সাপ্তাহিক আমেরিকা বাংলা ই-পেপার
আমেরিকা

মানুষের উপকারের জন্য দান করে নিজ দেহ, সেই অঙ্গ থেকেই ৪ জনের শরীরে ছড়াল মরণব্যাধি ক্যানসার

আমেরিকা বাংলা ডেস্ক প্রকাশ: নভেম্বর ১০, ২০২৬ ৯:১১
এক নারীর অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে চার গ্রহীতার শরীরে ছড়িয়ে পড়ে স্তন ক্যানসার। ছবি: সংগৃহীত
এক নারীর অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে চার গ্রহীতার শরীরে ছড়িয়ে পড়ে স্তন ক্যানসার। ছবি: সংগৃহীত

একজনের অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে নতুন জীবন পেয়েছিলেন পাঁচজন গুরুতর অসুস্থ মানুষ। কিন্তু সেই অঙ্গই চারজনের শরীরে ছড়িয়ে দেয় প্রাণঘাতী স্তন ক্যানসার। শেষ পর্যন্ত তাঁদের মধ্যে তিনজন মারা যান। ২০০৭ সালে মারা যাওয়া ৫৩ বছর বয়সী এক নারীর অঙ্গ থেকে ক্যানসার ছড়িয়ে পড়ার এই বিরল ঘটনা উঠে আসে ২০১৮ সালে প্রকাশিত একটি চিকিৎসা গবেষণায়। দীর্ঘদিন পর একাধিক অঙ্গগ্রহীতার শরীরে একই উৎস থেকে ক্যানসার শনাক্ত হওয়ার ঘটনাটি চিকিৎসাবিজ্ঞানে বিশেষ গুরুত্ব পায়।

 

চিকিৎসাবিষয়ক সাময়িকী আমেরিকান জার্নাল অব ট্রান্সপ্লান্টেশনে প্রকাশিত গবেষণা অনুযায়ী, ২০০৭ সালে মস্তিষ্কে রক্তক্ষরণে ওই নারীর মৃত্যু হয়। মৃত্যুর পর তাঁর হৃদ্‌যন্ত্র, দুটি কিডনি, ফুসফুস ও যকৃত পাঁচজন রোগীর শরীরে প্রতিস্থাপন করা হয়। অঙ্গ সংগ্রহের আগে চিকিৎসকেরা তাঁর শারীরিক পরীক্ষা, রক্ত পরীক্ষা, বুকের এক্সরে, আলট্রাসাউন্ডসহ প্রয়োজনীয় পরীক্ষা করেছিলেন। কিন্তু কোথাও ক্যানসারের অস্তিত্ব পাওয়া যায়নি। তাঁর আগের চিকিৎসা ইতিহাসেও ক্যানসারের কোনো তথ্য ছিল না। ফলে অঙ্গদানের জন্য তাঁকে উপযুক্ত হিসেবে বিবেচনা করা হয়েছিল।

 

প্রথম বিপদের লক্ষণ দেখা দেয় অঙ্গ প্রতিস্থাপনের প্রায় ১৬ মাস পর। ২০০৮ সালের আগস্টে ৪২ বছর বয়সী এক নারী, যিনি ওই দাতার ফুসফুস পেয়েছিলেন, শারীরিক জটিলতা নিয়ে হাসপাতালে ভর্তি হন। পরীক্ষা করে তাঁর শরীরে ক্যানসার শনাক্ত হয়। পরবর্তী পরীক্ষায় ফুসফুসের পাশাপাশি হাড় ও যকৃতেও ক্যানসার ছড়িয়ে পড়ার প্রমাণ পাওয়া যায়। চিকিৎসকেরা প্রথমে এর উৎস সম্পর্কে নিশ্চিত ছিলেন না। পরে ডিএনএ পরীক্ষায় জানা যায়, ক্যানসারের কোষগুলো ওই অঙ্গদাতার শরীর থেকেই এসেছে। চিকিৎসা চললেও ২০০৯ সালের আগস্টে ওই নারী মারা যান।

 

এরপর একই দাতার অঙ্গ পাওয়া অন্য রোগীদেরও পর্যবেক্ষণে রাখা হয়। তাঁদের মধ্যে ৬২ বছর বয়সী এক নারী পেয়েছিলেন বাঁ কিডনি। প্রথম দিকে তাঁর শরীরে ক্যানসারের কোনো লক্ষণ পাওয়া যায়নি। কিন্তু প্রতিস্থাপনের প্রায় ছয় বছর পর শারীরিক দুর্বলতা, ওজন কমে যাওয়া এবং রক্তে ক্যালসিয়ামের মাত্রা বেড়ে যাওয়ার মতো সমস্যা দেখা দেয়। পরীক্ষায় দেখা যায়, ক্যানসার তাঁর যকৃত, হাড় ও শরীরের বিভিন্ন অঙ্গে ছড়িয়ে পড়েছে। রোগ শনাক্ত হওয়ার প্রায় দুই মাস পর তাঁর মৃত্যু হয়। অন্যদিকে, ৫৯ বছর বয়সী এক নারীর শরীরে প্রতিস্থাপন করা যকৃতে ২০১১ সালে ক্যানসার ধরা পড়ে। চিকিৎসকেরা পুনরায় যকৃত প্রতিস্থাপনের প্রস্তাব দিলেও তিনি তাতে রাজি হননি। পরবর্তী সময়ে ক্যানসার ছড়িয়ে পড়লে ২০১৪ সালে তিনিও মারা যান।

 

তবে চারজন ক্যানসার আক্রান্তের মধ্যে একজন বেঁচে যান। তিনি ছিলেন ৩২ বছর বয়সী এক পুরুষ, যিনি ওই নারীর ডান কিডনি পেয়েছিলেন। ২০১১ সালে তাঁর প্রতিস্থাপিত কিডনিতে ক্যানসার শনাক্ত হয়। তত দিনে শরীরের অন্যান্য অংশেও ক্যানসার ছড়িয়ে পড়েছিল। চিকিৎসকেরা তাঁর প্রতিস্থাপিত কিডনি অপসারণ করেন এবং চিকিৎসার অংশ হিসেবে রোগ প্রতিরোধক্ষমতা কমানোর ওষুধ বন্ধ করেন। এরপর কেমোথেরাপিসহ ক্যানসারের চিকিৎসা দেওয়া হয়। ২০১২ সালের আগস্টে তাঁর শরীরে ক্যানসার সম্পূর্ণ নিয়ন্ত্রণে আসার প্রমাণ পাওয়া যায়। গবেষণায় উল্লেখ করা হয়, ২০১৭ সালের এপ্রিল পর্যন্ত সর্বশেষ ফলোআপেও তাঁর শরীরে ক্যানসারের অস্তিত্ব পাওয়া যায়নি।

 

একই দাতার হৃদ্‌যন্ত্র পাওয়া পঞ্চম রোগী অবশ্য ক্যানসারে আক্রান্ত হওয়ার আগেই মারা যান। অঙ্গ প্রতিস্থাপনের পাঁচ মাস পর সেপসিস বা গুরুতর সংক্রমণজনিত জটিলতায় তাঁর মৃত্যু হয়েছিল। গবেষণায় তাঁর মৃত্যুর সঙ্গে দাতার ক্যানসারের কোনো সম্পর্ক পাওয়া যায়নি। ফলে পাঁচজন অঙ্গগ্রহীতার মধ্যে চারজনের শরীরে দাতার ক্যানসার ছড়িয়ে পড়ার বিষয়টি নিশ্চিত হয়। গবেষকেরা জানান, একজন অঙ্গদাতার কাছ থেকে চারজনের শরীরে এভাবে স্তন ক্যানসার ছড়িয়ে পড়ার ঘটনা আগে চিকিৎসা গবেষণায় নথিভুক্ত হয়নি।

 

গবেষকদের ধারণা, অঙ্গদাতার শরীরে হয়তো এমন কিছু ক্যানসার কোষ ছিল, যা সাধারণ পরীক্ষায় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রতিস্থাপনের মাধ্যমে সেই কোষগুলো নতুন রোগীদের শরীরে প্রবেশ করে। সাধারণত অঙ্গ প্রতিস্থাপনের পর রোগীদের শরীর যাতে নতুন অঙ্গ প্রত্যাখ্যান না করে, সে জন্য রোগ প্রতিরোধক্ষমতা কমানোর ওষুধ দেওয়া হয়। গবেষকদের মতে, এই পরিস্থিতিতে আগে থেকে উপস্থিত ক্যানসার কোষ বেড়ে ওঠার সুযোগ পেয়ে থাকতে পারে। তবে ঠিক কীভাবে ওই নারীর শরীর থেকে চারজনের মধ্যে ক্যানসার ছড়িয়েছিল, তার সম্পূর্ণ প্রক্রিয়া নিশ্চিত করা সম্ভব হয়নি।

 

গবেষণাটিতে উল্লেখ করা হয়, অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে ক্যানসার ছড়িয়ে পড়ার ঝুঁকি অত্যন্ত কম। গবেষকদের উদ্ধৃত তথ্য অনুযায়ী, প্রতি ১০ হাজার অঙ্গ প্রতিস্থাপনে এমন ঘটনা প্রায় এক থেকে পাঁচটির মধ্যে সীমিত থাকতে পারে। 


© America Bangla | All Rights Reserved. আমেরিকা বাংলার পূর্বানুমতি ছাড়া এই প্রতিবেদনের লেখা, ছবি, গ্রাফিক্স বা অন্যান্য মৌলিক কনটেন্ট সম্পূর্ণ বা আংশিকভাবে কপি বা পুনঃপ্রকাশ করা নিষিদ্ধ। অনুমোদিত ব্যবহারের ক্ষেত্রে আমেরিকা বাংলা কে স্পষ্টভাবে সোর্স হিসেবে উল্লেখ করতে হবে।

জনপ্রিয় সংবাদ
জৈবিক বাবার সঙ্গে নিষিদ্ধ সম্পর্কে জড়িয়ে দোষ স্বীকার, মাত্র এক বছরের সাজায় ক্ষুব্ধ পরিবার

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় নিজের জৈবিক বাবার সঙ্গে যৌন সম্পর্কের ঘটনায় দোষ স্বীকার করা এক ব্যক্তিকে মাত্র এক বছরের কারাদণ্ড দেওয়ায় নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। আদালতের এই রায়ে অসন্তোষ প্রকাশ করে ভুক্তভোগী তরুণীর মা ক্যালিফোর্নিয়ার যৌন অপরাধ-সংক্রান্ত আইন আরও কঠোর করার দাবি জানিয়েছেন।   মার্কিন সংবাদমাধ্যম দ্য ক্যালিফোর্নিয়া পোস্ট-কে দেওয়া সাক্ষাৎকারে ক্যারোলিনা স্যান্ডোভাল বলেন, তার মেয়ে মাকাইলা রেনে সেটলসের নামে নতুন আইন প্রণয়ন করা উচিত, যাতে ভবিষ্যতে এ ধরনের মামলায় আরও কঠোর শাস্তি নিশ্চিত করা যায়।   তিনি বলেন, “এটি কোনোভাবেই ন্যায়বিচার নয়। আমি আইন পরিবর্তনের জন্য লড়াই করব, যাতে আর কোনো পরিবারকে আমাদের মতো পরিস্থিতির মধ্য দিয়ে যেতে না হয়।”   ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয়ের তথ্য অনুযায়ী, ১৮ বছর বয়সী মাকাইলা রেনে সেটলস ২০২৫ সালের জুলাই মাসে নর্থ ক্যারোলিনা থেকে ক্যালিফোর্নিয়ার মুরপার্কে তার জৈবিক বাবা স্টিফেন ভিনসেন্ট শাভেজের কাছে থাকতে যান। পরিবারের ভাষ্য অনুযায়ী, তিনি কলেজে ভর্তি হয়ে নতুন জীবন শুরু করার পরিকল্পনা করেছিলেন। তবে সেখানে যাওয়ার মাত্র কয়েক দিনের মধ্যেই ঘটনাটি ঘটে।   প্রসিকিউটরদের অভিযোগ, একটি পারিবারিক অনুষ্ঠানে মদ্যপানের পর শাভেজ বাড়িতে ফেরার পথে আরও মদ কেনেন। পরে বাড়িতে তিনি তার মেয়ের সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করেন। ঘটনার পর মাকাইলাকে হাসপাতালে নেওয়া হয় এবং তদন্ত শুরু হয়। চিকিৎসা পরীক্ষায় অভিযুক্তের ডিএনএর উপস্থিতিও নিশ্চিত হয়। ২০২৫ সালের ডিসেম্বরে, ঘটনার প্রায় পাঁচ মাস পর মাকাইলা আত্মহত্যা করেন।   ৪১ বছর বয়সী স্টিফেন ভিনসেন্ট শাভেজ ২০২৬ সালের মে মাসে ‘ফেলনি ইনসেস্ট’ এবং অপ্রাপ্তবয়স্ককে মদ সরবরাহের অভিযোগে দোষ স্বীকার করেন। তিনি আদালতে আরও স্বীকার করেন যে, একজন বাবা হিসেবে বিশ্বাসের অবস্থানের অপব্যবহার করেছেন এবং ভুক্তভোগী বিশেষভাবে অসহায় অবস্থায় ছিলেন।   প্রসিকিউটররা তার বিরুদ্ধে সর্বোচ্চ তিন বছরের অঙ্গরাজ্য কারাদণ্ড চাইলেও আদালত তাকে এক বছরের ভেনচুরা কাউন্টি জেল, তিন বছরের ফেলনি প্রবেশন এবং ২০ বছর যৌন অপরাধী হিসেবে নিবন্ধিত থাকার নির্দেশ দেন। রায়ের পর ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, তারা মনে করে মামলার তথ্য-প্রমাণের ভিত্তিতে অঙ্গরাজ্যের কারাগারে আরও দীর্ঘ সাজাই উপযুক্ত ছিল।   মামলায় ধর্ষণের অভিযোগ না আনার বিষয়টিও আলোচনায় এসেছে। এ বিষয়ে ভেনচুরা কাউন্টি ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় জানায়, একাধিক জ্যেষ্ঠ প্রসিকিউটর ও বাইরের আইন বিশেষজ্ঞদের সমন্বয়ে ফরেনসিক প্রমাণ, চিকিৎসা নথি, সাক্ষ্য এবং অন্যান্য তথ্য পর্যালোচনা করা হয়। সেই পর্যালোচনায় সিদ্ধান্ত হয়, বিদ্যমান আইন ও গ্রহণযোগ্য প্রমাণের ভিত্তিতে ‘ইনসেস্ট’-এর অভিযোগই আনা সম্ভব ছিল; ধর্ষণের অভিযোগ আইনি মানদণ্ড পূরণ করেনি।   রায়ের পর ক্যারোলিনা স্যান্ডোভাল ক্যালিফোর্নিয়ার গভর্নর গ্যাভিন নিউসম এবং অঙ্গরাজ্যের আইনপ্রণেতাদের প্রতি যৌন অপরাধ-সংক্রান্ত আইন সংস্কারের আহ্বান জানিয়েছেন। তার দাবি, বর্তমান আইনে এ ধরনের গুরুতর অপরাধের জন্য যে সর্বোচ্চ শাস্তির বিধান রয়েছে, তা ভুক্তভোগীদের জন্য যথাযথ ন্যায়বিচার নিশ্চিত করতে পারছে না।

যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডে বড় পরিবর্তন, পরিবারভিত্তিক ভিসা আবেদনকারীদের জন্য সুখবর

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে। নতুন এই আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি দেখা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।   নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত থাকে।   এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ীই পরবর্তী ধাপ নির্ধারণ হবে।   ভিসা বুলেটিনে বলা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।   অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু এমপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।   যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।   বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।   যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

মার্কিন ভিসা আপডেট ২০২৬! বাংলাদেশিদের জন্য কোন ভিসা বন্ধ, কোনটা চালু?

২০২৬ সালের শুরু থেকে যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে বড় পরিবর্তন এসেছে, যার প্রভাব পড়েছে বাংলাদেশসহ মোট ৭৫টি দেশের আবেদনকারীদের উপর। নতুন নিয়ম অনুযায়ী কিছু ভিসা সাময়িকভাবে স্থগিত করা হয়েছে, আবার কিছু ভিসা চালু থাকলেও শর্ত কঠোর করা হয়েছে। নিচে সহজভাবে সব ভিসার বর্তমান অবস্থা তুলে ধরা হলো।   প্রথমেই ইমিগ্র্যান্ট ভিসা বা স্থায়ী বসবাসের ভিসার কথা বলা যাক। যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট ঘোষণা করেছে যে ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে বাংলাদেশসহ ৭৫টি দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার কারণ হিসেবে বলা হয়েছে, এসব দেশের কিছু আবেদনকারী যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সুবিধার উপর নির্ভরশীল হয়ে পড়ার ঝুঁকি বেশি, তাই নতুন করে যাচাই প্রক্রিয়া কঠোর করা হচ্ছে।   এই স্থগিতাদেশের কারণে পরিবার স্পন্সর ভিসা, গ্রিন কার্ড, ডাইভারসিটি ভিসা এবং কর্মসংস্থান ভিত্তিক স্থায়ী বসবাসের ভিসা ইস্যু এখন অনেক ক্ষেত্রে বন্ধ বা দেরিতে হচ্ছে। তবে পুরো প্রক্রিয়া থেমে যায়নি। ঢাকায় মার্কিন দূতাবাস কিছু ক্যাটাগরির জন্য সাক্ষাৎকার নিতে পারে, কিন্তু স্থগিতাদেশ চলাকালীন ভিসা ইস্যু নাও করা হতে পারে। অর্থাৎ ইন্টারভিউ দিলেও ভিসা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করতে হতে পারে।   অন্যদিকে নন-ইমিগ্র্যান্ট ভিসা, যেমন ট্যুরিস্ট ও বিজনেস ভিসা (B1/B2), সম্পূর্ণ বন্ধ করা হয়নি। তবে নতুন নিয়ম অনুযায়ী কিছু আবেদনকারীকে ভিসা পাওয়ার আগে ৫ হাজার থেকে ১৫ হাজার ডলার পর্যন্ত ভিসা বন্ড জমা দিতে হতে পারে, যা কনস্যুলার অফিসার সাক্ষাৎকারের সময় নির্ধারণ করবেন। এই নিয়ম বাংলাদেশিদের ক্ষেত্রেও প্রযোজ্য করা হয়েছে।   স্টুডেন্ট ভিসা (F-1, M-1, J-1) এবং ওয়ার্ক ভিসা (H-1B, H-2B, L-1 ইত্যাদি) বর্তমানে চালু রয়েছে এবং এগুলোর উপর সরাসরি কোনো স্থগিতাদেশ নেই। তবে নতুন নিরাপত্তা যাচাই, আর্থিক সক্ষমতা পরীক্ষা এবং স্পন্সর যাচাইয়ের কারণে প্রসেসিং সময় আগের তুলনায় বেশি লাগছে। ইমিগ্র্যান্ট ভিসা স্থগিত থাকলেও নন-ইমিগ্র্যান্ট ভিসাগুলো পুরোপুরি বন্ধ নয় বলে মার্কিন কর্তৃপক্ষ জানিয়েছে।   সব ধরনের ভিসা আবেদন বর্তমানে ঢাকায় মার্কিন দূতাবাসের মাধ্যমে অ্যাপয়েন্টমেন্ট ভিত্তিতে পরিচালিত হচ্ছে এবং নিরাপত্তা নিয়ম আরও কঠোর করা হয়েছে। কাগজপত্রে ভুল থাকলে বা নির্ধারিত সময়ে তথ্য আপডেট না করলে আবেদন বাতিল হওয়ার ঝুঁকিও বাড়ছে।   সব মিলিয়ে বলা যায়, গ্রিন কার্ড বা ইমিগ্র্যান্ট ভিসা এখন সবচেয়ে বেশি প্রভাবিত, ট্যুরিস্ট ভিসা চালু আছে কিন্তু কড়াকড়ি বেড়েছে, আর স্টুডেন্ট ও ওয়ার্ক ভিসা চালু থাকলেও যাচাই-বাছাই অনেক কঠোর হয়েছে। তাই নতুন করে আবেদন করার আগে সর্বশেষ নিয়ম জেনে নেওয়া এখন খুবই জরুরি।

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি মালিকানাধীন বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধন

যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া অঙ্গরাজ্যে প্রবাসী বাংলাদেশিদের জন্য এক গর্বের নতুন অধ্যায় সূচিত হলো। বাংলাদেশি মালিকানাধীন একমাত্র বিশ্ববিদ্যালয় ওয়াশিংটন ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি তাদের দ্বিতীয় ও স্থায়ী ক্যাম্পাস উদ্বোধনের মাধ্যমে প্রবাসে নতুন ইতিহাস গড়েছে।   এই বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাতা, চেয়ারম্যান ও আচার্য আবুবকর হানিফ—যিনি বাংলাদেশি কমিউনিটিতে একজন সুপরিচিত ও সম্মানিত ব্যক্তিত্ব—তার দূরদর্শী নেতৃত্বে এই অর্জন সম্ভব হয়েছে। তার সহধর্মিণী ফারহানা হানিফ, প্রধান অর্থ কর্মকর্তা হিসেবে প্রতিষ্ঠানটির আর্থিক ব্যবস্থাপনাকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।   নতুন এই ক্যাম্পাস যুক্ত হওয়ার ফলে বিশ্ববিদ্যালয়টির মোট পরিসর এখন প্রায় ২ লাখ বর্গফুটে পৌঁছেছে, যা সম্পূর্ণভাবে একটি নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। এটি কেবল একটি অবকাঠামো নয়—এটি হাজারো শিক্ষার্থীর স্বপ্ন, পরিশ্রম এবং ভবিষ্যৎ গড়ার একটি শক্তিশালী ভিত্তি।   উদ্বোধনী বক্তব্যে আবুবকর হানিফ বলেন, “আজকের দিনটি শুধু একটি ঘোষণা নয়—এটি একটি অনুভবের মুহূর্ত। আমরা সর্বশক্তিমান স্রষ্টার প্রতি কৃতজ্ঞ, যিনি আমাদের এই পর্যায়ে পৌঁছাতে সহায়তা করেছেন। তবে মনে রাখতে হবে—ভবন নয়, মানুষই সফলতা তৈরি করে।”   বিশ্ববিদ্যালয়টিতে ইতোমধ্যেই গড়ে তোলা হয়েছে আধুনিক প্রযুক্তিনির্ভর বিভিন্ন ল্যাব—কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, হার্ডওয়্যার ও নেটওয়ার্ক, স্বাস্থ্যসেবা এবং নিরাপত্তা পর্যবেক্ষণ কেন্দ্রভিত্তিক ল্যাব। শিগগিরই চালু হতে যাচ্ছে একটি রোবটিক্স ল্যাব, যা শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা আরও বাড়াবে।   এছাড়াও, প্রায় ৩১ হাজার বর্গফুটের একটি উদ্যোক্তা উন্নয়ন কেন্দ্র স্থাপন করা হচ্ছে, যেখানে শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী ধারণাকে বাস্তব ব্যবসায় রূপ দিতে পারবে। এখানে একটি সাধারণ ধারণা থেকে একটি সফল প্রতিষ্ঠানে রূপ নেওয়ার সুযোগ তৈরি করা হচ্ছে।   শিক্ষার্থীদের সহায়তায় চলতি বছরে প্রায় ৬ দশমিক ৫ মিলিয়ন ডলারের বৃত্তি ঘোষণা করা হয়েছে, যাতে মেধাবী শিক্ষার্থীরা আর্থিক বাধা ছাড়াই উচ্চশিক্ষার সুযোগ পায়।   উল্লেখযোগ্যভাবে, আবুবকর হানিফ দীর্ঘদিন ধরে তথ্যপ্রযুক্তি প্রশিক্ষণ প্রতিষ্ঠানের মাধ্যমে প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থানের নতুন দিগন্ত তৈরি করেছেন। তার উদ্যোগে প্রায় ১০ হাজার মানুষকে তথ্যপ্রযুক্তি খাতে প্রশিক্ষণ দিয়ে চাকরিতে স্থাপন করা হয়েছে, যাদের অধিকাংশই বাংলাদেশি এবং তারা বছরে এক লক্ষ ডলারেরও বেশি আয় করছেন।   বিশেষজ্ঞদের মতে, এই বিশ্ববিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়—এটি প্রবাসী বাংলাদেশিদের জন্য সম্ভাবনা, আত্মনির্ভরতা এবং সাফল্যের এক অনন্য দৃষ্টান্ত।   এই অর্জন প্রমাণ করে—প্রবাসে থেকেও বাংলাদেশিরা বিশ্বমানের প্রতিষ্ঠান গড়ে তুলতে পারে এবং নিজেদের অবস্থান শক্তভাবে প্রতিষ্ঠা করতে সক্ষম।

প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের অভিযোগে গ্রেপ্তার বুয়েটের সাবেক শিক্ষার্থী ও সাউথ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ ও সংরক্ষণের অভিযোগে গ্রেপ্তার হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত রায়ান আবদুল বাতেন। তিনি বাংলাদেশের বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) তড়িৎ ও ইলেকট্রনিক প্রকৌশল বিভাগের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডার সহকারী অধ্যাপক।   হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের সরকারি ওয়েবসাইটে প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্য অনুযায়ী, গত ২৮ অক্টোবর ২০২৬ তারিখে তাঁকে গ্রেপ্তার করা হয়। প্রকাশিত রেকর্ডে তাঁর বিরুদ্ধে ‘Film, Distribute, or Possess Image or Video of Sexual Activity with an Animal’ শীর্ষক অভিযোগ উল্লেখ করা হয়েছে। অর্থাৎ, প্রাণীর সঙ্গে যৌন কর্মকাণ্ডের ছবি বা ভিডিও ধারণ, বিতরণ কিংবা নিজের কাছে রাখার অভিযোগে তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।   গ্রেপ্তারসংক্রান্ত সরকারি রেকর্ড প্রকাশের পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। বিশেষ করে বুয়েটের সাবেক শিক্ষার্থী এবং যুক্তরাষ্ট্রের একটি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হিসেবে তাঁর পরিচয়ের কারণে ঘটনাটি নিয়ে প্রবাসী বাংলাদেশিদের মধ্যেও আলোচনা তৈরি হয়েছে।   এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রাণীটির পরিচয় সম্পর্কে বিভিন্ন দাবি ছড়িয়ে পড়লেও হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয়ের প্রকাশিত গ্রেপ্তারসংক্রান্ত তথ্যে নির্দিষ্ট কোনো প্রাণীর নাম উল্লেখ করা হয়নি। ফলে ছাগলের সঙ্গে যৌন কর্মকাণ্ডের যে দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে করা হচ্ছে, তা স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।   তথ্যসূত্র: হিলসবরো কাউন্টি শেরিফের কার্যালয় (Hillsborough County Sheriff’s Office), ফ্লোরিডা।

আমেরিকা

View more
ইমিগ্রেশন চেক-ইনে গিয়ে মায়ের সঙ্গে আইসিইর হাতে আটক ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের  শিক্ষার্থী
ইমিগ্রেশন চেক-ইনে গিয়ে মায়ের সঙ্গে আইসিইর হাতে আটক ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের শিক্ষার্থী

যুক্তরাষ্ট্রের মেরিল্যান্ডে নিয়মিত ইমিগ্রেশন চেক-ইনে গিয়ে মায়ের সঙ্গে আটক হয়েছেন ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডের ১৯ বছর বয়সী শিক্ষার্থী মারিয়া ফ্লোরেস গার্সিয়া। গত বৃহস্পতিবার (৫ নভেম্বর) বাল্টিমোরে নির্ধারিত ইমিগ্রেশন অ্যাপয়েন্টমেন্টে অংশ নিতে গেলে তাঁর ৪৮ বছর বয়সী মা মিরনা ফ্লোরেস গার্সিয়াকে আটক করেন ফেডারেল অভিবাসন কর্মকর্তারা। এ সময় মাকে একা রেখে যেতে রাজি না হওয়ায় মারিয়াকেও আটক করা হয় বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। হাইস্কুলে সর্বোচ্চ ফলাফল অর্জন করে স্কলারশিপ নিয়ে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়া এই শিক্ষার্থীর আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।   সোমবার (৯ নভেম্বর) ফক্স ফাইভ ডিসি এবং এনবিসি ওয়াশিংটনের প্রতিবেদনে এ ঘটনা সামনে আসে। মারিয়ার প্রেমিক সিজার সাভেদ্রা জানান, মা ও মেয়ে নিয়মিত বার্ষিক ইমিগ্রেশন চেক-ইনের জন্য বাল্টিমোরে গিয়েছিলেন। সেখানে কর্মকর্তারা প্রথমে মারিয়ার মাকে আটকের সিদ্ধান্ত জানান। এরপর মারিয়াকে ভবন থেকে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়। কিন্তু মায়ের পাশে থাকার সিদ্ধান্ত নেন তিনি। তাঁর ধারণা ছিল, হয়তো মাকে জিজ্ঞাসাবাদ করা হবে এবং সে সময় তাঁর সহায়তার প্রয়োজন হতে পারে। তবে কিছুক্ষণের মধ্যেই মারিয়াকেও আটক করেন কর্মকর্তারা। পরিবারের সদস্যদের দাবি, তাঁরা আগে থেকে নির্ধারিত অ্যাপয়েন্টমেন্টে উপস্থিত হয়েছিলেন এবং এমন পরিস্থিতির জন্য প্রস্তুত ছিলেন না। আটকের পর মা ও মেয়েকে মেরিল্যান্ড থেকে লুইজিয়ানার একটি ইমিগ্রেশন ডিটেনশন সেন্টারে স্থানান্তর করা হয়েছে।   মারিয়া ফ্লোরেস গার্সিয়ার পরিবার মূলত মধ্য আমেরিকার দেশ এল সালভাদরের বাসিন্দা। মাত্র ৯ বছর বয়সে পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে আসেন তিনি। নতুন দেশে এসে ইংরেজি ভাষা বুঝতে না পারা এবং পড়াশোনার সঙ্গে মানিয়ে নেওয়ার মতো নানা চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছিল তাঁকে। প্রথম দিকে স্কুলের অ্যাসাইনমেন্ট বুঝতে বাবার অনুবাদের সাহায্য নিতে হতো। তবে এসব বাধা পেরিয়ে মেরিল্যান্ডের প্রিন্স জর্জেস কাউন্টির পার্কডেল হাইস্কুল থেকে ২০২৬ সালে সর্বোচ্চ ফলাফল নিয়ে গ্র্যাজুয়েশন সম্পন্ন করেন মারিয়া। তিনি ছিলেন তাঁর ব্যাচের ভ্যালেডিক্টোরিয়ান, অর্থাৎ স্নাতক সমাপনী অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে বক্তব্য দেওয়ার সম্মান পাওয়া শিক্ষার্থী। পড়াশোনায় এই সাফল্যের স্বীকৃতি হিসেবে ইউনিভার্সিটি অব মেরিল্যান্ডে পূর্ণ স্কলারশিপ পান তিনি।   বর্তমানে মারিয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষে পাবলিক হেলথ বিষয়ে পড়াশোনা করছেন। ভবিষ্যতে চিকিৎসক হওয়ার স্বপ্ন রয়েছে তাঁর। চলতি বছরের মে মাসে হাইস্কুলের গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে নিজের অভিবাসী জীবনের অভিজ্ঞতা তুলে ধরেছিলেন তিনি। মাত্র নয় বছর বয়সে নতুন দেশে এসে ভাষাগত সমস্যার কারণে কীভাবে প্রতিদিন সংগ্রাম করতে হয়েছে, সেই স্মৃতিও ভাগ করে নেন সহপাঠীদের সঙ্গে। তাঁর বক্তব্যে অধ্যবসায়, শিক্ষা এবং প্রতিকূল পরিস্থিতি অতিক্রম করার গুরুত্ব উঠে এসেছিল। কিন্তু বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা শুরুর কয়েক মাসের মধ্যেই ইমিগ্রেশন কর্তৃপক্ষের হাতে আটক হওয়ায় তাঁর শিক্ষাজীবন অনিশ্চয়তার মুখে পড়েছে। পরিবার ও ঘনিষ্ঠজনেরা এখন তাঁর মুক্তি এবং পড়াশোনা চালিয়ে যাওয়ার সুযোগ নিশ্চিত করতে চেষ্টা করছেন।   মারিয়ার প্রেমিক সিজার সাভেদ্রা জানিয়েছেন, এই ঘটনায় পরিবারের সবাই মানসিকভাবে বিপর্যস্ত। তিনি আটক মা ও মেয়ের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি বাইরে থাকা পরিবারের সদস্যদের সহায়তা করছেন। তাঁদের মুক্তির জন্য ইমিগ্রেশন আইনজীবী নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে। আইনি ব্যয় মেটাতে অনলাইনে অর্থ সংগ্রহের একটি উদ্যোগও শুরু করেছেন তিনি। সাভেদ্রার ভাষ্য অনুযায়ী, মারিয়া একজন পরিশ্রমী ও মেধাবী শিক্ষার্থী, যিনি নিজের ভবিষ্যৎ গড়তে দীর্ঘদিন ধরে পড়াশোনায় মনোযোগ দিয়েছেন। তাঁর পরিবারের আশঙ্কা, ইমিগ্রেশন প্রক্রিয়ার পরবর্তী ধাপে মা ও মেয়েকে এল সালভাদরে ফেরত পাঠানো হতে পারে। তবে তাঁদের বিরুদ্ধে নির্দিষ্ট কোন অভিবাসনসংক্রান্ত অভিযোগ রয়েছে কিংবা ডিপোর্টেশনের বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে কি না, তা প্রকাশিত প্রতিবেদনে নিশ্চিত করা হয়নি।   এদিকে মারিয়া ও তাঁর মায়ের আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন প্রিন্স জর্জেস কাউন্টির নির্বাহী কর্মকর্তা আয়েশা ব্রেভবয়। মঙ্গলবার (১০ নভেম্বর) প্রকাশিত ফক্স ফাইভ ডিসির পরবর্তী প্রতিবেদনে জানানো হয়, স্থানীয় নেতৃত্ব মা ও মেয়ের দ্রুত মুক্তি দাবি করেছে। আয়েশা ব্রেভবয় তাঁদের মুক্তির বিষয়ে অঙ্গরাজ্য ও ফেডারেল পর্যায়ের সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন। ইউনিভার্সিটি অব মেরিল্যান্ড কর্তৃপক্ষও শিক্ষার্থী আটকের বিষয়টি নিশ্চিত করেছে। এক বিবৃতিতে বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ক্যাম্পাসের বাইরে ফেডারেল ইমিগ্রেশন কর্মকর্তাদের হাতে তাদের একজন শিক্ষার্থী আটক হয়েছেন বলে তারা অবগত রয়েছে। শিক্ষার্থী, তাঁর পরিবার ও বন্ধুদের প্রতি সহমর্মিতা প্রকাশ করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রয়োজন ও সুযোগ অনুযায়ী সহায়তার ব্যবস্থা করার চেষ্টা চলছে।   মারিয়ার আটকের ঘটনা যুক্তরাষ্ট্রে নিয়মিত ইমিগ্রেশন চেক-ইনে অংশ নেওয়া অভিবাসীদের পরিস্থিতি নিয়েও নতুন করে আলোচনা তৈরি করেছে। ইমিগ্রেশন চেক-ইন মূলত এমন একটি প্রক্রিয়া, যেখানে নির্দিষ্ট অভিবাসন মামলার আওতায় থাকা ব্যক্তিদের নির্ধারিত সময়ে কর্তৃপক্ষের কাছে উপস্থিত হতে হয়। তবে অ্যাপয়েন্টমেন্টে উপস্থিত হওয়া মানেই কাউকে আটক করা হবে না, এমন নিশ্চয়তা নেই। সংশ্লিষ্ট ব্যক্তির অভিবাসন পরিস্থিতি, পূর্ববর্তী আদেশ এবং মামলার অবস্থার ওপর পরবর্তী ব্যবস্থা নির্ভর করে। মারিয়া ও তাঁর মায়ের ক্ষেত্রে ঠিক কোন আইনি ভিত্তিতে আটক করা হয়েছে, সে বিষয়ে ফক্স ফাইভ ডিসি ও এনবিসি ওয়াশিংটন আইসিইর বক্তব্য জানতে যোগাযোগ করলেও প্রাথমিক প্রতিবেদন প্রকাশের সময় পর্যন্ত কোনো জবাব পাওয়া যায়নি। ফলে তাঁদের আটকের সুনির্দিষ্ট কারণ এখনো পরিষ্কার নয়। স্থানীয় জনপ্রতিনিধি, পরিবার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজর এখন মা ও মেয়ের আইনি প্রক্রিয়া এবং সম্ভাব্য মুক্তির সিদ্ধান্তের দিকে।   সংবাদসূত্র ফক্স ফাইভ ডিসি, এনবিসি ওয়াশিংটন।

প্রকাশ: নভেম্বর ১০, ২০২৬ ৯:২৫
এক নারীর অঙ্গ প্রতিস্থাপনের মাধ্যমে চার গ্রহীতার শরীরে ছড়িয়ে পড়ে স্তন ক্যানসার। ছবি: সংগৃহীত

মানুষের উপকারের জন্য দান করে নিজ দেহ, সেই অঙ্গ থেকেই ৪ জনের শরীরে ছড়াল মরণব্যাধি ক্যানসার

ইরানের সঙ্গে সংঘটিত মার্কিন সামরিক ব্যয়ের খরচ ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের পরিশোধ করতে হবে বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

ইরান যুদ্ধের খরচ দিতে হবে ইসরায়েল ও উপসাগরীয় মিত্রদের, ট্রাম্পের এমন দাবির অর্থ কী?

নিউ ইয়র্কের ব্রুকলিনে ঘণ্টায় ৩৫ ডলার বেতনে কর্মী নিয়োগের ঘোষণা দিয়েছে পজিটিভ পাথওয়েজ এবিএ। ছবি: সংগৃহীত

নিউইয়র্কের ব্রুকলিনে ঘণ্টায় ৩৫ ডলারে চাকরি, রয়েছে সবেতন ছুটির সুবিধা

দীর্ঘ অস্থিরতার পর অবশেষে যুক্তরাষ্ট্রে চার ডলারের নিচে নামল পেট্রোলের দাম
দীর্ঘ অস্থিরতার পর অবশেষে যুক্তরাষ্ট্রে চার ডলারের নিচে নামল পেট্রোলের দাম

বিশ্ব জ্বালানি বাজারে দীর্ঘ অস্থিরতার পর অবশেষে কিছুটা স্বস্তির বাতাস বইতে শুরু করেছে।  বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম কমার ধারায় এবার যুক্তরাষ্ট্রে প্রতি গ্যালন পেট্রোলের দাম নেমে এসেছে ৪ ডলারের নিচে। মধ্যপ্রাচ্যে ভূ-রাজনৈতিক উত্তেজনা প্রশমন এবং মার্কিন কূটনীতির প্রভাবে বৈশ্বিক তেল বাজারে এই ইতিবাচক পরিবর্তন এসেছে।   বিশেষজ্ঞদের মতে, আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের (Crude Oil) দাম হ্রাসের সরাসরি প্রভাব পড়েছে খুচরা বাজারে। বিশেষ করে ইরান সংঘাত ঘিরে সৃষ্ট ভূ-রাজনৈতিক শঙ্কা কিছুটা কমে আসায় এবং হরমুজ প্রণালী দিয়ে তেলের সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনায় বাজারে স্বস্তি ফিরেছে। এর আগে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ এবং মধ্যপ্রাচ্য সংকটের জেরে বিশ্বজুড়ে জ্বালানির বাজারে চরম অস্থিতিশীলতা দেখা দিয়েছিল, যার ফলে হু হু করে বেড়েছিল তেল ও গ্যাসের দাম।   বিশ্লেষকরা মনে করছেন, বর্তমান পরিস্থিতি বজায় থাকলে এবং বড় ধরনের কোনো সরবরাহ বিঘ্ন না ঘটলে আগামীতে জ্বালানি তেলের দাম আরও কমতে পারে, যা বৈশ্বিক অর্থনীতি ও সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। সূত্র: এনবিসি।

প্রকাশ: নভেম্বর ১০, ২০২৬ ৭:৬
নির্বাচনে ভরাডুবির পর চরম সংকটে রিপাবলিকান পার্টি, মার্কিন কংগ্রেসে নতুন নেতৃত্বের খোঁজ

নির্বাচনে ভরাডুবির পর চরম সংকটে রিপাবলিকান পার্টি, মার্কিন কংগ্রেসে নতুন নেতৃত্বের খোঁজ

এনভিডিয়া প্রধানকে ফাঁসানো চীনের স্পাই কে এই রহস্যময়ী অ্যালিস হুয়াং?

এনভিডিয়া প্রধানকে ফাঁসানো চীনের স্পাই কে এই রহস্যময়ী অ্যালিস হুয়াং?

ক্যালিফোর্নিয়ার বিলিয়নেয়ারদের ওপর প্রস্তাবিত সম্পদ কর প্রত্যাখ্যান ভোটারদের

ক্যালিফোর্নিয়ার বিলিয়নেয়ারদের ওপর প্রস্তাবিত সম্পদ কর প্রত্যাখ্যান ভোটারদের

নিউইয়র্কে থুতু ফেলা ও গাড়ির ইঞ্জিন চালু রাখায় টিকিট বন্ধের নির্দেশ এনওয়াইপিডিকে, হাজার হাজার জরিমানার টিকিট বাতিল
নিউইয়র্কে থুতু ফেলা ও গাড়ির ইঞ্জিন চালু রাখায় টিকিট বন্ধের নির্দেশ এনওয়াইপিডিকে, হাজার হাজার জরিমানার টিকিট বাতিল

নিউইয়র্ক সিটিতে প্রকাশ্যে থুতু ফেলা এবং গাড়ির ইঞ্জিন চালু রেখে দাঁড়িয়ে থাকার ঘটনায় সাধারণভাবে জরিমানার টিকিট না দিতে পুলিশ সদস্যদের নির্দেশ দিয়েছে নিউইয়র্ক পুলিশ বিভাগ (এনওয়াইপিডি)। তবে গণপরিবহনের ভেতরে থুতু ফেলা এবং নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে গাড়ির ইঞ্জিন চালু রাখার ঘটনায় ব্যবস্থা নেওয়ার সুযোগ বহাল থাকছে। শুক্রবার (৬ নভেম্বর) এনওয়াইপিডির অভ্যন্তরীণ নির্দেশনায় এসব বিষয় জানানো হয়। একই সঙ্গে নির্ধারিত ক্রসওয়াক ছাড়া রাস্তা পার হওয়ার ঘটনায় টিকিট না দেওয়ার বিষয়টিও পুলিশ সদস্যদের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।   নিউইয়র্কে ছোটখাটো আইন লঙ্ঘনের অভিযোগে পুলিশের বাড়তি অভিযান নিয়ে সমালোচনার মধ্যেই এই নির্দেশনা এলো। বিশেষ করে ব্রুকলিনের ব্রাউনসভিলে থুতু ফেলার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতারের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে বিতর্ক তৈরি হয়। গত অক্টোবরে প্রকাশিত ওই ভিডিওতে দেখা যায়, থুতু ফেলার অভিযোগে এক ব্যক্তিকে থামানোর পর পুলিশ কর্মকর্তা তাঁকে জোরপূর্বক গ্রেফতার করছেন। ঘটনাটি নিয়ে স্থানীয় বাসিন্দা ও জনপ্রতিনিধিদের মধ্যে প্রতিক্রিয়া দেখা দেয়।   এরপর নিউইয়র্ক সিটি কাউন্সিল সদস্য ক্রিস ব্যাংকস ঘোষণা দেন, শহরের পরিচ্ছন্নতাসংক্রান্ত বিধিমালা থেকে প্রকাশ্যে থুতু ফেলাকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে বাদ দেওয়ার প্রস্তাব আনবেন তিনি। ব্যাংকসের বক্তব্য, শহর পরিচ্ছন্ন ও নিরাপদ রাখা জরুরি। তবে ছোটখাটো অপরাধের অভিযোগে পুলিশের পদক্ষেপ যেন অপ্রয়োজনীয় সংঘাত কিংবা নাগরিকদের মর্যাদাহানির কারণ না হয়। এদিকে এনওয়াইপিডি জানিয়েছে, শুক্রবারের নির্দেশনা কোনো সংবাদমাধ্যমের প্রতিবেদন বা সমালোচনার প্রতিক্রিয়ায় দেওয়া হয়নি। পুলিশ সদস্যদের আইন প্রয়োগের নিয়ম ও দায়িত্ব সম্পর্কে নিয়মিতভাবে স্মরণ করিয়ে দেওয়ার অংশ হিসেবেই এটি জারি করা হয়েছে। এর আগে এনওয়াইপিডির মুখপাত্র ব্র্যাডলি উইকস জানিয়েছিলেন, নগরবাসীর কাছ থেকে ৩১১ নম্বরে অভিযোগ বেড়ে যাওয়ায় জীবনযাত্রার মান ও জনশৃঙ্খলাসংক্রান্ত বিভিন্ন ঘটনায় পুলিশ ব্যবস্থা নিচ্ছে। গত অর্থবছরে ৫৪৯টি থুতু ফেলার টিকিট   নিউইয়র্ক সিটির শুনানি ও বিচারসংক্রান্ত দপ্তরের তথ্য অনুযায়ী, জুনে শেষ হওয়া গত অর্থবছরে প্রকাশ্যে থুতু ফেলার অভিযোগে এনওয়াইপিডি মোট ৫৪৯টি দেওয়ানি জরিমানার নোটিশ দিয়েছে। একই সময়ে গাড়ির ইঞ্জিন চালু রেখে দাঁড়িয়ে থাকার অভিযোগে দেওয়া হয়েছে ২২২টি টিকিট। নিউইয়র্কে গাড়ি পার্ক করে দীর্ঘ সময় ইঞ্জিন চালু রাখার ক্ষেত্রে নির্দিষ্ট পরিবেশগত বিধিনিষেধ রয়েছে। তবে নতুন পুলিশি নির্দেশনার অর্থ এই নয় যে সংশ্লিষ্ট আইন বাতিল হয়ে গেছে। নির্দিষ্ট অভিযোগ এবং প্রযোজ্য বিধির আওতায় ব্যবস্থা নেওয়ার সুযোগ থাকছে।   রাস্তা পার হওয়ার নিয়মেও পরিবর্তন নিউইয়র্কে নির্ধারিত ক্রসওয়াক ছাড়া রাস্তা পার হওয়া, যা জে-ওয়াকিং নামে পরিচিত, ২০২৪ সালে বৈধ করা হয়। সিটি কাউন্সিলে অনুমোদিত আইনটি তৎকালীন মেয়র এরিক অ্যাডামস ভেটো না দেওয়ায় কার্যকর হয়। ফলে শুধু নির্ধারিত ক্রসওয়াক ব্যবহার না করার কারণে পথচারীদের আর আগের মতো টিকিট দেওয়ার কথা নয়।   তবে সড়কে পথচারীদের অবস্থানসংক্রান্ত অন্য কিছু বিধি এখনো কার্যকর রয়েছে। এসব বিধির আওতায় পুলিশ সদস্যরা ব্যবস্থা নিচ্ছেন বলে তথ্য পাওয়া গেছে। জন জে কলেজের ডেটা কোলাবোরেটিভ ফর জাস্টিসের বিশ্লেষণে দেখা গেছে, চলতি বছর সড়কে পথচারীদের অবস্থানসংক্রান্ত একটি বিধি লঙ্ঘনের অভিযোগে কয়েক ডজন ফৌজদারি টিকিট দেওয়া হয়েছে। এর অধিকাংশই স্ট্যাটেন আইল্যান্ডের একটি নির্দিষ্ট পুলিশ প্রিসিঙ্কট থেকে দেওয়া হয়। হাজার হাজার টিকিট বাতিল নিউইয়র্কে ছোটখাটো আইন লঙ্ঘনের অভিযোগে দেওয়া জরিমানার টিকিটের একটি বড় অংশ শেষ পর্যন্ত বাতিল হয়ে যাচ্ছে। গত অর্থবছরে প্রকাশ্যে মদ্যপান, জনসমক্ষে প্রস্রাব করাসহ বিভিন্ন ঘটনায় এনওয়াইপিডি ৯৮ হাজারের বেশি দেওয়ানি জরিমানার নোটিশ দিয়েছে। এর প্রায় অর্ধেকই শুনানি কর্মকর্তারা বাতিল করেছেন। অনেক ক্ষেত্রে টিকিটে প্রয়োজনীয় তথ্যের ঘাটতি, ভুলভাবে নোটিশ লেখা অথবা অভিযুক্ত ব্যক্তির পরিচয় সঠিকভাবে উল্লেখ না করার কারণে এমন সিদ্ধান্ত এসেছে।   লিগ্যাল এইড সোসাইটির ফৌজদারি আইন সংস্কার বিভাগের নীতিনির্ধারণী পরিচালক আমান্ডা জ্যাক বলেছেন, এসব টিকিটের কারণে অনেক নিউইয়র্কবাসীকে অপ্রয়োজনীয় আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হচ্ছে। তাঁর মতে, শেষ পর্যন্ত বাতিল হয়ে যাওয়া অভিযোগের জন্যও মানুষকে আদালতে হাজির হতে হচ্ছে এবং সময় ও অর্থ ব্যয় করতে হচ্ছে। অন্যদিকে এনওয়াইপিডির মুখপাত্র ব্র্যাডলি উইকসের দাবি, অনেক টিকিট কারিগরি ত্রুটির কারণে বাতিল হয়েছে। এর অর্থ এই নয় যে পুলিশ সদস্যরা আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করতে ব্যর্থ হয়েছেন। ফৌজদারি টিকিটের ক্ষেত্রেও একই চিত্র ডেটা কোলাবোরেটিভ ফর জাস্টিসের আরেকটি বিশ্লেষণ অনুযায়ী, ২০২৪ সালে ফৌজদারি টিকিটসংক্রান্ত মামলার ৬৫ শতাংশের বেশি আদালতে বাতিল হয়েছে। একই বছরে দেওয়া এসব টিকিটের মাত্র ৯ শতাংশের ক্ষেত্রে শেষ পর্যন্ত অপরাধ প্রমাণিত হয়।   গবেষকদের মতে, ছোটখাটো অভিযোগে টিকিট পাওয়ার পর আদালতে হাজিরা, সময় ব্যয় এবং আইনি প্রক্রিয়ার চাপ অনেক বাসিন্দার জন্য বড় সমস্যা হয়ে দাঁড়ায়। বিশেষ করে কোনো ব্যক্তি ফৌজদারি টিকিটের বিষয়ে নির্ধারিত আইনি প্রক্রিয়া অনুসরণ না করলে তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারির ঝুঁকি তৈরি হতে পারে। এমন পরিস্থিতিতে গত মাসে ব্রুকলিন ডিস্ট্রিক্ট অ্যাটর্নির কার্যালয় বকেয়া ফৌজদারি টিকিটসংক্রান্ত গ্রেফতারি পরোয়ানা নিষ্পত্তির জন্য বিশেষ কর্মসূচির আয়োজন করে। ব্রুকলিনের ডিস্ট্রিক্ট অ্যাটর্নি এরিক গনজালেজ বলেছেন, ছোটখাটো অভিযোগে গ্রেফতারি পরোয়ানা ঝুলে থাকলে অনেক বাসিন্দা পুলিশের সঙ্গে সহযোগিতা করতে অনাগ্রহী হয়ে পড়তে পারেন।   মামদানির পুলিশনীতি নিয়ে আলোচনা নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি নির্বাচনী প্রচারণার সময় কমিউনিটিভিত্তিক জননিরাপত্তা ব্যবস্থার ওপর গুরুত্ব দেওয়ার কথা বলেছিলেন। তিনি পুলিশ সদস্যদের গুরুতর অপরাধ মোকাবিলায় বেশি মনোযোগ দেওয়ার পক্ষে অবস্থান নেন। তবে মেয়র নির্বাচিত হওয়ার পর এনওয়াইপিডি কমিশনার জেসিকা টিশকে দায়িত্বে বহাল রাখেন।   টিশের নেতৃত্বে সাবেক মেয়র এরিক অ্যাডামসের সময় থেকেই শহরের জনশৃঙ্খলা ও জীবনযাত্রার মানসংক্রান্ত বিধি প্রয়োগে পুলিশের অভিযান জোরদার করা হয়েছিল। নতুন নির্দেশনার বিষয়ে মেয়রের কার্যালয় মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে। নিউইয়র্কবাসীর জন্য কী পরিবর্তন আসছে নতুন নির্দেশনা অনুযায়ী, প্রকাশ্যে থুতু ফেলা এবং গাড়ির ইঞ্জিন চালু রেখে দাঁড়িয়ে থাকার ঘটনায় এনওয়াইপিডি সাধারণভাবে টিকিট দেওয়া থেকে বিরত থাকবে। তবে নির্দিষ্ট পরিস্থিতিতে আইন প্রয়োগের সুযোগ থাকছে।   এটি সংশ্লিষ্ট সব আইন বাতিল হওয়ার ঘোষণা নয়। বরং কোন পরিস্থিতিতে পুলিশ সদস্যরা জরিমানার টিকিট দেবেন, সেই বিষয়ে বিভাগীয় নির্দেশনার পরিবর্তন।  

প্রকাশ: নভেম্বর ১০, ২০২৬ ২:৬
মাত্র ৩০ ডলারের লটারির টিকিটে অপ্রত্যাশিতভাবে ২০ লাখ ডলার জিতে হতবাক মিশিগানের নারী

মাত্র ৩০ ডলারের লটারির টিকিটে অপ্রত্যাশিতভাবে ২০ লাখ ডলার জিতে হতবাক মিশিগানের নারী

পেনসিলভানিয়ায় ৫০ হাজার ডলারের ওভারটাইম অর্থ আত্মসাতে সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে মামলা

পেনসিলভানিয়ায় ৫০ হাজার ডলারের ওভারটাইম অর্থ আত্মসাতে সাবেক পুলিশ প্রধানের বিরুদ্ধে মামলা

২০০৬ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে নির্বাচিত প্রথম মুসলিম হিসেবে ইতিহাস গড়েন কিথ এলিসন। গ্রাফিক্স: আমেরিকা বাংলা

খ্রিষ্টান পরিবারে জন্ম, ১৯ বছর বয়সে ইসলাম গ্রহণ, যুক্তরাষ্ট্রের কংগ্রেসে প্রথম মুসলিম সদস্য কিথ এলিসন

0 Comments