সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

দেশ ছাড়ছেন যুক্তরাষ্ট্রের ধনীরা! ‘গোল্ডেন ভিসা’ নিয়ে কোথায় পাড়ি জমাচ্ছেন তারা?

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: আগস্ট ১২, ২০২৬ ২৩:৩৪
বিনিয়োগভিত্তিক ‘গোল্ডেন ভিসা’ কর্মসূচিতে আবেদন বৃদ্ধির মাধ্যমে ধনী বিদেশিদের আকৃষ্ট করছে নিউজিল্যান্ড। ছবি: সংগৃহীত
বিনিয়োগভিত্তিক ‘গোল্ডেন ভিসা’ কর্মসূচিতে আবেদন বৃদ্ধির মাধ্যমে ধনী বিদেশিদের আকৃষ্ট করছে নিউজিল্যান্ড। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের অনেক ধনী নাগরিক এখন বিদেশে বসবাসের বিকল্প খুঁজছেন। সেই প্রবণতায় সবচেয়ে বেশি সুবিধা পাচ্ছে নিউজিল্যান্ডের ‘গোল্ডেন ভিসা’ বা বিনিয়োগভিত্তিক আবাসন কর্মসূচি। দেশটির সরকার আবেদন প্রক্রিয়ার কিছু শর্ত সহজ করার পর গত ১৪ মাসে এই কর্মসূচিতে বিদেশিদের আবেদন উল্লেখযোগ্য হারে বেড়েছে।

 

ফাইন্যান্সিয়াল টাইমসের এক প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ১৪ মাসে নিউজিল্যান্ডের ‘অ্যাকটিভ ইনভেস্টর প্লাস ভিসা’ কর্মসূচির জন্য ৭০০-এর বেশি ধনী বিদেশি আবেদন করেছেন। এর আগে টানা তিন বছরে মোট আবেদন ছিল মাত্র ১১৫টি।

 

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২৫ সালের এপ্রিল থেকে জমা পড়া আবেদনগুলোর এক-তৃতীয়াংশেরও বেশি এসেছে যুক্তরাষ্ট্রের নাগরিকদের কাছ থেকে। এ সময় ২৭৭ জন মার্কিন নাগরিক আবেদন করেছেন, যাদের মধ্যে ক্যালিফোর্নিয়ার বাসিন্দাদের আগ্রহ সবচেয়ে বেশি।

 

নিউজিল্যান্ডের এই ভিসা কর্মসূচির আওতায় আবেদনকারীদের নির্দিষ্ট পরিমাণ অর্থ দেশটিতে বিনিয়োগ করতে হয়। একটি বিকল্পে অন্তত ৫০ লাখ নিউজিল্যান্ড ডলার তিন বছরের জন্য স্থানীয় তহবিল, ব্যবসা বা অনুমোদিত খাতে বিনিয়োগ করতে হয়। তবে মোট বিনিয়োগের সর্বোচ্চ ২০ শতাংশ দাতব্য খাতে দেওয়া যায়।

 

আরেকটি বিকল্পে আবেদনকারীদের পাঁচ বছরের জন্য অন্তত ১ কোটি নিউজিল্যান্ড ডলার অপেক্ষাকৃত স্থিতিশীল বিনিয়োগ খাতে, যেমন বন্ডে বিনিয়োগ করতে হয়। এই ক্যাটাগরিতে বর্তমানে ১২৭টি আবেদন জমা পড়েছে।

 

এই কর্মসূচির আওতায় অনুমোদন পাওয়া বিদেশি নাগরিকরা অনির্দিষ্টকাল নিউজিল্যান্ডে বসবাস করতে পারেন। পাশাপাশি তারা দেশটিতে বৈধভাবে কাজ করারও সুযোগ পান। বর্তমানে নিউজিল্যান্ডের জনসংখ্যা ৫০ লাখের কিছু বেশি।

 

ধনী বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে সম্প্রতি কর্মসূচির একাধিক শর্ত শিথিল করেছে নিউজিল্যান্ড সরকার। ইংরেজি ভাষায় দক্ষতার বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। পাশাপাশি ভিসাধারীদের বছরে কতদিন দেশটিতে অবস্থান করতে হবে, সেই শর্তও আগের তুলনায় কমানো হয়েছে।

 

২০২২ সালে চালু হওয়া কর্মসূচিতে ন্যূনতম বিনিয়োগের পরিমাণ ছিল ১ কোটি ৫০ লাখ নিউজিল্যান্ড ডলার। পরে তা কমিয়ে দুটি পৃথক ক্যাটাগরিতে ৫০ লাখ এবং ১ কোটি নিউজিল্যান্ড ডলারে নির্ধারণ করা হয়। একই সঙ্গে বিনিয়োগের সুযোগও বাড়ানো হয়েছে। এখন বন্ড ও নির্দিষ্ট ধরনের সম্পত্তিতেও বিনিয়োগের সুযোগ রয়েছে।

 

বর্তমান নিয়ম অনুযায়ী, ৫০ লাখ নিউজিল্যান্ড ডলারের বিনিয়োগ ক্যাটাগরিতে থাকা ব্যক্তিদের তিন বছরে অন্তত ২১ দিন নিউজিল্যান্ডে অবস্থান করতে হবে।

 

অন্যদিকে ১ কোটি নিউজিল্যান্ড ডলারের বিনিয়োগ ক্যাটাগরিতে সাধারণভাবে পাঁচ বছরে অন্তত ১০৫ দিন দেশটিতে থাকতে হয়। তবে অতিরিক্ত অর্থ প্রবৃদ্ধিমুখী বিনিয়োগে রাখলে এই সময়সীমা আরও কমানোর সুযোগ রয়েছে। সর্বোচ্চ ছাড় পাওয়ার পরও অন্তত ৬৩ দিন নিউজিল্যান্ডে অবস্থান করতে হবে।

 

বিশ্লেষকদের মতে, শর্ত সহজ করা, রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা, উন্নত জীবনমান এবং দীর্ঘমেয়াদি বসবাসের সুযোগের কারণে নিউজিল্যান্ডের বিনিয়োগভিত্তিক ভিসা কর্মসূচির প্রতি ধনী বিদেশিদের আগ্রহ দ্রুত বাড়ছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের উচ্চ আয়ের অনেক ব্যক্তি বিকল্প আবাসনের পরিকল্পনার অংশ হিসেবে এই কর্মসূচির দিকে ঝুঁকছেন।


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আমেরিকা

View more
ওয়াশিংটন ডিসিতে গোলাগুলিতে আ হত অন্তত ৪ I ছবি: সংগৃহীত
ওয়াশিংটন ডিসিতে গোলাগুলিতে আ হত অন্তত ৪, সন্দেহভাজন হামলাকারী নি হত

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির সেন্ট্রাল এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ও জিমের ভেতর এবং এর আশেপাশে ঘটা এক বন্দুক হামলায় অন্তত একজন নিহত এবং চারজন আহত হয়েছেন। স্থানীয় সময় অনুযায়ী পুলিশ জানিয়েছে, সন্দেহভাজন হামলাকারী—যিনি একজন শ্বেতাঙ্গ পুরুষ—নিহত হয়েছেন। ধারণা করা হচ্ছে, ভবনটির ভেতরে নিজেকে অবরুদ্ধ করার পর তিনি নিজেই গুলি চালিয়ে আত্মহত্যা করেন।   পুলিশের তথ্যমতে, আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক এবং বাকিদের আঘাতগুলো আশঙ্কামুক্ত।   ঘটনাস্থলে থাকা পুলিশ মাত্র ৩০ সেকেন্ডের মধ্যে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, সন্দেহভাজন হামলাকারী এবং ওই অ্যাপার্টমেন্ট ভবনের মধ্যে কোনো ধরনের দ্বন্দ্ব বা বিরোধ ছিল।   ঘটনাস্থলের পাশেই বসবাসকারী বিবিসির প্রযোজক জনাথন চাসপো জানান, তাঁর ঠিক পাশেই গুলির শব্দ হয়। তিনি বলেন, “আমি ধোঁয়া ও গুলির ঝলক দেখতে পেয়েছিলাম। আমরা সবাই তখন সেখান থেকে দৌড়াতে শুরু করি।”   লোগান সার্কেলের একটি জিম ও এর আশেপাশের এলাকায় এই ঘটনা ঘটে। প্রথমে এক প্রত্যক্ষদর্শী ভেবেছিলেন যে কোনো ব্যায়ামের বল ফেটে গেছে, কিন্তু পরে বোঝা যায় সেটি আসলে বন্দুকের গুলি ছিল। সূত্র: বিবিসি।

প্রকাশ: নভেম্বর ১২, ২০২৬ ১২:২৬
ইউটিউব দেখতে দেখতে ট্রাক চালানো অবৈধ অভিবাসীর ধাক্কায় নিহত মা ও দুই সন্তান

ইউটিউব দেখতে দেখতে ট্রাক চালানো অবৈধ অভিবাসীর ট্রাকের ধাক্কায় নিহত মা ও দুই সন্তান

মার্কিন নীতিমালায় ‘গ্রেটার ইসরায়েল’ মতবাদের গভীর অনুপ্রবেশ নিয়ে আল-জাজিরার প্রতিবেদনের পর বিশ্বজুড়ে নতুন বিতর্ক শুরু হয়েছে। ছবি: সংগৃহীত

‘গ্রেটার ইসরায়েল’ ও মার্কিন নীতি: যুক্তরাষ্ট্রে গোপনে ছড়িয়ে দেয়া হচ্ছে খ্রিস্টান জায়নবাদ

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীদের সাথে বর্ণবাদী আচরণের অভিযোগ,  ক্ষমা চেয়ে বিশ্ববিদ্যালয় ছেড়েছেন  অভিযুক্ত  শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রে কৃষ্ণাঙ্গ শিক্ষার্থীদের সাথে বর্ণবাদী আচরণের অভিযোগ, ক্ষমা চেয়ে বিশ্ববিদ্যালয় ছেড়েছেন অভিযুক্ত শিক্ষার্থী

মার্কিন যুক্তরাষ্ট্রে মাসে আট হাজার ডলার আয় করেও নানামুখী খরচের কারণে নিজেকে মধ্যবিত্ত মনে করেন ভারতীয় বংশোদ্ভূত মহিমা রাঠি। ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রে বছরে প্রায় এক কোটি রুপি আয়, তবুও নিজেকে মধ্যবিত্ত বলছেন ভারতীয় নারী

যুক্তরাষ্ট্রে মাসে আট হাজার ডলার আয় করেন ভারতীয় বংশোদ্ভূত এক নারী। বছরে তাঁর মোট আয় ৯৬ হাজার ডলার, যা ভারতীয় মুদ্রায় প্রায় এক কোটি রুপির কাছাকাছি। এত বড় অঙ্কের আয় শুনে অনেকের কাছে স্বচ্ছল জীবনের কথা মনে হলেও বাস্তবতা ভিন্ন বলে দাবি করেছেন মহিমা রাঠি নামের ওই নারী। তাঁর হিসাবে, ট্যাক্স, মর্টগেজ, খাবার, ইন্স্যুরেন্স ও সংসারের অন্যান্য খরচ মেটানোর পর মাস শেষে হাতে থাকে মাত্র এক হাজার ডলার। ব্যক্তিগত খরচ ধরলে সেই অর্থও আরও কমে যায়। নিজের এই অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে এত আয় করেও নিজেকে মধ্যবিত্ত মনে হয় তাঁর।   বৃহস্পতিবার (১২ নভেম্বর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রপ্রবাসী নীতিন মালহোত্রা তাঁর বোন মহিমা রাঠিকে নিয়ে ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করেন। সেখানে মহিমা নিজের মাসিক আয় ও সংসারের খরচের বিস্তারিত হিসাব তুলে ধরেন। ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর যুক্তরাষ্ট্রে প্রবাসীদের আয়, জীবনযাত্রার ব্যয় এবং প্রকৃত সঞ্চয় নিয়ে আলোচনা শুরু হয়েছে।   মহিমার দেওয়া হিসাব অনুযায়ী, তাঁর মাসিক আয় আট হাজার ডলার। এর মধ্যে ট্যাক্স বাবদ দিতে হয় প্রায় এক হাজার ৫০০ ডলার। বাড়ির মর্টগেজ পরিশোধে চলে যায় আরও দুই হাজার ৫০০ ডলার। অর্থাৎ শুধু ট্যাক্স ও বাড়ির কিস্তিতেই খরচ হয় চার হাজার ডলার, যা মোট আয়ের অর্ধেক।   এরপর রয়েছে প্রতিদিনের সংসার খরচ। খাবার ও গ্রোসারিতে মাসে প্রায় এক হাজার ডলার ব্যয় হয় তাঁর। হেলথ ইন্স্যুরেন্স বাবদ দিতে হয় ৫০০ ডলার। গাড়ির ইন্স্যুরেন্স ও গ্যাসের জন্য আরও ৫০০ ডলার খরচ হয়। মোবাইল ফোন, ইন্টারনেট এবং অন্যান্য ইউটিলিটি বিল মেটাতে লাগে আরও ৫০০ ডলার। সন্তানদের পেছনে খরচ হয় ৩০০ ডলার এবং অন্যান্য প্রয়োজনের জন্য রাখতে হয় ২০০ ডলার।   সব মিলিয়ে তাঁর মাসিক খরচ দাঁড়ায় প্রায় সাত হাজার ডলার। ফলে আট হাজার ডলার আয়ের মধ্যে অবশিষ্ট থাকে এক হাজার ডলার। তবে মহিমা জানিয়েছেন, এই হিসাবে তাঁর নিজের ব্যক্তিগত কেনাকাটা বা অন্যান্য ব্যক্তিগত ব্যয় অন্তর্ভুক্ত করা হয়নি। ফলে প্রকৃত সঞ্চয়ের পরিমাণ আরও কম হতে পারে। এটি তাঁর নিজের দেওয়া মাসিক বাজেটের হিসাব, স্বাধীনভাবে যাচাই করা আর্থিক বিবরণী নয়।   মহিমা যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতে থাকার সময়ের আর্থিক অবস্থারও তুলনা করেছেন। তিনি জানান, ভারতে থাকতে তাঁর বছরে আয় ছিল প্রায় ১৫ লাখ রুপি। বর্তমান আয়ের তুলনায় সেই অঙ্ক অনেক কম হলেও তখন তিনি আয়ের একটি উল্লেখযোগ্য অংশ সঞ্চয় করতে পারতেন। অন্যদিকে যুক্তরাষ্ট্রে আয় কয়েক গুণ বেড়েছে, কিন্তু বাড়ি, গাড়ি, ইন্স্যুরেন্স এবং দৈনন্দিন খরচের কারণে সঞ্চয়ের সুযোগ তুলনামূলকভাবে সীমিত হয়ে পড়েছে।   তাঁর অভিজ্ঞতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ভিন্নমতও দেখা গেছে। অনেকে জানিয়েছেন, যুক্তরাষ্ট্রে ভালো আয় করলেও বাড়ির মর্টগেজ, হেলথ ইন্স্যুরেন্স, গাড়ি ও সন্তানের খরচ মেটানোর পর খুব বেশি অর্থ অবশিষ্ট থাকে না। বিশেষ করে একটি পরিবারের সব খরচ এক ব্যক্তির আয়ের ওপর নির্ভর করলে আর্থিক চাপ আরও বাড়তে পারে।   তবে অন্য একটি অংশের যুক্তি, শুধু মাস শেষে কত ডলার অবশিষ্ট থাকছে, তা দিয়ে জীবনযাত্রার মান বিচার করা যায় না। মহিমার মতো যাঁরা নিজের বাড়ির মর্টগেজ পরিশোধ করছেন, তাঁদের মাসিক অর্থের একটি অংশ বাড়ির মালিকানার অংশ বা ইকুইটি তৈরিতেও ভূমিকা রাখতে পারে। বাড়ি ও গাড়ির সুবিধা, শিক্ষা, পরিবেশ এবং অন্যান্য সুযোগও জীবনযাত্রার মান নির্ধারণে গুরুত্বপূর্ণ। ফলে যুক্তরাষ্ট্রের আয়কে শুধু ভারতীয় রুপিতে রূপান্তর করে তুলনা করলে প্রকৃত আর্থিক পরিস্থিতি বোঝা কঠিন।   যুক্তরাষ্ট্রে বসবাসকারী বাংলাদেশিসহ দক্ষিণ এশিয়ার অনেক অভিবাসীর কাছেও এই অভিজ্ঞতা পরিচিত। কারণ দেশটিতে বেতন বেশি হলেও ফেডারেল ও স্টেট ট্যাক্স, বাসাভাড়া বা মর্টগেজ, হেলথ ইন্স্যুরেন্স, গাড়ির খরচ এবং সন্তানদের প্রয়োজন মেটাতে আয়ের বড় অংশ ব্যয় হতে পারে। তবে খরচের পরিমাণ নির্ভর করে কোন স্টেটে বসবাস করছেন, পরিবারের সদস্যসংখ্যা কত, বাড়ির ঋণ কত এবং পরিবারের মোট আয় কত, তার ওপর।   অর্থনৈতিকভাবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, বার্ষিক বেতন এবং হাতে পাওয়া অর্থ এক নয়। যুক্তরাষ্ট্রে চাকরির বেতন সাধারণত ট্যাক্স কাটার আগের অঙ্কে উল্লেখ করা হয়। সেখান থেকে ফেডারেল ইনকাম ট্যাক্স, প্রযোজ্য স্টেট ট্যাক্স, সোশ্যাল সিকিউরিটি ও মেডিকেয়ার ট্যাক্সসহ বিভিন্ন অর্থ কেটে নেওয়া হতে পারে। এ ছাড়া চাকরির মাধ্যমে হেলথ ইন্স্যুরেন্স বা রিটায়ারমেন্ট সেভিংসের অর্থও পেচেক থেকে কাটা হতে পারে। ফলে কাগজে বড় অঙ্কের বেতন দেখা গেলেও হাতে পাওয়া অর্থ তুলনামূলক কম হয়।   মহিমার এই অভিজ্ঞতা আবারও সামনে এনেছে যুক্তরাষ্ট্রে প্রবাসীদের আর্থিক বাস্তবতার একটি গুরুত্বপূর্ণ দিক। শুধু কত ডলার আয় হচ্ছে, তা নয়, সেই আয়ের কতটা প্রয়োজনীয় খরচে যাচ্ছে এবং মাস শেষে কতটা সঞ্চয় করা সম্ভব হচ্ছে, সেটিও সমান গুরুত্বপূর্ণ। একই বেতন নিয়ে যুক্তরাষ্ট্রের দুই শহরে বসবাসকারী পরিবারের আর্থিক অবস্থাও একেবারে ভিন্ন হতে পারে।   সূত্র: এনডিটিভি

প্রকাশ: নভেম্বর ১২, ২০২৬ ১০:৪২
নিউইয়র্কের ব্রুকলিনে তিনতলা ভবনধসে প্রাণ হারিয়েছেন ইকুয়েডর থেকে আসা ২৬ বছর বয়সী নির্মাণশ্রমিক হোসে লুইস কাগুয়ানা। ছবি: সংগৃহীত

নিউইয়র্কে ভবনধসে নিহত তরুণ প্রবাসী, সন্তান জন্মের আগেই স্বামীকে হারালেন অন্তঃসত্ত্বা স্ত্রী

যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলায় অন্তত ৫ জন গুলিবিদ্ধ, পুলিশের নিরাপত্তা অভিযান শুরু

যুক্তরাষ্ট্রে ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলায় অন্তত ৫ জন গুলিবিদ্ধ, পুলিশের নিরাপত্তা অভিযান শুরু

এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংকে নিজের প্রতিষ্ঠানে নিয়োগ দেওয়ার আগ্রহ প্রকাশ করেছেন মার্কিন ধনকুবের ইলন মাস্ক। ছবি: সংগৃহীত

চাকরিচ্যুত হওয়ার আশংকার মধ্যেই এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংকে চাকরি দিতে আগ্রহী ইলন মাস্ক

যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারীদের  নাগরিকত্ব পরীক্ষায় বিশেষ ছাড়, রয়েছে বাংলায় সিভিকস পরীক্ষা দেওয়ার সুযোগ
যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারীদের নাগরিকত্ব পরীক্ষায় বিশেষ ছাড়, রয়েছে বাংলায় সিভিকস পরীক্ষা দেওয়ার সুযোগ

যুক্তরাষ্ট্রের নাগরিকত্বের আবেদনকারীদের মধ্যে নির্দিষ্ট বয়স ও গ্রিন কার্ডের মেয়াদের শর্ত পূরণকারীরা ইংরেজি ভাষার পরীক্ষা থেকে ছাড় পেতে পারেন। মার্কিন সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)-এর নিয়ম অনুযায়ী, ৫০ বছর বা তার বেশি বয়সী কিছু গ্রিন কার্ডধারীকে নাগরিকত্বের জন্য ইংরেজি পড়া, লেখা ও বলার দক্ষতার পরীক্ষা দিতে হয় না। একই সুবিধা রয়েছে ৫৫ বছর বা তার বেশি বয়সী নির্দিষ্ট আবেদনকারীদের জন্যও। তবে এই ছাড় পেতে শুধু বয়সের শর্ত পূরণ করলেই হবে না, নির্দিষ্ট সময় ধরে যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা হিসেবে বসবাসের শর্তও পূরণ করতে হবে।   ৫০ বছর বয়সে কারা ছাড় পাবেন?   ইউএসসিআইএসের নিয়ম অনুযায়ী, নাগরিকত্বের জন্য এন-৪০০ আবেদন জমা দেওয়ার সময় কোনো ব্যক্তির বয়স কমপক্ষে ৫০ বছর হতে হবে এবং তাঁকে অন্তত ২০ বছর যুক্তরাষ্ট্রের বৈধ স্থায়ী বাসিন্দা বা গ্রিন কার্ডধারী হিসেবে বসবাস করতে হবে। এই শর্তকে বলা হয় '৫০/২০ এক্সেপশন'। শর্ত পূরণকারী আবেদনকারীকে ইংরেজি ভাষার পরীক্ষা দিতে হবে না। তবে যুক্তরাষ্ট্রের ইতিহাস ও সরকারব্যবস্থা সম্পর্কিত সিভিকস পরীক্ষা দিতে হবে। আবেদনকারী চাইলে এই পরীক্ষা নিজের পছন্দের ভাষায় দিতে পারবেন।   ৫৫ বছর বয়সীদের জন্য কী সুবিধা?   যেসব আবেদনকারীর বয়স ৫৫ বছর বা তার বেশি এবং অন্তত ১৫ বছর ধরে যুক্তরাষ্ট্রে গ্রিন কার্ডধারী হিসেবে বসবাস করছেন, তাঁরাও ইংরেজি পরীক্ষায় ছাড় পাবেন। এই নিয়মকে বলা হয় '৫৫/১৫ এক্সেপশন'। তাঁদের ইংরেজি পড়া, লেখা ও বলার পরীক্ষা দিতে হবে না। তবে সিভিকস পরীক্ষায় অংশগ্রহণ বাধ্যতামূলক থাকবে। পরীক্ষাটি বাংলাসহ নিজের পছন্দের ভাষায় দেওয়ার সুযোগ রয়েছে। এ জন্য আবেদনকারীকে একজন যোগ্য দোভাষী সঙ্গে নিতে হবে, যিনি ইংরেজি ও আবেদনকারীর ভাষায় দক্ষ।   ৬৫ বছর বয়সীদের জন্য আরও বিশেষ সুবিধা   ইউএসসিআইএস জানিয়েছে, নাগরিকত্বের আবেদন জমা দেওয়ার সময় কোনো ব্যক্তির বয়স কমপক্ষে ৬৫ বছর এবং গ্রিন কার্ডধারী হিসেবে বসবাসের মেয়াদ অন্তত ২০ বছর হলে তিনি অতিরিক্ত সুবিধা পাবেন। এটি '৬৫/২০ স্পেশাল কনসিডারেশন' নামে পরিচিত। এই আবেদনকারীদের ইংরেজি পরীক্ষার প্রয়োজন নেই। পাশাপাশি সিভিকস পরীক্ষার জন্য নির্ধারিত ২০টি বিশেষ প্রশ্নের মধ্য থেকে মাত্র ১০টি প্রশ্ন করা হবে। পরীক্ষায় উত্তীর্ণ হতে অন্তত ছয়টি প্রশ্নের সঠিক উত্তর দিতে হবে। চাইলে তাঁরা নিজের ভাষায় পরীক্ষাটি দিতে পারবেন।   নতুন নাগরিকত্ব পরীক্ষায় কী পরিবর্তন হয়েছে?   যুক্তরাষ্ট্রে ২০২৫ সালের ২০ অক্টোবর থেকে সংশোধিত সিভিকস পরীক্ষা কার্যকর হয়েছে। যাঁরা ওই তারিখে বা তার পরে এন-৪০০ আবেদন জমা দিয়েছেন, তাঁদের সাধারণ নিয়মে ১২৮টি প্রশ্নের তালিকা থেকে সর্বোচ্চ ২০টি প্রশ্ন করা হয়। এর মধ্যে অন্তত ১২টির সঠিক উত্তর দিতে হয়। অন্যদিকে ২০২৫ সালের ২০ অক্টোবরের আগে আবেদনকারীদের জন্য আগের পরীক্ষা বহাল রয়েছে, যেখানে ১০০টি প্রশ্নের তালিকা থেকে সর্বোচ্চ ১০টি প্রশ্ন করা হয় এবং ছয়টির সঠিক উত্তর দিতে হয়। তবে ৬৫/২০ শর্ত পূরণকারীদের জন্য উভয় পরীক্ষাব্যবস্থাতেই বিশেষ সংক্ষিপ্ত পরীক্ষার সুযোগ রয়েছে।   অসুস্থতা বা প্রতিবন্ধিতার কারণেও ছাড়ের সুযোগ   বয়স ছাড়াও নির্দিষ্ট শারীরিক, বিকাশগত বা মানসিক প্রতিবন্ধিতার কারণে ইংরেজি কিংবা সিভিকস পরীক্ষার শর্ত পূরণ করতে অক্ষম ব্যক্তিরা বিশেষ ছাড়ের আবেদন করতে পারেন। এ ক্ষেত্রে ইউএসসিআইএসের এন-৬৪৮ ফর্ম ব্যবহার করতে হয়। উপযুক্ত চিকিৎসকের মাধ্যমে প্রয়োজনীয় মেডিকেল সার্টিফিকেশন জমা দিতে হবে। পরিস্থিতি অনুযায়ী ইংরেজি পরীক্ষা, সিভিকস পরীক্ষা অথবা উভয়টি থেকে ছাড় দেওয়া হতে পারে। তবে শুধু অসুস্থতা বা প্রতিবন্ধিতা থাকলেই স্বয়ংক্রিয়ভাবে ছাড় পাওয়া যায় না। বিষয়টি ইউএসসিআইএস যাচাই করে সিদ্ধান্ত নেয়।   নাগরিকত্বের আবেদনের সাধারণ শর্ত   যুক্তরাষ্ট্রে সাধারণ প্রক্রিয়ায় ন্যাচারালাইজেশনের আবেদন করতে কমপক্ষে ১৮ বছর বয়সী হতে হয়। অধিকাংশ ক্ষেত্রে অন্তত পাঁচ বছর গ্রিন কার্ডধারী হিসেবে বসবাসের শর্ত রয়েছে। তবে মার্কিন নাগরিকের স্বামী বা স্ত্রীর ক্ষেত্রে নির্দিষ্ট শর্তে তিন বছর পর আবেদন করার সুযোগ রয়েছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে নির্ধারিত সময় শারীরিকভাবে উপস্থিত থাকা, ধারাবাহিক বসবাস, ভালো নৈতিক চরিত্র এবং অন্যান্য আইনগত যোগ্যতা পূরণ করতে হয়। ১৮ বছরের কম বয়সী সন্তানদের ক্ষেত্রে নাগরিকত্ব অর্জনের আলাদা আইনি বিধানও রয়েছে।   ইউএসসিআইএস আরও জানিয়েছে, বয়সভিত্তিক ইংরেজি পরীক্ষার ছাড় পাওয়ার অর্থ নাগরিকত্বের পুরো পরীক্ষা কিংবা ইন্টারভিউ থেকে অব্যাহতি নয়। আবেদনকারীর যোগ্যতা যাচাই, প্রয়োজনীয় সাক্ষাৎকার এবং নাগরিকত্ব গ্রহণের অন্যান্য নিয়ম বহাল থাকে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বয়স ও গ্রিন কার্ডধারী হিসেবে বসবাসের প্রয়োজনীয় মেয়াদ আবেদন জমা দেওয়ার সময় পূর্ণ থাকতে হবে। শুধু ২০ বছর যুক্তরাষ্ট্রে অবস্থান করলেই এই ছাড় পাওয়া যাবে না, সংশ্লিষ্ট সময় বৈধ স্থায়ী বাসিন্দা হিসেবে কাটানো থাকতে হবে।   যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ধরে বসবাসকারী অনেক বাংলাদেশি ইংরেজি ভাষায় দক্ষতার সীমাবদ্ধতার কারণে নাগরিকত্ব পরীক্ষার প্রস্তুতি নিয়ে উদ্বিগ্ন থাকেন। তাঁদের জন্য ৫০/২০, ৫৫/১৫ এবং ৬৫/২০ নিয়মগুলো গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করে। তবে নিজের বয়স, গ্রিন কার্ডের মেয়াদ ও অন্যান্য যোগ্যতা যাচাই না করে আবেদন করা উচিত নয়। আবেদনকারীরা ইউএসসিআইএসের সরকারি ওয়েবসাইটে নাগরিকত্ব পরীক্ষার ছাড় ও যোগ্যতার বিস্তারিত নিয়ম দেখে নিতে পারবেন।   সংবাদসূত্র: ইউএসসিআইএস, ইউএসএ ডট গভ, লেজিট ডট এনজি।

প্রকাশ: নভেম্বর ১২, ২০২৬ ৯:১৪
যুক্তরাষ্ট্রের ওপিটি কর্মসূচি নিয়ে নতুন নিয়মের প্রস্তাব আসায় বিদেশি শিক্ষার্থীদের মধ্যে কাজের সুযোগ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। ছবি: সংগৃহীত

নতুন নিয়মে যুক্তরাষ্ট্রে পড়াশোনা শেষে চাকরি পাওয়া কঠিন হতে পারে, প্রতিবাদে প্রায় ৬০০ শিক্ষাপ্রতিষ্ঠান

জাকারিয়া স্মিথ (বামে) এবং ড্যানিয়েল চেন

স্কুলজীবনে রোবোটিকস ও গবেষণায় কৃতিত্ব, এবার প্রেসিডেনশিয়াল স্কলার নির্বাচিত একই স্কুলের দুই শিক্ষার্থী

নিউইয়র্কের ব্রুকলিনের আর্টস কাউন্সিলে বছরে ৭০ হাজার ডলার বেতনে চাকরির সুযোগ

নিউইয়র্কের ব্রুকলিনের আর্টস কাউন্সিলে বছরে ৭০ হাজার ডলার বেতনে চাকরির সুযোগ

0 Comments