পুতিনের সঙ্গে বৈঠকে ‘কোনো চমক’ না রাখতে ট্রাম্পকে অনুরোধ জার্মান চ্যান্সেলরের
আগামী সপ্তাহে চীনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে ইউক্রেন ইস্যুতে প্রত্যাশিত বৈঠকে কোনো ধরনের অপ্রত্যাশিত সিদ্ধান্ত বা ‘চমক’ সৃষ্টি না করার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রতি আহ্বান জানিয়েছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্ৎস।
শুক্রবার (১৩ নভেম্বর) আয়ারল্যান্ডের ডাবলিনে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতাদের একটি বৈঠকের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জার্মান চ্যান্সেলর এই উদ্বেগের কথা জানান।
আগের একটি ট্রাম্প-পুতিন শীর্ষ সম্মেলনের প্রসঙ্গ টেনে ফ্রিডরিখ মের্ৎস বলেন, “ডাবলিনে উপস্থিত অনেকেরই আশঙ্কা, আসন্ন এই বৈঠকটি হয়তো আরেকটি ‘দ্বিতীয় অ্যাঙ্কোরেজ মুহূর্ত’-এ পরিণত হতে পারে।”
যুক্তরাষ্ট্রের প্রতি ইউরোপীয় মিত্রদের অবস্থান স্পষ্ট করে জার্মান চ্যান্সেলর আরও বলেন, “তাই আমি যুক্তরাষ্ট্রের উদ্দেশে আমাদের বার্তাটি অত্যন্ত স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই—দয়া করে কোনো চমক দেখাবেন না। ‘টিম ইউরোপ’ এবং ‘টিম ইউক্রেন’-এর অংশ হিসেবেই আপনাদের ভূমিকা অব্যাহত রাখুন।”
সূত্র: রয়টার্স।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।
আন্তর্জাতিক
View moreকৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) চালিত ভুয়া ভিডিও কল এবং পরিচয় চুরির অভিনব কৌশল ব্যবহার করে উত্তর কোরিয়ার রাষ্ট্রীয় মদদপুষ্ট হ্যাকাররা ৪০ কোটি (৪০০ মিলিয়ন) ডলারের বেশি অর্থ হাতিয়ে নিয়েছে। যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থা ফেডারেল ব্যুরো অব ইনভেস্টিগেশন (এফবিআই) এ তথ্য জানিয়েছে। এফবিআই জানায়, ‘ফেসস্টিলার’ (FaceStealer) নামক অত্যন্ত সুপরিকল্পিত এক ‘সোশ্যাল ইঞ্জিনিয়ারিং’ বা মনস্তাত্ত্বিক প্রতারণার ফাঁদ পেতে গত ১৮ মাসে এই বিপুল পরিমাণ অর্থ চুরি করেছে হ্যাকাররা। মূলত ক্রিপ্টোকারেন্সি এবং ওয়েব-থ্রি (Web3) খাতের সাথে যুক্ত ব্যক্তিদের লক্ষ্য করে এই সাইবার হামলা চালানো হচ্ছে। এর আগে চলতি মাসে ক্রিপ্টোকারেন্সি প্ল্যাটফর্ম ‘বাইন্যান্স’ (Binance) থেকে ৬০০ কোটি (৬ বিলিয়ন) ডলার চুরির ঘটনায় উত্তর কোরিয়ার সংশ্লিষ্ট হ্যাকারদের অভিযুক্ত করেছিল এফবিআই। তবে পিয়ংইয়ং বরাবরই এসব অভিযোগ অস্বীকার করে আসছে। এফবিআইয়ের সাইবার শাখার অপারেশন ডিরেক্টর ব্রেট লেদারম্যান বলেন, "উত্তর কোরিয়ার শাসকগোষ্ঠী তাদের অবৈধ অস্ত্র কর্মসূচির তহবিল জোগাতে বড় আকারের ক্রিপ্টোকারেন্সি চুরির ওপর নির্ভর করে এবং সাম্প্রতিক বছরগুলোতে তারা এভাবে বিলিয়ন বিলিয়ন ডলার হাতিয়ে নিয়েছে।" যেভাবে কাজ করে ‘ফেসস্টিলার’ ফাঁদ: তদন্তকারীদের মতে, এই চক্রের হ্যাকাররা প্রথমে ভুক্তভোগীর পরিচিত কোনো ব্যক্তির ছদ্মবেশ ধারণ করে। এরপর বিশ্বাস অর্জনের জন্য এআই-চালিত ডিপফেক (Deepfake) ভিডিও ব্যবহার করে ভুক্তভোগীকে একটি ভিডিও মিটিংয়ে আমন্ত্রণ জানায়। ভিডিও কল চলাকালীন হ্যাকাররা ইচ্ছাকৃতভাবে ‘ভুয়া যান্ত্রিক ত্রুটি’র (Fake technical error) নাটক সাজায় এবং সমস্যা সমাধানের কথা বলে ভুক্তভোগীকে একটি নির্দিষ্ট লিংকে ক্লিক করতে বা কোনো প্রম্পট গ্রহণ করতে বলে। আর তাতেই ভুক্তভোগীর ডিভাইসে ক্ষতিকর ম্যালওয়্যার (Malware) ইনস্টল হয়ে যায়। পরবর্তীতে ওই ডিভাইস থেকে ভুক্তভোগীর কন্টাক্ট লিস্ট, সোশ্যাল মিডিয়া এবং যোগাযোগের অ্যাপগুলোর নিয়ন্ত্রণ নিয়ে হ্যাকাররা তার ছদ্মবেশে পরবর্তী শিকার ধরার কাজ শুরু করে। এফবিআইয়ের লস অ্যাঞ্জেলেস ফিল্ড অফিসের সহকারী পরিচালক প্যাট্রিক গ্র্যান্ডি এই ঝুঁকির বিষয়ে সতর্ক করে বলেন, "ফেসস্টিলার এমন এক কার্যকর প্রতারণা কৌশল, যা অত্যন্ত দক্ষ প্রযুক্তিবিদ এবং নিরাপত্তা সচেতন কম্পিউটার ব্যবহারকারীদেরও সহজেই ধোঁকা দিতে সক্ষম। এটি জনপ্রিয় ভিডিও কনফারেন্স প্ল্যাটফর্ম এবং ব্যক্তিগত সম্পর্কের প্রতি আমাদের বিশ্বাসের সুযোগ নেয়। আপনি যদি ভাবেন যে আপনি এর শিকার হতে পারেন না, তবে আপনি যথেষ্ট সৃজনশীলভাবে চিন্তা করছেন না।" এদিকে তদন্তের অংশ হিসেবে ‘ফেসস্টিলার’ প্রতারণার শিকার হওয়া ভুক্তভোগীদের ৯০০টিরও বেশি ওয়েবক্যাম ভিডিও জব্দ করেছে বলে জানিয়েছে এফবিআই। সূত্র: এএফপি।
পুতিনের সঙ্গে বৈঠকে ‘কোনো চমক’ না রাখতে ট্রাম্পকে অনুরোধ জার্মান চ্যান্সেলরের
হেলিকপ্টার প্রকৌশলী থেকে জার্মানির প্রথম নারী প্রেসিডেন্ট: ইতিহাস গড়তে যাচ্ছেন ইলসে আইগনার
মেয়াদ শেষেও ইরানের সরকার টিকে থাকলে তা নিজের পরাজয় হিসেবে দেখবেন ট্রাম্প
ক্ষমতা হারানোর চরম ঝুঁকিতে থাকা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নিজের রাজনৈতিক ভবিষ্যৎ রক্ষার্থে নতুন এক কৌশল বেছে নিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের বিরুদ্ধে ভয় ও শঙ্কা (ইরানোফোবিয়া) ও মুসলিমবিদ্বেষ ছড়িয়ে রাজনৈতিক টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছেন তিনি। বিশ্লেষকদের মতে, নেতানিয়াহু ভালো করেই জানেন যে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তিনি ক্ষমতা থেকে বিদায় নেওয়ার দ্বারপ্রান্তে রয়েছেন। ফলে এই সংকট কাটাতে তিনি সংঘাত দীর্ঘায়িত করার পথ বেছে নিয়েছেন। বিরোধী দলগুলোর ওপর চাপ সৃষ্টি করতে এবং একটি জাতীয় ঐক্য সরকার গঠন করতে বাধ্য করতে তিনি ইরান ইস্যুকে হাতিয়ার হিসেবে ব্যবহার করছেন। ইসরায়েলি গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, নতুন করে ইরানের ওপর সামরিক হামলার পক্ষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর প্রতিনিয়ত চাপ দিয়ে যাচ্ছেন নেতানিয়াহু। তবে দেশটির সামরিক বাহিনী এবং একাংশ এর বিরোধিতা করে সতর্ক করেছে যে, এ ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যে আরও বড় আঞ্চলিক সংঘাতের জন্ম দিতে পারে। বিশ্লেষক অ্যারন ব্রেগম্যান মন্তব্য করেছেন, নেতানিয়াহু বর্তমানে মরিয়া হয়ে উঠেছেন। তিনি জানেন যে একটি বড় ধরনের সংকট বা যুদ্ধই কেবল তাকে রাজনৈতিক পতন থেকে রক্ষা করতে পারে। সূত্র: আল জাজিরা।
এনভিডিয়া কেলেঙ্কারিতে চাপে হোয়াইট হাউস: সরিয়ে দেয়া হতে পারে বাণিজ্যমন্ত্রী লুটনিককে
মার্কিন ডলারের দাপটে জাপানি ইয়েনের বড় ধস, মুদ্রাবাজারে কঠোর পদক্ষেপের সতর্কবার্তা
হাসিনাকে ফেরাতে বাংলাদেশ থেকে সামরিক বিমান পাঠানোর পরামর্শ ভারতের সাবেক হাইকমিশনারের
বিশ্বের অন্যতম বৃহৎ প্রযুক্তি প্রতিষ্ঠান এনভিডিয়ার সহপ্রতিষ্ঠাতা জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিতর্কের মধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনায় এসেছেন তাঁর স্ত্রী লরি হুয়াং। প্রায় চার দশকের দাম্পত্য জীবন, স্বামীর ব্যবসায়িক উত্থানের সময় পরিবারের ভূমিকা এবং অন্য এক নারীর সঙ্গে জেনসেনের সম্পর্কের খবর ঘিরে ব্যাপক আলোচনা চলছে। বিশেষ করে লরি হুয়াং ও ব্যবসায়ী অ্যালিস হুয়াংয়ের পাশাপাশি ছবি প্রকাশ করে তাঁদের তুলনা করার প্রবণতা নিয়ে সমালোচনা শুরু হয়েছে। এর মধ্যেই ছড়িয়ে পড়েছে একটি আবেগঘন গল্প, যেখানে দাবি করা হচ্ছে, এনভিডিয়াকে আর্থিক সংকট থেকে বাঁচাতে একসময় নিজের বিয়ের আংটি বিক্রি করেছিলেন লরি। তবে এই দাবির পক্ষে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি লেখায় লরি হুয়াংয়ের দীর্ঘ দাম্পত্য জীবন ও পরিবারের প্রতি অবদান তুলে ধরা হয়। সেখানে প্রশ্ন তোলা হয়েছে, একজন নারী জীবনের গুরুত্বপূর্ণ সময়গুলো স্বামীর পাশে কাটানোর পর কেন তাঁকে অন্য একজন নারীর সঙ্গে বাহ্যিক সৌন্দর্যের বিচারে তুলনা করা হবে। লেখাটিতে লরির ত্যাগ ও পারিবারিক দায়িত্বের কথা তুলে ধরে দাম্পত্য সম্পর্কে ভালোবাসা, বিশ্বস্ততা ও পারস্পরিক সম্মানের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়েছে। জেনসেন ও লরি হুয়াংয়ের পরিচয় হয়েছিল যুক্তরাষ্ট্রের ওরেগন স্টেট ইউনিভার্সিটিতে পড়াশোনার সময়। দুজনেই ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী ছিলেন। বিশ্ববিদ্যালয়ের একটি ল্যাবরেটরি ক্লাসে তাঁরা একসঙ্গে কাজ করার সুযোগ পান। সেখান থেকেই তাঁদের পরিচয় ও পরবর্তী সময়ে সম্পর্কের সূচনা। ১৯৮৫ সালে তাঁরা বিয়ে করেন। তাঁদের দুই সন্তান রয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত তথ্য অনুযায়ী, জেনসেন নিজের জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে লরির সঙ্গে প্রথম পরিচয়ের কথা উল্লেখ করেছেন। বিয়ের আট বছর পর, ১৯৯৩ সালে অন্য দুই সহপ্রতিষ্ঠাতাকে নিয়ে এনভিডিয়া প্রতিষ্ঠা করেন জেনসেন হুয়াং। বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হিসেবে পরিচিত হলেও শুরুর বছরগুলোতে কোম্পানিটিকে বড় ধরনের আর্থিক ও প্রযুক্তিগত সংকটের মুখোমুখি হতে হয়েছিল। বিশেষ করে প্রথম দিকের গ্রাফিকস প্রযুক্তি বাজারে প্রত্যাশিত সাফল্য না পাওয়ায় প্রতিষ্ঠানটির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছিল। সেই সময় জেনসেনের ব্যক্তিগত সঞ্চয় ও ব্যবসার জন্য সংগ্রহ করা মূলধনের বড় অংশ শেষ হয়ে যায়। এমন পরিস্থিতিতে লরি নিজের বিয়ের আংটি বিক্রি করে এনভিডিয়াকে রক্ষা করেছিলেন বলে সামাজিক যোগাযোগমাধ্যমে দাবি করা হচ্ছে। তবে ১০ নভেম্বর প্রকাশিত আইবি টাইমসের একটি তথ্য যাচাই প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনার সমর্থনে কোনো নির্ভরযোগ্য সাক্ষাৎকার, প্রতিষ্ঠানের নথি কিংবা প্রত্যক্ষ প্রমাণ পাওয়া যায়নি। এনভিডিয়ার শুরুর দিকের সংকট কাটিয়ে ওঠার ইতিহাসে বরং জাপানি ভিডিও গেম প্রতিষ্ঠান সেগার আর্থিক সহযোগিতার তথ্য রয়েছে। ফলে আংটি বিক্রির গল্পটি নিশ্চিত ঘটনা হিসেবে প্রচারের সুযোগ নেই। তবে জেনসেনের দীর্ঘ ব্যবসায়িক যাত্রায় লরি হুয়াংয়ের পারিবারিক ও সামাজিক ভূমিকার তথ্য বিভিন্ন নির্ভরযোগ্য সূত্রে পাওয়া যায়। ওরেগন স্টেট ইউনিভার্সিটির প্রকাশিত তথ্য অনুযায়ী, লরি নিজেও একজন ইঞ্জিনিয়ার এবং বর্তমানে জেন-সুন অ্যান্ড লরি হুয়াং ফাউন্ডেশনের প্রেসিডেন্ট। এই ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষা, জনস্বাস্থ্য, বিজ্ঞান ও প্রযুক্তি খাতে বিভিন্ন উদ্যোগে সহায়তা দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়টির গবেষণা কার্যক্রম সম্প্রসারণেও এই দম্পতি উল্লেখযোগ্য আর্থিক অনুদান দিয়েছেন। এদিকে জেনসেন হুয়াংয়ের সঙ্গে সিঙ্গাপুরভিত্তিক প্রযুক্তি প্রতিষ্ঠানের নির্বাহী অ্যালিস হুয়াংয়ের ব্যক্তিগত সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আসার পর নতুন করে বিতর্ক তৈরি হয়। ৮ নভেম্বর এনভিডিয়ার কর্মীদের উদ্দেশে দেওয়া এক বিবৃতিতে স্ত্রীর প্রতি অবিশ্বস্ত থাকার কথা স্বীকার করে ক্ষমা চান জেনসেন। তিনি বলেন, তাঁর কর্মকাণ্ডে স্ত্রী ও সন্তানরা কষ্ট পেয়েছেন এবং এর সম্পূর্ণ দায় তাঁর নিজের। পরিবারের ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোরও আহ্বান জানান তিনি। অ্যালিস হুয়াংয়ের সঙ্গে সম্পর্ককে কেন্দ্র করে জাতীয় নিরাপত্তাসংক্রান্ত উদ্বেগও তৈরি হয়। মার্কিন গোয়েন্দাদের সন্দেহ, অ্যালিস চীনা গোয়েন্দা কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পারেন। তবে এই অভিযোগ আদালতে প্রমাণিত হয়েছে, এমন তথ্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে এনভিডিয়ার পরিচালনা পর্ষদ স্বাধীন তদন্ত শুরু করে। পরবর্তী সময়ে ১২ নভেম্বর জেনসেন হুয়াং প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়ান। রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, তাঁর আরও একাধিক ব্যক্তিগত সম্পর্কের তথ্যও প্রকাশ্যে এসেছে। এই পরিস্থিতিতে লরি ও অ্যালিসের ছবি পাশাপাশি রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে যে তুলনা করা হচ্ছে, তা নিয়েও বিতর্ক দেখা দিয়েছে। সমালোচকদের বক্তব্য, একজন নারীর দীর্ঘ দাম্পত্য জীবন, পরিবারের প্রতি দায়িত্ব এবং ব্যক্তিগত অবদানকে শুধু বয়স ও বাহ্যিক সৌন্দর্যের ভিত্তিতে বিচার করা অনুচিত। একই সঙ্গে যাচাই ছাড়া আবেগঘন গল্প ছড়িয়ে দেওয়াও বিভ্রান্তি তৈরি করতে পারে। লরি হুয়াং অবশ্য স্বামীর সাম্প্রতিক বিতর্ক কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে তাঁকে নিয়ে চলা আলোচনা সম্পর্কে প্রকাশ্যে কোনো বক্তব্য দিয়েছেন বলে নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি। ফলে তাঁর ব্যক্তিগত অনুভূতি বা ভবিষ্যৎ সিদ্ধান্ত নিয়ে নিশ্চিত কিছু বলার সুযোগ নেই। জেনসেন হুয়াংয়ের ব্যক্তিগত জীবন নিয়ে চলমান এই আলোচনা প্রযুক্তি দুনিয়ার একটি বড় করপোরেট বিতর্কের পাশাপাশি দাম্পত্য সম্পর্ক, দীর্ঘদিনের পারিবারিক অবদান এবং নারীর প্রতি সামাজিক দৃষ্টিভঙ্গির প্রশ্নও সামনে এনেছে। তবে লরির আংটি বিক্রির গল্পের মতো যাচাই না হওয়া দাবিকে প্রতিষ্ঠিত ইতিহাস থেকে আলাদা রাখার বিষয়টিও সমান গুরুত্বপূর্ণ। সূত্র: রয়টার্স
হিন্দু প্রতিবেশীকে মা ডাকতেন, সেই মায়ের শেষকৃত্যও করলেন কেরালার দুই মুসলিম ভাই
রুশ রাজপরিবারের ঐতিহাসিক স্যাফায়ার ব্রোচ নিলামে বিক্রি হলো ৬০ কোটি টাকায়