আমেরিকায় ৪ কোটি পাউন্ড খাবার পচে একাকার, গন্ধে টিকতে পারছে না মানুষ!
আমেরিকার লস অ্যাঞ্জেলেসের বয়েল হাইটস এলাকার একটি বিশাল কোল্ড স্টোরেজে (হিমাগার) সপ্তাহব্যাপী ভয়াবহ অগ্নিকাণ্ডের পর এখন এক অদ্ভুত ও মারাত্মক সংকটে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। আগুনে হিমাগারটির প্রায় ৪ কোটি পাউন্ড হিমায়িত খাবার (মাংস, মাছ ও সবজি) নষ্ট হয়ে গেছে। বিদ্যুৎহীন অবস্থায় এগুলো এখন প্রচণ্ড গরমে পচতে শুরু করায় পুরো এলাকা জুড়ে লাশের মতো দুর্গন্ধ ছড়িয়ে পড়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এই পুতিগন্ধময় পরিবেশের কারণে তাদের শ্বাস নেওয়াই কঠিন হয়ে পড়েছে।
গত ১৭ জুন ৫ লাখ বর্গফুটের এই বিশাল গুদামটিতে আগুন লাগে। প্রায় এক সপ্তাহ ধরে জ্বলতে থাকা এই আগুন নেভাতে ফায়ার সার্ভিসের লাখ লাখ গ্যালন পানি ব্যবহারের পর গত বুধবার আগুন নিয়ন্ত্রণে আসে। আগুনে হিমাগারে থাকা সাড়ে ৮ কোটি পাউন্ড খাবারের মধ্যে অর্ধেকই পুড়ে ছাই হয়ে গেছে এবং বাকি অংশ ফ্রিজিং ব্যবস্থা না থাকায় পচে গেছে। হিমাগারের ঠিক এক ব্লক দূরে থাকা কেলভিন ভাসকুয়েজ নামের এক বাসিন্দা জানান, "এখানকার গন্ধটা একদম কোনো মরা পশুর বা লাশের গন্ধের মতো। গত কয়েকদিন ধরে এখানকার মানুষেরা মাথাব্যথা, গলাব্যথা এবং বমি বমি ভাবসহ নানা শারীরিক সমস্যায় ভুগছেন।"
হিমাগারটি লিজ নিয়ে পরিচালনা করত 'লিনেজ লজিস্টিকস' নামের একটি কোল্ড-স্টোরেজ কোম্পানি। তারা এলাকা পরিষ্কার করার জন্য একটি বেসরকারি সংস্থাকে দায়িত্ব দিলেও এই বিপুল পরিমাণ পচা খাবার কীভাবে এবং কোথায় ফেলা হবে, তা এখনো নিশ্চিত করতে পারেনি লস অ্যাঞ্জেলেসের স্বাস্থ্য বিভাগ। লস অ্যাঞ্জেলেসের মেয়র কারেন ব্যাস এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, এই ঘটনার পেছনে যারা দায়ী তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং দ্রুত বর্জ্য অপসারণের জন্য তিনি একটি নির্বাহী আদেশে সই করবেন।
প্রাথমিক তদন্তে জানা গেছে, হিমাগারের ছাদে থাকা বিশাল সোলার প্যানেলে পরীক্ষার কাজ চলার সময় এই আগুনের সূত্রপাত হয়। লিনেজ লজিস্টিকস এই ঘটনার জন্য সোলার কোম্পানি 'আল্টাস পাওয়ার'-কে দায়ী করেছে। উল্লেখ্য, দুই বছর আগেও এই ভবনের সোলার প্যানেলে আগুন লেগেছিল, কিন্তু সে যাত্রায় বড় কোনো ক্ষতি হয়নি। এই ভয়াবহ দুর্ঘটনাস্থলের চারপাশের রাস্তাঘাট এখন পুড়ে যাওয়া খাবার এবং নোংরা পানির স্রোতে ভেসে যাচ্ছে, যা দ্রুত পরিষ্কার না করলে বড় ধরনের স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে। এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে। ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে। অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে। যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন। বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর। যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক। হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে। এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি। তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।
আমেরিকা
View moreযুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের সান দিয়েগো শহরে অভিবাসন কর্তৃপক্ষের হেফাজতে নেওয়া হয়েছে আট বছর বয়সী এক হাইতিয়ান শিশুকে। এর আগে শিশুটির বাবাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কার করা হয়েছিল। বাবার দেশছাড়ার পর শিশুটি তার চাচার সঙ্গে বসবাস করছিল। অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, গত ৪ নভেম্বর অভিবাসন ও শুল্ক প্রয়োগকারী সংস্থার কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ পেয়ে শিশুটিকে নিয়ে সেখানে যান তার চাচা। পরে কর্মকর্তারা শিশুটিকে হেফাজতে নেন। শিশুটির চাচা তাঁর আইনগত অভিভাবক ছিলেন না। শিশুটিকে হেফাজতে নেওয়ার ঘটনায় স্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠান ও মানবাধিকারকর্মীদের মধ্যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। সান দিয়েগো ইউনিফায়েড স্কুল ডিস্ট্রিক্টের সুপারিনটেনডেন্ট ফাবি বাগুলা এবং শিক্ষা বোর্ডের সদস্যরা প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের কাছে চিঠি লিখে বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। চিঠিতে তাঁরা বলেন, পারিবারিক পরিস্থিতির কারণে কোনো শিশুর শিক্ষা গ্রহণের সুযোগ হারানো উচিত নয়। শিশুটিকে হেফাজতে নেওয়ার ফলে সে পরিবার, স্থানীয় সমাজ এবং বিদ্যালয়ের সহায়তা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছে বলেও তাঁরা উল্লেখ করেন। অন্যদিকে, অভিবাসন কর্তৃপক্ষ তাদের পদক্ষেপের পক্ষে অবস্থান নিয়েছে। শিশুটির আইনি প্রতিনিধিত্বের ব্যবস্থা করতে সহায়তাকারী একটি হাইতিয়ান গির্জার যাজক জনি অক্সেদা জানিয়েছেন, আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোনোর ফলে শিশুটি শেষ পর্যন্ত উপকৃত হতে পারে। তবে মানবাধিকারকর্মীরা এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন। হাইতিয়ান ব্রিজ অ্যালায়েন্সের নির্বাহী পরিচালক গারলিন জোসেফ শিশুটির আটকের সমালোচনা করে বলেছেন, এটি শিশুর সুরক্ষা নয়; বরং তার ওপর রাষ্ট্রীয়ভাবে মানসিক আঘাত সৃষ্টি করা হচ্ছে। ঘটনাটি যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিতে শিশু ও পরিবারগুলোর অবস্থান নিয়ে নতুন করে আলোচনা তৈরি করেছে। বিশেষ করে যেসব অভিবাসী পরিবারে বাবা-মায়ের একজন বহিষ্কৃত হয়েছেন এবং সন্তান অন্য আত্মীয়ের সঙ্গে বসবাস করছে, তাদের আইনি অভিভাবকত্ব ও অভিবাসনসংক্রান্ত পরিস্থিতি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তবে শিশুটির বিরুদ্ধে কোনো অপরাধের অভিযোগের কথা প্রতিবেদনে উল্লেখ করা হয়নি। তার হেফাজতে থাকার বিষয়টি নিয়ে স্থানীয় শিক্ষা কর্তৃপক্ষ ও মানবাধিকারকর্মীরা প্রশাসনের কাছে উদ্বেগ জানিয়েছেন।
ইরানের ভয়ে বাড়ি ছেড়ে সামরিক ঘাঁটিতে পালালেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট
শীতের জ্বালানি বিল কমাতে নিউইয়র্কে সর্বোচ্চ ১ হাজার ৮৬ ডলারের সরকারি সহায়তা
২০২৭ সালের স্বাস্থ্যবিমায় নিবন্ধন শুরু, ১৫ ডিসেম্বরের মধ্যে আবেদন করলে জানুয়ারি থেকেই মিলবে সুবিধা
যুক্তরাষ্ট্রে ভেটেরান্স ডে উপলক্ষে বুধবার (১১ নভেম্বর) নিউইয়র্ক সিটির ম্যানহাটনে অনুষ্ঠিত হচ্ছে বার্ষিক ভেটেরান্স ডে প্যারেড। এ উপলক্ষে পঞ্চম অ্যাভিনিউসহ আশপাশের কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচলে বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ফলে কর্মস্থল, ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা ব্যক্তিগত কাজে ম্যানহাটনে যাতায়াতকারীদের বাড়তি সময় হাতে নিয়ে বের হওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। নিউইয়র্ক সিটির সরকারি অনুষ্ঠানসূচি অনুযায়ী, প্যারেডটি দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলার কথা। পঞ্চম অ্যাভিনিউয়ের ২৬ নম্বর সড়ক এলাকা থেকে শুরু হয়ে ম্যানহাটনের উত্তর দিকে এগোবে এই আয়োজন। এবারের প্যারেডের গ্র্যান্ড মার্শাল হিসেবে দায়িত্ব পালন করছেন নাসার সাবেক নভোচারী ও মার্কিন নৌবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা সুনিতা উইলিয়ামস। প্যারেডের আগে সকাল ১০টা ৫৫ মিনিটে ম্যাডিসন স্কয়ার পার্কে পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে সামরিক বাহিনীর সাবেক সদস্য, সরকারি কর্মকর্তা এবং বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। নিউইয়র্কের স্থানীয় সংবাদমাধ্যম এবিসি৭ জানিয়েছে, এবারের আয়োজনে বিভিন্ন সামরিক বাহিনীর সদস্য, সাবেক সেনাসদস্য, ব্যান্ড দল, সংগঠন ও অন্যান্য অংশগ্রহণকারী মিছিল করবেন। প্রতিবছর হাজার হাজার মানুষ এই আয়োজন দেখতে পঞ্চম অ্যাভিনিউ এলাকায় জড়ো হন। প্যারেডের কারণে ম্যানহাটনের কয়েকটি সড়কে সাময়িক যান চলাচল বন্ধ বা নিয়ন্ত্রিত থাকতে পারে। বিশেষ করে পঞ্চম অ্যাভিনিউ ও আশপাশের এলাকায় গাড়ি নিয়ে চলাচলকারীদের বিকল্প রাস্তা ব্যবহারের প্রয়োজন হতে পারে। বাসের রুটেও পরিবর্তন আসতে পারে। তাই যাত্রার আগে এমটিএর সর্বশেষ পরিবহনসংক্রান্ত ঘোষণা দেখে নেওয়া ভালো। ভেটেরান্স ডে উপলক্ষে নিউইয়র্কে সরকারি অফিস, আদালত ও মোটরযান বিভাগের মতো কিছু প্রতিষ্ঠান বন্ধ রয়েছে। সরকারি ছুটির কারণে যুক্তরাষ্ট্রের ডাক বিভাগেও নিয়মিত ডাক বিতরণ বন্ধ। তবে বেসরকারি কুরিয়ার প্রতিষ্ঠানের কার্যক্রম তাদের নিজস্ব ছুটির সময়সূচি অনুযায়ী চলবে। নিউইয়র্ক সিটিতে আজ বিকল্প পাশের পার্কিংয়ের নিয়ম স্থগিত থাকলেও পার্কিং মিটারের নিয়ম কার্যকর রয়েছে। অর্থাৎ রাস্তার পাশে গাড়ি রাখার ক্ষেত্রে মিটার চালু থাকলে নির্ধারিত ফি দিতে হবে। স্কুলও সরকারি ছুটির কারণে বন্ধ রয়েছে। নিউইয়র্কে বসবাসরত বাংলাদেশি কর্মজীবী, শিক্ষার্থী, ব্যবসায়ী ও পরিবারগুলোর জন্য এসব তথ্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে যাঁরা ম্যানহাটনে কাজে যাচ্ছেন, সরকারি অফিসে যাওয়ার পরিকল্পনা করেছেন কিংবা ডাকযোগে চিঠি ও পার্সেল পাঠানোর কথা ভাবছেন, তাঁদের আগে থেকেই সময়সূচি যাচাই করা উচিত। প্যারেডটি সবার জন্য উন্মুক্ত এবং বিনা মূল্যে দেখা যাবে। যারা সরাসরি উপস্থিত হতে পারবেন না, তারা এবিসি৭-এর টেলিভিশন ও অনলাইন সম্প্রচারেও অনুষ্ঠানটি দেখতে পারবেন।
বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের মানহানি মামলার শুনানিতে রাজি ফ্লোরিডার আদালত
ট্রাম্পের নীতিতে পরিবর্তনের ইঙ্গিত, নির্বাচনের পরও যুক্তরাষ্ট্রজুড়ে অভিবাসী আটক অভিযান অব্যাহত
ব্রাজিল থেকে মানব পাচার: মার্কিন আদালতে দোষ স্বীকার বাংলাদেশি নাগরিকের
যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জন এফ কেনেডির স্বজনরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি মেগা প্রজেক্টের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন। আর্লিংটন ন্যাশনাল সিমেটারিতে ট্রাম্প প্রশাসনের প্রস্তাবিত ২৫০ ফুট (৭৬ মিটার) উঁচু বিশাল স্মৃতিস্তম্ভ আর্চ (স্মৃতি খিলান) নির্মাণ বন্ধ করার অনুরোধ জানিয়ে আদালতের কাছে আবেদন করেছেন বিখ্যাত কেনেডি রাজনৈতিক পরিবারের ৯ জন সদস্য। কেনেডি পরিবারের সদস্যদের অভিযোগ, আর্লিংটন জাতীয় সমাধিতে কেনেডি পরিবারের প্রয়াত সদস্যদের সমাধিস্থলের ওপর বিশাল এই কাঠামোর দীর্ঘ ছায়া পড়বে। তাদের মতে, এই ছায়া সমাধিতে আসা দর্শনার্থীদের অভিজ্ঞতায় স্থায়ী পরিবর্তন আনবে এবং শ্রদ্ধাস্থলটির পরিবেশ নষ্ট করবে। আর্চ নির্মাণ ঠেকানোর দাবিতে আগে থেকে চলমান দুটি মামলায় যুক্ত হতে একটি মোশন ফাইল করেছেন তারা। যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট বিচারক তানিয়া চুটকান সম্প্রতি আগামী ১৪ দিনের জন্য এই স্মৃতিস্তম্ভটির প্রাথমিক নির্মাণকাজের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন। মামলা দায়েরকারী কেনেডি পরিবারের এই ৯ সদস্য হলেন রবার্ট এফ কেনেডি এবং এডওয়ার্ড এম কেনেডির সন্তান ও নাতি-নাতনি। তারা দুজনই ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট জন এফ কেনেডির ভাই এবং মার্কিন সিনেটর। আর্লিংটন সমাধিতে প্রেসিডেন্ট কেনেডির সমাধির 'চিরন্তন শিখা'র (Eternal Flame) কাছেই এই দুই ভাইয়ের সমাধি অবস্থিত। প্রতি বছর লাখ লাখ দর্শনার্থী ঐতিহাসিক এই তিন স্মৃতিসৌধ দেখতে এসে থাকেন। কেনেডি পরিবারের আইনজীবীরা আদালতে জানান, এই বিশাল আর্চটি নির্মিত হলে তা সমাধিস্থলগুলোর মূল মর্যাদা চিরতরে ক্ষুণ্ণ করবে। কেনেডি পরিবারের পক্ষে মামলাটি লড়ছেন ওয়াশিংটনের অভিজ্ঞ আইনজীবী নরম আইজেন এবং 'ডেমোক্রেসি ডিফেন্ডার্স ফান্ড'। অন্যদিকে, হোয়াইট হাউসের মুখপাত্র ডেভিস ইঙ্গল কেনেডি পরিবারের এই পদক্ষেপের সমালোচনা করেছেন। এক বিবৃতিতে তিনি বলেন, "আর্লিংটন সমাধিতে শায়িত বীরদের সম্মান জানাতে এই প্রকল্পটি নেওয়া হয়েছে। সেখানে কেনেডি পরিবারের কিছু সদস্যের এই মামলার সঙ্গে যুক্ত হওয়া দুঃখজনক। জাতিকে ঐক্যবদ্ধ করার একটি স্মৃতিস্তম্ভ নিয়ে রাজনীতি করার জন্য বিচার বিভাগকে ব্যবহার করা উচিত নয়।" উল্লেখ্য, ট্রাম্প প্রশাসনের স্বাস্থ্য ও মানবসেবা বিষয়ক মন্ত্রী রবার্ট এফ কেনেডি জুনিয়র কেনেডি পরিবারের সদস্য হলেও তিনি এই মামলায় যোগ দেননি। ট্রাম্পের সঙ্গে রাজনৈতিকভাবে যুক্ত হওয়ায় পরিবারের অন্য সদস্যদের সঙ্গে তার দূরত্ব রয়েছে। সূত্র: অ্যাসোসিয়েটেড প্রেস
যুক্তরাষ্ট্রে ক্ষমতার পালাবদল, বাংলাদেশের অর্থনীতি ও পোশাক খাতে স্বস্তি ফিরবে?
ট্রাম্প ও পুতিনের গোপন ডিজেল চুক্তি নিয়ে তীব্র বিতর্ক ও সমালোচনা হচ্ছে কেন?