আমেরিকায় বৈধভাবে আসার ও থাকার নিয়মগুলো আরও কঠিন করছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার তার এই কড়া নিয়মের খড়্গ পড়েছে এমন এক দলের ওপর, যারা এতদিন বেশ সুবিধাজনক অবস্থানে থাকতেন। তারা হলেন—আমেরিকান নাগরিকদের বিদেশি (নন-সিটিজেন) স্বামী অথবা স্ত্রী।
সাধারণত কোনো আমেরিকান নাগরিককে বিয়ে করলে তার বিদেশি সঙ্গী সহজেই গ্রিন কার্ড বা নাগরিকত্ব পেয়ে যেতেন এবং তাদের তাড়া করার ভয় থাকত না। কিন্তু ট্রাম্প প্রশাসন গত বছর ক্ষমতায় আসার পর থেকে পরিস্থিতি বদলে গেছে। এখন বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা সাময়িক বন্ধ রাখা হয়েছে, গ্রিন কার্ডের ইন্টারভিউতে করা হচ্ছে অত্যন্ত কঠিন ও জটিল প্রশ্ন, এবং অবৈধভাবে থাকা মানুষদের দেশ থেকে বের করে দেওয়ার (ডিপোর্টেশন) নিয়ম আরও জোরালো করা হয়েছে।
এর ফলে অনেকেই এখন গ্রেফতার বা দেশ থেকে বের করে দেওয়ার ভয়ে ইমিগ্রেশন বিভাগের মুখোমুখি হতেও ভয় পাচ্ছেন। 'আমেরিকান ফ্যামিলিজ ইউনাইটেড' নামের একটি সংস্থার প্রধান জানান, এই আতঙ্কের কারণে অনেক বিদেশি সঙ্গী নিজেই দেশ ছেড়ে চলে যাচ্ছেন। বর্তমানে আমেরিকার ভেতরে ও বাইরে মিলিয়ে প্রায় ১৭ লাখ মানুষ এই সংকটে পড়ে তাদের সাহায্য চেয়েছেন।
আমেরিকান ইমিগ্রেশন লয়ার্স অ্যাসোসিয়েশনের পরিচালক শারভারী দালাল-ধেইনি বলেন, "আইন অনুযায়ী আমেরিকান নাগরিকদের স্বামী-স্ত্রীরা সবসময় বিশেষ সুবিধা পেতেন। তাদের জন্য কোনো কোটা বা সংখ্যার সীমা থাকত না। কিন্তু বর্তমান প্রশাসন তাদের সাধারণ আর ১০ জন অবৈধ অভিবাসীর মতোই দেখছে।"
এদিকে ইমিগ্রেশন বিভাগের (USCIS) মুখপাত্র জ্যাক কাহলার স্পষ্ট জানিয়ে দিয়েছেন, আমেরিকানদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই কড়া যাচাই-বাছাই। তিনি সাফ বলেন, কোনো মার্কিন নাগরিককে বিয়ে করলেই কেউ স্বয়ংক্রিয়ভাবে পার পেয়ে যাবেন না। যারা নিয়ম না মেনে ভিসা ছাড়া দেশে ঢুকেছেন বা মেয়াদের চেয়ে বেশি দিন ধরে আছেন, তাদের ‘অবৈধ’ হিসেবেই ধরা হবে এবং প্রয়োজনে দেশ থেকে বের করে দেওয়া হবে।
আইনজীবীরা তাই সতর্ক করে বলছেন, আমেরিকানদের বিদেশি জীবনসঙ্গীদের এখন থেকে আর ভাবার সুযোগ নেই যে বিয়ে করলেই আমেরিকায় থাকার শতভাগ অধিকার নিশ্চিত হয়ে যায়। এই নতুন কড়াকড়ির কারণে হাজার হাজার সাধারণ পরিবার এখন চরম অনিশ্চয়তায় দিন কাটাচ্ছেন।
সূত্র: এনপিআর (NPR)
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন। মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়। তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।” ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে। প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন। ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন। প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল। মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি। রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।
যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে। এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি। উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।” বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে। এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে। শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়। উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন। বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত। এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।
২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো। প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে। এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে। অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে। স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে। সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে। সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক মর্মান্তিক ও লোমহর্ষক ঘটনার জন্ম দিয়েছে দুই তরুণী বোন। দিনদুপুরে ক্যারোলিন ‘কারো’ পেনা নামের ৩২ বছর বয়সী এক নারীকে কুপিয়ে হত্যার অভিযোগে তাদের গ্রেপ্তার করেছে পুলিশ। নিহত নারী পাঁচ সন্তানের জননী ছিলেন। তবে সবচেয়ে শিউরে ওঠার মতো বিষয় হলো, গ্রেপ্তারের সময় অভিযুক্তদের চেহারায় অনুশোচনার সামান্যতম ছাপ তো ছিলই না, উল্টো তাদের মুখে পৈশাচিক হাসি দেখা গেছে। মেক্সিকো সীমান্তের কাছের শহর দেল রিও থেকে বৃহস্পতিবার বিকেলে পুলিশ তাদের হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এই দৃশ্য ক্যামেরায় ধরা পড়ে। আরও পড়ুন... ‘ফোনটা ধরতে পারলে হয়তো তাকে বাঁচাতে পারতাম’- টেক্সাসে পাঁচ সন্তানের মাকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা, দুই বোনসহ তিনজন গ্রেপ্তার পুলিশ সূত্রে জানা যায়, নিহত ক্যারোলিনকে বৃহস্পতিবার স্থানীয় সময় দুপুর ২টার পরপরই গুরুতর জখম অবস্থায় ভাল ভার্দে রিজিওনাল মেডিকেল সেন্টারে নেওয়া হয়। তার শরীরে একাধিক ছুরিকাঘাতের চিহ্ন ছিল। ঘটনাস্থলের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, একটি সনিক ড্রাইভ-থ্রু রেস্তোরাঁর বাইরে রক্তাক্ত অবস্থায় ক্যারোলিন তার তিন হামলাকারীর মুখোমুখি দাঁড়িয়ে আছেন। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য সান আন্তোনিওর একটি হাসপাতালে নেওয়া হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। খবর পেয়ে পুলিশ দ্রুত হাসপাতালে পৌঁছায় এবং প্রায় ৩৫ হাজার বাসিন্দার শহর দেল রিওতে অভিযান চালিয়ে হামলাকারীদের শনাক্ত করে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া গ্রেপ্তারের একটি ভিডিও ফুটেজে দেখা যায়, ২১ বছর বয়সী কিটি মিয়া দিয়াজ খালি পায়ে হেঁটে যাওয়ার সময় পুলিশের গাড়িতে ওঠার আগে মৃদু হাসছেন। কিটি নিজেও এক শিশুপুত্রের মা। অন্যদিকে, তার ১৯ বছর বয়সী ছোট বোন আমায়া কুকি দিয়াজ ক্যামেরার দিকে তাকিয়ে নির্লজ্জভাবে দাঁত বের করে হাসতে থাকেন। ▶️ টেক্সাসে নিজের মাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করেছে দুই মেয়ে | এমনকি ভিডিও ধারণকারীকে ব্যঙ্গাত্মক সুরে ‘রেকর্ড করা বন্ধ করো’ বলেও চিৎকার করতে শোনা যায় তাকে। দেল রিও পুলিশ জানিয়েছে, এই নৃশংস হত্যাকাণ্ডের ঘটনায় ২১ বছর বয়সী কায়ান্দ্রা রেনি ফাজ নামের তৃতীয় আরেক নারীকেও গ্রেপ্তার করা হয়েছে। তবে ঠিক কী কারণে এই নারকীয় হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, সে বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য প্রকাশ করেনি।
বাংলাদেশের আবাসন শিল্পে এক নতুন ইতিহাস রচিত হলো। রাজধানীর তেজগাঁও শিল্প এলাকায় নির্মিত দেশের প্রথম ৪০ তলা বিশিষ্ট আকাশচুম্বী বাণিজ্যিক ভবন ‘শান্তা পিনাকল’ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছে শান্তা হোল্ডিংস। ৫০০ ফুট উচ্চতার এই আইকনিক ভবনটি এখন দেশের সর্বোচ্চ সম্পন্ন হওয়া ইমারত। গত শনিবার (১৮ এপ্রিল) ভবনের ৪০তম তলায় আয়োজিত এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এটি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের চেয়ারম্যান খন্দকার মনির উদ্দিন, ব্যবস্থাপনা পরিচালক, স্থপতি এহসান খানসহ প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা, ভূমি মালিক এবং গ্রাহকরা উপস্থিত ছিলেন। স্থাপত্যশৈলী ও আধুনিক প্রযুক্তি:‘শান্তা পিনাকল’ শুধুমাত্র উচ্চতার কারণেই অনন্য নয়, বরং এটি আধুনিক নির্মাণশৈলী ও প্রযুক্তির এক অনন্য সমন্বয়। এটি বাংলাদেশের প্রথম ভবন যা পরিবেশবান্ধব স্থাপত্যের জন্য আন্তর্জাতিক ‘লিড প্ল্যাটিনাম’ (LEED Platinum) স্বীকৃতি পেয়েছে। সিঙ্গাপুরভিত্তিক বিখ্যাত ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠান ‘মেইনহার্ট’ (Meinhardt) এর সহায়তায় ভবনটির স্ট্রাকচারাল ডিজাইন এবং ভূমিকম্প প্রতিরোধক ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। বিশেষ বৈশিষ্ট্যসমূহ: উন্নত লিফট ব্যবস্থা: ভবনটিতে রয়েছে ৮টি দ্রুতগামী লিফট, যা প্রতি সেকেন্ডে ৪ মিটার উচ্চতায় উঠতে সক্ষম। এটি দেশের দ্রুততম ভার্টিক্যাল ট্রান্সপোর্ট ব্যবস্থা। পরিবেশ ও সুরক্ষা: ভবনে ব্যবহৃত হয়েছে ৩৬ মিমি পুরুত্বের ডাবল গ্লেজড গ্লাস, যা তাপ ও শব্দ নিরোধক। এছাড়া এটি দেশের প্রথম ‘উইন্ড টানেল টেস্ট’ করা ভবন, যা প্রতিকূল আবহাওয়ায় এর স্থায়িত্ব নিশ্চিত করে। আইবিএমএস প্রযুক্তি: পুরো ভবনটি একটি ইন্টেলিজেন্ট বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম (iBMS) দ্বারা পরিচালিত, যা সার্বক্ষণিক নিরাপত্তা ও জ্বালানি সাশ্রয় নিশ্চিত করবে। অগ্নি নিরাপত্তা: আন্তর্জাতিক এনএফপিএ (NFPA) স্ট্যান্ডার্ড অনুসরণ করে এখানে অত্যাধুনিক অগ্নিনির্বাপক ব্যবস্থা স্থাপন করা হয়েছে। অনুষ্ঠানে শান্তা হোল্ডিংসের পক্ষ থেকে জানানো হয়, ‘শান্তা পিনাকল’ হস্তান্তর দেশের রিয়েল এস্টেট খাতের সক্ষমতার এক বড় প্রমাণ। এটি শুধুমাত্র তেজগাঁও নয়, বরং পুরো ঢাকার বাণিজ্যিক পরিবেশকে বিশ্বমানের স্তরে নিয়ে যাবে। দেশের ইতিহাসে প্রথমবার অ্যালুমিনিয়াম ফর্মওয়ার্ক ব্যবহারের মাধ্যমে মাত্র সাত দিনে এক একটি তলার ছাদ ঢালাইয়ের রেকর্ড গড়ে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা হয়েছে। ঢাকার আকাশসীমায় নতুন এই ল্যান্ডমার্ক দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি এবং আধুনিক নগরায়নের এক শক্তিশালী প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।
আমেরিকার টেনেসি অঙ্গরাজ্যের মেমফিস শহরে এক ২০ বছর বয়সী তরুণকে গুলি করে হত্যা করেছে মার্কিন সামরিক বাহিনী ‘ন্যাশনাল গার্ড’-এর সদস্যরা। নিহত তরুণের নাম টাইরিন জনসন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন ও ট্রাম্প সরকারের মাঝে নতুন করে রাজনৈতিক উত্তেজনা শুরু হয়েছে। টেনেসি ব্যুরো অব ইনভেস্টিগেশন (টিবিআই) জানিয়েছে, রোববার ভোর ৪টার দিকে মেমফিস শহরে গোলাগুলির খবর পেয়ে ন্যাশনাল গার্ডের একটি দল সেখানে পৌঁছায়। এরপর তারা টাইরিনকে ধাওয়া করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কর্তৃপক্ষের দাবি, ধাওয়া করার একপর্যায়ে টাইরিন ঘুরে দাঁড়িয়ে সেনা সদস্যদের দিকে পিস্তল তাক করেন। আত্মরক্ষার্থে ন্যাশনাল গার্ডের দুজন চিকিৎসা বিশেষজ্ঞ সেনা সদস্য তাকে লক্ষ্য করে গুলি চালান। গুলি লাগার পর সেনা দলের চিকিৎসকরা টাইরিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার চেষ্টা করলেও তিনি ঘটনাস্থলেই মারা যান। টাইরিনের পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তার বুকে দুটি গুলি করা হয়েছে। নিহত তরুণ টেনেসি স্টেট ইউনিভার্সিটির ছাত্র এবং এক সন্তানের জনক ছিলেন। পরিবারের ব্যবসা দেখাশোনার পাশাপাশি নিজের ভবিষ্যৎ গড়ার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। ডেমোক্র্যাটদের পরিচালিত শহরগুলোতে অপরাধ দমনের দোহাই দিয়ে গত বছরের অক্টোবরে ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে টেনেসি অঙ্গরাজ্যের গভর্নর বিল লি বিতর্কিতভাবে সেখানে ন্যাশনাল গার্ড মোতায়েন করেছিলেন। মেমফিস শহরের ডেমোক্র্যাট মেয়র পল ইয়ং শুরু থেকেই এই সেনা মোতায়েনের বিরোধিতা করে আসছিলেন। স্থানীয় প্রশাসনের দাবি, ট্রাম্পের এই বিশেষ টাস্কফোর্স মেমফিস শহরে ভীতিকর পরিবেশ তৈরি করতে এবং সাধারণ মানুষকে হেনেস্তা করতে 'অতিরিক্ত শক্তি' প্রয়োগ করছে। আদালতের নিষেধাজ্ঞার কারণে মাঝে কিছুদিন সেনা টহল বন্ধ থাকলেও গত এপ্রিল মাসে আপিল বিভাগের রায়ে তা পুনরায় শুরু হয়। মেমফিস শহরে সেনা মোতায়েন হওয়ার পর থেকে এ পর্যন্ত তাস্কফোর্সের গুলিতে অন্তত চারজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে, যা ট্রাম্প প্রশাসনের এই সেনা নীতিকে আরও বিতর্কিত করে তুলেছে।
আমেরিকায় সরকারের ফ্রি স্বাস্থ্যসেবা বা মেডিক্যারের আওতায় বিনামূল্যে ওষুধ পাবেন ভেবে চরম বিপাকে পড়েছেন হাজার হাজার প্রবীণ নাগরিক। কোনো আগাম নোটিশ ছাড়াই তাদের ফ্রি ড্রাগ প্ল্যান বা ওষুধের বীমার প্রিমিয়াম (মাসিক কিস্তি) হঠাৎ বাড়িয়ে দেয় বীমা কোম্পানিগুলো। আর এই নতুন বিলের কথা জানতে না পেরে মাত্র কয়েক ডলার বকেয়া থাকার অপরাধে প্রায় ১ লাখ ৪০ হাজার গ্রাহকের আজীবন ও ফ্রি চিকিৎসা সুবিধা বাতিল করে দিয়েছে ‘ওয়েলকেয়ার’ নামের একটি বড় বীমা প্রতিষ্ঠান। ভুক্তভোগীদের একজন ৭৭ বছর বয়সী জুড পারে। স্ট্রোক ও হার্টের ঝুঁকি এড়াতে তাকে নিয়মিত অত্যন্ত দামি রক্ত পাতলা করার ওষুধ খেতে হয়। তিনি জানতেনই না যে তার ফ্রি ড্রাগ প্ল্যানের প্রিমিয়াম হঠাৎ বেড়ে মাসে কয়েক ডলার হয়েছে। তিন মাস পর তিনি জানতে পারেন, মাত্র ২৮.৮০ ডলার বকেয়া থাকায় তার পুরো স্বাস্থ্যবীমাটিই বাতিল করা হয়েছে। এখন নতুন নিয়ম অনুযায়ী, ২০২৭ সালের আগে তিনি আর নতুন কোনো প্ল্যানে যোগ দিতে পারবেন না। ফলে যে ওষুধ তিনি ফ্রিতে পেতেন, এখন কুপন ব্যবহার করেও ৩ মাসের জন্য তার খরচ পড়বে ১,৮০০ ডলার (প্রায় ২ লাখ ১০ হাজার টাকা)। যুক্তরাষ্ট্রের রোগ নিয়ন্ত্রণ ও প্রতিরোধ কেন্দ্রের তথ্য অনুযায়ী, মেডিক্যারের সুবিধা নেওয়া প্রায় ৯০ শতাংশ প্রবীণ মানুষকে নিয়মিত একাধিক জীবনরক্ষাকারী ওষুধ খেতে হয়। ওয়েলকেয়ার-এর ‘ভ্যালু স্ক্রিপ্ট’ হলো আমেরিকার সবচেয়ে জনপ্রিয় ড্রাগ প্ল্যান, যার গ্রাহক সংখ্যা প্রায় ৬০ লাখ। কিন্তু ২০২৬ সালে এসে হঠাৎ করেই ২৬টি অঙ্গরাজ্য ও ওয়াশিংটন ডিসিতে এই ফ্রি প্ল্যানগুলোর ওপর সামান্য প্রিমিয়াম ধার্য করা হয়। নেভাডাতে মাত্র ৮.১০ ডলারের জন্য এবং নর্থ ক্যারোলাইনায় মাত্র ৩.৬০ ডলারের জন্য বহু মানুষের ফ্রি কার্ড বাতিল করা হয়েছে। সবচেয়ে বড় জটিলতা তৈরি হয়েছে সোশ্যাল সিকিউরিটি বা সামাজিক নিরাপত্তা ভাতার পেমেন্ট সিস্টেমে। অনেক প্রবীণ মানুষ ভাবতেন তাদের ব্যাংক বা সরকারি ভাতা থেকে টাকা স্বয়ংক্রিয়ভাবে কেটে নেওয়া হবে। কিন্তু ২০১৫ সালে যখন প্ল্যানটি একদম ফ্রি ছিল, তখন এই স্বয়ংক্রিয়ভাবে টাকা কাটার নিয়মটি বন্ধ হয়ে যায়। ফলে ২০২৬ সালে এসে যখন নতুন বিল আসে, তখন গ্রাহকদের অজান্তেই তা বকেয়া হিসেবে জমতে থাকে। হতাশ গ্রাহকেরা ক্রেডিট কার্ড নিয়ে বকেয়া টাকা পরিশোধ করতে চাইলেও বীমা কোম্পানিগুলো তা গ্রহণ করছে না এবং সরাসরি কার্ড বাতিল করে দিচ্ছে। ইমিগ্রেশন ও সামাজিক সুরক্ষার কড়া নিয়মের মাঝে আমেরিকার লাখ লাখ সাধারণ ও অবসরপ্রাপ্ত মানুষ এখন জীবনরক্ষাকারী ওষুধের খরচ চালানো নিয়ে চরম দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। সূত্র: কেএফএফ হেলথ নিউজ
বিশ্বখ্যাত মার্কিন প্রতিরক্ষা সরঞ্জাম উৎপাদনকারী প্রতিষ্ঠান লকহিড মার্টিন সোমবার সাবমেরিন বা ডুবোজাহাজ বিধ্বংসী প্রযুক্তিতে বিশেষজ্ঞ প্রতিষ্ঠান ‘আল্ট্রা মেরিটাইম’ কিনে নেওয়ার চূড়ান্ত চুক্তি স্বাক্ষর করেছে। দুই দেশের প্রতিরক্ষা খাতের এই বিশাল ব্যবসায়িক চুক্তিটির আর্থিক মূল্য নির্ধারণ করা হয়েছে ৩ ৪৫ বিলিয়ন মার্কিন ডলার। এর মাধ্যমে সমুদ্রের তলদেশে সামরিক সক্ষমতা আরও বাড়াবে লকহিড মার্টিন। আল্ট্রা মেরিটাইম মূলত বিভিন্ন দেশের নৌবাহিনীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল সামরিক ব্যবস্থা তৈরি এবং সরবরাহ করে থাকে। তাদের উৎপাদিত পণ্যের তালিকায় রয়েছে আধুনিক সোনার প্রযুক্তি, সোনোবয়া, টর্পেডো প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার সলিউশন এবং স্বয়ংক্রিয় সামুদ্রিক সেন্সিং প্ল্যাটফর্মের মতো বিশ্বমানের প্রযুক্তি। লকহিড মার্টিনের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই অধিগ্রহণের ফলে ডুবোজাহাজ এবং সাবমেরিন বিধ্বংসী যুদ্ধক্ষেত্রে তাদের সামগ্রিক শক্তি অনেক বৃদ্ধি পাবে। বিশেষ করে আল্ট্রা মেরিটাইমের তৈরি সোনোবয়া, টানা সোনার অ্যারে এবং জাহাজের নিচে বসানো সোনার লাইনের মতো পণ্যগুলো এখন সরাসরি লকহিড মার্টিনের নিয়ন্ত্রণে চলে আসবে। লকহিড মার্টিন রোটারি অ্যান্ড মিশন সিস্টেমসের প্রেসিডেন্ট স্টেফানি সি হিল বলেন, এই চুক্তির ফলে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তাদের সহযোগী দেশগুলোর নৌবাহিনীর কাছে আরও উন্নত মানের সাবমেরিন বিধ্বংসী প্রযুক্তি পৌঁছে দেওয়া সম্ভব হবে। আল্ট্রা মেরিটাইমের আন্তর্জাতিক বাজার এবং রপ্তানিযোগ্য পণ্যগুলো লকহিড মার্টিনের বর্তমান সামুদ্রিক প্রতিরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে। চুক্তির সমস্ত আনুষ্ঠানিকতা এবং আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর আল্ট্রা মেরিটাইম আনুষ্ঠানিকভাবে লকহিড মার্টিনের ‘রোটারি অ্যান্ড মিশন সিস্টেমস’ ব্যবসায়িক খাতের একটি অংশ হিসেবে তাদের কার্যক্রম পরিচালনা করবে। আধুনিক নৌ প্ল্যাটফর্মের জন্য এই দুই জায়ান্টের একত্রীকরণ সামরিক বাজারে বড় পরিবর্তন আনবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।