগ। কর্তৃপক্ষ জানিয়েছে, বাসে কেবল নির্ধারিত শর্ত পূরণকারী প্রতিবন্ধী ব্যক্তির সহায়ক প্রাণী নেওয়ার অনুমতি রয়েছে। প্রাণীকে সব সময় নিয়ন্ত্রণে রাখতে হয় এবং সেটিকে যাত্রীর আসন দখল করা যাবে না। ঘোড়া নিয়ে বাসে ওঠার ঘটনা পরিবহন বিভাগের নীতিমালার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। পরিবহন কর্তৃপক্ষ আরও বলেছে, এমন ঘটনা যাত্রীদের জন্য অস্বস্তিকর ও নিরাপত্তার ঝুঁকি তৈরি করতে পারে। বিষয়টি খতিয়ে দেখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। অন্যদিকে ঘোড়ার মালিক বলেছেন, তিনি ঘটনাটিকে মজার একটি মুহূর্ত হিসেবে দেখেছেন এবং এর মাধ্যমে ডেট্রয়েটের নগর ঘোড়সওয়ারদের পরিচিতি তুলে ধরতে চেয়েছেন। অস্বাভাবিক এই দৃশ্যের ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়ার পর অনেকেই বিস্ময় ও হাস্যরসের সঙ্গে প্রতিক্রিয়া জানিয়েছেন। তবে ঘটনাটি আবারও গণপরিবহনে যাত্রীদের নিরাপত্তা এবং পরিবহন নীতিমালা মেনে চলার বিষয়টি সামনে এনেছে। সূত্র: নিউইয়র্ক পোস্ট
যুক্তরাষ্ট্রের মিনেসোটায় তিন ছেলেকে গুলি করে হ ত্যা, ম রদেহসহ বাড়িতে আগুন দিয়ে আ ত্মহত্যা বাবার
দীর্ঘ অভিযানে অবশেষে ধ্বংসস্তূপের নিচে শিশুসহ অন্তঃসত্ত্বা নারীকে জীবিত উদ্ধার করলেন ব্রুকলিনের উদ্ধারকর্মীরা